Home Blog Page 3397

কমিউনিটি পুলিশিং দিবসের র‌্যালি

0
শনিবার (২৬ অক্টোবর) কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয় থেকে র‌্যালিতে অংশ নেন জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি। ছবি: মাসুদ পারভেজ আনিস।
শনিবার (২৬ অক্টোবর) কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয় থেকে র‌্যালিতে অংশ নেন জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি। ছবি: মাসুদ পারভেজ আনিস।

বঙ্গবন্ধুর নামে সড়ক হবে ফিলিস্তিনে

0

ফিলিস্তিন তাদের হেবরন শহরের একটি সড়ক বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালকি আজ ১৮তম ন্যাম শীর্ষ সম্মেলনের ফাঁকে বাকু কংগ্রেস সেন্টারে দ্বিপক্ষীয় বুথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন।

তিনি এই সড়কের নামফলক উন্মোচনের জন্য প্রধামন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।

সাক্ষাৎ শেষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এসময় উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব বলেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্পর্ক জোরদারের অনুরোধ জানান।

তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ফিলিন্তিন ইস্যু উত্থাপনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

বাদশাহী ভাব নিয়ে চলে এমন পুলিশ সদস্যের দরকার নেই

0

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, নাগরিকদের ট্যাক্সের টাকায় আমাদের মাথার টুপি থেকে পায়ের জুতা পর্যন্ত এমনকি আমার সন্তানের লেখাপড়া জনগণের টাকায় চলে। অথচ আমাদের কিছু পুলিশ অফিসারদের ভেতরে ভাব এরকম যে তারা ‘বাদশা’, আর জনগণ তাদের প্রজা।

আজ শনিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০১৯’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, আমি পরিষ্কার বলে দিতে চাই এই বোধ নিয়ে ডিএমপিতে কেউ চাকরি করতে পারবে না। এই মহানগরের প্রতিটি মানুষের যে সম্মান-শ্রদ্ধা পাওয়ার কথা, যে সুন্দর আচরণ পাওয়ার কথা। সে আচরণটি যদি কোনো পর্যায় থেকে আপনারা (নাগরিক) না পান আমাদের জানাবেন। আমরা এই সমস্ত দুর্নীতিবাজ লোকজন এরকম একটা সভ্য সমাজে পুলিশের দায়িত্ব দিয়ে রাখব না।

ডিএমপি কমিশনার বলেন, বাদশাহী ভাব নিয়ে চলা পুলিশ সদস্যদের ডিএমপিতে থাকার দরকার নেই। পুলিশের পোশাক-পরিচ্ছেদ থেকে শুরু সবকিছু জনগণের ট্যাক্সের টাকায়। তাই যেসব পুলিশ নিজেদের বাদশা আর জনগণকে প্রজা ভাবেন তাদের ডিএমপিতে চাকরি করার দরকার নেই।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, অতিরিক্ত আইজিপি ড. মইনুল হক, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম প্রমুখ।

স্বেচ্ছাসেবক লীগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে আলোচনায় যাঁরা

0

ছাত্রলীগ, যুবলীগের পর এবার স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতৃত্ব বাদ পড়ছেন। আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের আগামী কমিটিতে ঠাঁই হচ্ছে না বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের। সংগঠনটির তৃতীয় সম্মেলনের মধ্য দিয়ে পরিচ্ছন্ন ভাবমূর্তি আছে—এমন সৎ ও দলের দুঃসময়ে মাঠে থাকা নেতাদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে। সূত্রগুলো জানায়, আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সভাপতি মোল্লা মো. আবু কাওছার ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে আর নেতৃত্বে রাখতে আগ্রহী নন। ফলে এ দুই পদেই নতুন নেতৃত্ব খোঁজা হচ্ছে। নানা অপকর্মে জড়িয়ে বিতর্কিত হয়ে পড়া যুবলীগের শীর্ষ পদে বর্তমান কমিটির বাইরে থেকে কাউকে নেতৃত্বে আনার কথা ভাবা হলেও স্বেচ্ছাসেবক লীগের ক্ষেত্রে তেমনটা হবে না।

ঢাকা মহানগর উত্তরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদেও পরিবর্তন আসতে যাচ্ছে। এ পদ দুটি পেতে বর্তমান কমিটির সহসভাপতি গোলাম রাব্বানী ও শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজ হাবীব ও হাবিবুর রহমান পান্না, সাংগঠনিক সম্পাদক এ কে এম মনোয়ারুল ইসলাম বিপুল তৎপর রয়েছেন। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি ইসহাক মিয়া সভাপতি পদপ্রত্যাশী। তিনি আওয়ামী লীগের দুঃসময়ে ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দলকে নেতৃত্ব দিয়েছেন।

বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলাম বিপুল সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী। তিনি দীর্ঘদিন ধরেই ঢাকা মহানগরে সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সাধারণ সম্পাদক পদ পেতে বিশেষ তৎপরতা চালাচ্ছেন তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস আমজাদ হোসেন। কর্মীবান্ধব নেতা হিসেবে তাঁর বিশেষ জনপ্রিয়তা রয়েছে। এ ছাড়া ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক দুলাল হোসেন, মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লায়ন এম এ লতিফও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী।

স্বেচ্ছাসেবক লীগের একটি সূত্র জানায়, ইসহাক মিয়াকে সভাপতি ও বিপুলকে সাধারণ সম্পাদক করে মহানগর উত্তরের কমিটি গঠনের সম্ভাবনাই বেশি।

ঢাকা মহানগর দক্ষিণেও সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসছে। দক্ষিণে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের মধ্যে এগিয়ে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান রিপন, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, তারেক সাঈদ,সাংগঠনিক সম্পাদক এ.বি.এম. আহম্মদ উল্লাহ পপ্পী, মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও শেখ আনিসুর রহমান রানা প্রমুখ।

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুনের ধোঁয়ায় নারীর মৃত্যু, আহত ২

0

রাজধানীর ধানমন্ডি-৬ এ একটি ১২তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনায় ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে অজ্ঞাতপরিচয় (৬৫) এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

আজ শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। এর ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরিদ উদ্দিন গণমাধ্যমকে আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ গণমাধ্যমকে জানিয়েছেন, আহত দু’জন ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) চিকিৎসাধীন।

জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় ভবন মালিকের ছেলে রাফসানসহ অন্যরা ধোঁয়ায় অসুস্থ তিনজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অজ্ঞাতপরিচয় এক নারীকে মৃত ঘোষণা করেন। রাফসানদের বাসার গৃহকর্মী শাহেদাসহ দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য ওই নারীর মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

কক্সবাজারে হাকিম ডাকাতকে ধরতে মরিয়া র‌্যাব, যোগ দিচ্ছে হেলিকপ্টার

0

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে গড়া রোহিঙ্গা অপহরণকারী ও ডাকাত আবদুল হাকিমসহ অপরাধীদের আস্তানা শনাক্ত করতে ড্রোন ব্যবহার করেছে র‌্যাব। অভিযানে শীঘ্রই হেলিকপ্টার ব্যবহার করা হবে বলে জানিয়েছে র‌্যাব সূত্র।

আজ শনিবার দ্বিতীয় দিনের মতো বাহারছড়া টইংগ্যা পাহাড়সহ সংলগ্ন এলাকায় র‌্যাবের অভিযান পরিচালিত হয়। এতে রোহিঙ্গা সন্ত্রাসীদের একটি অস্থায়ী ক্যাম্পের সন্ধান পেয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫ অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ কালের কণ্ঠকে বলেন, রোহিঙ্গা সন্ত্রাসীরা ঘন ঘন অবস্থান পরিবর্তন করছে। এছাড়া বিশাল পাহাড়ি এলাকায় তাদের খুঁজে পাওয়াও দুষ্কর। এ কারণে তাদের ধরতে আকাশপথে অভিযান পরিচালনা করা হচ্ছে। আপাতত ড্রোন অভিযান স্থগিত করা হয়েছে। তবে তাদের ধরতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফ উপজেলার বাহারছড়া টইংগ্যা পাহাড়সহ বেশ কয়েকটি দুর্গম পাহাড়ে ড্রোন নিয়ে বিশেষ পর্যবেক্ষণ অভিযানও চালায় র‌্যাব-১৫।

এর আগে গত শনিবার সশস্ত্র রোহিঙ্গা বাহিনী পাহাড় থেকে নেমে স্কুলছাত্রী দুই বোনকে অপহরণ করে নিয়ে যায়। এরপর পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা, যার পেছনে হাকিম বাহিনী রয়েছে বলে জানা গেছে। পরে অবশ্য বুধবার ভোরে বাহারছড়া ইউনিয়নের মাঠপাড়া গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত দুই মেয়েকে উদ্ধার করা হয়। তবে হাকিম বাহিনী এ সময় ধরাছোঁয়ার বাইরেই রয়ে যায়।

টেকনাফের পাহাড়ে রোহিঙ্গা সশস্ত্র বাহিনীর বেশ কয়েকটি দল রয়েছে। তাদের মধ্যে হাকিম বাহিনীর দলটি অন্যতম। এ বাহিনীতে শতাধিক সদস্য রয়েছে বলে জানা গেছে। হাকিম বাহিনীর অব্যাহত ডাকাতি, অপহরণ, হত্যা, লুটপাট ও মুক্তিপণ আদায়ের ঘটনায় সীমান্ত জনপদের গ্রামবাসী অতীষ্ঠ হয়ে পড়েছে। মিয়ানমার থেকে বড় চালানের ইয়াবা পাচার থেকে শুরু করে পাহাড়ের আস্তানাগুলোকে বাহিনী সদস্যরা বানিয়েছে ইয়াবার ডিপো।

র‌্যাবের এবারের অভিযানের অন্যতম লক্ষ্য ওই হাকিম বাহিনী। রোহিঙ্গা শিবির ও পার্শ্ববর্তী পাহাড়ি এলাকাকে ঘিরে সক্রিয় থাকা সশস্ত্র রোহিঙ্গা উগ্রপন্থী সংগঠন ও ডাকাত দল মাদক চোরাচালান নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তার, অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য চালিয়ে শরণার্থী ক্যাম্পসহ পার্শ্ববর্তী এলাকার জনজীবনে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে। আর এসব অপকর্মের নেপথ্য নায়ক হিসেবে রয়েছেন রোহিঙ্গা ডাকাত সর্দার আবদুল হাকিম।

এবারের অভিযানে দুর্গম পাহাড়ি এলাকায় র‌্যাবের নিজস্ব হেলিকপ্টারের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে বলে নিশ্চিত করেছেন র‌্যাব এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মীর আসাদুল আলম।

গুজবে বিভ্রান্ত হবেন না : স্বরাষ্ট্রমন্ত্রী

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, অসৎ উদ্দেশ্যে কেউ যেন গুজব ছড়াতে না পারে সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আজ শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে- ২০১৯ উপলক্ষে আয়োাজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে পুলিশের অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া অতিরিক্ত পুলিশ কমিশনার ও সিটিটিসি প্রধান মো. মনিরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়সহ উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

গুজব প্রতিরোধে কমিউনিটি পুলিশকে কাজ করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা জানেন, প্রতিদিন বাংলাদেশে কোনো না কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আপনাদের সহযোগিতায় সেসব চ্যালেঞ্জ একের পর এক মোকাবিলা করা হচ্ছে। আপনারা দেখেছেন, ভোলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কী একটি ঘটনা ঘটানো হয়েছে। আপনাদের প্রথম কাজ হবে এই মিথ্যা ও ভুল তথ্যের বিভ্রান্তি যেন তৈরি না হয় সেটা নিশ্চিত করা। ফেসবুকের প্রভাব আমরা রামুতে দেখেছি, নাসিরনগরেও দেখেছি। অতি সম্প্রতি ভোলাতেও দেখেছি। সেজন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য নিয়ে সচেতনভাবে কমিউনিটি পুলিশকে কাজ করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, আমরা জঙ্গি ও সন্ত্রাস মুক্ত করেছি, মাদকও মুক্ত করতে পারবো। মাদকের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না। সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশকে বিশ্বের কাছে উচ্চমাত্রায় পৌঁছে দিয়েছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে সবার আগে প্রয়োজন মানুষের নিরাপত্তা। এটা পুলিশের একার পক্ষে সম্ভব নয়, পুলিশকে সবাই সহযোগিতা করতে হবে। তাদেরকে তথ্য দিয়ে সহায্য করতে হবে। সেইজন্য আমরা কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করেছি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হলে পুলিশ ও জনগণ এক সাথে কাজ করতে হবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। সেজন্য আমরা জঙ্গি মোকাবিলা করতে পেরেছি। এখন আমরা বীরদর্পে বলতে পারি, আমরা জঙ্গি ও সন্ত্রাস দমন করতে পেরেছি, মাদকও মুক্ত করতে পরবো।

খালেদা জিয়ার মুক্তির চাবি শেখ হাসিনার হাতে : রিজভী

0

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই ভোটারবিহীন সরকার জনগণের সরকার নয়, এটি একটি মাফিয়া সিন্ডিকেট। তা না হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন হবে না কেনো? প্রধানমন্ত্রীই বলেছেন, তারেক যদি বেশি বাড়াবাড়ি করে তার মা মুক্ত হবে না। ওই জামিনের চাবিটা শেখ হাসিনার হাতে আছে, ওই চাবিটা শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত না তালা খুলবেন ততক্ষণ পর্যন্ত দেশনেত্রী মুক্ত হবেন না।

আজ শনিবার নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বুয়েট ছাত্র আবরার হত্যার প্রতিবাদ সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, দেশনেত্রীর কাছে তার আত্বীয়-স্বজনরা যাচ্ছেন, খবর নিয়ে আসছেন। তিনি ডান হাত বাম হাত নাড়াতে পারছেন না, প্রতিদিন সেটা ফিক্সড হয়ে যাচ্ছে। যে ভদ্র মহিলা, যে জাতীয় নেত্রী তিনি আজকে ‘হুইল চেয়ারবাউন্ড’ হয়ে গেছেন। তার এই চরম শারীরিক অবস্থার জন্য দায়ী আজকের প্রধানমন্ত্রী, তার ক্ষোভ, তার প্রতিহিংসা, তার জিজ্ঞাসা, তার রাষ্ট্রক্ষমতায় ভোগ দখলের জন্য আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধুঁকে ধুঁকে জেলখানায় আছেন।

তিনি বলেন, অপরাধীরা প্রটেকশন পায় সরকারের কাছ থেকে। সেই সরকারের হঠাৎ করে সোনারকাঠি-রুপাকাঠি পরিবর্তন করে আজকে রাক্ষস থেকে মানবতার মূর্ত প্রতীক হলেন কি করে? ঘটনা কি? বিশ্বজিৎকে যারা হত্যা করেছে তাদেরও কিন্তু কিছু হয়নি। একের পর এক খুন, একের পর এক হত্যা, এই হত্যার সঙ্গে এই সরকার দলীয় যারা জড়িত তারা কোনো না কোনোভাবে রেহাই পেয়ে যাচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, সরকারের সোনার ছেলেরা অপরাধ করলে সেই অপরাধকে প্রটেকশন দেন এ সরকার বা সরকার প্রধান। নাটোরের নুর হোসেন বাবুর হত্যাকারীদের বিচার হয়নি, নাটারের রানার হত্যাকারীদের ফাঁসি হয়েছিলো সেটা রাষ্ট্রীয় ক্ষমা পেয়েছেন।

রিজভী বলেন, আজকে হঠাৎ করে টাকার খনি, ডলারের খনি, ক্যাসিনোর খনি। গত ১০ বছর কিছুই হলো না তাহলে হচ্ছে কেনো? এ নিয়ে জনমনে বড় বড় প্রশ্ন দেখা দিয়েছে। কেউ বলেন গৃহ বিবাদ, কেউ বলেন অন্য কোনো বিষয় আছে।

সমাবেশের পর আবরার হত্যার প্রতিবাদে ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে জাতীয়তাবাদী মহিলা দল। সংগঠনের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় এই সমাবেশে মহিলা দলের হেলেন জেরিন খান ও পেয়ারা মোস্তফা বক্তব্য দেন।

স্ত্রী অন্তঃসত্ত্বা; ভারত সফরে যাচ্ছেন না তামিম

0

আগে শোনা গিয়েছিল, ভারত সফর আংশিক মিস করবেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। কিন্তু পরিস্থিতির কারণে ভারত সফরে বাংলাদেশ পাচ্ছে না তামিমকে। পারিবারিক কারণে এই সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি। ইতিমধ্যেই বিসিবিকে তামিম তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। তার স্ত্রী আয়েশা সিদ্দিকা অন্তঃসত্ত্বা। দ্বিতীয় সন্তান আসতে যাচ্ছে তামিম-আয়েশার ঘরে। এই সময়ে স্ত্রীর পাশে থাকাটাই বড় কর্তব্য মনে করছেন দেশের সেরা এই ব্যাটসম্যান।

এই নিয়ে জাতীয় দলের হয়ে টানা দুটি সিরিজ মিস করতে যাচ্ছেন দেশের সফলতম ব্যাটসম্যান তামিম। গত মাসে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ও আফগানিস্তানের বিপক্ষে টেস্ট থেকে তিনি ছুটি নিয়েছিলেন। এবার সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য আগামী দুই-তিন দিনের মধ্যেই ব্যাংকক উড়ে যাবেন তামিম। অন্তত দুই-তিন সপ্তাহ পুরোপুরি থাকতে হবে ক্রিকেটের বাইরে। তাই পারিবারিক জটিলতা কেটে গেলেও তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তাই শুধু টি-টোয়েন্টি সিরিজ নয়, বিশেষ কোনো অবস্থা সৃষ্টি না হলে পুরো সফরেই তামিমকে পাওয়া যাচ্ছে না বলে ধরে নেওয়া হচ্ছে।

ভারতের মাটিতে তামিমকে না পাওয়া বাংলাদেশ দলের জন্য এটি বড় ধাক্কা তো বটে। এর আগে চোটের কারণে ছিটকে গেছেন পেস বোলিং অল-রাউন্ডার সাইফউদ্দিন। তামিমের নিজের জন্যও এটি হতাশার। নতুন মৌসুমের প্রস্তুতির জন্য ছুটি নিয়ে তিনি দেশের বাইরে নিবিড়ভাবে ফিটনেস ট্রেনিং করেছিলেন। জাতীয় লিগে ফিরে প্রথম রাউন্ডের পর ইনজুরিতে পড়েন। এবার জাতীয় দলের হয়ে ফেরার অপেক্ষা আরও বাড়ল। অবশ্য তামিমের এই পরিস্থিতির কথা জেনে আগে থেকেই প্রস্তুতি নিয়েছে বিসিবি। শুক্রবার শুরু হওয়া দলের অনুশীলনে তার ব্যাক আপ হিসেবে রাখা হয় ইমরুল কায়েসকে।

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে : কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি। তারা আন্দোলনের নামে হাক-ডাক দিচ্ছে।
আজ শনিবার দুপুরে ফেনী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগদানের আগে ফেনী সার্কিট হাউজে মতবিনিময়কালে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়ার দলের নেতা ও স্বজনরা তার অসুস্থতা নিয়ে যে চিত্র তুলে ধরেন, চিকিৎসকদের অবজারভেশন তেমন নয়। ওনার শারীরিক অবস্থা নিয়ে তারা যতটা না উদ্বিগ্ন, তার চেয়ে এ অসুস্থতা নিয়ে তারা রাজনৈতিক উদ্দেশ হাসিল করতে চায়। এটা নিয়ে তাদের দুরভিসন্ধি রয়েছে।
ওবায়দুল কাদের বলেন, দুবছর হয়ে গেছে তিনি কারাগারে, বিএনপি খালেদার জিয়ার মুক্তির জন্য চোখেপড়ার মতো কোনো আন্দোলন করতে পারেনি। তারা আন্দোলন করে তাদের নেত্রীকে কারামুক্ত করতে পারলে করুক, আমার আপত্তি নেই। তারা আন্দোলন করতে পারে না।
চলমান শুদ্ধি অভিযান নিয়ে মন্ত্রী বলেন, দুনিয়ার ইতিহাসে কোনো দেশে দলীয় সরকার তাদের দলের বিরুদ্ধে এ ধরনের শুদ্ধি অভিযান পরিচালনা করেছে বলে আমার জানা নেই। বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা নিজের দলের নেতাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিরল হয়ে রইবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন অপরাধ করলে নিজের দলেরও কোনো ছাড় নেই। শেখ হাসিনা সৎ সাহস দেখিয়েছেন বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেই দুর্নীতি করুক, এটা সরকারের নজরে আছে, সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে। দুদক আওয়ামী লীগের অনেক সংসদ সদস্যের দুর্নীতি তদন্ত করছে।
কানাডার আদালত রায় দিয়েছে যে বিএনপি একটা সন্ত্রাসী দল, তাদের নেতা বিদেশে রাজনৈতিক আশ্রয় থাকতে পারে না। বিএনপি নিজেদের দলের কোনো লোকের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। আর বিএনপির আমলে দেশে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি।
জয়নাল হাজারীর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ার আলোচনার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সুনিদির্ষ্টভাবে কিছু বলতে পারছি না, সভাপতি নির্দেশ দিলে সাধারণ সম্পাদকের স্বাক্ষর সম্বলিত চিঠি যাওয়ার কথা। কিন্তু আমি কোনো চিঠি দেইনি।
রোহিঙ্গাদের বিষয়ে তিনি বলেন, তাদের চলে যেতে হবে, আন্তর্জাতিক চাপ বাড়ছে, ক্রমাগত বাড়ছে। চীন, ভারত থেকে চাপ আসছে। সব দিক থেকে মিয়ানমার সরকার চাপে রয়েছে।
সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে। যারা বিতর্কিত, যাদের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ আছে তাদের বাদ দিতে হবে। কয়েক এমপিসহ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে তদন্ত চলছে। আমরা ফ্রেশ ব্লাড চাই।
সাধারণ সম্পাদক বলেন, দল করলে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। দু-চারজনের শৃঙ্খলাবিরোধী অপকর্মের জন্য গোটা প্রতিষ্ঠান দায়ী হতে পারে না। এই প্রতিষ্ঠানে অসংখ্য ত্যাগী নেতাকর্মী রয়েছে। বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত হলে অবশ্যই তাদের নেতৃত্বে থাকার কোনো অধিকার নেই।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক পানি সম্পদ মন্ত্রাণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম,ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী,জেলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা আলাউদ্দিন চৌধুরী নাসিম,জেলা কমিটির সভাপতি আবদুর রহমান বিকম,ফেনীর পৌর সভার মেয়র হাজী আলা উদ্দিন,জেলা কমিটির নেতা শেখ আবদুল্যা,নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ।