Home Blog Page 3387

শেখ হাসিনা সম্পাদিত বই কুইন্স লাইব্রেরিতে হস্তান্তর

0

‘সিক্রেট ডকুমেন্ট অফ ইনটেলিজেন্ট ব্রাঞ্চ অন ফাদার অফ ন্যাশনস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ ভলিওম ১, ২ ও ৩ আনুষ্ঠানিকভাবে কুইন্স লাইব্রেরিতে হস্তান্তর করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পাদিত বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর ১৯৪৮ হতে ১৯৭১ সাল পর্যন্ত গোয়েন্দা রিপোর্ট বিষয়ক বইটি আনুষ্ঠানিকভাবে কুইন্স লাইব্রেরির প্রধান লাইব্রেরিয়ান নিক বোরনের কাছে হস্তান্তর করেন নিউইয়র্কস্থ কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।

উল্লেখ্য, নিউইয়র্কের কুইন্স লাইব্রেরির প্রধান লাইব্রেরিয়ান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিক বোরন ২৮ অক্টোবর কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা’র সাথে কনস্যুলেটে সাক্ষাৎ করেন। এ সময় কনসাল জেনারেল মহান ‘শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২০১৯’ যৌথভাবে উদযাপনে সহযোগিতা এবং জাতির পিতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২০১৯’ উদ্যাপন সহযোগিতা প্রদানের জন্য কুইন্স লাইব্রেরিকে ধন্যবাদ জানান।

কনস্যুলেট জেনারেলের এসকল ভূমিকার ভূয়সী প্রশংসা করে বোরন বলেন, বাংলাদেশ কনস্যুলেট জেনারেলই প্রথম কনস্যুলেট অফিস যারা মূলধারার কুইন্স লাইব্রেরিকে সাথে নিয়ে একটি আন্তর্জাতিক দিবস উদ্যাপন করেছে।

নিক বোরন বলেন, নিউইয়র্কে দুইশত এর অধিক ভাষার লোক বাস করেন এবং বাংলা ভাষাভাষীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে দিন দিন বাংলাদেশি-আমেরিকান পাঠকের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। কনস্যুলেট কর্তৃক সরবরাহকৃত বাংলা ভাষা বিভিন্ন বই পাঠকের কাছে বেশ আগ্রহ সৃষ্টি করেছে বলে তিনি জানান।

নারী ও মাদকের আখড়া ছিল সৌদি প্রবাসীর স্ত্রী সুবর্ণার ফ্ল্যাট!

0

ইয়াবাসহ আটক সুবর্ণা রুপার ফ্ল্যাটে ছিলো ভিন্ন ব্যবসা। মূলত শিল্পী পরিচয়ের আড়ালে নারী ও মাদকের আখড়া ছিলো তার ফ্ল্যাট। সূর্য অস্তের পরপরই তার বাসাতেই আয়োজন করা হতো পার্টির। যেখানে অংশ নিতেন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, প্রবাসীসহ প্রভাবশালী অনেকে। গভীর রাত পর্যন্ত চলা সেই গান করতেন সুবর্ণা রুপাসহ অনেকে। এই পার্টিতেই নিরাপদে ইয়াবা সেবন করতেন অতিথিরা। আর তাদের মনোরঞ্জনের জন্য থাকতো একঝাঁক সুন্দরী। গানে, মাদকে বুঁদ হয়ে স্বল্পবসনা তরুণীদের সঙ্গে নাচ করতেন পার্টিতে অংশগ্রহণকারীরা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় তার বাসা থেকে শতাধিক পিস ইয়াবাসহ সুবর্ণা রুপাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তারা।

খিলখাঁওয়ের সুবর্ণা রুপার বাসা থেকে রুবেল নামের এক যুবককেও আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রুবেলকে প্রথমে সুবর্ণা রুপা ভাই পরিচয় দিলেও এক পর্যায়ে জানিয়েছেন, পৈত্রিক নিবাস নোয়াখালীর সেনবাগের ছাতাপাইয়া এলাকার সম্পর্কে রুবেল তার ভাই হয়। ইয়াবা ও নারীদের খদ্দের সংগ্রহের কাজ করতেন এই রুবেল।

সুবর্ণা রুপা জানিয়েছেন তার স্বামী রেজাউল করিম রেজা থাকেন সৌদি আরবে। তাদের বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছেলে ও স্কুল পড়ুয়া এক মেয়ে রয়েছে। দুই সন্তানই থাকেন কক্সবাজারে। কক্সবাজারের বাহারছড়ায় সুবর্ণা রুপার শ্বশুরবাড়ি।

প্রতিবেশীরা জানান, ছেলে-মেয়ে খিলগাঁওয়ের ওই বাসায় তেমন আসতো না। মাঝে-মধ্যে এলে তখন ওই বাসায় কোনো পার্টি হতো না। বাইরের লোকজনও আসতো না। ছেলে-মেয়ে থাকাকালীন বোরকা পড়ে চলাফেরা করেন সুবর্ণা।

‘ভাই গো, আমার হাতটা খুঁজে দেন!’

0

‘ভাই গো, আমার হাতটা কই? আমার হাতটা খুঁজে দেন। আমার হাতটা খুঁজে এনে ডাক্তারদের কাছে দেন। তারা আবার জোড়া লাগিয়ে দেবেন।’

এভাবেই হাসপাতালে জ্ঞান ফেরার পর বিলাপ করছিলেন মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত জান্নাত আক্তার (২৭)।

হাতে বাজার নিয়ে বেলুন বিক্রেতার সামনেই দাঁড়িয়েছিলেন জান্নাত আক্তার। ঘরে বসে আছে তার পাঁচ বছরের শিশুসন্তান। সকাল থেকে দুপুর পর্যন্ত অন্যের বাসায় কাজ করে নিজের ঘরে ফেরার সময় সন্তানের জন্য বেলুন কিনবেন কি-না সে চিন্তা করছিলেন। হঠাৎ বিকট বিস্ফোরণ। তারপর ‘নিথর’ হয়ে লুটিয়ে পড়েন জান্নাত। তার অবস্থা দেখে অনেকের মনে হয় জান্নাত বেঁচে নেই। সেই অবস্থায়ই তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা দেখেন, জান্নাত বেঁচে আছেন। কিন্তু হুঁশ ফেরার পর থেকে কান্না থামছে না জান্নাতের। বিস্ফোরণে উড়ে যাওয়া তার ডান হাতটি খুঁজে চলেছেন বারবার।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় বেলুন ফোলানোর একটি সিলিন্ডার বিস্ফোরণে যে কজন আহত হয়েছেন, তাদেরই একজন হিসেবে ঢামেকে ভর্তি জান্নাত। ওই দুর্ঘটনায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১২ শিশুসহ ১৭ জন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) ও সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন জান্নাতের বাড়ি ভোলার ইলিশায়। তিনি রূপনগরের ১২ নম্বর রোডের একটি বস্তিতে স্বামী অটোরিকশাচালক নজরুল ইসলাম ও শিশুসন্তান সুমাইয়াকে (৫) নিয়ে থাকেন।

জান্নাত জানান, সারাদিন মানুষের বাসায় কাজ করে রূপনগর ১১ নম্বর রোডের একটি বাজারে যান। সেখান থেকে একটি মুরগি ও পেঁপে কেনেন। বাজার নিয়ে পায়ে হেঁটে বাসায় ফেরার সময় ওই এলাকায় ভ্যানে করে বেলুন বিক্রি করতে দেখেন। সামনে গিয়ে দেখেন বিক্রেতা গ্যাস সিলিন্ডার দিয়ে ফুলিয়ে বেলুন বিক্রি করছেন। সেখানে গিয়ে মেয়ের জন্য বেলুন কিনবেন কি-না চিন্তা করতে থাকেন। এমন সময় হঠাৎ বিস্ফোরণ।

জান্নাত বলেন, ‘তারপরে আর কিছুই মনে নেই। হাসপাতালে এসে দেখি আমার হাত নেই।’

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন বলেন, ‘রূপনগরের ঘটনায় আমাদের হাসপাতালে মোট ১৫ জন চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ১২ জন শিশু। শিশু জনি, অজ্ঞাতপরিচয় আরেক শিশুসহ মোট চারজনের অবস্থা আশঙ্কাজনক। জনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মিরপুর ডেন্টাল হাসপাতাল পাঠানো হয়েছে।’

জান্নাতের ব্যাপারে ডা. আলাউদ্দিন বলেন, ‘জান্নাত হাত বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে এসেছেন। তার বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাতের অংশটি আমরা পাইনি।’

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘সিলিন্ডার বিস্ফোরণের পরপরই হাত বিচ্ছিন্ন অবস্থায় জান্নাত রাস্তায় পড়েছিলেন। প্রথমে ধারণা করেছিলাম তিনি বেঁচে নেই। তবে তিনি আহতাবস্থায় এখন চিকিৎসা নিচ্ছেন।’

ঢাবির মুহসীন হল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহাম্মদ মুহসীন হলের ডাইনিংয়ের ছাদ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে হল প্রশাসন। এর মধ্যে রয়েছে ১০টি রাম দা, দুইটি ছুরি ও দুইটি লোহার পাইপ।

আজ বুধবার সকালে হলের কর্মচারীরা ছাদ পরিষ্কার করতে গিয়ে এসব অস্ত্রের খোঁজ পান বলে জানিয়েছেন হল প্রাধ্যক্ষ মো. নিজামুল হক ভূঁইয়া।

তিনি বলেন, সকালে হলের পরিচ্ছন্নতাকর্মীরা ডাইনিংয়ের ছাদ পরিষ্কার করতে গেলে কাপড়ে মোড়ানো একটি প্যাকেট দেখে হল অফিসকে জানায়। পরে এগুলো উদ্ধার করা হয়।

অস্ত্র উদ্ধারের পর হল প্রশাসন তাৎক্ষণিকভাবে হলে অভিযান চালিয়ে কয়েকটি রুমে বহিরাগত শনাক্ত করে এবং অভিযুক্ত ৩৫২, ৪০১, ৪১৭ ও ৪৩৭ নম্বর রুম সিলগালা করে।

ঘটনাটি খতিয়ে দেখতে হলের দুইজন আবাসিক শিক্ষককে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান অধ্যাপক নিজামুল।

ভয়াবহ বিপদ ঘনিয়ে আসছে বাংলাদেশের

0

দেশের সামনে কঠিন বিপদ। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের বিরাট সংখ্যক মানুষ বিপদের মুখে পড়তে যাচ্ছে। বিশেষজ্ঞরা অনেক আগে থেকেই বিষয়টি বলে আসছিল। তবে তাদের ধারনার চেয়েও দ্রুততম সময়ে বাংলাদেশ এই বিপদের মুখে পড়তে যাচ্ছে বলে গবেষণায় উঠে এসেছে।

বাংলাদেশের চার কোটি মানুষ ২০৫০ সালের মধ্যেই সমুদ্রের নোনাপানির ঝুঁকিতে পড়বে। আর চলতি শতাব্দীর মধ্যে ক্ষতির শিকার হওয়া মানুষের সংখ্যা দাঁড়াবে প্রায় সাত কোটি।

২৯ অক্টোবর, মঙ্গলবার বিশ্বের প্রভাবশালী বিজ্ঞান সাময়িকী নেচার কমিউনিকেশনে এ বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে এ ভয়াবহ খবর তুলে ধরা হয়েছে।

‘ক্লাইমেট সেন্ট্রাল’ নামের জলবায়ু পরিবর্তনবিষয়ক গবেষণা প্রতিষ্ঠানের ওই প্রতিবেদনে বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার ফলে বিশ্বের উপকূলীয় দেশ ও দ্বীপরাষ্ট্রগুলোতে প্রভাব পড়বে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত সংবাদমাধ্যমকে বলেন, ২০৫০ সালের মধ্যে উপকূলীয় এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কা কম। মূল ঝুঁকি নদীর লবণাক্ততা। এটি বাড়বে। ঘূর্ণিঝড়ের মাত্রাও বাড়বে।

হতাহতদের দেখতে গেলেন তথ্য প্রতিমন্ত্রী, ক্ষতিপূরণের আশ্বাস

0

রাজধানীর মিরপুরের রুপনগর ১১ নম্বর রোডের মণিপুর স্কুলের পাশে একটি আবাসিক ভবনে বেলুন ফোলানোর একটি সিলিন্ডার বিস্ফোরণে হতাহতদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

আজ বুধবার বিকেল ৫টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে হতাহতদের স্বজনদের সঙ্গে কথা বলার পর এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা করে হতাহতদের পরিবারকে কীভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, বুধবার রূপনগর ১১ নম্বর সড়কে বেলুন বিক্রি করার একটি ভ্যানে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরা হতো। বিস্ফোরণে ঘটনাস্থলেই ভ্যানের পাশে থাকা কয়েকজন শিশু ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।

আহত ২৫-৩০ জনের মধ্যে অনেকের অবস্থা এখনও আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রিয় খোকা তুমি ফিরে এসো : মির্জা আব্বাস

0

‘তুমি ফিরে এসো খোকা, আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো’। ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থার অবনতির খবরে এমনই আবেগঘন ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

পাঠকের জন্য আব্বাসের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো

প্রিয় খোকা, এইমাত্র আমি জানতে পারলাম যে তোমার শরীর খুব খারাপ। তুমি হাসপাতালে শয্যাশায়ী। জানার পর থেকে আমার মানসিক অবস্থা যে কতটা খারাপ এই কথাটুকু কার সঙ্গে শেয়ার করবো সেই মানুষটা পর্যন্ত আমার নেই। তুমি আমি একসঙ্গে রাজনীতি করেছি। অনেক স্মৃতি আমার চোখের সামনে এই মুহূর্তে ভাসছে। তোমার আর আমার দীর্ঘ এই পথচলায় কেউ কেউ তাদের ব্যক্তিস্বার্থে তোমার আর আমার মাঝে একটা দূরত্ব তৈরি করে রেখেছিল। তবে তুমি আর আমি কেউই সেই দূরত্ব রয়েছে বলে কখনোই মনে করিনি।

আমি জানি না, তোমার সাথে আমার আর দেখা হবে কিনা। আমার এই লিখাটি তোমার চোখে পড়বে কিনা বা তুমি দেখবে কিনা তাও আমি জানি না। তবে বিশ্বাস করো, তোমার শারীরিক অসুস্থতার কথা জানবার পর থেকেই বুকের ভেতরটা কেন যেন ভেঙে আসছে। আমি বার বার অশ্রুসিক্ত হচ্ছি। মহান আল্লাহ্ তায়ালার কাছে দু’হাত তুলে তোমার জন্য এই বিশ্বাস নিয়ে দোয়া করছি, তিনি অবশ্যই তোমাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনবেন।

তুমি আর আমি কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে রাজনীতির মাঠে কাজ করে যাবো। না-হয় সেই আগের মতোই স্বার্থপর কোনো মানুষদের জন্য আব্বাস আর খোকা বাইরে বাইরে দূরত্বের সেই অভিনয়টা করে যাবে, আর ভেতরে থাকবে দুজনের প্রতি দুজনের অন্তর নিঙরানো ভালবাসা।

আল্লাহ্ তোমার সুস্থতা দান করুক। তুমি ফিরে এসো খোকা, তুমি ফিরে এসো। আমি অপেক্ষায় থাকবো।
….মির্জা আব্বাস।

উল্লেখ্য, মঙ্গলবার (২৯ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, কিডনি ক্যান্সারে আক্রান্ত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা দীর্ঘদিন ধরে নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়েন ক্যাটারিং ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

সোমবার (২৮ অক্টোবর) থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার ছেলে বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বাবার আশু রোগমুক্তি কামনা করে দেশাবাসীর কাছে দোয়া চেয়েছেন।

স্কুল কমিটির সভাপতি হওয়ার ক্ষেত্রে প্রধান যোগ্যতা হবে তিনি অভিভাবক

0

সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হওয়ার ক্ষেত্রে প্রধান যোগ্যতা হবে তিনি ওই স্কুলের অভিভাবক। অর্থাৎ সভাপতি প্রার্থীর সন্তানকে অবশ্যই ওই বিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার স্বার্থে এই সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান। বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মেহের আফরোজ, নজরুল ইসলাম বাবু, ইসমাত আরা সাদেক, শিরীন আখতার, আলী আজম ও ফেরদৌসী ইসলাম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, প্রাথমিক শিক্ষা শিক্ষার্থীর মূল ভিত্তি। সে কারণে প্রাথমিক বিদ্যালয় হতেই শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিতে হবে। আর সুশিক্ষা নিশ্চিত করতে স্কুল পরিচালনা কমিটিকে শক্তিশালী করতে হবে।

তিনি আরো বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে নিয়ে আসতে বর্তমান সরকার নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে। ওই সকল পদক্ষেপ যথাযথ বাস্তবায়নের প্রতি গুরুত্বারোপ করেছে কমিটি।

কমিটি সূত্র জানায়, বৈঠকে দেশের ৬৪ জেলায় চলমান মৌলিক সাক্ষরতা প্রকল্পের কার্যক্রমের সাথে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে তদারকির মাধ্যমে মান সম্মত শিক্ষা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চলমান কর্মসূচীসমূহ দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়।

বৈঠকে জানানো হয়, জাতীয়করণকৃত স্কুলে ১৮ হাজার শিক্ষক নিয়োগ কার্যক্রম চলমান আছে। এ সকল শিক্ষককে পদায়নের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তাঁদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলারও পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এছাড়া মানসম্মত শিক্ষা নিশ্চিত ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ই-প্রাইমারি স্কুল সিস্টেম এবং ই- মনিটরিং কার্যক্রমের রোডম্যাপ তৈরি করা হয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের ১১ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা

0

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে গণপূর্ত অধিদপ্তরের ১১ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার এসবি পুলিশের ইমিগ্রেশন সুপারের কাছে চিঠি পাঠিয়ে তাদের দেশত্যাগ ঠেকাতে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শওকত উল্লাহ, স্বপন চাকমা, আব্দুল কাদের চৌধুরী, আফসার উদ্দিন, মোহাম্মদ ফজলুল হক ও মো. ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মোমেন চৌধুরী ও রোকন উদ্দিন, সিনিয়র সহকারী প্রকৌশলী মুমিতুর রহমান এবং কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম।

দুদুক সূত্র জানায়, গণপূর্ত অধিদপ্তরের ১২ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান চলছে। এ পরিপ্রেক্ষিতে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি পাঠিয়েছে কমিশনটি।

মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে চার শিশুর মৃত্যু

0

রাজধানীর মিরপুরের রুপনগর ১১ নম্বর রোডের মণিপুর স্কুলের পাশে একটি আবাসিক ভবনে বেলুন ফোলানোর একটি সিলিন্ডার বিস্ফোরণে চার শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আজ বুধবার বেলা সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রত্যক্ষদর্শী ও রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রূপনগর ১১ নম্বর সড়কে বেলুন বিক্রি করার একটি ভ্যানে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরা হতো। বিস্ফোরণে ঘটনাস্থলেই ভ্যানের পাশে থাকা কয়েকজন শিশু ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। নিহতদের বয়স আনুমানিক ৮-১০ বছর।