Home Blog Page 3385

রাষ্ট্রপতির সঙ্গে নয়া মন্ত্রিপরিষদ সচিবের সাক্ষাৎ

0

নয়া মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন বলেন, বৈঠকে রাষ্ট্রপতি নতুন মন্ত্রিপরিষদ সচিবকে বাংলাদেশ সিভিল সার্ভিসে সর্বোচ্চ পদে নিয়োগ পাওয়ার জন্য অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি বলেন, সরকারি কর্মকর্তারা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, সরকারি কর্মকর্তারা নতুন মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে জনগণের আরো বেশি সেবা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করতে পারবেন।

নয়া মন্ত্রিপরিষদ সচিব তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির প্রয়োজনীয় সহযোগিতা ও নির্দেশনা কামনা করেন।

দেশের ২২তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত আনোয়ারুল ইসলাম-এর আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সেতু বিভাগের সিনিয়র সচিব ছিলেন।

রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব হিসেবে মনোনীত সাদ

0

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক রাহগির আল মাহি সাদ এরশাদকে পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মনোনীত করেছেন।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। হুসেইন মহম্মদ এরশাদের প্রয়াণের পর তার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাদ এরশাদ।

চাঁদাবাজির কোটি কোটি টাকা যুক্তরাষ্ট্রে পাচার করছিলেন কাউন্সিলর মঞ্জু: র‌্যাব

0

চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। চাঁদাবাজির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ তিনি আমেরিকায় বসবাসরত পরিবারের কাছে পাচার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর টিকাটুলিতে মঞ্জুর কার্যালয়ে অভিযান শেষে এসব কথা জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল শাফী উল্লাহ বুলবুল।
তিনি বলেন, চলমান ক্যাসিনোবিরোধী অভিযান ও শুদ্ধি অভিযানের ধারাবাহিকতায় আজ (বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে টিকাটুলির নিজ কার্যালয় থেকে কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে গ্রেফতার করা হয়েছে। মঞ্জু বুধবার (৩০ অক্টোবর) দিনগত রাতে ওয়ারী থানায় দায়ের করা এক চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি।
লে. কর্নেল শাফী বলেন, তার বিরুদ্ধে আরও দু’টি মামলা রয়েছে। সবগুলো মামলাতেই তার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলবাজি ও সন্ত্রাসবাদীর অভিযোগ রয়েছে। অভিযানে তার কার্যালয় থেকে দুইটি আগ্নেয়াস্ত্র, মাদক ও নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বিকেলে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, অভিযোগ রয়েছে, কাউন্সিলর মঞ্জু চাঁদাবাজির মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধভাবে অর্জন করেছেন এবং সেসব অর্থ আমেরিকায় বসবাসরত পরিবারের কাছে হুন্ডির মাধ্যমে পাচার করেছেন। কী পরিমাণ অর্থ তিনি পাচার করেছেন এটি আইনিভাবে তদন্তের বিষয়। কাউন্সিলর মঞ্জু নিজেও একজন মাদকসেবী ছিলেন।

কারাবন্দি সম্রাটকে শিগগিরই বিএসএমএমইউতে স্থানান্তর

0

ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার ঢাকা দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে খুব শিগগিরই উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হচ্ছে।
বুধবার (৩০ অক্টোবর) আদালতের নির্দেশ পাওয়ার পর পরই কারা কর্তৃপক্ষ এ নিয়ে কারা বিধি অনুযায়ী বিএসএমএমইউ হাসপাতালে সম্রাটের চিকিৎসার উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিএসএমএমইউ হাসপাতালে যাওয়ার কথা রয়েছে কারা কর্মকর্তার। তিনি বিএসএমএমইউ ভিসি ও হাসপাতাল পরিচালকসহ সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে সম্রাটের চিকিৎসা সংক্রান্ত আলাপ-আলোচনা করবেন। পাশাপাশি নিরাপত্তার বিষয়ে ডিএমপির রমনা জোনের উপ-পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেনের সঙ্গেও কারা কর্মকর্তার দেখা করার কথা রয়েছে।
জানা গেছে, চিকিৎসার পরিবেশসহ অন্যান্য বিষয়গুলো নিশ্চিত হওয়া সাপেক্ষে সম্রাটকে হাসপাতালে আনা হবে।
বুধবার (৩০ অক্টোবর) অস্ত্র মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী এবং মাদক মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমান শুনানি শেষে সম্রাটকে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসার আদেশ দেন।
এ সময় সম্রাটের পক্ষে তার আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হীরা উন্নত চিকিৎসার আবেদন করেন এবং শুনানিতে অংশ নেন। শুনানিতে তিনি বলেন, কারাগারে সম্রাট খুবই অসুস্থ। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। উন্নত চিকিৎসা না পেলে তার জীবন সঙ্কটময় হতে পারে।
শুনানি শেষে আদালত কারা বিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষকে চিকিৎসার আদেশ দেন বলে জানান রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা নিজাম উদ্দিন।
৬ অক্টোবর (রবিবার) ভোর পাঁচটার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে ইসমাইল চৌধুরী সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেফতার করে র‌্যাব।
পরে সম্রাটকে সঙ্গে নিয়ে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ মদ, পিস্তল ও বন্যপ্রাণির চামড়া জব্দ করা হয়। আইন অমান্য করে বন্যপ্রাণির চামড়া রাখার দায়ে সম্রাটকে ৬ মাসের কারাদণ্ড দেন আদালত। সে দিনই রাত পৌনে ৯টার দিকে সম্রাটকে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
৭ অক্টোবর র‌্যাব-১ এর ডিএডি আবদুল খালেক বাদী হয়ে এ সংক্রান্ত রমনা থানায় দুটি মামলা দায়ের করেন। এর মধ্যে অস্ত্র মামলায় সম্রাটকে একমাত্র আসামি করা হয়। মাদক মামলায় সম্রাট এবং আরমানকে আসামি করা হয়। ১৫ অক্টোবর মাদক মামলায় পাঁচ দিন এবং অস্ত্র আইনের মামলায় পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৪ অক্টোবর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

পাকিস্তানে ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ; নিহত ৬৫

0

পাকিস্তানে একটি ট্রেনে সিলিন্ডার বিস্ফোরণে ৬৫ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় লিয়াকতপুর শহরের কাছে এ ঘটনা ঘটেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

দেশটির কর্তৃপক্ষ ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটি করাচি থেকে লাহোরে যাচ্ছিল। সে সময় এক যাত্রীর গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। পাঞ্জাব প্রদেশের দক্ষিণে রহিম ইয়ার খান শহরের কাছে দুর্ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির তিনটি বগি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

জানা গেছে, নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। এখন পর্যন্ত ১০টি মরদেহ শনাক্ত করা হয়েছে।

পাকিস্তান রেলওয়ের কর্মকর্তারা জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই হতাহতের ঘটনা ঘটেছে। যে কোচে বিস্ফোরণ ঘটেছে সেটি তাবলীগ জামাতের এক লোক বুকিং নিয়েছিলেন।

তারা জানান, ওই লোক সকালের নাস্তা তৈরিতে তিনি গ্যাস স্টোভে ডিম সিদ্ধ করছিলেন, সে সময় বিকট বিস্ফোরণে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে।

এদিকে, এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। আহতদের উন্নত ও সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

সূত্র : ডন, আনাদুলু এজেন্সি

জামায়াত নেতা এটিএম আজহারের মৃত্যুদণ্ড বহাল

0

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার সকালে আজহারুল ইসলামের খালাস চেয়ে করা আপিল খারিজ করে এ রায় ঘোষণা করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ।

এসময় আদালতে আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আপিল বিভাগের কার্যতালিকায় আজ রায় ঘোষণার জন্য এক নম্বরে ছিল মামলাটি।

এর আগে, গত ১০ জুলাই এ মামলার উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ। চলতি বছরের ১৮ জুন জামায়াত নেতা আজহারুল ইসলামের আপিল শুনানি শুরু হয়।

এদিকে, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের রায় দেন। প্রসিকিউশনের আনা নয় ধরনের ছয়টি মানবতাবিরোধী অপরাধের মধ্যে পাঁচটি এবং পরিকল্পনা-ষড়যন্ত্রের মাধ্যমে সুপিরিয়র রেসপনসিবিলিটি (ঊর্ধ্বতন নেতৃত্বের দায়) প্রমাণিত হয় তার বিরুদ্ধে। এর মধ্যে মৃত্যুদণ্ডের রায় আসে রংপুর অঞ্চলে গণহত্যা চালিয়ে অন্তত ১৪০০ লোককে হত্যার অপরাধে। ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি খালাস চেয়ে আপিল করেন এটিএম আজহার।

আজ থেকেই দ্বিখণ্ডিত কাশ্মীর; থাকছে না আলাদা সংবিধান-পতাকা

0

গত ৫ অগস্ট জম্মু ও কাশ্মীর সংক্রান্ত ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করে সেখান থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয় দেশটির কেন্দ্রীয় সরকার। তারই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার থেকে উপত্যকা জম্মু ও কাশ্মীর এবং লাদাখ এই দু’টি অঞ্চল কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে। এরপরই বিবৃতি জারি করে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ জম্মু ও কাশ্মীর থেকে রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়ার কথা জানান।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ২০১৭ সালে পিডিপি-র নেতৃত্বাধীন সরকার থেকে বিজেপি সমর্থন তুলে নেওয়ায় পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এরপরই উপত্যকায় কেন্দ্রীয় শাসন জারি হয়। প্রথম ৬ মাস ছিল রাজ্যপালের শাসন। এরপর ৬ মাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি হয়। তবে সংসদের অনুমোদনে সেই মেয়াদ ক্রমেই বাড়ানো হয়। পরে জম্মু ও কাশ্মীর দ্বিখণ্ডিত হয়ে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পরই সেখান থেকে তুলে নেওয়া হয় রাষ্ট্রপতি শাসন।

জম্মু-কাশ্মীরের লেফটেনেন্ট গভর্নর হচ্ছেন গিরিশচন্দ্র মুর্মু। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে বৃহস্পতিবার শপথ নিয়েছেন প্রাক্তন নিরাপত্তা সচিব আরকে মাথুর। মাথুরকে শপথবাক্য পাঠ করান জম্মু-কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতি গীতা মিত্তল। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজ করে দেওয়ার পাশাপাশি জম্মু-কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়।

এদিকে, ৩৭০ ধারা প্রত্যাহার করার পর থেকেই লাগাতার চলছে অচলাবস্থা। প্রাথমিকভাবে সরকার কার্ফু জারি করেছিল। বন্ধ করেছিল ইন্টারনেট পরিষেবা। কিন্তু এখনও স্বাভাবিকতায় ফিরছে না কাশ্মীর। স্কুল কলেজ খোলা থাকলেও উপস্থিতি নগণ্য। দোকানপাট সকালে ২ ঘণ্টার জন্য খুলে বন্ধ করে দেওয়া হয়। এরমধ্যেই উদ্বেগ বাড়িয়েছে আচমকা হামলা। গত মঙ্গলবার কাশ্মীরের কুলগাঁওয়ে অস্ত্রধারীদের গুলিতে নিহত হয়েছেন পাঁচ শ্রমিক।

আদালতে হেরে গেল উড়িষ্যা, রসগোল্লা শুধু বাংলার

0

রসে ভরপুর রসগোল্লা শুধু জিহ্বার স্বাদের মধ্যেই সীমাবদ্ধ নেই। বাঙালির কাছে রসগোল্লা এক আবেগের নাম। তবে সেই রসগোল্লা আসলে কাদের, তা নিয়ে দড়ি টানাটানি হচ্ছে দীর্ঘদিন ধরেই। উড়িষ্যার দাবি, রসগোল্লা তাদের। তবে বরাবরই রসগোল্লা নিজেদের জানে বাঙলার মানুষ।

আজ বৃহস্পতিবারই দীর্ঘদিনের লড়াইয়ে ইতি টানল ভারতের চেন্নাইয়ের জিআই আদালত। অবশেষে প্রমাণ হয়ে গেল রসগোল্লা প্রকৃত পক্ষে বাংলার। জয়ী হয়ে মুখের হাসি চওড়া হয়েছে বাংলার মিষ্টি প্রেমীদের।

জানা গেছে, ১৮৬৪ সালে নবীনচন্দ্র দাস প্রথম রসগোল্লা তৈরি করতে শুরু করেন। চার বছর পর ১৮৬৮ সালে বর্তমান রসগোল্লার জন্ম। তথ্যানুসারে উড়িষ্যায় রসগোল্লা তৈরি শুরু হয় আরো অনেক পরে।

কিন্তু বাংলা-উড়িষ্যার মধ্যে রসযুদ্ধ জারি রয়েছে চলতি বছরের জুলাই থেকে। সেই সময় উড়িষ্যাকে জিআই ট্যাগ দিয়েছিল চেন্নাইয়ের জিআই বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রি সংস্থা। তাতে বলা হয়, রসগোল্লা উড়িষ্যার আঞ্চলিক মিষ্টি। ২০২৮ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত রসগোল্লার দাবিদার হিসেবে উড়িষ্যার নামই গ্রাহ্য হবে বলেও উল্লেখ করা হয়।

কিন্তু সেই রায় মানতে নারাজ বাংলার রসগোল্লা বিশেষজ্ঞরা। সে কারণে ওই রায় চ্যালেঞ্জ করে আবারো জিআই আদালতের দ্বারস্থ হয় বাংলা এবং উড়িষ্যা। বৃহস্পতিবার সেই মামলা নিয়ে চেন্নাইয়ের জিআই আদালতে আলোচনা শুরু হয়। পুরনো নানা নথিপত্র ঘেঁটে পাওয়া তথ্য অনুযায়ী বাংলার পক্ষ থেকে জানানো হয়, দুই রাজ্যের রসগোল্লার নাম এক ঠিকই। তবে দুই রাজ্যের রসগোল্লার আকৃতি এবং চরিত্র মোটেও এক নয়।

পাল্টা যুক্তি দেওয়া হয়, উড়িষ্যার পক্ষ থেকেও। তবে ধোপে টেকেনি সেই যুক্তি। অবশেষে নানা তথ্য প্রমাণ খতিয়ে দেখার পর রায় দেয় চেন্নাইয়ের জিআই আদালত। সেই রায়ে স্পষ্টভাবে বলা হয় রসগোল্লা শুধু বাংলার।

‘পেঁয়াজের দাম না কমার জন্য কিছু অসাধু ব্যবসায়ীও দায়ী’

0

পেঁয়াজের বাড়তি দামের বোঝা ভোক্তাদের আরও কিছু দিন বইতে হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, খুচরা বাজার পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর জন্য কিছু অসাধু ব্যবসায়ীও দায়ী।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে তিন দিনব্যাপী ‘লেদারটেক বাংলাদেশ ২০১৯’ এর প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, আমাদের ভাগ্য ভালো, মিয়ানমারের সঙ্গে আমাদের ল্যান্ড কানেকশন রয়েছে। তাই আমরা মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করছি। টেকনাফে ল্যান্ড করতে পেঁয়াজের আমদানি খরচ প্রতিকেজি পড়েছে ৭৫ টাকা। তাই পেঁয়াজের দাম কমছে না।

এ সমস্যা সমাধান করতে হলে পেঁয়াজের আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, পেঁয়াজের দাম না কমার জন্য কিছু অসাধু ব্যবসায়ীও দায়ী। সরকারের ১০টি মনিটরিং টিম কাজ করছে। কিন্তু মনিটরিং করে পেঁয়াজের দাম শতভাগ কমিয়ে আনা সম্ভব নয়। কারণ এতো জনবল নেই।

মিসর থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। এতো দূর থেকে পেঁয়াজ আমদানি করতে ব্যবসায়ীদের মাইন্ড সেটআপ করতেও একটু সময় লেগেছে। তাই ধীরে ধীরে পেঁয়াজের বাজারে স্থিতিশীলতা আসবে। তবে এ সমস্যা সমাধান করতে হলে পেঁয়াজ উৎপাদনে আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে বলে জানান মন্ত্রী।

রাজধানীর পাইকারি বাজারে কেজিতে ৫ টাকা কমলেও খুচরা পর্যায়ে এর তেমন একটা প্রভাব পড়বে না বলেই মনে করছেন বিক্রেতারা।

গত দেড় মাস ধরে পেঁয়াজের বাজারে নাকাল ভোক্তারা। রাজধানীর শ্যামবাজারে বৃহস্পতিবারের চিত্র কিছুটা ভিন্ন। বাজারে ঢুকেছে পেঁয়াজ, কমেছে দামও। তবে বিক্রি কম হচ্ছে বলে জানালেন আড়তদাররা। তবে পাইকারি বাজারে পেঁয়াজ কিনতে এসেও স্বস্তি পাচ্ছেন না খুচরা বিক্রেতারা।

আগামী মৌসুমে সরকার পেঁয়াজের আমদানি বন্ধ রাখার কথা ভাবছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ

0

দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর ৩৪৩ কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুদকের পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়। দুদকের জনসংযোগ বিভাগ সম্পত্তি ক্রোকে করার তথ্য নিশ্চিত করেছে।

দুনীতি দমন কমিশনের করা আবেদনরে পরিপ্রেক্ষিতে ফাকা মহানগর আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আল মামুন এ নির্দেশ দেন।

এর আগে বুধবার (৩০ অক্টোবর) আদালত ফালুর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেয়।

ক্রোক করা সম্পদের মধ্যে রয়েছে ফালুর মালিকানাধীন রেজা প্রোপার্টিজের ৯৩ কোটি টাকা মূল্যের ৯৩ লাখ শেয়ার। রাকীন ডেভেলপমেন্ট কোম্পানির শতকরা ২০ ভাগ শেয়ার (২ কোটি ৬৯ লাখ ৮১ হাজার ১২০টি), যার বাজার মূল্য ২০০ কোটি টাকা। রোজা এন্টারটেইনমেন্ট এফজেডই’র ২০ লাখ টাকার শেয়ার, রোজা ইনভেস্টমেন্ট এলএলসির ২৯ লাখ ৪০ লাখ টাকার শেয়ার, আইএফআইসি ব্যাংকের কারওয়ানবাজার শাখায় রোজা প্রোপার্টিজের ব্যাংক হিসাব এবং ৫০ কোটি টাকা মূল্যের কাকরাইলের ২২ দশমিক ৫৩ শতাংশ বাণিজ্যিক প্লট।