Home Blog Page 3368

দেশে ১৭ ভাগ মানুষ মানসিক সমস্যাগ্রস্ত : স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে বিভিন্ন বয়সী ১৭ ভাগ মানুষ মানসিক সমস্যাগ্রস্ত। এর মধ্যে ১৩ ভাগই হচ্ছে শিশু।

বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ‘জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৮-১৯’ এর জড়িপ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা জানান

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান জড়িপ অনুযায়ী দেশে ১৭ ভাগ মানুষ মানসিক সমস্যাগ্রস্ত। এর মধ্যে ১৩ ভাগই হচ্ছে শিশু। দেশের ৯৪ ভাগের মত মানুষ মানসিক রোগে ভুগলেও তারা সামাজিক প্রতিবন্ধকতার কারণে চিকিৎসা নিতে চিকিৎসকদের কাছে যায় না।

জাহিদ মালেক বলেন, চিকিৎসা না নেওয়ার ফলে বহুসংখ্যক মানুষ মানসিক সমস্যা নিয়েও স্বাভাবিকভাবে চলাফেরা করার চেষ্টা করে। এটা ভবিষ্যত প্রজন্মের জন্য উদ্বেগের বিষয়। কাজেই এখন থেকে মানসিক স্বাস্থ্য নিয়ে সরকার দৈহিক স্বাস্থ্যের মতই সমান গুরুত্ব দিবে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মোহিত কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিশ্ব ব্যাংকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় অধ্যাপকের সাক্ষাৎ

0

ভারতের জম্মু বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. শাহাব এনায়েত মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার ঢাবি উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের জম্মু বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া দু’বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় উর্দু বিভাগে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের ব্যাপারে বৈঠকে আলোচনা করা হয়। তারা দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এসংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়েও মত বিনিময় করেন।

জবি বাংলা বিভাগের চেয়ারম্যান হলেন ড. মিল্টন বিশ্বাস

0

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, বাংলা বিভাগের অধ্যাপক ড. আরজুমান্দ আরা বানুর চেয়ারম্যান হিসেবে নিযুক্তির মেয়াদ শেষ হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন- ২০০৫ এর ২৪(২) ধারা অনুযায়ী উক্ত বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসকে পরবর্তী তিন বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।

বন-জঙ্গলে আগুন হামলার আহবান জানালো আইএস!

0

ইউরোপ-আমেরিকার বন-জঙ্গলে আগুন হামলার আহবান জানিয়েছে ইসলামি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএস। ইরাক ও সিরিয়া ভিত্তিক এই জঙ্গি সংগঠনটি তাদের ইউরোপ-আমেরিকায় বসবাসকারী অনুসারীদের প্রতি এই ভয়াবহ আহবান জানিয়েছে।

‘কুরায়েশ’ নামে আইএসআইএস এর একটি মিডিয়া প্ল্যাটফর্মে এমন চারটি পোস্টার দেখে গেছে যেগুলোতে আইএস এর অনুসারীদের প্রতি ‘বনে আগুন লাগিয়ে দাও’ কথাটি লেখা রয়েছে।

একটি পোস্টারে লেখা রয়েছে, ‘আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানির বনে আগুন লাগিয়ে দাও। এতে তাদের শাস্তি হবে।’

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য যখন বনের দাবানলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে তখনই এমন ভয়াবহ হামলার কথা বললো জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট ( আইএস)।

তবে এখন পর্যন্ত দাবানলের পেছনে জঙ্গিদের হাত রয়েছে কিনা তা জানা যায়নি।

মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, গত এপ্রিলে সর্বপ্রথম আইএস তার অনুসারীদের প্রতি ইউরোপ-আমেরিকার বনে আগুন লাগিয়ে দেওয়ার আহবান জানিয়েছিলো।

আইএস ওই ভয়ানক আহবানে লেখা ছিলো, ‘হে তৌহিদের অনুসারীরা, তোমরা যারা ইউরোপ এবং আমেরিকায় আছো, বন-জঙ্গল এবং ফসলের মাঠে আগুন লাগিয়ে দাও। এতে তাদের শাস্তি হবে।’

সূত্র: নিউইয়র্ক পোস্ট

শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’, ৩ নম্বর সতর্কতা বহাল

0

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ উপকূলের দিকে ধেয়ে আসছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাসমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে এটি বাংলাদেশ নাকি ভারতের উপকূলে আঘাত হানবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অগ্রসর ও ঘণীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আকারে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে এটি আজ শুক্রবার সকালে বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়া থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং আগামীকাল এটি আরো শক্তি সঞ্চয় করতে পারে এবং রবিবার (১০ নভেম্বর) পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে গতকাল বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১শ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

আগামী রবিবার এটি আঘাত হানার সময় গতিবেগ প্রায় ১৩৫ কিলোমিটার থাকতে পারে বলে জানিয়েছে সূত্র।

বঙ্গোপসাগরটির প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে গভীর সাগরে না গিয়ে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশের প্রভাবে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে বাংলাদেশে প্রবল বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

সংসদের পঞ্চম অধিবেশন চলবে ১৪ নভেম্বর পর্যন্ত

0

চলতি সংসদের ৫ম অধিবেশন আগামী ১৪ নভেম্বর পর্যন্ত চলবে। আজ বৃহস্পতিবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশনে শোক প্রস্তাব নিয়ে আলোচনা শেষে সোমবার বিকেল সোয়া ৪টা পর্যন্ত মূলতবি করা হয়েছে।

সংসদ অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত হয়। প্রতিদিন বিকাল সোয়া চারটায় অধিবেশনের বেঠকে বসবে। বৈঠকে জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক সংকট মোকাবেলায় বিশ্বের সকল পার্লামেন্ট ও সরকার, জাতিসংঘের মাধ্যমে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য একটি সাধারণ প্রস্তাবের ওপর আলোচনার সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেনে অনুষ্ঠিতব্য কপ-২৫ সম্মেলনে এ সম্পর্কিত প্রস্তাব উপস্থাপন করবেন বলে জানানো হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, আমীর হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া, আইনমন্ত্রী আনিসুল হক, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, নূর-ই-আলম চৌধুরী ও আবদুস সাত্তার ভুইয়া উপস্থিত ছিলেন।

অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনার জন্য ৫ সদস্যর সভাপতিমন্ডলি মনোনয়ন দেওয়া হয়। এ তালিকায় রয়েছেন- আ স ম ফিরোজ, কাজী মোতাহার হোসেন, জিল­ুল হাকিম, কাজী ফিরোজ রশীদ ও সেলিমা আহমেদ।

সংসদে প্রধানমন্ত্রীঃ বাদলের মৃত্যু রাজনৈতিক অঙ্গনে বড় শূন্যতা সৃষ্টি করেছে

0

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা অকাল প্রয়াত জাসদ নেতা মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, চলার পথে অনেক আপনজনকে হারিয়েছি, অনেকে হারিয়ে যাচ্ছে। অবশ্য সময়ের সঙ্গে সবাইকে একদিন চলে যেতে হবে। কিন্তু মঈনউদ্দীন খান বাদলের মৃত্যু রাজনৈতিক অঙ্গনে বিরাট শূন্যতা সৃষ্টি করেছে।

আজ বৃহস্পতিবার জাতীয় শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় তিনি আরো বলেন, ছাত্রলীগের একজন কর্মী হিসেবে ছাত্র রাজনীতিতে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। মহান মুক্তিযুদ্ধেও তাঁর বলিষ্ট অবদান রয়েছে। তিনি সব সময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন এবং শান্তি-সমৃদ্ধিতে বিশ্বাসী ছিলেন। সংসদে তিনি যখন ভাষণ দিতেন প্রত্যেকটা ভাষণই মনে একটা দাগ কেটে যেত। অত্যন্ত বলিষ্ঠভাবেই তিনি কথা বলতেন। এলাকার উন্নয়নের জন্য সব সময় তিনি সক্রিয় ছিলেন। তাঁর মৃত্যুতে তাঁর এলাকাবাসীর যেমন ক্ষতি হয়েছে, তেমনি রাজনীতিরও ক্ষতি হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও এই আলোচনায় অংশ নেন বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ, আওয়ামী লীগের প্রবীণ নেতা আমীর হোসেন হোসেন আমু, তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম, শাজাহান খান, ড. মহীউদ্দিন খান আলমগীর, আবুল কালাম আজাদ, সাবেক প্রধান হুইপ আসম ফিরোজ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙা। পরে সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাবটি গৃহীত হয়।

এর আগে এক মিনিট দাঁড়িয়ে নিরাবতা পালন শেষে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সরকারি দলের সংসদ সদস্য বি এইচ হারুন। চলমান সংসদের কোন সদস্য মৃত্যু হলে রেওয়াজ অনুযায়ী স্পিকার অধিবেশনের অবশিষ্ট কার্যক্রম স্থগিত রেখে সংসদ অধিবেশন আগামী সোমবার বিকেল সোয়া চারটা পর্যন্ত মূলতবি ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী বলেন, নিয়তির কী নির্মম পরিহাস, সকালেই মঈনউদ্দীন খান বাদল চলে গেলেন। তাঁর লাশ নিয়ে আসার জন্য ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের হাইকমিশনের একজন কর্মকর্তাকে পাঠিয়েছি। মরদেহ হয়তো শুক্রবার সকালের মধ্যে পৌঁছাবে।

তিনি বলেন, মঈনউদ্দীন খান বাদল ২০০৮, ২০১৪ এবং ২০১৮ তিনটা নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্র রাজনীতিতে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। রাজনৈতিক অঙ্গনে আমরা যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, এমনকি আইয়ুববিরোধী আন্দোলন থেকে নিয়ে ৬ দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার আন্দোলন মুক্তিযুদ্ধ প্রতিটি ক্ষেতেই বাদলের সক্রিয় ভূমিকা ছিল। ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন। স্বাধীনতার পর তিনি জাসদে যোগ দেন। আমরা যখন ঐক্যজোট গঠন করি আমাদের ঐক্যজোটের সঙ্গেও তিনি সক্রিয় ছিলেন। কাজেই আন্দোলন সংগ্রামের রাজপথে এবং এই সংসদে একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছে।

বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ বলেন, অত্যন্ত বিনয়ী, বিচক্ষণ ও অনলবর্ষী বক্তা মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে আমরা মর্মাহত, গভীরভাবে শোকাহত। সোয়াত জাহাজ থেকে পাক হানাদাররা অস্ত্র খালাস করছিলেন, তখন একজন বীর মুক্তিযোদ্ধা বাদল আক্রমণ চালিয়ে সেই অস্ত্র লুটে নিয়ে মুক্তিযোদ্ধাদের হাতে দিয়ে যুদ্ধ করেছিলেন। সংসদেও তাঁর সপ্রতিভ ক্ষুরধার বক্তব্য ও শব্দচয়নও ছিল চমৎকার। দেশের প্রাসঙ্গিক বিষয়গুলো সংসদে জোরালোভাবে তুলে ধরতেন।

সাবেক শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেন, স্বৈরশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে মঈন উদ্দীন খান বাদল অত্যন্ত সাহসী ভূমিকা রেখে গেছেন। অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী বীর মুক্তিযোদ্ধা বাদল সংসদের ভেতর ও বাইরে একজন বলিষ্ঠ সুবক্তা ছিলেন। তাঁর মৃত্যুতে রাজনীতির জন্য বিরাট একটা ক্ষতি হলে গেল।

সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। ছাত্রজীবনে, স্কুল ও কলেজ জীবনেও ছাত্রলীগের নেতা ছিলেন মঈন উদ্দীন খান বাদল। পরে জাসদে যোগ দিলেও অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। সাম্প্রদায়িক রাজনীতির ঘোরবিরোধী ছিলেন।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদল একজন সুবক্তা, প্রখর চিন্তাবিদ ও অভিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন। অসুস্থ্ অবস্থাতেও সংসদে প্রাণবন্ত বক্তব্য দিয়েছেন। দেশপ্রেমিক এই রাজনীতিবিদের চলে যাওয়া দেশের জন্য অপূরণীয় ক্ষতি।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশ পরবর্তীকালে সামরিক শাসনসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তাঁর সাহস ও বিচক্ষণতা সত্যিই প্রশংসনীয়। মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদারদের আতঙ্কের নাম ছিল মঈন উদ্দীন খান বাদল। তাঁর অকাল মৃত্যু পূরণ হবার নয়।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, মঈন উদ্দীন খান বাদল আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন। ষাটের দশকে পূর্ব বাংলা ছাত্রলীগের সদস্য হিসেবে রাজনীতি শুরু করেন। চট্টগ্রামে মহান মুক্তিযুদ্ধে বিশেষ ভ‚মিকা রেখে গেছেন। জাসদের জন্মলগ্ন থেকেই জড়িত ছিলেন। সাম্প্রদায়িকতা বিরোধী গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখেছেন তিনি।

উল্লেখ্য, অধিবেশনে জাসদ নেতা বাদল ছাড়াও সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, সাবেক উপমন্ত্রী হুমায়ুন কবীর, সাবেক এমপি কফিল সোনার, সংসদ সচিবালয়ের সিনিয়র সিকিউরিটি এসিস্ট্যান্ট নুরভানুসহ অনেকের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়।

এক মাস বন্ধ থাকবে কালশি-বনানী ফ্লাইওভার

0

শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে আন্ডারপাস নির্মাণকাজের সুবিধার্থে কালশি-বনানী ফ্লাইওভার বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই বন্ধ রয়েছে ফ্লাইওভার। ফলে কালশি থেকে বনানী-মহাখালীগামী সব যানাবাহন খিলক্ষেত হয়ে ঘুরে যাওয়ায় এই রুটে তীব্র যানজট দেখা দিয়েছে।

উত্তরের ডিসি (ট্রাফিক) প্রবীর কুমার মিত্র গণমাধ্যমকে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইসিবি থেকে বনানীর দিকে আন্ডারপাস নির্মাণের জন্য ফ্লাইওভার কেটে নিচ দিয়ে বক্স বসানো হবে। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এ কাজ করছে। এ কারণে সাময়িকভাবে ফ্লাইওভারটি বন্ধ রাখা হয়েছে। আন্ডারপাস নির্মাণ হয়ে গেলে পথচারীদের আরও সুবিধা হবে।

একইসঙ্গে ‘নট-আউট’ এবং ‘আউট’ হলেন সৌম্য!

0

তিন নম্বরে নেমে বিধ্বংসী ব্যাটিং শুরু করেছিলেন সৌম্য সরকার। দ্রুত ঘুরছিল রানের চাকা। ঠিক তখনই ছন্দপতন। যুজবেন্দ্র চাহালকে ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে স্টাম্পড হয়ে যান এই হার্রডহিটার। ২০ বলে ৩০ রান করে সাজঘরেই ফিরতে হয় সৌম্যকে। বাংলাদেশও বিপদে পড়ে যায়। তবে সৌম্যর আউট নিয়ে মাঠে যা নাটক করলেন আম্পায়াররা, তা নজিরবিহীন! প্রযুক্তি বেষ্টিত হয়ে বসে থাকা থার্ড আম্পায়ারেরও যে এমন দৃষ্টিকটূ ভুল হতে পারে, তা আগে দেখেনি ক্রিকেটবিশ্ব। এই ঘটনা নিয়ে এখন সোশ্যাল সাইটে তোলপাড় চলছে।

ভুল শুধু ব্যাটসম্যান বা বোলারেরই হয় না। আম্পায়ারের হয়। তার চেয়েও অবাক করার ব্যাপার হয়ে যায়, যখন দেখা যায়, ম্যাচের তৃতীয় আম্পায়ার দৃষ্টিকটু ভুল করছেন।ইনিংসের ১৩তম ওভারের ঘটনা। যুজবেন্দ্র চাহালের শেষ বলটি ডাউন দ্য উইকেটে গিয়ে হাঁকাতে চেয়েছিলেন সৌম্য। টাইমিং মিস করায় বল চলে যায় উইকেটকিপার ঋষভ পন্টের হাতে। কিছুক্ষণ আগেই তিনি বল না ধরেই স্টাম্প ভেঙে লিটন দাসকে আউট করার চেষ্ট করেছিলেন। সৌম্যর বেলাতেও দেখা যায় তার হাতটা স্ট্যাম্পের আগে

সন্দেহ দূর করতে ডাকা হয় তৃতীয় আম্পায়ারকে। রিপ্লে দেখার পর রাজকোটের সৌরাষ্ট্র স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনেও ভেসে উঠল ‘নট আউট’। বাংলাদেশের সমর্থকরা তখন হাঁফ ছেড়ে বেঁচেছেন। ওই লেখা দেখে বাউন্ডারির কাছ থেকে সৌম্য আবারও মাঠে ফিরে আসছিলেন। কিন্তু ওই স্বস্তি ছিল কয়েক সেকেন্ডের। ভারত অধিনায়ক রোহিত শর্মা তেড়ে যান ফিল্ড আম্পায়ারের দিকে। তখনই আবারও জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে নতুন লেখা ‘আউট’! তখন সেই স্ক্রিন দেখিয়ে সৌম্যকে আবারও প্যাভিলিয়নের দিকে পাঠিয়ে দেন আম্পায়ার। নজিরবিহীন এক ভুলের সাক্ষী হয়ে থাকে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম।

সুন্দরবনের দিকে আসছে ‘বুলবুল’, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

0

ঘূর্ণিঝড় ‘আয়লা’র মতোই ঘূর্ণিঝড় ‘বুলবুল’-ও পাখির চোখ করেছে সুন্দরবনকে। গতকাল মধ্যরাতেই গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘বুলবুল’। ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে এই ঝড়টি। ধেয়ে আসছে সুন্দরবনের দিকে। আশঙ্কা করা হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতির। তবে ঘূর্ণিঝড় বুলবুল মহা প্রবল ঘূর্ণিঝড় ‘সিডরের’ মতো ভয়ংকর হবে না।

প্রাথমিক ভাবে বলা হয়েছিল, ওড়িশা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশ অভিমুখে এগোবে ঘূর্ণিঝড়টি। বুধবার বলা হয়, ওড়িশা নয়, ঘূর্ণিঝড়টি এগোচ্ছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে।

গতিপথের ইঙ্গিত অনুযায়ী, উত্তর অভিমুখে এগোতে এগোতে অতি তীব্র ঘূর্ণিঝড়েও পরিণত হচ্ছে বুলবুল। আগামী রবিবার (১০ নভেম্বর) ঝড়টি আছড়ে পড়তে পারে সুন্দরবন সংলগ্ন এলাকাতে।

তবে এর প্রভাব বাংলাদেশে বেশি পড়বে না পশ্চিমবঙ্গে, তা স্পষ্ট করে বলতে পারছে না আবহওয়াবিদরা।

বৃহস্পতিবার বিকেলে বুলবুল সংক্রান্ত যে রিপোর্ট আবহাওয়া দপ্তর প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, গত বেশ কয়েক ঘন্টায় সে অনেকটা পথ অতিক্রম করে ফেলেছে। আপাতত সে অবস্থান করছে উড়িষ্যার সাগরদ্বীপের ৬৮০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপূর্বে।

বুলবুলের গতিপথ সম্পর্কে জানানো হয়েছে যে আপাতত সেটি আগামী বারো ঘণ্টায় কিছুটা উত্তরপশ্চিম দিকে এগোবে। তার পর ৯ নভেম্বর সকাল পর্যন্ত সে থাকবে কার্যত উত্তরমুখী। অর্থাৎ, এক্কেবারে সুন্দরবনকে পাখির চোখ করে এগোবে সে। পথে সে আরও অনেকটা শক্তি বাড়িয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়বে সে ব্যাপারে আবহাওয়া দপ্তর এখনও পরিষ্কার করে কিছু বলতে না পারলেও বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমার ইঙ্গিত, ১০ নভেম্বর, রবিবার, বুলবুল সুন্দরবনে আছড়ে পড়তে পরে, সঙ্গে সঙ্গে বাংলাদেশের দিকে বাঁক নেবে।

সুন্দরবনে আছড়ে পড়ার সময়ে বুলবুলের ঘূর্ণি বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১১৫ থেকে ১২০ কিলোমিটার। অর্থাৎ, ২০০৯ সালে আয়লা ঘূর্ণিঝড়ের যে গতিবেগ ছিল, বুলবুলের গতিবেগ তার থেকে কিছুটা বেশিই হতে পারে।

ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সামুদ্রিক জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে ভারত-বাংলাদেশের উপকূলবর্তী গ্রামগুলি।

সূত্র: ওয়ান ইন্ডিয়া