Home Blog Page 3393

প্রাণ বাঁচাতে বঙ্গবন্ধুর শরণাপন্ন হতে দর্শনার্থীদের লাইনে দাঁড়ান মেনন

0

সোহেল সানি:: স্বাধীনতাত্তোর প্রাণ রক্ষার তাগিদে জাতির পিতার শরণাপন্ন হয়েছিলেন রাশেদ খান মেনন। সেদিন মুজিব বাহিনীর সশস্ত্র হুঙ্কারে প্রচন্ড ভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে পড়া মেননের সঙ্গী হয়েছিলেন কাজী জাফর আহমেদ। মুজিব বাহিনীর সশস্ত্র যোদ্ধাদের হাতে তখনো মারণাস্ত্র। তাদের স্রেফ ঘোষণা পিংকীপন্থী কমিউনিস্ট নেতাদের সমূলে নিধনের। স্বভাবতই এ ঘোষণায় হতবিহ্বল হয়ে পড়েন ষাটের দশকের তুখোড় দুই ছাত্রনেতা। কাজী জাফর- মেনন দুই নেতাই ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কর্ণধার। ষাটের দশকের শুরুতেই ডাকসু ভিপি হওয়া রাশেদ খান মেনন,কাজী জাফর ও হায়দার আকবর খান রণো এই “ত্রিরত্ন” মুজিব বাহিনীর হাত থেকে বাঁচতে বঙ্গবন্ধুর দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনো পথ অবলম্বন করতে পারলেন না। বঙ্গবন্ধু স্বদেশে প্রত্যাবর্তনের পর ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কের বাড়িটি একরকম ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় ধানমন্ডির পুরাতন ১৮ নম্বর (নতুন ৯/এ সড়কস্থ একটি ভাড়া করা বাড়িতে উঠেছিলেন। বাড়িটিকে ঘিরে দলে দলে দর্শনার্থীর উপচে’ পরা ভিড়।

একদিন সাতসকালে মেনন-জাফরও সাধারণ দর্শনার্থীদের মতো লাইনে দাঁড়িয়ে গেলেন চারদিকে সর্তক দৃষ্টি রেখে। ঠিক এসময় বাড়ি থেকে বেরুচ্ছিলেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ জামাতা শেখ হাসিনার স্বামী ডঃ এম এ ওয়াজেদ মিয়া। মূহুর্তে তার দৃষ্টিগোচরে পড়লো সাধারণ দর্শনার্থীদের কাতারের দন্ডায়মান রাশেদ খান মেনন ও কাজী জাফর আহমেদ। তাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ছাত্রসংসদের ভিপি ছাত্রলীগ নেতা ওয়াজেদের সঙ্গে আগে থেকেই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিলো। সেই সূত্র ধরে এগিয়ে গেলেন এবং দুই কমিউনিস্ট নেতাকে লাইন থেকে টেনে বের করলেন।

ডঃ এম এ ওয়াজেদ মিয়া তাদের মুখে আতঙ্কের কথা শুনে নির্ভয় দিলেন। নিয়ে গেলেন তাদের বাড়ির ভেতরে। ডঃ ওয়াজেদ নীচের কামরায় বসিয়ে দোতলায় গিয়ে বঙ্গবন্ধুর কাছে বললেন “আব্বা রাশেদ খান মেনন ও কাজী জাফর আপনার সাক্ষাৎ প্রত্যাশী। ওরা বিপদে পড়ে আপনার দ্বারস্থ হয়েছে। পিকিংপন্থী কমিউনিস্টদের খতমের ঘোষণা দেয়ায় আপনার অনুকম্পা লাভের জন্য এসেছেন। চীন পন্থী হলেও ওরা মুক্তিযুদ্ধ করেছে। বাংলাদেশ লিবারেশন ফোর্স (বি এল এফ) অর্থাৎ মুজিব বাহিনীর দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা ব্যক্ত করলেন মেনন-জাফর। তারা কক্ষে প্রবেশের আগে বঙ্গবন্ধুর সঙ্গে আলাপরত ছিলেন মুজিব বাহিনীরই অন্যতম অধিনায়ক শেখ ফজলুল হক মনি।

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু মুজিব দুই নেতাকে বুকে জড়িয়ে ধরে আদর করলেন। আর বললেন, “তোমরা যে পন্থীই হও না কেনো, তোমাদের ওপর আমার আস্থা আছে। সদ্য প্রাপ্ত স্বাধীনতাকে সুসংহত করতে তোমরা আমাকে সমর্থন ও সহযোগিতা করো।এটা দেশপ্রেমিক যুবনেতা হিসাবে তোমাদের নৈতিক দায়িত্ব, যা তোমরা কোনভাবেই এড়াতে পারবে না।” শেখ ফজলুল মনিকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য নির্দেশ দিলেন এবং মুজিব বাহিনীর শীর্ষ নেতা সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, আসম আব্দুর রব ও শাজাহান সিরাজকেও সহ অবস্থানের নির্দেশনা দিলেন বঙ্গবন্ধু।

তৎকালীন ন্যাপ ভাষানী নেতা রাশেদ খান মেনন, কাজী জাফর, হায়দার আকবর খান রণোসহ পিকিংপন্থী নেতারা স্বাধীন দেশে স্বস্তি নিয়েই আবারো রাজনৈতিক মাঠে বিচরণ করেন এবং অচিরেই সক্রিয় তৎপরতার মাধ্যমে বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে – গোপনে নানা ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়ে পড়েন। রাশেদ খান মেনন তার জীবনে আরও একবার প্রায় মৃত্যুর হাত থেকে বেঁচে যান। “৯৬ সালের কথা। পূর্ববাংলার সর্বহারা পার্টি পল্টনে তার ওপর গুলিবর্ষণ করে। গুলি বুকে বিদ্ধ হলেও অলৌকিকভাবে প্রাণে রক্ষা পান মেনন। ” রাশেদ খান মেনন রাজনৈতিক পরিবারের সন্তান। তার পিতা আব্দুল জব্বার খান পাকিস্তান জাতীয় পরিষদের স্পীকার ছিলেন।

শেরেবাংলা এ কে ফজলুল হকের কৃষক শ্রমিক পার্টির অন্যতম নেতা ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন। তিনি নরঘাতক ইয়াহিয়ার ২৫ মার্চের গণহত্যার সর্মথন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রদোহী ও দুষ্কৃতকারী হিসাবে অভিহিত করেছিলেন। মুক্তিযুদ্ধকালীন মুজিব নগর সরকারকে সমর্থন না দিয়ে পাকিস্তানি কসাই টিক্কা খান এবং পরে ডাঃ মুত্তালিব মালিক গভর্নর হলে গভর্নর হাউসে (বঙ্গভবন) গিয়ে অভিনন্দন জানান। কমিউনিস্ট হিসাবে রাশেদ খান মেনন যেমন সহকর্মীদের সঙ্গে আদর্শগত বৈপরীত্যের দ্বন্দ্বে জড়িয়ে পড়েন, ঠিক তেমনিভাবে পারিবারিকভাবেও তারা আদর্শগত বৈপরীত্যের মধ্যে বেড়ে ওঠেন।

রাশেদ খান মেননের এক ভাই এনায়েত উল্লাহ খান ছিলেন জেনারেল জিয়ার সামরিক সরকারের মন্ত্রী। আরেক ভাই ওবায়দুল্লাহ খান করেছেন জেনারেল এরশাদের মন্ত্রীত্ব। আর বোন সেলিমা রহমান ছিলেন বেগম খালেদা জিয়ার মন্ত্রী। বিএনপির ভাইস চেয়ারম্যানও তিনি। দলীয় নেতৃত্বের মতদ্বৈধতায় রাশেদ খান মেননের জুরি নেই। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনের পর ন্যাশনাল আওয়ামী পার্টি- ন্যাপ এর সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানী সরকার উৎখাতের ঘোষণা দিয়ে হুঙ্কার ছুঁড়ে দিলেন,এই বলে যে, তিনি নতুন পতাকা ওড়াবেন। মাওবাদী লেলিনবাদী উগ্র সংগঠনগুলো গুম হত্যাযজ্ঞে লিপ্ত হলো। ন্যাপ ছিলো একটি মিশ্র সংগঠন।

আত্মগোপনকারী কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা ভাসানীর ছায়াতলে সমবেত হলেন। এর আগে “৭২ সালেই কাউন্সিল করে ভাসানী নিজে সভাপতি ও কাজী জাফরকে সাধারণ সম্পাদক করেন। কিন্তু অচিরেই আবার তা ভেঙ্গে দিয়ে স্বাধীনতা বিরোধী কারামুক্ত ন্যাপ নেতা মশিউর রহমান যাদু মিয়াকে সাধারণ সম্পাদক করলেন। ” ৭৪ সালে এরকম অবস্থায় রাশেদ খান মেনন ও কাজী জাফর ন্যাপ ভাসানী ত্যাগ করে গঠন করলেন ইউনাইটেড পিপলস পার্টি (ইউ পি পি) আরো একটা ভাঙ্গন হলো – ডাঃ আলীম আল রাজীর নেতৃত্বে তিনি দলের নাম দিলেন বাংলাদেশ পিপলস লীগ। “৭৬ সালের ১৭ নভেম্বর মওলানা ভাসানী মৃত্যুবরণ করলে ” ৭৭ সালে ন্যাপের সভাপতি হলেন মশিউর রহমান যাদু মিয়া এবং সাধারণ সম্পাদক হলেন এস এ বারী এ টি। এ দুই নেতাই মন্ত্রীত্বের টোপ গিলে ন্যাপের কবর রচনা করেন।

“৭৮ সালে লেলিনবাদীরা কমিউনিস্ট কংগ্রেসে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি গঠন করে। হায়দার আকবর খান রণো সাধারণ সম্পাদক হলেও ” ৮৪ সালে নজরুল ইসলাম তাকে হটিয়ে নিজেই পদ দখল করেন। অপরদিকে কাজী জাফর এরশাদের প্রধানমন্ত্রীত্ব করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন জাতীয় পার্টির একাংশের নেতা। “৮৫ সালে আবুল বাশারের মজদুর পার্টি ও ওয়ার্কার্স পার্টি একীভূত হয়। ৯১ নির্বাচনে বরিশাল-২ আসন থেকে রাশেদ খান মেনন সংসদ সদস্য নির্বাচিত হলে ” ৯৬ সালের নির্বাচনে জামানত হারান। বিগত তিনটি নির্বাচনে তিনি রাজধানীর মতিঝিল থেকে নৌকা প্রতীকের বদৌলতে সংসদ সদস্য নির্বাচিত হন। দশ বছর মন্ত্রীত্ব করেন। বর্তমান মেয়াদে মন্ত্রীত্ব লাভে ব্যর্থ হয়ে অনেকটা বেসামাল হয়ে পড়েছেন রাশেদ খান মেনন। ক্যাসিনো কেলেংকারীর সঙ্গে জড়িয়ে বহুল বিতর্কিত। সরকারের শুদ্ধি অভিযানের তীর এখম তার দিকে।

সোহেল সানি
লেখক : সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

0

কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা স্থিতিশীল রয়েছে বলে আজ দুপুরে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ সোমবার বেলা একটায় শহীদ ডা. মিল্টন হলে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিষয় তুলে ধরেন বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হাসপাতালে ভর্তির সময় খালেদা জিয়ার অনিয়ন্ত্রীত ডায়াবেটিস, হাইপারটেনশন, কঠিন রিউমেটিক আথ্রাইটিসসহ কয়েকটি শারীরিক সমস্যা ছিল। এ কারণে চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ একটি মেডিকেল বোর্ড গঠন করে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে।

বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল ও উন্নতির দিকে রয়েছে জানিয়ে মাহবুবুল হক বলেন, ‘কোনো কোনো বিষয়ে ওনার উন্নতি হচ্ছে এবং কোনো কোনো বিষয়ে ওনার চিকিৎসা ভালো হচ্ছে।’

তিনি অভিযোগ করেন, চিকিৎসার জন্য খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চিকিৎসকরা প্রায়ই অনুমতি পান না। ফলে চিকিৎসায় ব্যাঘাত ঘটে।

এ সময় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও বিএসএমএমইউর মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. জিলন মিঞা সরকার, অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফরিদ উদ্দিন, রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হকসহ অন্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যথাক্রমে ১০ ও ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় গত বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াকে বন্দি রাখা হয়। পরে চলতি বছরের ১ এপ্রিল তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেবিন ব্লকে ২২১নং কেবিনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

কাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

0

আগামীকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজারবাইজানের বাকুতে জোট নিরপেক্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয় নিয়ে বিকেল ৪টায় গণভবনে অনুষ্ঠিত হবে এ সংবাদ সম্মেলন।

আজ সোমবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

১২০টি উন্নয়নশীল দেশের জোট নিরপেক্ষ ফোরাম ন্যামের দুই দিনের সম্মেলনটি ২৫ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুর কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্র প্রধানদের সঙ্গে এ সম্মেলনে যোগ দেন।

শুক্রবার বাকু কংগ্রেস সেন্টারে ১৮তম ন্যাম সম্মেলনের প্লেনারি সেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি এতে সমসাময়িক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত ও পর্যাপ্ত পদক্ষেপ নিশ্চিতে ‘বান্দুং নীতিমালা’ সমুন্নত রাখা শীর্ষক আলোচনায় অংশ নেন। এরপর প্রধানমন্ত্রী কংগ্রেস সেন্টারের মধ্যাহ্নভোজ হলে প্রতিনিধি দলের প্রধানদের জন্য আয়োজিত মধ্যাহ্ন ভোজ ও প্লেনারি সেশনে যোগ দেন।

সন্ধ্যায় প্রধানমন্ত্রী হায়দার আলিয়েভ সেন্টারে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের দেয়া সরকারি সংবর্ধনায় যোগ দেন। তিনি হিলটন বাকুতে আজারবাইজানের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূতের নৈজভোজে অংশ নেন।

ন্যাম সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, আলজেরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আবদেল কাদের বেনসালাহ ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালকিসহ বেশ কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন।

এই সফরে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আজারবাইজানের প্রেসিডেন্টের উপস্থিতিতে সাংস্কৃতিক বিনিময়ে দুদেশের মধ্যে একটি চুক্তি সাক্ষরিত হয়। পরে প্রবাসী বাংলাদেশিরা হোটেল হিলটন বাকুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

সম্মেলন শেষে রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

৭ নভেম্বরের মধ্যে ড. ইউনূসকে আত্মসমর্পণের নির্দেশ

0

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে আগামী ৭ নভেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বেঁধে দেওয়া ওই সময়ের মধ্যে তাকে হয়রানি না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতে নির্বিঘ্নে আত্মসমর্পণের নির্দেশনা চেয়ে ড. মুহাম্মদ ইউনূসের ভাই মুহম্মদ ইব্রাহীমের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।
রোকন উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসসহ তিনজনের বিরুদ্ধে তিনজন লোক লেবার কোর্টে তিনটি মামলা করেছেন। এই তিন মামলায় ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। যখন মামলাটা ফাইল হয়, তখন তিনি দেশের বাইরে ছিলেন। গ্রেফতারি পরোয়ানার সময়ও তিনি দেশের বাইরে ছিলেন। এখন ইউনূস সাহেব এয়ারপোর্টে আসলে গ্রেফতার হতে পারেন, তার জন্য উনার ভাই মুহাম্মদ ইব্রাহীম একটি রিট পিটিশন করেছিলেন। আবেদনে তিনি বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস একজন বিশিষ্ট নাগরিক, নোবেলবিজয়ী। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। উনার আদালত থেকে লুকিয়ে থাকার কোনো কারণ নেই। উনি দেশে ফিরে আদালতে যাবেন। এ কারণে এয়ারপোর্টে এসে উনি যেন ফ্রিলি আদালতে যেতে পারেন, সে নির্দেশনা চাওয়া হয়েছিল। আদালত আদেশ দিয়েছেন উনি দেশে ফিরে ফ্রিলি কোর্টে যেতে পারবেন। উনাকে কেউ হয়রানি করবে না। ইউনূস সাহেব ৭ নভেম্বরের মধ্যে কোর্টে হাজির হবেন।’
ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন ‘গ্রামীণ কমিউনিকেশন্স’র চাকরিচ্যুত কর্মচারীরা তার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেন। ওই মামলায় শুনানি শেষে গত ৯ অক্টোবর ঢাকার শ্রম আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলা সূত্রে জানা যায়, ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কমিউনিকেশন্সে কিছু শ্রমিক ট্রেড ইউনিয়ন করতে চাইলে তাতে বাধা দিয়ে তাদের চাকরিচ্যুত করা হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত তিন শ্রমিক ড. ইউনূসসহ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা ও উপ-মহাব্যবস্থাপক খন্দকার আবু আবেদীনকে আসামি করে মামলা করেন।
মামলায় আসামিদের উপস্থিতির দিন ধার্য ছিল গত ৯ অক্টোবর। মামলায় অপর দুই আসামি নাজনীন সুলতানা ও খন্দকার আবু আবেদীন উপস্থিত থাকলেও বিদেশে অবস্থান করায় ড. ইউনূস উপস্থিত ছিলেন না। এ কারণে ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রহিবুল ইসলাম তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

ডলারে জুয়া খেলা হতো আজিজ মোহাম্মাদ ভাইয়ের ক্যাসিনোতে

0

বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মাদ ভাইয়ের গুলশানের বাড়িতে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালানো হয়। বাড়িটিতে আজিজ মোহাম্মদের ভাই রাজার পরিবার থাকে। আজিজের পরিবার সেখানে থাকে না। ভবনটির তিনটি তলায় অবৈধ সরঞ্জাম পাওয়া গেছে। সেখানে মদ জড়ো করে পাইকারি বিক্রি করা হচ্ছিল। বাড়ির ছাদে যে ক্যাসিনোটি পাওয়া যায় তাতে ডলারের মাধ্যমে খেলা হতো। সম্প্রতি রাজধানীতে যতগুলো ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে, সব জায়গায় দেখা গেছে, খেলা হতো টাকা দিয়ে। কিন্তু এখানে খেলা হতো এক সেন্ট থেকে শুরু করে ১০০ ডলারের কয়েন দিয়ে।

ধারণা করা হচ্ছে, ওই বাড়িতে উচ্চবিত্তশ্রেণির জুয়াড়িরা যেতেন। বাড়ির কক্ষগুলোতে মদ, বিয়ারের সঙ্গে সিসা ও গাঁজা রাখা ছিল। সেগুলো থরে থরে সাজানো ছিল। আজিজ মোহাম্মদ ভাই নিজস্ব লোক দিয়ে এসব পরিচালনা করতেন বলেও তথ্য পাওয়া গেছে।

গতকাল রবিবার বিকেলে চালানো এই অভিযানে বিপুল পরিমাণ মদ, গাঁজা, সিসা, বিয়ার ও ক্যাসিনোর সরঞ্জাম জব্দ করা হয়েছে। ডিএনসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন সময় সমালোচনায় আসা আজিজ মোহাম্মদ ভাই থাইল্যান্ডে থাকেন বলে তথ্য রয়েছে। গুলশানে তাঁর বাড়িতে গোপনে মাদক ও ক্যাসিনোর কারবার চলছিল। অভিযানের সময় বাসার কেয়ারটেকারসহ নবীন ও পারভেজ নামের দুজনকে আটক করা হয়েছে।

ডিএনসির ঢাকা মেট্রো উপ-অঞ্চলের সহকারী পরিচালক খুরশিদ আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

সেখান থেকে বিদেশি ৩৮২ বোতল মদ, ২৪ ক্যান বিয়ার, দুই প্যাকেট সিসা (চার কেজি) ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।’ তিনি আরো বলেন, এ ছাড়া এই ভবনে অভিযান চালিয়ে ক্যাসিনো পরিচালনার বিভিন্ন সরঞ্জাম যেমন—কয়েন, কার্ড, গুটি উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া আজিজ মোহাম্মদের ভাই রাজা মোহাম্মদের বাসা থেকে আট বোতল মদ জব্দ করা হয়।

আটক হওয়ার পর নবীন দাবি করেন, সাত-আট বছর ধরে তিনি বাড়িতে কাজ করলেও কখনো আজিজ মোহাম্মদ ভাইকে দেখেননি। কমপ্লেক্সের মধ্যে দুটি বাড়ির একটির চারতলা ব্যবহার করেন আজিজের স্ত্রী নওরীন। দোতলায় থাকেন আজিজের ভাইয়ের ছেলে। ওই ভবনের অন্য তলায় কেউ থাকে না। আরেক ভবনের পাঁচ ও ছয়তলায় আজিজ মোহাম্মদ ভাইয়ের দুই বোন সখিনা মীর আলী ও নুরজাহান হুদা বসবাস করেন। দোতলায় থাকেন বোনের সন্তানরা।

পারভেজ বলেন, তিনি এক মাস আগে এই ভবনের চারতলায় ওঠেন। যে কক্ষে মদ পাওয়া গেছে সেই কক্ষের দিকে যাওয়া তাঁদের ‘নিষেধ ছিল’ বলে দাবি করেন পারভেজ।

মৃত্যুদণ্ডের ১৬ আসামিকে কনডেম সেলে পাঠাতে চিঠি

0

নুসরাত হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত ১৬ আসামিকে কুমিল্লা কারাগারের কনডেম সেলে পাঠাতে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) কাছে চিঠি পাঠানো হয়েছে। ফেনী জেলা কারাগারে পৃথক কনডেম সেল না থাকায় ফেনী জেলা কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে এ চিঠি পাঠানো হয়েছে।

আজ সোমবার (২৮ অক্টোবর) ফেনী জেলা কারাগারের সিনিয়র জেল সুপার রফিকুল কাদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ফেনী জেলা কারাগারে থাকা নুসরাত হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ১৬ আসামি যেসব সেলে রয়েছে, সেসব সেলে থাকা অন্য আসামিদেরও নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

ফেনী জেলা কারাগার সূত্রে জানা গেছে, ফেনী জেলা কারাগারে কোনো কনডেম সেল নেই। এজন্য নুসরাত হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ১৬ আসামিকে কুমিল্লা কারাগারে পাঠানোর জন্য আইজি প্রিজনের কাছে চিঠি পাঠানো হয়েছে। কারণ কুমিল্লা কারাগারে অনেকগুলো কনডেম সেল রয়েছে। সেসব কনডেম সেল ফাঁকা থাকলে আসামিদের সেখানে স্থানান্তর করা হবে। সেখানে ফাঁকা না থাকলে কাশিমপুরসহ যেসব কেন্দ্রীয় কারাগারে কনডেম সেল ফাঁকা রয়েছে, সেখানে আসামিদের পাঠিয়ে দেওয়া হবে।

গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানির অভিযোগে তার মায়ের দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয় অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে। পরে ৬ এপ্রিল ওই মাদরাসাকেন্দ্রে পরীক্ষা দিতে গেলে নুসরাতকে কৌশলে মাদরাসার প্রশাসনিক ভবন কাম সাইক্লোন শেল্টারের ছাদে ডেকে নিয়ে গায়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ৮ এপ্রিল নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরো চারজনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মাদরাসা অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে করা শ্লীলতাহানির মামলা তুলে নিতে অস্বীকৃতি জানানোর কারণে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়। ১০ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর মামলাটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত হয়। আসামি করা হয় মাদরাসার অধ্যক্ষ সিরাজকে।

এ ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রুত সময়ের মধ্যে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আসামিদের। অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ১২ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, অধ্যক্ষের নির্দেশে তাঁর অনুসারীরা নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে তাকে হত্যা করেছেন।

তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ১৬ আসামির সর্বোচ্চ শাস্তির সুপারিশ করে গত ২৮ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে। গত ২৪ অক্টোবর মামলার রায়ে ১৬ আসামির প্রত্যেককে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ এসএম সিরাজ উদ-দৌলা (৫৭), নুর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), কাউন্সিলর ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম ওরফে মোকসুদ কাউন্সিলর (৫০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন (১৯), হাফেজ আব্দুল কাদের (২৫), আবছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মনি (১৯), উম্মে সুলতানা ওরফে পপি (১৯), আব্দুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন ওরফে মামুন (২২), সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাদ্রাসার সাবেক সহ সভাপতি রুহুল আমিন (৫৫), মহিউদ্দিন শাকিল (২০) ও মোহাম্মদ শামীম (২০)।

জাপান ও সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

0

জাপান ও সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেডের একটি নিয়মিত ফ্লাইট রাষ্ট্রপতি এবং তার সফরসঙ্গীদের নিয়ে রবিবার রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং ঢাকায় সিঙ্গাপুরের কনস্যুলেট জেনারেল।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রাষ্ট্রপতি হামিদ সিঙ্গাপুরে তার দুই দিনের যাত্রা বিরতি শেষে রবিবার রাত ৮টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। গত ২০ অক্টোবর থেকে জাপানে ৬ দিনের সরকারি সফর শেষে শুক্রবার সিঙ্গাপুরে পৌঁছেন রাষ্ট্রপতি। তিনি মঙ্গলবার টোকিওতে জাপানের নতুন সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যোগ দেন।

জাপান সফরকালে টোকিওতে রাজ প্রাসাদে বিভিন্ন দেশের প্রায় ২ হাজার নেতা এবং ১৭৪টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিদের সামনে নিজেকে সেদেশের ১২৬ তম সম্রাট হিসেবে ঘোষণা দেন নারুহিতো। ৫৯ বছর বয়সী সম্রাট নারিহিতো তার ৮৫ বছর বয়সী বাবা সম্রাট অ্যামিরিতাস অকিহিতোর অবসরে যাবার পর গত ১ মে দেশটির নতুন সম্রাট হিসেবে শপথ নেন। এছাড়া তিনি জাপানের নতুন সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকোর দেয়া ভোজসভায় যোগ দেন। তিনি পরদিন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের দেয়া ভোজসভায় যোগ দেন।

কক্সবাজারে র‌্যাবের অভিযানে ৮ লাখ ইয়াবার বৃহত্তম চালান আটক

0

কক্সবাজারে এবার আট লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এত বড় ইয়াবার চালান উদ্ধার হওয়ার ঘটনা দেশে নজিরবিহীন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের (ইয়াবা) মূল্য আনুমানিক চল্লিশ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রয়েল টিউলিপ হোটেলের পশ্চিম পাশে সমুদ্র সৈকত থেকে এ ইয়াবার চালানটি আটক করেছে নবগঠিত র‌্যাব-১৫।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেরিন ড্রাইভ রোডের পাটুয়ার টেক ব্রীজের পশ্চিমে সমুদ্র সৈকতের দিকে র‌্যাব ১৫-এর একটি দল অভিযান চালিয়ে ইয়াবার চালানটি আটক করতে সক্ষম হয়।

এ ঘটনায় একজনকে আটক করতে সক্ষম হয়েছে র‌্যাব। আটক ব্যক্তির নাম জামাল হোসেন (২২)। তিনি মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা। তার পিতার নাম মো. হোছেন। এ ঘটনায় নূর হাফেজসহ অজ্ঞাতনামা ৫/৬ জন পালিয়ে যেতে সক্ষম হয়, যাদের ধরতে অভিযান চলছে।

উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কক্সবাজার সদর উখিয়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

মদ্যপ বাবার লালসার শিকার কিশোরী মেয়ে!

0

মদ্যপ বাবার লালসার শিকার হয়েছে তার কিশোরী মেয়ে। মেয়েটি নবম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। শনিবার রাতে এই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুরে।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কুলিক বনাঞ্চল সংলগ্ন বাহিন পঞ্চায়েতের সুহারই এলাকার ঘটনা এটি। অভিযোগ, মদের নেশায় বুঁদ হয়ে নিজের কন্যাকে ধর্ষণের চেষ্টা করে এক ব্যক্তি। বাধা দিতে গেলে মদ্যপ স্বামীর হাতে আক্রান্ত হন স্ত্রী ও শ্বশুর। ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ব্যক্তি।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে কাজ সেরে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন রামচন্দ্র মাহাতো নামে ওই ব্যক্তি। সেই সময় ঘরে ঘুমিয়ে ছিল ওই ব্যক্তির নাবালিকা মেয়ে। অভিযোগ, নেশায় বুঁদ হয়ে ঘরে ঢুকেই হঠাৎ ঘুমন্ত মেয়েকে জড়িয়ে ধরে মাহাতো। মেয়েকে ধর্ষণের চেষ্টা করে সে। ঘুম ভেঙে বাবার আচরণ দেখে আতঙ্কে চিৎকার জুড়ে দেয় মেয়েটি। মেয়ের চিৎকার শুনে পাশের ঘর থেকে ছুটে আসেন অভিযুক্তের স্ত্রী। স্বামীর আচরণ দেখে স্তম্ভিত হয়ে যান তিনি। স্বামীকে বাধা দেওয়ার প্রাণপণ চেষ্টাও করেন তিনি। কিন্তু সেই সময় স্ত্রীর ওপর ঝাঁপিয়ে পড়ে মাহাতো। লাঠি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে সে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন স্ত্রী।

শব্দ পেয়ে পাশের ঘর থেকে ছুটে আসেন স্ত্রীর বাবা। জামাইকে সামলানোর চেষ্টা করেন তিনি। বাধা পেয়ে শ্বশুরকেও আক্রমণ করে অভিযুক্ত। এরপর চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যায় প্রতিবেশীরা। স্থানীয়দের তৎপরতায় গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওই গৃহবধূ ও তাঁর বাবাকে। চিকিৎসাধীন নাবালিকাও।

জানা গেছে, ইতিমধ্যে অভিযুক্ত রামচন্দ্র মাহাতোর বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে শনিবার রাত থেকেই পলাতক অভিযুক্ত রামচন্দ্র।

শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি কী ও তাতে কার লাভ?

0

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে বহুদিন ধরে শিক্ষক কর্মচারীরা আন্দোলন করে আসছেন। গত প্রায় ১০ বছর ধরে নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেনি সরকার।

অবশেষে বুধবার প্রধানমন্ত্রীর কাছ থেকে ঘোষণা এলো: প্রায় ৩,০০০ শিক্ষা প্রতিষ্ঠানকে এই সুবিধা দেয়া হবে।

এমপিওভুক্তি আসলে কী?

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা বাবদ যে অর্থ সরকার দিয়ে থাকে তাকে ইংরেজিতে বলা হয় মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও।

শিক্ষা প্রতিষ্ঠানের জনবল অনুযায়ী এই সহায়তা দেয় সরকার।

শিক্ষকদের সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ: শাহজাহান আলম সাজু বলছিলেন, সরকারি স্কেল অনুযায়ী বেতন পান একটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা।

তাতে প্রধান শিক্ষকের বেতন দাড়ায় ২৯ হাজার টাকা। একজন সাধারণ শিক্ষকের বেতন ১৬ হাজারের মতো। এর বাইরে রয়েছে বাড়িভাড়া হিসেবে এক হাজার টাকা, ৫০০ টাকা চিকিৎসা ভাতা।

ঈদ উৎসব ভাতা শিক্ষকদের জন্য বেতনের ২৫ শতাংশ আর কর্মচারীদের জন্য বেতনের ৫০ শতাংশ। পহেলা বৈশাখেও একই পরিমাণে উৎসব ভাতা দেয়া হয়ে থাকে। এমপিওভুক্ত হতে হলে যে যোগ্যতা লাগে

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী সরকার প্রায় তিন হাজার নতুন শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির ঘোষণা দিয়েছে। তবে আবেদন পড়েছিলো ৯ হাজারের বেশি।

সরকারের নতুন নীতিমালা অনুযায়ী শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে তাতে কোন রকমে পাঠদান করলেই হবে না। এমপিও সুবিধা পেতে হলে শিক্ষা প্রতিষ্ঠানকে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে।

মোঃ: শাহজাহান আলম সাজু বলছেন, পরীক্ষার্থীর সংখ্যা ও পাশের হার অনুযায়ী সেটি নির্ধারিত হয়ে থাকে। নিয়ম অনুযায়ী এমপিওভুক্ত হতে হল কলেজ পর্যায়ে অন্তত ৬০ জন পরীক্ষার্থী থাকতে হবে।

মাধ্যমিক স্কুল পর্যায়ে তা ৪০ জন। কিন্তু যারা পরীক্ষা দিচ্ছেন তাদের মধ্যে ৭০ শতাংশ পাশের হার থাকতে হবে। মাদ্রাসার জন্য তা ৬০ শতাংশ।

সরকারের খরচ কেমন হয়?

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী নতুন ঘোষিত প্রতিষ্ঠানগুলো বাদ দিলে বর্তমানে ২৬ হাজারের কিছু বেশি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যাতে রয়েছেন পাঁচ লাখের মতো শিক্ষক ও কর্মচারী।

এই অর্থবছরে সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য এমপিও সুবিধা হিসেবে এক হাজার কোটি টাকার মতো বরাদ্দ রেখেছে।
গত অর্থ বছরে তা ছিল এর অর্ধেকের মতো।

শিক্ষার মান কতটা উন্নত হচ্ছে?

এমপিও মূলত শিক্ষকদের বেতন ভাতার বিষয়। তাতে শিক্ষকেরা পাঠদানে আরও মনোযোগী হওয়ার প্রণোদনা পান কিনা, শিক্ষার মান উন্নয়ন হয় কিনা সেনিয়ে নানা প্রশ্ন রয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক বলছেন, “শিক্ষকদের সাহায্য করা মানেই শিক্ষার মান উন্নয়নে সাহায্য করা। তাকে তো বেঁচে থাকতে হবে?”

অন্যদিকে মোঃ: শাহজাহান আলম সাজু, “শিক্ষক যদি খেয়ে পরে মান মর্যাদা নিয়ে বেঁচে থাকতে না পারেন, তাহলে সে ভালো করে পাঠদান কিভাবে করবে?”

তবে শিক্ষা বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন-এর প্রধান রাশেদা কে চৌধুরী বলছেন, “এমপিওভুক্ত হলেই শিক্ষার মান উন্নয়ন হবে তার নিশ্চয়তা কিন্তু কেউই দিতে পারছে না। এমপিওভুক্ত হওয়ার পরেও অনেক বিদ্যালয় ভালো ফলাফল করতে পারে না।”

কিন্তু একই সাথে মন্ত্রণালয়ে দেন-দরবার, রাজনৈতিক বিবেচনা ও স্বজনপ্রীতির মাধ্যমে এমপিওভুক্ত হওয়ার নানা অভিযোগ রয়েছে।

এনিয়েও সংশয় প্রকাশ করেছেন রাশেদা কে চৌধুরী। তিনি বলছেন, “প্রাপ্যতা ও যোগ্যতা অনুযায়ী এতদিনে অনেক প্রতিষ্ঠানেরই এমপিওভুক্ত হওয়ার কথা। এই দীর্ঘ দিনে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সাথে তাদের একটা বৈষম্য তৈরি হয়েছিলো। সেই অর্থে শিক্ষায় এমন বিনিয়োগকে আমি সাধুবাদ জানাই।”

কিন্তু তিনি বলছেন, “সরকারি নীতিমালায় যে প্রাপ্যতা ও যোগ্যতার কথা বলা হয় আমরা আশা করছি যাদের এমপিওভুক্ত করা হয়েছে তাদেরকে সেটির ভিত্তিতে করা হয়েছে।”

কোচিং বাণিজ্য কি বন্ধ হবে?

রাশেদা কে চৌধুরী বলছেন, কোচিং বাণিজ্যের কারণে শ্রেণী কক্ষে পাঠদান দুর্বল হয়ে গেছে। তিনি বলছেন, “সরকারের একটি নীতিমালা আছে শিক্ষকরা কোচিং বাণিজ্য করতে পারবে না। এমপিওভুক্ত শিক্ষকেরা নিজেরা সরকারের এসব নীতিমালা কতটা অনুসরণ করবেন সেটা দেখা অত্যন্ত প্রয়োজন।”

এমপিওভুক্ত শিক্ষকরা সরকারের দেয়া অর্থ সহায়তা পাওয়ার পরও কোচিং বাণিজ্য চালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।