Home Blog Page 3391

যেভাবে জঙ্গিনেতা হয়ে উঠলেন পিএইচডি-ধারী বাগদাদি

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদিকে হত্যা করা হয়েছে। তবে এর আগেও বাগদাদির মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। দু’বছর আগেও তার মৃত্যুর খবর প্রচারিত হয়েছিল। এই জঙ্গিনেতার মৃত্যুর পর আইএসের অস্তিত্ব আদৌ থাকবে কিনা, তা নিয়েও উঠেছে প্রশ্ন। তরুণ বয়সে বাগদাদি একজন তুখোড় ফুটবলার ছিলেন। ছাত্র ও শিক্ষক হিসেবেও তিনি ছিলেন প্রখর মেধাবী। তবে তার জঙ্গি সংগঠনের নেতা হিসেবে আবির্ভাবের ঘটনা উপাখ্যানের মতো।

আইএস-র শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদির জন্ম ১৯৭১ সালে, ইরাকের সামারায়। তাঁর আসল নাম নাম ইব্রাহিম আওয়াদ আল-বদরি। ইসলামিক স্টাডিজে স্নাতক ডিগ্রি লাভের পর কোরানিক স্টাডিজে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন বাগদাদি ।

বাগদাদি ২০০৪ সালে ক্যাম্প বুকাতে বন্দি হন । সেখানে প্রাক্তন ইরাকি গোয়েন্দা কর্মকর্তাসহ অন্যান্য বন্দিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তার। ২০০৩ সালে ইরাকে সামরিক অভিযান শুরুর সময় বাগদাদের একটি মসজিদের ইমাম ছিলে এই বাগদাদি।

জানা গেছে, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের সময়েই জঙ্গিবাদে জড়িয়ে পড়েন বাগদাদি। তবে, কেউ কেউ মনে করেন, দক্ষিণ ইরাকে একটি মার্কিন সামরিক ক্যাম্পে চার বছর বন্দি থাকার সময়ই বাগদাদি জঙ্গিবাদের শিক্ষা নেন।

বাগদাদির তিন স্ত্রী এবং তিন সন্তান রয়েছে বলে জানা যায়। যদিও এ বিষয় মতভেদ রয়েছে।

বাগদাদির মাথার দাম ক্রমেই বাড়ছিল। প্রায় ১৭৭ কোটি টাকায় এসে দাঁড়ায় তার মাথার দাম। শোনা যায়, খুব ভাল ফুটবলারও ছিলেন বাগদাদি। কলেজে তাকে অনেকে ‘ম্যারাডোনা’ বলেও ডাকত।

২০১৪ সালে ইরাকের মসুলে আল নুরি মসজিদের সামনে এক ভিডিওতে বাগদাদিকে প্রথম দেখা যায়। এরপর থেকেই তার বিরুদ্ধে একযোগে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। যদিও এতদিন সব অভিযানই ব্যর্থ হয়েছে। ২০১১ সালে যুক্তরাষ্ট্র বাগদাদিকে ধরিয়ে দেওয়ার জন্য এক কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে। ২০১৭ সালে পুরস্কারের পরিমাণ বাড়িয়ে আড়াই কোটি ডলার করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, কুকুরের মতো মৃত্যু হয়েছে বাগদাদির।

একাধিক সূত্রে এটাও দাবি করা হয়েছে, মার্কিন সেনা অভিযানে ধরা পড়ে যাবে বুঝতে পেরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটান বাগদাদি।

এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষার্থী ২৬ লাখ ৬১,৬৮২

0

আগামী ২ নভেম্বর শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। মোট পরীক্ষার্থী ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। জেএসসিতে ২২ লাখ ৬০ হাজার ৭১৬ এবং জেডিসিতে চার লাখ ৯৬৬ জন।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে জেএসসি ও জেডিসি পরীক্ষা-২০১৯ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মন্ত্রী বলেন, এবার সারা দেশে মোট ২৯ হাজার ২৬২টি পরীক্ষা কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছর ২৯ হাজার ৬৭৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবার সারাদেশে মোট ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন ছাত্র ও ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন ছাত্রী রয়েছে। ২০১৯ সালের জেএসডি পরীক্ষায় অনিয়মিত ২ লাখ ৩৩ হাজার ৩১০ জন ও জেডিসি পরীক্ষায় ৩০ হাজার ২৯১ জন পরীক্ষার্থী রয়েছে।

দীপু মনি বলেন, পরীক্ষায় এক, দুই ও তিন বিষয়ে অকৃতকার্য জেএসসিতে দুই লাখ ১১ হাজার ৩৩২ জন ও জেডিসিতে ২১ হাজার ৯৭৮ জন শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া বিদেশের মোট ৯টি কেন্দ্রে ৪৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

পরীক্ষায় সাতটি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। ইংরেজি ছাড়া সকল বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা আয়োজন করা হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। যদি কেউ এ সময়ের পরে আসে তবে তার কারণ ও যাবতীয় তথ্য লিখে কেন্দ্রে প্রবেশ করতে দিতে হবে। সেই তথ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট বোর্ডে পাঠাতে হবে।

‘প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা’

0

‘২ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জেএসসি-জেডিসি পরীক্ষা চলাকালে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে জেএসসি ও জেডিসি পরীক্ষা-২০১৯ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মন্ত্রী বলেন, ‘পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। যদি কেউ এ সময়ের পরে আসে তবে তার কারণ ও যাবতীয় তথ্য লিখে কেন্দ্রে প্রবেশ করতে দিতে হবে। সেই তথ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট বোর্ডে পাঠাতে হবে।’ তিনি বলেন, ‘২ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জেএসসি-জেডিসি পরীক্ষা চলাকালে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন মন্ত্রী। দীপু মনি বলেন, এবার সারা দেশে মোট ২৯ হাজার ২৬২টি পরীক্ষা কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছর ২৯ হাজার ৬৭৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবার সারাদেশে মোট ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন ছাত্র ও ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন ছাত্রী রয়েছে। ২০১৯ সালের জেএসডি পরীক্ষায় অনিয়মিত ২ লাখ ৩৩ হাজার ৩১০ জন ও জেডিসি পরীক্ষায় ৩০ হাজার ২৯১ জন পরীক্ষার্থী রয়েছে।

দীপু মনি বলেন, পরীক্ষায় এক, দুই ও তিন বিষয়ে অকৃতকার্য জেএসসিতে দুই লাখ ১১ হাজার ৩৩২ জন ও জেডিসিতে ২১ হাজার ৯৭৮ জন শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া বিদেশের মোট ৯টি কেন্দ্রে ৪৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষায় সাতটি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। ইংরেজি ছাড়া সকল বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা আয়োজন করা হবে।

‘যাচ্ছি পচে গণরুমে, এখানে নাকি স্বপ্ন জমে’

0

‘যাচ্ছি পচে গণরুমে, এখানে নাকি স্বপ্ন জমে’, ‘গণরুমের বঞ্চনা মানি না মানব না’, ‘গণরুমে আমরা থাকি, প্রশাসন খায়-দায় ঘুমায় নাকি’, ‘আমরা এখন চুপসে গেছি, জ্ঞানশূন্য কালোমাছি’- শিক্ষার্থীদের এমন নানা স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ভবনের সামনের এলাকা।

উপাচার্য ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এসব স্লোগান দিচ্ছেন গণরুমে থাকা শিক্ষার্থীরা। ডাকসু সদস্য তানভীর হাসান সৈকতের নেতৃত্বে আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন গণরুমের শিক্ষার্থীরা। এর আগে সেখানে পৌঁছালে উপাচার্যের বাসভবনে দায়িত্বরত নিরাপত্তা বাহিনী ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা ভেতরে প্রবেশে বাধা দেন শিক্ষার্থীদের। পরে তারা বাসভবনের সামনে অবস্থান নেন। শিক্ষার্থীরা গণরুম বন্ধের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

আন্দোলনের মুখপাত্র ও ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত বলেন, গণরুমে থাকার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা উপাচার্যের বাসায় উঠতে এসেছি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে উপাচার্য আমাদের সঙ্গে অভিভাবকসুলভ আচরণ করেননি। তাই বাধ্য হয়ে তার বাসভবনের সামনেই অবস্থান নিয়েছি। আমরা গণরুম বন্ধ করে শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানের দাবি জানাচ্ছি।

শিক্ষার্থীরা গণরুমে থাকা তাদের শয্যাপত্র (বালিশ, তোষক) নিয়ে অবস্থান নিয়ে গণরুম বন্ধ ও বৈধ সিটের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দিচ্ছেন। তারা গণরুম সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছেন।

র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধ সীতাকুণ্ডে, নিহত ৩

0

চট্টগ্রামের সীতাকুণ্ডে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার ছোটকুমিরা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে র‍্যাবের দাবি, নিহতরা ডাকাতদলের সদস্য। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ড গুলি এবং দুইটি ধারালো অস্ত্র (দা) উদ্ধার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে র‍্যাবের পক্ষ থেকে।

র‌্যাব-৭’র উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের ভাষ্যমতে, ভোরে র‌্যাবের টহলদলের সঙ্গে ছোটকুমিরা এলাকায় আন্তঃজেলা ডাকাতদলের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ, একটি বিদেশি পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ড গুলি এবং দুইটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

খুব শিগগিরই শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি আলোচনা

0

যুক্তরাষ্ট্র ও আফগানের জঙ্গিগোষ্ঠী তালেবানের মধ্যে শান্তি আলোচনা সম্ভবত খুব শিগগিরি শুরু হবে। এ নিয়ে পর্দার আড়ালে নানামুখী তৎপরতার কারণে এমন আশা করা হচ্ছে। দু’পক্ষের মধ্যে শান্তি আলোচনা শুরুর ব্যাপারে পাকিস্তান এবং আরও কয়েকটি দেশ বিশেষভাবে তৎপর রয়েছে। এসব দেশ চাইছে ১৮ বছরের সংঘাত শান্তিপূর্ণভাবে সংলাপের মাধ্যমে অবসান হোক।

যুক্তরাষ্ট্র এবং আফগান তালেবানরা গত মাসে চূড়ান্ত চুক্তির একেবারে কাছাকাছি ছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে শান্তি প্রক্রিয়া থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলে তাতে অচলাবস্থা দেখা দেয়। চুক্তি আর সই হয় নি। কিন্তু পর্দার আড়ালের কিছু প্রচেষ্টা আবার দুই পক্ষকে শান্তি আলোচনার কাছাকাছি আনে এবং এ ব্যাপারে পাকিস্তান সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছে।

চলতি মাসের প্রথমদিকে মোল্লা আবদুল গণি বারাদারের নেতৃত্বে তালেবানের একটি প্রতিনিধিদল এবং জালমায় খালিলজাদ ইসলামাবাদে বৈঠক করেন। এরপর থেকে দু’পক্ষ বর্তমান অচলাবস্থা দূর করার জন্য চেষ্টা চালিয়ে আসছিল।

এদিকে, গত শুক্রবার পাকিস্তান, রাশিয়া এবং চীন আফগান শান্তি প্রক্রিয়ার ব্যাপারে মস্কোয় বৈঠকে বসে। ওই বৈঠকে আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ দূত জালমায় খালিলজাদও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে শান্তি প্রক্রিয়া আবার শুরু করতে চীন, রাশিয়া এবং পাকিস্তান যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায়।

সূত্র : পার্সটুডে

কায়লার কারণে প্রাণ গেল বাগদাদির?

0

রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্ট্যাট (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদিকে হত্যা করা হয়েছে। একইদিন ইরাকি টেলিভিশন ওই অভিযানের ভিডিও প্রকাশ করে জানানো হয়, মার্কিন স্পেশাল ফোর্সের সেই অভিযানের নাম ছিল ‘কায়লা মুয়েলার’।

জানা গেছে, ওই অভিযানের এই নামকরণ করা হয়েছে মার্কিন দাতব্য কর্মী কায়লা মুয়েলারের নামে। আর কায়লা মুয়েলার হত্যাকাণ্ডে আবু বকর আল-বাগদাদি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। এ কারণে বাগদাদি হত্যা মিশনের নাম রাখা হয়েছে ওই মার্কিন নারীর নামে।

মার্কিন সেনাবাহিনী বলছে, আবু বকর আল বাগদাদি কায়লা মুয়েলারকে অপহরণ করেছিলেন। এরপর তাকে ধর্ষণ করে হত্যা করেছিলেন তিনি। তাই ওই নারীর প্রতি শ্রদ্ধা নিবেদনে অভিযানটির এ নাম রাখা হয়। কায়লা মুয়েলার ২০১২ সালে সিরীয় শরণার্থীদের জন্য কাজ করতে প্রথম তুরস্ক-সিরিয়া সীমান্তে গিয়েছিলেন। সে সময় তার বয়স ছিল ২৬ বছর।

জানা গেছে, সিরিয়ার আলেপ্পোতে ২০১৩ সালে অপহৃত হন কায়লা। এরপর দীর্ঘদিন তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তার অবস্থান নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়। সে সময় কায়লা আইএস প্রধান আবু বকর আল বাগদাদির অধীনে জিম্মি হয়ে রয়েছেন বলে মনে করা হয়েছিল। এরপর পেরিয়ে যায় এক বছর। এক পর্যায়ে কায়লা নিহত হয়েছেন বলে খবর প্রচারিত হয়।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৫ সালে তৎকালীন নিশ্চিত করেন, কায়েলা মুয়েলার নিহত হয়েছেন। আইএসের হাতে আটকের পর নিহত চতুর্থ মার্কিনী তিনি।

তবে কায়েলার মৃত্যু নিয়ে বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছিল।

সে সময় পেন্টাগন দাবি করেছিল, আইএসই কায়লাকে হত্যা করেছে। এ বিষয়ে মার্কিন সেনাদের কয়েকজন কর্মকর্তা দাবি করেন, আবু বকর বাগদাদি নিজেই মুয়েলারকে নির্মম নির্যাতন করে এবং পরে তাকে হত্যা করেন।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো থেকে বলা হচ্ছিল, মুয়েলারকে আত্মরক্ষার ঢাল হিসেবে ব্যবহার করেছিল বাগদাদি।

এদিকে, শনিবার রাতে মার্কিন সেনাদের কায়েলা মুয়েলার অভিযানে নিহত হয়েছেন বাগদাদি। বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউজে বিবৃতিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই অভিযানকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক বাহিনীর পাঁচ বছরের লড়াইয়ের অন্যতম সাফল্য বলে দাবি করেছেন।

‘বিএসএমএমইউ পরিচালকের বক্তব্য সরকারের শেখানো বুলি’

0

বিএসএমএমইউ পরিচালকের বক্তব্য সরকারের শেখানো বুলি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, বিএসএমএমইউ পরিচালকের বক্তব্যে এটি সুষ্পষ্ট যে, ৭৫ বছর বয়সী ভয়ানক অসুস্থ ৪ বারের সাবেক প্রধানমন্ত্রীকে কারাবন্দি রেখে বিনা চিকিৎসায় তিলে তিলে নিঃশেষ করার মহা আয়োজন চলছে। প্রধানমন্ত্রীর মনোভাবই প্রতিফলিত হয়েছে পরিচালকের বক্তব্যে।

আজ সোমবার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, পরিচালক সাহেবের বক্তব্যের অনেকাংশই এখতিয়ার বহির্ভূত। কারাবন্দি ও ভীষণ অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রভূত ও নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী শেখ হাসিনার মতোই পরিচালকের বক্তব্যও অযাচিত, অগ্রহণযোগ্য, অসৌজন্যমূলক, পূর্বকল্পিত, বিভ্রান্তি সৃষ্টি ও কুৎসামূলক।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার প্রাণনাশের দূরভীসন্ধি নিয়েই কারাগারে বন্দি করে রাখা হয়েছে। প্রতিদিন তার শরীর ভেঙে পড়ছে, স্বাস্থ্যের অবনতি ঘটছে। উন্নতমানের চিকিৎসার অভাবে তিনি এখন প্রতিনিয়ত চলৎশক্তিহীন হয়ে পড়ছেন। তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসার সুযোগ দেওয়ার জন্য দেশের সর্বস্তরের মানুষের অব্যাহত সুতীব্র দাবি ও তার পরিবারের আবেদন-অনুরোধ কানে তুলছে না মধ্যরাতের গহ্বরে জন্ম নেওয়া এই ভীত সন্ত্রস্ত দুর্বল সরকার।

তিনি বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হকের বক্তব্যের প্রতিবাদে বলেন, তিনি বিছানা থেকে উঠতে পারেন না, নিজের খাবার খেতে পারেন না, তিনি এক পা হাঁটতেও পারেন না। আগে এক হাত তুলতে পারতেন না, এখন দুই হাতই তুলতে পারেন না। স্বাস্থ্য অত্যন্ত ক্ষীণ হয়ে পড়েছে। হাত-পা অবশ হয়ে গেছে। কথা বলতেও কষ্ট হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু, ড. সুকোমল বড়ুয়া প্রমুখ।

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

0

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজারবাইজানের বাকুতে জোট নিরপেক্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয় নিয়ে বিকেল ৪টায় গণভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সংবাদ সম্মেলন।

গতকাল সোমবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

১২০টি উন্নয়নশীল দেশের জোট নিরপেক্ষ ফোরাম ন্যামের দুই দিনের সম্মেলনটি ২৫ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুর কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্র প্রধানদের সঙ্গে এ সম্মেলনে যোগ দেন।

শুক্রবার বাকু কংগ্রেস সেন্টারে ১৮তম ন্যাম সম্মেলনের প্লেনারি সেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি এতে সমসাময়িক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত ও পর্যাপ্ত পদক্ষেপ নিশ্চিতে ‘বান্দুং নীতিমালা’ সমুন্নত রাখা শীর্ষক আলোচনায় অংশ নেন। এরপর প্রধানমন্ত্রী কংগ্রেস সেন্টারের মধ্যাহ্নভোজ হলে প্রতিনিধি দলের প্রধানদের জন্য আয়োজিত মধ্যাহ্ন ভোজ ও প্লেনারি সেশনে যোগ দেন।

সন্ধ্যায় প্রধানমন্ত্রী হায়দার আলিয়েভ সেন্টারে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের দেয়া সরকারি সংবর্ধনায় যোগ দেন। তিনি হিলটন বাকুতে আজারবাইজানের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূতের নৈজভোজে অংশ নেন।

ন্যাম সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, আলজেরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আবদেল কাদের বেনসালাহ ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালকিসহ বেশ কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন।

এই সফরে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আজারবাইজানের প্রেসিডেন্টের উপস্থিতিতে সাংস্কৃতিক বিনিময়ে দুদেশের মধ্যে একটি চুক্তি সাক্ষরিত হয়। পরে প্রবাসী বাংলাদেশিরা হোটেল হিলটন বাকুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

সম্মেলন শেষে রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

ইজতেমার প্রথম পর্ব শুরু ১০ জানুয়ারি, দ্বিতীয় পর্ব ১৭

0

তাবলিগ জামাতের দুপক্ষের বিরোধ না মেটায় বিশ্ব ইজতেমা এবারও পৃথক আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। টঙ্গীর তুরাগ নদের তীরে ১০ থেকে ১২ জানুয়ারি প্রথম পর্বে মাওলানা জুবায়েরপন্থীদের এবং ১৭ থেকে ১৯ জানুয়ারি দ্বিতীয় পর্বে মাওলানা সাদপন্থীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল সোমবার মন্ত্রণালয়ে তাবলিগের দুই পক্ষের নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল উপস্থিত ছিলেন। মাওলানা জুবায়েরপন্থী আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি রুহুল আমীন, মুফতি নুরুল আমীন, মাওলানা মাহফুজুল হক, প্রকৌশলী মাহফুজুর রহমান ও হাজি সেলিম। আর মাওলানা সাদ অনুসারীদের মধ্যে ছিলেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মুফতি ইজহার, মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা আশরাফ আলী প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, দুই পক্ষের নেতাদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী জানুয়ারি মাসে পৃথকভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০, ১১ ও ১২ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। ইজতেমার সার্বিক নিরাপত্তা নিয়ে পরে পুনরায় বৈঠক করা হবে।

বৈঠকে সিদ্ধান্ত হয়, ভারতের নিজামুদ্দিন মারকাজের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভি ইজতেমায় অংশ নিতে পারবেন না। আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কা ও তাঁর বিতর্কিত বক্তব্যের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইজতেমার আগে তিন চিল্লার সাথিদের বিশেষ ‘জোড় ইজতেমা’ এবার হবে না বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে।

১৯৬৭ সাল থেকে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। তবে মুসল্লির সংখ্যা বৃদ্ধি এবং যানজটের দুর্ভোগ এড়াতে ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে আয়োজিত হয়ে আসছে।