Home Blog Page 3367

শক্তি বাড়ছেই, সংকেতও বাড়বে

0

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’র শক্তি আরো বাড়লো। ছয় ঘণ্টার ব্যবধানে ঘূর্ণিঝড়টির কেন্দ্রের বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখানো হচ্ছে। এই হুঁশিয়ারি সংকেত আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এখন চার নম্বর সতর্কতা সংকেত রয়েছে। সতর্ক সংকেত আরও বাড়বে। ঘূর্ণিঝড়টি উড়িষ্যা উপকূল হয়ে পশ্চিমবঙ্গ দিয়ে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের উপকূলীয় অঞ্চল বরাবর অগ্রসর হবে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের সামরিক নেতাকে অনুরোধ সেনাপ্রধানের

0

চীন সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ পিপলস্ লিবারেশন আর্মি গ্রাউন্ড ফোর্স এর কমান্ডার জেনারেল হান উয়েগো-এর সাথে সাক্ষাৎ করে দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক উন্নয়ন, সন্ত্রাস দমন, সাইবার নিরাপত্তাসহ নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত প্রশিক্ষণ সহায়তা এবং দুই দেশের বিশেষ বাহিনীর সদস্যদের যৌথ অনুশীলনের বিষয়ে আলেচনা করেন। পাশাপাশি মিয়ানমারের বন্ধুপ্রতীম রাষ্ট্র চীনের সামরিক নেতা হিসাবে মিয়ানমার সেনা নায়কদের সঙ্গে নিয়ে রোহিঙ্গা সমস্যার আশু সমাধানে কার্যকরী ভূমিকা রাখতে অনুরোধ করেন।

আইএসপিআর জানায়, সেনা প্রধান গত ৬ নভেম্বর জেনারেল হান উয়েগো’র সাথে এ সাক্ষাতের আগে গত ৪ নভেম্বর চাইনিজ অলিম্পিক এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের সাথে বাংলাদেশে বিভিন ক্রীড়া ইভেন্টের জন্য চাইনিজ কোচ প্রেরণ, চীনের ক্রীড়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি প্রদান ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। ৫ নভেম্বর তিনি চীনের বেইজিং-এ অবস্থিত ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি পরিদর্শন করেন।

এছাড়াও সেনা প্রধান জেনারেল আজিজ ৬ ও ৭ নভেম্বর বেইজিং এবং নানজিং-এ পিপলস লিবারেশন আর্মি এর দুইটি কম্পোজিট ব্রিগেডের প্রশিক্ষণ কর্মকাণ্ড পরিদর্শন করেন। পাশাপাশি চীনের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ-এর প্রতিনিধিগণ সেনাপ্রধানের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করেন।

বেশি ঝুঁকিতে যে ৭ জেলা

0

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে উপকূলবর্তী ৭টি জেলা অতি ঝুঁকির মধ্যে আছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। শুক্রবার বিকেলে ঘূর্ণিঝড় বুলবুল নিয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী একথা জানান।

অতিঝুঁকিপূর্ণ জেলাগুলো হলো- খুলনা, সাতক্ষীরা, বরগুনা, বাগেরহাট, পটুয়াখালী, পিরোজপুর ও ভোলা।

ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী আরো জানান, আগামীকাল শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত্রির মধ্যে এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে। এটির কারণে ৫ থেকে ৭ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে।

এছাড়া ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় উপকূলবর্তী সকল জেলা, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও প্রায় ৫৬ হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে। উপকূলবর্তী এলাকার জনগণকে সরিয়ে নিতে বলা হয়েছে।

এদিকে বিকেল ৩টায় সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে জরুরি সভা ডাকা হয়। এতে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে উপকূলবর্তী খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনাসহ ১৩টি জেলায় ২ হাজার প্যাকেট করে মোট ২৬ হাজার প্যাকেট শুকনা খাবার এবং প্রতি জেলায় ৫ লাখ টাকা করে অগ্রিম বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত হয়।

২২ মন্ত্রলণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

0

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান। এরইসঙ্গে সংশ্লিষ্ট ২২টি মন্ত্রলণালয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদেরও ছুটি বাতিল করা হয়েছে।

শুক্রবার বিকালে সচিবালয়ে ঘুর্ণিঝড় ‘বুলবুল’ মনিটরিং সেলের সভা শেষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী একথা জানান।

এনামুর রহমান বলেন, এরইমধ্যে সাইক্লোন সেন্টারসহ উপকূলের আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি সাইক্লোন সেন্টারে দুই হাজার প্যাকেট করে শুকনো খাবার ও নগদ পাঁচ লাখ করে টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত যেকোনো সময় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত হানবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সাতটি জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

২০০০ রুপির নোট তুলে নিচ্ছে ভারত, বাতিলের ভয়

0

ভারতে নোট বাতিলের তিন বছর পূর্তিতে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে এবার বাতিল হতে চলেছে ২০০০ রুপির নোট।

নোটবন্দির তৃতীয় বর্ষপূর্তিতে এমনই জল্পনা উসকে দিলেন সাবেক কেন্দ্রীয় অর্থ সচিব সুভাষ চন্দ্র গর্গ। নিজের ব্লগে গোলাপি নোট নিয়ে এমন কথা জানিয়েছেন ৩১ অক্টোবর অবসর নেওয়া এই আমলা। তার কথায়, কোনো সমস্যা ছাড়াই ২০০০ রুপির নোট ‘তুলে নেওয়া’ হচ্ছে।

তিনি আরো বলেন, বড় সংখ্যায় ২০০০ রুপির নোট এখন আর বাজারে মিলবে না। ধীরে ধীরে তুলে নেওয়া হয়েছে। সম্ভাবনা এমন যে পরবর্তীতে তা বাতিল করা হবে। নিজের ব্লগে এসব লিখেছেন সাবেক এই আমলা। ২০০০ রুপির নোট ব্যাংকে ফিরিয়ে দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

৩১ অক্টোবর নিজের টুইটার হ্যান্ডলে অবসরের পোস্ট করেছিলেন তিনি। সেখানে নিজের অবসরকে ‘হঠাৎ’ বলেই বর্ণনা করেছেন সুভাষ চন্দ্র গর্গ।

যুক্তরাজ্যও ভেঙে যাচ্ছে!

0

ব্রেক্সিট ইস্যুকে কেন্দ্র করে চিড় ধরেছে যুক্তরাজ্যের ঐক্যেও। এখন থেকে এক যুগ পর ‘যুক্তরাজ্য’ অস্তিত্বশীল থাকবে না বলে মনে করছে দেশটির অর্ধেক নাগরিক। সম্প্রতি লন্ডনভিত্তিক সামাজিক জরিপ প্রতিষ্ঠান ইপসস মোরির এক ভোটাভুটিতে এ তথ্য বেরিয়ে এসেছে।

শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

খবরে বলা হয়, ২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রশ্নে হওয়া গণভোটে যখন ৫২ থেকে ৪৮ শতাংশ নাগরিক এর পক্ষে ভোট দেয়, তখনই নাখোশ হয় স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড। তারা চায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেই থেকে যেতে। ফলে ওই গণভোট ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড নিয়ে গঠিত যুক্তরাজ্যের ঐক্যে চিড় ধরায়।

আগামী বছরের ৩১ জানুয়ারি ব্রেক্সিট কার্যকরের দিকে যুক্তরাজ্য যতোই এগিয়ে যাচ্ছে, স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে গণভোটের দাবি ততোই জোরালো হয়ে উঠছে। অন্যদিকে উত্তর আয়ারল্যান্ডেও যুক্তরাজ্য থেকে বেরিয়ে রিপাবলিক আয়ারল্যান্ডের সঙ্গে যোগ দেওয়ার পক্ষে গণভোটের দাবি বেড়ে চলেছে।

যদিও এর আগে ২০১৪ সালে স্কটল্যান্ডের স্বাধীনতার দাবিতে হওয়া এক গণভোটে ৫৫ থেকে ৪৫ শতাংশ স্কটিশ তা প্রত্যাখ্যান করে। কিন্তু বর্তমানে পরিস্থিতি ভিন্ন।

ইপসস মরি’র ভোটে দেখা যায়, যুক্তরাজ্যের ৫০ শতাংশ মানুষই এখন মনে করে আগামী ১০ বছরের মধ্যে যুক্তরাজ্য বলে কিছু থাকবে না। মাত্র ২৯ শতাংশ মানুষের ধারণা এক যুগ পরেও যুক্তরাজ্য টিকে থাকবে, অথচ ২০১৪ সালে এ ধারণা পোষণ করতো ৪৫ শতাংশ মানুষ। অর্থাৎ যুক্তরাজ্য টিকে থাকার ব্যাপারে আশাবাদী মানুষের সংখ্যাও দিন দিন উল্লেখযোগ্য হারে কমেছে।

স্কটল্যান্ড শাখার ইপসস মোরি’র ম্যানেজিং ডিরেক্টর এমিলি গ্রে বলেন, ২০১৪ সালের তুলনায় যুক্তরাজ্যের প্রশ্নে ব্রিটিশরা এখন অনেক বেশি বিভক্ত।

গত ২৫ থেকে ২৮ অক্টোবর ১ হাজার একজন পূর্ণবয়স্ক মানুষের ওপর ইপসস মোরি এ জরিপ চালায়।

কাজের বুয়ার বিজনেস কার্ড ভাইরাল, চাকরির অফারের বন্যা

0

আজকাল বাসা-বাড়ির কাজ করতে গৃহকর্মী খুঁজে পাওয়া বেশ কঠিন। সবখানেই প্রচুর চাহিদা তাদের। তবে, কষ্টসাধ্য এই পেশায় চাকরি হারানোর ঝুঁকিও রয়েছে যথেষ্ট। কোনো কারণে মনিবের মনোক্ষুণ্ন হলেই মুহূর্তেই চাকরি শেষ! এমন বিপদে পড়েই সম্প্রতি বিজনেস কার্ড ছাড়া হয়েছিল এক গৃহকর্মীর। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় সেটি। এরপর থেকে নতুন চাকরির অফার যেন থামছেই না। দেশের দূর-দূরান্ত থেকে ডাক আসছে তাদের বাসায় কাজ করে দেওয়ার জন্য। সম্প্রতি এ ঘটনা ঘটেছে পাশের দেশ ভারতে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ধনশ্রী শিনদে নামে এক নারী একদিন অফিস থেকে বাসায় ফিরে দেখেন গৃহকর্মী, যাকে তিনি গীতা মাসি বলে ডাকেন, তাকে খুব বিষণ্ন দেখাচ্ছে। কারণ, কিছুক্ষণ আগেই একটি চাকরি হারিয়েছেন তিনি। অর্থাৎ দরিদ্র এ গৃহকর্মীর মাসিক আয় হঠাৎ করেই চার হাজার রুপি কমে গেছে।

গীতাকে এই বিপদ থেকে উদ্ধারে নামেন একটি ডেভেলপার কম্পানির সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত ধনশ্রী। নিজের বুদ্ধি-অভিজ্ঞতা কাজে লাগিয়ে ওই গৃহকর্মীর জন্য তৈরি করেন চমৎকার একটি বিজনেস কার্ড। ওই কার্ডে গীতার ফোন নাম্বারসহ উল্লেখ করা হয় বিভিন্ন কাজের জন্য বিভিন্ন পরিমাণ অর্থের কথা। যেমন- ঘর ঝাড়ু দিতে ৮০০ রুপি, কাপড় ধুতে ৮০০ রুপি, রুটি বানাতে হলে এক হাজার রুপি প্রভৃতি।

প্রাথমিকভাবে এমন একশ বিজনেস কার্ড ছাপিয়ে বিলি করা হয় এলাকার বিভিন্ন বাসা-বাড়িতে। কিন্তু, ছোট্ট এই পরিকল্পনা যে এত বড় ঝড় তুলবে এটা আশা করেননি ধনশ্রী বা গীতা মাসি কেউই। তাদের এই ঘটনার বিবরণ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন অস্মিতা জাভাদেকর নামে এক নারী। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ওই বিজনেস কার্ডের ছবি।

অস্মিতা জানান, এরপর থেকে গীতা মাসির মোবাইল ফোন অনবরত বেজে চলেছে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তার কাছে চাকরির অফার আসছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ধনশ্রীর এমন অভিনব আইডিয়ার প্রশংসা করেছেন। ছোট কিন্তু কার্যকর পদক্ষেপের মাধ্যমে একজন দরিদ্র নারীর বিপদ দূর করায় অসংখ্য মানুষ ধন্যবাদ জানিয়েছেন তাকে।

১১ হাজার অবৈধ বিদেশিকে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

0

বাংলাদেশে অবৈধভাবে বসবাসকারী ১১ হাজার বিদেশিকে সরকার ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অবৈধ বিদেশিদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

মোজাম্মেল হক জানান, এসব নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হলেও তারা নিজ দেশে ফিরে যাওয়ার কোনো উদ্যোগ নেননি। কিছু দেশের দূতাবাসও বাংলাদেশে নেই। তাই তাদের ফেরত পাঠানোর বিষয়ে ব্যবস্থা নেওয়া জটিল হয়ে পড়েছিল। তা ছাড়া, এসব নাগরিকদের সঙ্গে কোনো অর্থ নেই। তাদের ফেরত পাঠানোর জন্য সরকারের কাছে অর্থ বরাদ্দের জন্য সুপারিশ করেছে কমিটি।

অবৈধ বিদেশিদের চিহ্নিত করতে দেশের গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত সফলতার সঙ্গে কাজ করেছে বলে উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে আফ্রিকাসহ নানা দেশের নাগরিক ভিসা নিয়ে বৈধভাবে বাংলাদেশে এসেছেন। এমন ১১ হাজার নাগরিকের তালিকা তৈরি করা হয়েছে, যাদের ভিসা এবং পাসপোর্ট কোনোটিরই মেয়াদ নেই। এদের কিছু সংখ্যক অপরাধে জড়িয়ে কারাগারে বন্দী রয়েছেন। আবার কিছু সংখ্যক অবৈধভাবে বসবাস করছেন। তাদের আবার কেউ কেউ অপরাধে জড়িয়ে পড়ছেন।

পাসপোর্টের মেয়াদ শেষ হলেও তারা কখনো নিজ দেশে যাওয়ার চেষ্টা করেননি উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, ‘কিছু দেশের দূতাবাস এখানে রয়েছে, সেখানে সরকারের পক্ষ থেকে তাদের নাগরিকদের বিষয়ে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। তাই সরকার নিজ উদ্যোগে তাদের নিজ দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে।’

বিমানের জন্য সিয়াটলে সাজছে দুটি ড্রিমলাইনার

0

সবকিছু যেন বাস্তবে রূপ নিল ঝোড়ো গতিতে। হঠাৎ করে আলোচনা। তারপর চলে দর-কষাকষি। দরদাম চূড়ান্ত হওয়ায় এবার দেশে আসার অপেক্ষায় রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি নতুন ড্রিমলাইনার বোয়িং ৭৮৭-৯। যুক্তরাষ্ট্রের সিয়াটলে বোয়িং কোম্পানির ফ্যাক্টরিতে এরই প্রস্তুতি চলছে। সিয়াটলে বোয়িং কোম্পানির প্রকৌশলীর কাছ থেকে বিমানের দুটি ড্রিমলাইনারের বেশ কিছু ছবি পাওয়া গেছে।

চলতি নভেম্বর মাসের প্রথম দিকে তোলা এসব ছবিতে দেখা গেছে, একটি ড্রিমলাইনারের রং এখন ধবধবে সাদা। আরেকটি উড়োজাহাজ বোয়িংয়ের প্রতীক যুক্ত করে নীল-গোলাপি রঙে সাজিয়ে রাখা হয়েছে।

বিমান সূত্রে জানা গেছে, দুটি ড্রিমলাইনারের মধ্যে একটি যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে বাংলাদেশের পথে রওনা দেবে ১৯ ডিসেম্বর। দ্বিতীয়টি সেখান থেকে উড়বে ২১ ডিসেম্বর।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী প্রধান মোকাব্বির হোসেন প্রথম আলোকে বলেন, নতুন দুটি উড়োজাহাজ কিনে ফেলা হয়েছে। দেশে আসার দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। বড়দিন উপলক্ষে যুক্তরাষ্ট্রে ২৫ ডিসেম্বর থেকে ছুটি রয়েছে। ড্রিমলাইনারগুলো আনার বিষয়ে দুই পক্ষেরই (বিমান ও বোয়িং কোম্পানি) বিষয়টি বিবেচনায় রয়েছে। দেশে আনার বিষয়ে সে অনুযায়ী কাজ চলছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ৪ নভেম্বর এক অনুষ্ঠানে জানান, ডিসেম্বরের শেষের দিকে ড্রিমলাইনার দুটি বিমান বহরে যুক্ত হবে।

বিমান সূত্র জানায়, ১৯ ও ২১ ডিসেম্বর ড্রিমলাইনার দুটি সিয়াটল থেকে ঢাকায় আনার জন্য বেশ কয়েকজন পাইলটকে প্রস্তুতি নিয়ে থাকতে বলা হয়েছে। এর কয়েক দিন আগে বিমানের পাইলটসহ প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রে যাবেন। তবে এর আগে ২০ নভেম্বর থেকে বিমানের সাদা রঙের ওপর লাল-সবুজের নকশার প্রলেপ দেওয়ার কাজ শুরু হবে। এরপর দুটি ড্রিমলাইনারের লেজে বিমানের প্রতীক লাল বৃত্তের মধ্যে বসানো হবে ‘হংস বলাকা’। লোগোসহ নকশা বোয়িং কোম্পানির কাছে পাঠানো হয়েছে। রঙের প্রলেপের কাজ চলবে প্রায় দুই সপ্তাহ। সবশেষে পরীক্ষামূলকভাবে (টেস্ট ফ্লাই) দুটি বিমানকে চালানো হবে।

বিমানের আগের চারটি ড্রিমলাইনার ৭৮৭-৮ উড়োজাহাজ সিয়াটল থেকে চালিয়ে দেশে এনেছেন, এমন কয়েকজন পাইলটের সঙ্গে কথা বলে জানা গেছে, দুটি উড়োজাহাজ আগেই টেস্ট ফ্লাই করানো হয়েছে। কারণ এগুলো চীনের একটি বিমান পরিবহন সংস্থার কাছে বিক্রির কথা ছিল। চুক্তি বাতিল হওয়ায় এখন ড্রিমলাইনার দুটি কিনেছে বিমান। তবে রং করার পর কয়েক দফা টেস্ট ফ্লাই করানো হবে। এর অংশ হিসেবে আকাশ ওড়ানোর সময় উড়োজাহাজের দুটি ইঞ্জিনের একটি বন্ধ করা হয়। সেইলর চেক, ল্যান্ডিং গিয়ার চেকসহ জরুরি পরিস্থিতিতে যেসব সমস্যার সম্মুখীন হতে হয়, তার সবই পরীক্ষা করানো হয় টেস্ট ফ্লাইয়ের সময়। সবশেষ টেক-অফ ও ল্যান্ডিং চেক করে বোয়িং কর্তৃপক্ষ তাদের ক্রেতাদের কাছে উড়োজাহাজ হস্তান্তর করে থাকে।

দেশে আসার আগে দুটি ড্রিমলাইনারের নামও দেওয়া হবে। তাদের নামের তালিকাও করা হয়েছে। তালিকাটি বেশ দীর্ঘ। ৪০টি নামের তালিকা করে বিমান মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেসব নাম থেকে ড্রিমলাইনারের জন্য দুটি নাম চূড়ান্ত করা হবে।

গত ১৭ সেপ্টেম্বর চতুর্থ ড্রিমলাইনার ৭৮৭-৮ ‘রাজহংস’ উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি বোয়িং কেনার আগ্রহ দেখান। পরে জানা যায়, দুটি উড়োজাহাজই বোয়িংয়ের বড় আকৃতির ৭৮৭-৯ ড্রিমলাইনার। এরপর মাসখানেক ধরে বোয়িং কোম্পানির সঙ্গে বিমান দর-কষাকষি করে প্রতিটি ৭৮৭-৯ ড্রিমলাইনার বর্তমান বাজারমূল্যের অর্ধেক দামে ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের কমে কেনা হচ্ছে। ড্রিমলাইনার ৭৮৭-৯ উড়োজাহাজের দৈর্ঘ্য ২০৬ ফুট। এটি ৩০০ যাত্রী বহন করতে পারে। এটি টানা প্রায় ১৪ হাজার কিলোমিটার উড়তে পারে।

বিমান বহরে বর্তমানে উড়োজাহাজ রয়েছে ১৬টি। এগুলোর মধ্যে নিজস্ব উড়োজাহাজের সংখ্যা ১০টি। বাকি ৬টি লিজে আনা। নিজস্ব ১০টি উড়োজাহাজের সবই বোয়িং কোম্পানি থেকে কেনা। এর মধ্যে ৪টি ড্রিমলাইনার ৭৮৭-৮, ৪টি ৭৭৭-৩০০ ইআর ও দুটি ৭৩৭-৮০০। নতুন দুটি ৭৮৭-৯ উড়োজাহাজ কেনা হলে বিমানের উড়োজাহাজ হবে ১৮টি। এ ছাড়া আগামী বছরের প্রথম দিকে কানাডা থেকে কেনা তিনটি ড্যাশ-৮ বিমান বহরে নাম লেখাবে।

আজ আসছে মইন উদ্দীন খান বাদলের মরদেহ

0

ভারতের বেঙ্গালুরুতে নারায়ণা ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেস হাসপাতালে মৃত্যুবরণকারী সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের কার্যকরী সভাপতি মইন উদ্দীন খান বাদলের মরদেহ আজ দেশে আসছে।

বাদলের একান্ত সহকারী এস এম হাবিব বাবু কালের কণ্ঠকে বলেন, শুক্রবার সকালে মরদেহ ঢাকায় আনার কথা রয়েছে। মরদেহ আনার পর প্রথমে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তাঁর বাসায় নেওয়া হবে। এরপর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুমার নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর চট্টগ্রামে আনার পর নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে জানাজার পর গ্রামের বাড়ি বোয়ালখালী নেওয়ার কথা রয়েছে।

গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চার সদস্যের একটি প্রতিনিধিদল মইন উদ্দীন খান বাদলের মরদেহ দেশে আনার জন্য বেঙ্গালুরু গেছে। এ ছাড়া তাঁর পরিবারের সদস্যরা গেছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

বেঙ্গালুরুতে নারায়ণা ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেস হাসপাতালে গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৫টার দিকে মারা যান চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদল। দুই বছর আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। পাশাপাশি ৬৭ বছর বয়সী এই রাজনীতিক হৃদ্যন্ত্রের জটিলতায়ও ভুগছিলেন। গত ১৮ অক্টোবর নিয়মিত চেকআপের জন্য তাঁকে নারায়ণা ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে তিনি প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।