Home Blog Page 3378

বাঘের থাবায় ভারত বধ

0

ভারতের বিপক্ষে সাকিব-তামিম না থাকলেও বাংলাদেশের বিশ্বাস আটকে থাকেনি। টস জিতে প্রথমে বোলিং করতে নেমে টাইগার বোলাররা ভারতের নিঃশ্বাস চেপে ধরে। পরে ব্যাটে নেমে মুশফিক-সৌম্যর দারুণ ব্যাটিংয়ে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে। সাকিব-তামিম ছাড়াই দিল্লি জয় করেছে টাইগাররা। টি-২০ ক্রিকেটে ভারতের বিপক্ষে প্রথম জয় তুলে নিল বাংলাদেশ।

রান তাড়ায় নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। এক বাউন্ডারিতে ৭ রান কে প্রথম ওভারের শেষ বলে দিপক চাহারের শিকার হন লিটন দাস। দলীয় ৮ রানে প্রথম উইকেট হারানোর পর হাল ধরেন অভিষিক্ত ওপেনার মোহাম্মদ নাঈম এবং সৌম্য সরকার।

ধীরে ধীরে দুজনেই হাত খুলে মারতে থাকেন। জমে উঠে তাদের জুটি। কিন্তু জুটিতে ৪৬ রান আসতেই ২৮ বলে ২৬ রান করা নাঈম যুজবেন্দ্র চাহালের বলে শিখর ধাওয়ানের শিকার হন। পরে ধীরে খেলে ৩৫ বলে ৩৯ করে আউট হন সৌম্য সরকার। অভিষিক্ত ওপেনার নাঈম শেখ ২৮ বলে দুই চার ও এক ছয়ে ২৬ রান করে ফিরে যান। সৌম্য খেলেন ৩৯ রানের ইনিংস।

এর আগে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে ভারত। প্রথম ওভারেই সাফল্য পায় বাংলাদেশ। শফিউল ইসলাম তার ওভারের শেষ বলে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ভয়ংকর ব্যাটসম্যান রোহিত শর্মাকে (৯)। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি রোহিত। এর আগে দুটি বাউন্ডারিও হজম করতে হয়েছে রোহিতের ব্যাট থেকে। ১০ রানে প্রথম উইকেট হারায় ভারত। ১৬ রানের ব্যবধানে দ্বিতীয় আঘাত হানেন তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। তার বলে ১৫ রান করা লোকেশ রাহুলের ধরা পড়েন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের হাতে।

শিখর ধাওয়ানের সঙ্গে যোগ দিয়ে হাত খুলে মারতে থাকেন শ্রেয়স আইয়ার। মাত্র ১৩ বলে ২২ রান করা শ্রেয়সকে অভিষিক্ত নাঈমের তালবুন্দি করেন আমিনুল ইসলাম। মিড উইকেটের দিকে ঠেলে প্রথম রান দ্রুত নিয়েছিলেন ধাওয়ান। দ্বিতীয় রান নেওয়ার চেষ্টাতেই গড়বড়। রান-আউট হয়ে ৪১ রানে থামেন এই বিপজ্জনক ওপেনার। ভারতের পঞ্চম উইকেট তুলে নেন আফিফ হোসেন। ১৫তম ওভারের শেষ বলে অভিষিক্ত শিবম দুবেকে (১) নিজেই দুর্দান্ত ক্যাচে ফেরান এই তরুণ অল-রাউন্ডার।

এরপর আবারও লাইমলাইটে আসেন শফিউল। এই পেসারের বলে নাঈমের তালুবন্দি হন উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্ট (২৭)। শেষ ওভারে ২ ছক্কা মেরে ভারতের রানটাকে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ এ নিয়ে যান ওয়াশিংটন সুন্দর। ২টি করে উইকেট নেন শফিউল আর আমিনুল। ১টি উইকেট নিয়েছেন ৩ ওভারে মাত্র ১১ রান দেওয়া আফিফ। এই ম্যাচে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে আলোচিত তরুণ বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈমের। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৬৭তম ক্রিকেটার তিনি। অন্যদিকে ভারতের ৮২তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি অভিষেক হয়ে গেল শিবম দুবের।

বাংলার মাটিতে রাজাকার-খুনিদের কোনো স্থান হবে না

0

জাতির পিতা এবং জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় স্বাধীনতা বিরোধীদের অভিযুক্ত করে বলেছেন, বাংলার মাটিতে রাজাকার, খুনি এবং তাদের দোসরদের কোনো স্থান হবে না।

প্রধানমন্ত্রী বলেন, রাজাকার, খুনি, আলবদর এবং আল শামস এবং ’৭৫’র ১৫ আগস্ট এবং ৩রা নভেম্বরের খুনিদের যারা দোসর, খুনিদের মদদদাতা তাদের কারোও স্থান বাংলার মাটিতে ভবিষ্যতে কোনো দিন ইনশাল্লাহ হবে না।

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ রবিবার বিকেলে রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জেলহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির ভাষণে একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষকে সেভাবেই চিন্তা করতে হবে, এই দেশ যেন আবারো ওই খুনিদের রাজত্ব না হয়। বাংলাদেশের উন্নয়নের গতিধারা যেন অব্যাহত থাকে। গণতান্ত্রিক ধারা যেন অব্যাহত থাকে।

সরকার প্রধান বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, শহীদ হয়েছে, যাঁদের মহান আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা, সেই স্বাধীনতা কখনও ব্যর্থ হতে পারে না। ব্যর্থ হয় নাই এবং ভবিষ্যতেও আর কেউ তা ব্যর্থ করতে পারবে না।

চলমান সন্ত্রাস এবং দুর্নীতি ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় পূণর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান সেটা অব্যাহত থাকবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের স্মরণ সভায় প্রারম্ভিক বক্তব্য প্রদান করেন এবং স্মরণ সভাটি পরিচালনা করেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং উপপ্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম।

স্মরণ সভায় বক্তৃতা করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি।

আওয়ামী লীগের কেন্দ্রিয় সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এবং অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও বক্তৃতা করেন।

আরো বক্তৃতা করেন- বিশিষ্ট কথা সাহিত্যিক, লেখক ও সাংবাদিক আনিসুল হক, আওয়ামী লীগের কেন্দ্রিয় নেতা আনোয়ার হোসেন, কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি অ্যাডভোকেট রহমত উল্লাহ এমপি এবং দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী এবং খুনিদের এদেশে বিচার হয়েছে, সাজা হয়েছে। এদের যারা দোসর বা ষড়যন্ত্রকারী হয়তো আজকে আমরা তাদের বিচার করে যেতে পারলাম না বা হয়তো আমরা চেষ্টা করবো বা আগামীতে যারা আসবে, কোন না কোন দিন, এই ষড়যন্ত্রকারীরাও একসময় ধরা পড়বে। তাদের এই রহস্য উদঘাটন অবশ্যই হবে। কারণ ইতিহাস কখনও মুছে ফেলা যায় না।

তিনি বলেন, কেউ না কেউ এই বিচারটা করবে, এটা হবে, সেদিন আসবেই। কারণ বঙ্গবন্ধুর নাম যখন এদেশ থেকে মুছে ফেলার চেষ্টা করেছিল ঘাতক দল তখন তারা ভেবেছিল কোনদিন আর এই নাম ফিরে আসবে না। কিন্তু তা হয়নি। ২১ বছর পর আবার ফিরে এসেছে।

আবারও সময় আসবে আমাদের এবং এই দেশ থেকে অন্যায়-অবিচার দূর হবে, বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের সকল শহীদ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সহ ১৫ আগস্টের সকল শহীদ এবং দেশ মাতৃকার সকল গণ আন্দোলনের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে অন্তরীণ থাকাকালীন তাঁর নির্দেশে মুক্তিযুদ্ধ পরিচালনা করে বিজয় ছিনিয়ে এনেছিলেন তাঁরই ঘনিষ্ঠ সহচর এবং জাতীয় চারনেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামান। ১৯৭৫ এর ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাতের আঁধারে বঙ্গবন্ধুর খুনীরাই তাঁদেরকে নির্মমভাবে হত্যা করে। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় এমন নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ড বিশ্ব ইতিহাসে নজিরবিহীন।

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, এই দেশের মানুষ সারাজীবন বঞ্চিত থাকবে, ক্ষুধার্ত থাকবে, অবহেলিত থাকবে, সেটাই চেয়েছিল বিএনপি।

তিনি বলেন, একটা দল যার চেয়ারপার্সন (খালেদা জিয়া) এতিমের অর্থ আত্মসাৎ করে জেলে আবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে করলো (তারেক রহমান), সে আরেক সাজাপ্রাপ্ত আসামী এবং পলাতক।

প্রধানমন্ত্রী ক্ষোভের সংগে এসময় বিএনপি’র রাজনীতির সংগে যুক্তদের আত্মমর্যাদার প্রশ্ন তুলে তাদের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করেন।

তিনি বলেন, আমি জানি না যারা বিএনপি করেন তাদের কোনো মেরুদণ্ড আছে কি না সেটাই আমার সন্দেহ। তারা শুধু মায়াকান্না কাঁদে।

শেখ হাসিনা বলেন, জনগণের সমর্থন নিয়ে আমরা বার বার ক্ষমতায় এসেছি বলেই যুদ্ধাপরাধীদের বিচার করে তাদের ফাঁসির রায় আমরা কার্যকর করতে পেরেছি। জাতির পিতার হত্যাকাণ্ডের বিচার করে তার রায়ও কার্যকর করতে পেরেছি।

৩রা নভেম্বরের জেল হত্যার বিচার হয়েছে এবং এখনও যে কয়টা খুনি এখানে সেখানে পালিয়ে আছে তাদেরও খোঁজ খবর করা হচ্ছে, বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্ট যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল তখন অনেকে ভেবেছে পরিবারকে নিঃশেষ করার জন্যই এ হত্যাকাণ্ড। কিন্তু ৩ নভেম্বর যখন জেলখানায় চার নেতাকে হত্যা করা হলো তখন বাংলার মানুষ পরিষ্কারভাবে বুঝতে পেরেছিল এটা ছিল সম্পূর্ণ রাজনৈতিক এবং স্বাধীনতা বিরোধীদের কাজ। কারণ তারা একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিয়েছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খন্দকার মোশতাকের নির্দেশে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে। কেন্দ্রীয় কারাগারে অস্ত্র নিয়ে ঢোকা যায় না। কিন্তু, তারা অস্ত্র নিয়ে ঢুকেছিল। গণভবন থেকে সেই নির্দেশ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, যেভাবে ঢুকতে চায়, সেভাবেই যেন ঢুকতে দেওয়া হয়।

তিনি বলেন, জিয়া এই ষড়যন্ত্রের সাথে ওতপ্রতভাবে জড়িত ছিল বলেই মোস্তাক যখন রাষ্ট্রপতি হলো, নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়েই জিয়াউর রহমানকে বানালো সেনা প্রধান। কাজেই মোস্তাকের পতনের সাথে সাথে জিয়ার হাতে সমস্ত ক্ষমতা চলে আসলো।

ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে জাতির পিতা হত্যার বিচারের পথ রুদ্ধ করা, খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরী দিয়ে পুরস্কৃত করা সহ বহুদলীয় গণতন্ত্রের নামে জিয়ার কারফিউ দিয়ে দেশ শাসনের নামে চলা দুঃশাসনের বিভিন্ন ঘটনাবলীও এ সময় তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, অন্যায়কে আমরা প্রশ্রয় দেইনি। অর্থনৈতিকভাবে দেশের উন্নতি করা, দেশের অবকাঠামোসহ সার্বিক উন্নয়ন এবং দারিদ্রের হাত থেকে এদেশের মানুষকে মুক্তি দিতে চেয়েছি।

জাতির পিতা যেভাবে চেয়েছিলেন এদেশের দুঃখি মানুষের মুখে হাসি ফোটানো, সেটাই আমাদের লক্ষ্য এবং আমরা সেটাই করে যাচ্ছি, বলেন তিনি।

তিনি কোন আন্তর্জাতিক ফোরামে গেলে তাঁর সঙ্গে কথোপকথনে বাংলাদেশের উন্নয়নের গতিধারায় বিশ্বের অনেক দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানগণই বিস্ময় প্রকাশ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, অনেকেই আমাকে প্রশ্ন করেন কিভাবে আমরা এত তাড়াতাড়ি উন্নতিটা করতে পারলাম।

এর উত্তরে তিনি বলেন, জবাব আমার একটাই যদি আন্তরিকতা থাকে এবং আমার বাবা ও মায়ের কাছ থেকে যেটা শিখেছি দেশের প্রতি যদি সেই ভালবাসা থাকে, দেশের মানুষের প্রতি দরদ থাকে, দায়িত্ব ও কর্তব্যবোধ থাকে তাহলে অসাধ্য সাধন করা যায়। কারণ সে সময় মানুষের সমর্থন পাওয়া যায়। আর মানুষের সমর্থন এবং দোয়াটাই এ সময় সবথেকে বেশি কাজে লাগে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, আজকে বাংলাদেশ সমগ্রবিশ্বে উন্নয়নের একটা বিস্ময়। সেই সম্মান এবং মর্যাদাটা বাংলাদেশ আজকে পেয়েছে।

এই সম্মান ধরে রেখে এগিয়ে যাওয়ায় তাঁর দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, এই বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে আমরা একদিন গড়ে তুলবো, ইনশাল্লাহ।

মোহামেডানের লোকমান সাত দিনের রিমান্ডে

0

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় মোহামেডান রেস্পার্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক ও বিসিবির পরিচালক লোকমান হোসেন ভূইয়াকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আজ রবিবার ঢাকা মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারেক কে এম ইমরুল কায়েশ এ রামন্ড মঞ্জুর করেন। একই আদালত অনলাইন ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের রিমান্ড শুনানির জন্য আগামী ১৩ নভেম্বর দিন ধার্য করেছেন।

লোকমান : লোকমান হোসেনকে দুর্নীতি দমন কমিশন গত ২৮ অক্টোবর দশ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত রবিবার শুনানির দিন ধার্য করেন। এদিন লোকমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সেলিম প্রধান : এদিকে সেলিম প্রধানের দশ দিনের রিমান্ডে আবেদন জানিয়ে দুদক আবেদন করে গত ৩১ অক্টোবর। রবিবার শুনানি শেষে আদালত আগামী ১৩ নভেম্বর শুনানির দিন ধার্য করেন। একই সঙ্গে সেলিম প্রধানকে আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

গত ২৭ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ ও বিসিবির পরিচালক লোকমান ভূঁইয়া এবং অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের বিরুদ্ধে পৃথক করে দুদক।

সংস্থার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি হয়। মামলায় লোকমানের বিরুদ্ধে চার কোটি ৩৪ লাখ আর সেলিম প্রধানের বিরুদ্ধে ১২ কোটি ২৭ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

লোকমানের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম। লোকমানের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, মোহামেডান ক্লাবের ক্যাসিনোর জন্য ভাড়া বাবদ প্রতি মাসে ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক সাঈদের মাধ্যমে ২১ লাখ টাকা আদায় করতেন। এ ছাড়া তার আয়কর নথিতে সম্পদের বিবরণের সঙ্গে অনুসন্ধানে ৪ কোটি ৩৪ লাখ টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। এই সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি।

অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিমের বিরুদ্ধে মামলা করেন উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। এজাহারে বলা হয়, সেলিমের ব্যবসা প্রতিষ্ঠান জাপান-বাংলাদেশ সিকিউরিটিজ প্রিন্টিং ও অন্যান্য কম্পানির শেয়ারহোল্ডারের হিসাব আয়কর নথিতে না দেখিয়ে রাজস্ব ফাঁকিসহ অবৈধভাবে ১২ কোটি ২৭ লাখ টাকা অর্জন করেছেন।

ঢাকায় আসছেন প্রথম নারী নভোচারী ভ্যালেন্তিনা তেরেসকোভা

0

বাংলাদেশে আসছেন বিশ্বের প্রথম নারী নভোচারী ভ্যালেন্তিনা তেরেসকোভা। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরে ঢাকায় আসবেন রাশিয়ার এই মহিয়সী নারী। রাশিয়া এবং সোভিয়েত বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের অ্যালামনাই সন্মেলন অল এশিয়ান ফোরামে যোগ দিতে আসার কথা রয়েছে এই কিংবদন্তী নারীর। আগামী ২২ ডিসেম্বর শুরু হবে এই সম্মেলন। চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

রাশিয়ার বিশ্বখ্যাত পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটির অ্যাসোসিয়েশন অব গ্রাজুয়েটস অ্যান্ড ফ্রেন্ডস পিপলসের কাউন্সিল চেয়ারম্যান আলমগীর জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

আলমগীর জলিল বলেন, আমি পঞ্চম শ্রেণির ছাত্র থাকা অবস্থায় রাশিয়ার মহাকাশ জয়ের বিষয়ে জানতে পারি। জেনেছি মহাকাশ জয়ী প্রথম নারী নভোচারী ভ্যালেন্তিনা তেরেসকোভার কথা। ইচ্ছে ছিল কালজয়ী এই নারীকে একবার চোখে দেখার। বাংলাদেশে আসার নিমন্ত্রণপত্র এই মহিয়সীর হাতে পৌঁছে দেয়ার মধ্য দিয়ে আমার সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।

তিনি বলেন, এই মহিয়সী বাংলাদেশে আসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। রাশিয়ার বাইরে যেতে তেরেসকোভার কিছু রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা রয়েছে। সেসব শেষ করতে পারলেই তিনি আসবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, প্রথম নারী হিসেবে ভ্যালেন্তিনা তেরেসকোভা মাত্র ২৬ বছর বয়সে ১৯৬৩ সালে মহাকাশে একক অভিযানে যান। তিন দিনের অভিযানে তিনি ৪৮ বার পৃথিবী প্রদক্ষিণ করেন। মহাকাশ অভিযানে যাওয়া ইতিহাসের প্রথম মানুষ রাশিয়ার ইউরি গ্যাগারিন। তিনি মহাকাশে যান ১৯৬১ সালে।

ব্রেকফাস্টে বিস্ফোরণে ট্রেনে আগুন লাগে, পাক মন্ত্রীর ‌হাস্যকর দাবি

0

উদ্ভট মন্তব্য করে বারবার সংবাদের শিরোনামে উঠে আসেন পাকিস্তানের কেন্দ্রীয় রেলমন্ত্রী শেখ রসিদ আহমেদ। সম্প্রতি সে দেশে ঘটে যাওয়া ট্রেন বিস্ফোরণে প্রায় ৭০ জনের মৃত্যু হয়েছে।

কিন্তু ওই দুর্ঘটনা কিভাবে ঘটেছে, সে ব্যাপারে বলতে গিয়ে যা যুক্তি দেখালেন রেলমন্ত্রী, তা শুনে রীতি মতো হেসে গড়াগড়া খাচ্ছেন নেটিজেনরা। মন্ত্রীর ওই মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছেন পাকিস্তানের একজন সাংবাদিক।

ওই ভিডিওতে পাকিস্তানের রেলমন্ত্রীকে বলতে শোনা যায়, খাবারে বিস্ফোরণ হয়েছে। যার ফলে খাবার ফেটে ওই আগুন ছড়িয়ে পড়ে লাগে সিলিন্ডারে। তাতে সিলিন্ডারও ফেটে যায়।

ভিডিও পোস্ট করে ওই সাংবাদিক লিখেছেন, কী বলতে চান আপনি?‌ ভিডিওটি পোস্ট হওয়ার পর ভাইরাল হয়ে যায়। হাসির রোল পড়েছে নেট দুনিয়ায়।

নেটিজেনদের প্রশ্ন, কিভাবে ‘‌ব্রেকফাস্টে বিস্ফোরণ’‌ হতে পারে? ব্রেকফাস্টে বিস্ফোরণ থেকে ব্রেকফাস্ট কিভাবে ফেটে যেতে পারে? এমন সমস্ত প্রশ্ন তুলে শেখ রশিদকে নিয়ে একের পর এক মিম বানানো শুরু হয়ে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।

ভারতের মাটিতে টাইগারদের ইতিহাস গড়া জয়

0

ভারতের মাঠে রোহিত শর্মাদের হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি তিন ফরম্যাটে অতীতে ভারতের মাঠে জয় পায়নি বাংলাদেশ। ভারতের মাঠে জয় না পাওয়ার সেই খড়া কাটালেন মুশফিকুর রহিম। তার ব্যাটে ভারত জয় করল বাংলাদেশ!

শুরু থেকে নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতকে বেশিদূর যেতে দেননি টাইগার বোলাররা। সিরিজে লিড নিতে চাইলে মুশফিক-সৌম্যদের করতে হতো ১৪৯ রান। এবার আর তীরে এসে তরী ডুবেনি টাইগারদের। টি-টোয়েন্টিতে মুখোমুখি দেখায় নবম ম্যাচে এসে ভারতকে হারালো বাংলাদেশ। সাকিব-তামিমকে ছাড়াই মুশফিক-সৌম্যদের দুর্দান্ত ইনিংসে ভর করে জিতেছে লাল-সবুজের জার্সিধারীরা।

১৯.৩ ওভারে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে। ৭ উইকেটের এই জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে লিড নিল টাইগাররা।

এর আগে টি-টোয়েন্টির হাজারতম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্বাগতিকরা তোলে ১৪৮ রান।

বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় বাঁহাতি ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম শেখের। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রোববার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি। আর এই ম্যাচটি বিশেষভাবেই গুরুত্ব পাচ্ছে নতুন মাইলফলক ছোঁয়ার কারণে। ২০০৫ সালে ক্রিকেটের ক্ষুদ্র এই সংস্করণ চালুর পর বাংলাদেশ-ভারতের ম্যাচটি স্থান করে নিয়েছে টি-টোয়েন্টির ১০০০তম ম্যাচ হিসেবে।

ইনিংসের প্রথম ওভারের শেষ বলে ব্যক্তিগত ৯ রানে এলবির ফাঁদে পড়েন ভারতের ওপেনার রোহিত শর্মা। দলীয় ১০ রানের মাথায় প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। এরপর দলীয় ৩৬ রানের মাথায় আমিনুল ইসলামের বলে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ তুলে দেন ১৭ বলে ১৫ রান করা লোকেশ রাহুল। দলীয় ৭০ রানের মাথায় আবারও আঘাত হানেন লেগ স্পিনার আমিনুল। এবার ফিরিয়ে দেন শ্রেয়ার্স আইয়ারকে। ১৩ বলে এক চার আর দুই ছক্কায় ২২ রান করে মোহাম্মদ নাঈমের হাতে ধরা পড়েন তিনি।

ম্যাচের ১৫তম ওভারে রানআউট হন ওপেনার শিখর ধাওয়ান। বিদায়ের আগে এই ওপেনার ৪২ বলে করেন ৪১ রান। তার ইনিংসে ছিল তিনটি চার আর একটি ছক্কার মার। দলীয় ৯৫ রানের মাথায় ভারত চতুর্থ উইকেট হারায়। ১০২ রানের মাথায় বিদায় নেন অভিষিক্ত শিভাম দুবে (১)। আফিফ হোসেনের বলে তারই হাতে ক্যাচ তুলে দেন এই অভিষিক্ত। ২৬ বলে ২৭ রান করা রিশব পান্থকে ফেরান শফিউল ইসলাম। ক্রুনাল পান্ডিয়া ৮ বলে ১৫ এবং ওয়াশিংটন সুন্দর ৫ বলে ১৪ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে শফিউল ইসলাম ৪ ওভারে ৩৬ রান খরচায় কোনো উইকেট পাননি। মোস্তাফিজ ২ ওভারে ১৫ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। ৩ ওভারে আমিনুল ২২ রান দিয়ে তুলে নেন দুটি উইকেট। সৌম্য সরকার ২ ওভারে ১৬, মোসাদ্দেক ১ ওভারে ৮, মাহমুদউল্লাহ ১ ওভারে ১০ রান দিয়ে কোনো উইকেট পাননি। আল আমিন ৪ ওভারে ২৭ রান খরচায় কোনো উইকেট পাননি। আফিফ হোসেন ৩ ওভারে ১১ রান দিয়ে পান একটি উইকেট।

ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ রানের মাথায় বিদায় ওপেনার লিটন দাস (৭)। এরপর জুটি গড়েন সৌম্য সরকার এবং মোহাম্মদ নাঈম। দ্বিতীয় জুটিতে তারা যোগ করেন ৪৬ রান। ব্যক্তিগত ২৬ রান করে বিদায় নেন নাঈম। যুভেন্দ্র চাহালের বলে বিগ শটে শিখর ধাওয়ানের হাতে ধরা পড়েন ২৮ বলে দুই চার আর একটি ছক্কা হাঁকানো এই অভিষিক্ত। তৃতীয় উইকেট জুটিতে ৬০ রান যোগ করেন সৌম্য সরকার এবং মুশফিকুর রহিম। ব্যক্তিগত ৩৯ রানে বিদায় নেন সৌম্য। খলিল আহমেদের বলে বোল্ড হওয়ার আগে সৌম্য ৩৫ বলে এক চার আর দুই ছক্কায় তার ইনিংসটি সাজান। ১৭তম ওভারে দলীয় ১১৪ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

মুশফিক ১৯তম ওভারে খলিল আহমেদকে টানা চারটি বাউন্ডারি হাঁকান। টি-টোয়েন্টির ক্যারিয়ারে পঞ্চম ফিফটিও তুলে নেন। মুশফিক ৪৩ বলে আটটি চার আর একটি ছক্কায় ৬০ রানে অপরাজিত থাকেন। মাহমুদউল্লাহ রিয়াদ ৭ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন।

বরাবরের মতো ভারতসহ উপমহাদেশে স্টার স্পোর্টসের মাধ্যমে দেখা যাবে সিরিজটি। স্টার স্পোর্টস ছাড়াও বাংলাদেশে সিরিজের টিভি স্বত্ব নিয়েছে আরও দুইটি চ্যানেল। গাজী টিভিসহ (জিটিভি)চ্যানেল নাইনের পর্দায় খেলা দেখা যাবে। পাশাপাশি দেশের সরকারি চ্যানেল বিটিভি ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে। ভারতীয়রা অনলাইন দেখতে পারবেন হটস্টারের মাধ্যমে এবং বাংলাদেশে দেখা যাবে র‌্যাবিটহোলের মাধ্যমে। স্কাই স্পোর্টস, ফক্স স্পোর্টসেও দেখা যাবে সিরিজটি।

নারায়ণগঞ্জ থেকে এসপি হারুনকে বদলি

0

নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।

আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বদলি করে তাকে পুলিশ অধিদপ্তরে পুলিশ সুপার (টিআর) পদে দায়িত্ব দেয়া হয়েছে।

হারুন ২০১৮ সালের ২ ডিসেম্বর নারায়ণগঞ্জের এসপি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তার আগে ২০১৪ সালের ২৪ আগস্ট পুলিশ সুপার হিসেবে গাজীপুরে যোগদান করেন তিনি।

আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন ড. ইউনূস

0

তুচ্ছ কারণে কর্মকর্তাদের চাকরিচ্যুতের অভিযোগে দায়ের করা তিন মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ রবিবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকিয়া পারভিনের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

গত ৯ অক্টোবর ট্রেড ইউনিয়নের কাজে বাধা দেয়া ও চাকরিচ্যুতির অভিযোগের মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক রহিবুল ইসলাম। এ আদেশের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে সময় চেয়ে ড. ইউনূসের পক্ষে আবেদন করা হয়।

২৮ অক্টোবর ড. ইউনূসকে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও খোন্দকার দিলুরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

গ্রামীণ কমিউনিকেশন্সের সদ্য চাকরিচ্যুত সাবেক তিন কর্মচারী গত ৩ জুলাই ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. মুহাম্মদ ইউনূসসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, ট্রেড ইউনিয়ন গঠন করায় তাঁদের চাকরিচ্যুত করা হয়েছে।

ফুটপাত দিয়ে বাইক চালালে ১০ হাজার টাকা জরিমানা

0

ফুটপাত দিয়ে মোটর সাইকেল চালালে তিন মাস কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রেখে বহুল আলোচিত সড়ক পরিবহন আইন ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে।

২২ অক্টোবর আইনটি কার্যকরের তারিখ ঘোষণা করে গেজেট জারি করে সরকার। নতুন আইনে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। সড়কে আইন লঙ্ঘন করলে আজ থেকেই নতুন আইনে সাজা দেয়া হবে।

নতুন এ আইনে সব ধরনের সাজা বাড়ানো হয়েছে। নতুন আইনে ট্রাফিক সংকেত ভঙ্গের জরিমানা ৫০০ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১০ হাজার, হেলমেট না পরলে জরিমানা ২০০ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১০ হাজার টাকা করা হয়েছে। সিট বেল্ট না বাঁধলে, মোবাইল ফোনে কথা বললে চালকের সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে।

বেপরোয়া গাড়ি চালিয়ে কাউকে আহত করলে তিন লাখ টাকা জরিমানা ও তিন বছরের জেল হতে পারে। নতুন আইনে চালকদের লাইসেন্স পেতে অষ্টম শ্রেণি, সহকারীকে পঞ্চম শ্রেণি পাস হতে হবে।

ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে ১২ পয়েন্ট রাখা হয়েছে। আইন ভঙ্গে জেল-জরিমানা ছাড়াও লাইসেন্সের পয়েন্ট কাটা যাবে। পুরো ১২ পয়েন্ট কাটা গেলে লাইসেন্স বাতিল।

চালক ও তার সহকারীকে নিয়োগপত্র দেয়া বাধ্যতামূলক করা হয়েছে।

গণপরিবহনে ভাড়ার চার্ট প্রদর্শন না করলে বা অতিরিক্ত ভাড়া দাবি কিংবা আদায় করলে এক মাসের জেল বা ১০ হাজার টাকা জরিমানা এমনকি চালকের ১ পয়েন্ট কাটা যাবে।

কনট্রাক্ট ক্যারিজের মিটার অবৈধভাবে পরিবর্তন বা অতিরিক্ত ভাড়া দাবি বা আদায় সংক্রান্ত ধারা ৩৫ এর বিধান লঙ্ঘনের দণ্ড- যদি কোনো ব্যক্তি ধারা ৩৫ এর বিধান লঙ্ঘন করেন, এ জন্য তিনি সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে দোষসূচক ১ পয়েন্ট কাটা হবে।

কন্ডাক্টর লাইসেন্স ছাড়া কোনো গণপরিবহণে কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন সংক্রান্ত ধারা ১৪ এর বিধান লঙ্ঘনের দণ্ড- যদি কোনো ব্যক্তি ধারা ১৪ এর বিধান লঙ্ঘন করেন, এ জন্য তিনি সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

মোটরযান রেজিস্ট্রেশন ছাড়া মোটরযান চালনা সংক্রান্ত ধারা ১৬ এর বিধান লঙ্ঘনের দণ্ড- যদি কোনো ব্যক্তি ধারা ১৬ এর বিধান লঙ্ঘন করেন, এ জন্য তিনি সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

ভুয়া রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার ও প্রদর্শনে বিধি-নিষেধ সংক্রান্ত ধারা ১৭ এর বিধান লঙ্ঘনের দণ্ড- যদি কোনো ব্যক্তি ধারা ১৭ এর বিধান লঙ্ঘন করেন, এ জন্য তিনি সর্বোচ্চ দুই বছর তবে কমপক্ষে ছয় মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা তবে কমপক্ষে এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

মোটরযানের মালিকানা পরিবর্তন বা হস্তান্তরের কারণে হস্তান্তর গ্রহীতার রেজিস্ট্রেশন সংক্রান্ত ধারা ২১ এর বিধান লঙ্ঘনের দণ্ড- যদি কোনো হস্তান্তর গ্রহীতা ধারা ২১ এর বিধান লঙ্ঘন করেন, এ জন্য তিনি সর্বোচ্চ এক মাস কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

মোটরযানের ফিটনেস সনদ ছাড়া বা মেয়াদোত্তীর্ণ ফিটনেস সনদ ব্যবহার করে বা ইকোনমিক লাইফ অতিক্রান্ত বা ফিটনেসের অনুপযোগী, ঝুঁকিপূর্ণ মোটরযান চালনা সংক্রান্ত ধারা ২৫ এর বিধান লঙ্ঘনের দণ্ড- যদি কোনো ব্যক্তি ধারা ২৫ এর বিধান লঙ্ঘন করেন, এ জন্য তিনি সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

ট্যাক্স-টোকেন ছাড়া বা মেয়াদোত্তীর্ণ ট্যাক্স-টোকেন ব্যবহার করে মোটরযান চালনা সংক্রান্ত ধারা ২৬ এর বিধান লঙ্ঘনের দণ্ড- যদি কোনো ব্যক্তি ধারা ২৬ এর বিধান লঙ্ঘন করেন, এ জন্য তিনি সর্বোচ্চ ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

রুট পারমিট ছাড়া পাবলিক প্লেসে পরিবহন যান ব্যবহার সংক্রান্ত ধারা ২৮ এর বিধান লঙ্ঘনের দণ্ড- যদি কোনো ব্যক্তি ধারা ২৮ এর উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করেন, এ জন্য তিনি সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ২০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

বিদেশি নাগরিকের বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে নিজ দেশের মোটরযান/গণপরিবহণের রুট পারমিট গ্রহণ না করা সংক্রান্ত ধারা ২৯ এর বিধান লঙ্ঘনের দণ্ড- যদি কোনো বিদেশি নাগরিক ধারা ২৯ এর বিধান লঙ্ঘন করেন, এজন্য তিনি সর্বোচ্চ ৩০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

মোটরযানের বাণিজ্যিক ব্যবহার সংক্রান্ত ধারা ৩১ এর বিধান লঙ্ঘনের দণ্ড- যদি কোনো ব্যক্তি ধারা ৩১ এর বিধান লঙ্ঘন করেন, এ জন্য তিনি সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে দোষসূচক ১ পয়েন্ট কাটা হবে।

গণপরিবহনে ভাড়ার চার্ট প্রদর্শন ও নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া দাবি বা আদায় সংক্রান্ত ধারা ৩৪ এর বিধান লঙ্ঘনের দণ্ড- যদি কোনো ব্যক্তি ধারা ৩৪ এর উপ-ধারা (৩) ও (৪) এর বিধান লঙ্ঘন করেন, এ জন্য তিনি সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে দোষসূচক ১ পয়েন্ট কাটা হবে।

ঢাকার দুই সিটির নির্বাচন জানুয়ারিতে

0

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর। দুই সিটি নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।

আজ রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান ইসি সচিব।

তিনি বলেন, আজ অনুষ্ঠিত কমিশন সভায় ঢাকার দুই সিটির ভোট জানুয়ারিতে একদিনে করার সিদ্ধান্ত হয়েছে। ১৫ নভেম্বরের পর তফসিল ঘোষণা করা হবে। দুই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হবে। তবে চট্টগ্রাম সিটির ভোটের ব্যাপারে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।