Home Blog Page 3404

ক্রিকেটারদের দাবির বিষয়ে শান্তিপূর্ণ সমাধান হয়েছে’

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দাবি নিয়ে ক্রিকেটারদের ধর্মঘটের পর বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হয়েছে। তিনি বলেন, ধর্মঘটের ফলে অচলাবস্থার অবসান হওয়ায় দেশের ক্রিকেটপ্রেমী মানুষের মধ্যে স্বস্তি এসেছে, ক্রিকেটাররাও এতে সন্তুষ্ট।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, বিসিবি ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন, ওই মন্ত্রণালয়ের নিজস্ব বিষয় রয়েছে। আর ক্রিকেটের একটা বোর্ড রয়েছে, সেই বোর্ডই ক্রিকেটের বিষয়গুলো নিয়ে তদারক করে। যেটা ঘটে গেছে সেটার সমাধানটা হয়েছে শান্তিপূর্ণ, সম্মানজনক। তিনি বলেন, ‘আমার সঙ্গে সাকিব আল হাসানেরও কথা হয়েছে, এই সমাধানে তিনি সন্তুষ্ট হয়েছেন।’

ওবায়দুল কাদের আরও বলেন, দেরিতে হলেও সমস্যাটির সমাধান হওয়ায় সারা জাতি স্বস্তি পাচ্ছে। কারণ, কিছুদিন পরই ভারতে আমাদের টেস্ট আছে, টি-২০ আছে। এসময় ক্রিকেটারদের ধর্মঘট অনেকের মনেই আশঙ্কা ছিল, অস্বস্তি ছিল। কাজেই দেরিতে হলেও বিষয়টি সমাধান হয়েছে, স্বস্তিদায়ক হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে সাবেক এই ক্রীড়ামন্ত্রী বলেন, ‘ক্রিকেটারদের সঙ্গে প্রধানমন্ত্রীর ঘনিষ্ট সম্পর্ক। তাঁরা তাঁর পরিবারের সদস্যের মতো। তাদের যেকোনো সমস্যা তারা তাৎক্ষণিকভাবে তাকে জানান, তিনি সমাধান করেন। যেহেতু এখানে একটি সমস্যা হয়েছে, কার কতটা দোষ, কোনো প্রকার অশুভ উদ্দেশ্য কারও আছে কি-না, সে বিষয় খুঁজে দেখা হচ্ছে।’

গ্রেপ্তারের পরও লোকমান বিসিবি পরিচালক পদে বহাল আছেন- এ বিষয়ে ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, মিটিং হলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আমি বিসিবির সভাপতির সঙ্গে আলাপ করবো, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে বোর্ডে রাখার বিষয়ে কোনো যৌক্তিকতা নেই।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আর্থিক কেলেঙ্কারিতে বিসিবি সভাপতির জড়িত থাকার বিষয়ে তথ্য-প্রমাণসহ কেউ অভিযোগ দিতে পারেননি। তিনি এতে জড়িত- এটি আমি মনে করি না।’

গ্রামীণফোন কত টাকা দিতে পারবে জানতে চান আপিল বিভাগ

0

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দাবি করা ১২ হাজার ৫শ ৭৯ কোটি ৯৫ লাখ টাকার মধ্যে আপাতত গ্রামীণফোন কত টাকা দিতে পারবে তা জানতে চেয়েছেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ। আগামী বৃহস্পতিবারের (৩১ অক্টোবর) মধ্যে তা আদালতকে জানাতে গ্রামীণফোনকে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ওইদিন পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ বৃহস্পতিবার এ আদেশ দেন। গ্রামীণফোনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ এম আমিনউদ্দিন ও ব্যারিস্টার ফজলে নুর তাপস। বিটিআরসির পক্ষে আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।

গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫শ ৭৯ কোটি ৯৫ লাখ টাকা দাবি করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দেওয়া চিঠির কার্যকারিতার ওপর হাইকোর্ট গত ১৭ অক্টোবর এক আদেশে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা দেন। অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ স্থগিত চেয়ে বিটিআরসি আবেদন আপিল বিভাগে এই আবেদন করে।

এর আগে প্রায় ২৭টি খাতে ১২ হাজার ৫শ ৭৯ কোটি ৯৫ লাখ টাকা (নিরীক্ষা আপত্তির দাবি) দাবি করে গ্রামীণফোনকে গত ২ এপ্রিল চিঠি দেয় বিটিআরসি। এই চিঠির বিরুদ্ধে ঢাকার নিম্ন আদালতে মামলা করে গ্রামীণফোন। মামলায় অর্থ আদায়ের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে। গত ২৮ আগস্ট নিম্ন আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দেয়। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে গ্রামীণফোন। ওই আপিলটি শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। আগামী ৫ নভেম্বর আপিলের ওপর শুনানির জন্য দিন ধার্য করেছেন। একইসঙ্গে গ্রামীণফোনের কাছ থেকে টাকা আদায়ের ওপর দুইমাসের অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা দেন।

রায়ে স্বস্তি প্রকাশ করছে সরকার’

0

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আলোচিত নুসরাত হত্যা মামলার রায়ে সরকার স্বস্তি প্রকাশ করছে।

রায় ঘোষণার পর আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের এ স্বস্তির কথা জানান ওবায়দুল কাদের।

এর আগে, বেলা ১১টার দিকে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ-উদ দৌলাসহ ১৬ জনের ফাঁসির রায় দেন আদালত। ফেনী জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘নুসরাত হত্যা মামলায় ১৬ জনের ফাঁসির রায় হয়েছে। দ্রুততার সঙ্গে বিচারকার্য সম্পাদন হয়েছে। তা অবিশ্বাস্য মনে হলেও এখানে বিচার প্রক্রিয়াটা ত্বরান্বিত হয়েছে, দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়েছে। এ জন্য সরকারের পক্ষ থেকেও আমরা স্বস্তি প্রকাশ করছি।’

গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানির অভিযোগে তার মায়ের দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয় অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে। পরে ৬ এপ্রিল ওই মাদরাসাকেন্দ্রে পরীক্ষা দিতে গেলে নুসরাতকে কৌশলে মাদরাসার প্রশাসনিক ভবন কাম সাইক্লোন শেল্টারের ছাদে ডেকে নিয়ে গায়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ৮ এপ্রিল নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরো চারজনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মাদরাসা অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে করা শ্লীলতাহানির মামলা তুলে নিতে অস্বীকৃতি জানানোর কারণে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়। ১০ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর মামলাটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত হয়। আসামি করা হয় মাদরাসার অধ্যক্ষ সিরাজকে।

এ ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রুত সময়ের মধ্যে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আসামিদের। অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ১২ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, অধ্যক্ষের নির্দেশে তাঁর অনুসারীরা নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে তাকে হত্যা করেছেন।

তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ১৬ আসামির সর্বোচ্চ শাস্তির সুপারিশ করে গত ২৮ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আজ বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল।

রায়ে সন্তোষ প্রকাশ অ্যাটর্নি জেনারেলের

0

আলোচিত নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি এ রায়কে দেশের বিচার বিভাগের জন্য একটি মাইলফলক বলে উল্লেখ করেছেন।

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় ঘোষণার পর আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন অ্যাটর্নি জেনারেল।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ মামলার রায় দেন। রায়ে অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ ১৬ আসামির ফাঁসির আদেশ দেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদাসার সাবেক অধ্যক্ষ সিরাজ উদ দৌলা, নূর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদ আলম, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, হাফেজ আব্দুল কাদের, আবছার উদ্দিন, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা ওরফে চম্পা, আব্দুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মোহাম্মদ শামীম, মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি রুহুল আমীন ও মহিউদ্দিন শাকিল।

গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানির অভিযোগে তার মায়ের দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয় অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে। পরে ৬ এপ্রিল ওই মাদরাসাকেন্দ্রে পরীক্ষা দিতে গেলে নুসরাতকে কৌশলে মাদরাসার প্রশাসনিক ভবন কাম সাইক্লোন শেল্টারের ছাদে ডেকে নিয়ে গায়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ৮ এপ্রিল নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরো চারজনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মাদরাসা অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে করা শ্লীলতাহানির মামলা তুলে নিতে অস্বীকৃতি জানানোর কারণে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়। ১০ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর মামলাটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত হয়। আসামি করা হয় মাদরাসার অধ্যক্ষ সিরাজকে।

এ ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রুত সময়ের মধ্যে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আসামিদের। অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ১২ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, অধ্যক্ষের নির্দেশে তাঁর অনুসারীরা নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে তাকে হত্যা করেছেন। তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ১৬ আসামির সর্বোচ্চ শাস্তির সুপারিশ করে গত ২৮ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আজ বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল।

পালিত হচ্ছে জাতিসংঘ দিবস

0

আজ ২৪ অক্টোবর, জাতিসংঘ দিবস। বাংলাদেশসহ সারা বিশ্বে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে।

জাতিসংঘ দিবস উপলক্ষে দেওয়া বাণীতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘আজকের এই দিনটি ৭৪ বছর আগে কার্যকর হওয়া জাতিসংঘ সনদের স্থায়ী আদর্শ তুলে ধরে। ঝড়ো বৈশ্বিক সাগরের মাঝে সনদটি নৈতিক নোঙর হিসেবে রয়ে গেছে। দ্রুতগতির পরিবর্তনের এই যুগে জাতিসংঘ মানুষের প্রকৃত সমস্যাগুলোর ওপর দৃষ্টি নিবদ্ধ রেখেছে। সংস্থাটি সুষ্ঠু বিশ্বায়ন এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছে। মানবাধিকার ও লিঙ্গ সমতায় জোর দিচ্ছে এবং কোনো প্রকার ঘৃণাকে ‘না’ বলছে।’

নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হবে। সকালে জাতিসংঘ সংগীতের মধ্য দিয়ে নিজস্ব পতাকা উত্তোলন করা হবে। এ দিনে বিভিন্ন খাতে অবদানের জন্য মনোনীতদের জাতিসংঘ মহাসচিব অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এ বছর উদ্ভাবন ও সৃষ্টিশীলতা, লিঙ্গ সমতা প্রতিষ্ঠা এবং জাতিসংঘের কর্মসূচি বাস্তবায়নে দক্ষতার জন্য অ্যাওয়ার্ড দেওয়া হবে। এ ছাড়া ‘এসডিজি চ্যাম্পিয়ন’ বিশেষ পুরস্কার ঘোষণা করা হবে। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে জাতিসংঘ দিবসের ঐতিহ্যবাহী ‘ইউ এন ডে কনসার্ট।’

১৯৪৫ সালের এই দিনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে জাতিসংঘ।

অবশেষে মুক্তি পাচ্ছেন রুশ গুপ্তচর মারিয়া

0

রুশ গুপ্তচর মারিয়া বুতিনা। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি রয়েছেন। শুক্রবার তিনি ফ্লোরিডার জেল থেকে মুক্তি পাচ্ছেন বলে জানা গেছে।

মারিয়া বুতিনাকে ২০১৮ সালের জুলাইয়ে গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়। তবে মারিয়ার দাবি, রাশিয়ার কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।

জানা গেছে, ফ্লোরিডার কারাগার থেকে মুক্তির পর নিজ দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে মারিয়া বুতিনার।

মারিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করে উচ্চ পর্যায়ের রিপাবলিকানদের সঙ্গে একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের তদন্ত চলছে। তিনিই একমাত্র রাশিয়ান, যাকে গ্রেপ্তার করে শাস্তি দেয়া হয়েছে।

মারিয়া বুতিনা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রাইফেলস এসোসিয়েশনকে একটি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। ২০১৬ সালের নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার এক ছেলের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন তিনি।

এর আগে, গত ডিসেম্বরে বুতিনা তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে স্বীকারোক্তি দেন যে, তিনি অবৈধ কাজ করেছেন। অনিবন্ধিত একজন বিদেশী এজেন্ট হিসেবে কাজ করেছেন। এজন্য তাকে দেড় বছরের জেল দেয়া হয়। এর মধ্যে প্রায় অর্ধেক সময় তিনি জেল খেটেছেন।

এদিকে, মস্কো থেকে তাকে মুক্ত করে দিতে তার ছবিসব ‘ফ্রি মারিয়া’ স্লোগানে একটি প্রচারণা চালায় পররাষ্ট্র মন্ত্রণালয়। শাস্তির বিরুদ্ধে আপিল করেন তার আইনজীবী।

বিশ্ব গণমাধ্যমে নুসরাত হত্যা মামলার রায়

0

ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ ১৬ আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রায় ঘোষণা করেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ। রায়ে আপিলের জন্য এক সপ্তাহ সময় দিয়েছেন আদালত।

রায় ঘোষণার পরপরই বিষয়টি শিরোনাম হয়ে উঠে আসছে আন্তর্জাতিক গণমাধ্যমে। বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন সংবাদমাধ্যম প্রচার করা হচ্ছে এই খবর। ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভি লেখে, ‘16 Sentenced To Death In Bangladesh For Burning 19-Year-Old Woman Alive’, ‘১৯ বছরের নারীকে জীবন্ত পুড়িয়ে মারায় বাংলাদেশে ১৬ জনের মৃত্যুদণ্ড’।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজের শিরোনাম করছে ‘16 sentenced to death in Nusrat Jahan Rafi’s murder’, ‘নুসরাত জাহান রাফি হত্যায় ১৬ জনের মৃত্যুদণ্ড’।

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণার পরপরই ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের অনলাইন সংস্করণে প্রধান শিরোনাম করে এই সংবাদটিকে। তারা ‘Nusrat Jahan Rafi: Death penalty for 16 who set student on fire’, ‘নুসরাত জাহান রাফি: ১৬ জনের মৃত্যুদণ্ড, যারা এই ছাত্রীকে আগুন দিয়েছিলেন’ শিরোনামে লিড নিউজ করেছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ লেখে, ‘Bangladesh to charge 16 with murder of woman, 19, burned to death’ অর্থাৎ ‘১৯ বছরের নারীকে পুড়িয়ে মারার দায়ে বাংলাদেশে ১৬ জনের দণ্ড’।

নুসরাত হত্যাকাণ্ডের রায়ের খবর প্রকাশিত হয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাতেও। তাদের শিরোনামে এসেছে ‘Bangladesh sentences 16 to death over Nusrat Jahan Rafi murder’ অর্থাৎ ‘বাংলাদেশে নুসরাত জাহান রাফি হত্যায় ১৬ জনের মৃত্যুদণ্ড’।

অন্য মেয়েকে বিয়ে করছেন প্রেমিক, তরুণের গায়ে আগুন দিলেন প্রেমিকা

0

ভারতের উত্তরপ্রদেশের বাজারিয়ার বাসিন্দা এক ব্যক্তির শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন তার প্রেমিকা। কোনোরকম ওই তরুণ শরীরের আগুন নিভিয়ে হাসপাতালে ভর্তি করে তার পরিবার। তরুণের অবস্থা আশঙ্কাজনক। মেয়েটিকে গ্রপ্তার করেছে স্থানীয় পুলিশ।

স্থনীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বাজারিয়ার বাসিন্দা ওই তরুণীর বিয়ের ঠিক করে তার পরিবারের লোকজন। সোমবার সেই কথা প্রেমিকার সঙ্গে দেখা করে তাকে জানিয়ে দেন প্রেমিক। বয়ফ্রেন্ডকে অন্যত্র বিয়ে না করতে অনেক বোঝায় মেয়েটি। কিন্তু তার কথা শুনতে রাজি হননি ওই তরুণ। শেষে ওই দিন সন্ধ্যায় ছেলেটির বাড়িতে গিয়ে তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেন ওই তরুণী।

এই ঘটনার একটি ভিডিও রেকর্ড করে ছেলেটির পরিবার। আর এতেই পুলিশের মনে সন্দেহ বেড়েছে। এরকম একটি ঘটনায় মেয়েটিকে বাধা না দিয়ে বাড়ির লোক ভিডিও রেকর্ড করল কেন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

মহারাষ্ট্রে বিজেপির জয়রথ; হরিয়ানায় কংগ্রেস-বিজেপির লড়াই

0

ভারতের মহারাষ্ট্রে সরকার গড়ার পথে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি-শিবসনা জোট। শেষ খবর পাওয়া পর্যন্ত এই রাজ্যের ২৮৮টি আসনের মধ্যে ১৬৫টিতে এগিয়ে রয়েছে জোট। অন্যদিকে কংগ্রেস-এনসিপি জোট এগিয়ে ১০০ টি কেন্দ্রে। অন্যান্য দলগুলি ২৩টি আসনে এগিয়ে রয়েছে। তবে হরিয়ানায় জমে উঠেছে কংগ্রেস-বিজেপির লড়াই। এই রাজ্যে শেষ বেলায় কংগ্রেস যে এতটা লড়াই করবে তা অনেকেই বোঝেননি। রাজ্যের ৯০টি আসনের মধ্যে সকাল সাড়ে ১১টা পর্যন্ত বিজেপি ৪০টিতে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে ২৯টিতে। মাত্র ১০ মাস আগে তৈরি হলেও জেজেপি ১০ আসনে এগিয়ে আছে। নির্দল-সহ অন্যান্যরা এগিয়ে ১১টি আসনে। শেষ পর্যন্ত কোনও দল সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পেলে জেজেপি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা জোটই যে ফের ক্ষমতায় আসছে সেটা প্রায় সকলেই মেনে নিয়েছিলেন। হরিয়ানাতেও বিজেপিকে এগিয়ে রাখা হয়েছিল। কিন্তু এদিন ইভিএম খুলতেই হরিয়ানার চিত্রটা দ্রুত বদলাতে থাকে। এবার ভোটের আগে হরিয়ানায় কংগ্রেস ছিল একেবারেই ছত্রভঙ্গ। দলের কোন্দল মেটাতে নির্বাচনের মাত্র কয়েক মাস আগে প্রদেশ কংগ্রেস সভাপতিকেও বদল করতে হয়। কিন্তু তারপরেও দলের ভাঙন ঠেকানো যায়নি। বেশ কয়েকজন নেতা দল ছাড়েন। অনেকেই নিষ্ক্রিয় হয়ে যান। কিন্তু তারপরেও কংগ্রেস যে এভাবে বিজেপিকে লড়াইয়ের মুখে ফেলবে তা ভাবতে পারেনি রাজনৈতিক মহল। অন্যদিকে হরিয়ানায় এবার কোনও রকম ছাপ ফেলতেই পারেনি অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। মাত্র মাস চারেক পরেই দিল্লি বিধানসভার নির্বাচন। তার আগে হরিয়ানার এই ফলাফল নিশ্চিতভাবেই আম আদমি পার্টিকে চাপে ফেলবে। হরিয়ানার কারনাল কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার।

মহারাষ্ট্রে মসৃণ গতিতেই এগিয়ে চলেছে বিজেপি-শিবেসনার জয়রথ। প্রত্যাশা মতোই এগিয়ে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্রে ফড়নবীস, শিবসেনা নেতা আদিত্য ঠাকরে। তবে রাজ্য মন্ত্রিসভার চার সদস্য পিছিয়ে রয়েছেন। মহারাষ্ট্রে এবার কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে বিজেপি ও শিবসেনার মধ্যে মতপার্থক্য রয়েছে। বিজেপি ফড়নবীসকেই দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে রাখতে চায়। অন্যদিকে শিবসেনার তরফে অদিত্য ঠাকরে মুখ্যমন্ত্রীকে করার জন্য চাপ দেওয়া হচ্ছে। এতদিন ঠাকরে পরিবারের কোনও সদস্য নির্বাচনে লড়তেন না। কিন্তু এবার ছক ভেঙে আদিত্য নির্বাচনে লড়েছেন। তাই তিনি মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার। বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে দু’দলের পক্ষ থেকেই কোনও মন্তব্য করা হয়নি।

জোটের পক্ষ থেকে বলা হয়েছে, আগে ফলাফল ঘোষণা শেষ হোক। তার পর কে মুখ্যমন্ত্রী হবেন সেটা ভেবে দেখা যাবে।

সূত্র : ওয়ান ইন্ডিয়া

হুমকির মুখে পদত্যাগ করবেন না ইমরান

0

বিরোধীদের দাবি ও হুমকির মুখে আমি পদত্যাগ করবো না। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ কথা বলেছেন। সম্প্রতি ইমরান খানের পদত্যাগের দাবি তুলেছেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান। মাওলানা ফজলুর রহমান নেতৃত্বে কথিত আজাদি মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিষয়ে কথা বলতে গিয়ে তখন ইমরান খান সিনিয়র সাংবাদিকদের কাছে ওই মন্তব্য করেছেন।

গতকাল বুধবার পাকিস্তানের সিনিয়র সাংবাদিক এবং টেলিভিশনের সঞ্চালকদের সঙ্গে বৈঠকে ইমরান খান ওই কথা জানান।

ইমরান খান বলেন, গণমাধ্যমকে সাক্ষাৎকার দেয়ার ব্যাপারে মাওলানা ফজলুর রহমানের ওপর কোনো বিধিনিষেধ নেই।

তিনি বলেন, মাওলানা ফজলুর রহমানের সঙ্গে আলোচনা চলছে তবে বিরোধীদেরকে সংলাপের ব্যাপারে খুব আন্তরিক মনে হচ্ছে না।

ইমরান খান বলেন, আমরা সরকারের পক্ষ থেকে আলোচনার জন্য একটি কমিটি গঠন করে দিয়েছি এবং একথা বলেছি যে, বিরোধীরা শান্তিপূর্ণ প্রতিবাদ করলে আমরা আলোচনার জন্য প্রস্তুত রয়েছি।

পদত্যাগের ব্যাপারে ইমরান খান জানান, কোনো পরিস্থিতিতে তিনি পদত্যাগ করবেন না।

ইমরান বলেন, এটি পরিষ্কার নয় যে, বিরোধীরা আসলে কি চান।