Home Blog Page 3384

বাগদাদির মৃত্যুতে আইএসের শোক, নতুন নেতা কুরাইশি

0

মার্কিন অভিযানের মুখে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল-বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংগঠনটি। অডিওতে ধারণকৃত এক শোকবার্তায় আইএসের পক্ষ থেকে তাঁর মৃত্যু নিশ্চিত করার পাশাপাশি নতুন নেতা হিসেবে আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরাইশির নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া বাগদাদির মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে সেজন্য প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে তারা।

বৃহস্পতিবার আইএস এর বার্তা সংস্থা আমাক এক অডিও টেপে বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করে সেই শোকবার্তা প্রকাশ করেছে।

আইএসের মুখপাত্র আবু হামজা আল কুরেইশি এ শোকবার্তা পড়ে শোনান। এ সময় দলের নতুন নেতা হিসাবে আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরাইশির নাম জানান তিনি।
ওই বার্তায় হুমকি দিয়ে বলা হয়েছে, ‘বাগদাদির নেতৃত্বে যা হয়েছে তার তুলনায় আরো ভয়ঙ্কর দিন আসতে চলেছে। বাগদাদির মৃত্যুতে ইসলামিক স্টেটের এক প্রধান মুছে গেছে ঠিকই, কিন্তু সংগঠন এখনো মরে যায়নি।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে আইএস নেতা বাগদাদির মৃত্যু ঘোষণা করেন।

আইএসের নতুন নেতার নাম এর আগে জানা যায়নি। এ কারণে বিশেষজ্ঞরা ধারণা করছেন, সে ব্যক্তি হয়ত পুরনো কোনো আইএস নেতা, যাকে নতুন নামে পরিচিত করিয়েছে সংগঠনটি।

সিরিয়ার ১৮ সেনা ধরে নিয়ে গেছে তুরস্ক

0

তুরস্কের সেনা বাহিনী উত্তর-পূর্ব সিরিয়া থেকে ১৮ জন সরকারি সেনা সদস্যকে ধরে নিয়ে গেছে। তাদের মধ্যে দু’জন আহতও রয়েছেন বলে জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলিসি আকার। তবে কবে আটক করা হয়েছে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। আজ বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেন হুলিসি আকার।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলিসি আকার বলেন, উত্তর-পূর্ব সিরিয়ার রাস আল-আইন নামক অঞ্চলে প্ররিদর্শন করছিল তুরস্কের সেনা বাহিনী। এই সময় দেশটির সরকারি বাহিনীর ১৮ জন সদস্যকে আটক করে। আটক ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করছে আঙ্কারা।

সিরিয়ার এক কুর্দি কর্মকর্তা জানান, সিরিয়ার সরকারি বাহিনী এবং তুরস্কসমর্থিত যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াইয়ের সময় গত মঙ্গলবার সৈন্যদের আটক করা হয়েছিল। কুর্দি যোদ্ধারাও সিরিয়ার সেনাদের পাশাপাশি লড়াই চালিয়ে যাচ্ছে।

এদিকে, গত মঙ্গলবার সিরিয় ও তুর্কি সৈন্যদের মধ্যে সীমান্তে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। অক্টোবর মাসের গোড়ার দিকে আঙ্কারার কুর্দি বিরোধী অভিযান শুরুর পর এই প্রথম বারের মতো এ দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে এ সংঘর্ষ হলো। আর তার এক দিন পরই সিরিয়ার সৈন্য আটকের খবর জানাল তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: ভয়েস অব আমেরিকা।

নির্ভয়ার খুনিরা পাঁচদিনের মধ্যে প্রাণভিক্ষা না চাইলে পরবর্তী পদক্ষেপ

0

নির্ভয়া গণধর্ষণ ও হত্যায় জড়িতদের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে আগেই। সেই চার অপরাধীকে নোটিশ পাঠিয়েছে কারাগার কর্তৃপক্ষ। আদালতের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে, ভারতের আইনগত যে সুযোগসুবিধা আছে, সেটা তারা এরই মধ্যে নিয়েছে। এখন একমাত্র পথ হিসেবে খোলা রয়েছে, রাষ্ট্রপতির শরণাপন্ন হওয়ার। বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে।

গত ২৯ অক্টোবর ওই চারজন ফাঁসির আসামির কাছে নোটিশ পাঠিয়েছেন তিহার জেলের সুপার। প্রাণভিক্ষার আবেদন জানানোর জন্য তাদের মাত্র সাত দিন সময় আছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এরই মধ্যে আরো দুই দিন কেটে গেল।

এক্ষেত্রে কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানাতে হবে অভিযুক্ত চারজনকে। আর রাষ্ট্রপতির কাছে প্রাণভাক্ষা না চাইলে কারা কর্তৃপক্ষ আইন অনুসারে পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে।

তিহারের ডিরেক্টর জেনারেল সন্দীপ গোয়েল জানান, তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে। তারা প্রাণভিক্ষার আবেদন না জানালে তা ট্রায়াল কোর্টকে জানানো হবে। আদালতই পরবর্তী পদক্ষেপ নেবে।

উল্লেখ্য, নির্ভায়াকাণ্ডের চারজন ফাঁসির আসামিকে তিহারে এবং এক জনকে মানদোলিতে রাখা হয়েছে। এদের মধ্যে কেউ প্রাণভিক্ষা না চাইলে কারা কর্তৃপক্ষ তা আদালতকে জানাবে। এর পরে মৃত্যু পরোয়ানা জারি করবে আদালত।

ইসরায়েলি পণ্যে নরওয়ের নিষেধাজ্ঞা, খুশি ফিলিস্তিনিরা

0

নরওয়ের রাজধানী অসলো ইসরায়েলের ভূমিতে উৎপাদিত সব ধরনের পণ্য এবং দেশটি সকল সেবা গ্রহণ করতে একটি নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই সংক্রান্ত কোনো ধরনের চুক্তিতে যাবে না অসলো। এর আগে নরওয়ের সমাজতান্ত্রিক বাম, সবুজ ও শ্রম দলসমূহ একটি পরিকল্পনা করে। সেখানে বলা হয়, কোনো দেশ নিজের ক্ষমতা চর্চা করে অন্য দেশের জয়গা দখল করে পণ্য উৎপাদন করলে সেই পণ্য ক্রয় করতে কোনো চুক্তি করবে না অসলো।

নরওয়ের সমাজতান্ত্রিক বাম দলের অসলো চ্যাপ্টার এবং অসলো সিটি কাউন্সিল গ্রুপের নেতা সুন্নিবা এইডসভল বলেন, ফিলিস্তিন’র জনগণ নিজদের ভূমি রক্ষা করতে প্রতিদিন অবৈধ দখলদারদের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে। আন্তর্জাতিক মনোযোগ এবং সমর্থন পাওয়ার যোগ্য তারা।

মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন না হয়, তা নিশ্চিত করতে সহায়তা করা একটি যৌথ বৈশ্বিক দায়িত্ব বলে মনে করেন সুন্নিবা এইডসভল। তিনি বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে অসলো একটি ভালো পদক্ষেপ নিয়েছে। এতে আমি গর্বিত।

ফিলিস্তিন’র একশ ৭০টিরও বেশি সিভিল সোসাইটির সংস্থা, ইউনিয়ন, সাংস্কৃতিক এবং মানবাধিকার নিয়ে কাজ করে এমন গ্রুপ নিয়ে দ্যা বয়কট নামের একটি কমিটি গঠন করে। তারা ইসরায়েলের দখলদারিতে বিরুদ্ধে নানা কর্মসূচি পালন করেন। ইসরায়েলিরা এই কমিটিকে কৌশলগত হুমকি মনে করে। ইসরায়েলের ভূমিতে উৎপাদিত সব ধরনের পণ্য এবং দেশটি সকল সেবা গ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করায় খুশি ফিলিস্তিনিরা। সুন্নিবা এইডসভল বলেন, নরওয়ের সমাজতান্ত্রিক বাম দল ফিলিস্তিনিদের এই কর্মসূচিকে সব সময় সমর্থন করে।

আজ থেকে কার্যকর হচ্ছে সড়ক পরিবহন আইন

0

সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি বা নিহতের উত্তরাধিকারীরা আর্থিক সহায়তা তহবিল থেকে নির্ধারিত ক্ষতিপূরণ বা চিকিৎসার খরচ পাবেন। এ জন্য গঠন করা হবে আলাদা ট্রাস্টি বোর্ড। ট্রাস্টি বোর্ড গাড়ি মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় ও বিভিন্ন অভিযানে জরিমানা বাবদ আদায় করা অর্থ দিয়ে এই তহবিল গঠন করবে।

সড়ক পরিবহন আইন-২০১৮ আজ শুক্রবার থেকে কার্যকর হতে যাচ্ছে। নতুন আইনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার উত্তরাধিকারীকে ক্ষতিপূরণ দেওয়ার এ বিধান রাখা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত গাড়ির জন্য কোনো ক্ষতিপূরণ মিলবে না।

তবে পরিবহন শ্রমিকদের বড় ফেডারেশন-বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বলছে, নতুন আইনে আইনের ব্যত্যয় ঘটিয়ে যে জরিমানা নির্ধারণ করা হয়েছে তা অতিরিক্ত। অতিরিক্ত পণ্য বহন করলে ওয়েটস্কেলে ধরা পড়লেই জরিমানা আদায় করা হবে। কিন্তু মালামাল তোলার সময় ট্রান্সপোর্ট এজেন্সির কাছ থেকে এ জরিমানা আদায় করা উচিত। অতিরিক্ত ওজনবাহী গাড়ির জরিমানা চালকের কাছ থেকে আদায় করা উচিত নয়।

নতুন আইনে বেপরোয়া বা অবহেলা করে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনায় কেউ গুরুতর আহত বা কারো প্রাণহানি হলে অপরাধীর সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা অনধিক পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। তবে তদন্তে যদি দেখা যায়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে চালকের বেপরোয়া গাড়ি চালানোতে মৃত্যু হয়েছে তবে তা হত্যাকাণ্ড বলে বিবেচিত হবে। আর এতে দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী ওই চালকের সর্বোচ্চ শাস্তি হবে প্রাণদণ্ড। এটা তদন্তসাপেক্ষ এবং তথ্যের ওপর ভিত্তি করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্ধারণ করবে। এ মামলাটি অজামিনযোগ্য ধারার। আগের আইনে মামলার ক্ষেত্রে তিন বছরের কারাদণ্ড ছিল ও তা ছিল জামিনযোগ্য। অতিরিক্ত ওজন বহন করে গাড়ি চালালে চালকের এক বছরের জেল বা অনধিক এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

নতুন আইনে সড়ক দুর্ঘটনায় আহত বা নিহত ব্যক্তির উত্তরাধিকারীকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য গঠন করা হবে ‘আর্থিক সহায়তা তহবিল’। কর্তৃপক্ষ বিধি দ্বারা নির্ধারিত হারে ও পদ্ধতিতে গাড়ির মালিক ও প্রতিষ্ঠানের কাছ থেকে গাড়ির শ্রেণি অনুসারে বার্ষিক বা এককালীন চাঁদা আদায় করবে। এই চাঁদা দিয়েই তহবিল সংগ্রহ হবে এবং এ চাঁদা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আর্থিক সহায়তা তহবিল ও ট্রাস্টি বোর্ডের কার্যক্রম পরিচালনায় ট্রাস্টি বোর্ডে সরকার অনুমোদিত কর্মচারী নিয়োগ দেওয়া হবে।

আর্থিক সহায়তা তহবিল পরিচালনার জন্য একজন চেয়ারম্যানের অধীনে ট্রাস্টি বোর্ড গঠন করা হবে। তাতে মহাসড়ক পুলিশসহ বিভিন্ন সংস্থার ১১ জন প্রতিনিধি থাকবেন। এটি স্বশাসিত সংস্থা হবে। সংস্থাটি মামলা করতে পারবে। এই বোর্ডের কার্যালয় থাকবে ঢাকায়। তবে অন্যত্র শাখা থাকতে পারে। ট্রাস্টি বোর্ড সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত বা নিহত ব্যক্তির উত্তরাধিকারীকে আর্থিক সহায়তার পরিমাণ নির্ধারণ ও তা মঞ্জুর করবে। আর এ পুরে প্রক্রিয়াটি তদারক করবে বোর্ড। এ তহবিল জরিমানা ও চাঁদা আদায় ছাড়াও সরকারি অনুদান, মালিক সমিতির অনুদান, মোটর শ্রমিক সংগঠনের অনুদান বা অন্য কোনো বৈধ উৎস থেকে পাওয়া অর্থ দিয়ে গঠন করা হবে।

ফুলবাড়ীতে রডবোঝাই ট্রলি উল্টে চালকসহ নিহত ২

0

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় একটি ট্রলি উল্টে দু’জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ট্রলিচালক ও একজন শ্রমিক রয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে বাঁশঝাড়া এলাকায় রডবোঝাই দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বিরামপুর থেকে রড নিয়ে ট্রলিটি ফুলবাড়ীর দিকে আসছিল। পথে বাঁশঝাড়া এলাকায় চলন্ত অবস্থায় ট্রলির হিট (ট্রাক্টরের ইঞ্জিন ও বগির মধ্যে সংযুক্ত স্থান) খুলে ট্রলিটি উল্টে ঘটনাস্থলেই ওই দু’জনের মৃত্যু হয়। নিহতরা হলেন- ট্রলিচালক বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের মুকুল হোসেনের ছেলে আল আমিন ইসলাম (২৭) ও ট্রলি শ্রমিক একই উপজেলার কিষ্ট চাঁদপুর গ্রামের তোতা মিয়ার ছেলে আল আমিন (১৭)।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল হাসান দুর্ঘটনায় নিহতের ঘটনাটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পিস্তল, ইয়াবা থেকে যৌন উত্তেজক ওষুধ- সবই আছে কাউন্সিলর মনজুর বাসায়

0

রাজধানীর টিকাটুলী এলাকার রাজধানী সুপারমার্কেট ও নিউ রাজধানী সুপারমার্কেটের ‘স্বঘোষিত’ সভাপতি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মনজু। এই বেপরোয়া চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সম্প্রতি রাজধানী সুপারমার্কেট ও নিউ রাজধানী সুপারমার্কেটে লোহার অ্যাঙ্গেল দিয়ে প্রতিটি ৩৫ বর্গফুট আয়তনের দোকান নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন মনজু। সেখানে গতকাল ওই সব দোকান নির্মাণকাজ উদ্বোধন করা হয়। এর পরই মনজুকে গ্রেপ্তার করা হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে র‌্যাব টিকাটুলীর অফিসে অভিযান চালিয়ে কাউন্সিলর ময়নুল হক মনজুকে গ্রেপ্তার করে। পরে হাটখোলা রোডে তাঁর বাসায় অভিযান চালায়। এসব স্থান থেকে দুটি পিস্তল, মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়। বাড়ি থেকে মনজুর গাড়িচালক সাজ্জাদকেও গ্রেপ্তার করে র‌্যাব।

এর আগে গত বুধবার রাতে কাজী রনি নামে রাজধানী সুপারমার্কেটের একজন ব্যবসায়ী ওয়ারী থানায় মনজুর বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা করেন। র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, চাঁদাবাজির মামলায় প্রথমে গ্রেপ্তার করা হলেও মনজুর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে গতকাল দুটি মামলা হয়েছে। অর্থপাচারের প্রমাণ মিললে মানি লন্ডারিং আইনেও মামলা হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মনজু ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের গত কমিটির সদস্য ছিলেন। বর্তমানে ওয়ারী থানা আওয়ামী লীগের সদস্য। প্রভাবশালী এই কাউন্সিলর সিটি করপোরেশনের সভায় নিয়মিত অনুপস্থিত থাকতেন। চলতি সপ্তাহের শুরুতে দক্ষিণ সিটির যে ২১ কাউন্সিলরকে কারণ দর্শাও নোটিশ পাঠানো হয়েছিল তার মধ্যে মনজু একজন।

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন রাজধানী সুপারমার্কেট ও নিউ রাজধানী সুপারমার্কেটের এক হাজার ৭৮৮টি দোকান থেকে প্রতি মাসে চাঁদা আদায় করতেন দোকানপ্রতি ৯৫০ টাকা। এর বাইরে ঈদে বা পূঁজায় দিতে হতো বাড়তি চাঁদা। জেনারেটর, বেয়ারসহ অন্যান্য খরচের নামেও দিতে হতো চাঁদা। তাঁর বেপরোয়া চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে ভুক্তভোগী ব্যবসায়ীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ ও র‌্যাব সদর দপ্তরসহ বিভিন্ন স্থানে অভিযোগ, এমনকি মামলা করলেও পাননি প্রতিকার। টানা আট বছর মনজু আর তাঁর ক্যাডার বাহিনীর কাছে জিম্মি ছিলেন সাধারণ ব্যবসায়ীরা।

অবৈধ টাকায় আঙুল ফুলে হয়েছেন বটগাছ। দুই মার্কেট থেকে প্রতি মাসে প্রায় কোটি টাকার চাঁদা তুলে হুন্ডির মাধ্যমে পাঠাতেন যুক্তরাষ্ট্রে থাকা পরিবারের কাছে। মাদক সেবন ও কারবারে জড়িত মনজু মাতাল অবস্থায় ব্যবসায়ীদের হুমকি দিতেন। তাঁর কথার অবাধ্য হলে ক্যাডার বাহিনী দিয়ে ধরে এনে টর্চার সেলে চালাতেন নির্যাতন। প্রতিবাদ করায় হুমকি পেয়ে ব্যবসায়ী আজমল হোসেন, হাফিজুর রহমান, ফজলুল হক, সেন্টু চৌধুরী, আবু বকর ও মতিউর রহমান ওয়ারী থানায় সাধারণ ডায়েরি করেন।

মনজুকে গ্রেপ্তারের ব্যাপারে র‌্যাব-৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল বলেন, টিকাটুলীর রাজধানী সুপারমার্কেট ও নিউ রাজধানী সুপারমার্কেটে চাঁদাবাজি, অবৈধ দখলদারির পাশাপাশি মাদকের কারবারের অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। মনজুর বৈধ কোনো আয় নেই। সন্ত্রাস আর চাঁদাবাজিই তাঁর অর্থের উৎস। সেই টাকা তিনি হুন্ডির মাধ্যমে আমেরিকায় পাঠান বলেও অভিযোগ আছে। কী পরিমাণ অর্থ তিনি পাচার করেছেন এটি তদন্তের বিষয়। কাউন্সিলর মনজু নিজেও একজন মাদকসেবী।

হাটখোলার বাসায় অভিযানের সময় দেখা যায়, চারতলা ওই ভবনের সিঁড়ি, গ্যারেজ বেশ অপরিচ্ছন্ন। নিচতলায় কেউ নেই। দোতলায় তালা লাগানো। তিনতলা ও চারতলা নিয়ে গড়ে তোলা ডুপ্লেক্স বেশ ঝকঝকে তকতকে। দামি টাইলস আর আসবাব দিয়ে প্রতিটি কক্ষ সাজানো। প্রতিটি কক্ষের দেয়ালে সাবেক মন্ত্রীসহ বিশিষ্টজনদের সঙ্গে মনজুর ছবি টানানো।

সেখানে উপস্থিত হয়ে মনজুর আত্মীয় পরিচয় দেন সুমি বেগম নামে এক নারী। তিনি বলেন, মনজুর স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে প্রায় ১৮ বছর ধরে আমেরিকায় থাকেন। মনজুও নিয়মিত আমেরিকায় যাতায়াত করেন। মনজুর বাড়িটি নিয়ে মামলা চলছে।

ময়মনসিংহে মহুয়া এক্সপ্রেস লাইনচ্যুত, ৮ ঘণ্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক

0

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ফাতেমা নগর স্টেশনের কাছে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে প্রায় আট ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। এরপর লাইন মেরামত করে চালু করা হয়েছে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এরপর গভীর রাতে উদ্ধারকাজ চালিয়ে ভোর পাঁচটার দিকে লাইন মেরামত শেষে ট্রেন চলাচল শুরু করা হয়।

ফাতেমা নগর স্টেশন মাস্টার তাজউদ্দিন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

‘লক্ষাধিক মানুষের ফ্রি থাকা-খাওয়ার ব্যবস্থা, নোয়াখালীই সেরা’

0

‘ট্রেন থেকে নামতে দেরি হয়নি, চারদিক থেকে স্বেচ্ছাসেবকরা আমাকে ঘিরে ফেলেছে। ভাই কই থাকবেন? আপনার থাকার- খাওয়ার ব্যবস্থা হয়েছে? আমাদের সাথে চলেন। আপনাদের জন্য ফ্রি থাকা-খাওয়ার ব্যবস্থা করেছি আমরা। এককথায়, মুগ্ধ হয়েছি আমি। নোয়াখালী এককথায় সেরা।’ কথাগুলো সুদূর ময়মনসিংহ থেকে আসা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু জহিরুল ইসলামের।

রাত পোহালেই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু। গতবারের ন্যায় এবারো সারাদেশ থেকে আগত ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের ফ্রি থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে অতিথিপরায়ণ নোয়াখালীবাসী।

ভর্তিচ্ছু ও তাদের অভিভাবক মিলিয়ে ইতিমধ্যে সারাদেশ থেকে নোয়াখালীতে এসেছেন প্রায় লক্ষাধিক মানুষ। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিনা খরচে আবাসন, খাওয়া, কেন্দ্রে যাতায়াত, প্রাথমিক চিকিৎসা, নিরাপত্তাসহ সব ধরণের সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী পৌরসভার মেয়র আলহাজ্ব শহিদ উল্যাহ খান সোহেল, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা পরিষদ, রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজনৈতিক সংগঠন, জেলা ক্রিড়া সংস্থাসহ সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে এবং ব্যক্তিগত উদ্যোগে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নোয়াখালী সদর-সুবর্ণচরের সংসদ সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি ভর্তিচ্ছুদের যাতায়াত সহজ করার জন্য ফ্রি বাস সার্ভিস এবং বিশুদ্ধ পানির বোতলের ব্যবস্থা করেছেন। নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা করেছেন। নোয়াখালী পৌরসভা থেকে ৪০০ জন সবুজ টি-শার্ট পরিহিত স্বেচ্ছাসেবক কাজ করছে পরীক্ষার্থীদের সহযোগিতায়। রাখা ৬টি বুথ, প্রতিটি বুথে থাকবে ৩০ জন করে স্বেচ্ছাসেবক। শহরের স্কুল-কলেজ, মাদরাসা, মসজিদ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে রাখা হয়েছে শিক্ষার্থীদের। ১০০টি মোটরসাইকেল থাকবে শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য। সবার জন্য সকালের নাস্তা এবং রাতের খাবারের পাশাপাশি পৌরসভার নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষা কেন্দ্রে আনা নেওয়া, প্রাথমিক চিকিৎসাসহ সব ধরণের ব্যবস্থা করা হয়েছে। এসব কাজ তদারিক জন্য এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবক টিম গঠন করে দেওয়া হয়েছে। এ ছাড়া সড়কে যানজট নিরসন এবং শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে পৌরসভার স্বেচ্ছাসেবকরা।

পৌর ভবন, পৌর সুপার মার্কেট, পৌর মেয়রের বাসা, বিআরডিবি ভবন, রেড ক্রিসেন্ট গেস্ট হাউজসহ পৌর এলাকার সবগুলো মসজিদে শিক্ষার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ছাত্রী, ছাত্র এবং তাদের অভিভাবকদের জন্যে আলাদা আলাদাভাবে থাকা খাওয়ার সুব্যবস্থা করা হয়েছে। সবার জন্য সকালের নাস্তা এবং রাতের খাবারের পাশাপাশি পৌরসভার নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষা কেন্দ্রে আনা নেওয়া, প্রাথমিক চিকিৎসাসহ সব ধরণের ব্যবস্থা থাকছে এসব কাজ তদারিক জন্য এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবক টিম গঠন করে দেওয়া হয়েছে। এ ছাড়া সড়কে যানজট নিরসন এবং শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে পৌরসভার স্বেচ্ছাসেবকরা কাজ করবে।

ভর্তিচ্ছুদের জন্য সদর উপজেলা চেয়ারম্যান এ.কে. এম সামছুদ্দিন জেহান সদর উপজেলা পরিষদে ফ্রি থাকা-খাওয়ার ব্যবস্থা করেছেন। রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিট ভবন, এফপিএবি ভবন, জেলা আইনজীবী সমিতি ভবন, মহামেডান স্পোটিং ক্লাব এবং শহীদ ভুলু স্টেডিয়ামে ভর্তীচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। জরুরি প্রয়োজনে নোয়াখালী সরকারি কলেজের পুরাতন হোস্টেল এবং মাইজদী গার্লস একাডেমি ভবনও প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে রেডক্রিসেন্ট ভবন এবং এফপিএবি ভবনে ছাত্রীদের থাকা-খাওয়া এবং বাকিগুলোতে ছাত্রদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। গতকাল সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ বুথ খোলা হয়েছে। অনলাইনেও তথ্য সহায়তা পাবে ভর্তিচ্ছুরা।

রেডক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিট ভবন, এফপিএবি ভবন, জেলা আইনজীবী সমিতি ভবন, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শহীদ ভুলু স্টেডিয়ামে ভর্তীচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। জরুরি প্রয়োজনে নোয়াখালী সরকারি কলেজের পুরাতন হোস্টেল এবং মাইজদী গার্লস একাডেমি ভবনও প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে রেডক্রিসেন্ট ভবন এবং এফপিএবি ভবনে ছাত্রীদের থাকা-খাওয়া এবং বাকিগুলোতে ছাত্রদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এসব কাজ তদারকির জন্য যুব রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবক দলকে প্রস্তুত। স্বেচ্ছাসেবকরা আবাসন, খাওয়া, চিকিৎসার পাশাপাশি সড়কে শৃঙ্খলার কাজে সহায়তা করে যাচ্ছেন।

আজ থেকে ৩ নভেম্বর সকাল পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সব ধরণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এসব কাজে চার শতাধিক নিয়মিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মাঠে থাকবে। সড়ক, বাস টার্মিনাল, রেলস্টেশন, পরীক্ষা কেন্দ্র সব সর্বত্র শৃঙ্খলা নিশ্চিত করার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি র‌্যাব সদস্যরাও মাঠে থাকবে।

এদিকে গতকাল সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সরকারি কর্মকর্তাগণ সার্বক্ষণিক মাঠে রয়েছে। কোথাও কোনো অনিয়ম, বিশৃঙ্খলা দেখা দিলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা চলাকালীন সময়ে কোনো প্রকার গুজব বা বিভ্রান্তি যাতে না ছড়াতে পারে সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে।

ভর্তিচ্ছুদের জন্য নোয়াখালীবাসীর নানা আয়োজনের প্রশংসা করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার- উল-আলম বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য নোয়াখালীবাসীর এমন আয়োজন গোটা বিশ্বে বিরল দৃষ্টান্ত। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ৪৯টি বিশ্ববিদ্যালয় আছে। কেউ এমনটা চিন্তাই করতে পারে না। আপনারা কীভাবে যে কী করছেন, এটা চিন্তাই করা যায় না। এটা সত্যিই বিষ্ময়কর, অভিভূত হওয়ার মতো ঘটনা। এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আমি নিজে গৌরব এবং অহংকার অনুভব করি।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন ৮ ডিসেম্বর থেকে

0

আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের কাউন্টডাউন। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির এক সভায় এ তথ্য জানানো হয়।

আগামী বছর (২০২০ সাল) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

সভায় আগামী বছর ১৭ মার্চ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর জাতীয় কর্মসূচি যথাযথভাবে উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, ১৭ মার্চ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।

এর আগে সভার শুরুতেই জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী ১৭ মার্চ থেকে বছরব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন।

সভায় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম ও ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক, জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামসহ জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন ও জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।