Home Blog Page 3370

জাবি ভিসির বাসভবনের সামনে প্রতিবাদী কনসার্ট

0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে তার বাসভবনের সামনে প্রতিবাদী কনসার্ট শুরু করেছেন আন্দোলনকারীরা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে প্রতিবাদী গান পরিবেশন করেন তারা। গান ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনায় কনসার্ট মুখর করে তুলেছেন তারা। সেখানে আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানে আছে পুলিশ।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করছেন তারা। ৭টার দিকে সেখানে প্রতিবাদী কনসার্ট করবেন বলে জানিয়েছিলেন আন্দোলনের অন্যতম সংগঠক শোভন রহমান।

যারা দুর্নীতির অভিযোগ আনছে তাদের প্রমাণ করতে হবে : প্রধানমন্ত্রী

0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দুর্নীতির অভিযোগ প্রমাণে ব্যর্থ হলে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আজ বৃহস্পতিবার অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের অনুকূলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক আর্থিক সহায়তা-ভাতা অনুদানের চেক বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় তিনি এ মন্তব্য করেন।

দিনের পর দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সেটা আমি বরদাশত করতে পারি না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মুখে বললেই হবে না দুর্নীতিকারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে। যদি না দিতে পারে তাহলে অভিযোগকারীদের বিরুদ্ধে শাস্তি হবে।

তিনি বলেন, আমি দেখছি কয়েকটি বিশ্ববিদ্যালয় ভিসির বিরুদ্ধে আন্দোলন করছে। ভিসিকে দুর্নীতিবাজ বলছে। যারা দুর্নীতির অভিযোগ আনছে তাদের এই অভিযোগ প্রমাণ করতে হবে, তাদের তথ্য দিতে হবে। তারা তথ্য দিলে আমরা ব্যবস্থা নিব। কিন্তু তারা তথ্য দিতে পারবে না দুর্নীতি দুর্নীতি বলে ক্লাসের সময় নষ্ট করবে, ক্লাস চলতে দিবে না, ইউনিভার্সিটি চলতে দিবে না, অন্দোলনের নামে ভিসির বাড়ি আক্রমণ, অফিসে আক্রমণ করবে। আমি বলবো এটার এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে অনুদানের চেক বিতরণ করার সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক।

সারাদেশের ৫৩ জন অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত এবং প্রয়াত সাংবাদিক পরিবারের সদস্যদের হাতে কল্যাণ ট্রাস্টের সহায়তার অনুদানের অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ফান্ড থেকে এখন পর্যন্ত ১৩ কোটি ৫৮ লাখ টাকা সহায়তা পেয়েছেন ১ হাজার ৭১৪ জন সাংবাদিক।

মহাখালী ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

0

রাজধানীর মহাখালী ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম নাসির উদ্দিন (২৩)।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফ্লাইওভারে ওঠার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, মহাখালী ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনা ঘটে। এরপর স্থানীয়রা ধরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য পরিবারের লোকজন পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্কুলছাত্র তিতাসের মৃত্যু: প্রতিবেদনের ওপর শুনানি ১৪ নভেম্বর

0

মাদারীপুরের কাঁঠালবাড়ীতে একজন ভিআইপির (যুগ্ম সচিব) অপেক্ষায় প্রায় দুই ঘণ্টা ফেরি আটকে রাখার কারণে অসুস্থ স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুর ঘটনায় দেওয়া তদন্ত প্রতিবেদনের ওপর শুনানি হবে ১৪ নভেম্বর।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ দিন ধার্য করেন হাইকোর্ট।

আদালতে রাষ্ট্রপক্ষে প্রতিবেদন উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। দুই বিবাদীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও এএম আমিন উদ্দিন।

স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুর ঘটনায় এক নম্বর ফেরিঘাটের চার কর্মকর্তা-কর্মচারীকে সরাসরি দায়ী করে গতকাল বুধবার (৬ নভেম্বর) হাইকোর্টে প্রতিবেদন দেয় নৌপরিবহন মন্ত্রণালয়। এতে সরকারের এটুআই প্রকল্পের যুগ্ম সচিব আব্দুস সবুর মণ্ডলকেও পরোক্ষভাবে দায়ী করা হয়েছে। বলা হয়েছে, ফেরি আটকে রাখা এবং ফেরিতে অ্যাম্বুল্যান্সে মুমূর্ষু রোগী থাকার কথা তিনি জানতেন না। এ কারণে তাঁকে সরাসরি দায়ী করা যায় না। তবে তিনি ঘাট ব্যবস্থাপককে দীর্ঘ সময় আগে থেকেই পারাপারের জন্য বার্তা দিয়ে এবং তাঁর সঙ্গে বারবার ফোনালাপের মাধ্যমে একটা দায়ভার সৃষ্টি করেছিলেন।

সর্বোপরি নির্ধারিত সময়ের অনেক পরে ফেরিঘাটে উপস্থিত হওয়া এবং তাঁর জন্যই ফেরি অপেক্ষমাণ রাখায় এ ক্ষেত্রে তাঁরও দায়বদ্ধতা রয়েছে। প্রতিবেদনে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সাত দফা সুপারিশ করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির সভাপতি সঞ্জয় কুমার বণিকের নেতৃত্বে তিন সদস্যের কমিটির এই প্রতিবেদন গতকাল অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দেওয়া হয়। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে আজ বৃহস্পতিবার এটি উপস্থাপন করা হয়।

প্রতিবেদনে যে চারজনকে সরাসরি দায়ী করা হয়েছে তাঁরা হলেন- ঘাট ম্যানেজার সালাম হোসেন, প্রান্তিক সহকারী খোকন মিয়া, উচ্চমান সহকারী ও গ্রুপ প্রধান ফিরোজ আলম এবং ইনল্যান্ড মাস্টার সামছুল আলম। তাঁদের মধ্যে প্রথম তিনজনকে দায়ী করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ৫ সেপ্টেম্বর পৃথক একটি প্রতিবেদন দেওয়া হয়।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব রেজাউল হাসানের নেতৃত্বে তিন সদস্যের কমিটির পৃথক একটি প্রতিবেদন গত ৫ সেপ্টেম্বর দুপুরে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিবেদন পাওয়ার পর হাইকোর্ট গত ২৩ অক্টোবর এক আদেশে এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়কে তাদের তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

গত ২৫ জুলাই রাতে সরকারের এটুআই প্রকল্পের যুগ্ম সচিব আব্দুস সবুর মণ্ডলের গাড়ির অপেক্ষায় কাঁঠালবাড়ী এক নম্বর ফেরিঘাটে প্রায় দুই ঘণ্টা ‘কুমিল্লা ফেরি’ আটকে রাখা হয়। এতে ঘাটে আটকে পড়া স্কুলছাত্র তিতাসকে বহনকারী অ্যাম্বুল্যান্স পার করার জন্য বারবার অনুরোধ জানালেও ফেরি ছাড়া হয়নি। ফলে অ্যাম্বুল্যান্সেই মৃত্যু হয় তিতাসের।

ওই ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে তিতাসের পরিবারকে তিন কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী জহির উদ্দিন লিমনের করা রিট আবেদনে গত ৩১ জুলাই এক আদেশে ঘটনা তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট।

বালিশকাণ্ড : দুদক কার্যালয়ে ৭ প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ

0

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বালিশসহ অন্যান্য সামগ্রী ক্রয়ে দুর্নীতি বিষয়ে তথ্য সংগ্রহের জন্য গণপূর্ত অধিদপ্তরের আরো সাত প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে সাত প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করেন উপ-পরিচালক মো. নাসির উদ্দিনের নেতৃত্বে দুদকের একটি অনুসন্ধান টিম।

দূদক সূত্র জানায়, আজ যাদের জিজ্ঞাসাবাদ করা হবে তারা হলেন পাবনা গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, পাবনা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশল মো. শফিকুল ইসলাম ও সুমন কুমার নন্দি, রাজশাহী গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম জিল্লুর রহমান, পাবনা গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আহমেদ সাজ্জাদ খান, পাবনা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহীন উদ্দিন ও মো. জাহিদুল করিম।

আরো পড়ুন : ‘রূপপুর বালিশ দুর্নীতিতে ৩৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা’

এর আগে গত ৩ নভেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক শৌকত আকবরসহ মোট ৩৩ প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি দেয় দুদক।

বিভিন্ন গণমাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বালিশসহ নানা সামগ্রী কেনা ও ওপরে তোলায় বাড়তি খরচের খবর প্রকাশের পর দুর্নীতির বিভিন্ন অভিযোগের বিষয় গত ১৭ অক্টোবর দুদক কর্মকর্তা নাসির উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করে।

শহীদ মিনারে খোকার মরদেহ, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

0

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ। বিপুলসংখ্যক মানুষ তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে জড়ো হয়েছেন। এর আগে ঢাকায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

আজ বৃহস্পতিবার বেলা ১২টায় খোকার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য নেয়া হয়। সেখানে বেলা ১টা পর্যন্ত তাঁর মরদেহ রাখা হবে। বাদ জোহর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায় খোকার মরদেহ। আনুষ্ঠানিকতা সেরে সকাল নয়টার পর তাঁর মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রওনা দেয়।

সংসদের দক্ষিণ প্লাজা থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে কফিন নেয়া হয়।

বাদ জোহর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। বিকেল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তৃতীয় দফা জানাজা শেষে খোকার মরদেহ নেওয়া হবে গোপীবাগে তাঁর নিজ বাসভবনে। বাদ আসর স্থানীয় ধূপখোলা মাঠে অনুষ্ঠিত হবে চতুর্থ দফা নামাজে জানাজা। পরে তাঁর লাশ জুরাইন কবরস্থানে বাবা-মায়ের পাশে দাফন করা হবে।

আজ সকাল সাড়ে আটটার দিকে খোকার মরদেহ ঢাকায় এসে পৌঁছায়। মরদেহের সঙ্গে একই ফ্লাইটে খোকার স্ত্রী ইসমাত হোসেন, বড় ছেলে ইশরাক হোসেন, ছোট ছেলে ইসফাক হোসেন, মেয়ে সারিকা সাদেকসহ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও অবিভক্ত ঢাকা সিটি কপোরেশনের সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম ঢাকায় এসেছেন।

রাজধানীর জুরাইন কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে। এর আগে তাঁর চার দফা জানাজা অনুষ্ঠিত হবে।

সোমবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিটে নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান মুক্তিযোদ্ধা, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। দীর্ঘ পাঁচ বছর ক্যান্সারের সঙ্গে লড়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটানে স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী ইসমত হোসেন, মেয়ে সারিকা সাদেক ও ছেলে ইশফাক হোসেনকে রেখে গেছেন।

দেশে প্রাপ্তবয়স্ক ১৭ শতাংশ মানুষ মানসিক রোগে আক্রান্ত

0

জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৮-১৯ এর ফলাফলে দেশে প্রাপ্ত বয়স্ক মানুষের মধ্যে ১৭ শতাংশ কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত। এর আগে সর্বশেষ ২০০৩-২০০৫ সালে এই জরিপ পরিচালিত হয়েছিল। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের কনভেনশন হলে জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব (সেবা) আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ অন্যরা উপস্থিত রয়েছেন।

বাদলের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

0

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাংসদ, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ রিচার্স ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মারা যান চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক শোকবার্তায় মইন উদ্দীন খান বাদলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দুই বছর আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে গুরুতর অসুস্থ ছিলেন মইন উদ্দীন খান বাদল। হার্টেরও সমস্যা ছিল। গত ১৮ অক্টোবর থেকে ভারতে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ত্বাবধানে ছিলেন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন বাদল।

মইন উদ্দীন খান বাদল জাতীয় সমাজতান্ত্রিক দলের-(জাসদ) একাংশের কার্যকরী সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসন থেকে তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদে অনলবর্ষী বক্তা হিসেবে খ্যাতি রয়েছে তার।

ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা বাদল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। বাঙালিদের ওপর আক্রমণের জন্য পাকিস্তান থেকে আনা অস্ত্র চট্টগ্রাম বন্দরে সোয়াত জাহাজ থেকে খালাসের সময় প্রতিরোধে অন্যতম নেতৃত্বদাতা ছিলেন তিনি।

মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাদল সমাজতান্ত্রিক রাজনীতির প্রতি আকৃষ্ট হন। জাসদ, বাসদ হয়ে পুনরায় জাসদে আসেন। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল গঠনেও উল্লেখযোগ্য ভূমিকা ছিল বাদলের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

খোকার সম্মানে ঢাকার দুই সিটি অফিসে আজ ছুটি

0

ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ আজ বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছে। এই উপলক্ষে ঢাকার দুই সিটি করপোরেশন অফিসে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

গত রবিবার (৩ নভেম্বর) রাত ২টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিট) নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একাত্তরের গেরিলা যোদ্ধা সাদেক হোসেন খোকা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

খোকার মৃত্যুতে তাঁকে সম্মান জানাতেই প্রচলিত নিয়ম অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) ডিএসসিসি ও ডিএনসিসি’র প্রধান কার্যালয় নগর ভবনসহ আঞ্চলিক কার্যালয়গুলোও বন্ধ রয়েছে। তবে জরুরি সেবা এই ছুটির বাইরে থাকবে।

খোকাকে সম্মান জানাতে বিকেল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তৃতীয় দফা জানাজার আয়োজন করা হয়েছে। পরে তাঁর মরদেহ নেওয়া হবে গোপীবাগে তাঁর নিজ বাসভবনে। বাদ আসর স্থানীয় ধূপখোলা মাঠে অনুষ্ঠিত হবে চতুর্থ দফা নামাজে জানাজা। পরে তাঁর লাশ জুরাইন কবরস্থানে বাবা-মায়ের পাশে দাফন করা হবে।

ঢাকায় খোকার প্রথম জানাজা সংসদের দক্ষিণ প্লাজায় সম্পন্ন

0

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ঢাকায় প্রথম জানাজা। এরপর বেলা ১২টায় খোকার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য নেয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সাদেক হোসেন খোকার জানাজা শুরু হয়। এ সময় সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা জানাজায় অংশ নেন।

জানাজায় যারা অংশ নেন তাদের মধ্যে রয়েছেন ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, তোফায়েল আহম্মেদ৷, আ স ম ফিরোজ, মেজর (অব.) আবদুল মান্নান, বঙ্গবীর কাদের সিদ্দিকী, রাশেদ খান মেনন, মশিউর রহমান রাঙ্গা, ড. মাহবুব উল্লাহ, মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম, সাবের হোসেন চৌধুরী, শামসুল হক টুকু, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।
জানাজা পরিচালনা করেন, জাতীয় সংসদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু রায়হান। এতে আরো অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বিএনপি নেতা মিজানুর রহমান সিনহা, জাফরুল ইসলাম চৌধুরী, জয়নুল আবদিন ফারুক, আবুল খায়ের ভূঁইয়া, হারুন অর রশিদ, উকিল আব্দুস সাত্তার, জাহিদুর রহমান, এম মোরশেদ খান, মেজর (অব.) আখতারুজ্জামান, নাজিম উদ্দিন আলম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রুহুল আলম চৌধুরী, এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায় খোকার মরদেহ। আনুষ্ঠানিকতা সেরে সকাল নয়টার পর তাঁর মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রওনা দেয়।

সংসদের দক্ষিণ প্লাজা থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে কফিন রাখা হবে। বাদ জোহর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। বিকেল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তৃতীয় দফা জানাজা শেষে খোকার মরদেহ নেওয়া হবে গোপীবাগে তাঁর নিজ বাসভবনে। বাদ আসর স্থানীয় ধূপখোলা মাঠে অনুষ্ঠিত হবে চতুর্থ দফা নামাজে জানাজা। পরে তাঁর লাশ জুরাইন কবরস্থানে বাবা-মায়ের পাশে দাফন করা হবে।

আজ সকাল সাড়ে আটটার দিকে খোকার মরদেহ ঢাকায় এসে পৌঁছায়। মরদেহের সঙ্গে একই ফ্লাইটে খোকার স্ত্রী ইসমাত হোসেন, বড় ছেলে ইশরাক হোসেন, ছোট ছেলে ইসফাক হোসেন, মেয়ে সারিকা সাদেকসহ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও অবিভক্ত ঢাকা সিটি কপোরেশনের সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম ঢাকায় এসেছেন।

রাজধানীর জুরাইন কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে। এর আগে তাঁর চার দফা জানাজা অনুষ্ঠিত হবে।

সোমবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিটে নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান মুক্তিযোদ্ধা, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। দীর্ঘ পাঁচ বছর ক্যান্সারের সঙ্গে লড়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটানে স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী ইসমত হোসেন, মেয়ে সারিকা সাদেক ও ছেলে ইশফাক হোসেনকে রেখে গেছেন।