Home Blog Page 3372

বঙ্গবন্ধু বিপিএল’র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

0

অবশেষে দুদিন পিছিয়ে ৮ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৭তম আসর। হোম অব ক্রিকেট মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় আসরটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৫ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
বিসিবির পক্ষ থেকে এর আগে অবশ্য বলা হচ্ছিল বিপিএল শুরু হবে ৬ ডিসেম্বর। তবে দুইদিন পিছিয়েই চূড়ান্ত করা হল বহু প্রতীক্ষিত এবারের বিপিএল আসরের।
জাতীর পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর নামে আয়োজন করা হচ্ছে এবারের বিপিএল আসরটি। এছাড়া ব্যাপক পরিবর্তন নিয়ে মাঠে গড়াবে এবারের আসর। কেননা, এবারে থাকছে না ফ্রাঞ্চাইজি সিস্টেম। তাই দল গঠন থেকে শুরু করে সবকিছু পরিচালনা করবে বিসিবি।
বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ থেকে বড় শিল্পী আছে যারা তাদের থেকে দুই-তিনজন নেব। ভারত থেকে ক্যাটরিনা কাইফ, অরিজিৎ সিং, জন আব্রাহাম, টাইগার শ্রফ মানে যাদের এভেইলএবল পাওয়া যাবে আরকি। ডিসেম্বর মাস ভারতে খুব একটা ফাঁকা সময় থাকে না, যাদের পাওয়া যাবে তাদের সাথে যোগাযোগের পরই জানাব।

গঙ্গার ইলিশ থেকে পোস্ত, ৫০ পদ শেখ হাসিনার জন্য

0

ইডেনে দিন-রাতের টেস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে স্মরণীয় করে রাখতে রাজকীয় মধ্যাহ্নভোজের আয়োজন করতে চলেছে সিএবি। শুধু হাসিনা নন, আগামী ২২ নভেম্বর ইডেনের ঐতিহাসিক ভারত-বাংলাদেশ টেস্টে আসছেন শচিন টেন্ডুলকর, রাহুল দ্রাবিড়সহ ভারতের জীবিত প্রায় সব অধিনায়ক।
খুব অল্প সময়ের জন্য ইডেনে প্রথম দিন থাকবেন প্রধানমন্ত্রী হাসিনা। কী থাকবে তাঁর মধ্যাহ্নভোজে? গঙ্গার ইলিশ, পাবদা সর্ষে, ভেটকি পাতুরি, ডাব চিংড়ি। মাছের এই পদগুলি ছাড়াও দুই বাংলার প্রথামাফিক সব রকম জনপ্রিয় পদই থাকবে অতিথি আপ্যায়নে। যার মধ্যে থাকছে শুক্তো, আলু পোস্ত, ফুলকপির রোস্ট, ছানার ডালনা-সহ অন্তত ৫০-এর বেশি পদ। ভাত, রুটি, পোলাও, পায়েস, চাটনির মতো পদগুলি তো থাকছেই। যে-সব অতিথির মাছ পছন্দ নয়, তাঁদের জন্য থাকবে মুরগি ও খাসির হরেক রকম পদ।
এ দিনই সিএবি কর্তাদের সঙ্গে এ নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে শহরের এক পাঁচতারা হোটেলের। ফাইনাল মেনু সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলে চূড়ান্ত হওয়ার কথা।
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উপহার জন্য আন্তর্জাতিক মানের বিশেষ পোশাক প্রস্তুতকারককে দিয়ে বানানো হচ্ছে ডিজাইনার শাড়ি। সঙ্গে থাকবে শাল। এ ছাড়া বাংলার ঐতিহ্য মেনে রাজ্য সরকারের পক্ষ থেকেও দেওয়া হবে বিশ্ব বাংলার নানা উপহার। এই টেস্টকে স্মরণীয় করে রাখতে কোমর বেঁধে নেমেছেন সিএবি কর্তারা।
সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর মাত্র কয়েক দিনের মধ্যে বাংলাদেশ ও ভারতীয় টিম ম্যানেজমেন্টকে দিন-রাতের টেস্ট খেলতে রাজি করানো যদি চমক নম্বর এক হয়, দ্বিতীয় চমকটা সিএবি দিতে চাইছে ম্যাচের আয়োজনে তুমুল জাঁকজমক করে। মূল উদ্দেশ্য টেস্ট থেকে মুখ ফিরিয়ে নেওয়া দর্শককে ৫ দিনের ফর্ম্যাটে মাঠে ফেরানো। সৌরভের খুশি হওয়ার যথেষ্ট কারণ থাকছে।
তথ্য বলছে, প্রথমদিনই অনলাইনে টিকিট বিক্রির হার আশাতীত ভালো। প্রায় সব টিকিটই বিক্রি হয়ে গিয়েছে কয়েক ঘণ্টাতেই।
যে সোনার মুদ্রায় টস হবে, তার জন্য নামি গহনা প্রস্তুতকারক সংস্থা এ দিনই বরাত নিয়ে গেল। সঙ্গে অভ্যাগতদের স্মরণিকা হিসেবে দেওয়ার জন্য থাকবে রুপোর মুদ্রা। ৬০ টি বিশেষ টাইও তৈরি করা হচ্ছে ভিভিআইপি অতিথিদের জন্য।
সব মিলিয়ে বাস্তবিকই নভেম্বরের শেষে ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে তিলোত্তমা।
তথ্যসূত্র : এইসময়

কবর থেকে আবরারের লাশ তুলে ময়নাতদন্তের নির্দেশ

0

রাজধানীর রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে এই আদেশ দেয় আদালত।
একই দিন অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে প্রথম আলোর পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে সিএমএম আদালতে মামলা দায়ের করেছেন রাজধানীর রেসিডেনসিয়াল মডেল কলেজের স্কুল শাখার ৯ম শ্রেণির শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের বাবা। ঢাকা মহানগর হাকিম আদালতে (সিএমএম) মামলাটি দায়ের করেন নিহত আবরারের বাবা মজিবুর রহমান।
এর আগে, গত শুক্রবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে রেসিডেনসিয়াল মডেল কলেজের দৈনিক প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর একটি অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হন নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার রাহাত। নিজ স্কুলে কিশোর আলোর অনুষ্ঠান দেখতে এসেছিলেন তিনি।
পরে সেখানেই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হলে অনুষ্ঠানস্থলের জরুরি মেডিক্যাল ক্যাম্পে তাকে নিয়ে যাওয়া হয়। দুইজন এফসিপিএস ডাক্তার তাকে পরীক্ষা করে দেখেন। পরবর্তীতে আয়োজকরা তাকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
অপমৃত্যু বলা হলেও ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরদিন শনিবার ভোরে অ্যাম্বুলেসে করে ঢাকা থেকে নাইমুলের লাশ গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ধন্যপুর গ্রামে নেওয়া হয়। শনিবার সকাল সাড়ে ৯টায় সেখানকার বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্স মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

কৃষিজমি নষ্ট করে শিল্প কলকারখানা নয় : প্রধানমন্ত্রী

0

আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ দেশকে রক্ষা করতে হলে কৃষক ও জমি বাঁচাতে হবে। কৃষিজমি নষ্ট করে কোনো শিল্প কলকারখানা ও ইন্ডাস্ট্রি করা যাবে না।

আজ বুধবার (৬ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের ১০ম সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কৃষকের স্বার্থ রক্ষার পাশাপাশি আমরা উন্নত হব, শিল্পায়ন করব, কৃষকদের বাদ দিয়ে নয়, কৃষিকে বাদ দিয়ে নয়। কাজেই আমাদের উন্নয়নে কৃষকদের সবসময় গুরুত্ব দিয়ে থাকি।

প্রানমন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষকরাই বাংলাদেশকে বাঁচিয়ে রাখে। কৃষক ফসল ফলায়, আমরা খেয়ে বেঁচে থাকি। একটি সমাজ ও দেশের জন্য কৃষক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শেখ হাসিনা বলেন, আগে কৃষক ফসল ফলাতো, কিন্তু তার পেটে খাবার ছিল না। তাদের পরনের কাপড় ছিল না। কৃষকের অধিকার সংরক্ষণে আমরা কাজ করে যাচ্ছি। কৃষক যেন তাদের ন্যায্য অধিকার আদায় করতে পারে, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, আমরা ১০০টি অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। এটার অর্থ হলো যেন কৃষি জমি নষ্ট না হয়। যারা ইন্ডাস্ট্রি করতে চায়, তাদের ওইসব অঞ্চলে প্লট দেওয়া হবে। এ ছাড়া সব ধরনের সার্ভিস দেওয়া হবে। তারা সেখানে শিল্প গড়ে তুলবে। কারণ আমার কৃষি জমি বাঁচাতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ই-কৃষি চালু হয়েছে। কৃষকরা যে কোনো সমস্যার সমাধানে ‘১৬১২৩’ নম্বরে কল করে জানতে পারে। আমাদের কৃষকরাও এখন যথেষ্ট পরিপক্ব। মোট কথা কৃষকদের যত ধরনের সুবিধা দেওয়ার কথা, আমরা তা দিচ্ছি।

কৃষি খাতে গবেষণার গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, গবেষণা ছাড়া কৃষি উন্নয়ন সম্ভব নয়। আমরা গবেষণার মাধ্যমে উন্নতমানের বীজ উৎপাদন করছি। বর্তমানে দেশেই গবেষণার মাধ্যমে বিভিন্ন ধরনের সবজি ১২ মাসই উৎপাদন করা যাচ্ছে। আমরা কৃষি উন্নয়নে গুরুত্ব দিচ্ছি।

তিনি বলেন, আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খাদ্য উৎপাদনে সারাবিশ্বে আমরা চতুর্থ অবস্থানে আছি। বাংলাদেশে একটি মানুষও আর গৃহহারা থাকবে না। তাদের প্রত্যেকের যেন মাথা গোঁজার ঠাঁই হয়, আমরা সে ব্যবস্থা করে দিচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমরা কৃষকের জন্য কাজ করে যাচ্ছি। কৃষিকে যান্ত্রিকীকরণ করার চিন্তা করছি। এতে খাদ্য উৎপাদন আরও বাড়বে।

এর আগে বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সম্মেলন মঞ্চ থেকে স্লোগান দিয়ে তাকে অভিবাদন জানানো হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুরের শুভেচ্ছা জানানো হয়। এর পর মঞ্চে উপবিষ্ট অতিথিদের ব্যাজ পরিয়ে দেয়া হয়। কৃষক লীগের প্রকাশনা মোড়ক উম্মেচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা। সম্মেলনে সাংগঠনিক রিপোর্টও পেশ করেন রেজা।

সম্মেলনে বি‌শেষ অ‌তি‌থির বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের এবং সর্বভারতীয় কৃষাণ সভার সাধারণ সম্পাদক অতুল কুমার অঞ্জন। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

কৃষক লীগে ক্লিন ইমেজের নেতৃত্ব উপহার দেয়া হবে : কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শুদ্ধি অভিযানের ধারাবাহিকতায় এবার কৃষক লীগের সম্মেলনের মাধ্যমে ক্লিন ইমেজের নেতৃত্ব উপহার দেয়া হবে।

আজ বুধবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের ১০ম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে, তার সঙ্গে প্রাসঙ্গিকতা রেখে, সঙ্গতি রেখে যেন স্বচ্ছ, পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের ব্যক্তিত্ব কৃষক লীগের নেতৃত্বে আসতে পারে, সেদিকে কৃষক লীগের নেতাকর্মীদের নজর দিতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত ৪৪ বছরে সবচেয়ে কৃষকবান্ধব সরকার শেখ হাসিনার সরকার। সবচেয়ে সৎ ব্যক্তি, জনপ্রিয় রাজনীতিবিদ, বিচক্ষণ নেতা, দক্ষ প্রশাসক, সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা। যার উন্নয়ন অর্জন শুধু এ দেশে নয়, সারা বিশ্বে সমাদৃত।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আজ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে নেই। কিন্তু কে বলে বঙ্গবন্ধু নেই। বঙ্গবন্ধু থাকবেন লাঙলের ফলায়, থাকবেন শ্রমিকের হাতুড়ি-গাইতিতে, থাকবেন লালনের একতারায়।

এর আগে সকাল ১১টায় কৃষক লীগের দশম জাতীয় সম্মেলন শুরু হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা ও বেলুন উড়িয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন।

কৃষকলীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন। সর্বভারতীয় কৃষাণ সভার সাধারণ সম্পাদক অতুল কুমার বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ।

কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র চন্দ সম্পাদক উম্মে কুলসুম

0

আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন সভাপতি হয়েছেন সমীর চন্দ্র চন্দ আর সাধারণ সম্পাদক করা হয়েছে উম্মে কুলসুমকে।

আজ বুধবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

কৃষক লীগের নতুন সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র আগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। দীর্ঘ আট বছর পর কৃষক লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হল। বেলা ১১টায় সম্মেলনের প্রথম অধিবেশন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে দ্বিতীয় অধিবেশনে নির্বাচিত করা হয় সংগঠনটির আগামী তিন বছরের নেতৃত্ব।

দেশে কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থরক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলন হয় সর্বশেষ ২০১২ সালের ১৯ জুলাই। তিন বছর কমিটির মেয়াদ থাকলেও চলেছে প্রায় আট বছর। শুধু কেন্দ্রীয় কমিটি নয়, জেলা পর্যায়ের কমিটিগুলোও বিভিন্ন কারণে ঝিমিয়ে পড়ে। তবে সম্মেলনের তারিখ ঘোষণার পর প্রাণচাঞ্চল্য ফিরে আসে সংগঠনটিতে।

প্যারিস চুক্তি থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু যুক্তরাষ্ট্রের

0

প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার চূড়ান্ত পর্যায়ের দিকে এগিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি থেকে সরে যাওয়ার জন্য এক বছর ব্যাপী সেই প্রক্রিয়া শুরু হচ্ছে মার্কিন সরকারের পক্ষ থেকে পাঠানো আনুষ্ঠানিক নথি অনুযায়ী। ২০১৫ সালে প্যারিসে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন নিয়ে সম্মেলনে এই চুক্তি হয়েছিল। বারাক ওবামা তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে ছিলেন।

সারা বিশ্ব জুড়ে তাপমাত্রা আরো তিন ডিগ্রি সেন্টিগ্রেড করে বাড়তে চলেছে। ক্রমে ভয়ঙ্কর জলবায়ু পরিস্থিতি লক্ষ লক্ষ মানুষকে ঠেলে দেবে দারিদ্রের দিকে। এই পরিস্থিতিতে প্যারিসের জলবায়ু চুক্তি থেকে এক মাত্র সরে গেল যে দেশটি বিশ্বে গ্রিনহাউস নির্গত করে যে সব দেশ, তার মধ্যে অন্যতম। সেই সঙ্গে তেল ও গ্যাস উৎপাদনেও প্রথম সারিতে থাকা দেশটি আর চুক্তির শরিক থাকছে না।

আমেরিকায় জলবায়ু নিয়ে আন্দোলনকারী এবং প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট অ্যাল গোর তার দেশের অবস্থান নিয়ে টুইটারে লিখেছেন, ‘জলবায়ু সঙ্কট মেটাতে কোনো ব্যক্তি বা দল আমাদের পথ আটকাতে পারবে না। যারা সেটা করবে, তাদের পৃথিবী মনে রাখবে আত্মতুষ্টি, কুকর্মে সাহায্য আর মিথ্যাচারের জন্য।’ ট্রাম্পের এই নীতিকে ‘বেপরোয়া’ আখ্যা দিয়ে গোর জানাচ্ছেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে না।

জলবায়ু পরিবর্তন নিয়ে সক্রিয় আন্দোলনের অন্যতম মুখ সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গকে গত কালই প্রশ্ন করা হয়েছিল, মার্কিন সফরে ট্রাম্পের সঙ্গে তার দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? জলবায়ু পরিবর্তনের অস্তিত্ব মানতেই যিনি নারাজ, সেই প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে সময় নষ্ট সে করবে না, সাফ জানিয়ে দিয়েছে গ্রেটা।

হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি ট্রাম্পের পদক্ষেপ সম্পর্কে বলেছেন, ‘আমাদের শিশুদের ভবিষ্যৎ বিক্রি করে দেওয়ার মতো বিপজ্জনক সিদ্ধান্ত।’ প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কার বিদেশসচিব জন কেরি এবং প্রতিরক্ষাসচিব চাক হেগেল একটি মার্কিন দৈনিকে লিখেছেন, ‌’আজ আমেরিকার একটা অন্ধকার দিন।’ তাদের বক্তব্য, আমেরিকার প্রতিটি অংশে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে। গত পাঁচ বছর ছিল উষ্ণতম। দূষণের হার তীব্র মাত্রায় কমানো সম্ভব না হলে এই শতকের শেষে হাজার হাজার মার্কিন নাগরিকের জীবন নিয়ে শঙ্কা তৈরি হবে। তাদের মতে, প্যারিস চুক্তি ছিল একটা শুরু, ইতি টানার বিষয় ছিল না ওটা

মাওলানা ফজলুরের সব দাবি মানতে রাজি ইমরান, তবে…

0

সরকারবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ও তার সরকারকে হটাতে বিক্ষোভে নেমেছে জমিয়তে উলামায়ে ইসলাম। এরই মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগসহ বিভিন্ন দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম। প্রধান বিরোধী দলগুলোও এতে সমর্থন জানিয়েছে।

কিন্তু পদত্যাগ ছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের অন্য সব দাবি মেনে নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

নিজের পদত্যাগ এবং পুনরায় নির্বাচন দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ ঘোষণা দেন তিনি।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন ও জিয়ো নিউজ জানিয়েছে, সোমবার রাতে সরকারের মধ্যস্থতাকারী কমিটি বিরোধীদের রাহবার কমিটি ও মাওলানা ফজলুর রহমানের সঙ্গে আলাদাভাবে বৈঠক করে। চলমান সরকারবিরোধী বিক্ষোভ বন্ধ ও একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে মতবিনিময় করেন তারা।

কিন্তু ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ ছাড়া ফিরে না যাওয়ার কথা জানান মাওলানা ফজলুর রহমান।

বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে গঠিত মধ্যস্থতাকারী কমিটি মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করে। এসময় পদত্যাগ ছাড়া বিরোধীদের সব দাবি মেনে নেয়ার আশ্বাস দেন তিনি।

প্রধানমন্ত্রী হাউসে বৈঠকে সিনেট চেয়ারম্যান সাদিক সানজারি, স্পিকার আসাদ কায়সার, প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খট্টক ও ধর্ম বিষয়ক মন্ত্রী নুরুল হক কাদেরি উপস্থিত ছিলেন।

পরে ইমরান খানের তথ্য বিষয়ক উপদেষ্টা আশিক ফিরদৌস আওয়ান সংবাদ সম্মেলন করেন।

এর আগে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের বিরোধী নেতারা। সোমবার রাতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানের বাসভবনে রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্তে উপনীত হন তারা।

সোমবার সন্ধ্যায় পরবর্তী করণীয় নিয়ে আলোচনায় বসে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টিসহ বিরোধী দলগুলো। এতে অবস্থান কর্মসূচি চালু রাখার কথা জানান তারা।

রামপুরায় ৮ বছরের শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ আটক

0

রাজধানীর রামপুরা এলাকায় আট বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এতে বেলায়েত নামে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ অভিযোগের পরিপ্রেক্ষিতে রামপুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারসহ অভিযুক্ত ওই বৃদ্ধকে আটক করে।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, রাত ৯টার দিকে ৯৯৯-এ ফোন করে এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ করা হয়। তাৎক্ষণিকভাবে নিকটস্থ এলাকায় অবস্থানরত থানা পুলিশের টহল টিম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার ও অভিযুক্ত বেলায়েতকে আটক করা হয়।

আজ কৃষক লীগের সম্মেলন, বেলা ১১টায় উদ্বোধন

0

আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের জাতীয় সম্মেলন আজ বুধবার (৬ নভেম্বর)। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষক লীগের সাংগঠনিক নেত্রী, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেলা ১১টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হবে। এরপর সেখানে নির্মিত অস্থায়ী মঞ্চে অনুষ্ঠানের প্রথম অধিবেশনে পরিবেশন করা হবে কৃষক লীগের ‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ থিম সং। সাধারণ সম্পাদকের সাংগঠনিক রিপোর্ট পাঠ করবেন খোন্দকার শামসুল হক রেজা। স্বাগত বক্তব্য দেবেন সভাপতি মোতাহার হোসেন মোল্লা। এরপর রয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য। সবশেষে বক্তব্য দেবেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন। এই অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কমিটির নেতা নির্বাচন করা হবে। এবার কৃষিবিদদের হাতে এই সংগঠনের নেতৃত্ব তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আওয়ামী লীগের উচ্চপর্যায়ের সূত্র জানায়, কৃষক লীগের সভাপতি হিসেবে কৃষিবিদ বদিউজ্জামান বাদশা ও কৃষিবিদ সমীর চন্দ এবং সাধারণ সম্পাদক হিসেবে কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট ও সাবেক ছাত্রনেতা আতিকুল হক আতিকের নাম আলোচনায় রয়েছে। এই চার নেতার মধ্য থেকেই সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি।

কৃষক লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১২ সালের ১৯ জুলাই। সম্মেলনে সাবেক ছাত্রনেতা মোতাহার হোসেন মোল্লাকে সভাপতি ও খোন্দকার শামসুল হক রেজাকে সাধারণ সম্পাদক করা হয়। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।

সোহরাওয়ার্দী উদ্যানে দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনের মঞ্চ এলাকায় দেখা যায়, ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট সংলগ্ন উদ্যানের গেইটের অদূরে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। উত্তর-দক্ষিণমুখী মঞ্চে শোভা পাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশাল আকারের ছবি। গ্রামবাংলার কাচারি ঘরের আদলে তৈরি মঞ্চে রয়েছে ‘একটি বাড়ি একটি খামার?’ প্রকল্পের প্রতীকীরূপও।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে অবাধ প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্যানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ‘একটি বাড়ি, একটি খামার’ স্লোগানকে সামনে রেখে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কৃষক লীগ সভাপতি মোতাহার হোসেন মোল্লা।