Home Blog Page 3374

সুমিকে সৌদি মনিবের কাছে বিক্রি করা হয়েছিলো!

0

সৌদি আরবে নির্যাতনের শিকার বাংলাদেশি গৃহকর্মী সুমি আক্তারকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে সেদেশের পুলিশ। সোমবার রাতে জেদ্দার দক্ষিণে নাজরান এলাকার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয় স্থানীয় পুলিশ।

এ বিষয়ে সুমির স্বামী নুরুল ইসলাম গণমাধ্যমকে জানান, সুমির সঙ্গে দুপুরে একবার কথা হয়েছে। সুমি বলেছে, সৌদি পুলিশ তাকে নেওয়ার জন্য আসবে। পরে রাতে আবার কথা হলে সুমি জানায়, এখন আর ফোন দিয়েন না, কিছু সময়ের মধ্যে পুলিশ এসে আমাকে নিয়ে যাবে।

নাম প্রকাশ না করার শর্তে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সুমিকে থানায় নিয়ে আসা হলেও তার এখানকার নিয়োগকর্তা (কফিল) তাকে ছাড়তে চাইছেন না।

তিনি সুমিকে আরও রাখতে চান। সুমিকে ছাড়তে হলে যারা বাংলাদেশ থেকে মধ্যস্থতা করে (রূপসী বাংলা ওভারসিজ) তাকে সেখানে পাঠিয়েছে, তাদের কাছ থেকে সৌদির কফিলকে অর্থ আদায় করে দিতে হবে।

কফিলের ভাষ্য, কারণ এখানে সুমিকে আনতে তার প্রায় তিন লাখ টাকার মতো খরচ হয়েছে, এই টাকা সুমির সেবায় শোধ হয়নি।

এখন প্রশ্ন উঠেছে, তাহলে কি সুমিকে তার অজান্তেই সৌদি মনিবের কাছে তিন লাখ টাকায় বিক্রি করে দিয়েছিলো রূপসী বাংলা ওভারসিজ এর লোকরা? সুমির সৌদি মনিবের (কফিল) দাবি থেকে তো এমন প্রশ্ন উঠাই স্বাভাবিক।

সৌদি আরবে পাশবিক নির্যাতন সহ্য করতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশে ফেরার আকুতি জানান সৌদি প্রবাসী নারী সুমি আক্তার।

সুমির আকুতির ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর তার স্বামী নুরুল ইসলাম রাজধানীর পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ভিডিওতে সুমি বলেন, ‘ওরা আমারে মাইরা ফালাইব, আমারে দেশে ফিরাইয়া নিয়া যান। আমি আমার সন্তান ও পরিবারের কাছে ফিরতে চাই। আমাকে আমার পরিবারের কাছে নিয়ে যান। আর কিছুদিন থাকলে আমি মরে যাব।’

‘বিতর্কিতদের প্রপাগান্ডা নেত্রীর নির্দেশ বাস্তবায়নে বাধা হতে পারে না’

0

বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য সচিব মো. হারুনুর রশীদ যখন সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই যুবলীগের এই সাদামাটা মানুষটির বিরুদ্ধে অপপ্রচার এবং ষড়যন্ত্রে মেতে উঠেছে একটি পক্ষ।

যুবলীগের বিতর্কিত ওই গ্রুপটি বিভিন্ন অনলাইন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার করে সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করে যাচ্ছে। ক্যাসিনো এবং মাদক সন্ত্রাসের সঙ্গে জড়িত গ্রুপটি আগামী সম্মেলন এবং কমিটিতে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করে ব্যর্থ হয়ে মিথ্যাচার করছে যুবলীগ নেতা হারুনুর রশীদের বিরুদ্ধে।

কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের মতো এমন সৎ এবং সাদাসিধে মানুষটির বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে যুবলীগের কেন্দ্রীয় কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করেন। যুবলীগ নেতারা বলছেন, হারুনুর রশীদ হারুন ভাই আমাদের গর্ব। তিনি অর্থের পেছনে ছুটেননি, দলের জন্য নিবেদিত প্রাণ। দলের সভানেত্রীর নির্দেশ পালন করছেন অক্ষরে অক্ষরে। সম্মেলন করতে গিয়ে ছোট ছোট উপ-কমিটিতে বির্তকির্তরা থাকার জন্য নানাভাবে অপচেষ্টা করলেও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব হয়ে হারুনুর রশীদ কঠোর অবস্থান নিচ্ছেন। এতে বিতর্কিতরা ক্ষুদ্ধ হয়ে বিভিন্ন অখ্যাত অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছেন।

নেতাকর্মীরা ক্ষুদ্ধ কণ্ঠে বলেন, এইসব মিথ্যাচার করে বিতর্কিত ক্যাসিনো ব্যবসায়ী ও তাঁর দোষররা কমিটিতে ঠাই পাবেন না, কারা কারা এমনটি করছেন সেটা নেত্রীর নজরে ঠিকই আছে। আর যুবলীগের হারুনুর রশীদ কেমন নেতা সেটা সারা দেশবাসীই জানে।

অপপ্রচার প্রসঙ্গে জানতে চাইলে যুবলীগের সেক্রেটারি ও ২৩ নভেম্বর যুবলীগের কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব হারুনুর রশীদ বলেন, আমি জীবনে কোনো অসৎ পথে অন্যায় পথে এক টাকাও উপার্জন করিনি, মৃত্যুও আগ পর্যন্ত আল্লাহ যেন আমাকে অসৎ পথের একটি টাকাও যেন আমাকে স্পর্শ না করেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যাই আমার আদর্শ, তিনি যে নির্দেশনা দিয়েছেন সেটা পদে পদে বাস্তবায়ন করবো। এইসব মিথ্যাচার এবং অপপ্রচার চালিয়ে আমার কাজ বাধাগ্রস্ত করতে পারবে না। উনার নির্দেশনার বাইরে আমি কখনই যাবো না।

সপ্তাহে ৩ দিন ছুটি দিয়েও মাইক্রোসফটের উৎপাদন বৃদ্ধি ৪০ শতাংশ!

0

টেক জায়ান্ট মাইক্রোসফট সপ্তাহে ৩ দিন করে ছুটি চালু করেছিল। শনি আর রবিবারের সঙ্গে শুক্রবারও সংস্থার প্রায় ২,৩০০ কর্মীকে ছুটি দেওয়া হয়েছিল। গত আগস্ট মাসে পরীক্ষামূলকভাবে ওই কার্যক্রমটি চালু করে মাইক্রোসফট। আশঙ্কা ছিল, এই সিদ্ধান্তের ফলে হয়তো মুখ থুবড়ে পড়তে পারে সংস্থার উৎপাদন ব্যবস্থা। কিন্তু এক মাস পর অপ্রত্যাশিত ফল মিলল। দেখা গেল, উৎপাদন বেড়ে গেছে প্রায় ৪০ শতাংশ। একই সঙ্গে বিভিন্ন খাতে খরচ কমে সংস্থার সাশ্রয় হয়েছে প্রায় ২৩ শতাংশ।

কর্মীদের সপ্তাহে ৩ দিন করে ছুটি দেওয়ার এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে জাপানের মাইক্রোসফট -এ।

জানা গেছে, আগস্ট মাসে কর্মসংস্কার প্রকল্পের অংশ হিসেবে পরীক্ষামূলক ভাবে এক মাসের জন্য সপ্তাহে ৩ দিন করে ছুটি চালু করা হয়েছিল। এই কর্মসংস্কার প্রকল্পের নাম দেওয়া হয় ‘ওয়ার্ক-লাইফ চয়েস চ্যালেঞ্জ সামার-২০১৯’।

শুরুতে এই প্রকল্প নিয়ে সংস্থার অনেকের মধ্যেই সংশয় ছিল। অনেকেই মনে করেছিলেন, এই সিদ্ধান্তের ফলে হয়তো মুখ থুবড়ে পড়তে পারে সংস্থার উৎপাদন ব্যবস্থা। কিন্তু এক মাস পর হিসাব করে দেখা গেল, কর্মীদের সপ্তাহে তিন দিন করে ছুটি দেওয়া সত্ত্বেও সংস্থার উত্পাদন বেড়েছে ৩৯.৯ শতাংশ। শুধু তাই নয়, এই সময় কর্মীদের অতিরিক্ত ছুটি নেওয়া কমে গেছে প্রায় ২৫.৪ শতাংশ।

দেখা গেছে, এই একমাসে সংস্থার বিদ্যুতের খরচও কমেছে প্রায় ২৩ শতাংশ।

জানা গেছে, একমাসে কর্মীদের তিন দিন ছুটি দেওয়া ছাড়াও সংক্ষিপ্ত করা হয়েছে একাধিক মিটিং। ভিডিও কনফারেন্সে সারা হয়েছে বেশ কয়েকটি জরুরি মিটিং। ‘ওয়ার্ক-লাইফ চয়েস চ্যালেঞ্জ সামার-২০১৯’ প্রকল্পের এই অভূতপূর্ব সাফল্যের পর আগামী বছরেও এই কর্মসূচি পালনের কথা ভাবছে মাইক্রোসফট জাপান। তবে সংস্থার এই কর্মসূচির সঙ্গে এক মত নয় বেশির ভাগ আন্তর্জাতিক বা বহুজাতিক সংস্থা। অনেকেরই অভিমত, যেসব প্রতিষ্ঠান সপ্তাহে ৭ দিনই চালু রাখতে হয়, সেখানে কর্মীদের সপ্তাহে তিন দিন ছুটি দেওয়া প্রায় অসম্ভব।

সূত্র : জি-নিউজ

নয়াদিল্লিতে হাজারো পুলিশের বিক্ষোভ

0

ভারতের হাজার হাজার পুলিশ সদস্য রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ শুরু করেছেন। দেশটির পুলিশের সদর দপ্তরের সামনে বিক্ষোভ করছেন তারা। এদিকে, পুলিশ সদস্যদের এই বিক্ষোভে সারাদেশের পুলিশ কর্মকর্তাদের সমর্থন রয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস)।

মঙ্গলবার এক টুইট বার্তায় দিল্লিতে পুলিশের এই বিক্ষোভ সমাবেশের সমর্থন জানিয়েছে আইপিএস।

নয়াদিল্লির তিস হাজারি আদালত চত্বরে গত শনিবার আইনজীবীদের সঙ্গে পুলিশ সদস্যদের সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত ২০ পুলিশ সদস্য ও ৮ আইনজীবী আহত হন। সে সময় অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করা হয়।

পুলিশ সদস্যরা ওই ঘটনার প্রেক্ষিতে আইনজীবীদের বিচারের দাবিতে মঙ্গলবার নয়াদিল্লিতে বিক্ষোভ শুরু করেছেন ।

এদিকে, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) নয়াদিল্লিতে বিক্ষোভরত পুলিশ সদস্যদের প্রতি সমর্থন জানিয়েছে। টুইটবার্তায় এ সমর্থন জানায় আইপিএস।

আইপিএস-এর টুইটে বলা হয়েছে, দিল্লিতে বিক্ষোভরত পুলিশ সদস্যদের প্রতি সমর্থন জানাচ্ছে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস ।

আইপিএস জানিয়েছে, পুলিশ এবং আইনজীবীদের মধ্যে সংঘাত অনাকাঙ্ক্ষিত। সরকারি সংস্থা হিসেবে প্রত্যেকের ভারসাম্য বজায় রাখা উচিত। সংঘর্ষের সময় যারা হামলার শিকার হয়েছেন তাদের পাশে রয়েছে পুরো দেশের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।

সূত্র : এনডিটিভি

সিরিয়ায় বাগদাদির বোন আটক

0

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান ও স্বঘোষিত খলিফা আবু বকর আল বাগদাদির বোনকে আটক করা হয়েছে। এমনটাই বলে দাবি করছেন তুরস্কের এক শীর্ষ কর্মকর্তা।

তুরস্কের ওই শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বাগদাদির ওই বোনের নাম রাসমিয়া আওয়াদ; বয়স ৬৫ বছর। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আজাজ শহর থেকে সোমবার বাগদাদির বোনকে আটক করা হয়েছে। রাসমিয়াকে আটকের সময় তার স্বামী ছাড়াও পাঁচ সন্তান ও পুত্রবধূ ছিলেন।

তিনি বলেছেন, বাগদাদির বোনের কাছ থেকে আমরা আইএসের ভেতরকার অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবো বলে আশা করছি। রাসমিয়ার স্বামী ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের এক বিশেষ অভিযানের সময় আত্মঘাতী হন আইএস এর প্রতিষ্ঠাতা ও আবু বকর আল বাগদাদি। প্রথমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাগদাদির মৃত্যুর বিষয়টি ঘোষণা দিলেও অনেকেই তার মৃত্যু নিয়ে ছিলেন সন্দিহান। গত বৃহস্পতিবার বাগদাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আইএস।

মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার বিচার শুরু হচ্ছে?

0

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে করা ‘আজাদী মার্চ’ এর প্রধান উদ্যোক্তা জমিয়তে উলামায়ে ইসলাম এফ-এর প্রধান মাওলানা ফজলুর রহমান। মাওলানা ফজলুর রহমানকে গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার বিচার শুরু করতে ফেডারেল সরকারের প্রতি নোটিশ জারি করেছে লাহোর হাইকোর্ট।

জানা গেছে, উচ্চ আদালতের একক বিচারকের বেঞ্চ যতদ্রুত সম্ভব সরকারকে তার জবাব দিতে বলা হয়েছে। আদালত বলেছে, রাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো কার্যক্রম বন্ধ করা সরকারের দায়িত্ব।

এর আগে জেইউআই-এফ প্রধানদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের বিচার শুরু করার আহ্বান জানিয়ে আদালতে একটি পিটিশন দায়ের করেন অ্যাডভোকেট নাদিম সরওয়ার।

পিটিশনে তিনি বলেন, মাওলানা ফজলুর রহমান জনগণকে রাষ্ট্রের বিরুদ্ধে পরিচালিত করছেন। এতে দেশে অরাজকতা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ মাওলানা বলেছিলেন, আজাদী মার্চে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রীর ভবনে গিয়ে তাকে গ্রেপ্তার করতে পারে।

আইনজীবী পিটিশনে আরও বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে জনগণকে পরিচালিত করা রাষ্ট্রদ্রোহিতার মধ্যেই পড়ে। তাই জিইউআই-এফ প্রধানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার বিচার শুরু করা হোক।

সূত্র : ডন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ জাবি, হল ছাড়ার নির্দেশ

0

চলমান আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। এ ছাড়া মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছেড়ে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দুপুরে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার রহিমা কানিজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জরুরি সিন্ডিকেট বৈঠকে ক্যাম্পাস অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ক্যাম্পাস শান্ত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত চলমান থাকবে।

এর আগে মঙ্গলবার বেলা ১১টায় আন্দোলনকারীরা যখন উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছিলেন, তখন উপাচার্যপন্থী শিক্ষকেরা সেখানে যান। তারা আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের তুলে দিয়ে উপাচার্যের বাসভবনে ঢোকার চেষ্টা করেন। তবে আন্দোলনকারীদের বাধার মুখে তারা বাসভবনে ঢুকতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এর কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি মিছিল সেখানে আসে। ওই মিছিলে দুই শতাধিক নেতাকর্মী ছিলেন। মিছিল থেকে উপাচার্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা করা হয়।

এর আগে সোমবার সন্ধ্যা ৭টা থেকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে তার বাসভবন অবরুদ্ধ করেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। অপরদিকে আন্দোলনকারীদের ঘিরে চার স্তর বিশিষ্ট বহর তৈরি করে মুখোমুখি অবস্থান নেন উপাচার্যপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৯ ডিসেম্বর

0

ইসলামী ফ্রন্ট নেতা ও ইসলামী অনুষ্ঠানের টিভি উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ ডিসেম্বর তারিখ ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই তারিখ ধার্য করেন।

মঙ্গলবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করেনি। শুনানি শেষে মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস নতুন তারিখ ধার্য করেন।

২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের নিজ বাড়িতে খুন হন মাওলানা নুরুল ইসলাম ফারুকী। ওইদিন এশার নামাজের পর আনুমানিক ছয় থেকে সাতজন যুবক ফারুকীর বাসায় ঢুকে তার স্ত্রী ও এক ছেলেসহ বাসায় থাকা সকলের হাত-পা বেঁধে ফারুকীর গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পর ফারুকীর ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রথমে শেরেবাংলানগর থানা পুলিশ, পরে সিআইডি মামলাটি তদন্ত করছে। কিন্তু চার বছর আগে দায়ের করা এই মামলার তদন্ত শেষ করতে পারেনি কেউ। এ পর্যন্ত ৪৫টিরও বেশি তারিখ ধার্য করা হয়েছে তদন্ত প্রতিবেদনের জন্য।

অহেতুক সেতু নির্মাণ বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর

0

দেশের নদীগুলোতে অহেতুক সেতু নির্মাণ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এমনিতেই নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে। তার উপর যদি অহেতুক সেতু নির্মাণ করা হয়। তাহলে আরো সমস্যা হবে। তাই সেতু নির্মাণে সাবধান হতে হবে। এ ছাড়া এখন থেকে নতুন রাস্তা করার চেয়ে বিদ্যমান রাস্তাগুলো চারলেন এবং প্রশস্ত করা হবে।

আজ মঙ্গলবার শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন। সভাশেষে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, গ্রামে-গঞ্জে আমরা অসংখ্য সেতু বানাচ্ছি, কিন্তু অহেতুক যেন না বানাই। এতে পানি চলাচলে বাধাপ্রাপ্ত হয়। নদীগুলো এমনি ভরে যাচ্ছে, সেতু নির্মাণ করলে পানি প্রবাহে বাধাপ্রাপ্ত হয়, পলি পড়ে আরো ভরে যায়। আপনারা সাবধানে সেতু বানাবেন, অহেতুক বানাবেন না।

এদিকে খুলনা-যশোর সড়ক নির্মাণ নিয়ে একনেক সভায় বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্ট মন্ত্রীদের কাজটি দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি।

রূপপুর প্রকল্পটি সম্পর্কে মন্ত্রী জানান, নতুন প্রকল্পের মাধ্যমে রূপপুর বিদ্যুৎকেন্দ্রটির জন্য ডিজাইন বেসিস থ্রেট (ডিবিটি) এবং এর বাইরের হুমকি মোকাবিলা করা হবে। সেই সঙ্গে কম্পিউটার বা সাইবার নিরাপত্তা এবং সংবেদনশীল তথ্যের ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।

এ ছাড়া ৫ নভেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ছাড়াও আরো ৫টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এগুলো বাস্তবায়নে মোট খরচ ধরা হয়েছে ৪ হাজার ৪৪৭ কোটি ৭৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৪ হাজার ৪৩৯ কোটি ৮৬ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ৭ কোটি ৯০ লাখ টাকা খরচ করা হবে।

সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজির মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুনদের কাজ করার সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

0

নতুন ঠিকাদারদের কাজে সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নতুনদের কাজ করার সুযোগ করে দিতে হবে। সবাই যেন উন্নয়ন কাজে অংশ নিতে পারে, তবে মান ঠিক রেখে।

আজ মঙ্গলবার শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন। সভাশেষে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

প্রধানমন্ত্রীর এ নির্দেশনার পর মন্ত্রী এম এ মান্নান বলেন, পাবলিক প্রকিউরমেন্ট আইন সহজ করার কাজ চলছে। এটা হয়ে গেলে নতুন নতুন প্রতিযোগিতা হবে এবং নতুন ঠিকাদাররা ঢোকার সুযোগ পাবে।

এম এ মান্নান বলেন, আগ্রহ নিয়ে প্রায়ই প্রকল্প পাস করা হয়, দালান-কোঠা নির্মাণ করা হয়। তারপরে আর বাকি কাজ হয় না। হয় জনবল নাই, নয় যন্ত্রবল নাই। যে আগ্রহ নিয়ে আপনারা প্রকল্পের কাজ শেষ করেন, একই আগ্রহ নিয়ে আপনারা (সংশ্লিষ্টরা) দয়া করে বাকি কাজগুলো করবেন। যাতে জনগণ যে সেবা পাওয়ার কথা, সেখান থেকে সেটা তারা পায়।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নুরূল মজিদ মাহমুদ হুমায়ুন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সভার কার্যক্রমে অংশ নেন।

সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজির মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।