Home Blog Page 3388

পকেট ভরার রাজনীতি থেকে বেড়িয়ে আসতে হবে : সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন জাতীয় নালিশ পার্টি হিসেবে জনগণের কাছে পরিচিতি লাভ করেছে। আন্দোলনের কোনো ইস্যুতে সফল না হয়ে তারা নালিশ দায়ের করে। বুয়েটের আরবার হত্যা মামলায় ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। ভোলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হয়নি। নুসরাত হত্যা মামলায় ফেনীর আওয়ামী লীগের সভাপতি ও ছাড় পায়নি।

ভোলার চরফ্যাশন উপজেলার চল্লিশ কোটি টাকা ব্যয়ে চরফ্যাশন-বেতুয়া সড়ক উদ্ধোধন শেষে ঈদগাঁ মাঠে সুধী সমাবেশে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির সভাপতিত্বে আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবাদুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ঘরে পর্যন্ত অভিযান চালাচ্ছেন। ঘরের মধ্যে আপনারা কেউ ঘর করবেন না। যেখানে টেন্ডার, চাঁদাবাজি, সন্ত্রাসী সেখানেই শেখ হাসিনার শুদ্ধি অভিযান। এখন আর কাউকে দলে আনা যাবে না। তারা সুবিধাভোগী ও বসন্তের কোকিল। সময় মতো ৫ হাজার ভোল্টের বাতি দিয়ে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না।

তিনি আরো বলেন, মাত্র ১৮ জন লোক নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লাশ দাফন সম্পন্ন করা হয়। তখন অনেকে বলেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দলকে শেষ করা হয়েছে। সেই দল আজ বাংলাদেশের ইতিহাসে এক উন্নয়নের ইতিহাস রচনা করেছে। তৎকালে অত্যাচার, নির্যাতন, ধর্ষণের শিকার হয়েও আওয়ামী লীগকে জনগণ ভুলে যাননি।

প্রধান অতিথি বলেন, ৪৪ বছরের মধ্যে জনগণের সেবা করতে গিয়ে সবচেয়ে ঝুঁকির মধ্যে পড়েছেন শেখ হাসিনা। তিনি বিশ্বের ৩ জন সফল নারী প্রধানমন্ত্রীর মধ্যে একজন। শেখ হাসিনা মানুষের চোখের ভাষা, মনের ভাষা বুঝে কাজ করেন। অপরাধীদের দমন করতে নিজের ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করেছেন। অপরাধীরা কোনো প্রকার ছাড় পাবে না, ১টি অপরাধ ১০টি উন্নয়নকে ম্লান করে দেয়। আপনারা মানুষের সাথে ভালো ব্যবহার করুন। নিজেদের পকেট ভরতে চেষ্টা না করে উন্নয়নের পথে এগিয়ে আসুন।

ভোলার চরফ্যাশনে জ্যাকব টাওয়ার পর্যটকদের আকর্ষিত করার মতো একটি পর্যটন এলাকা। চরফ্যাশনকে আরো আধুনিকায়ন করতে ভোলা থেকে চরফ্যাশনের বাবুর হাট পযর্ন্ত ২৪ ফুট চওড়া সড়ক নির্মাণে ১ হাজার কোটি টাকা বরাদ্ধ ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদের অতিরিক্ত সচিব শিশির কুমার মজুমদার, জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার শেখ কায়সার আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন প্রমুখ।

প্রয়োজনে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান: খাদ্যমন্ত্রী

0

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্য কর্মকর্তাদের মনে যদি পোকা না থাকে তাহলে খাদ্য গুদামের চালে কখনই পোকা ধরবে না। তারা কৃষকের কাছ থেকে নামমাত্র ধান কিনে ফটোসেশন করেন। ফেসবুকে সেসব ছবি পোষ্ট করেন। খাদ্য বিভাগকে যে কোন মূল্যে দুর্নীতিমুক্ত করতে হবে। সরকার প্রয়োজনে খাদ্য বিভাগের ভিতরে শুদ্ধি অভিযান পরিচালনা করবে। বুধবার দিনাজপুরে তিনি এসব কথা বলেন।

দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বুধবার দুপুরে আমন সংগ্রহ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মোছা. নাজমানারা খানম, পরিচালক (সংগ্রহ) জুলফিকার রহমান, রংপুরের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রায়হানুল কবির, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, জাকিয়া তাবাসসুম জুই এমপি প্রমূখ।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশে আশঙ্কাজনকহারে গমের আবাদ কমে যাচ্ছে। সরকারকে প্রতি বছর ৭ লাখ মেট্রিক টন গম আমদানি করতে হচ্ছে। ধানের পাশাপাশি গমের আবাদ বাড়াতে হবে। ইতিপূর্বে যে সকল জায়গায় ধান উৎপাদন হতো না বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই সেই সকল জায়গায় ধান উৎপাদনের ব্যবস্থা করে দিয়েছেন। কৃষকদের কষ্ট লাঘবে সরকার ধানের বিভিন্ন জাত উদ্ভাবন করছে। দেশে বর্তমানে ১৫ লক্ষ মেট্রিক টন চাল মজুদ রয়েছে।

কর্মকর্তাদের উদ্দেশ্য মন্ত্রী বলেন, খাদ্য বিভাগের কর্মকর্তাদের কারণে কৃষকরা প্রতিনিয়ত নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। এ ধরনের কর্মকান্ড কোনভাবেই বরদাস্ত করা হবে না। প্রান্তিক পর্যায়ের কৃষক বাছাই করে তাদের কাছ থেকে ধান ও চাল ক্রয় করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে দেশ আজ খাদ্যে স্বয়সম্পূর্ণ হয়েছে। অন্যান্য বারের চেয়ে এবার বোরো মৌসুমে সবচেয়ে বেশি চাল কেনা হয়েছে। চলতি আমন মৌসুমে আর বেশি চাল ক্রয় করা হবে।

একই জুয়াড়ি প্রস্তাব দিয়েছিলেন তামিমকেও

0

দীপক আগারওয়াল। দিল্লির চিহ্নিত ক্রিকেট জুয়াড়ি। আইসিসির অ্যান্টিকরাপশন ইউনিটে (আকসু) এই ভারতীয়র ইতিবৃত্ত সংরক্ষিত আছে। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার ঘটনায় বাংলাদেশে উচ্চারিত এ নামটি অবশ্য জাতীয় দলের ক্রিকেটারদের কাছে নতুন নয়। ২০১৭ সালের নভেম্বরে দীপক আগারওয়াল জুয়ার ফাঁদে ফেলতে চেয়েছিলেন তারকা ওপেনার তামিম ইকবালকেও। কিন্তু তাৎক্ষণিক তিনি বিসিবির দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তাকে বিষয়টি অবহিত করায় বিপাকে পড়তে হয়নি তাঁকে।

গতকাল আইসিসি প্রেরিত সাকিবের আমলনামায় সংযুক্ত তদন্তে প্রাপ্ত তথ্যের যে বিশাল ফিরিস্তি দেওয়া আছে, সেখানেও দীপক আগারওয়ালের নাম রয়েছে। আইসিসির দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তাকে দেওয়া স্বীকারোক্তিতে সাকিব জানিয়েছেন, ২০১৭ সালের নভেম্বরে পরিচিত এক ব্যক্তির কাছ থেকে তাঁর মোবাইল নম্বর সংগ্রহ করেন দীপক আগারওয়াল। এটা তিনি জানতেন। এবং এটাও জানতেন যে তাঁর পরিচিত ব্যক্তির (নাম উল্লেখ করা হয়নি) কাছ থেকে বিপিএলে অংশগ্রহণকারী আরো অনেক ক্রিকেটারের মোবাইল নম্বর সংগ্রহ করেন দীপক।

সেবার বিপিএল অনুষ্ঠিত হয়েছিল নভেম্বর মাসে। তবে কি সাকিবের পরিচিত ব্যক্তির কাছ থেকেই তামিম এবং আরো কয়েক ক্রিকেটারের নম্বর জোগাড় করেছিলেন দীপক? সেসব প্রশ্নের উত্তর নেই আইসিসি প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে। তবে বিপিএলের মাঝপথে ঢাকায় উপস্থিত আকসুর কর্মকর্তাদের দরবারে তামিমকে হাজির হতে হয়েছিল।

বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, সেদিন ঢাকার একটি হোটেলে আকসুর অস্থায়ী ‘কাঠগড়া’য় তামিম ছাড়াও ডাকা হয়েছিল আরো ছয় বাংলাদেশি ক্রিকেটারকে। ‘সেখানে ঢুকে কিছুটা হকচকিত হয়ে যান তামিম। আকসুর নারী কর্মকর্তার পক্ষ থেকে জানতে চাওয়া হয় দীপক আগারওয়ালের সঙ্গে তাঁর যোগাযোগের বিষয়টি। তবে আগেই বিসিবির দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তা মেজর মোর্শেদকে জানিয়ে রাখায় তামিমের কোনো সমস্যা হয়নি’, গতকাল জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল এক কর্মকর্তা।

তবে এতেই নাকি সন্তুষ্ট হননি আকসুর দুই প্রতিনিধি। তাঁরা তামিমের কললিস্ট পরীক্ষা করেন। সেখানে দীপকের নম্বর যথারীতি পাননি। কারণ দীপক জুয়াড়ি সন্দেহ হতেই নম্বরটি ব্লক করে দিয়েছিলেন তামিম। পরে হোয়াটস অ্যাপ মেসেজ থেকে দীপকের সঙ্গে খুদেবার্তার রেকর্ড অবশ্য তামিমই দেখিয়েছেন আকসুর কর্মকর্তাদের। অবশ্য এর স্ক্রিনশট আগেই বিসিবির দুর্নীতি দমন বিভাগের মেজর (অব.) মোর্শেদকে পাঠিয়েছিলেন তামিম।

সেসব টেক্সট পাঠ করেছেন এমন একজন কর্মকর্তা গতকাল জানিয়েছেন তামিমের সঙ্গে দীপকের খুদেবার্তায় আলাপের সারসংক্ষেপও, ‘এরা শুরুতে সাধারণ ভক্ত পরিচয়ে কিংবা কারো রেফারেন্সে আলাপ শুরু করে। দীপক ফ্যান হিসেবে পরিচয় দিয়েছিল। বলেছিল, দেখা করতে চায়। তামিমের পক্ষ থেকে সাড়া না পাওয়া একসময় সে (দীপক) ডেসপারেটলি প্রস্তাব দেয়—এবার তো টিভিতে খেলা (বিপিএল) দেখাবে। টাইম টু মেক সাম মানি।’

এ বার্তা পাওয়ার পরপরই মোর্শেদকে বিষয়টি অবহিত করেন তামিম। বেঁচে যান তিনি। ‘এটাই নিয়ম। আইসিসি ইভেন্ট তো বটেই, দ্বিপক্ষীয় সিরিজের আগেও অংশগ্রহণকারী ক্রিকেটারদের খেলা শুরুর আগেই বিশেষ সভায় ডেকে সতর্ক করে দেওয়া হয় জুয়াড়িদের ব্যাপারে। ছবি দেখানো হয়, গোপন ক্যামেরায় ধারণ করা চিহ্নিত জুয়াড়িদের গতিবিধি এবং ফোন নম্বরের পাশাপাশি সম্ভাব্য কোন উপায় এবং কী ভাষায় জুয়াড়িরা ক্রিকেটারের মনে ঘর বাঁধতে চায়, এর বিশদ ব্যাখ্যা দেওয়া হয়। সেসব সভায় অংশ নিয়ে অভ্যস্ত একজন ক্রিকেটার গতকাল বলছিলেন, ‘কথাগুলো এতবার শুনেছি যে মুখস্থ বলে দিতে পারব!’

সাকিব আল হাসান অবশ্য নিজেও সে দলেই পড়েন। আকসুর জিজ্ঞাসাবাদে তিনিও বলেছেন, জুয়াড়ির সংশ্রবে এলে বিষয়টি আকসুকে জানানো বাধ্যতামূলক। না জানালে শাস্তির বিষয়টিতেও অবগত তিনি।

এর পরও আকসুর রাডারে ধরা পড়া দীপক আগারওয়ালের সঙ্গে তিন দফা যোগাযোগের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানাননি সাকিব আল হাসান। অথচ কিছু খুদেবার্তা পেয়েই তামিম বুঝে ফেলেন দীপক আগারওয়াল জুয়াড়ি। আর জুয়াড়ি হিসেবে কাউকে সন্দেহ হলেই সেটি আকসুকে অবহিত করার নিয়ম। সে নিয়ম মেনে ২০১৭ নভেম্বরের আগেও আকসুর কাছে আরেক ভারতীয় সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তামিম। ২০০৮ সালের ওই ঘটনায় তামিমের সঙ্গে সঞ্জয়ের ব্যাপারে আকসুকে অবহিত করেছিলেন সাকিবও, যা ২০১০ সালে লর্ডস টেস্ট শুরম্নর আগে আচমকাই মিডিয়াকে বিষয়টি জানিয়েছিলেন। অথচ ওই ঘটনার প্রায় ৯ বছর পর আরো পরিণত সাকিব জুয়াড়ির সঙ্গে তিন দফা যোগাযোগের বিষয়টি অবহিত করার বিষয়টিকে গুরুত্বই দিলেন না!

অধিনায়কের এমন অজ্ঞতায় বিস্মিত অনেক ক্রিকেটারই। তবে স্পর্শকাতর বিষয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি কেউই। এ ব্যাপারে তামিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। ‘দীপক আগারওয়াল তো…’, এটুকু শুনেই গতকাল সন্ধ্যায় ফোনের লাইন কেটে দেন তিনি। এরপর খুদেবার্তা পাঠিয়েও তামিমের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাকিবের দীর্ঘদিনের সতীর্থদের সবারই ‘ফুটওয়ার্ক’ অভিন্ন—প্রতিক্রিয়া জানাতে অপারগ।

৭০ ভাগ সাধারণ মানুষের ভোটে আ.লীগ বারবার রাষ্ট্রক্ষমতায় আসে : পরিকল্পনামন্ত্রী

0

আওয়ামী লীগ জনগণের দল। দেশের ৭০ ভাগ সাধারণ জনগণ আওয়ামী লীগকে ভোট দেয়। এজন্য আওয়ামী লীগ বারবার রাষ্ট্রক্ষমতায় আসে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ বুধবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের যৌথ আয়োজনে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় হতদরিদ্র পরিবারের মধ্যে গভীর নলকূপ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তরতর করে উন্নতির পথে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের ৭০ ভাগ অতি সাধারণ মানুষ বসবাস করছেন। তাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদেশে বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। এদের সুখ-দুঃখে আওয়ামী লীগই পাশে থাকে। এজন্যেই তাদের ভোটে বার বার আওয়ামী লীগ ক্ষমতায় এসে রাষ্ট্র পরিচালনা করছে।

উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামা লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, সহকারি পুলিশ সুপার হায়াতুল নবী, সুনামগঞ্জের জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাশের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ।

পরে তিনি জগন্নাথপুরের চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চার শতাধিক পরিবারের মধ্যে নলকূপ বিতরণ করেন। পর্যাক্রমে অন্য ইউনিয়ন গুলোতে অনুরূপভাবে নলকূপ বিতরণ করা হবে বলে জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী।

আপনের মালিকের বিরুদ্ধে পুত্রবধূর নারী নির্যাতন মামলার তদন্ত করবে সিআইডি

0

আপন জুয়েলার্সের মালিক দিলদারের বিরুদ্ধে পুত্রবধূর দায়ের করা নারী নির্যাতন মামলার তদ‌ন্তভার এবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করেছেন আদালত। রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থীকে ধর্ষণের মামলার প্রধান আসামি সাফাত আহমদের স্ত্রী ফারিয়া মাহবুব পিয়াসা এ মামলার বাদী।

আজ বুধবার ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট মো. তোফাজ্জল হো‌সেন এ আদেশ দেন। গর্ভপাতের চেষ্টা, নির্যাতন, হত্যার হুমকির অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়।

গত ১১ মার্চ আপন জুয়েলার্সের মালিক দিলদারের ছেলে সাফাত আহমদের স্ত্রী ফারিয়া মাহবুব পিয়াসা আদালতে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জাল হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। মামলার অপর আসামি হলেন আপন রিয়েল এস্টেটের পরামর্শক মো. মোখলেছুর রহমান।

অভিযোগে বলা হয়, ২০১৫ সালে দিলদার আহম্মেদ সেলিমের ছেলে সাফাতের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুর দিলদার তার ওপর নির্যাতন করে আসছেন। স্বামীর অনেক অনৈতিক কাজে তিনি বাধা দিলেও শ্বশুর উল্টো উৎসাহিত করতেন এবং সহযোগিতা করতেন। আসামিরা বিভিন্ন সময় তাকে গর্ভপাতের জন্য চাপ প্রয়োগ করেন। গত ৫ মার্চ বাসায় ফেরার পর একই উদ্দেশ্যে মাথায় পিস্তল ঠেকিয়ে, চড়থাপ্পড় মেরে ও গর্ভপাত করানোর উদ্দেশ্যে আসামিরা তার তলপেটে লাথি মারার চেষ্টা করেন এবং স্বর্ণালঙ্কর, নগদ অর্থ রেখে এক কাপড়ে বাসা থেকে বের করে দেন।

গত ১৭ জুলাই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. মজিবুর রহমান অভিযোগের সত্যতা পায়নি বলে প্রতিবেদন দাখিল করেন আদালতে। সেই প্রতি‌বেদ‌নের বিরু‌দ্ধে গত ২৫ আগস্ট বাদী নারা‌জি দরখাস্ত দা‌খিল ক‌রেন। বুধবার বাদীর উপ‌স্থিতি‌তে সেই নারা‌জি আবেদ‌নের ওপর শুনা‌নি শে‌ষে আদালত অভি‌যোগ তদ‌ন্তের জন্য সিআইডি‌কে দা‌য়িত্ব দি‌লেন।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে সহায়তা করতে চায় রাশিয়া

0

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে বাংলাদেশকে কারিগরি ও আর্থিক সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। একই সঙ্গে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়নেও সহযোগিতা করতে আগ্রহী তারা।

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকসান্দর আই ইগনাতভের নেতৃত্বাধীন দেশটির স্যাটেলাইট প্রযুক্তি প্রতিষ্ঠান গ্লাভকসমসের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে সাক্ষাৎকালে এ তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকালে রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণ প্রকল্পে রাশিয়ার সহযোগিতার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, বাংলাদেশে টেলিকম ও ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতা করার সুযোগ রয়েছে। সরকারের ডিজিটাল প্রযুক্তি এবং বিনিয়োগবান্ধব নীতির সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে বিনিয়োগের জন্য রাশিয়ার প্রতি আহ্বানও জানান তিনি। উল্লেখ্য, ২০২৩ সালের মধ্যে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের জন্য এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

সাকিবের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুললেন দ্রাবিড়

0

ম্যাচ ফিক্সিং না করে দুই বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অবশ্য দোষ স্বীকার করায় এক বছরের শাস্তি কমিয়েছে আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিট। সাকিবের এমন নিষেধাজ্ঞার খবর শুনে ব্যথিত ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। এ নিয়ে টুইটার হ্যান্ডলে একটি পোস্ট করেন তিনি।

পোস্টে দ্রাবিড় লিখেছেন, ‘অবিশ্বাস্য! সাকিবের শাস্তিটা বেশি কঠোর হয়ে গেল না? সে কি ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিল? আমার মনে হয়, তার অপরাধ হলো আইসিসি এবং এন্টি করাপশন ইউনিটকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব সম্পর্কে জানায়নি। এজন্য দুই বছরের নিষেধাজ্ঞা একটু বেশিই কঠিন হয়ে গেছে। আশা করি আইসিসি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।’

এসেছে ১০ হাজার টন পেঁয়াজ, আসছে আরো ৫০ হাজার টন

0

পেঁয়াজের বাজার স্থিতিশীল করতে খুব শিগগির বিভিন্ন দেশ থেকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর সঙ্গে গতকাল মঙ্গলবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয় ৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে রপ্তানির অনুমতি দিয়েছে। অর্থাৎ খুব দ্রুত দেশের বাজারে পেঁয়াজের অস্থিরতা কাটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

গতকাল এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পেঁয়াজ নিয়ে চিন্তার কিছু নেই। দু-চার দিনের মধ্যেই দাম কমবে। বাজার সহনীয় করতে এরই মধ্যে ১০ হাজার টন পেঁয়াজ এসেছে। এ ছাড়া বিভিন্ন দেশ থেকে আরো ৫০ হাজার টন পেঁয়াজ আমদানি হচ্ছে।

গতকাল ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানা গেছে, ভারত বাংলাদেশে ৯ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে। বেঙ্গালোর থেকে এই পেঁয়াজগুলো আসবে। তবে শর্ত হিসেবে রপ্তানির জন্য চেন্নাই পোর্ট ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এর মধ্য দিয়ে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের যে ঘোষণা দিয়েছিল এর কোনো হেরফের হবে না বলেও জানা গেছে। কারণ এই ৯ হাজার টন পেঁয়াজ বিশেষভাবে রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে ঢাকার বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজের বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা টিসিবির খোলাবাজারে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি, বাজার অভিযানে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না পেঁয়াজের দামে। প্রতিদিনই বাড়ছে পেঁয়াজের দাম। প্রতি কেজি ভালো মানের দেশি পেঁয়াজ ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে একটু নিম্নমানের দেশি পেঁয়াজ ১২০ টাকায় পাওয়া যাচ্ছে। আমদানি করা পেঁয়াজও বিক্রি হচ্ছে বাজারভেদে ১২০-১৩০ টাকার মধ্যে।

রাজধানীর রামপুরা বাজারের মুদি দোকানি আমিনুল ইসলাম বলেন, ‘পচা (নিম্নমানের) পেঁয়াজের দামও এখন ১২০ টাকা। আর ভালো দেশি পেঁয়াজ নিলে এক দাম ১৩০ টাকা পড়বে।’ প্রধানমন্ত্রী তাঁর সংবাদ সম্মেলনে অনেকটা রসিকতা করে বলেন, ‘পেঁয়াজ না খেলেই কী হয়। আমিও অনেক রান্না করছি, যেখানে পেঁয়াজ দেওয়া হয় না।’

তবে অনেক আড়তদার পেঁয়াজ মজুদ করে সংকট তৈরি করেছে জানিয়ে তিনি বলেন, ‘যারা পেঁয়াজ রেখে দিয়েছে তারা তো বাজার অস্থির করার জন্যই রেখেছে। তবে মজুদ তো বেশিদিন থাকবে না। পেঁয়াজ তো পচে যাবে।’

উল্লেখ্য, ভারতের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে আনতে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেয় ভারত। গত মাসে এই ঘোষণা দেওয়ার পর রাতারাতি বাংলাদেশের বাজারে পেঁয়াজের কেজি ১২০-১৩০ টাকায় ওঠে। এর সপ্তাহখানেক পরই আবার পেঁয়াজের দাম কমতে থাকে। কমে ৭০-৮০ টাকার মধ্যে এলে এক সপ্তাহ না যেতেই আবার পেঁয়াজের দাম ১০০ টাকায় ওঠে। ১০০ টাকায় দু-তিন দিন থাকার পরই আবার বাড়তে থাকে পেঁয়াজের দাম। বাড়তে বাড়তে এখন প্রতি কেজি পেঁয়াজের দাম উঠেছে ১৩০ টাকায়।

বিমানে আসনের নিচে মিলল ছয় কেজি সোনা

0

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে প্রায় ছয় কেজি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিম টিম। বাংলাদেশ বিমানের বিজি ০২২ ফ্লাইটের (মাস্কট টু ঢাকা) আসনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় এসব সোনার বার।

আজ বুধবার ( ৩০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, সকাল ৮ টা ৪০ মিনিটের দিকে শাহজালালে বিমানটি অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিমানটি তল্লাশি করতে যাই। এরই মধ্যে বিমানের সকল যাত্রী নেমে যায়। এরপর বিমানের সিটের (২২ নম্বর) নিচ থেকে পরিত্যাক্ত অবস্থায় পাঁচ কেজি ৮০০ গ্রাম (৫০টি) সোনার বার উদ্বার করা হয়, যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।

মো. সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় সাধারণত বিমান জব্দ করা হয়। তবে এ বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

‘লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0

তিন দিনব্যাপী তৃতীয় বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-২০১৯ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ শো’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। পরে বেলা ১১টার পর প্রধানমন্ত্রী প্রদর্শনীর উদ্বোধন করেন এবং তা ঘুরে দেখেন।

‘ফিউচার প্রুফ সোর্সিং’ স্লোগানে এবারের শোতে ৩০টির বেশি দেশের ক্রেতা ও ব্র্যান্ড প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। এছাড়া ১০টি প্যাভিলিয়ন ও ৩০টি স্ট্যান্ডস রয়েছে।

চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার সম্প্রসারণ ও বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশের বাজারে বিনিয়োগে আকৃষ্ট করতেই এ আয়োজন বলে জানিয়েছেন প্রদর্শনীটির আয়োজকরা।

বিদেশি ক্রেতাদের আকর্ষণে বাংলাদেশে তৈরিকৃত নানা ধরনের চামড়া ও চামড়াজাতীয় পণ্য প্রদর্শন করা হচ্ছে এতে। আগামী ২ নভেম্বর শেষ হবে এ প্রদর্শনী।