Home Blog Page 3389

আজিজ মোহাম্মদের দুই ভাতিজাকে গ্রেপ্তারে উদ্যোগ নেই

0

বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশানের বাড়িতে অবৈধ মদের বার ও ক্যাসিনো কারবার চালানোর ঘটনায় তাঁর দুই ভাতিজা ওমর মোহাম্মদ ভাই ও আহাদ মোহাম্মদ ভাইকে গ্রেপ্তারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

বাড়িতে অভিযান চালিয়ে বিপুলসংখ্যক অবৈধ মালামাল উদ্ধারের তিন দিন পার হলেও দুজনের অবস্থান শনাক্ত করতে এবং দেশত্যাগে বন্দরে সতর্ক বার্তা পাঠায়নি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। একাধিক সূত্র জানিয়েছে, আহাদ মোহাম্মদ এরই মধ্যে দেশ ছেড়েছেন বলে তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে সীমান্তে সতর্কতা জারির জন্য ওমর মোহাম্মদের পাসপোর্টসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেনি ডিএনসি। এদিকে গতকাল মঙ্গলবার আজিজ মোহাম্মদের বাসার দুই তত্ত্বাবধায়ক নবীন মণ্ডল ও পারভেজকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলেও রিমান্ড আবেদন করা হয়নি।

এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে সাকিবের পদত্যাগ

0

এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

জানা গেছে, ২০১৭ সাল থেকে এই কমিটির গর্বিত একজন সদস্য ছিলেন সাকিব। তবে ধারণা করা হচ্ছে, ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপনের অভিযোগে দুই বছরের নিষেধাজ্ঞার কারণে তাঁর এই সিদ্ধান্ত। দোষ স্বীকার করায় অবশ্য পরের এক বছরের শাস্তি স্থগিত থাকবে বলে জানিয়েছে আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিট।

সাকিবের পদত্যাগের খবর জানিয়ে এক বিজ্ঞপ্তিতে এমসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, ‘মেরিলিবোন ক্রিকেট ক্লাব নিশ্চিত করছে, এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সাথে সাকিব সংশ্লিষ্টতা ছিন্ন করে পদত্যাগ করেছেন।’

এ ব্যাপারে ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও সাবেক ইংলিশ কিংবদন্তী মাইক গেটিং বলেন, ‘সাকিবকে কমিটি থেকে হারিয়ে আমরা ব্যথিত। গত কয়েক বছরে সে এখানে অনেক অবদান রেখেছে। ক্রিকেটীয় চেতনার অভিভাবক হিসেবে আমরা তার পদত্যাগকে সমর্থন করি এবং বিশ্বাস করি- সে সঠিক সিদ্ধান্তটিই নিয়েছে।’

উল্লেখ্য, ১৭৮৭ সালে মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি প্রতিষ্ঠিত হয়। ক্রিকেট বিশ্বের আইকনিক ব্যক্তিদের ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হিসেবে নিয়োগ দিয়ে থাকে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।

সাকিব নিষিদ্ধ দুই বছর

0

প্রায় সাড়ে ছয় বছর আগে এভাবেই আরেকবার কেঁপে উঠেছিল বাংলাদেশের ক্রিকেট। তখন মোহাম্মদ আশরাফুলের বিরুদ্ধে ম্যাচ পাতানোর তদন্তে সাক্ষ্য দিয়ে সহযোগিতা করা সাকিব আল হাসান এত দিন পর আবারও ‘সহযোগী’র ভূমিকায়। তবে এবারের সহযোগিতা তাঁর নিজের বিরুদ্ধে তদন্তেই। তাতেই লেখা হলো বাংলাদেশ ক্রিকেটের আরেকটি হৃদয়ভেদী অধ্যায়। সেটির মলাট উল্টানোর জন্যই মঙ্গলবার দিনজুড়ে কয়েক ধাপে চলল কেবলই অপেক্ষা আর অপেক্ষা। সন্ধ্যার আগে এবং সন্ধ্যার পরেও।

প্রথম ধাপে বাইরে অপেক্ষা, অপেক্ষা ভেতরেও। বোর্ড সভাপতি নাজমুল হাসান পরিচালনা পর্ষদে তাঁর সহকর্মীদের নিয়ে অপেক্ষার একপর্যায়ে বাইরে এসে অপেক্ষমাণ সংবাদমাধ্যমকে মুখপাত্র জালাল ইউনুস জানিয়ে যান, ‘আমরাও অপেক্ষায় আছি। কিসের অপেক্ষা, সেটি তো আপনারা জানেনই।’ সেই অপেক্ষা জুয়াড়ি দীপক আগরওয়ালের সঙ্গে যোগাযোগের খবর আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিটকে (এসিইউ) অবহিত না করার অপরাধে সাকিব আল হাসানের রায় ঘোষিত হওয়ার। অবশেষে সেই অপেক্ষা ফুরায় সন্ধ্যা ৬টার পর। বাংলাদেশ ক্রিকেটের আরেকটি ‘কালো দিন’ হিসেবে ২০১৯-এর ২৯ অক্টোবর আনুষ্ঠানিক সিল-ছাপ্পড়ও পড়ে যায় তখনই। আশরাফুল অঝোরে কেঁদেছিলেন। তবে সাকিব কাঁদলেন না একটুও। না কাঁদলেও অভিব্যক্তিতে ঠিকই ফুটে উঠছিল ভেতরে বয়ে যাওয়া বাঁধভাঙা কান্নার স্রোত।

আইসিসির অ্যান্টি-করাপশন কোডের একই ধারা (২.৪.৪) তিনবার ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা প্রথমে নিজেদের ওয়েবসাইটে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে সাকিবকে নিষিদ্ধ করার খবর দেয়। তবে দোষ স্বীকার করায় পরের এক বছরের শাস্তি স্থগিত থাকবে বলেও জানানো হয় সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে। সেই সঙ্গে এ-ও জানিয়ে দেওয়া হয় যে দোষ এবং শাস্তি মেনে নেওয়ায় এই রায়ের বিরুদ্ধে আপিল করারও কোনো সুযোগ নেই বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের। ২০২০ সালের ২৯ অক্টোবর পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটই খেলতে পারবেন না এই অলরাউন্ডার। অর্থাৎ আগামী বছর ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হবে না বহির্বিশ্বে ‘বাংলাদেশের মুখ’ সাকিবের। তবে প্রথম বছরের নিষেধাজ্ঞা কাটানোর সময় নতুন করে কোনো আইন না ভাঙলে পরবর্তী এক বছরের শাস্তি মওকুফও হবে তাঁর। সে ক্ষেত্রে ২০২০ সালের ৩০ অক্টোবর থেকে আবার সব ধরনের ক্রিকেটে ফিরতেও কোনো বাধা নেই সাকিবের।

অনিবার্য নিয়তি নির্ধারিত হয়ে যাওয়ার পর শুরু অপেক্ষার দ্বিতীয় পর্বের। যে পর্বে চলতে থাকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাকিবের আসার অপেক্ষা। তিনি এলেই যে যৌথ সংবাদ সম্মেলন হবে। সেই অপেক্ষা চলতেই থাকে। আর ততক্ষণে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মেইন গেটে জড়ো হয়ে যান শতাধিক সাকিবভক্ত। যাঁরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। সেখানেই সাকিবকে ক্যামেরায় ধরার জন্য ছিল সংবাদমাধ্যমের অপেক্ষা। কিন্তু তিনি ভেতরে ঢোকেন অন্য গেট দিয়ে। নিষেধাজ্ঞার প্রভাবে ক্লান্ত এবং বিধ্বস্ত দেখাচ্ছিল তাঁকে। বিসিবির লিফটে ওপরে ওঠার পর চলে যান সভাপতির কক্ষে। কিছুক্ষণ পর দুজনই আসেন সংবাদ সম্মেলনে। সেখানে নিজের বক্তব্য পড়ে শোনান সাকিব। শোনান ‘আরো শক্তভাবে’ ফিরে আসার প্রতিজ্ঞার কথাও। অভয় দেন বিসিবি সভাপতি নাজমুলও, ‘ভেঙে পড়ার কোনো কারণ নেই। আমরা ওর পাশেই থাকব।’

নিজের বিরুদ্ধে তদন্তে এসিইউর কর্মকর্তাদের পাশে থেকেছেন সাকিবও। সে জন্য সাধুবাদ পেলেও নিষেধাজ্ঞা এড়ানোর কোনো সুযোগই ছিল না তাঁর। এই বছরের ২৩ জানুয়ারি এবং ২৭ আগস্ট বাংলাদেশে দুই দফায় তাঁর সাক্ষাৎকার নেন এসিইউর কর্মকর্তারা। ওই সময়ই জুয়াড়ি আগরওয়ালের সঙ্গে যোগাযোগের বিষয়টি জানানোর ক্ষেত্রে একাধিকবার নিজের ব্যর্থতার কথা স্বীকার করে নেন এই অলরাউন্ডার। বিস্তারিত তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাকিবের সঙ্গে জুয়াড়ি আগরওয়ালের যাবতীয় যোগাযোগ হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ২০১৮ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসের মধ্যে অন্তত তিনবার এসিইউকে জানানোর মতো বার্তা আদান-প্রদান হয়েছে সাকিব ও আগরওয়ালের মধ্যে। এর কিছুই না জানানোর অপরাধ স্বীকার করে সাকিবের নিষিদ্ধ হওয়ার দিনটি সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের চোখে, ‘বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে দুঃখের দিন।’

দুঃখের দিন এসেছিল আগেও। সেবার তদন্তে সহযোগিতা করা সাকিব আবারও ‘সহযোগী’। তবে এবার নিজের বিরুদ্ধেই!

ব্রিটেনে সাধারণ নির্বাচন ১২ ডিসেম্বর

0

ব্রিটেনে বেক্সিট ইস্যুতে টানা কয়েক মাস ধরে টানাপড়েন চলছে। এদিকে মঙ্গলবার আগাম নির্বাচনের পক্ষে ঐক্যমতে পৌঁছেছেন দেশটির পার্লামেন্ট সদস্যরা। আগামী ১২ ডিসেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন আয়োজনের পক্ষে ভোট দিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট।

ব্রিটিশ পার্লামেন্টে ভোটাভুটিতে সরকারের প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৪৩৮টি এবং বিপক্ষে ভোট দিয়েছেন ২০ জন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য

এদিকে, বিলটি এখনো লর্ড সভায় অনুমোদন হওয়ার বাকি রয়েছে। এ সপ্তাহের শেষের দিকেই এটি অনুমোদন পাবে।

১৯২৩ সালের পর এই প্রথম ব্রিটেনে ডিসেম্বর মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রসঙ্গত, ব্রিটেনে ২০১৭ সালে সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

সূত্র : বিবিসি

স্টেশনে চা বিক্রি করে আজ এই জায়গায় পৌঁছেছি : সৌদিতে মোদি

0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরব সফরে গিয়েছেন। সেখানে দু’দিনের সফরে গিয়ে দারিদ্র নিয়ে কংগ্রেস ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায়ের নাম না-করে কটাক্ষ করেছেন তিনি। রিয়াদে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, আমি কোনও রাজনৈতিক পরিবার থেকে আসিনি। কোনও বই পড়ে গরিবি শিখিনি। প্ল্যাটফর্মে চা বেচেছি। দারিদ্রকে কাছ থেকে দেখেছি।

রিয়াদে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিসিয়েটিভ-২০১৯-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেছেন।

নরেন্দ্র মোদি বলেন, কোনও বড় রাজনৈতিক পরিবারের ছেলে আমি নই। বই পড়ে দারিদ্র জেনেছি, এমন নয়। আমি দারিদ্রে জীবন কাটিয়েছি। রেল স্টেশনে চা বিক্রি করে আজ এই জায়গায় পৌঁছেছি।

একইসঙ্গে তিনি জানান, আগামী কয়েক বছরেই সাফল্যের সঙ্গে গরিবি মুছে ফেলবে ভারত।

তিনি বলেন, গরিব মানুষের ক্ষমতায়নের মাধ্যমেই আমি দারিদ্রের সঙ্গে লড়াই করছি। গরিব মানুষের দরকার সম্মান। যখন একজন গরিব মানুষ বলবেন, তিনি নিজেই নিজের দারিদ্র ঘুচিয়ে দেবেন, তার চেয়ে বড় সন্তুষ্টি আর কিছু হতে পারে না। গরিব মানুষের ক্ষমতায়ন ও তাঁকে সম্মান দেওয়াই সবচেয়ে আগে দরকার।

মোদির দাবি, স্বচ্ছ ভারত মিশন ও প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করার ফলে গরিব মানুষের সম্মান ফিরেছে। একইসঙ্গে তিনি ঘোষণা দেন, তেল ও গ্যাস পরিকাঠামোয় ১০ হাজার কোটি মার্কিন ডলার লগ্নি করতে চলেছে ভারত।

কাশ্মীর ইস্যুতে মোদির পাশে সৌদি!

0

সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরব সফর করেছেন। এই সফরে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মোদির বৈঠক হয়েছে। এর আগে গত মাসে রিয়াদে সৌদি যুবরাজ মোহম্মদ বিন সালমনের সঙ্গে আলোচনায় বসেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীরে ভারতের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে সৌদিকে পাশে পাওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছেন। ফলে কাশ্মীর নিয়ে রিয়াদের অবস্থান কী হবে, তা নিয়ে সংশয়ে রয়েছে নয়াদিল্লি। সে দিন দু’জনের আলোচনায় উঠেও এসেছিল কাশ্মীর প্রসঙ্গ। কাশ্মীরের বিশেষ অধিকার বিলোপ নিয়ে টানাপড়েনের মধ্যে সলমন আশ্বস্ত করেছিলেন ডোভালকে। বলেছিলেন, কাশ্মীরকে ঘিরে ভারতের দৃষ্টিভঙ্গি আর পদক্ষেপের ব্যাপারগুলি বুঝতে পারছে তাঁর দেশ।

কাশ্মীর নিয়ে সেদিন আরব থেকে আসা এত বড় সমর্থনই যেন এবারের নরেন্দ্র মোদির সৌদি সফরের সুর বেঁধে দিয়েছে। শিল্প সম্মেলনে যোগ দিতে ও আরব দুনিয়ার রাষ্ট্রনেতাদের সঙ্গে কথা বলতে সোমবার রিয়াদে পৌঁছেছেন মোদি।

এর আগে ‘আরব নিউজ’ সংবাদপত্রে এক সাক্ষাৎকার মোদি বলেছেন, ক্রেতা-বিক্রেতার সম্পর্ক ছেড়ে সৌদি ও ভারত এখন কৌশলগত অংশীদারির দিকে এগোচ্ছে। ভারতে তেল ও প্রাকৃতিক গ্যাস প্রকল্পে বিনিয়োগ করতে চলেছে সৌদি।

তিনি বলেন, ২৬ লাখ ভারতীয় সৌদি আরবকে তাদের দ্বিতীয় ঘর বানিয়ে ফেলেছেন। সৌদির উন্নতিতে কাজ করে চলছেন তাঁরা।

দুদেশের সম্পর্কের উন্নতিতে ভারতীয় বংশোদ্ভূতদের ভূমিকাকেও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিন বছর আগেও রিয়াদে এসেছিলেন মোদি। তখন তাঁকে সর্বোচ্চ নাগরিক সম্মান দিয়েছিল সৌদি। তারপর থেকে নয়াদিল্লির ভাবমূর্তি নষ্ট করতে ইসলামাবাদের প্রবল প্রয়াস যে রিয়াদ-নয়াদিল্লির সম্পর্কে ফাটল ধরাতে পারেনি, মোদির কর্মসূচিতেই তা স্পষ্ট। সৌদির শক্তিমন্ত্রী, শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রী, পরিবেশ ও কৃষিমন্ত্রীরা এ দিন মোদির সঙ্গে দেখা করেন। বৈঠকগুলিকে ‘ইতিবাচক’ আখ্যা দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, কৃষি, জলসম্পদে ব্যবহৃত প্রযুক্তি ও খাদ্য প্রক্রিয়াকরণে নতুন ক্ষেত্র খুঁজে বার করতে সৌদির মন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী।

মোদির সম্মানে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেছেন সৌদি বাদশাহ সালমন বিন আব্দুল আজিজ। পরে দু’জনের বৈঠক হয়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমনের সঙ্গে নৈশভোজ করেন মোদি। ভারতে বিভিন্ন ক্ষেত্রে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে চাইছে সৌদি আরব। এ ব্যাপারে সে দেশের রাজপরিবারের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রীর। ভবিষ্যৎ বাণিজ্যের রূপরেখা স্থির করতে রিয়াদে শিল্প সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’-এর আয়োজন করেছিলেন সৌদি যুবরাজ। যাকে ‘দাভোস ইন দ্য ডেজার্ট’ বলা হয়। সেই সম্মেলনে যোগ দিয়েছেন মোদি।

সৌদির বাদশাহর সঙ্গে মোদির বৈঠকের আর একটি তাৎপর্যপূর্ণ দিক হলো, সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের সঙ্গে একজোট হয়ে কাজ করতে সৌদির সম্মতি। নিরাপত্তার প্রশ্নেও সমঝোতা বাড়াতে রাজি হয়েছে নয়াদিল্লি ও রিয়াদ।

ইহুদিদের চর ছিলেন বাগদাদি

0

সম্প্রতি উগ্র জঙ্গিগোষ্ঠী আইএস বা দায়েশের প্রধান আবু বকর আল-বাগদাদি সিরিয়ায় মার্কিন সেনা অভিযানে নিহত হয়েছেন। এই বাগদাদি ইহুদিবাদী ইসরায়েলের একজন চর ছিলেন।

মার্কিন রাজনৈতিক বিশ্লেষক এবং ভাষ্যকার কেভিন ব্যারেট এ কথা বলেছেন।

ইরানের ইংরেজি ভাষার টিভি চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।

গত রবিবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে, আইএস এর শীর্ষ নেতা বাগদাদিকে হত্যা করেছে মার্কিন বাহিনী।

ট্রাম্পের এই ঘোষণাকে কেবিন ব্যারেট প্রহসন বলে মন্তব্য করেন।

ব্যারেট বলেন, বাগদাদির হত্যার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন এবং যে ছবি দেখিয়েছেন তা নাটক ছাড়া আর কিছু নয়। ট্রাম্পের এই নাটকে জনগণের হাসা ছাড়া কোনো উপায় নেই।

মার্কিন বিশ্লেষক বলেন, আসল সত্য হচ্ছে এই যে, প্রকৃতপক্ষে বাগদাদি ইসরায়েলের চর ছিলেন।

তিনি বলেন, বহু রিপোর্ট থেকে এ কথা পরিষ্কার হয়েছে যে, ইসরায়েলের সুনির্দিষ্ট এক ব্যক্তি এই ভূমিকা পালন করেছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ঘোষণা করেছেন যে, বাগদাদিকে হত্যার আগে যে অভিযান পরিচালনা করা হয়েছে তার ফুটেজ প্রকাশ করার কথা বিবেচনা করছে ওয়াশিংটন।

তিনি বলেন, ওই ভিডিওর অংশবিশেষ আমরাও প্রকাশ করতে পারি। অভিযানের সময় আমি পর্যবেক্ষণ কক্ষ থেকে তা দেখেছি এবং একে আমার কাছে সিনেমার মতো মনে হয়েছে।

কেবিন ব্যারেট ট্রাম্পের এ সমস্ত কথাবার্তা এবং ঘোষণাকে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করেন।

সূত্র : পার্সটুডে

বাগদাদির উত্তরসূরিও নিহত!

0

সম্প্রতি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর প্রধান আবু বকর আল-বাগদাদি নিহত হয়েছেন। বাগদাদি নিহত হওয়ার ঠিক দু’দিনের মাথায় এই জঙ্গি সংগঠনে বাগদাদির অন্যতম উত্তরসূরি নিহত হয়েছেন। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই দাবি করেছেন ।

গতকাল মঙ্গলবার এক টুইট বার্তায় এ কথা জানান তিনি।

ডোনাল্ড ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলি দাবি করে, মার্কিন সেনাদের হাতে ইসলামিক স্টেটের নেতা আবু বকর আল-বাগদাদির অন্যতম উত্তরসূরি নিহত হয়েছেন। নিহত ওই নেতাই বাগদাদির উত্তরসূরি হিসেবে এক নম্বরে ছিল বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের।

তিনি বলেন, বাগদাদির অবর্তমানে আইএস তার উত্তরসূরি হিসেবে স্থলাভিষিক্ত হওয়ার কথা ছিল ওই নেতারই। এখন সে মৃত। যদিও একবারের জন্যও নিহত আইএস নেতার নাম বলেননি ডোনাল্ড ট্রাম্প।

তবে, সোমবার আবু আল হাসান আল মুজাহির নামে আইএসের অপর এক নেতা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওই নেতার কথাই ট্রাম্প উল্লেখ করেছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

মার্কিন যুক্তরাষ্ট্রের এই অভিযানের পর থেকে বিশ্ব নেতারা সতর্ক থাকতে বলেছেন। এর প্রতিশোধ নিতে আইএস বিশ্বজুড়ে হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন তাঁরা।

প্রসঙ্গত, জঙ্গি সংগঠন আইএস-এর প্রতিষ্ঠাতা ও প্রধান আল বাগদাদি। অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্র তাকে খুঁজছিল। গত ২৭ অক্টোবর সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে থাকা বাগদাদির গোপন আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালায় মার্কিন স্পেশাল ফোর্স। ওই অভিযান চলাকালীন আইএস নেতার পরনে ছিল সুইসাইড ভেস্ট। পরে সেটি বিস্ফোরণের মাধ্যমেই তার মৃত্যু হয়।

আমাদের গুপ্তচরই বাগদাদির অন্তর্বাস চুরি করেছে : কুর্দি নেতা

0

কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স বা এসডিএফ বলছে, তাদের একজন গুপ্তচর আবু বকর আল-বাগদাদির অন্তর্বাস চুরি করেছিল এবং সেখান থেকে নেয়া ডিএনএ-র নমুনার সাথে মিলিয়ে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। আর এরপরই যুক্তরাষ্ট্র অভিযান চালিয়ে বাগদাদিকে হত্যা করতে পেরেছে।

এসডিএফের একজন শীর্ষস্থানীয় উপদেষ্টা পোলাট ক্যান দাবি করেছেন, ইসলামিক স্টেটের এই নেতা কোথায় অবস্থান করছেন সেটা খুঁজে বের করতে তাদের সোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তার পরেই যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বাহিনী সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে আল-বাগদাদিকে হত্যার অভিযান চালায়।

এই অভিযানের সময় আল-বাগদাদি নিজের শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেন।

কুর্দি বাহিনীর এই দাবিকে ততোটা গুরুত্ব দিচ্ছে না যুক্তরাষ্ট্র। তবে প্রেসিডেন্ট ট্রাম্প যখন ২৭শে অক্টোবর আইএস নেতাকে হত্যা করার কথা ঘোষণা করেন, তখন তিনি বলেছিলেন, কুর্দি বাহিনী এমন তথ্য সরবরাহ করেছিল যা তাদেরকে এই অভিযান চালাতে সাহায্য করেছে, তবে এই অভিযানে তাদের কোন সামরিক ভূমিকা ছিলো না।

পোলাট ক্যান সোমবার এক টুইটার বার্তায় দাবি করেন, এই অভিযানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এসডিএফের।

‘আল-বাগদাদির কাছে পৌঁছানো, তিনি যেখানে আছেন সেই জায়গাটিকে শনাক্ত করা – এধরনের সব গোয়েন্দা তৎপরতাই সম্ভব হয়েছে আমাদের কাজের ফলে। আমাদের গোয়েন্দা সূত্রগুলো অভিযান সমন্বয়ের সাথে জড়িত ছিল, উপর থেকে বোমা ফেলা, তাতে অংশ নেয়াসহ এই অভিযান সফল করতে শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের বাহিনী কাজ করেছে,’ বলেন তিনি।

পোলাট ক্যান তার টুইটে লিখেছেন, ‘আমাদের নিজেদের সোর্স – যিনি আল-বাগদাদির কাছে পৌঁছাতে পেরেছিলেন – তার একটি আন্ডারওয়্যার চুরি করে নিয়ে এসেছিলেন ডিএনএ পরীক্ষার জন্য, যাতে শতভাগ নিশ্চিত হওয়া যায় যে তিনিই আল-বাগদাদি।’

তিনি আরো বলেছেন, ইসলামিক স্টেটের নেতা কোথায় আছেন সেটা খুঁজে বের করতে এসডিএফ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গুপ্তচর সংস্থা সিআইএর সাথে ১৫ই মে’র পর থেকে কাজ করে আসছিল।

এক পর্যায়ে এসডিএফের গোয়েন্দারা জানতে পারেন যে আল-বাগদাদি ইদলিব প্রদেশের বারিশা গ্রামে লুকিয়ে আছেন।

পোলাট ক্যান বলেন, তাদের সোর্স এও জানতে পেরেছিল যে আইএস নেতা জারাবলুসের নতুন একটি গোপন আস্তানায় চলে যাওয়ার পরিকল্পনা করছিল।

ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াই-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র বাহিনী এসডিএফ।

কিন্তু এমাসেরই শুরুর দিকে প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ার উত্তরাঞ্চল থেকে তার সৈন্য প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করেন।

বিশ্লেষকরা মনে করেন, মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেওয়ার ফলেই তুরস্কের সামরিক বাহিনী সিরিয়ায় ঢুকে এসডিএফের বিরুদ্ধে অভিযান চালানোর সুযোগ পায়।

অভিযান সম্পর্কে কী জানি?
আল-বাগদাদিকে হত্যার এই অভিযান সম্পর্কে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্র বাহিনীকে আগেই জানানো হয়েছিল।

তাদের মধ্যে রয়েছে উত্তর-পূর্ব সিরিয়ায় তৎপর তুর্কী, ইরাকি ও কুর্দি বাহিনী এবং রাশিয়া যারা ইদলিব প্রদেশের আকাশে বিমান চলাচল নিয়ন্ত্রণ করে থাকে।

মার্কিন সৈন্যরা সেখানে পৌঁছেই আল-বাগদাদিকে আত্মসমর্পণের আহবান জানায়।

আল-বাগদাদি তখন একটি সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যায়।

মার্কিন সৈন্যরা তখন দরজা দিয়ে ভেতরে না ঢুকে দেয়ালে গর্ত তৈরি করেন। তারা মনে করেছিলেন দরজায় বোমা পাতা থাকতে পারে।

এক পর্যায়ে পলায়নপর আল-বাগদাদি নিজের শরীরে বেঁধে রাখা আত্মঘাতী ভেস্টের বিস্ফোরণ ঘটান এবং সুড়ঙ্গের ভেতরেই মারা যান।

ট্রাম্প বলেছেন, বিশেষ বাহিনী দেহাবশেষ নিয়ে ডিএনএ পরীক্ষা চালায় এবং ফলাফল থেকে আল-বাগদাদির পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হয়।

অভিযানের সময় সৈন্যদের সাথে কারিগরি লোকজনও ছিলো যারা তাদের সাথে করে আল-বাগদাদির ডিএনএ নিয়ে গিয়েছিল।

খবরে বলা হচ্ছে, কারো মুখ দেখে তাকে চিহ্নিত করার প্রযুক্তি ও ডিএনএ পরীক্ষার ছোট্ট একটি যন্ত্র হেলিকপ্টারে করে নিয়ে যেতে পারে।

কারিগরি লোকজন হেলিকপ্টারে করে আল-বাগদাদির ছিন্নভিন্ন দেহের কিছু অংশ সাথে করে নিয়ে এসেছিল।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফ জেনারেল মাইক মাইলে সোমবার বলেছেন, আমেরিকান কর্মকর্তারা তার দেহাবশেষের ‘অন্তিম ব্যবস্থা’ সম্পন্ন করেছে।

এর বিস্তারিত তিনি আর কিছু বলেন নি।

বন্ধুদের সঙ্গে গরু চুরি করতে গিয়ে গণপিটুনি, তরুণের মৃত্যু

0

গরু চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়ে এক তরুণকে। ভারতের বিহার রাজ্যের মোকামা এলাকার মোরেপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। এতে নিহত হয়েছেন বরাহপুর গ্রামের মটলু বিন্দ।

পুলিশ বলছে, গত সোমবার রাতে গরু চুরি করার উদ্দেশ্যে মোরে গ্রামে যান বরাহপুর গ্রামের কয়েকজন তরুণ। কিন্তু গরুর দড়ি বাঁধার খুঁটি উপড়ানোর শব্দ শুনতে পান ওই গ্রামের কয়েকজন। গরু চুরি বিষয়টি বুঝতে পেরে বহিরাগতদের তাড়া করতে শুরু করেন গ্রামবাসী।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, গ্রামবাসীদের তাড়া খেয়ে দলের বাকি তরুণরা পালিয়ে গেলেও ধরা পড়ে যায় মটলু। তাকে বেঁধে বেধড়ক পেটায় গ্রামের ক্ষুব্ধ বাসিন্দারা। লাঠি দিয়ে উপর্যুপরি আঘাতের ফলে রক্তাক্ত হতে থাকে ওই তরুণের শরীর।

গণপিটুনির কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের কব্জা থেকে ক্ষতবিক্ষত মটলুকে উদ্ধার করে পুলিশ। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও সেখানেই তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ওই গ্রামের ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।