Home Blog Page 3377

নতুন সড়ক পরিবহন আইনে আপাতত স্লিপের মাধ্যমে মামলা করবে পুলিশ

0

নতুন সড়ক পরিবহন আইন চালু হলেও এজন্য প্রযুক্তিগত প্রস্তুতি এখনো সম্পন্ন করতে পারেনি পুলিশ। এ কারণে মামলাও করা হচ্ছে না। এজন্য আপাতত নতুন সড়ক পরিবহন আইনের আওতায় স্লিপের মাধ্যমে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সড়ক পরিবহন আইনের আওতায় পজ মেশিন নয়, স্লিপের মাধ্যমে মামলা করবে ট্রাফিক পুলিশ। বাস টার্মিনাল, বাস স্টপেজ ও প্রকাশ্য স্থানে নতুন আইনের বিষয়ে অংশীজনদের অবহিত করতে এরই মধ্যে মাইকিং ও লিফলেট বিতরণ শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। ঢাকা মহানগরীর চারটি ট্রাফিক জোনের প্রায় এক হাজার ট্রাফিক পুলিশকে গত শনিবার এ জন্য প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এ ছাড়া কোন কৌশলে মামলা নেওয়া হবে তার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সড়কমন্ত্রী ওবায়দুল কাদের গত শনিবার নারায়ণগঞ্জে গণমাধ্যমকর্মীদের বলেছিলেন, আইন কার্যকর করার তারিখ থেকে এক সপ্তাহ পর্যন্ত মামলা করা হবে না। তবে স্লিপ দিয়ে মামলা নেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।

আজ সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরে পুলিশ কমিশনার মামলা কবে থেকে নেওয়া হবে তার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন বলে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহম্মেদ গতরাতে কালের কণ্ঠকে বলেন, ‘অংশীজন যেমন—যাত্রী, পরিবহন মালিক ও শ্রমিকদের নতুন আইনের বিভিন্ন দিক তুলে ধরে মহানগরীতে প্রচারণা চালানো হচ্ছে। কারণ এটা নতুন আইন। মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে। জরিমানা আগের আইনের চেয়ে বেশি রাখা হয়েছে। শাস্তিও বেশি রাখা হয়েছে। কাজেই প্রচারণায় আমরা অংশীজনদের বলতে চাইছি, আইন না মানলে জরিমানা বেশি হবে। কাজেই সতর্ক থাকতে হবে।

জরুরি অবতরণ করল জাতীয় দলের ফুটবলার বহনকারী বিমান

0

অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা। এক ঘণ্টা আকাশে ওড়ার পর যান্ত্রিক ত্রুটির কারণে তাদের বহনকারী বিমানটি আবার জরুরি অবতরণ করতে বাধ্য হয়। কাতার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ওমানে যাচ্ছিলেন তারা।

জানা গেছে, গতকাল রবিবার রাতে শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-০০২১) ওমানের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশের জাতীয় ফুটবলাররা। বিমান বন্দর ছেড়ে যাওয়ার এক ঘণ্টা পরই যান্ত্রিক ক্রুটির কারণে আবারো শাহজালালে জরুরি অবতরণ করতে বাধ্য হয় তাদের বহনকারী বিমানটি। পরে ফুটবলারদের উত্তরার প্লাটিনাম হোটেলে নিয়ে যাওয়া হয়। আজ সোমবার সকালে ভিন্ন আরেক ফ্লাইটে তাদের ওমানে যাওয়ার কথা রয়েছে। তবে দলের কেউই এখনও জানেন না, তারা কোন ফ্লাইটে উড়াল দেবেন।

এ ব্যাপারে বাংলাদেশ ফুটবল দলের মিডিয়া অফিসার আহসান আহমেদ অমিত গণমাধ্যমকে জানান, ‘গতকাল (রোববার) আমাদের ফ্লাইটের সময় ছিলো সাড়ে ৯টায়। কিন্তু সেটি ২ ঘণ্টা পিছিয়ে সাড়ে ১১টার দিকে ছাড়ে। প্রায় এক ঘণ্টা আকাশে ওড়ার পর ধুপ করে শব্দ হয়ে, বিমানের ভেতরের বাতি বন্ধ হয়ে যায় এবং এসিও কাজ করা বন্ধ করে দেয়।’

তিনি আরো বলেন, ‘তখন পাইলট ঘোষণা দেন, বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং পুনরায় ঢাকায় ফিরে যাওয়া হচ্ছে। এ ঘোষণার পরপরই বিমানের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফুটবলাররা অনেকে ভয় পেয়ে যান। দোয়া-দরুদ পড়তে থাকেন। সাধারণ যাত্রীদের অনেকে ছোটাছুটি করতে থাকেন। রাত দেড়টার দিকে বিমানটি আবার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।’

উল্লেখ্য, আগামী ১৪ নভেম্বর ওমানের আল সিব স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের চতুর্থ ম্যাচ খেলবে জেমি ডের শিষ্যরা।

প্রেমের প্রস্তাব দেওয়ায় নালিশ, ভাইয়ের হাতে ভাই খুন

0

ছোট ভাই হোসেন বক্স (২৪) পছন্দ করতেন একটি মেয়েকে। তাকে প্রেমের প্রস্তাবও পাঠান। কিন্তু বিধি বাম। পরিবারের লোকজন তার বিয়ে ঠিক করেছেন অন্যত্র। তাই ফিরিয়ে দেয় সে প্রস্তাব। কিন্তু হোসেন নাছোড়বান্ধা।

একপর্যায়ে মেয়েটির পরিবারের লোকজন নালিশ করেন হোসেনের বড় ভাই হাসানকে (২৮)। হাসান বকাবকি করেন ছোট ভাইকে। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা। একপর্যায়ে ধারালো ছুরি বুকে বসিয়ে দিয়ে হত্যা করলেন ছোট ভাইকে।

ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার ডেমরার পূর্ব বক্সনগর অন্ধপট্টি এলাকায়।

নিহত হোসেন বক্স একই এলাকার আলী বক্সের ছেলে। এ ঘটনায় মৃতের বাবাসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেমরা থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে পালিয়ে গেছেন ঘাতক বড় ভাই মো. হাসান বক্স (২৮)।

স্থানীয় সূত্র জানায়, নিহত হোসেন বক্স বাড়ির পাশের একটি মাছের খামারে কাজ করতেন। কয়েক দিন ধরে ওই এলাকার কারখানায় কর্মরত একটি মেয়েকে পছন্দ করতেন তিনি। একপর্যায়ে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেন তিনি। তবে পারিবারিকভাবে অন্যত্র বিয়ের সিদ্ধান্ত হওয়ায় হোসেনের প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

এ নিয়ে হোসেন মেয়েটির কাছে তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার দাবি জানান। বিষয়টি নিয়ে হোসেনের বড় ভাই হাসান বক্সের কাছে নালিশ করেন মেয়েটির স্বজনরা। গত দু-তিন দিন ধরেই এ নিয়ে হাসান বক্স ও তার ছোট ভাইয়ের বাকবিতণ্ডা চলছিল।

নিহতের বড় বোন মঞ্জু বলেন, রবিবার সন্ধায় হঠাৎ বাড়িসংলগ্ন দোকানের সামনে জনসমক্ষে হাসান বক্স ও হোসেন বক্সের মধ্যে মেয়েটির বিষয়ে তুমুল ঝগড়া বাঁধে। একপর্যায়ে বড় ভাই মাদকাসক্ত হাসান একটি ছুরি এনে ছোট ভাই হোসেনের বুকের বাম দিকে আঘাত করেন। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন হোসেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হোসেনকে মৃত ঘোষণা করেন।

ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রাকিবুল হাসান বলেন, মর্মান্তিক এ ঘটনার পরই খুনি দ্রুত পালিয়ে যান। তবে তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

পেঁয়াজের দাম বাড়িয়ে ৩২০০ কোটি টাকা লোপাট সিন্ডিকেটের: সিসিএস

0

সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে চার মাসে কতিপয় ব্যবসায়ীর পকেটে গেছে ৩২০০ কোটি টাকা, এমনই অভিযোগ করেছে একটি ভোক্তা অধিকার সংগঠন কনসাস কনজ্যুমারস সোসাইটি (সিসিএস)।

গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই তথ্য তুলে ধরে সিসিএস পেঁয়াজ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ চার দফা দাবি জানিয়েছে।

সংগঠনটি বলছে, সরবরাহ কম ও আমদানি খরচ বেশির অজুহাত দেখিয়ে পেঁয়াজের দাম কৃত্রিমভাবে বাড়ানো হয়েছে। গত চার মাসে ভোক্তাদের কাছ থেকে তিন হাজার ১৭৯ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন ব্যবসায়ীরা। শুধু অক্টোবর মাসেই প্রায় দেড় হাজার কোটি টাকা হাতানো হয়েছে।

‘পেঁয়াজ সিন্ডিকেটের মূল্য নৈরাজ্য’ শিরোনামে করা সংবাদ সম্মেলনে সিসিএস কর্মকর্তারা বলেছেন, রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি), গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও নিজস্ব পর্যালোচনার ভিত্তিতে তাঁরা এই তথ্য পেয়েছেন।

তাঁরা জানান, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত পেঁয়াজের যৌক্তিক মূল্য ৩০ টাকা এবং অক্টোবর মাসে যৌক্তিক মূল্য ৫০ টাকা ধরে তাঁরা ভোক্তার পকেট কাটার এই চিত্র পেয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সিসিএসের নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ, সংগঠনের সদস্য শহিদুল ইসলাম ও জয়ন্ত কৃষ্ণ জয়।

পলাশ মাহমুদ বলেন, গত চার মাসে পেঁয়াজের দাম ২৪ বার বেড়েছে। একটি শক্তিশালী চক্র কৃত্রিমভাবে পেঁয়াজের দাম বাড়িয়েছে। সরবরাহ কম ও আমদানি খরচ বেশির কথা বলা হলেও সংকট কিংবা মূল্যবৃদ্ধি কোনোটি ছিল না। তিনি বলেন, ‘ভোক্তার সঙ্গে প্রতারণা করে দাম বাড়িয়ে শত শত কোটি টাকা হাতিয়ে নিলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার।’

মাসওয়ারি ভোক্তার ক্ষতির হিসাব তুলে ধরে পলাশ মাহমুদ বলেন, জুলাই মাসে ভোক্তার ক্ষতি ৩৯৭ কোটি ৬৭ লাখ টাকা, আগস্টে ৪৯১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকা, সেপ্টেম্বরে ৮২৫ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা আর অক্টোবরে এক হাজার ৪৬৪ কোটি ৯৯ লাখ ৫০ হাজার কোটি টাকা।

পেঁয়াজ মানুষের ক্ষয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে উল্লেখ করে পলাশ বলেন, সম্প্রতি পেঁয়াজের খুচরা মূল্য ১২০ থেকে ১৫০ টাকা। মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের পক্ষে এখন পেঁয়াজ দুর্লভ পণ্য হয়ে দাঁড়িয়েছে। কোথাও কোথাও হালি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। ঈদুল আজহার এক মাস আগে জুলাই মাসের ২ তারিখ থেকে হঠাৎ করেই পেঁয়াজের দাম বাড়ানো হয়। সেই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পেঁয়াজের দাম ওঠানামা করেছে। তিনি বলেন, ঈদুল আজহার আগে কোথাও পেঁয়াজের সরবরাহ ঘাটতি ছিল না। আমদানি খরচও বেশি ছিল না। শুধু ঈদ সামনে রেখে সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়ানো হয়। সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তারা অব্যাহতভাবে দাম বাড়াতে থাকে। দেশের প্রায় ১৮ কোটি ভোক্তা কতিপয় দুষ্কৃতকারীর কাছে জিম্মি—এমন দাবি করে সংগঠনটির কর্মকর্তারা বলেছেন, এরই মধ্যে চট্টগ্রামে ১৩ সদস্যের একটি সিন্ডিকেট শনাক্ত করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, সেই সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে সিন্ডিকেটের হাত থেকে ভোক্তাকে মুক্ত করতে সিসিএসের পক্ষ থেকে চারটি দাবি জানানো হয়। এগুলো হলো—ক্যাসিনোবিরোধী অভিযানের মতো মূল্য সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালানো বা দ্রুত ও কার্যকর আইনি ব্যবস্থা নেওয়া, দ্রুত একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পেঁয়াজের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা, পেঁয়াজ ছাড়াও যেকোনো পণ্যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হলে সরকার থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত সর্বোচ্চ মূল্য ঘোষণা করা, যাতে সিন্ডিকেট করে মূল্যবৃদ্ধি করতে না পারে এবং পণ্য বা সেবার ন্যায্য মূল্য নিশ্চিতে অংশীজনদের নিয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরে একটি সেল গঠন ও সার্বক্ষণিক তদারকি করা।

ভারতকে পরাজিত করায় ক্রিকেটারদের রাষ্ট্রপতির অভিনন্দন

0

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন দিল্লিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতকে পরাজিত করায় জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

ভারতের রাজধানী নতুন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে ভারতের বিরুদ্ধে সাত উইকেটে জয়লাভ করে রেকর্ড সৃষ্টি করেছে টাইগাররা।

রবিবার এক বার্তায় ক্রিকেট অনুরাগী রাষ্ট্রপতি ভারতকে পরাজিত করার জন্য টাইগার দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।

আবদুল হামিদ বলেন, ‘আমাদের খেলোয়াড়দের টিম স্প্রিট ও তাদের অসাধারণ নৈপু্ণ্য দেখে গোটা জাতি গর্বিত।’

টাইগাররা ভবিষ্যতেও বিজয়ের এ ধারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

কে এই মাওলানা ফজলুর রহমান?

0

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর সরকারের পদত্যাগের দাবিতে লাখো জনতার অংশগ্রহণে ইসলামাবাদ লংমার্চ অনুষ্ঠিত হয়েছে। লংমার্চ-পরবর্তী অভূতপূর্ব মহাসমাবেশ করে দেশটিতে তুমুল আলোড়ন তুলেছেন মাওলানা ফজলুর রহমান। পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম একাংশের প্রধান ও বিরোধীদলীয় নেতা মাওলানা ফজলুর রহমান পাকিস্তান ও মুসলিম বিশ্বের রাজনীতিতে এখন বেশ আলোচিত নাম।

জানা গেছে, মাওলানা ফজলুর রহমান জন্মসূত্রে ইসলামি রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর পিতা মাওলানা মাহমুদ ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের শীর্ষ নেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ আলেম। মাওলানা ফজলুর রহমান ১৯৫৩ খ্রিস্টাব্দের ২১ জুন ঈদুল আজহার দিনে ডেরা ঈসমাইল খান জেলার আবদুল খয়ের গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাতিষ্ঠানিক পড়াশোনার শুরুর দিকে স্কুলে পড়লেও মেট্রিকের পর মাদরাসায় এসেছেন এবং দারুল উলুম হক্কানিয়া আকুড়াখট মাদরাসা থেকে ১৯৭৯ খ্রিষ্টাব্দে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।

দাওরা ফারেগের পর প্রথম বছর শিক্ষকতা পেশায় একাগ্রচিত্তে নিয়োজিত থাকলেও ১৯৮০ খ্রিষ্টাব্দের ১৪ অক্টোবর পিতা মাওলানা মাহমুদ যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের অব্যাবহিত পরপরই পিতার অসমাপ্ত মিশন বাস্তবায়নের লক্ষ্যে তিনি রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন।

তিনি ১৯৮১ সালে পাকিস্তানের সেনাশাসক জিয়াউল হকের স্বৈরশাসনের প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে কারাবন্দী হন। তখন তিনি ২৭ বছরের টগবগে তরুণ। তিনি কারাবন্দী থাকাবস্থায়ই জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব হিসেবে নির্বাচিত হন। ১৯৯৫ খ্রিষ্টাব্দে আল্লামা আবদুল্লাহ দরখাস্তির ইন্তেকালের পর তিনি জমিয়তের প্রধান হিসেবে নিযুক্তি লাভ করেন।

সেই আশির দশক থেকে পাকিস্তানের জাতীয় রাজনীতিতে মাওলানা ফজলুর রহমান সক্রিয় ভূমিকা রেখে আসছেন। পরিচ্ছন্ন রাজনীতি এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য দশবারেরও অধিক কারাবরণ করেছেন। কিন্তু আভ্যন্তরীণ ও পশ্চিমা বিশ্বের নানা কূটচাল ও মোড়লিপনার কারণে ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও তাঁকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। নানা সময় নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ভোটকারচুপির মাধ্যমে তাঁকে পরাজিত করা হয়েছে কৌশলে।

১৯৯৩ খ্রিষ্টাব্দে বেনজির ভুট্টো দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসলে মাওলানা ফজলুর রহমান জাতীয় সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটির সভাপতি মনোনীত হন। আফগানিস্তানে তখন তালেবানের উত্থান ঘটেছে, মাওলানা ফজলুর রহমান তালেবানকে জোর সমর্থন জানান এবং দলটির মুখপাত্রের ভূমিকা পালন করেন। স্বাভাবিকভাবেই বহির্শক্তি তাঁর এ ভূমিকাকে ভালোভাবে নেয়নি। তাই তাঁর ওপর ডিজেল থেকে অংশীদারত্বের কল্পিত অভিযোগ আনা হয়। সমালোচনাকারীরা এই অজুহাতে তাঁকে ‘ডিজেল মাওলানা’ বলে ব্যাপক বিদ্রুপ করে। ৯৬ সালে বেনজির ভুট্টো ক্ষমতচ্যুত হয়ে নাওয়াজ শরিফ ক্ষমতায় আরোহন করেন। কিন্তু নওয়াজ সর্বশক্তি নিয়োগ করেও মাওলানার ওপর আরোপিত এই অভিযোগ সত্য প্রমাণ করতে পারেননি।

২০০২ সালে মতপার্থক্যের ঊর্ধ্বে ওঠে পাকিস্তানের সবকয়টি ইসলামি দলকে সঙ্গে নিয়ে মাওলানা ফজলুর রহমান ‘মুত্তাহিদা মজলিসে আমল’ বা এম এম এ নামে জোট গঠন করে নতুন এক শক্তি নিয়ে আবির্ভূত হন। কারচুপি সত্ত্বেও পরবর্তী নির্বাচনে ৭২টি আসন লাভ করেছিল এই জোট।

মাওলানা ফজলুর রহমান কেবলই যে একজন মাওলানা, এমন না, জাতীয় রাজনীতির দূরদর্শী এক ব্যক্তিত্বরূপেও পাকিস্তানে তিনি সুপরিচিত। জাতীয় রাজনীতির যেকোনো দুর্যোগকালে ক্ষমতাচ্যুত সকল নেতাই তাঁর দ্বারস্থ হন। মত ও সিদ্ধান্তে অনেকসময় ত্রুটি হতে পারে, কিন্তু তাঁর রাজনৈতিক দূরদর্শিতা পাকিস্তানের রাজনীতিতে স্বীকৃত এবং অনন্য।

পাকিস্তানের বহুল আলোচিত ও খ্যাতিমান সাংবাদিক হামিদ মীর তাঁর বিভিন্ন লেখা ও বক্তৃতায় নির্দ্বিধায় স্বীকার করেন এই বিষয়টা। এক কলামে তিনি লেখেন, অসংখ্য যুবক আমাকে জিজ্ঞেস করেন যে, পাকিস্তানে সবচেয়ে ধীমান রাজনীতিবিদ কে? আমি সাধারণত এমন প্রশ্ন এড়িয়ে চলি। কিন্তু কিছু নাছোড়বান্দা যখন আমাকে সাপের ন্যায় প্যাঁচিয়ে ফেলে, তখন অনায়াসে তাদের জবাবে মুখ থেকে বেরিয়ে আসে, মাওলানা ফজলুর রহমান। মজার কথা হলো, কেউ কেউ এ জবাব শুনে খুশিতে আত্মহারা হয়ে যান, আবার কেউ কেউ অগ্নির্শমা হয়ে বলে দেন যে, তাহলে তাকে ‘ডিজেল মাওলানা’ বলা হয় কেন? আমি সচরাচর এর জবাব এভাবে দিই যে, তাঁকে ডিজেল মাওলানা খেতাবদাতা জনাব আতাউল হক কাসেমী ও একথা অকপটে স্বীকার করতে বাধ্য যে, মাওলানা ফজলুর রহমান পাকিস্তানের ধীমান রাজনীতিবিদদের প্রথম সারির একজন।’

হামিদ মীর আরো লিখেন, আমার সাথে মাওলানা ফজলুর রহমানের বন্ধুত্ব অনেক পুরাতন। কিন্তু কোনো কোনো সময় আমার সাংবাদিকতার বেয়াদবী মাওলানাকে খেপিয়ে তুলে। আমাকে তার রাগের স্বাদও সাময়িকভাবে আস্বাদন করতে হয়। বয়সে বড় হবার পরও তিনি আমাকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখে থাকেন। মাওলানা ফজলুর রহমান তার র্বণাঢ্য রাজনৈতিক জীবনে প্রায় ১০০ শতাংশ সফল। তবুও তার পেছনে অনেকের কানাকানি ছিল, আছে এবং ভবিষ্যতে যে থাকবে না তা বলা যায় না। কিন্ত ধ্যার্থহীনভাবে বলতে হয়, তিনি মহান পিতার যোগ্য সন্তান। একটি মধ্যবিত্ত দীনদার ফ্যামেলিতে বেড়ে ওঠা মাওলানা নিজের দীনদারী থেকে একটুও পিছপা হননি। তিনি উলামায়ে দেওবন্দের স্বার্থক উত্তরসুরী, সীমান্ত প্রদেশের মুখ্যমন্ত্রী মুফতী মাহমুদ রাহ.-এর দ্বীনি ও রাজনৈতিক উত্তরসুরী। পিতা ছিলেন মুখ্যমন্ত্রী আর পুত্র হলেন কেন্দ্রীয় সরকারের বিরোধীদলীয় প্রধান। যদি আমেরিকার কারসাজি না হত, তাহলে তিনি ২০০২ সালে হতেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

মাওলানা ফজলুর রহমানের স্মরণশক্তি ও দূরদর্শিতার পর্যালোচনা করতে গিয়ে পশ্চিমা গণমাধ্যম বিবিসি তার রির্পোটে বলেছে, মাওলানা একসাথে পাঁচটি কাজ সমাধা করতে পারদর্শী। ২০০৫ সালের এশিয়ান সার্ভে রিপোর্টে মাওলানাকে এশিয়ার ৫ম ও বিশ্বের ঊনিশতম ধীমান রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেছে।

মাওলানাকে ‘ডিজেল মাওলানা’ বলে বিদ্রুপকারী সাংবাদিক আতাউল হক কাসেমীও বলেন, রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতায় মাওলানা ফজলুর রহমানের কোনো জুড়ি নেই। তিনি ডিপ্লোমেটিক ব্যবহারে দারাজ হাতের মালিক। আমার বিশ্বাস তিনি যদি কোনো ধর্মীয় নেতা না হতেন তাহলে গোটা পাকিস্তান তার পিছে পিছে দৌড়াত। প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হওয়া তার জন্য কোনো কঠিন কাজ ছিল না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের সম্ভাবনা আবারও নাকচ করল ইরান

0

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে কোনো লাভ নেই। কারণ এটা নিশ্চিত যে তারা কোনো ধরণের সুবিধা দেবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এ কথা বলেছেন।

গতকাল রবিবার বিশ্ব সাম্রাজ্যবাদবিরোধী দিবসকে সামনে রেখে তিনি তেহরানে হাজারো ছাত্র-ছাত্রীর এক সমাবেশে এ কথা বলেন।

ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে ইসলামি ইরানের আলোচনায় বসাকে তাদের কাছে নতিস্বীকার বলে মনে করে। যুক্তরাষ্ট্র আলোচনার ওপর জোর দিচ্ছে এই লক্ষ্য নিয়ে যে তারা যাতে বিশ্ববাসীকে বলতে পারে মার্কিন সর্বোচ্চ চাপ ও নিষেধাজ্ঞা কাজে এসেছে এবং ইরানিরা মাথা নত করেছে।

তিনি বলেন, মার্কিন শাসকদের ষড়যন্ত্রের মোকাবেলায় সবচেয়ে বড় জবাব হচ্ছে ইরানের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের পথ বন্ধ করে দেওয়া। আর ইরানের ওপর মার্কিন আধিপত্য বিস্তারের সুযোগ বন্ধের একটি উপায় হচ্ছে তাদের সঙ্গে আলোচনায় না বসা।

আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবা ও উত্তর কোরিয়ার নিষ্ফল আলোচনার প্রতি ইঙ্গিত করে বলেন, এসব ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার কর্মকর্তারা এমন অবস্থায় চলে গিয়েছিলেন যে, তারা যেন একে অপরের জন্য জান কুরবান করে দেবেন। কিন্তু অবশেষে আমেরিকা তার নিয়ম অনুযায়ী নিষেধাজ্ঞা তিল পরিমাণ কমায় নি এবং কোনো ধরণের ছাড় দেয় নি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার জন্য ফরাসি প্রেসিডেন্টের ব্যাপক চেষ্টার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে একবারের সাক্ষাতকেই ইরানের সব সমস্যার সমাধান হিসেবে তুলে ধরেছিলেন ফরাসি প্রেসিডেন্ট। তার এই অবস্থানের বিষয়ে অবশ্যই বলব তিনি হয় খুব সাদাসিধে মানুষ, আর না হয় যুক্তরাষ্ট্রের সহযোগী।

ইরানের কাছে যুক্তরাষ্ট্রের চাওয়ার শেষ কোথায়-এমন প্রশ্ন তুলে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের চাওয়ার কোনো শেষ নেই।

তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তিকে ধ্বংস অথবা সীমিত করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে আমেরিকা এবং বর্তমানে সাহসী ইরানি জাতির কাছে দুই হাজার কিলোমিটার পাল্লার নিখুঁত ক্ষেপণাস্ত্র রয়েছে যা যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।#

সূত্র : পার্সটুডে

তীব্র বায়ুদূষণ দিল্লিতে; তাজমহল রক্ষায় বিশেষ উদ্যোগ

0

তীব্র বায়ুদূষণের কবলে পড়েছে ভারতের দিল্লি। দিল্লিv এই বায়ুদূষণের হাত থেকে তাজমহলকে বাঁচাতে সেখানে বসানো হয়েছে এয়ার পিউরিফায়ার ভ্যান। উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভটি সংরক্ষণের জন্য এই বিশেষ বায়ু পরিশোধক ভ্যান মোতায়েন করা হয়েছে।

উত্তরপ্রদেশ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, এয়ার পিউরিফায়ার ভ্যানটি ৩০০ মিটার ব্যাসার্ধে আট ঘন্টার মধ্যে ১৫ লক্ষ ঘনমিটার বায়ু পরিশুদ্ধ করার ক্ষমতা রাখে।

দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের আঞ্চলিক কর্মকর্তা ভুবন যাদব বলেন, বর্তমান পরিস্থিতি এবং বায়ু মানের ক্রমাগত অবনতি লক্ষ্য করে তাজমহলের পশ্চিম গেটে একটি মোবাইল এয়ার পিউরিফায়ার ভ্যান মোতায়েন করা হয়েছে।

সাদা মার্বেলের এই স্মৃতিসৌধের চারপাশে দূষণ দীর্ঘকাল ধরে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্রমশই বায়ু দূষণ স্মৃতিস্তম্ভকে ক্ষতিগ্রস্ত করে চলেছে। কর্মকর্তারা জানাচ্ছেন, জেলা প্রশাসন, আগ্রা নগর নিগম এবং ইউপিপিসিবি শহরে দূষণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এ ধরণের দুটি বায়ু পরিশোধক ভ্যান এনেছে।

কর্মকর্তাদের দাবি, গত ২৪ অক্টোবর ভ্যানগুলি আগ্রায় আনা হয়েছিল। শহরের বায়ু মানের অবনতির দিকে লক্ষ্য রেখে একটিকে এখন তাজমহলের কাছে মোতায়েন করা হয়েছে। একিউআই গণনা করতে সাহায্য করার জন্য বর্তমানে তাজমহলের আশেপাশে কোনও অবিরাম বায়ু পর্যবেক্ষণ স্টেশন নেই সুতরাং কতটা বাতাস শুদ্ধ হয়েছে তার মাত্রা নির্ধারণ করা এই মুহূর্তে সম্ভব নয় বলেও জানাচ্ছেন কর্মকর্তারা।

শহরের অন্যপ্রান্তের মনিটরিং স্টেশনের সিক্ষা অনুযায়ী রবিবার বিকেল চারটা পর্যন্ত ২৯৩ একিউআই দেখিয়েছিল। যা তুলনামূলক ভালো বলছেন পরিবেশবিদরা।

প্রেমিকার ওড়নায় ফাঁস দিয়ে তরুণের মৃত্যু ঘিরে রহস্য

0

প্রেমিকার ওড়নায় ফাঁস দিয়ে মারা গেছেন এক তরুণ। গতকাল রবিবার প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনা আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তার তদন্ত চলছে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে।

ওই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। পরিকল্পিতভাবে প্রেমিককে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। এই দাবিতেই প্রেমিকাকে বাড়ি থেকে তুলে প্রেমিকের পাড়ায় এনে হেনস্তা করা হয়। পরে থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। তরুণীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

জানা গেছে, সিউড়ি শহরের দত্তপুকুর পাড়ার রাজমিস্ত্রী বিশ্বজিৎ কাহারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পাশের গ্রাম কুলেড়া গ্রামের নীলম মুখোপাধ্যায়ের। সেই গ্রামে কাজ করতে গিয়েই দুজনের আলাপ ও সম্পর্ক গড়ে উঠে। কিন্তু ছেলের প্রেমিকাকে পছন্দ করতেন না মা সবিতা কাহার। তাই শনিবার বকাঝকা করেছিলেন নীলমকে।

রবিবার বাড়ির কাছে গোঁসাইতলায় বিশ্বজিতের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পরিবার। তাঁর কাছ থেকে প্রেমিকার সাইকেল, ওড়না এবং বেশকয়েক জোড়া চটি ও একটি গোলাপি রঙের নারীদের ব্যবহৃত হাতব্যাগ উদ্ধার করেছে পুলিশ।

বিশ্বজিতের পরিবার থেকে প্রতিবেশী- প্রত্যেকেরই দাবি, নীলমের পরিবার ভাড়াটে খুনি দিয়ে তাঁদের ছেলেকে খুন করিয়েছে। প্রতিবাদে তাঁরা নীলমকে বাড়ি থেকে তুলে এনে গণপ্রহার দেয়। পরে সিউড়ি থানার পুলিশ এসে নীলমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে, বিশ্বজিতের মা সবিতা কাহার জানান, শনিবার তিনি নীলমকে ফোনে গালাগালি করেন। সকালে ছেলে বাড়ি এসেছিল। তাঁর সঙ্গেও দু-চার কথাও হয়। কিন্তু রাতে আর ছেলে বাড়ি ফেরেননি। শুধু ফোনে মায়ের কাছে জানতে চান, কেন তিনি নীলমকে বকাঝকা করেছেন। সেই সঙ্গে মা’কে বলেন, আর এমনটা করলে আমার মরা মুখ দেখবে। পরের দিনই সেই হুমকিই সত্যি হলো।

সবিতাদেবীর দাবি, তাঁর ছেলেকে খুন করা হয়েছে। নীলম অবশ্য জানান, শনিবার রাতে তাঁর সাইকেল নিয়ে তাঁদের বাড়ি থেকে চলে যান বিশ্বজিৎ। তারপর নীলম আর কিছু জানেন না।

নীলমের বাবা-মা, স্বপন ও আশা মুখোপাধ্যায় জানান, তাঁদের মেয়ের সঙ্গে বিশ্বজিতের প্রেমের সম্পর্ক তারা জানতেন না। তবে আজ সকালে মেয়েকে ঘুম থেকে তুলে টানতে টানতে নিয়ে যায় অনেকে।

তাঁরা বলছেন,পুলিশ তো তদন্ত করছে। মেয়ে যদি অপরাধী হয়, তবে ওর যেন শাস্তি হয়।

এটাকে অস্বাভাবিক মৃত্যু ধরেই তদন্ত শুরু করেছে থানা। তবে বিশ্বজিতের মৃতদেহের কাছ থেকে উদ্ধার হওয়া কয়েক জোড়া চটির মধ্যে একটি নারীদের। সেটাই ভাবাচ্ছে পুলিশকে।

থানা সূত্র বলছে, বিশ্বজিৎ আত্মহত্যা করেছেন না কি তাঁকে খুন করা হয়েছে, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতেই তা খতিয়ে দেখা হবে।

ফিলিপাইনে তীব্র ভূমিকম্প; নিহত ২১

0

তীব্র ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপাইনে। জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পে আহত হয়েছেন ৪৩২ জন।

জানা গেছে, পানি ও খাবারের জন্য হাহাকার পড়ে গিয়েছে দুর্গতদের মধ্যে। দুদিন আগে তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ ফিলিপিনসের বিস্তীর্ণ অঞ্চল। ৬.৫ ও ৬.৬ মাত্রার কম্পন অনুভূত হয় মিনদানাও দ্বীপে। বহু বড় বিল্ডিং ধসে পড়ে। ফাটল দেখা গিয়েছে আরও কিছু বিল্ডিংয়ে। প্রায় ১০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে হয়। আহত হন প্রায় ৪৩২ জন। এখনও নিখোঁজ দুজন। ভূমিকম্পের পর থেকে উদ্ধারকারীরা একের পর এক মানুষকে ধ্বংসস্তূপের নীচ থেকে বের করেছে। উদ্ধারের পর অনেকের মধ্যেই প্রাণের অস্তিত্ব ছিল না। বহু মানুষকে পাহাডি় গ্রাম থেকে এয়ারলিফট করে সরিয়ে নিয়ে যাওয়া হয়। খালি করে দেওয়া হয় বিপন্ন বাড়িগুলি।

টিভি ফুটেজে দেখা গেছে, হাইওয়ের ধারে তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষজনকে হাতে প্ল্যাকার্ড নিয়ে খাবার ও জল চাইতে দেখা গিয়েছে পথচলতি গাড়ি ও মোটরবাইক আরোহীদের কাছে।