Home Blog Page 3373

দিনে ২৯ ঘণ্টা কাজের বেতন নেন তারা!

0

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবস্থিত শেখ হাসিনা পানি শোধনাগারে কর্মীদের ওভারটাইম ডিউটির নমুনা পৃথিবীর আর কোথাও আছে কিনা, তা দেখার বিষয় বটে। দেখা গেছে, একজন কর্মচারী প্রতি রাতে ২০ দশমিক ৮৬ ঘণ্টা কাজ করেছেন। এর বাইরে তাঁর নিয়মিত দায়িত্বের আট ঘণ্টা রয়েছে। সে হিসাবে এক দিনে নিয়মিত ও ওভারটাইম মিলে তিনি দায়িত্ব পালন করেছেন ২৯ ঘণ্টা।

সহকারী (হেলপার) পদে কর্মরত আবু জাফর। চট্টগ্রাম ওয়াসার এই স্থায়ী কর্মচারী গত জুলাই মাসে মূল বেতন হিসেবে উত্তোলন করেছেন ১১ হাজার ৯০ টাকা। একই সময়ে ওভারটাইম (অধিকাল ভাতা) হিসেবে তুলেছেন ১৫ হাজার ৬০৩ টাকা, যা মূল বেতনের চেয়ে প্রায় ৪১ শতাংশ বেশি। ওভারটাইম হিসেবে এই পরিমাণ অর্থ পেতে তাঁকে মাত্র সাত রাতে ১৪৬ ঘণ্টা বাড়তি কাজ করতে হয়েছে। প্রতি রাতে তিনি ২০ দশমিক ৮৬ ঘণ্টা কাজ কিংবা দিনে ২৯ ঘণ্টা কাজের হিসেবটা তারই।

চট্টগ্রাম ওয়াসার বুস্টার স্টেশনের ইলেকট্রিশিয়ান আলী আক্কাসের ক্ষেত্রেও ঘটনা ভিন্ন নয়। গত বছরের জুলাই মাসে ওভারটাইম করেন ২০০ ঘণ্টা। সে হিসাবে মূল বেতন ১৯ হাজার ৮১০ টাকার সঙ্গে ওভারটাইম হিসেবে নেন ৩৮ হাজার ২৫১ টাকা। মূল বেতনের দ্বিগুণ ওভারটাইম পেতে তিনি জুলাই মাসের প্রতিদিনই ছুটি না কাটিয়ে নির্ধারিত কাজের অতিরিক্ত ডিউটি করেছেন! ২০১৭ সালের জুলাই মাসেও বন্ধের দিন শুক্র-শনিসহ ৩১ দিনে ২০০ ঘণ্টা ওটি করে মূল বেতনের দ্বিগুণ ওভারটাইম ভাতা তুলেছেন আক্কাস। এটা শুধু ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের জুলাই মাসের চিত্র। বাস্তবে বছরের প্রতি মাসেই কমবেশি এ হারে ওভারটাইম ভাতা তুলেছেন আক্কাস।

আবু জাফর আর আলী আক্কাসের মতো গত জুলাই মাসে চট্টগ্রাম ওয়াসার ২২৯ জন কর্মচারী দৈনিক আট ঘণ্টা নিয়মিত কাজের জন্য মূল বেতন হিসেবে ৩৪ লাখ ৭৮ হাজার ৬৪১ টাকার বিপরীতে অতিরিক্ত ২৩ হাজার ৯৯০ ঘণ্টা ওভারটাইম বাবদ আরো ৩৪ লাখ ৬৮ হাজার ৫৯৫ টাকা উত্তোলন করেছেন।

এ তো গেল এক মাসের ওভারটাইমের হিসাব। চট্টগ্রাম ওয়াসা থেকে প্রাপ্ত তথ্য মতে, গত অর্থবছরে ওভারটাইম বাবদ ওয়াসার চাকরিজীবীরা পাঁচ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৫৯৪ টাকা উত্তোলন করেছেন। আগের অর্থবছরে অঙ্কটা ছিল পাঁচ কোটি ১৮ লাখ ৭৪ হাজার ২৫৯ টাকা।

জনবল সংকট ও কাজের চাপ বাড়ায় ওভারটাইম করাতে হয় বলে জানান চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মাকসুদুল আলম। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘চট্টগ্রাম ওয়াসার পানি শোধনাগার কিংবা পাম্প ২৪ ঘণ্টা চালু রাখতে হয়। শুক্র-শনিবার কিংবা সরকারি ছুটির দিনেও এসব প্রকল্প বন্ধ রাখার সুযোগ নেই। স্ট্যান্ডবাই পাম্পগুলোও যেকোনো মুহূর্তে চালু করার প্রয়োজন বিবেচনায় রেখে ওয়াসাকে দায়িত্ব পালন করতে হয়। ফলে অনেককেই ওভারটাইম করতে হয়। আর মূল ডিউটির বাইরে কে কতক্ষণ ডিউটি করবে তা নির্বাহী প্রকৌশলী রোস্টার করে দেন।’

চট্টগ্রাম ওয়াসায় ওভারটাইম-প্রীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেকে মূল কাজ না করলেও ওভারটাইম করতে রীতিমতো প্রতিযোগিতায় নামেন। লোকসানের কথা বলে নিয়মবহির্ভূতভাবে ছয় মাসের ব্যবধানে ভোক্তা পর্যায়ে পানির বিল বাড়ানোর প্রস্তাব করা হলেও ওভারটাইমের নামে হরিলুটকে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ সমর্থন দিয়ে যাচ্ছে নীরবে। এমনকি বন্ধ পাম্পেও চলে ওভারটাইম। চট্টগ্রামের বহদ্দারহাট, চান্দগাঁও, বাকলিয়া আর খাতুনগঞ্জ নিয়ে গঠিত মড ৩-এ ৩৮টি পাম্পের মধ্যে চালু আছে মাত্র দুটি। অন্য পাম্পগুলোর মধ্যে ছয়টি পরিত্যক্ত। বাকি পাম্পগুলো মদুনাঘাট প্রকল্প চালুর পর থেকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। অথচ বন্ধ থাকা পাম্পগুলোতেও ওভারটাইম চলছে সমানতালে। এই পাম্পগুলোতে শতাধিক কর্মচারী কাজ করলেও ওয়াসার স্থায়ী কর্মচারী ৪৯ জন। এই ৪৯ জন জুলাই মাসের মূল বেতন উত্তোলন করেন সাত লাখ ৩৭ হাজার ৩০ টাকা। পাশাপাশি পাঁচ হাজার ৮২০ ঘণ্টা ওভারটাইম ধরে উত্তোলন করা হয়েছে আট লাখ ৪০ হাজার ৮৮৭ টাকা।

মড-৩-এর নির্বাহী প্রকৌশলী রানা চৌধুরীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কালের কণ্ঠকে বলেন, ‘মূলত পাম্প অপারেটর, টেকনিশিয়ান ও ফিল্ড পর্যায়ের স্থায়ী কর্মচারীরা কাজ অনুযায়ী ওভারটাইম পান। তবে এ জন্য লগবই মেইনটেন করা হয়। কেউ চাইলেই কম বা বেশি কাজ করার সুযোগ নেই।’

লালবাগে স্কুলছাত্রীর আত্মহত্যা

0

রাজধানীর লালবাগে গলায় ফাঁস দিয়ে বিথী আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লালবাগের শহীদ নগর এলাকায় এ ঘটনা ঘটে। বিথীর আত্মহত্যার কারণ জানাতে পারেনি স্বজনরা।

নিহত বিথী মাদারীপুরের শিবচর উপজেলার বাগমারা গ্রামের মৃত. আলিম খলিফার মেয়ে। বর্তমানে সে লালবাগ শহীদ নগর এক নম্বর গলির টিনশেড বাসায় থেকে লালবাগ ইউসেফ স্কুলে অষ্টম শ্রেণিতে পড়তো।

এক ভাই এক বোনের মধ্যে বিথী ছিল বড়। মা গৃহকর্মীর কাজ করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সবার অগোচরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

জাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা, বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন

0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্যের অপসারণ দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এতেও আন্দোলন না থামিয়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা করেছে আন্দোলনকারীরা। এদিকে আজ সকালে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

আজ বুধবার সকাল থেকে ফের আন্দোলন শুরু করেছেন আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে আন্দোলনকারীদের ওপর হামলা ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার প্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের বাসভবনের পাশ থেকে অবস্থান তুলে নেয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। পরবর্তী আন্দোলন আরও জোরালো করতেই সাময়িকভাবে রাতের কর্মসূচি স্থগিত করা হয়।

আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে আগামী আন্দোলন শুরু করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। সকাল ৯টায় বিক্ষোভ মিছিল ও ১০টায় অধ্যাপক আনু মুহাম্মদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সংহতি সমাবেশ করবেন আন্দোলনকারীরা।

এর আগে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপাচার্যের বাসভবনের সামনের এ হামলায় আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এরপর বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ও শিক্ষার্থীদের বিকেল সাড়ে ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়। তবে পরে নির্দেশনা সংশোধিন করে বুধবার সকাল ৮টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

যৌন হয়রানির পর প্রেম নিবেদন, পাকিস্তানি যুবককে ফেরত পাঠাচ্ছে দুবাই

0

একজন রোগিকে যৌন হয়রানির দায়ে দুবাইয়ে এক ফিজিওথেরাপিস্টকে কারাগারে পাঠানো হয়। শিগগিরই তাকে সংযুক্ত আরব আমিরাত থেকে বের করে দেওয়া হবে। জানা গেছে, ওই ব্যক্তি তার রোগিকে পেছন থেকে চুম্বন করেছেন এবং কোমরে স্পর্শ করেছেন।

চলতি বছরের মে মাসে ওই রোগিকে থেরাপি দেওয়ার সময়ই ঘটনাটি ঘটিয়েছেন পাকিস্তানি ফিজিওথেরাপিস্ট। ৩৮ বছর বয়সী ওই ব্যক্তিকে শিগগিরই দুবাই থেকে ফেরত পাঠানো হবে।

জানা গেছে, দোষী সাব্যস্ত হয়ে প্রথমে তিনি দণ্ডিত হন। তবে আপিল করলে তাকে দেশে ফেরত পাঠানোর রায় হয়। ৪৫ বছর বয়সী ভুক্তভোগী নারীর অভিযোগ, দুবাইয়ে ওই ব্যক্তির কাছ থেকে এক সপ্তাহ ধরে থেরাপি দিয়ে নিচ্ছিলেন তিনি। এর মধ্যেই আপত্তিকর ঘটনাটি ঘটে।

তিনি বলেন, আমি হঠাৎ করে দেখি তিনি আমার মুখের কাছে মুখ নিয়ে চলে আসেন। ওই সময় তিনি আমার কোমরে হাত রাখেন এবং আলতো করে সেখানে হাত বোলান। ওই সময় তিনি আবেগের সঙ্গে আমাকে চুম্বন করেন। তৎক্ষণাৎ তিনি আমার কোমরে জোরে চাপ দেন।

এ ঘটনার পর ক্লিনিক থেকে বেরিয়ে যান ওই নারী। পরদিন সেখানে গেলে অভিযুক্ত তাকে বলেন, তিনি ওই নারীকে পছন্দ করেন।

এরপর তিনি পুলিশের কাছে অভিযোগ করেন। সেই সঙ্গে অভিযুক্তের একটি বার্তাও পুলিশকে দেখান। তাতে লেখা আছে, তুমি সেখানে আসার পর হঠাৎ করেই ওই ঘটনা ঘটে গেছে। তুমি খুব সুন্দর এবং আমি তোমাকে খুব পছন্দ করি, আমি জানি না যে, ওই সময় আমার কী হয়ে গিয়েছিল।

গ্রিসে মালবাহী ট্রাক থেকে উদ্ধার ৪০ শরণার্থী

0

একটি মালবাহী ট্রাক থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হল ৪১ জনকে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর গ্রিসের জান্থি শহরে। ৪১ জনের মধ্যে ৪০ জনই শরণার্থী। বেশিরভাগই আফগানিস্তানের নাগরিক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জান্থি শহরে তল্লাশির জন্য একটি ট্রাককে দাঁড় করায় স্থানীয় পুলিশ। তল্লাশির সময় দেখা যায়, হিমঘরের মতো রেফ্রিজেরাশন ব্যবস্থায় ট্রাকের ভিতরে লুকিয়ে রয়েছেন ৪১ জন মানুষ।

গ্রিক পুলিশ কর্মকর্তা জানান, উদ্ধার করা প্রত্যেকেই সুস্থ আছেন। নিয়মিত চেকিংয়ের অংশ হিসেবে উত্তরাঞ্চলীয় জানথি শহরের কাছে ট্রাকটিকে থামানো হয়। পরে চালককে গ্রেপ্তার করে এবং অভিবাসীদেরকে শনাক্তের জন্য পাশের পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়।

সম্প্রতি গ্রিসের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হল বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থীরা। ২০১৫ সালের পর থেকে এ পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ ইউরোপের ঢোকার আশায় তুরস্ক থেকে রওনা হয়ে গ্রিসে পৌঁছে আটক হয়েছে।

তুরস্কের কাছাকাছি এজিয়ান দ্বীপের একাধিক শিবিরে প্রায় ৩৪ হাজার আশ্রিত এবং শরণার্থীকে আটক রেখেছে গ্রিস সরকার। এর আগে লন্ডনের কাছে একটি লরি কনটেইনার (মালবাহী ট্রাক) থেকে ৩৯ জন অভিবাসীর দেহ উদ্ধার করা হয়। তাদের প্রত্যেকেই ভিয়েতনামের নাগরিক বলে জানা গিয়েছিল।

চেহারা নিজের মতো নয়, ছেলেকে মানতে নারাজ মালয়েশিয়ার সাবেক রাজা

0

সুলতান মুহাম্মদ পঞ্চম মালয়েশিয়ার ১৫তম রাজা এবং কেলান্টআনের সুলতান। রুশ মডেলের সঙ্গে তার বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। বিয়ের কয়েক মাস পর গত জানুয়ারিতে মালয়েশিয়ার রাজার পদটি ছেড়ে দেন কেলান্টআনের সুলতান পঞ্চম মুহাম্মদ। বিয়ের কয়েকদিন পরই রুশ সুন্দরী ওকসানাকে তালাক দেন তিনি। আর এবার একমাত্র সন্তানের জন্ম নিয়ে প্রশ্ন তুলেছেন ৫০ বছরের সাবেক এ রাজা।

সুলতান মুহাম্মদ মনে করেন, একটি ছেলের ছবি প্রমাণ করতে পারে না যে ওই ছেলের বাবা তিনি। তিনি ছেলের ছবি দেখে মনে করেন, ওই ছেলের বাবা কোনো এশিয়ান মানুষ হয়ে থাকবে। তবে তিনি নন। কারণ ওই ছেলে নাকি দেখতে তার মতো নয়!

তার প্রাক্তন স্ত্রী ওকসানা ভোয়েভোডিনা জানান, ওই ছেলেই সুলতান মুহাম্মদ পঞ্চমের সন্তান। ওই ছেলের শরীরে বইছে রাজার রক্ত। তিনি বলেন, পাঁচ মাস বয়সী ইসমাইল লিয়ন দেখতে একেবারে তার বাবার মতো। তিনি জানান, ২০১৮ সালে তাদের বিয়ের পর কোনো একদিন তিনি ওই সন্তন গর্ভে ধারণ করেন।

আন্তর্জাতিক সংবাদামধ্যম সূত্রে জানা যায়, ২০১৮ সালের দিকে ওকসানা ভোয়েভোডিনা এবং সুলতান মুহাম্মদ পঞ্চম বিয়ে করেন। কিন্তু সম্প্রতি ডিভোর্স হয়। ডিভোর্সের পর তার সন্তানের ভরণ পোষণ চান। আর তা নিয়েই বাধে বিপত্তি।

সুলতান মনে করেন, লিয়ন তার মতো দেখতে হয়নি। তিনি জানান, ওই নারীকে বিয়ে করাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। সুলতানের দাবি, ওকসানা পরিকল্পনা করে সন্তান নিয়েছে। তারপর গর্ভবতী হওয়ার খুশিতে চিৎকার করেছিলেন। ওই নারী ‘অ্যাবসলিউট ননসেন্স’।

প্রাক্তন এই রাজার অস্বীকারের পর তিনি ডিএনএ টেস্টের কথা বলেন। তিনি মস্কোর একটি কোর্টে আবেদনও করেন। তিনি জানান, সন্তানের বাবা সুলতান মুহাম্মদ পঞ্চম। আর তা প্রমাণের বিষয়টি আদালতে প্রক্রিয়াধীন রয়েছে।

গত ২২ নভেম্বর মস্কোর বারভিখা কনসার্ট হলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ৫০ বছর বয়সী রাজা সুলতান মুহম্মদ পঞ্চমকে বিয়ে করেন ২৫ বছরের এই রুশ সুন্দরী। দুই দেশের প্রথা অনুযায়ী হয় তাদের বিয়ের আনুষ্ঠাকিতা। ওকসানা বিয়ের পর ছবি টুইট করেন। ছবিতে দেখা যায়, জমকালো অনুষ্ঠানে বিয়ের পোশাকে রাজা সুলতান মোহাম্মদের পাশে দাঁড়িয়ে আছেন তিনি। মোহাম্মদ সুলতান নীল রঙের ঐতিহ্যবাহী মালয়েশিয়ার বাজু ও ওকসানা পরেছিলেন কারুকার্য খচিত সাদা গাউন। বিয়ের অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য ছিল রাজকীয় আয়োজন। বৃদ্ধ বয়সে রাজার এমন হঠাত্ বিয়েতে অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন।

এরপর গত ১ জুলাই সাবেক রাজা সুলতান মুহম্মদ পঞ্চমের সঙ্গে রিহানার বিবাহ বিচ্ছেদ হয়েছে। ইসলামি শরিয়াহ অনুযায়ী, রাজা তাকে তিন তালাক দিয়েছেন। তালাকনামার একটি কপি রুশ সুন্দরীর কাছে পাঠানো হয়েছে। এদিকে গত ২১ মে ছেলেসন্তানের মা হন রিহানা। তবে এই সন্তানের জন্ম দিয়েও জল্পনা তৈরি হয়েছে। সাবেক রাজার আইনজীবী কোহ সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমস পত্রিকাকে বলেছেন, সুলতান মুহম্মদ পঞ্চম এই সন্তানের বাবা নন। তবে তালাকের কথা পুরোপুরি অস্বীকার করে সাবেক রুশ সুন্দরী রিহানা মালয়েশিয়াকিনিকে বলেন, আমি ডিভোর্সের বিষয়ে কিছুই শুনিনি।

মজা পেতে ফিলিস্তিনি যুবককে গুলি করল ইসরায়েলি পুলিশ

0

ফিলিস্তিনি এক যুবককে দুই হাত উপরে তুলে সামনের দিকে এগিয়ে যেতে বলে পেছন থেকে গুলি চালিয়েছেন ইসরায়েলের একজন নারী পুলিশ। গুলিবিদ্ধ যুবক লুটিয়ে পড়ার সেই ভিডিও ফাঁস হতেই তোলপাড় শুরু হয়েছে।

ফাঁস হওয়া ওই ভিডিওটি জেরুসালেমের পার্শ্ববর্তী আল জেইম নামক চেক পয়েন্টে ধারণ করা। ভিডিওতে দেখা যায়, গুলি লাগার সঙ্গে সঙ্গেই যুবকটি মাটিতে লুটিয়ে পড়েন। যদিও তার গায়ে বিদ্ধ হয়েছে রাবার বুলেট। ফলে প্রাণে বেঁচে গেছেন ওই যুবক।

ইসরায়েলি টেলিভিশনের খবরে বলা হয়, ওই যুবককে সেখান থেকে দু’হাত উঁচিয়ে চলে যেতে বলা হয়। তবে আরেকজন নারী পুলিশ তাকে গুলি করেছেন। এ ঘটনায় ওই ব্যক্তি গুরুতর আঘাত পাননি।

ইসরায়েলি পুলিশ বলছে, ঘটনাটি জানার পর ওই নারী পুলিশকে অপসারণ করা হয়েছে। তার স্থলে অন্য পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিচার বিষয়ক মন্ত্রণালয় এ ব্যাপারে তদন্ত করে দেখছে। তবে ঘটনাটি বছর দেড়েক আগের বলে দাবি করেন তিনি।

তিনি আরো বলেন, ওই সময় তার সঙ্গে যে নারী দায়িত্ব পালন করেছিলেন, তাকেও অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় মানবাধিকার সংগঠনগুলোও নিন্দা জানিয়েছে ইসরায়েলি পুলিশের।

জাবি শিক্ষক সমিতির সম্পাদকসহ ৪ জনের পদত্যাগ

0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলামের অপসারণের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ চারজন পদত্যাগ করেছেন।

পদত্যাগকারী শিক্ষকরা হলেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সোহেল রানা, কোষাধ্যক্ষ অধ্যাপক মনোয়ার হোসেন তুহিন, সদস্য অধ্যাপক মাহবুব কবির ও সদস্য অধ্যাপক সাঈদ ফেরদৌস।

আজ মঙ্গলবার সন্ধ্যায় তারা পদত্যাগ করেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

এ বিষয়ে অধ্যাপক সোহেল রানা বলেন, আজকের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিক্ষক সমিতি শিক্ষক-শিক্ষার্থীর স্বার্থে কিছুই করতে পারেনি। আমরা মঙ্গলবার দুপুর আড়াইটায় জরুরী মিটিংয়ে বসেছিলাম। সেখানে বিচার চাওয়া তো দূরের কথা শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদও করতে পারেনি। উল্টো শিক্ষক নেতারা আন্দোলনকারীদেরকে তিরস্কার করেছে।

তিনি বলেন, তাই আমরা মনে করছি যে শিক্ষক সমিতি এই কমিটি শিক্ষক-শিক্ষার্থীদের স্বার্থ আদায়ে সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। তাই আমরা দায়বদ্ধতা ও বিবেকের তাড়না থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগে বেশ কিছুদিন ধরে উপাচার্য ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আন্দোলন করছেন শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ। বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৪৪৫ কোটি কাটার উন্নয়ন প্রকল্প থেকে শাখা ছাত্রলীগের নেতাদের উপাচার্যের প্রায় ২ কোটি টাকা ‘ঈদ সালামির’ দেওয়ার অডিও ফাঁস দেয়। এ নিয়ে ব্যাপক সমালোচনার পর আন্দোলন নামে শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালায় শাখা ছাত্রলীগ। এরপর দুপুরে এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর কোনো হামলা হয়নি। ছাত্রলীগ নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে আন্দোলনকারীদের আমার বাসভবনের সামনে থেকে সরিয়ে দিয়েছে।

হামলায় আটজন শিক্ষক, চারজন সাংবাদিক ও নারী শিক্ষার্থীসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা সাংবাদিকদেরও লাঞ্ছিত করেন। আহত শিক্ষকরা হলেন নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাইদ ফেরদৌস, মীর্জা তাসলিমা সুলতানা, দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আব্দুর রাজ্জাক, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানাসহ আরো কয়েকজন।

জাবি ভিসির পদত্যাগের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবারের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে হামলাকারীদের শাস্তির দাবি জানানো হয়।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মশাল মিছিল বের করে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা ‘জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও দুর্নীতিবাজের আস্তানা, আমার ভাইয়ের ওপর হামলা কেন প্রশাসন জবাব চাই, ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দেয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ফারজানা ইসলামকে দুর্নীতির দায়ে অপসারণের দাবি জানান।

ভিপি নুরুল হক বলেন, এমন কোনো আন্দোলন সংগ্রাম নেই, যেখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায়নি। আপনারা গতবছর দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছিল। আজকে একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিবাজ ভিসিকে রক্ষার জন্য সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে। হামলার সঙ্গে জড়িতদেরকে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।

উল্লেখ্য, জাবি উপাচার্য ফারজানা ইসলামের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন করে আসছে ছাত্র ইউনিয়ন, ফ্রন্টসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সংগঠন। একইসঙ্গে শিক্ষকদের একাংশও এই আন্দোলনে যোগ দেয়।

আগামীকাল বুধবার সারাদেশে শুরু হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯

0

নানা কর্মসূচীর মধ্য দিয়ে আগামীকাল বুধবার সারাদেশে শুরু হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯।

এ বছর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবেলার সর্বোত্তম উপায়।’

আগামী ১২ নভেম্বর পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালনের মাধ্যমে দেশব্যাপী চালু থাকা ৪১১টি ফায়ার স্টেশনে বিস্তারিত কর্মসূচি পালন করা হবে।

এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, উদ্ধার, অগ্নি প্রতিরোধ ও অগ্নি নির্বাপণ কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন একটি প্রশংসনীয় উদ্যোগ।

বাণীতে প্রধানমন্ত্রী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ কার্যক্রমের সার্বিক সাফল্য কামনা করে বলেন, আমি আশা করব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কর্মীরা নতুন উদ্যমে সাহস, দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ গড়ে তুলতে সহায়তা করবেন।

আগামীকাল বুধবার সপ্তাহের প্রথম দিন নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মালটিপারপাস কমপ্লেক্স থেকে সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অন্যদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ শহিদুজ্জামান উপস্থিত থাকবেন। আগামী ১২ নভেম্বর সন্ধ্যায় পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মালটিপারপাস কমপ্লেক্সে সমাপনী অনুষ্ঠানের পর ফায়ার কনসার্টের মাধ্যমে সপ্তাহ পালনের কার্যক্রম সম্পন্ন হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।