Home Blog Page 3403

ডেঙ্গুতে খুলনায় মারা গেলেন বৃদ্ধ ইব্রাহিম

0

ডেঙ্গুতে খুলনায় মো. ইব্রাহিম শেখ (৭৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ইব্রাহিম শেখের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামে।

ইব্রাহিম শেখের ছেলে ইবনুল হাসান মিনার জানান, জ্বর ও শ্বাসকষ্ট হাওয়ায় গত মঙ্গলবার (২২ অক্টোবর) খুলনার ইসলামী ব্যাংক হাসপাতাল ভর্তি করা হয় তার বাবাকে। সেখানে তিনি আরও অসুস্থ হয়ে পড়লে পরের দিন বুধবার (২৩ অক্টোবর) রাতে তাকে সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষা করার পর চিকিৎসকরা বৃহস্পতিবার সকালে তাঁর ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১টার দিকে মারা যান তিনি।

এ নিয়ে ডেঙ্গুতে খুলনায় এ পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস সূত্র।

ট্রাম্পের সঙ্গে ‘বিশেষ সম্পর্ক’ রয়েছে কিমের!

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উনের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এটা জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ।

এতে বলা হয়, ট্রাম্প ও কিমের মধ্যে একধরণের বিশ্বস্ততা তৈরি হয়েছে। যা সম্পর্ককে বিশেষ করে তুলেছে।

এর আগে গত সপ্তাহে একই কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। বলেন, কিমের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তারা একে অপরকে শ্রদ্ধা করেন।

এদিকে, উত্তর কোরিয়া ইস্যুতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি সই হয়।

সারাবিশ্বে প্রহরীর দায়িত্ব পালন করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সারাবিশ্বে প্রহরীর দায়িত্ব পালন করার আর কোনো প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

গতকাল বুধবার হোয়াইট হাউসে বিশেষ এক বক্তব্যে মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের গতিপথ বদলের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে প্রহরীর দায়িত্ব পালন করতে গিয়ে যুক্তরাষ্ট্রের অনেক নিরাপত্তা সেবা প্রদানকারী সদস্যকে প্রাণ হারাতে হয়েছে।

তিনি আরো বলেন, আমরা সেখান থেকে (মধ্যপ্রাচ্য) বের হয়ে আসছি। দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘর্ষে এবার অন্য কারো আসার পালা। সারাবিশ্বে প্রহরীর দায়িত্ব পালন করা আমাদের সামরিক বাহিনীর কাজ নয়। অন্য দেশকেও তাদের ভাগে পড়া দায়িত্ব পালন করতে হবে।

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার জন্য অনেকে ট্রাম্পের সমালোচনা করে অভিযোগ করেছেন, এমন পদেক্ষেপের মাধ্যমে তিনি ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র কুর্দি যোদ্ধাদের একঘরে করেছেন।

এদিকে ফেরত যাওয়ার খবরে মার্কিন বাহিনীর গাড়িতে পচা ডিম ও আলু নিক্ষেপ করেছে ক্ষুব্ধ কুর্দিরা। মার্কিন বাহিনী কুর্দিদের মাঠে ফেলে কাপুরুষের মতো পেছন ফিরে যাচ্ছে বলেও সমালোচনা করছে কুর্দিরা।

মদ বিক্রি বাড়াতে আইন সহজ করল আমিরাত

0

সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্র-নিয়ন্ত্রিত দোকান থেকে পর্যটকরা যেন মদ কিনতে পারেন, সে ব্যাপারে আইন শিথিল করা হয়েছে। আগের আইনানুসারে কেবল লাইসেন্সধারী বাসিন্দারা সেইসব দোকান থেকে মদ কিনতে পারতেন।

সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতে মদ বিক্রির পরিমাণ গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো কমে গেচে। সে কারণে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এ আইনে দুবাই প্রথমবারের মতো ভ্রমণকারীদের মদ কেনার অনুমতির ব্যবস্থা করেছে। দেশটিতে অর্থনৈতিক মন্দার কারণে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

যদিও আগে থেকেই মদ পরিবেশকরা কারো গ্লাসে মদ ঢালার আগে অনুমতিপত্র দেখতে চাইতো না। দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার পাশাপাশি পারস্য উপসাগর তীরে রয়েছে অনেক রিসোর্ট। সেসবের টানে সারাবিশ্ব পর্যটকরা ছুটে যায় সেখানে।

ঘুরে বেড়ানো ছাড়াও নানা রেস্তোরাঁর খাবার উপভোগের পাশাপাশি পর্যটকরা সেখানে মদ্যপানও করে। জানা গেছে, মধ্যপ্রাচ্যের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে সবচেয়ে বেশি পরিমাণ মদ বিক্রি হয়। সে দেশে মাথাপিছু বছরে মদ্যপানের পরিমাণ তিন দশমিক আট লিটার।

শাহজালালে বিমানের জরুরি অবতরণ

0

হাইড্রোলিক প্রেসারের সমস্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ড্যাশ-৮ মডেলের উড়োজাহাজ। বৃহস্পতিবার ঢাকা থেকে সৈয়দপুরগামী উড়োজাহজটির জন্য সকাল ১১টা ৭ মিনিটে বিমানটির জরুরি অবতরণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছিল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত উড়োজাহাজটিকে নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন পাইলট। এতে কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।

জানতে চাইলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার এএইচএম তৌহিদ-উল আহসান কালের কণ্ঠকে বলেন, ‘সকাল ১০ টা ২১ মিনিটে বিমানটি সৈয়দপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। ১০টা ৪১ মিনিটে পাইলট ইমার্জেন্সি ডিক্লিয়ার করেন। আমরা ফায়ারসার্ভিসসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়ে ফেলি। এরপর ১১টা ৭ মিনিটে উড়োজাহাজটি শাহজালালে নিরাপদে অবতরণ করে।’

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার কালের কণ্ঠকে বলেন, ‘বিমানের ড্যাশ-৮ উড়োজাহাজটি সকাল ১০টা ২১ মিনিটে ৬০ জন আরোহী নিয়ে সৈয়দপুরের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। কিন্তু সৈয়দপুরের আকাশ সীমায় পৌঁছানোর পর উড়োজাহাজটির হাইড্রোলিকে সমস্যা দেখা দেয়। এ কারণে সেখানে অবতরণ না করে পাইলট উড়োজাহাজটি ঢাকায় ফিরেয়ে আনেন। এতে কোন হতাহত হয়নি।’ তিনি বলেন, যাত্রীদের আরেকটি ড্যাশ-৮ উড়োজাহাজে ১ ঘন্টা পর সৈয়দপুরে পাঠানো হয়।

এর আগে গত ১৪ অক্টোবর রাষ্ট্রায়ত্ব এয়ারলাইন্সটির বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ময়ূরপঙ্খী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পাখির আঘাতের কারণে জরুরি অবতরণ করে। একই উড়োজাহাজ গত ১৯ সেপ্টেম্বর ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল। সেই দিন উড়োজাহাজটি ঢাকা থেকে ১৪৩ জন যাত্রী নিয়ে সকাল ৮টা ৪৪ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছিল। উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ার ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করলেও ভেতরে না যাওয়ায় ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন পাইলট। এই বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হয় ২০১৫ সালের ২২ ডিসেম্বর।

পরিবার পরিকল্পনা দপ্তরে দুদকের অভিযান

0

দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট টিম বৃহস্পতিবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটে দুর্নীতির অনুসন্ধানে অভিযান চালিয়েছে। আইইএম ইউনিটের পরিচালক ড. আশরাফুন্নেসার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের অনুসন্ধানে তিন সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করে বলে জানা গেছে।

রাজধানীর কাওরান বাজারে অবস্থিত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আইইএম ইউনিটের অফিস। বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত দুদকের এনফোর্সমেন্ট টিমের সদস্যরা সেখানে অবস্থান করে উত্থাপিত অভিযোগের বিষয়ে অনুসন্ধান করেন। তবে এসময় আইইএম ইউনিটের পরিচালক ড. আশরাফুন্নেসা অফিসে ছিলেন না। তিনি দেশের বাইরে রয়েছেন।

অভিযান পরিচালনাকারী এনফোর্সমেন্ট টিমের সদস্য ও দুদকের সহকারী পরিচালক তানভির রহমান কালের কণ্ঠকে বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটে আজ গিয়েছিলাম। প্রতিষ্ঠানটির কাগজপত্র দেখেছি। আরো কিছু কাগজপত্রের রিকুইজিশন দিয়েছি। সেগুলো আগামী রবিবার হাতে পাওয়ার কথা রয়েছে।

‘নুসরাত হত্যাকাণ্ডের বিচার আইনের শাসনের ইতিহাসে দৃষ্টান্ত’

0

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ফেনীর নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, নুসরাত হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের আইনের শাসনের ইতিহাসে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এত দ্রুততার সঙ্গে তদন্ত সম্পন্ন করা, বিচার শেষ হওয়া এবং প্রত্যাশিত দণ্ড আরোপ করার সুযোগ আইনি প্রক্রিয়ায় মধ্য দিয়ে হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের আইনজীবীদের এবং আইনাঙ্গনে বিচার ব্যবস্থার একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে খুলনা বিভাগীয় আইনজীবী সমিতি, ঢাকার কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এ মন্তব্য করেন শ ম রেজাউল করিম। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আমজাদ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শ ম রেজাউল করিম বলেন, নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মামলায় কোনো ফি না নিয়ে মামলা পরিচালনা করে বাদী পক্ষের আইনজীবীরা গৌরবময় ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, একটা সময় ছিল দায়মুক্তির সংস্কৃতিতে অধপতিত ছিলাম। যেখানে বলতে চাই প্রায়ই, যে নৈতিকতা ও মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছিল। সে জায়গা থেকে আমরা বেরিয়ে আসছি। যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। বঙ্গবন্ধুর হত্যাকারীরা দাম্ভিকতার সঙ্গে বলতে পারে না যে আমরা অপরাধ করেছি, আমাদের কেউ কিছু করতে পারবে না। নারায়ণগঞ্জের সাত খুন, বিশ্বজিত খুন ও বিডিআর হত্যার বিচার হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ে তার একজন সংসদ সদস্যের দুর্নীতির দায়ে কারাদণ্ড হয়েছে। তার মামলা প্রত্যাহার হয়নি।

ডিএমপির দুই ডিসির বদলি

0

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরের এক অফিস আদেশে এ বদলি করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি মো. আনিসুর রহমানকে ডিএমপি সদর দপ্তরের প্রশাসন বিভাগের ডিসি এবং ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের ডিসি বিপ্লব বিজয় তালুকদারকে তেজগাঁও বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

কবি নূরুল হুদা পেলেন সার্ক লিটারেচার অ্যাওয়ার্ড

0

দক্ষিণ এশিয়ার সাহিত্যের সবচেয়ে বড় সম্মাননা পেলেন জাতিসত্ত্বার কবি মুহম্মদ নূরুল হুদা। গত শনিবার ভারতের নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টান্যাশনাল সেন্টারের সি ডি দেশমুখ অডিটোরিয়ামে কবিকে এই সম্মাননা দেওয়া হয়। সম্মাননা স্মারক হাতে তুলে দিয়েছেন সত্য একাডেমির প্রেসিডেন্ট প্রফেসর চন্দ্র শেখর কামবারা।

এ সম্মাননার নাম সার্ক লিটারেচার অ্যাওয়ার্ড। কবি মুহম্মদ নূরুল হুদা ছাড়াও মালদ্বীপের কবি ও গবেষক আশরাফ আলী এবং নেপালের কবি ভীষ্ম উপরেটিকে এই সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশ থেকে এর আগে ২০০১ সালে একই সম্মাননা পান কবি শামসুর রাহমান। কবি মুহম্মদ নূরুল হুদা বাংলাদেশের দ্বিতীয় কবি যাকে এই সম্মাননা দেয়া হলো। বাংলা সাহিত্যে অবদানের জন্য ২০১৫ সালে কথা সাহিত্যিক সেলিনা হোসেন এই সম্মাননা পান। বাংলাদেশের ইংরেজি সাহিত্যে অবদানের জন্য ২০১১ সালে রুবানা হককে ও ২০১২ সালে ফখরুল আলম এবং সৈয়দ মঞ্জুরুল ইসলামকে সার্ক লিটারেচার অ্যাওয়ার্ড দেওয়া হয়।

‘আপিল করা হলে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে’

0

ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় ১৬ আসামির মৃত্যুদণ্ড হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মাহবুবে আলম বলেন, অল্প সময়ের মধ্যে বিচার সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করছি। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ থেকে হাইকোর্টে আপিল করা হলে তা দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এক রায়ে ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন। আইন অনুযায়ী এই রায়ের বিরুদ্ধে সাজাপ্রাপ্তদের সাত কার্যদিবসের মধ্যে আপিল করতে হবে। তবে আইন অনুযায়ী ফাঁসির রায় অনুমোদনের জন্য ফেনীর আদালত থেকে ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে মামলার নথি পাঠাতে হবে।

এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল বলেন, এ রকম গুরুত্বপূর্ণ মামলায় স্বল্প সময়ে রায় হওয়া উচিত। তবে কত জনের ফাঁসি থাকবে, তা চূড়ান্তভাবে নির্ধারিত হবে হাইকোর্টে।

যৌন নির্যাতনের অভিযোগে গত ২৭ মার্চ একই মাদরাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে মামলা করেন নুসরাতের মা শিরিন আক্তার। মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় গত ৬ এপ্রিল পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয় মুখোশধারী ও বোরকা পরা দুর্বৃত্তরা।

অগ্নিদগ্ধ নুসরাতকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু তাঁর অবস্থা মারাত্মক হওয়ায় তাঁকে প্রথমে ফেনী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ১০ এপ্রিল রাতে মারা যায় নুসরাত।

এ ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গত ২৯ মে ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০ জুন ফেনীর বিচার শেষে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্যগ্রহণ শুরু হয় ২৭ জুন। বিচার শেষে ফেনীর আদালত আজ রায় দেন।