Home Blog Page 3395

১০ নভেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.)

0

আগামী ২৯ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় নতুন চাঁদ দেখার সাপেক্ষে ৩০ অক্টোবর বুধবার থেকে আরবি ১৪৪১ হিজরির ‘রবিউল আউয়াল’ মাসের গণনা শুরু হবে এবং আগামী ১০ নভেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবি (সাঃ) পালিত হবে।

আজ রবিবার বাংলাদেশ অ্যাসট্রোনোমিক্যাল সোসাইটি (বিএএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হিজরি ১৪৪১ সনের ‘রবিউল আওয়াল’ মাসের চাঁদ দেখার সম্ভাবনা জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ অক্টোবর সোমবার সকাল ৯টা ৩৮ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে। চাঁদটি ওইদিন সন্ধ্যা ৫টা ২২ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে ৪ ডিগ্রি উপরে ২৫৬ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং প্রায় ২৪ মিনিট দেশের আকাশে অবস্থান শেষে সন্ধ্যা ৫টা ৪৭ অস্ত যাবে। এ সময় চাঁদের কোনো অংশ আলোকিত থাকবে না এবং দেশের আকাশে একে দেখা যাওয়ার সম্ভাবনা নেই। চাঁদটি পরদিন ২৯ অক্টোবর, মঙ্গলবার ৫টা ২২ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে ১৪ ডিগ্রি উচ্চতায় ২৪৬ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট দেশের আকাশে অবস্থান শেষে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে ২৫২ ডিগ্রি দিগংশে অস্ত যাবে। এ সময় চাঁদের ৩% অংশ আলোকিত থাকবে এবং দেশের আকাশ মেঘমুক্ত পরিষ্কার থাকলে একে বেশ স্পষ্টভাবেই দেখা যাবে। এই সন্ধ্যায় সূর্যাস্তের পর আকাশে উদিত চাঁদের বয়স হবে ৩১ ঘণ্টা ৪৪ মিনিট এবং সবচেয়ে ভালোভাবে দেখা যাবে সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটে।

সুতরাং, ইসলামী নিয়ম অনুযায়ী আগামী ২৯ অক্টোবর সন্ধ্যায় নতুন চাঁদ দেখার সাপেক্ষে ৩০ অক্টোবর ২০১৯, বুধবার থেকে আরবি ১৪৪১ হিজরীর ‘রবিউল আউয়াল’ মাসের গণনা শুরু হবে এবং আগামী ১০ নভেম্বর তারিখে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) পালিত হবে।

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮তম জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) সম্মেলনে অংশ নিয়ে আজারবাইজান থেকে দেশে ফিরছেন। আজ রবিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় বেলা ১১টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ১০ মিনিট) বাকু হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

আজারবাইজানের শিক্ষামন্ত্রী জেহুন আজিজ ওগলু বেরানভ এবং আজারবাইজানের দায়িত্বপ্রাপ্ত তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো.আল্লামা সিদ্দিকী বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

১২০টি উন্নয়নশীল দেশের জোট নিরপেক্ষ ফোরাম ন্যামের দুই দিনের সম্মেলনটি ২৫ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুর কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্র প্রধানদের সঙ্গে এ সম্মেলনে যোগ দেন।

শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রী বাকু কংগ্রেস সেন্টারে ১৮তম ন্যাম সম্মেলনের প্লেনারি সেশনে যোগ দেন। তিনি এতে সমসাময়িক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত ও পর্যাপ্ত পদক্ষেপ নিশ্চিতে ‘বান্দুং নীতিমালা’ সমুন্নত রাখা শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন।

শেখ হাসিনা বলেন, আমরা বর্তমানে ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছি। এর আমাদের দেশ এবং এর বাইরেও অস্থিতিশীলতা তৈরির সম্ভাবনা রয়েছে। আমরা এই সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করছি। মিয়ানমারের নাগরিকদের নিরাপত্তা ও মর্যাদার সাথে তাদের নিজ ভূমিতে স্বেচ্ছায় ফিরে যাওয়াই হচ্ছে এই সংকটের একমাত্রা সমাধান।

প্রধানমন্ত্রী কংগ্রেস সেন্টারের মধ্যাহ্নভোজ হলে প্রতিনিধি দলের প্রধানদের জন্য আয়োজিত মধ্যাহ্ন ভোজ ও প্লেনারী সেশনে যোগ দেন। পরে সন্ধ্যায় তিনি হায়দার আলিয়েভ সেন্টারে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের দেয়া সরকারি সংবর্ধনায় যোগ দেন। তিনি হিলটন বাকুতে আজারবাইজানের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূতের নৈজভোজে অংশ নেন।

ন্যাম সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, আলজেরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আবদেল কাদের বেনসালাহ ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালকিসহ বেশ কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে বৈঠক করেন।

এই সফরে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আজারবাইজানের প্রেসিডেন্টের উপস্থিতিতে সাংস্কৃতিক বিনিময়ে দু’দেশের মধ্যে একটি চুক্তি সাক্ষরিত হয়। পরে প্রবাসী বাংলাদেশিরা হোটেল হিলটন বাকুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

স্ত্রীকে নিয়ে চলচ্চিত্রে ওয়াসিম আকরাম

0

চলচ্চিত্রে পা রাখছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বাঁহাতি পেসার ওয়াসিম আকরাম। তবে একা নন; স্ত্রীকেও সঙ্গে নিয়েছেন।

জানা গেছে, অভিনয়ে সম্মতি জানিয়ে চুক্তি সই করেছেন ওয়াসিম আকরাম ও তার স্ত্রী শানিয়েরা। রুপালি পর্দায় প্রথমবার একসঙ্গে জুটি হিসেবে দেখা যাবে ওয়াসিম-শানিয়েরাকে।

কমেডি ঘরানার সিনেমার নাম ‘মানি ব্যাক গ্যারান্টি’। এটি পরিচালনা করবেন ফয়জল কুরেশি। তিনি দীর্ঘদিন বিজ্ঞাপন জগতে কাজ করলেও এ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে হাতেখড়ি হতে চলেছে। ফয়জলের সঙ্গে আকরাম খানের আগেও কাজের অভিজ্ঞতা রয়েছে। অতীতে তার বানানো একাধিক টিভি বিজ্ঞাপনে আকরামকে দেখা গেছে।

এদিকে ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে ফাওয়াদ খানকে। আছেন অভিনেতা মিকাল জুলফিকারও। সামনের নভেম্বরেই শুটিং শুরু হওয়ার কথা। মাহিরা খানকেও এ ছবিতে রাখতে চাইছেন পরিচালক। যদিও বিষয়টি চূড়ান্ত হয়নি।

এই নির্বাচনকে ‘ক্যাশ’ করে রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করা বৃথা : শাকিব খান

0

এবারের নির্বাচন উৎসব মুখর পরিবেশে হবার কথা ছিল কিন্তু সেটা হয় নি। এর কারণ অধিকতার নিরাপত্তা ব্যবস্থা। আর জন্য ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। শুধু তাই নয় বললেন, এই নির্বাচনকে ‘ক্যাশ করে’ কিছু মানুষ দেশবাসীর নিকট নিজেদের চেহারা পরিচিত করার চেষ্টা করছে। যার পেছনে রাজনীতিবিদ হওয়ার সুপ্ত ইচ্ছা রয়েছে ইঙ্গিত করে শাকিব বললেন, ‘এই নির্বাচন নিয়ে আসলে রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করাটাই বৃথা।’

কড়া পুলিশি নিরাপত্তার প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘প্রশাসনের এতো চাপ এতো চাপ যে এটা জাতীয় নির্বাচনকেও হার মানিয়েছে। এতো সেফটি সিকিউরিটি এতো কিছু, আমাদের শিল্পী সমিতির নির্বাচন সবাই দেখেছিল, আমাদের সেই নির্বাচনগুলো ছিল উৎসব মুখর। আমি খবর দেখলাম সোহেলরানা সাহেবকে ঢুকতে প্রবলেম করতেছে, তার সাথে যারা আসতেছে তাকে ঢুকতে প্রবলেম করতেছে। এই তো বছরের অর্জন, এই ইলেকশন দিয়ে ইন্ডাস্ট্রির আমূল পরিবর্তন হয়ে যাবে? কিছুই হবে না, এই এসোশিয়েশনের মূল্যায়নই বাঁ কতটুকু?’

প্রযোজক সমিতির লবিতে দাঁড়িয়ে শুক্রবার গণমাধ্যমের সাথে এসব কথা বলেন এ সময়ের জনপ্রিয় এই শীর্ষ নায়ক। সাংবাদিকদের সাথে প্রায় ১০ মিনিট কথা বলেন তিনি। এ সময় শাকিব এই নির্বাচনের উদ্দেশ্য লক্ষ্য ও কিছু ‘সুযোগ সন্ধানী’ মানুষের প্রসঙ্গ টেনে আনেন।

শাকিব বলেন, ‘এখানে যারা নির্বাচিত হয়ে আসে তারা নিজেদের মধ্যে কেউ যদি কখনো বিপদে আপদে পাশে এসে দাঁড়ায়, এইতো। বড় ধরনের সাহায্য সহযোগিতা তো মাননীয় প্রধানমন্ত্রীই করছে। সংগঠনের নির্বাচনগুলো হয় মূলত যারা আর্থিক অনটনে আছে তাদের পাশে দাঁড়ানো, একত্র ভথাকার জন্য। এফডিসি কেন্দ্রিক ইলেকশন উৎসবমুখর হয়। এই নিয়ে দুবার দেখলাম, এবার দেখলাম এর আগের বার দেখেছি। আমার মনে হয় এমন থাকলে ইলেকশন উৎসবমুখর থাকবে না।’

শাকিব বলেন, ‘এখানে দুই বছর পরপর নির্বাচন হয়। অনেকেই আসেন, অনেক নতুন, অনেক পুরনো শিল্পী আসেন। একটা গেট টুগেদার হয়। সবার সাথে সবার দেখা হয়, একটা হইচই হয় , আনন্দফূর্তি হয়। এটা তো এমন কোনো নির্বাচন নয়, এমন কোনো গুরুত্বপূর্ণ নির্বাচন হয়ে যায়নি যে এতো প্রশাসনের চাপ থাকবে। গত বছরও দেখেছি এফডিসিতে লম্বা লাইন, লাইন ধরে মানুষজন ঢুকছে। শর্ত দেওয়া হচ্ছে আপনার পাশে কে? তাকে ঢুকতে দেওয়া হবে না, এইবারও সেইম দেখলাম। আরে আমার এফডিসি এটা। আমি কাকে জবাবদিহী করতে যাবো। এটা আমার ঘর, আমার সাথে যিনি রয়েছেন তিনিও গুরুত্বপূর্ণ ব্যক্তি।’

এফডিসিকে সৃজনশীলতা চর্চার স্থান উল্লেখ করে শাকিব বলেন, ‘এফডিসি শিল্প চর্চার স্থান এখানে কবিতা আবৃত্তি হবে, গান হবে, গল্প হবে। এখানে শিল্পের চর্চা হবে। শিল্পের সবচেয়ে বড় মাধ্যম এটা। এখানে রাজনীতি চর্চা কেন হবে, এটা তো রাজনৈতিক অঙ্গন নয়। রাজনীতি করার জায়গা আছে তো, রাজনীতি করার লোক আছে। এখানে কেউ রাজনৈতিক নেতা হতে আসে না। আখানে আসে শিল্পীরা। সব জায়গায় রাজনীতি হয় না। এখানে সুন্দর গানের কথা হবে সুন্দর গল্পের কথা হবে। এখন তো গান গল্পের কথা হয় না। এখন শুধু পলিটিকসের কথাই হয়। এখানে এখন মারামারি কাটাকাটি এই সেই গত দুই বছর ধরে এসবই হচ্ছে।’

আপনি কেন ভোট দিতে এসেছেন এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘আমি নিজেকে মনে করি যে আমি চলচ্চিত্রের লোক। এই সংগঠনের আমি দুই বছর প্রেসিডেন্ট ছিলাম। বহু শিল্পীরাই আছে, অনেক ভাই আছে, অনেক শুভাকাঙ্ক্ষীরা আছে যারা যারা মুখিয়ে থাকে তারা বলে ভাই আপনি না আসলে ভোট দিতে যাবো না কিংবা বলে ভাই এটা এমন হচ্ছে ওরকম হচ্ছে কমপ্লেইনের কিছু জায়গা তো থাকে। সিনিয়রদের মধ্যে অনেককেই তো অনেক সময় পায় না। ধরেন এক সময় রাজ্জাক আঙ্কেল ছিলেন ওতপ্রোতভাবে জড়িত। ধরেন ফারুক ভাই আছেন, কিন্তু এখন উনি ব্যস্ত, আলমগীর সাহেব আছেন। যাকেই পায় সিনিয়র লেভেলের কমপ্লেনগুলো জানায়। অনেকেই বলেন আসেন এই হচ্ছে, ওই হচ্ছে। বিষয়টা আপনি দেখেন- এজন্যই আমাদের আসা।’

যেহেতু ভোট দিয়েছেন সেহেতু প্রত্যাশা তো থাকবেই, নির্বাচিত কমিটির কাছে প্রত্যাশা কী? প্রশ্নের জবাবে শাকিব সেই পূর্বের কথাগুলোই বললেন। বললেন, ‘এই সংগঠন দিয়ে আমূল পরিবর্তন সম্ভব না। চলচ্চিত্র নিয়ে আমাদের যদি কোনো দাবি থাকে তাহলে সেটা তো আমরা তথ্যমন্ত্রীর কাছে গিয়ে বলবো, মাননীইয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলবো। কিন্তু এই নির্বাচন নিইয়ে এতো সিরিয়াস হবার কিছু নেই। তবে হ্যাঁ সবাই আগের মট সুন্দর করে, মিলেমিশে থাকুক এটাই চাই। যেই পাশ করে আসুক সবাই ভাই ভাই, কেউ রাজনীতিবিদ না, রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করাটাও বৃথা।’

অন্যান্য দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির প্রসঙ্গে এনে শাকিব বলেন, ‘এটা অপ্রিয় হলেও সত্য। আমি দেশে-বিদেশে কাজ করেছি। সেখানে কিন্তু এসোশিয়েশন এতো সক্রিয় না। গোটা ভারতে একটাই সংগঠন ইমপা। আপনারা কি কখনো শুনেছেন হলিউডের শিল্পীরা পিকনিকে যায়, কিংবা বলিউডের শিল্পীরা? শাহরুখ খান কিংবা অমিতাভ বচ্চন ভোটে দাঁড়িয়েছেন শিল্পীরা ভোট দিতে যাচ্ছেন কখনো শুনেছেন? বলিউডের কোনো পিকনিক আছে? এসোশিয়েশনগুলো হয়েছে একটা আনন্দের জন্য, একটা পারস্পরিক সহযোগিতার জন্য, নিজেদের উন্নয়নের জন্য সংগঠন করেছেন।’

শাকিব খান সাংবাদিকদের দায়ী করে বলেন, ‘গতবারও দেখেছি, এবারও দেখছি বাংলাদেশের যত টিভি ক্যামেরা আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করছে, যত প্রেস মিডিয়া আছে, এই সংবাদ প্রচার করছে। স্বাভাবিকভাবেই দেশের মানুষের এই নির্বাচন নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে। সবার কিউরিসিটি আছে, আর সেই অর্থে সারাক্ষণ টিভিতে দেখাচ্ছে। মনে হয় পুর দেশের মধ্যে একটা উৎসব চলছে। যার যার পছন্দের তারকারা এই হচ্ছে ওই হচ্ছে। সেখানে এই জায়গাটাকে ক্যাশ (সুযোগ কাজে লাগিয়ে) করে যেহেতু একটা দিন দেশের মানুষের দৃষ্টি একদিকে, সেহেতু কিছু নোংরা পলিটিকস ঢুকে গেছে। তারা এসে ইলেকশন করবে তারা এসে প্রার্থী হবে,ম তাদের ওপর দেশের মানুষের চোখ থাকবে দেশের মানুষ তাদের চিনবে। কাজে চিনুক আর না কাজে চিনুক- অকাজে তো ঠিকই দেখল।’

বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টের সূচি চূড়ান্ত, শুরু ২১ নভেম্বর

0

আগামী ২১ থেকে ২৯ নভেম্বর ঢাকায় হবে বঙ্গবন্ধু গোল্ড কাপ। গতকাল শনিবার নির্বাহী কমিটির সভায় এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শেষ দুটি আসর ছয় দলের হলেও টুর্নামেন্টের ষষ্ঠ আসর হবে চার দলের।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের কথা অনুযায়ী এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে তিনটি দল। দলগুলো হলো—শ্রীলঙ্কা, মঙ্গোলিয়া ও স্বাগতিক বাংলাদেশ। এ ছাড়া পূর্ব তিমুর, লাওস ও কম্বোডিয়া—এই তিন দলের মধ্যে তারা বেছে নেবে আরেকটি দল। এই চার দলকে নিয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে এবারের বঙ্গবন্ধু গোল্ড কাপ।

আগের পাঁচ আসরে স্বাগতিকদের সর্বোচ্চ সাফল্য বলতে রানার্স-আপ। তবে এবার তাদের হাতে দেশের মাঠে এই টুর্নামেন্টের শিরোপা জয়ের ভালো সুযোগ রয়েছে। প্রথমত জেমি ডে’র অধীনে বাংলাদেশ দল এখন ভালো অবস্থায় আছে, তা ছাড়া আগের মতো শক্তিশালী ফিলিস্তিন, মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ কিংবা জাপান একাদশ এবার আসছে না।

সাকিবকে আইনী ঝামেলায় ফেলছে না বিসিবি

0

ভারত সফরের প্রাক্কালে দেশের শীর্ষ একটি টেলিকম প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে বিপদে পড়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। বিসিবির সঙ্গে চুক্তির শর্ত ভঙ্গ করে তিনি এই কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটমহলেও বেশ আলোচনা হয়েছে। গতকাল শনিবার তো এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিবকে ছাড় দেওয়া হবে না- এমন কথাও তিনি বলেছেন। তবে এবার জানা গেল, বিসিবির পক্ষ থেকে কোনো আইনী ঝামেলায় পড়তে হচ্ছে না সাকিবকে। তবে তাকে জবাবদিহি করতে হবে বোর্ডের কাছে।

এর আগে মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, সাব্বির রহমানরা বিসিবির আপত্তির কারণে চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছিলেন। আজ রবিবার গণমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন আহমেদ জানিয়েছেন, সাকিবের বিপক্ষে আইনি প্রক্রিয়ায় যাওয়ার প্রয়োজন মনে করছে না বিসিবি। তিনি বলেছেন, ‘আইন অনুযায়ী সাকিব এটা করতে পারে না। এটা সেও জানে, ওই টেলিকম প্রতিষ্ঠানও জানে। ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের চুক্তি আছে। সে চুক্তির শর্তানুযায়ীও এমন চুক্তি হতে পারে না। আমরা তাকে চিঠি দিচ্ছি। আত্মপক্ষ সমর্থনের সুযোগ এটি। কে সে এটা করল, তাকে বলতে হবে।’

সাকিবের বিষয়টি এখন ভারতের মিডিয়াতেও সরস আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। সম্প্রতি ক্রিকেটারদের ধর্মঘটে নেতৃত্ব দিয়েছেন সাকিব। অনেক মিডিয়াই এই দুটি বিষয় মিলিয়ে ফেলছে। বিসিবির আইন অনুযায়ী কেবল টেলিকম কোম্পানিই নয়, যেকোনো করপোরেট প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের সঙ্গে ব্যক্তিগত চুক্তি করতে বিসিবির অনুমোদন নিতে হবে। নিজামউদ্দিন চৌধুরী আরও বলেছেন, ‘এটি পুরোপুরি বোর্ডের অভ্যন্তরীণ বিষয়। যেহেতু অভ্যন্তরীণ বিষয় তাই সাকিবের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যাওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।’

ভয়ঙ্কর হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের দাবানল, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২০ লাখ

0

দাবানল নিয়ন্ত্রণে আনতে না পারায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এতে বিশ লাখেরও বেশি মানুষের বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার আশংকা তৈরি হয়েছে। উত্তর ক্যালিফোর্নিয়ার প্রায় ৯০ হাজার মানুষকে অগ্নিকাণ্ডের আশংকায় ঘর ছাড়তে হয়েছে।

আজ রবিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক কর্মকর্তা সংবাদ সম্মেলন করে জানিয়েছেন , বিদ্যুৎ বিচ্ছিন্ন করার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে ৯ লাখ ৪০ হাজার বসতবাড়িসহ উত্তর ক্যালিফোর্নিয়ার ৩৬টি কাউন্টির ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে, অঙ্গরাজ্যেটির ইতিহাসে একসঙ্গে এত মানুষের বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা এটিই প্রথম বলে জানা যায়।

এ অবস্থায় সান ফ্রান্সিসকোর উত্তরে উইন্ডসোর ও হেল্ডসবার্গ শহরের আরও ৫০ হাজার বাসিন্দাকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়ায় ছেয়ে গেছে ক্যালিফোর্নিয়ার আকাশ। দাবানল ধেয়ে আসতে থাকায় বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হন হাজারো পরিবার। শিশুদের সঙ্গে নিয়ে অনেকেই পাড়ি জমাচ্ছেন অন্যান্য জায়গায়।

তারা বলছেন, রাত তিনটার সময় সরকারি লোকজন আমাদের দরজায় কড়া নাড়ে এবং আমাদেরকে ওই মুহূর্তেই পালানোর নির্দেশ দেয়। সেসময়ই মৃত্যু খুব কাছ থেকে দেখি আমরা।

বিদ্যুৎ নেই। টেলিভিশন চলছে না, মোবাইল সেবা বন্ধ, এমন অবস্থায় পরিস্থিতি কি আর কোনদিকটা নিরাপদ, কিছুই জানা সম্ভব ছিল না। হঠাৎই আগুন একদম কাছে চলে আসতে দেখে পূর্বপ্রস্তুতি ছাড়াই পালাতে হয় আমাদের।

শনিবার নতুন করে সান ফ্রান্সিসকোর উত্তরাঞ্চলীয় উইন্সসোর ও হেল্ডসবার্গ শহরে আরও ৫০ হাজার বাসিন্দাকে দ্রুত অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

আগুন নেভাতে কয়েক হাজার সরকারি কর্মী দিন-রাত কাজ করে গেলেও তীব্র বাতাসে দ্রুত ছড়িয়ে পড়া দাবানল কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এরই মধ্যে লস অ্যাঞ্জেলেস ও সোনোমা কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় সরকার।

আতঙ্ক আর অনিশ্চয়তাই এখন ক্যালিফোর্নিয়াবাসীর কাছে নির্মম বাস্তবতা। একটি বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা থেকে সূত্রপাত হয় দাবানলের আর এতে ভুক্তভোগী হাজারো পরিবার।

কানাডার জাতীয় নির্বাচনে মুসলিম প্রার্থীদের জয়জয়কার

0

গত ২১ অক্টোবর কানাডায় অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন। এই নির্বাচনে ফের ক্ষমতায় এসেছে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। এই নির্বাচনে বিজয়ীদের মধ্যে ১২ জন মুসলিম প্রার্থী রয়েছেন, যার মধ্যে রয়েছেন চারজন নারীও।

তাছাড়া, বিজয়ী এই ১২ মুসলিম প্রার্থীর ১১ জনই ক্ষমতাসীন লিবারেল পার্টির। অপরজন কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচিত হয়েছেন।

ক্ষমতাসীন লিবারেল পার্টি এই নির্বাচনে ১৫৭ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। তবে গত নির্বাচনের তুলনায় তারা ২০ আসন কম পেয়েছে। বিপরীতে বিরোধী কনজারভেটিভদের আসন সংখ্যা ২৬টি বেড়ে ১২১ হয়েছে।

কানাডার জাতীয় নির্বাচনে মুসলিম বিজয়ী প্রার্থীদের এই সংখ্যা অতীতের যেকোনও নির্বাচনের চেয়ে বেশি।

বিজয়ী মুসলিম প্রার্থীদের মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওমর আল-গাবরা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তিনি মিসিয়াগু সেন্টারে লিবারেল পার্টির হয়ে নির্বাচন করেন। ইরিন মাইলস থেকে লিবারেল পার্টির পক্ষে এই আসনে প্রথমবারের মতো বিজয় ছিনিয়ে এনেছেন ইকরা খালিদ। দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন অটোয়ার অ্যাডমন্টন ম্যানিং সেন্টারে কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচিত একমাত্র মুসলিম এমপি জিয়াদ আবদুল তায়েফ, স্কারবো সেন্টারে সালমা ও অন্টারিয়ো রাইডিংয়ের আহমাদ হোসাইন।

আরো আছেন আলী ইহসাসি, মাজিদ জাওহারি, ইয়াসমিন রাতানসি, সামির জুবাইরি, মারওয়ান তাবরানা, মারিয়াম মুনসেফ ও আরিফ ভিনারি।

বিএনপি নেত্রী অন্য বন্দিদের চেয়ে বেশি সুযোগ-সুবিধা পাচ্ছেন : প্রধানমন্ত্রী

0

বিএনপি নেত্রী অন্যান্য বন্দিদের চেয়ে বেশি সুযোগ-সুবিধা লাভ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অন্যায়কারীদের বিরুদ্ধে পুনরায় হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যারা অপরাধ করবে তাদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতেই চলবে। অপরাধীদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতে চলবে, সে যেই হোক এবং যে দলই করুক না কেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সন্ধ্যায় স্থানীয় হিলটন হোটেলে আজারবাইজানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাতকালে একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা দেখেছেন ব্যবস্থা নেয়া হচ্ছে। যদি আমাদের দলের কেউ ও অপরাধে জড়িত হয়, সে তৎক্ষণাৎ শাস্তি ভোগ করছে।

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি বলেন, অপরাধীরা অপরাধীই, আমরা অপরাধীদের অপরাধীর দৃষ্টিতেই দেখবো এবং আমরা সেটাই দেখার চেষ্টা করছি।

‘অন্যকে শিক্ষা দেওয়াটা নিজের ঘর থেকেই শুরু করা উচিত’ উল্লেখ করে তিনি বলেন, আমি সেটাই করছি (দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ) এবং আমি এটি অব্যাহত রাখবো।

বিএনপি-জামায়াত সরকারের ব্যাপক দুর্নীতির প্রসংগ উল্লেখ করে তিনি বলেন, তাদের পাঁচ বছরের দু:শাসনে দেশে দুর্নীতির কোন সীমা ছিল না।

শেখ হাসিনা বলেন, একটি স্বার্থান্বেষী মহল তাদের হীন স্বার্থে বিভিন্ন বিষয়ে গুজব ছড়াচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, আজারবাইজানের দূত হিসেবে দায়িত্বপ্রাপ্ত তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী এ সময় উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপার্সনের উন্নত চিকিৎসার ব্যাপারে একজন প্রবাসীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী অন্যান্য বন্দিদের চেয়ে বেশি সুযোগ-সুবিধা লাভ করছেন।

তিনি বলেন, বেগম জিয়ার ইচ্ছা অনুযায়ী একজন গৃহপরিচারিকা কারাগারে তার সাথে রাখা হয়েছে। তার মানে বেগম জিয়াকে কারাগারে সে সেবা করছে।

প্রধানমন্ত্রী বলেন, কারাগারের ইতিহাসে বা কোন দেশে এমন নজির নেই কোন নিরপরাধী গৃহপরিচারিকা একজন বন্দির সাথে কারাগারে অবস্থান করে। কিন্তু খালেদা জিয়া সেই সুবিধা ভোগ করছেন।

বেগম জিয়াকে বিএসএমএমইউতে একটি কেবিনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। বিএনপি বলছে বেগম জিয়া অসুস্থ, কারণ তারা তার মুক্তির দাবিকে আন্দোলনের ইস্যু বানাতে এটা বলছে। কিন্তু বিএনপি তার মুক্তির আন্দোলন বা জনমত গঠন করতে পারেনি। কিন্তু আমাদের কিছু করার নেই।

প্রধানমন্ত্রী প্রশ্ন করেন সে ক্ষেত্রে আমরা কি করতে পারি?

প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে বিগত কেয়ারটেকার সরকারের আমলে দায়েরকৃত মামলায় সাজা হয়। আরো মামলা চলমান রয়েছে।

বেগম জিয়ার দুই ছেলে মানি লন্ডারিং, ২১ আগস্ট গ্রেনড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার সন্ত্রাসবাদ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।

তিনি বলেন, অভিযানগুলোতে আমরা ভালো ফল পাচ্ছি। কারণ মাদক একটি ব্যক্তি ও পরিবারকে ধ্বংস করে দেয়। আমি ক্ষমতায় আসার পর সর্বাত্মকভাবে দেশের ও জনগণের জন্য কাজ করে যাচ্ছি। রোহিঙ্গা সমস্যা সমাধানে মায়ানমারের সাথে আলোচনা চলছে। এক লাখ রোহিঙ্গার জন্য ভাসানচরে আবাস গড়ে তোলা হয়েছে। কিন্তু কিছু এনজিও তাদেরকে সেখানে যেতে দিতে চায় না।

তিনি বলেন, দেশে স্বাস্থ্য, আইসিটি, সামাজিক নিরাপত্তা সেক্টরে ব্যাপক উন্নতি হয়েছে। বাংলাদেশ সাফল্যের কারণে বিশ্বে উন্নয়নের জন্য রোল মডেল হিসাবে পরিণত হয়েছে।

তিনি দেশের আর্থ-সামজিক উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা স্বীকার করেন।

তিনি বলেন, সরকার বিভিন্ন দেশ থেকে আরো ১০টি বোয়িং এয়ারক্রাফট কিনে বিভিন্ন দেশের সাথে বিমান নেটওয়ার্ক বাড়াতে উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে ২টি ও কানাডা থেকে ৩টি বোয়িং বিমান ক্রয় করা হবে।

‘বাংলাদেশ-ভারত চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কিছু নেই’

0

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বি-পাক্ষিক চুক্তিতে বাংলাদেশের স্বার্থবিরোধী কিছু নেই।

আজ রবিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে জাতীয় পার্টির সাংগঠনিক টিমের যৌথ সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেশপ্রেমের প্রতি আমরা আস্থাশীল। তাঁর সম্প্রতি ভারত সফর ও সেখানে সম্পাদিত দ্বি-পাক্ষিক চুক্তি সম্পর্কে কিছু বিরূপ আলোচনা চোখে পড়েছে। এই বিষয়ে যৌথ বিবৃতি ও উল্লেখিত চুক্তি সমূহের তালিকা দেখেছি। চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কিছু চোখে পড়েনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বুয়েট ছাত্র আবরার হত্যাকাণ্ডের বিচার যেন সঠিকভাবে সম্পন্ন হয় ও দোষী ব্যক্তিরা যেনো দৃষ্টান্তমূলক শান্তি পায় এবং এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি বলেন, দেশে এখন দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান চলছে। প্রধানমন্ত্রীর এই সাহসী পদক্ষেপকে অভিনন্দন জানাই। তিনি নিজ দলের মানুষকেও ছাড় দেননি। আশা করি এই অভিযান অব্যাহত থাকবে। আওয়ামী লীগ এ বিষয়ে তাদের নির্বাচনী ইশতেহারে বর্ণিত অঙ্গীকার বাস্তবায়ন করবে।

কাদের বলেন, জাতীয় পার্টি সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে চায়। যাতে শক্তিশালী সংগঠনের মাধ্যমে জন প্রত্যাশিত রাজনীতি দিয়ে অধিকতর জনসমর্থন ও আস্থা লাভ করা যায়।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, জাতীয় নির্বাচনের আরো চার বছর বাকি থাকলেও পরিকল্পিতভাবে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

এ সময় জাতীয় পার্টির সাংগঠনিক টিমের যৌথসভায় চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক কাজী ফিরোজ রশীদ এমপি, সমন্বয় কমিটির আহ্বায়ক জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সমন্বয় কমিটির সদস্য সচিব মো. আবুল কাশেম, ঢাকা বিভাগের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, বরিশাল বিভাগের আহ্বায়ক গোলাম কিবরিয়া টিপু এমপি, রাজশাহী বিভাগের আহ্বায়ক এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, রংপুর বিভাগের আহ্বায়ক মুজিবুল হক চুন্নু এমপি, খুলনা বিভাগের আহ্বায়ক সাহিদুর রহমান টেপা, সদস্য সচিব সুনীল শুভ রায়, ময়মনসিংহ বিভাগের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইমাম এমপি, সিলেট বিভাগের আহ্বায়ক লে. জে. মাসুদ উদ্দিন চৌধুরী এমপি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য সচিব এটিইউ তাজ রহমান বক্তব্য রাখেন।