Home Blog Page 3408

বাংলাদেশে ইসকন মন্দিরে হামলার আশঙ্কা করছে ভারতীয় গোয়েন্দারা

0

বাংলাদেশে ইসকনের যে কোনও মন্দিরে বড়সড় হামলা চালাতে পারে ইসলামিক স্টেট (আইএস)-এর মদতে চলা নব্য জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর মতো সংগঠন। গত কয়েক মাসে জোগাড় করা বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এমনটাই আশঙ্কা প্রকাশ করেছে ভারতের প্রথম সারির একাধিক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। খবর আনন্দবাজার পত্রিকার।

লোন উল্ফ অর্থাৎ সংগঠিত ভাবে নয়, কোনও সংগঠনের সরাসরি নির্দেশ ছাড়াই মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে ব্যক্তিবিশেষ এই হামলা চালাতে পারে। সাম্প্রতিক অতীতে লন্ডন, প্যারিস, নিউ ইয়র্কের মতো জায়গায় এ রকমই বেশ কয়েকটি জঙ্গি হামলা হয়। হামলা পরবর্তী সময়ে আইএস তার দায় নিয়েছে বটে, কিন্তু হামলাকারীর সঙ্গে তাদের সাংগঠনিক কোনও সরাসরি যোগাযোগ পাওয়া যায়নি।

ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, গত কয়েক মাস ধরে আইএসের মতো সংগঠনের বিভিন্ন প্রচার শাখা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস (ইসকন)-কে ‘হিন্দুত্বের প্রতীক’ হিসাবে প্রচার শুরু করেছে। সম্প্রতি ‘উম্মাহ নিউজ’ নামে আইএসের একটি প্রচার চ্যানেলেও ইসকনকে ‘হিন্দুত্বের প্রতীক’ হিসাবে তুলে ধরে আক্রমণ করা হয়েছে। ভারতীয় গোয়েন্দাদের দাবি, আইএস মনোভাবাপন্ন বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর যে সব নথি তাঁরা পেয়েছেন, তা থেকে স্পষ্ট- ওই সংগঠনের উপর হামলার ছক কষা হয়েছে। এক গোয়েন্দার কথায়, ‘সামগ্রিক ভাবে ইসকন ওদের টার্গেট। এখনও পর্যন্ত পাওয়া বিভিন্ন তথ্য যা ইঙ্গিত দিচ্ছে, তা থেকে আমাদের ধারণা, বাংলাদেশে ইসকনের কোনও মন্দিরে হামলার পরিকল্পনা করা হচ্ছে।’

অন্য এক গোয়েন্দা কর্মকর্তা স্বীকার করেন, এখনও পর্যন্ত পাওয়া বিভিন্ন তথ্য সে রকমই ইঙ্গিত দিচ্ছে। ওই কর্মকর্তার ব্যাখ্যা, ভারত এবং বাংলাদেশে জিহাদিরা ক্রমাগত কোণঠাসা হচ্ছে। অন্য দিকে, ইরাক এবং সিরিয়াতেও একের পর এক ঘাঁটি হারিয়ে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে আইএসের। তিনি বলেন, ‘নব্য জেএমবিকে সামনে রেখে বাংলাদেশে নিজেদের সংগঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আইএস। কিন্তু ঢাকা হোলি আর্টিজান কাফে অ্যাটাক ছাড়া বড় কোনও হামলায় সাফল্য পায়নি নব্য জেএমবি। উল্টো গত দুবছরে তাদের সংগঠন ক্রমাগত দুর্বল হয়েছে, লাগাতার পুলিশি অভিযানে।’

কেন্দ্রীয় একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা বলেন, ‘জেএমবি বা নব্য জেএমবি-র মতো সংগঠন পশ্চিম এশিয়ায় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা টাকা সাহায্য পায় জিহাদি কার্যকলাপ চালানোর জন্য। কিন্তু সেই তহবিলের জোগান নির্ভর করে সংগঠনের সাফল্যের উপর। তাই এই মুহূর্তে বড় ধরনের একটি হামলা চালিয়ে শিরোনামে আসতে মরিয়া বাংলাদেশের এই জঙ্গি গোষ্ঠী।’

তিনি ব্যাখ্যা করেন, ‘ইসকন একটি আন্তর্জাতিক সংগঠন। সারা বিশ্বে এর শাখা ছড়িয়ে রয়েছে। প্রচুর বিদেশি ওই সংগঠনের সঙ্গে যুক্ত। সেখানে হামলা চালালে আন্তর্জাতিক স্তরে উঠে আসবে হামলাকারী সংগঠনের নাম।’

গোয়েন্দা সূত্রে খবর, জিহাদি কার্যকলাপকে সমর্থন করে এমন একাধিক ধর্মীয় সংগঠন ইসকনকে নিয়ে বিদ্বেষমূলক প্রচার চালাচ্ছে যাতে হামলার জমি তৈরি করা সম্ভব হয়। গোয়েন্দাদের দাবি, যে পদ্ধতিতে ওই জঙ্গি সংগঠনগুলি এগোচ্ছে, তাতে ভারতে ইসকনের কোনও মন্দিরে হামলা চালানো কঠিন। বরং অনেক সহজ বাংলাদেশে আঘাত হানা।

ইসকনের অন্যতম মুখপত্র রাধারমন দাসের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘একটা আশঙ্কা আমাদের মধ্যেও তৈরি হয়েছে।’ তিনি জানিয়েছেন, বাংলাদেশে তাঁদের ১৯টি মন্দির রয়েছে। রাধারমনের কথায়, ‘গত কয়েক মাস ধরে আমরাও নিরাপত্তার অভাব বোধ করছি।’ ইসকনের তরফ থেকে বলা হয়েছে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় তাঁদের সংগঠন প্রত্যন্ত গ্রামে ছাত্রছাত্রীদের মিড-ডে মিল সরবরাহ করে। ফলে তাদের সদস্যদের প্রত্যন্ত গ্রামেও নিয়মিত যাতায়াত। সে বিষয়টি মেনে নিতে পারছে না কিছু জঙ্গি সংগঠন। রাধারমন দাসের দাবি, তাঁরা ইতিমধ্যেই নিরাপত্তাহীনতার বিষয়টি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের গোচরে এনেছেন। অন্য দিকে, বাংলাদেশ সরকার এবং ভারতীয় দূতাবাসকেও তাঁরা বিষয়টি জানিয়েছেন।

ভারতীয় গোয়েন্দারা জানিয়েছেন, ২০১৬ সালে বাংলাদেশের সিলেটে ইসকনের একটি মন্দিরে হামলার ঘটনা ঘটেছিল। তবে তার সঙ্গে সরাসরি কোনও জঙ্গিগোষ্ঠীর যোগ ছিল না। গোয়েন্দাদের দাবি, লোন উল্ফ অর্থাৎ স্থানীয় কোনও ব্যক্তি বা একাধিক ব্যক্তিকে মতাদর্শগত ভাবে হামলায় মদত দিয়ে এই ‘অপারেশন’ চালানোর পরিকল্পনা হচ্ছে। সংগঠিত ভাবে করলে হামলার আগেই পরিকল্পনা ভেস্তে যাওয়ার আশঙ্কা বেশি। কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি অংশ জানিয়েছে, তারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকেও গোটা বিষয়টি নিয়ে সতর্ক করেছে।

মার্কিন বাহিনীর গাড়িতে পচা ডিম-আলু নিক্ষেপ কুর্দিদের

0

যুক্তরাষ্ট্র ও কুর্দি বিদ্রোহীদের মধ্যকার সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে। এককালের মিত্র মার্কিন বাহিনী এখন কুর্দিদের কাছে বিশ্বাসঘাতক। কুর্দিদের সিরিয়ায় একা ফেলে কার্যত বিদায় নিচ্ছে মার্কিন বাহিনী। ফলে পিছিয়ে আসা মার্কিন জওয়ানদের ওপর পচা ডিম, আলু ছুঁড়ে গায়ের ঝাল মেটাচ্ছেন ক্ষুব্ধ কুর্দিরা।

চলতি মাসের শুরুতেই সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর কুর্দিদের বা ‘সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস’-কে জলাঞ্জলি দিয়ে কুর্দি অধ্যুষিত উত্তরপূর্ব সিরিয়ার সমস্ত ঘাঁটি থেকে সরে এসেছে মার্কিন সেনারা।

কুর্দি সংবাদমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, তুরস্ক-সিরিয়া সীমান্তের কুর্দি প্রধান কামিশলি শহর ছেড়ে চলে যাচ্ছে একের পর এক মার্কিন সাঁজোয়া গাড়। ওই সময় রাস্তার পাশ থেকে পচা ডিম, আলু নিক্ষেপ করছে ক্ষুব্ধ জনতা।

অনেকককেই বলতে শোনা যায়, ইঁদুরের মতো মাঠ ছেড়ে পালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট। লড়াইয়ের ময়দানে কুর্দিদের একা ফেলে যেতে চাই না মার্কিন ফৌজও। তবে ট্রাম্পের নির্দেশে একপ্রকার বাধ্য হয়েই সরে আসতে হচ্ছে তাদের।

মার্কিন পররাষ্ট্র প্রতিরক্ষা সচিব মার্ক এসপার জানান, কুর্দিদের অঞ্চলে থাকা তেলের খনিগুলো সুরক্ষার জন্য সেনার কয়েকটি ইউনিট রাখার কথা ভাবা হচ্ছে।

মার্কিন সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, উত্তর সিরিয়ার সব ঘাঁটি ছেড়ে আপাতত কোবানে শহরে এসে জমায়েত হয়েছে মার্কিন বাহিনী। সেখান থেকে জওয়ানদের বিমানে করে যুক্তরাষ্ট্র ফিরিয়ে আনা হবে।

পৃথিবীর ইতিহাসে আমিই সবচেয়ে উন্নত মানুষ: ট্রাম্প

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘লোকে বলে, আমার এখনও অনেক মানসিক উন্নতি প্রয়োজন। তোমাদের কি মনে হয় না আমার যথেষ্ট উন্নতি হয়েছে। এমনকি এ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে তাদের সবার চেয়ে আমিই সবচেয়ে উন্নত মানুষ।’ সম্প্রতি জি-৭ সম্মেলন আয়োজন নিয়ে তীব্র বিতর্কের মধ্যে তিনি এ মন্তব্য করেন।

চলতি বছর জি-৭ সম্মেলন শেষে কোনো আলোচনা ছাড়াই তিনি ঘোষণা দেন, আগামী সম্মেলন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে তার মালিকানাধীন গলফ মাঠে। তখন থেকেই এ নিয়ে তুমুল সমালোচনা ও বিতর্ক চলছে।

বিরোধীরা বলছেন, নিজের ব্যবসা-বাণিজ্যের প্রসারেই প্রেসিডেন্ট ট্রাম্পের এই চেষ্টা। সেই সমালোচনার জবাব দিতে গিয়ে হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে তিনি এসব কথা বলেন। তবে ট্রাম্পের ওই ঘোষণার পর থেকেই বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি বলে আসছে, প্রেসিডেন্টের দফতরকে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার কাজে ব্যবহার করছেন ট্রাম্প। হোয়াইট হাউসের ঘোষণা তারই প্রমাণ।

এমন সমালোচনার মুখেই ওই পরিকল্পনা থেকে পিছু হটলেন ট্রাম্প। শনিবার ট্যুইটারে দেয়া পোস্টে তিনি বলেন, হোয়াইট হাউসের এ সংক্রান্ত পরিকল্পনা তিনি বাতিল করে দেবেন।

সৌদি নারীদের স্বাধীনতা অধরাই থেকে যাচ্ছে

0

সৌদি আরবের নারীরা অভিভাবকের অনুমতি ছাড়াই ভ্রমণ করতে পারবেন, মাস দুয়েক আগে এমন আইন জারি হলেও তাতে খুব একটা লাভ হচ্ছে না তাদের। কারণ, এ আইনে থেকে গেছে বিশাল ফাঁক। অনুমতি ছাড়া নারীরা ভ্রমণে গেলে পুলিশের কাছে ‘নিখোঁজ’ হওয়ার অভিযোগ করতে পারবেন অভিভাবকেরা।

সৌদির আইন অনুযায়ী, এমন অভিযোগ পেলে নিখোঁজ নারীকে খুঁজে এনে অভিভাবকের হাতে তুলে দিতে বাধ্য পুলিশ। এমনকি, অভিভাবক চাইলে ওই নারীকে আটকেও রাখতে পারবেন।

বুধবার ইউরোপিয়ান কাউন্সিলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কর্মী ঈমান আল হুসেইনের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপি।

আগস্টে নারীদের ভ্রমণে বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দেয় কট্টর মুসলিম দেশ হিসেবে পরিচিত সৌদি আরব। দেশটির রাজ পরিবারের এক আদেশে বলা হয়, ২১ বছর বয়সী যে কোনো নারী অভিভাবক অর্থাৎ পিতা, স্বামী বা অন্য পুরুষ আত্মীয়ের সম্মতি ছাড়াই পাসপোর্টের জন্য আবেদন ও বিদেশ ভ্রমণ করতে পারবেন।

উদারপন্থি বলে পরিচিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে এই আদেশ জারি করা হলেও ‘তাঘ্যয়ুব’ নামের আইনটি এখনো রয়ে গেছে দেশটিতে। এই আইন অনুযায়ী, অনুমতি ছাড়া বাড়ির বাইরে গেলে নারীদের অভিভাবকেরা পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ জানাতে পারবে।

এ কারণে বিশ্লেষকরা বলছেন, নারীদের ভ্রমণে বিধিনিষেধ শিথিল করার নতুন আদেশে অনেক ঘাটতি রয়েছে। এখনো পরিবারের পুরুষ সদস্যরা নারীদের স্বাধীন চলাফেরায় বাধা দিতে পারে।

পশ্চিমা এক কর্মকর্তা বলেন, নতুন আইন অনুযায়ী সৌদির পিতারা তাদের সাবালিকা মেয়েদের পাসপোর্ট তৈরিতে নিষেধ করতে পারবেন না। কিন্তু, আগের আইন অনুযায়ী অনুমতি ছাড়া ভ্রমণে গেলে মেয়ের বিরুদ্ধে নিখোঁজ অভিযোগ করতে পারবেন। আর তাতে পুলিশ তাদের ধরে এনে অভিভাবকের কাছে ফিরিয়ে দিতে বাধ্য হবে।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের কর্মীদের মতে, নারীদের আটক করে রাখার আলাদা ব্যবস্থা রয়েছে সৌদি আরবে। গত বছর শুরা কাউন্সিলের উপদেষ্টারা নারীদের ওপর অভিভাবকের কর্তৃত্ব লাঘবের জন্য ‘তাঘ্যয়ুব মামলা’ নেওয়া থেকে বিরত থাকার প্রস্তাব দিলেও তা এড়িয়ে গেছে কর্তৃপক্ষ।

এদিকে, রিয়াদের সরকারি পাসপোর্ট অফিসের এক কর্মকর্তা জানান, কয়েক ডজন নারী ইতোমধ্যেই পাসপোর্টের জন্য আবেদন করেছেন।

বিশ্লেষকরা বলছেন, নতুন আইন বাস্তবায়িত হলে নারীদের ওপর পুরুষ অভিভাবকদের নিয়ন্ত্রণ কমে যাবে। এতে নারীদের নিয়ন্ত্রণে অভিনব কৌশলের সাহায্য নিতে পারে তারা।

নারীদের বিরুদ্ধে পারিবারিক অবাধ্যতার অভিযোগ আনা হলে তাদের কারাভোগও করতে হতে পারে। ফলে, বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও অনেকে বন্দি হতে পারেন দার আল-রিয়ায়। নারীদের জন্যই তৈরি করা হয়েছে এই বিশেষ কারাগারটি।

এছাড়া, ‘অবাধ্য কন্যা’ অভিযোগ এনে নারীদের দার আল-দিয়াফা বা বিশেষ বাড়িতে আটকে রাখতে পারেন তাদের পিতারা।

আলহুসেইন বলেন, পাসপোর্ট ইস্যু করার স্বাধীনতা থাকলেও নারীরা বাড়ির বাইরে যেতে পারবেন কি-না, তার নিয়ন্ত্রণ এখনো অভিভাবকদেরই হাতে।

‘মাছের পচন ধরে মাথা থেকে আর যুবলীগের পচন ধরেছে নেতা থেকে’

0

সোহেল সানি
মাও সেতুংয়ের এ প্রবাদবাক্যটি ওমর ফারুক চৌধুরীর মতো অযোগ্য নেতার হাতে ধ্বংসস্তুপে পরিণত হওয়া যুবলীগের ক্ষেত্রে প্রযোজ্য কিনা তা আর বলার অপেক্ষা রাখে না। বহুল বিতর্কিত যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বকালকে ‘বিভীষিকার কাল’ বলছেন সংগঠনটির নেতারা।

এতদিন ভয়ে ভীতসন্ত্রস্ত ছিলেন তিনি প্রধানমন্ত্রীর ফুফাতো বোনের এবং যুবলীগ প্রতিষ্ঠাতা শেখ মনির ভগ্নিপতি বলে। রাষ্ট্রীয় পদে না থাকলেও রাষ্ট্রের অক্ষয় শক্তি মনে করতেন নিজেকে। সেই শক্তির ক্ষয় নয়, ধ্বংস হওয়ায় মাঠের কর্মীরা তার নৈতিক স্খলনজনিত কুকর্মের ফিরিস্তি তুলে ধরছে।
দাপুটে নেতারাও যারা তার অকথ্য ও অশ্লীল শব্দোচ্চারণের শিকারে পরিণত হন, স্বস্তিতে ফিরেছেন। তারা চোখে কান্নার সাঁতার কেটে মুখে হাসির ফোয়ারা ছড়িয়ে এতদিনে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন।

আগামী ২৩ নভেম্বরের কংগ্রেসে ওমর ফারুক চৌধুরীর মুখও দেখতে চান না নেতারা। তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নানা অভিযোগ করেছেন বিনয়ের সঙ্গে। প্রধানমন্ত্রীর চলমান শুদ্ধি অভিযানকে স্বাগত জানান নিরীহ নিষ্প্রাণ হয়ে পড়া যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।

নেতার সুচিন্তার প্রতিফলন ঘটে কর্মে আর কর্মই শেষমেষ নেতৃত্বের পরিধি বিস্তৃত করে। ঠিক এর উল্টোটি করেছেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। প্রথমে তিনি প্রেসিডিয়ামের সদস্য পদটি বাগিয়ে নেন গালভরা হাসি দিয়ে। তার বিনয়সুলভ আচার-আচরণের মধ্যে কে জানতো লুকানো ছিল, চরম তামাশা আর বদ চিন্তা! তিনি কুরুচিপূর্ণ উদ্দেশ্য হাসিলের জন্যই যুবলীগের চেয়ারম্যান পদটিকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন।

তার কর্মে ফুটে উঠে “সর্বোচ্চ হাইকমান্ড” সম্পর্কেও ছিলেন উদাসীন। হয়তো তার মনে বদ্ধমূল ধারণা জন্মেছিল যে, প্রধানমন্ত্রীর অনুকম্পা সর্বদাই পাবেন-কেননা ফুফাতো বোন তার সহধর্মিণী। এই কারণে জনসমক্ষে বলেছেন,“বিপদে পড়লে বউ ছাড়া কেউ থাকে না।”

দেশ-জাতির কল্যাণের প্রশ্নে ব্যক্তি বিশেষকেও যে জলাঞ্জলি দিতে পারেন, তা জাতির পিতার কন্যার চোখে আঙুল দিয়ে দেখালেন। ঔদ্ধত্যমূলক বয়ান টিভিরপর্দায় ও সংবাদপত্রে যারা দেখেছেন তারা ওমর ফারুক চৌধুরীর নিষ্ঠুর পরিণতিই আঁচ করছিলেন। তিনি খোশগল্পে প্রবাদবাক্য টানতেন। বলতেন, প্রবাদবাক্যকে ইংরেজিতে বলে epigram কিংবা বুদ্ধিদীপ্ত মন্তব্য।

তার বুদ্ধিদীপ্ত মানসিকতার অনিচ্ছাকৃত একটি উদাহরণ আমি দেই। যুবলীগ কংগ্রেস। ’০৯ সালে জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়েছেন। যুবলীগের চেয়ারম্যান পদে মীর্জা আযমের সঙ্গে ওমর ফারুক চৌধুরীর নামও আসল। বাংলাদেশ প্রতিদিন আমার কর্মস্থল। দায়িত্ব পড়ল তার সঙ্গে কথা বলে একটা প্রতিবেদন তৈরি করার। প্রথম কলামে তার ছবিসহ একটি সাক্ষাৎকারধর্মী প্রতিবেদন ছাপা হল। বুকজুড়ানো আদুরে ওমর ফারুক চৌধুরী শুনিয়ে ছিলেন আশারবাণী। বললেন, চেয়ারম্যান হলে “আপনাকে” সদস্য হতে পদোন্নতি দিব সম্পাদকমন্ডলীতে।। দারুণ লিখেন, আপনার মেধা ও প্রতিভা যুবলীগের কাজে লাগাব। কিন্তু কংগ্রেসের দিনই আমার সম্ভাবনার মৃত্যু ঘণ্টা শুনতে পেলাম। বাংলাদেশ প্রতিদিনের প্রথম কলামে “আবারও মীর্জা আযম” শীর্ষক একটি প্রতিবেদন লেখার দায়ে। ফোনে তেলেবেগুনে জ্বলে উঠলেন তিনি। কংগ্রস অনুষ্ঠানে দেখা হতেই রীতিমতো শাসালেন।

জনপ্রিয়তার তুঙ্গে মীর্জা আযম। চেয়ারম্যান পদে কাউন্সিলরদের ভোট হলে তারই নিরঙ্কুশ বিজয় হতো। হাইকমান্ডের সবুজ সঙ্কেতের প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতাকর্মীদের অকৃপণ ভালোবাসা ও অশ্রুজলপ্রপাতের স্রোতে নিজেকে ভাসাতে হল মীর্জা আযম বিদায় সম্ভাষণ জানিয়ে। ওমর ফারুক চৌধুরী চেয়ারম্যান হলেন। শুভেচ্ছা জানাতে হাজির হলাম যুবলীগের কার্যালয়ে। তিনি দেখেই চেঁচিয়ে উঠলেন, বললেন যুবলীগ করতে হলে ১০ লাখ টাকা খরচ করতে হবে। সেই টাকা দেওয়ার ক্ষমতা আপনার নেই। অতএব আপনারও বিদায়। সাংবাদিক হওয়ায় হয়তো সেদিন সরাসরি স্টুপিট না বললেও ঘুরিয়ে বলেছিলেন “স্টুপিটের মতোই কাজটি করেছেন”।

পদ পাওয়া না পাওয়া নিয়ে কষ্ট হয়নি বিন্দুমাত্র। কিন্তু তার মানসিকতার সঙ্কীর্ণতা ও দৈনতা দেখে সেদিন ব্যথিত হয়েছিলাম। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে কাজ করার সময়ে এ ধরনের পরিস্থিতির কখনও মুখোমুখি হতে হয়নি। যুবলীগ করার ইচ্ছাও ছিল না। বঙ্গবন্ধু কন্যাই আওয়ামী লীগের প্রথম কেন্দ্রীয় উপকমিটিতে স্থান দিয়ে উপরে ওঠার সিঁড়ি তৈরি করে দেন। ’০৩-এ যুবলীগের কংগ্রেসে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক চেয়ারম্যান হলেন। আমাকে যুবলীগের কেন্দ্রীয় সদস্য করেন।

ভালো উদ্দেশ্য থাকা ভালো, কিন্তু সে উদ্দেশ্যকে কাজে পরিণত না করলে তার কি মূল্য আছে? কাজ করার আগে যে চিন্তা করে তাকে পস্তাতে হয় না, যুবলীগ চেয়ারম্যান হয়ত সেটি ভুলে গিয়েছিলেন। একটা মিথ্যা ধারণার কথা বারবার বললে মন সেটা বিশ্বাস করে নেয়। ওমর ফারুক চৌধুরী বিশ্বাস করতে চাননি যে, যত বড় বড় চিন্তা করেন না কেন, কাজ না করলে ফলাফল শূন্য। তার সহকর্মীরা যা বিশ্বাস করতে চাননি, তাই তিনি বিশ্বাস করাতে চেয়েছেন। সফল সেই নেতা যে সহকর্মীদের আশা-বিশ্বাস নষ্ট করার চেষ্টা করেন না। মনে সাহস আছে কিন্তু ভয় নেই -প্রকৃতপক্ষে সেই সফল নেতা।

সাফল্যের অন্যতম পথ যেখানে সহকর্মীদের জাগ্রত করা, সেখানে যুবলীগ চেয়ারম্যান ব্যস্ত ছিলেন শোষণের হাতিয়ার দিয়ে স্বীয় কর্তৃত্বকে জাহির করতে। এক লাফে বা এক চেষ্টায় শীর্ষে ওঠার চেষ্টা করলে নীচের দিকেই নামতে হয়, ওমর ফারুক চৌধুরীই তার প্রমাণ। তার অনৈতিক কর্মকাণ্ড প্রকাশ পাওয়ায় হিতাকাঙ্ক্ষীদের সংখ্যা এখন শূন্যের কোঠায়। নেতৃত্বে উঠে আসার ক্ষেত্রে আত্মীয়-পরিজন সূত্র হতে পারে, কিন্তু মাপকাঠি হতে পারে না। যুবলীগ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিই এক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত। বঙ্গবন্ধু-শেখ মনি মামা-ভাগনে। কিন্তু বঙ্গবন্ধুকে কখনো ‘মামা’ বলে সম্মোধন করতেন না। বঙ্গবন্ধুও বাড়তি সমীহ দেখাননি। ছাত্রলীগের দু’বারের সভাপতি শাহ মোয়াজ্জেমের সঙ্গে সাধারণ সম্পাদক হিসাবেই শেখ মনিকে জুটি বাঁধতে হয়েছিল।

লেখক: সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

স্বেচ্ছাসেবক লীগে নেতৃত্বের পরিবর্তনঃ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে আলোচনায় যাঁরা

0

ছাত্রলীগ, যুবলীগের পর এবার স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতৃত্ব বাদ পড়ছেন। আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের আগামী কমিটিতে ঠাঁই হচ্ছে না বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের। সংগঠনটির তৃতীয় সম্মেলনের মধ্য দিয়ে পরিচ্ছন্ন ভাবমূর্তি আছে—এমন সৎ ও দলের দুঃসময়ে মাঠে থাকা নেতাদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে। সূত্রগুলো জানায়, আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সভাপতি মোল্লা মো. আবু কাওছার ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে আর নেতৃত্বে রাখতে আগ্রহী নন। ফলে এ দুই পদেই নতুন নেতৃত্ব খোঁজা হচ্ছে। নানা অপকর্মে জড়িয়ে বিতর্কিত হয়ে পড়া যুবলীগের শীর্ষ পদে বর্তমান কমিটির বাইরে থেকে কাউকে নেতৃত্বে আনার কথা ভাবা হলেও স্বেচ্ছাসেবক লীগের ক্ষেত্রে তেমনটা হবে না।

ঢাকা মহানগর উত্তরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদেও পরিবর্তন আসতে যাচ্ছে। এ পদ দুটি পেতে বর্তমান কমিটির সহসভাপতি গোলাম রাব্বানী ও শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজ হাবীব ও হাবিবুর রহমান পান্না, সাংগঠনিক সম্পাদক এ কে এম মনোয়ারুল ইসলাম বিপুল তৎপর রয়েছেন। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি ইসহাক মিয়া সভাপতি পদপ্রত্যাশী। তিনি আওয়ামী লীগের দুঃসময়ে ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দলকে নেতৃত্ব দিয়েছেন।

বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলাম বিপুল সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী। তিনি দীর্ঘদিন ধরেই ঢাকা মহানগরে সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সাধারণ সম্পাদক পদ পেতে বিশেষ তৎপরতা চালাচ্ছেন তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস আমজাদ হোসেন। কর্মীবান্ধব নেতা হিসেবে তাঁর বিশেষ জনপ্রিয়তা রয়েছে। এ ছাড়া ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক দুলাল হোসেন, মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লায়ন এম এ লতিফও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী।

স্বেচ্ছাসেবক লীগের একটি সূত্র জানায়, ইসহাক মিয়াকে সভাপতি ও বিপুলকে সাধারণ সম্পাদক করে মহানগর উত্তরের কমিটি গঠনের সম্ভাবনাই বেশি।

ঢাকা মহানগর দক্ষিণেও সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসছে। দক্ষিণে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের মধ্যে এগিয়ে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান রিপন, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, তারেক সাঈদ, মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও শেখ আনিসুর রহমান রানা।

একটি সূত্র জানায়, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারেরও যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর মতো পরিণতি হতে পারে। ক্যাসিনো কাণ্ডে নাম আসায় তাঁর ওপর ক্ষুব্ধ আওয়ামী লীগ সভাপতি। ফলে কাউন্সিলের আগেই তাঁকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।

বোর্ড সভায় অনুপস্থিত ডিএনসিসির ৯ কাউন্সিলরকে শোকজ

0

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৯ কাউন্সিলরকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুরে এ তথ্য জানিয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। তিনবারেরও বেশি বোর্ড সভায় অনুপস্থিত থাকায় তাঁদেরকে শোকজ করা হয়েছে বলে জানান তিনি।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, তিনবারেরও বেশি বোর্ড সভায় অনুপস্থিত থাকার কারণে ডিএনসিসির ৯ জন কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁরা নোটিশের সন্তোষজনক জবাব না দিলে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। মন্ত্রণালয় আইন অনুযায়ী তাঁদেরকে বহিষ্কার করা হবে। আর এর বাইরে কেউ দোষী হলে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মেয়র।

রণবীর-আলিয়ার বিয়ের চিঠি ভাইরাল

0

বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেম কাহিনী ভক্তদের অজানা নয়। কখনও শপিং এ, কখনও ভ্রমণে একে অপরের সঙ্গী হিসেবে নেন তারা। প্রতিনিয়ত তাদের প্রেম নিয়ে নতুন নতুন খবর শোনা যায়। তাদের প্রেম ও বিয়েতে দুই পরিবারের সম্মতি আছে বলেও জানা যায়।

এবার শোনা যাচ্ছে, বিয়ে করছেন তারা। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের বিয়ের কার্ড নাকি ভাইরাল হয়েছে। শোনা যাচ্ছে, বিয়ে হবে ২২ জানুয়ারি, যোধপুরের উমেদ ভবন প্যালেসে, যেখানে প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে হয়েছিল।

এবার স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাওসারকে অব্যাহতি

0

যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার পর এবার আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসারকেও অব্যাহতি দেয়া হয়েছে।

আজ বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার এক বর্ধিত সভায় অংশ নিয়ে এ সিদ্ধান্তের কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকেও তার পদ থেকে নেত্রী অব্যাহতি দিয়েছেন। আমি তার সঙ্গে কথা বলেছি, বিষয়টি তাকে জানিয়েছি।’

তিনি বলেন, ‘মূল দল বা সহযোগী সংগঠন কিংবা এমপি যে যত প্রভাবশালী নেতাই হোক না কেন, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তারা সবাই নজরদারিতে আছেন।’

সম্প্রতি রাজধানীর ক্যাসিনো কারবারে ওয়ান্ডারার্স ক্লাবের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমের শিরোনামে আসেন মোল্লা কাওসার।

গত সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে কাওসারসহ স্ত্রী পারভীন লুনা, মেয়ে নুজহাত নাদিয়া নীলা এবং তাদের প্রতিষ্ঠান ফাইন পাওয়ার সল্যুয়েশন লিমিটেডের ব্যাংক হিসাব জব্দ করে। এ কারণে সম্মেলনের আগেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হচ্ছে বলে সংগঠনের ভেতরে-বাইরে জোর গুঞ্জন শুরু হয়।

ফিটনেসবিহীন গাড়িতে জ্বালানি নয় : হাইকোর্ট

0

ফিটনেসবিহীন গাড়িতে তেল-গ্যাস-পেট্রোলসহ সব ধরনের জ্বালানি সরবরাহ বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

একই সঙ্গে ফিটনেসবিহীন প্রায় ৪ লাখ যানবাহনের ফিটনেস নবায়ন করতে আরও দুই মাস সময় দিয়েছেন আদালত।

আজ বুধবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক।

এর আগে প্রায় ৫ লাখ গাড়ির মধ্যে হাইকোর্টের বেধে দেওয়া দুই মাসের মধ্েয শুধু ৮৯ হাজার ২৬৯ গাড়ির ফিটনেস নবায়ন করা হয়েছে বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

গত ২৩ জুলাই এক আদেশে ঢাকাসহ সারাদেশে লাইসেন্স নিয়ে ফিটনেস নবায়ন না করা গাড়িগুলো দুই মাসের মধ্যে ফিটনেস নবায়ন করতে নির্দেশ দেন হাইকোর্ট ।

১ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এটি সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়।