Home Blog Page 3402

ডিআইজি হলেন আট পুলিশ কর্মকর্তা

0

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার আট কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদায় উন্নীত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতি প্রাপ্তরা হলেন, মো. নিশারুল আরিফ, মো. আমিনুল ইসলাম, সালেহ মোহাম্মদ তানভীর, মো. আব্দুল কুদ্দুছ আমিন, মো. হারুন অর রশিদ, শেখ নাজমুল আলম, এ জেড এম নাফিউল ইসলাম, মোহাম্মদ আবুল ফয়েজ।

ক্রিকেটারদের জন্য পানি টানলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

0

ইংল্যান্ডের মতো ক্রিকেটের প্রাচীন সদস্য অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার সংস্কৃতির একটা বিশেষ গুরুত্ব বহন করে। তাই সবসময়ই সে দেশের সরকার প্রধানদের ক্রিকেটের ব্যাপারে অনেক বেশি আন্তরিক হিসেবে দেখা গেছে। বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসনও তার ব্যতিক্রম নন।
ক্রিকেটের প্রতি তারও অনেক আবেগ-ভালোবাসা রয়েছে। তারই প্রমাণ রাখলেন তিনি এবার ভিন্নভাবে। ক্রিকেটারদের পানি বহন করে নতুন নজির তৈরি করলেন মরিসন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে মাঠে নামে প্রধানমন্ত্রী একাদশ। মানুকা ওভালে ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামে প্রধানমন্ত্রী একাদশ। তখনই ঘটে মজার ঘটনাটি।
ক্রিকেটারদের জন্য পানির কেস নিয়ে মাঠে দৌড়ে যান স্বয়ং প্রধানমন্ত্রী স্কট মরিসন। এতে সবাই অবাক হলেও খুশি হয়েছেন ক্রিকেটাররা। এটা করতে পেরে খুশি প্রধানমন্ত্রীও নিজেও।
প্রধানমন্ত্রীর কষ্টকে আনন্দে ভরিয়ে তোলেন অজি তারকারাও। রোমাঞ্চিত ম্যাচে শ্রীলঙ্কাকে এক উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। আাগে ব্যাট করা শ্রীলঙ্কা সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান তোলে। জবাবে ওপেনার নিয়েলসেনের ৭৯ রানে উপর ভর করে এক বল বাকি থাকতে জয় পায় প্রধানমন্ত্রী একাদশ।

নামের আগে ‘মোহাম্মদ’ লেখা, তাই সমন নিলেন না ইলিয়াস কাঞ্চন

0

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন। নির্বাচনকে উপলক্ষ্য করে উচ্চ আদালত থেকে তার নামে সমন আসে বৃহস্পতিবার। কিন্তু তাতে নামের আগে ‘মোহাম্মদ’ থাকায় সেটি গ্রহণ করেননি তিনি। শুক্রবার (২৫ অক্টোবর) শিল্পী সমিতির নির্বাচন।

গত ১৫ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন বরাবর নির্বাচন কেন স্থগিত করা হবে না এই মর্মে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। অভিনেতা মো. সোহেল খান ও মোহাম্মদ হোসাইন লিটনের পক্ষে তাদের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ সাইফুর রহমান এই নোটিশ পাঠান। নোটিশ গ্রহণ করেননি তিন বিবাদী প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক জায়েদ খান।

নোটিশ গ্রহণ না করায় বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে এই তিন বিবাদীর নামে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সমন জারি হয়। সমন নিয়ে আসেন উচ্চ আদালতের পেশকার এস এম শফিউর রহমান। বৃহস্পতিবার দুপুর ৩টায় তিনি শিল্পী সমিতির কার্যালয়ে সমন নিয়ে আসেন। এখানে এসে তিনি মিশা সওদাগর ও জায়েদ খানকে পাননি বলে জানান। আর ইলিয়াস কাঞ্চনকে পেলেও সমনে তার নামের আগে ‘মোহাম্মদ’ থাকায় সেটি গ্রহণ করেননি তিনি।

সাংবাদিকদের সামনে পেশকারকে জবাব দিতে গিয়ে প্রধান এই নির্বাচন কমিশনার বলেন, আমি একজন পরিচিত অভিনেতা। আমাকে রাষ্ট্র কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়েছে। একবার একুশে পদকও দিয়েছে। আমার নাম সেখানে ইলিয়াস কাঞ্চন। এই মোহাম্মাদ ইলিয়াস কাঞ্চনকে আমি চিনি না। তাই এটি আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়।

প্রধান নির্বাচন কমিশনারের পদবি ও ঠিকানা ঠিক আছে। তাহলে গ্রহণ করতে কী অসুবিধা? পেশকারের এই প্রশ্নে ইলিয়াস কাঞ্চন বলেন, আমি তর্কে যাবো না। এটা আইনের ব্যাপার। নাম ঠিক হয়ে আসলে আমি এটা অবশ্যই গ্রহণ করবো। তবে শুক্রবারের শিল্পী সমিতির নির্বাচন হবে বলে নিশ্চিত করেন ইলিয়াস কাঞ্চন।

সম্রাটের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

0

ক্যাসিনো সম্রাট খ্যাত যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার তাকে ১০ দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে সম্রাটের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। এর আগে গত ১৫ অক্টোবর অস্ত্র মামলায় পাঁচদিন ও মাদক মামলায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
গত ৯ অক্টোবর সম্রাটকে গ্রেফতার দেখানো-পূর্বক রিমান্ড শুনানির জন্য দিন ধার্য ছিল। ওইদিন শারীরিক অসুস্থতার কারণে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি থাকায় সাজাপ্রাপ্ত কয়েদি ইসমাইল চৌধুরী সম্রাটকে আদালতে হাজির করা সম্ভব হচ্ছে না বলে আদালতকে চিঠি দেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী। সম্রাট অসুস্থ থাকায় আদালতে উপস্থিত না করায় ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী এ বিষয় শুনানির জন্য ১৫ অক্টোবর দিন ধার্য করেছিলেন।
৮ অক্টোবর সকালে বুকে ব্যথা অনুভব করায় সম্রাটকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে তাকে প্রথমে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়।
শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টা ২০ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় সম্রাটকে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মহসিন আহমেদ বলেন, সম্রাটের জন্য গঠিত সাত সদস্যের মেডিকেল বোর্ডের সবাই তাকে দেখেছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। বোর্ডের সদস্যরা মনে করেন, তার হাসপাতালে থাকার প্রয়োজন নেই। তাই তাকে ছাড়পত্র দেওয়া হয়।
গত ৭ অক্টোবর রমনা থানা পুলিশ অস্ত্র ও মাদক আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো-পূর্বক ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে ঢাকা মহানগর হাকিম ইয়াসমিন আরা আসামি সম্রাটের উপস্থিতিতে গ্রেফতার দেখানোর আবেদন ও রিমান্ড শুনানির জন্য ৯ অক্টোবর দিন ধার্য করেন।
র‍্যাব-১ বাদি হয়ে রমনা মডেল থানায় এ মামলা দুটি দায়ের করে। দুই মামলার বাদি র‍্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক। এর মধ্যে মাদক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি এনামুল হক আরমানকেও আসামি করা হয়েছে।
ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর সম্রাটের নাম আসার পর থেকেই তাকে নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। অভিযান শুরুর পর হাইপ্রোফাইল কয়েকজন গ্রেফতার হলেও খোঁজ মিলছিল না সম্রাটের। এসবের মধ্যে তার দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করা হয়। এরপর ৫ অক্টোবর রাত থেকেই তার গ্রেফতার হওয়ার খবর এলেও পরদিন সকালে তাকে গ্রেফতার দেখানো হয়।
কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামে আত্মগোপনে থাকা সম্রাটকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে আরমানকেও আটক করা হয়। পরে ঢাকায় এনে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদও করে র‍্যাব।
৬ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিটে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র‍্যাবের একটি দল কাকরাইলে ভূঁইয়া ট্রেড সেন্টারে তালা ভেঙে সম্রাটের কার্যালয়ে ঢুকে অভিযান শুরু করে। নিজ কার্যালয়ে পশুর চামড়া রাখার দায়ে তার ছয় মাসের জেল দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

হলে সিট না পেলে ভিসির বাসায় উঠার হুমকি ঢাবি ছাত্রদের

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ‘গণরুম সংকটের’ সমাধান আগামী সোমবারের মধ্যে না হলে পরদিন থেকেই সিট না পাওয়া ছাত্ররা উপাচার্য মো. আখতারুজ্জামানের বাসভবনে উঠবে বলে ঘোষণা দিয়েছেন ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কখা বলেন।
তানভীর হাসান সৈকত বলেন, এই সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেওয়া ১৫ কার্যদিবসের সময়সীমা আগামী সোমবার শেষ হবে। আগামী মঙ্গলবার উপাচার্য মহোদয়ের সাথে সকালের নাস্তা করার মধ্য দিয়ে আমরা উপাচার্য ভবনে থাকার শুরু করব।
তিনি বলেন, উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হয়েও শিক্ষার্থীদের আবাসন সঙ্কট সমাধান করতে পারছেন না, শিক্ষার্থীরা মানবেতর জীবনযাপন করবে আর তিনি প্রাসাদসম বাংলোয় আয়েশে থাকবেন- এটা কোনোভাবেই অভিভাবকসুলভ কোনো কাজ হতে পারে না।
তিনি আরও বলেন, উপাচার্য মহোদয়ের বিবেকে না বাধলেও গণরুম সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমরা আমাদের অভিভাবকের ছায়াতলে আশ্রয় নিতে চাই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের গণরুম সংকটের প্রতিবাদ হিসেবে গত ১ সেপ্টেম্বর নিজের সিট ছেড়ে কবি জসিমউদ্দীন হলের একটি গণরুমে উঠেন সৈকত। গণরুম সংকটের সমাধানে এরপর কয়েকটি প্রস্তাবসহ উপাচার্যকে স্মারকলিপি দেন তিনি।
সবশেষ ১ অক্টোবর রাজু ভাস্কর্যে গণরুমবাসী কিছু শিক্ষার্থীদের নিয়ে এক সমাবেশ থেকে ১৫ কার্যদিবসের মধ্যে এই সমস্যার সমাধানে পদক্ষেপ দেখা না গেলে সবাইকে নিয়ে উপাচার্যের বাসভবনে উঠার আল্টিমেটাম দেন সৈকত।
এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভায় সিদ্ধান্ত হয়, মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে হবে।
এই বিষয়ে বুধবারও প্রভোস্ট কমিটির একটি সভা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধানে পরিকল্পিত কর্মকৌশল গ্রহণের ওপর গুরুত্ব দিতে হবে। এছাড়া হলগুলো থেকে অছাত্রদের উৎখাতে হল প্রশাসনের পাশাপাশি হল সংসদগুলোকেও সম্পৃক্ত করতে হবে।
প্রভোস্ট কমিটির এসব সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সৈকত বলেন, প্রভোস্ট কমিটির বৈঠকে আশাব্যঞ্জক কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এজন্য প্রশাসনকে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এবার পঙ্কজ দেবনাথকে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

0

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারকে অব্যাহতি দেওয়ার এবার সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর)আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, বুধবার রাতেই এ সিদ্ধান্ত নেয়া হয়। আজ রাত ৮টার পরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম ফোনে দলীয় সভানেত্রীর এ সিদ্ধান্ত পংকজ নাথকে জানান।
এর আগে, ক্যাসিনো ব্যবসার অভিযোগে সংগঠনের সভাপতি মোল্লা মো. আবু কাওছারকে অব্যাহতি দেয়া হয়। এর একদিন পরেই সাধারণ সম্পাদক পংকজ নাথকে সম্মেলনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হলো।
এ বিষয়ে জানতে পঙ্কজ দেবনাথের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
বুধবার ঢাকা মহানগর উত্তরের বর্ধিত সভায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসারেরর পদ থেকে অব্যাহতির তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রাথমিকভাবে ওয়ান্ডারার্স ক্লাবের অবৈধ ক্যাসিনো বানিজ্যে জড়িত থাকার অভিযোগ ছিল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছারের বিরুদ্ধে। পরে তার দুর্নীতিতে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় গ্রেফতার জি কে শামীম ও খালেদ মাহমুদকে জিজ্ঞাসাবাদে। ক্যাসিনো বিরোধী শুদ্ধি অভিযানের প্রথম দিনে ( ১৮ সেপ্টেম্বর) যে কয়েকটি ক্লাবে অভিযান চালানো হয় তার মধ্যে একটি ওয়ান্ডারার্স ক্লাব। সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ মাদক, জালটাকা এবং ক্যাসিনোর সরঞ্জাম। এই ক্লাবের সভাপতির দায়িত্বে আছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার। অভিযানের সময়ই আলোচনায় আসে তার নাম।

গুলশানের ওয়্যার হাউজে র‌্যাবের অভিযান, বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার

0

রাজধানীর গুলশানের ডিপ্লোমেটিক ওয়্যার হাউজে অবৈধ মাদকের সন্ধানে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে গুলশানে ১০৮ নম্বর রোডের ২৩ নম্বর বাড়িতে ইস্টার্ন ডিপ্লোম্যাটিক ওয়্যার হাউজটিতে অভিযান শুরু করে র‌্যাব।
অভিযানে অংশ র‌্যাবের সদস্যরা জানায়, ওয়্যার হাউজটিতে বিপুল পরিমান বিদেশি মদ পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে।
অভিযানের নেতৃত্বে থাকা র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, এটি অনিবন্ধিত একটি ওয়্যার হাউজ। এখান থেকে ঢাকার ক্যাসিনোগুলোতে অবৈধভাবে মদ সরবরাহ করা হতো বলে অভিযোগ রয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

নুসরাতের কবরে ভালোবাসার সাদা গোলাপ

0

নুসরাত জাহান রাফির কবরের পাশে অত্যন্ত যত্ন করে সাদা গোলাপের গাছটি লাগিয়েছিলেন বড় ভাই মাহমুদুল হাসান নোমান। মাঝেমধ্যে তাতে পানিও দিতেন, পরিচর্যা করতেন। আবার কখনো কখনো ছোট ভাই রায়হানও যত্ন করেছে গাছটির। গত বুধবার গাছটিতে একটি ফুল ফুটেছে। গতকাল বৃহস্পতিবার প্রতিবাদী এই মাদরাসাছাত্রীকে পুড়িয়ে হত্যা মামলার রায় ঘোষণার দিনেও সাদা গোলাপটি শোভা দিয়েছে তার কবরে।

ফেনীর সোনাগাজী পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর চর চান্দিয়া গ্রামে নুসরাতের বাড়ি। বাড়ির কাছে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত নুসরাত। চারপাশে গাছপালা ঘেরা পরিবেশ পাখির কলকাকলিতে মুখর।

বোনের মৃত্যুর কিছুদিন পর সাদা গোলাপের গাছটি লাগান নোমান। গতকাল বৃহস্পতিবার রায় ঘোষণার পর পরিবারের সদস্যরাসহ আশপাশের আত্মীয় ও প্রতিবেশীদের কেউ কেউ কবর জিয়ারত করতে আসে।

নোমান বলেন, বুধবার সাদা গোলাপটি ফুটেছে। গতকালও ফুলটি দেখা গেছে। তিনি বলেন, ‘আমার বোন ফুল খুবই ভালোবাসত। ঘরের সব কিছু সব সময় গুছিয়ে রাখত। নিয়মিত কোরআন শরিফ তিলাওয়াত করত।

তার মাঝে কখনো খারাপ কিছু দেখিনি। বাইরের কেউ তাকে নেকাব ছাড়া কখনো দেখেনি। আমাদের তিন ভাইয়ের অতি আদরের ছিল বোনটি।’

নোমান আরো বলেন, ‘ফুলের মতোই নিষ্পাপ ছিল আমার বোন। রায়ের মধ্য দিয়ে বোনের আত্মা শান্তি পাবে।’

ন্যাম সম্মেলনে আজ ব্যস্ত দিন কাটাবেন প্রধানমন্ত্রী

0

১৮তম নন-অ্যালাইন মুভমেন্ট (ন্যাম) সম্মেলনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সম্মেলনের প্রথম দিনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাটাবেন ব্যস্ত দিন। সম্মেলনের ফাকে সাক্ষাৎ করবেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে।

ন্যামের দুই দিনের সম্মেলনটি আজ শুক্র ও আগামীকাল শনিবার বাকুর কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ন্যাম সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে বাকু হায়দার আলিয়েভ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করেন তিনি। বাকুতে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় বাকুর হোটেল হিল্টনে। আজারবাইজান সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন।

এর আগে গতকাল বিকেলে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মন্ত্রিপরিষদসচিব মো. শফিউল আলম, মুখ্য সচিব মো. নজিবুর রহমান, তিন বাহিনীর প্রধানরা, কূটনৈতিক কোরের ডিন এবং বেসামরিক ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

১২০টি উন্নয়নশীল দেশের ফোরাম ন্যামের দুই দিনের সম্মেলনটি বাকুর কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে।

বাকু পৌঁছেছেন প্রধানমন্ত্রী

0

১৮তম নন-অ্যালাইন মুভমেন্ট (ন্যাম) সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকু পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ১০ মিনিট) বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

এর আগে বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান বাকুর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম, মুখ্য সচিব মো. নজিবুর রহমান, তিন বাহিনীর প্রধানগণ, কূটনৈতিক কোরের ডিন এবং বেসামরিক ও সামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাগণ বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

১২০টি উন্নয়নশীল দেশের ফোরাম ন্যামের দুই দিনের সম্মেলনটি আগামী ২৫ ও ২৬ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুর কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত হবে।