Home Blog Page 3407

অতিরিক্ত সচিব হলেন ১৫৭ কর্মকর্তা

0

মোট ১৫৭ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত একটি সারসংক্ষেপ অনুমোদন করেছেন। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, আজই এই প্রজ্ঞাপন জারি করা হবে।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ১১তম ব্যাচের তদূর্ধ্ব ৩২ জন কর্মকর্তা রয়েছেন, যারা ইতিপূর্বে পদোন্নতি বঞ্চিত ছিলেন। এছাড়া সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর পিএস কামরুল হাসানকে হবিগঞ্জ ও মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব আশরাফুল আলমকে মাগুরা জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ভারতে ই-সিগারেট নিষিদ্ধ, আমরাও করব : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার তামাক সেবন বন্ধে নানা ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। তাই ২০৪০ সালের মধ্যেই দেশ ধূমপান মুক্ত হবে। মন্ত্রী বলেন, ধীরে ধীরে ধূমপায়ীদের সংখ্যা হ্রাস পাচ্ছে। আমি আশা করছি যে দেশ ২০৪০ সাল নাগাদ তামাক মুক্ত হবে।

আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে তামাক বিরোধী একটি সভায় বক্তব্যদান কালে তিনি এ কথা বলেন।

প্রজ্ঞা (প্রবৃদ্ধির জন্য জ্ঞান) ও আত্মা (এন্টি টোবাকো মিডিয়া অ্যালাইয়েন্স) যৌথভাবে ‘টোবাকো ইন্ডাস্ট্রি ইন্টারফেয়ারেন্স ইনডেক্স: দ্য এফসিটিসি আর্টিকেল ৫.৩ ইম্পিমেন্টেশন রিপোর্ট, বাংলাদেশ ২০১৯’ শীর্ষক গবেষণা প্রতিবেদন উন্মোচন অনুষ্ঠানটির আয়োজন করে। এ ছাড়াও এই অনুষ্ঠানে ‘প্রজ্ঞা টোবাকো কন্ট্রোল জার্নালিজম অ্যাওয়ার্ড ২০১৯’ প্রদান করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।

ড. হাছান বলেন, গত দশ বছরে ধূমপায়ীর সংখ্যা ব্যাপক হ্রাস পেয়েছে। তামাক সেবনের বিরুদ্ধে দেশে অনেক আইন আছে। তাই তামাক সেবনের বিরূপ প্রভাব সম্পর্কে আমাদের ব্যাপক প্রচারণা চালানো উচিৎ। তিনি তার বাবার কাছে জীবনেও ধূমপান না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই তিনি ধূমপান করেন না।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান ই-সিগারেট নিষিদ্ধের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, স্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রভাবের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি এ ব্যাপারে আরো বলেন, আমাদের দেশে ই-সিগারেট আমদানী নিষিদ্ধ করা উচিত। ই-সিগারেট আমদানীকারকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ই-সিগারেট নিষিদ্ধের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ড. হাছান বলেন, ভারত ই-সিগারেট নিষিদ্ধ করেছে। আমরাও এটা করতে পারি। মন্ত্রী আরো বলেন, বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোর আগেই ই-সিগারেটের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে।

তিনি আরো বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপ ও সামাজিক সচেতনতা সৃষ্টির কারণে ১৮ বছরের বেশি ধূমপায়ীর সংখ্যা ৩৫% হ্রাস পেয়েছে। এক দশক আগে ধূমপায়ীর হার প্রায় দ্বিগুণ ছিল।

সাবের হোসেন বলেন, একটি উন্নত জাতি গঠনের জন্য প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবা অবশ্যই নিশ্চিত করতে হবে। আর সরকার এক্ষেত্রে কাজ করে যাচ্ছে।

এর আগে শ্রেষ্ঠ প্রতিবেদন করার জন্য প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার তিনজন সাংবাদিককে পুরস্কৃত করা হয়।

সাংবাদিকরা হলেন- বাংলানিউজ২৪.কম এর এস এম শরিফুল ইসলাম সুমন, দৈনিক প্রথম আলোর সুহাদা আফরিন ও সময় টেলিভিশনের মামুন আব্দুল্লাহ। ড. হাছান মাহমুদ তাদের হাতে পুরস্কার, সনদ ও চেক তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিজিটিসি থামাসাত ইউনিভার্সিটি, থাইল্যান্ড এর গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান ড. মেরি আসুন্তা, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, গ্লোবাল হেল্থ অ্যাডভোকেসি ইনকিউবেটর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. রুহুল কুদ্দুস।

প্রজ্ঞা হেড অব টোবাকো কন্ট্রল মো. হাসাব শাহরিয়ার ও আত্মা আহ্বায়ক মুর্তোজা হায়দার লিটন মূল প্রবন্ধ উপস্থাপনা করেন। আত্মার সমন্বয়ক নাদিয়া কিরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের স্বাগত বক্তব্য রাখেন।

আমি ক্ষমতায় থাকতে গরু জবাই বন্ধ হবে না : আশ্বাস প্রতিমন্ত্রীর

0

নির্বাচনী প্রচারণায় গিয়ে গরু জবাইয়ের পক্ষে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় গ্রাহক বিষয়ক, খাদ্য ও গণবন্টন দপ্তরের প্রতিমন্ত্রী রাওসাহেব দানভে। তার সেই মন্তব্য সংক্রান্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর ভাইরাল হয়ে গেছে।

সম্প্রতি মহারাষ্ট্রের জালনা জেলার ভোকারদান কেন্দ্র থেকে দ্বিতীয়বার প্রার্থী হওয়া ছেলে সন্তোষের হয়ে প্রচারণায় নেমে জনসভায় ভাষণ দেন দানভে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, তিনি মুসলিমদের আশ্বস্ত করে বলছেন, যতদিন তিনি মন্ত্রী রয়েছেন ততদিন গরু জবাইয়ের ওপর জারি করা নিষেধাজ্ঞা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই।

প্রতিমন্ত্রী আরো বলেন, গো-হত্যার ওপর নিষেধাজ্ঞা জারির পর স্থানীয় মুসলিমরা আমার কাছে এসে অভিযোগ জানান যে, বকরা ঈদের আগে এই পরিস্থিতি বহাল হওয়ায় কীভাবে তারা গরু কুরবানি করবেন আর কীইবা খাবেন। আমি তাদের বলি, যতদিন রাওসাহেব আছেন, এই প্রথা বন্ধ করা যাবে না।

এদিকে এ ধরনের বক্তব্যের জেরে অবিলম্বে দানভেকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভে নেমেছে এনসিপি। তাদের অভিযোগ, মানুষের আবেগ নিয়ে খেলছেন মন্ত্রী। একদিকে গো-হত্যার অভিযোগে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা বাড়ছে, অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী গো-হত্যায় ইন্ধন জোগাচ্ছেন। এই কারণে রাওসাহেব দানভের গ্রেপ্তএরর দাবি জানিয়েছেন দলীয় মুখপাত্র নওয়াব মালিক।

ভাষণ নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর দানভে দাবি করেছেন, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিত। তার ভাবমূর্তি নষ্ট করার জন্য তৈরি করা হয়েছে। ওই ভিডিওর সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন, আমি জনসভায় গো-হত্যা নিয়ে এমন কোনো মন্তব্য করিনি।

অনলাইন ক্যাসিনোর ৫ জুয়াড়ি আটক

0

জামালপুরের মেলান্দহ উপজেলায় অভিযান চালিয়ে র‌্যাব আটক করেছে অনলাইন ক্যাসিনো জুয়ার সাথে জড়িত পাঁচজনকে। বুধবার বিকেলে মেলান্দহ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে নগদ প্রায় ৪ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের ছয়টি এটিএম কার্ড, চেক বই, ১৩টি মোবাইল ফোনসেটসহ জুয়ার সরঞ্জামাদি।

সূত্র জানায়, র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার বিকেলে ঘিরে ফেলে মেলান্দহ বাজার। কোম্পানি কমান্ডার পুলিশ সুপার তোফায়েল আহমেদ মিয়া ও সহকারী পুলিশ সুপার জুনায়েদ আফ্রাদের নেতৃত্বে র‌্যাবের দলটি গোপন তথ্যের ভিত্তিতে প্রথমেই অভিযান চালায় এএস এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানে। কম্পিউটারের এ দোকান থেকে আটক করা হয় তিনজন অনলাইন ক্যাসিনো জুয়াড়িকে। তারা হলেন – নোমান হোসেন (৩০), মশিউর রহমান (৩৩) ও জোবায়ের আহাম্মেদ সোহাগ (২৩)। তাদের বাড়ি মেলান্দহ উপজেলার আদিপৈত গ্রামে। তাদের কাছ থেকে নগদ তিন লাখ ৫০ হাজার ৯০৭ টাকা, নয়টি মোবাইল ফোন সেট, পূবালী ব্যাংকের একটি চেকবই, ডেস্কটপ কম্পিউটার ও একটি ডিজিটাল সিল জব্দ করা হয়।

পরে বিকেল ৪টার দিকে র‌্যাবের টিম পৃথক অভিযান চালায় মাহমুদপুর রোডে জিন্নাহ সুপার মার্কেটে। সেখানে তৃতীয় তলায় আড্ডা ক্যাফে নামে একটি প্রতিষ্ঠান থেকে আটক করা হয় দুজনকে। তারা হলেন- মেলান্দহ উপজেলার আদিপৈত এলাকার আনসারুল আলমের ছেলে মাহমুদুল হাসান মাসুম (৩৩) ও কামরুল ইসলামের ছেলে ফরহাদ ইসলাম (৩২)। তাদের কাছ থেকে নগদ ২৯ হাজার ১৫৫ টাকা, বিভিন্ন ব্যাংকের ছয়টি এটিএম কার্ড ও চারটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।

র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. তোফায়েল আহমেদ মিয়া বলেন, ‘আটক আসামিরা দীর্ঘদিন ধরে মেলান্দহে বসে অবৈধভাবে অনলাইন ক্যাসিনো জুয়া পরিচালনা করছে। তারা বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছ থেকে প্রচুর টাকা হাতিয়ে নিচ্ছিল। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রের মূলহোতাদের ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।’

আধুনিক এই মসজিদ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দিতে চায় সৌদি

0

সৌদি আরবের সেনাবাহিনীর প্রতিষ্ঠান অ্যাডভান্সড ইলেকটুনিক্স কম্পানি তাদের অ্যাওয়ার্ড জয়ী স্মার্ট মসজিদের ধারণা উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে দিতে চায়। প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জিয়াদ মুসাল্লেম বলেন, এই মসজিদে যে ধরনের প্রযুক্তি ব্যবহারের কথা রয়েছে, তাতে ৪৭ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হবে। এমনকি ২৫ শতাংশ পানি অপচয় রোধ করা যাবে।

তিনি আরো বলেন, আমরা যদি সৌরবিদ্যুৎ ব্যবহার করি, তাহলে ৬০ শতাংশ বিদ্যুৎ খরচ বন্ধ হবে। এমনকি এই কাঠামোর মসজিদে অন্যান্য সবকিছুই সাশ্রয়ী।

এ ধরনের প্রযুক্তি সৌদি আরবের রিয়াদ এবং মদীনার মসজিদগুলোতে সংযোজন করা হয়েছে। মুসাল্লামের দাবি, তাদের প্রযুক্তি সবখানেই প্রশংসিত হচ্ছে।

তিনি বলেন, মানুষজন অবাক হচ্ছে, তারা স্বাচ্ছন্দ্যবোধ করছে। সেই সঙ্গে বিদ্যুৎ ও পানি বিল বেঁচে যাচ্ছে। চাইলেই সারাক্ষণ বাতি জ্বালিয়ে রাখা যাচ্ছে এবং এসিও কখনো বন্ধ হচ্ছে না। এতে করে মানুষের ভেতরে আর অপরাধবোধ কাজ করছে না।

স্মার্ট এই মসজিদে কর্ম সংখ্যক মুসল্লীর প্রয়োজনে শাতাতপ নিয়ন্ত্রিত মেশিন প্রয়োজনানুসারে চলবে। তবে বেশি মুসল্লী হলে এসি তার কার্যক্ষমতা আরো বাড়িয়ে দেবে নিজের থেকেই।

জিয়াদ মুসাল্লেম বলেন, উপসাগরীয় অঞ্চলে এ ধরনের মসজিদ বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।এছাড়া বিভিন্ন ইসলামিক দেশেও ওই মসজিদ ছড়িয়ে দেওয়ার ইচ্ছা আছে।

সমঝোতায় না গিয়ে পাল্টা ১৩ দফা দিলো ক্রিকেটাররা

0

এবার দেশের ক্রিকেট বোর্ডকে ১৩টি দাবি সংবলিত চিঠি পাঠানো হয়েছে ক্রিকেটারদের পক্ষ থেকে। বুধবার এ দাবি সম্বলিত চিঠি প্রেরণ করেছেন পেশাদার ক্রিকেটারদের মুখপাত্র ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান।

বুধবার সন্ধ্যা ৬টায় গুলশান-২ এ সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের মুখপাত্র ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ বিকেল ৪টায় ডাক, কুরিয়ার ও ইমেইল যোগে ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠিয়ে দিয়েছেন। চিঠিতে ১৩টি দাবি উপস্থাপন করা হয়েছে।

এর আগে গত সোমবার (২১ অক্টোবর) বেতন-ভাতাসহ জাতীয় লিগ, ঘরোয়া লিগ, জিমের সুবিধা, বাজে আম্পায়ারিংসহ নানা ইস্যুতে ধর্মঘটের ঘোষণা দেন ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন ও বেতন-ভাতা বাড়ানোসহ ১১ দফা দাবি জানিয়ে আন্দোলনে নামেন দেশের শীর্ষ ক্রিকেটাররা।

দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে নিজেদের বিরত রাখার ঘোষণা দেন সাকিব আল হাসান।

সোমবার সাকিব আল হাসানের নেতৃত্বে মিরপুরে বিসিবির একাডেমি মাঠে জড়ো হন খেলোয়াড়রা। সেখানে বিকেলে ৩টায় সংবাদ সম্মেলন করেন দেশের শীর্ষ ক্রিকেটাররা। সংবাদ সম্মেলনে কথা বলেন সাকিব-তামিমরা।

বুধবার বিকাল ৫টায় বিসিবির সঙ্গে আলোচনায় বসার কথা ছিলো ক্রিকেটারদের। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বোর্ডের কর্মকর্তারা বিসিবি কার্যালয়ে অপেক্ষায় থাকলেও আন্দোলনরত ক্রিকেটাররা কোনো আলোচনায় বসেননি। বোর্ড সভাপতিকে বসিয়ে রেখে হঠাৎ করেই গুলশানে সংবাদ সম্মেলনের ডাক দিয়ে বসলেন আন্দোলনরত ক্রিকেটাররা।

নভেম্বর থেকে কার্যকর হচ্ছে সড়ক পরিবহন আইন

0

অবশেষে ১ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’। ২২ অক্টোবর, মঙ্গলবার আইনটি কার্যকরের তারিখ ঘোষণা করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর ধারা ১ এর উপ-ধারা (২) এ দেয়া ক্ষমতাবলে সরকার ১ নভেম্বর তারিখকে আইন কার্যকর হওয়ার তারিখ নির্ধারণ করল।

গত বছরের ৮ অক্টোবর ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর গেজেট জারি করা হয়। কিন্তু পরিবহন মালিক-শ্রমিকদের বাধার মুখে এতদিন আইনটি বাস্তবায়নে যায়নি সরকার।

২০১৭ সালের ২৭ মার্চ সড়ক পরিবহন আইনের খসড়াটি নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। এরপর থেমে ছিল উদ্যোগ।

২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী আইনটি মন্ত্রিসভায় উপস্থাপনের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পর আইন মন্ত্রণালয় খসড়া আইনটি দ্রুত ভেটিং (পরীক্ষা-নিরীক্ষা) করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠায়। অল্প সময়ের মধ্যে আইনটি সংসদেও পাস হয়।

বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনার মাধ্যমে গুরুতর আহত করলে বা প্রাণহানি ঘটালে চালকের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ডের বিধান রাখা হয় এ আইনে। একই সঙ্গে আইনে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণি নির্ধারণ ও বিভিন্ন অপরাধের ধারাগুলো জামিন অযোগ্য রাখা হয়।

নতুন সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারার বিরোধিতা করে আসছেন পরিবহন মালিক-শ্রমিকরা। তারা আইনের বিভিন্ন ধারা বাতিলের দাবিতে আন্দোলনেও নামেন। মালিক-শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে- সড়ক পরিবহন আইনের সব ধারা জামিনযোগ্য করা, সড়ক দুর্ঘটনায় শ্রমিকের অর্থদণ্ড পাঁচ লাখ টাকার বিধান বাতিল করা, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি করা ইত্যাদি।

এই প্রেক্ষাপটে গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সড়ক নিরাপত্তা পরিষদের বৈঠকে সড়ক বাস্তবায়নে চ্যালেঞ্জ নির্ধারণ ও বাস্তবসম্মত সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উপ-কমিটি করা হয়। কমিটিতে সদস্য হিসেবে ছিলেন আইনমন্ত্রী ও রেলপথমন্ত্রী।

গত ২৫ সেপ্টেম্বর পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে উপ-কমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইনমন্ত্রী আনিসুল হক সড়ক পরিবহন আইন সংশোধনের সুপারিশ সম্বলিত প্রতিবেদন জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের কাছে দাখিল করতে যাচ্ছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

তবে পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আইনটি সংশোধনের বিষয়টি নাকচ করেন।

খুনের মামলায় ক্যাসিনো খালেদ সাত দিনের রিমান্ডে

0

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া ওরফে ক্যাসিনো খালেদকে এবার একটি খুনের মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

পিবিআই এই মামলার তদন্তকারী সংস্থা। তদন্ত কর্মকর্তা পুলিশ সুপার মিনা মাহমুদ এই মামলায় খালেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত বুধবার শুনানির দিন ধার্য করেন। একই সঙ্গে খালেদকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

এদিন খালেদকে মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে খালেদকে গ্রেপ্তার দেখানো হয়। একই সঙ্গে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঘটনার বিবরণে জানা যায়, খিলগাঁও এলাকার বাসিন্দা ইসরাইল হোসেন ও তার ছেলে সায়মন ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর রাজধানী মানি এক্সচেঞ্জ থেকে ৩৮ লাখ টাকা তোলেন। এরপর প্রাইভেট কার নিয়ে রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁও থানাধীন তরাগাছ এলাকায় গাড়ি থেকে নামেন। এ সময় তিন-চারজন ছিনতাইকারী বাবা ও ছেলেকে গুলি করে টাকার দুটি ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ বাবা-ছেলেকে স্থানীয় লোকজন খিদমাহ হাসপাতালে নিয়ে যায়। ছেলে সায়মন সেখানেই মারা যান। ইসরাইলকে গুরুতর আহত অবস্থায় মহাখালীর বক্ষব্যাধী হাসপাতালে নেওয়া হয়। পরে ২০১৬ সালে এই আঘাতের কারণেই তিনি মারা যান।

ওই ঘটনায় সায়মনের চাচা মজিবুর রহমান ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর খিলগাঁও থানায় ছিনতাইসহ হত্যা মামলা দায়ের করেন। ডিবি একবার তদন্ত প্রতিবেদন দাখিল করেন। কিন্তু আদালত তা গ্রহণ না করে অধিকতর তদন্তের নির্দেশ দেন পিবিআইকে।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ক্যাসিনো খালেদ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য ও হত্যাকাণ্ডের রহস্য উরেম্মাচন করা সম্ভব হবে।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযানের সময় গুলশানের বাড়ি থেকে অস্ত্র মাদকসহ খালেদকে আটক করে পুলিশ। বিপুল পরিমাণ টাকাও উদ্ধার করা হয়। মতিঝিলে তার অফিসেও অভিযান চালালে মাদকদ্রব্য উদ্ধার হয়। এ ঘটনায় গুলশান থানায় অস্ত্র আইন, মাদকদ্রব্য আইন ও মানি লন্ডারিং আইনে এবং মতিঝিল থানায় মাদকদ্রব্য আইনে মোট চারটি মামলা হয়। এসব মামলায় কয়েকদফা রিমান্ড শেষে খালেদকে গত সপ্তাহে কারাগারে পাঠানো হয়।

সামশুল-শাওনসহ ২৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

0

ক্যাসিনো কাণ্ডে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিরুদ্ধে চলমান অভিযানে চট্টগ্রামের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী ও ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনসহ ২৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আজ বুধবার এ সংক্রান্ত চিঠি পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর পাঠানো হয়েছে।

সূত্র জানায়, দুদকের এ সংক্রান্ত অনুসন্ধান দলের প্রধান ও সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন এ চিঠি পাঠিয়েছেন।

যাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের মধ্যে সাম্প্রতিক সময় গ্রেপ্তার হওয়া কয়েকজনের পাশাপাশি অনুসন্ধান চলমান থাকা ব্যক্তিদের নামও রয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেশে মানিলন্ডারিংসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ আছে। এ বিষয়ে দুদকের অনুসন্ধানে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

যাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম, মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূইয়া, মোহামেডান ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ মো. লোকমান হোসেন ভূইয়া, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, সম্রাটের সহযোগী এনামুল হক আরমান, কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি মোহাম্মদ শফিকুল আলম (ফিরোজ), অনলাইন ক্যাসিনোর হোতা সেলিম প্রধান এবং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান (মিজান)।

এ ছাড়া গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক এনু ও তার ভাই গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রুপন ভূইয়া, কেন্দ্রীয় যুবলীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক কাজী কাজী আনিছুর রহমান ও তার স্ত্রী সুমি রহমান, লোকমান হোসেন ভূইয়ার স্ত্রী নাবিলা লোকমান, গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল হাই, ওয়ার্ড কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদ এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের নাম রয়েছে তালিকায়।

এ ছাড়া এনামুল হকের সহযোগী ওয়ান্ডারার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম আজাদ (আজাদ রহমান), রাজধানীর কাকরাইলের জাকির এন্টারপ্রাইজের মালিক মো. জাকির হোসেন ও সেগুনবাগিচার শফিক এন্টারপ্রাইজের মালিক মো. শফিকুল ইসলামের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

দুদক সূত্র জানিয়েছে, অনুসন্ধানে যাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া যাবে তাদের সবারই বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হবে। আগামী সপ্তাহে নিষেধাজ্ঞার আওতায় আসবেন আরো ২০-২৫ জন।

জেলে নওয়াজ শরিফকে বিষ দেওয়া হচ্ছে, অভিযোগ ছেলের

0

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছেলে হুসেন নওয়াজ অভিযোগ করেছেন, কারাগারে তার বাবাকে বিষ দেওয়া হচ্ছে। বর্তমানে দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে আছেন নওয়াজ শরিফ।

গত সোমবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন নওয়াজ। ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজকে লাহোরর সার্ভিসেস হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতেই রক্ত পরীক্ষার পর চিকিৎসকরা জানান, প্লেটিলেট অস্বাভাবিক হারে কমে গেছে।

এ ঘটনার পর শরিফের ছেলে লন্ডন থেকে টুইটে হুসেন নওয়াজ লেখেন, দুর্নীতি দমন সংস্থার হেফাজতে বাবাকে বিষ দেওয়া হতে পারে। এ কারণেই বাবার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছে।

মঙ্গলবার তার স্বাস্থ্যের সামান্য উন্নতি হয়েছে বলে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। যদিও এখনো বিপন্মুক্ত নন নওয়াজ শরিফ। তার দলের আরেক নেতা আতাউল্লাহ তারার জানান, হাসপাতালে নিয়ে আসার সময় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর প্লাটিলেট কাউন্ট দুই হাজারে নেমে গিয়েছিল। তবে চিকিৎসার পর তা বেড়ে ২০ হাজার হয়েছে।