Home Blog Page 3390

কাশ্মীরে সেনা কনভয়ে হামলা

0

ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সাংসদ প্রতিনিধিদলের সফরের মধ্যেই ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে হামলার ঘটনা ঘটল। আজ মঙ্গলবার পুলওয়ামায় আক্রান্ত হলো টহলদারি সেনা কনভয়।

জম্মু ও কাশ্মীর পুলিশের একজন কর্মকর্তা জানান, আজ মঙ্গলবার দুপুরে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার দ্রাবগামে ভারতীয় সেনাবাহিনীর টহলদার বাহিনীকে নিশানা করে ছয় থেকে সাত রাউন্ড গুলি চালায় আততায়ীরা। জবাবে পাল্টা গুলি ছোড়ে সেনাবািহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে দু’দিনের সফরে শ্রীনগরে পৌঁছেছে ইইউ সাংসদদের ২৩ সদস্যের প্রতিনিধিদল। মোট ২৭ জন সাংসদ জম্মু ও কাশ্মীর এবং লাদাখ সফরে আসবেন ঠিক হলেও শেষ পর্যন্ত চারজন সদস্য সফরকারী দল থেকে নাম প্রত্যাহার করে নিজের দেশে ফিরে গেছেন।

বাংলাদেশ-ভারত সিরিজে জঙ্গি হামলার শঙ্কা

0

ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় ক্রিকেট দলের ওপর হামলার হুমকির খবর পেয়েছে জাতীয় তদন্ত সংস্থা (এএনআই)।

এই তথ্য পাওয়ার পরপরই দিল্লি পুলিশকে জানিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। আর সাথে সাথেই এই ম্যাচকে ঘিরে দুই দলেরই নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

সন্ত্রাসীগোষ্ঠী অল-ইন্ডিয়া লস্কর-ই-তৈয়বার পাঠানো চিঠিতে এমন হুমকি পাওয়ার কথা স্বীকার করেছে দিল্লি পুলিশ। যেখানে আরো জানানো হয়েছে, এই ম্যাচের আগে আরেক দফা হামলার শিকার হতে পারেন ভারতীয় ক্রিকেট দল।

এদিকে হামলার হুমকিতে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি কোবিন্দ এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নভেম্বরের ৩ তারিখ দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে দুই দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পেঁয়াজ সমস্যার সমাধান হবে অচিরেই : প্রধানমন্ত্রী

0

সাম্প্রতিক সময়ে পেঁয়াজের দাম নিয়ে শুরু হওয়া সমস্যার সমাধান অচিরেই হয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, পেঁয়াজ নিয়ে সমস্যা থাকবে না। এটা সাময়িক। কয়েকদিনের মধ্যে এটি ঠিক যাবে। ইতোমধ্যে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ চলে এসেছে। আরও আসবে।

সম্প্রতি আজারবাইজানের বাকুতে ন্যাম সম্মেলনে যোগদান শেষে মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

পেঁয়াজের মজুদের বিষয়ে তিনি বলেন, কারা পেঁয়াজ মজুদ করছে। মজুদ করে সরকারকে বেকায়দায় ফেলে কতদিন রাখা যাবে? পেঁয়াজ তো পঁচে যাবে। বেশিদিন তো রাখা যাবে না।

এ সময় রসিকতা করে শেখ হাসিনা বলেন, পেঁয়াজ ছাড়াও তো রান্না হয়। আমি নিজেও তো করি।

সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ছাড়াও সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

নুসরাতকে হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে

0

ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় ১৬ আসামির মৃত্যুদণ্ডের সাজা সম্বলিত নিম্ন আদালতের রায়ের কপি (যা ডেথ রেফারেন্স হিসেবে পরিচিত) আজ মঙ্গলবার বিকেলে হাইকোর্টে পৌঁছেছে। এই ডেথ রেফারেন্স পাবার কথা নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান।

এদিকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, এই মামলার সঙ্গে সারাদেশের মানুষের আবেগ জড়িত। সুতরাং এই মামলা সংক্রান্ত ডেথ রেফারেন্স দ্রুত শুনানির জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার তার সবই নেওয়া হবে।

তিনি বলেন, নথি পৌঁছার পর কিছু প্রক্রিয়া রয়েছে। এখন যাবতীয় নথি পরীক্ষা করা হবে। সবকিছু ঠিকঠাক আছে কিনা তা যাচাই করা হবে। এটা আদালতের কর্মকর্তা-কর্মচারিরাই করবেন। এরপর পেপারবুক তৈরি করা হবে। পেপারবুক তৈরির পর শুনানি হবে। সুতরাং এইসব প্রক্রিয়া যাতে দ্রুত হয় সেদিকে খেয়াল রাখা হবে।

ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ গত ২৪ অক্টোবর এক রায়ে নুশরাত হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন। আইন অনুযায়ী ফাঁসির রায় অনুমোদনের জন্য ফেনীর আদালত থেকে ডেথ রেফারেন্স হিসেবে রায়টি লাল কাপড়ে মুড়িয়ে হাইকোর্টে পাঠানো হয়। আজ বিকেল ৫টার দিকে নথি হাইকোর্টে পৌছে। প্রথমে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের দপ্তরে নেওয়া হয়। এরপর তা সংশ্লিষ্ট আদান-প্রদান শাখায় পাঠিয়ে দেওয়া হয়। আদান-প্রদান শাখার কর্মকর্তা এই নথি (ডেথ রেফারেন্স) পাবার পর তা রেজিস্ট্রার বুকে এন্ট্রি করাসহ যাবতীয় কার্যাদি সম্পাদন করেন।

ফেনীর আদালতের স্টেনোগ্রাফার শামসুদ্দিন কালের কণ্ঠকে বলেন, আমাদের আদালতের নিজস্ব গাড়িতে করে দুপুর সাড়ে বারোটায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হই। বিকেল ৫টায় সুপ্রিম কোর্টে পৌঁছেছি।

হাইকোর্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা (আদান-প্রদান শাখা) কে এম ফারুক হোসেন জানান, বিকেল ৫টার পর নথি পেয়েছি।

যৌন নির্যাতনের অভিযোগে গত ২৭ মার্চ একই মাদরাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে মামলা করেন নুসরাতের মা শিরিন আক্তার। মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় গত ৬ এপ্রিল পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয় মুখোশধারী ও বোরকা পরা দুর্বৃত্তরা। অগ্নিদগ্ধ অবস্থায় প্রথমে নুসরাতকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু তার অবস্থা মারাত্মক হওয়ায় তাকে ফেনী সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় নুসরাত গত ১০ এপ্রিল বুধবার রাতে মারা যায়।

এ ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গত ২৯ মে ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এরপর ২০ জুন ফেনীর বিচার শেষে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২৭ জুন থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। বিচার শেষে ফেনীর আদালত ১৬ জনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন।

একবছর পর খেলতে পারবেন সাকিব

0

বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। তবে, দোষ স্বীকার করার কারণে, তার ১ বছরের শাস্তি স্থগিত করেছে আইসিসি। ফলে তিনি এক বছর পরই আবার খেলতে পারবেন।

আইসিসি, জানিয়েছে ২৯ অক্টোবর ২০২০ থেকেই সাকিব আন্তার্জাতিক ক্রিকেটে পুনরায় খেলা শুরু করতে পারবেন। আইসিসি তার বিরুদ্ধে যে তিনটি অভিযোগ এনেছিলো সেগুলো স্বীকার করে নেওয়ায় সাকিবের বিরুদ্ধে জারি করা দুই বছরের নিষেধাজ্ঞার একবছর স্থগিত করা হয়েছে।

২৯ অক্টোবর ২০০৮ (মঙ্গলবার) আইসিসির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

দুই বছরের জন্য নিষিদ্ধ সাকিব

0

আইসিসির কোড অব কন্ডাক্টে বলা আছে, বাজিকরদের কাছ থেকে ম্যাচ বা স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেলে সংশ্লিষ্ট বোর্ডকে জানাতে হবে। না হয় আইসিসির দুর্নীতি দমন সংস্থা- আকসুকে অবহিত করতে হবে। সে খবর নিজে লুকিয়ে রাখলে সেটা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। সাকিব তার কোনোটাই করেননি। এই কারণেই দেশের ক্রিকেট ভক্তদের জন্য এসেছে নতুন দুঃসংবাদ। সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। অপরাধ স্বীকার করে নেওয়ায় সাকিবকে এ শাস্তি দিয়েছে আইসিসি। অফিসিয়াল ওয়েব পেজে এই তথ্য নিশ্চিত করেছে আইসিসি।

ওয়েব পেজে জানানো হয়, দুই বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করা হয়েছে। তবে তার মধ্যে এক বছর নিষেধাজ্ঞা স্থগিত রয়েছে। অপরাধ স্বীকার করে নেওয়ায় তাকে এক বছর পরই খেলার অনুমতি দেওয়া হয়েছে। তবে যদি তিনি এই ধরনের কোনো অপরাধ করেন তাহলে আবারো শাস্তি পেতে হবে।

বিস্তারিত আসছে….

দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলতে রাজি বিসিবি : সৌরভ গাঙ্গুলি

0

আগামী মাসে আসন্ন ভারত সফরে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর মধ্যে একটি টেস্ট ম্যাচকে দিবা-রাত্রির করতে চান ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি। এরই পরিপ্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের পাঠানো প্রস্তাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) রাজি হয়েছে বলে জানিয়েছেন তিনি। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি বিসিবি।

সংবাদসংস্থা পিটিআইকে সৌরভ জানান, “আমি বিসিবি সভাপতির (নাজমুল হাসান) সঙ্গে কথা বলেছি। তাঁরা রাজি আছেন, কিন্তু তাঁরা তাঁদের খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে চেয়েছেন। আমি নিশ্চিত যে দিন-রাতের টেস্ট ম্যাচ হবে। ওঁরা (বাংলাদেশ) খুব তাড়াতাড়ি বিষয়টি নিয়ে আমাদের জানাবেন। আশা করছি, আমরা একটি নিশ্চয়তা পাব।”

তিনি আরো বলেন, “বাংলাদেশের সিদ্ধান্ত জানতে পারলে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এ ব্যাপারে আমরা এগিয়ে যাব।”

এর আগে এ বিষয়ে বিসিবি পরিচালক এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছিলেন, ‘যেহেতু আমরা এ ধরনের টেস্ট ম্যাচ খেলিনি। ঘরোয়া লিগেও দিবারাত্রির খেলা হয় না। তাই ক্রিকেটার এবং কোচিং স্টাফের মতামত নেওয়া জরুরি। সবার সঙ্গে কথা বলেই একটা সিদ্ধান্ত নেওয়া হবে।’

জানা গেছে, দুই টেস্ট ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্স। ইএসপিএন ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, ঐতিহাসিক এই স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচ আয়োজনে প্রস্তুত বিসিসিআই। কিন্তু বিসিবির কাছ থেকে কোনো জবাব না পাওয়া পর্যন্ত সেই প্রস্তুতির কাজ তারা শুরু করতে পারছে না। বিসিবি থেকে ইতিবাচক জবাব গেলেই তারা দিবা-রাত্রির ম্যাচ আয়োজনের প্রস্তুতি নেবে।

ভারতীয় গণমাধ্যমের খবরে আরো জানা গেছে, এই ম্যাচেই অভিনব বিন্দ্র, এমসি মেরি কম এবং পিভি সিন্ধুর মতো ভারতের কিংবদন্তি অলিম্পিয়ানদের আমন্ত্রণ জানাবে বিসিসিআই। সেই সঙ্গে তাদের অভিনন্দন জানানোরও পরিকল্পনা রয়েছে বোর্ডের।

এ প্রসঙ্গেও সৌরভ গাঙ্গুলি বলেন, “মেরি কম, সিন্ধু এবং সমস্ত (দুর্দান্ত অলিম্পিয়ান )কে আমরা আমন্ত্রণ জানাতে চাই এবং সম্মান জানাতে চাই। আমরা এই মুহুর্তে বিসিবির সম্মতির শুধু অপেক্ষা করছি। স্কুলের বাচ্চাদেরও এই খেলা দেখার জন্য বিনামূল্যে পাস প্রদানের পরিকল্পনা রয়েছে।

আত্মপক্ষ সমর্থন করবেন সাকিব!

0

সাকিব আল হাসানের সঙ্গে কথা বলেছিলেন এক জুয়াড়ি। এমন কিছু ঘটলে সেটা জানানোর জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্দেশনা থাকলেও সাকিব সেটা মানেননি বলে খবর বেরিয়েছে। আর দায়ে তার নাকি এই আইনের সর্বোচ্চ শাস্তি হচ্ছে। আর সেটা ১৮ মাসের নিষেধাজ্ঞা।

বিসিবি’র একটি সূত্র জানিয়েছে, দুই বছর আগে একটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের আগে এক ক্রিকেট জুয়াড়ির কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েছিলেন সাকিব আল হাসান। সেটা প্রত্যাখ্যান করলেও নিয়মানুযায়ী আইসিসির দুর্নীতি দমন সংস্থা- আকসুকে জানাননি সাকিব। তবে ওই জুয়াড়ির কল ট্র্যাকিং করে বিষয়টি নিশ্চিত হয়ে কিছুদিন আগে সাকিব আল হাসানের সঙ্গে কথা বলে আকসুর প্রতিনিধি দল। সেখানে সাকিবও বিষয়টি স্বীকার করেন। আর এ সংক্রান্ত আদেশই আসছে মঙ্গলবার।

আইসিসির নিয়ম অনুযায়ী, বাজিকরদের কাছ থেকে ম্যাচ বা স্পট ফিক্সিংয়ের অভিযোগ পেলে সংশ্লিষ্ট বোর্ডকে জানাতে হবে। না হয় আইসিসির দুর্নীতি দমন সংস্থা- আকসুকে অবহিত করতে হবে। সে খবর নিজে লুকিয়ে রাখলে সেটা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। এবং এই অপরাধে ওই ক্রিকেটারকে ১৮ মাসের জন্য নিষিদ্ধ করা হবে।

ওই নিয়মানুযায়ী সাকিবকে ১৮ মাসের জন্যই নিষিদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র। তবে সাকিব আল হাসান সেই শাস্তি কমানোর আবেদন করবেন বলে জানিয়েছে আরেকটি সূত্র।

ওই সূত্র বলছে, সাকিব আল হাসান আত্মপক্ষ সমর্থন করবেন এবং ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে নিজ বোর্ড কিংবা আইসিসি দুর্নীতি দমন সংস্থা আকসুকে না জানানোর অভিযোগ খণ্ডনের চেষ্টা করবেন। এক্ষেত্রে যে ১৮ মাস নিষিদ্ধ হবার আইন আছে, তা কমাতে অনুরোধ করবেন।

কাশ্মীর যাচ্ছেন ইউরোপীয় আইনসভার সদস্যরা

0

ভারতের কেন্দ্রীয় সরকার সংবিধান থেকে ৩৭০ ধারা বিলোপের পর প্রায় তিন মাস হয়ে গেছে।কেমন আছে জম্মু-কাশ্মীর? উপত্যকার হালহকিকত জানতে সেখানে সরেজমিনে যাচ্ছে ইউরোপের আইনসভার এক প্রতিনিধিদল। সেই দলে থাকবেন ২৮ জন সদস্য। আজ মঙ্গলবার কাশ্মীরে পা রাখবেন ওই প্রতিনিধিরা।

জানা গেছে, আজ ওই প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়ে দিলেন সন্ত্রাসবাদ রুখতে সকলকে এক হতে হবে। পাশাপাশি উপত্যকা সফর ইউরোপীয় আইনসভার সদস্যদের জন্য ফলপ্রসূ হোক তার শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি। শুধু নরেন্দ্র মোদি নয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও দেখা করলেন বিদেশি প্রতিনিধিদলের সদস্যরা।

উপত্যকা থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর এই প্রথম কোনও বিদেশি প্রতিনিধিদল ভূ-স্বর্গে যাচ্ছেন। বিষয়টি জানাজানি হতেই পিডিপি নেত্রী মেহবুবা মুফতির তরফে টুইট করেছেন তাঁরা মেয়ে ইলতিজা। মায়ের টুইটার হ্যান্ডেল থেকে তিনি লিখেছেন,আশা করি ওই প্রতিনিধিদলের সদস্যরা এখানকার মানুষের সঙ্গে কথা বলবেন। স্থানীয় সংবাদমাধ্যম, চিকিৎসক ও সমাজের অন্যান্য শ্রেণির মানুষের সঙ্গে কথা বলে আসল রহস্যটা উদঘাটন হবে।’

এদিকে, কাশ্মীরে ইউরোপীয় প্রতিনিধিদলের যাওয়া নিয়ে কটাক্ষ করেছে কংগ্রেস। কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইটে লিখেছেন, ভারতের বাসিন্দা হয়ে বিরোধীদের উপত্যকায় যেতে দেওয়া হচ্ছে না। অথচ বিদেশিদের যেতে দেওয়া হচ্ছে। এটা গণতন্ত্রের লজ্জা।

প্রসঙ্গত, গত ১১ বছরে এই প্রথম কাশ্মীর ইস্যুতে ভারতকে সমর্থন করেছেন ইউরোপীয় আইনসভার সদস্যরা। এর আগে জাতিসঙ্ঘ থেকে শুরু করে বিদেশের মাটিতে যখনই সুযোগ হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী কাশ্মীর ইস্যুকে হাতিয়ার করেছেন। যদিও কেউই পাকিস্তানের ডাকে সাড়া দেয়নি।

পরকীয়ার জের, মার্কিন আইনপ্রণেতার পদত্যাগ

0

মার্কিন কংগ্রেস সদস্য কেটি হিল পদত্যাগ করেছেন । সম্প্রতি ৩২ বছর বয়সী এই মার্কিন আইনপ্রণেতার বিরুদ্ধে নগ্ন ছবি প্রকাশ ও পরকীয়ার অভিযোগ উঠেছে। এ কারণে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

মার্কিন কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানা গেছে।

কেটি হিল মার্কিন ডেমোক্রেট দলের সদস্য। তিনি ২০১৮ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ক্যালিফোর্নিয়া থেকে বিজয়ী হন। পরবর্তীতে সফলতার সঙ্গে নিজের কাজ পরিচালনা করলেও; গত রবিবার যৌন কেলেঙ্কারির অভিযোগে কংগ্রেসের সদস্য পদ থেকে তিনি এভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটি নেন।

কেটি এক টুইট বার্তায় বলেছেন, আমার বিরুদ্ধে আনিত এই যৌন কেলেঙ্কারির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তবে যেহেতু আমার বিরুদ্ধে বিষয়টি নিয়ে তদন্ত কাজ শুরু হয়েছে, তাই আমি ভাঙা হৃদয় নিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি টুইটার পোস্টে নিজের পদত্যাগের কারণ সম্পর্কে লিখেছেন, আমি বিশ্বাস করি- আমার নির্বাচনি দায়িত্ব, আমার জনগণ এবং দেশের জন্য এটাই উত্তম। চলার পথে ভুল-ভ্রান্তির জন্য পদত্যাগপত্রে আমি সকলের কাছে ক্ষমা চেয়েছি।

অভিযোগ, মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য হওয়ার জন্য তখনকার নির্বাচনি লড়াই চলাকালে এক কর্মকর্তার সঙ্গে অশোভন সম্পর্কে জড়িয়েছিলেন কেটি। তবে কেটি সেই সম্পর্কের কথা স্বীকার করেছেন।

সূত্র : রয়টার্স, বিবিসি