Home Blog Page 3409

এমপিওভুক্ত হলো ২ হাজার ৭৩০ শিক্ষা প্রতিষ্ঠান

0

দীর্ঘ প্রতীক্ষার পর এমপিওভুক্ত হলো সারাদেশের বিভিন্ন পর্যায়ের ২ হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠান। গত ১ জুলাই অর্থাৎ অর্থবছরের শুরু থেকেই এ সিদ্ধান্ত কাযকর হবে।

আজ বুধবার গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

প্রধানমন্ত্রী বলেন, ‘নীতিমালার নির্দেশনা ও চাহিদা পূরণ করতে পারা ২ হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। এমপিওভুক্ত করা হয়েছে, এখন না পড়ালেও টাকা পাওয়া যাবে, শিক্ষকদের এমনটা ভাবার কোনো কারণ নেই। কারণ শিক্ষার মান ধরে রাখতে না পারলে এমপিওভুক্তি থেকে বাদ দেওয়া হবে। সবাইকে সেটা মনে রাখতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘নীতিমালা করা এবং সে অনুযায়ী স্কুলগুলোর যাচাই-বাছাই করতে কিছু সময় লেগেছে। যাচাই-বাছাই করে আমরা ২ হাজার ৭৩০ প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছি। আগামীতে যারা এমপিওভুক্ত হতে চান, তাদের অবশ্যই নীতিমালার নির্দেশনা পূরণ করতে হবে।’

তিনি বলেন, ‘কোথায় কোন শিক্ষা প্রতিষ্ঠান হবে, কীভাবে শিক্ষক নিয়োগ হবে, সেই পরিকল্পনা করেছি আমরা। এখন যত্রতত্র শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। কিন্তু সবগুলোর মান ভালো নয়। স্কুলগুলো যাতে তাদের মান ঠিক রাখে, তাই আমরা নীতিমালা তৈরি করেছি। এমপিওভুক্তির দাবিতে শিক্ষকরা আন্দোলনও করেছেন। আমরা বলেছিলাম সবই করব। আমরা সব করেছিও।’

তিনি আরও বলেন, ‘ইচ্ছে হলো কিংবা রেশারেশির বা রাজনৈতিক কারণে স্কুল তৈরি হয়। এমপিওভুক্ত বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির শিক্ষকদের টাকা প্রতিষ্ঠানে চলে যেত। আমরা ঠিক করলাম যার যার বেতন তার তার কাছে যাবে। পে-অর্ডারের মাধ্যমে টাকা পৌঁছে যাবে। এরপর মাসিকভিত্তিতে যখন টাকা পাঠালাম, তখন ৬০ হাজার শিক্ষককে আর পাওয়া গেল না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষাকে অধিক গুরুত্ব দিচ্ছি। তাই শিক্ষা খাতে বাজেটে বরাদ্দ সবচেয়ে বেশি দিয়েছি। স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাব তৈরি করে দিচ্ছি, যাতে আধুনিক শিক্ষা থেকে ছেলেমেয়েরা বঞ্চিত না হয়। অনলাইনে অনেকে চাকরি করতে পারছে। আমরা সেভাবে প্রশিক্ষণ দিচ্ছি। কওমি মাদ্রাসাগুলোতেও সনদের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সনদ না থাকাতে তারা কাজ পেতো না। প্রাতিষ্ঠানিক অনুমোদন প্রয়োজন ছিল। তারাও এদেশের সন্তান, তাদের কথাও চিন্তা করতে হবে।’

তিনি বলেন, কিছু জায়গা বিশেষ করে হাওর-বাঁওড়, পাহাড়, চর ও দুর্গম এলাকার কথা বিবেচনায় রাখা হয়েছে। সেখানে নীতিমালা কিছুটা শিথিল করে দেওয়া হয়। এসব জায়গায় আমরা আবাসিক স্কুল করে দিতে চাই। যাতে সেখানে থেকে শিশুরা লেখাপড়া করতে পারে।’

শিক্ষা মন্ত্রণালয় এবং এমপিওভুক্তির কাজের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুভেচ্ছা জানান তিনি।

সবশেষ ২০১০ সালে ১ হাজার ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছিল সরকার। এর পর দীর্ঘদিন এমপিওভুক্তি বন্ধ থাকায় আন্দোলন করে আসছিলেন শিক্ষক-কর্মচারীরা।

এমপিও বা মান্থলি পেমেন্ট অর্ডারের তালিকাভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা তাদের বেতনের একটি অংশ সরকার থেকে পান।

এসএসসি পাসে ৩১০ জন পাবে সরকারি চাকরি

0

স্থানীয় সরকার বিভাগের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে ০১টি পদে ৩১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: স্থানীয় সরকার বিভাগ

অধিদফতরের নাম: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর

পদের নাম: নলকূপ মেকানিক
পদসংখ্যা: ৩১০ জন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান
অভিজ্ঞতা: ০১ বছর
বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা

বয়স: ০১ নভেম্বর ২০১৯ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর

আবেদনের নিয়ম: আগ্রহীরা http://www.dphe.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: আবেদনকারীকে টেলিটক সিমের মাধ্যমে ৫৬ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের সময়: ২২ অক্টোবর ২০১৯ তারিখ সকাল ৯টা থেকে ১৫ নভেম্বর ২০১৯ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

দেশের প্রথম ডোমেইন মার্কেট প্লেস ডুডিয়াস

0

রাজধানীর কারওয়ান বাজারস্থ বিডিবিএল ভবনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করল দেশের প্রথম ডোমেইন অকশন ওয়েবসাইট ও ডোমেইন মার্কেট প্লেস ডুডিয়াস। দেশের শীর্ষস্থানীয় অনলাইন প্রফেশনাল ও উদ্যোক্তাদের নিয়ে ফেসবুকভিত্তিক ডোমেইন বেচাকেনা, অকশনের গ্রুপ ডোমেইন অকশন বাংলাদেশ আয়োজিত মিটআপে যাত্রা শুরুর ঘোষণা দেয় ডুডিয়াস।

ডুডিয়াস ডটকম দেশের ডোমেইন মার্কেট প্লেসে এক নতুন দিগন্তের সূচনা করবে বলে অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন।

ডুডিয়াসের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মেহেদী হাসান বলেন, এতদিন আমাদের দেশীয় ডোমেইন ব্যবসায়ীরা দেশীয় কোনো ডোমেইন মার্কেট প্লেস না থাকায় বাইরের ডোমেইন মার্কেট প্লেসসমূহে ডোমেইন বিক্রয় করে আসছিল। ডুডিয়াস তাদের জন্য দেশের মাটিতে ডোমেইন ব্যবসায়ের এক নতুন সময়ের সূচনা করবে বলে আশা রাখি। ডুডিয়াসে যে কেউ বিনামূল্যে ডোমেইন পার্কিং ও ডোমেইন অকশনে ডোমেইন বিক্রয় করতে পারবে।

তিনি আরও বলেন, ডুডিয়াস তার ব্যবহারকারীদের জন্য অনলাইন পেমেন্টসহ ডোমেইন বিক্রয়ের ক্ষেত্রে যে কোনো ধরনের জটিলতা নিরসনে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি ডুডিয়াসের হাত ধরেই বাংলাদেশে শুরু হওয়া ডোমেইন অকশন ও মার্কেট প্লেস ব্যবসা আরও বেশি সম্প্রসারিত হবে।

ঐক্যবদ্ধ না হলে সাংবাদিকদের অধিকার আদায় সম্ভব নয়: বিএমএসএফ

0

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সুনামগঞ্জের প্রবাসী ও শিল্পনগরী অধ্যুষিত ছাতক উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল ২০১৯ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে হলরুমে সংগঠনের ছাতক উপজেলা শাখার সাবেক সভাপতি ও কাউন্সিলের সমন্বয়ক শামিম আহমদ তালুকদারের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সাকির আমিনের যৌথ পরিচালনায় কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

কাউন্সিল পূর্ব আলোচনা সভায় বিএমএসএফ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সারাদেশে প্রতিনিয়ত সাংবাদিকদের উপর পেশাগত দায়িত্ব পালনকালে কিংবা সংবাদ প্রকাশের জের ধরে হামলা,মিথ্যা মামলা, হয়রানী ও নির্যাতন প্রতিরোধে সকল ভেদাভেদ ভুলে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ হতে হবে এ ছাড়া কোন বিকল্প নেই। ঐক্যবদ্ধ না হলে সাংবাদিকদের অধিকার ও দাবি আদায় সম্ভব নয়।

কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাবিব সরোয়ার আজাদ, ঢাকা জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বকর, ছাতক পৌর মহিলা কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএমএসএফ’ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক ফরিদ মিয়, সদস্য সচিব সিরাজুল ইসলাম শ্যামল, সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, কবি ও সাহিত্যিক এটি এম কয়েছ, সাংবাদিক আরিফুর রহমান মানিক, উসমান গনি, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ছাতক উপজেলা শাখার সহ সভাপতি মেহেদী হাসান সুহেল, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান খান যুগ্ম সম্পাদক ফজল উদ্দিন ফজল, সহ সাংগঠনিক সম্পাদক সাকের রহমান বাবুল, প্রচার সম্পাদক ছালেহ আহমদ রাসেল, দপ্তর সম্পাদক সাজু মিয়া প্রমুখ।

দ্বি-বার্ষিক কাউন্সিলে বিএমএসএফ ছাতক শাখার সদস্যদের ভোটে শামিম আহমদ তালুকদার সভাপতি, নুর উদ্দিনকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ফজল উদ্দিন নির্বাচিত হন।

খাবার স্যালাইনে ভুল পদ্ধতিতে হতে পারে শিশুর মৃত্যু

0

কিছুদিন আগে একজন ডাক্তার সাহেবের স্ট্যাটাস মারফত জানতে পারলাম তার কাছে আসা এক ছোট্ট শিশু মারা গেছে। কারণ কী? অনুসন্ধান করে জানা গেলো শিশুটির ডায়রিয়া হয়েছিল। মা ওরস্যালাইন খাবার যে নিয়মটি তা জানতেন না অথবা মানেননি। ফলে শিশুটির শরীরের লবণের মাত্রা ভীষণ রকমের বেড়ে যায় এবং অবধারিতভাবে মারা যায়। একটি ফুটফুটে শিশুর জীবনবাতি চিরতরে নিভে গেল।

একটা ছোট্ট শিশু পৃথিবীর কোনোকিছু বোঝে না, জানে না। তার লালন-পালনের সমস্ত দায়িত্ব পালন করে তার মা-বাবা। ফলে একজন মা কিংবা বাবার কিন্তু কিছু প্রিলিমিনারি জ্ঞান থাকা প্রয়োজন শিশুর লালন-পালন সম্পর্কে এবং অতি অবশ্যই শিশুর স্বাস্থ্য সম্পর্কে।

আমি কোনোভাবেই বলব না এই মায়ের ভালোবাসা, স্নেহ বা ডেডিকেশানের কোনো অভাব ছিল; তবে খুব সম্ভবত জ্ঞান বা সচেতনতার অভাব ছিল। যদিও জীবন-মৃত্যু সবকিছু আল্লাহর ইশারায় হয়, তবুও বোধহয় তিনি নিজেকে কিছুটা অপরাধী ভাববেন।

আসলে ঘটনাটি কী হয়েছে? সবার বোঝার জন্যে খুব সিম্পলিফাই করে বলা যাক। ওরাল রিহাইড্রেশান সল্টের (যাকে পানিতে মেশানোর পর আমরা স্যালাইন বলছি) মধ্যে থাকে লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, থাকে গ্লুকোজ এবং ট্রাইসোডিয়াম সাইট্রেট৷ নিয়ম হচ্ছে আমাদের যে স্যালাইনের প্যাকেটটি পাওয়া যায় তা হাফ লিটার পানির মধ্যে মিশিয়ে খাওয়তে হয়।

এখন কেউ যদি এর চেয়ে অল্প পানিতে স্যালাইন মিশিয়ে খাওয়ায় তাহলে কী হবে? শরীরে লবণের মাত্রা বেড়ে যাবে অনেক বেশি।

এর প্রভাবে কোষ থেকে পানি বেরিয়ে আসবে, বিশেষ করে ব্রেইনের। কোষগুলো নষ্ট হবে। এবং তা থেকে মৃত্যু হওয়া অস্বাভাবিক না৷ যেমনটি হয়েছে এই শিশুর ক্ষেত্রে। সোডিয়াম ক্লোরাইড রক্তে থাকার কথা ১৩৫-১৪৫ মিলিমোল/লিটার, সেখানে শিশুটির হয়ে গিয়েছিল ১৬৫ মিলিমোল/লিটার! তার মা না কি একটু একটু করে সল্ট নিয়ে একটু একটু করে পানিতে মেশাচ্ছিলেন৷ ফলে লবণ পানির যে রেশিওটি মেইন্টেইন করার কথা ছিল তা সম্ভব হয়নি।

প্রশ্ন : তাহলে স্যালাইন কীভাবে বানাতে হবে?

উত্তর : হাফ লিটার পানি নিতে হবে। সবচেয়ে ভালো হয় হাফ লিটারের একটা বোতল দিয়ে মেপে নিলে। এবার পুরো প্যাকেটটির সবটুকু ঢেলে দিয়ে মিশিয়ে নিতে হবে৷ এরপর পরিমাণমতো খাওয়াতে হবে।

প্রশ্ন : কী ধরনের পানির সঙ্গে মিশাবো? ডিসটিলড ওয়াটার না কি আমরা যে পানি খাই সেটা?

উত্তর : আমরা নিয়মিত যে পানি পান করি সেটাই ব্যবহার করব; ডিসটিলড ওয়াটার না। কারণ সে পানিতে বেশ কিছু মিনারেল আছে। ডায়রিয়ার সঙ্গে মিনারেল বেরিয়ে যায় শরীর থেকে।

প্রশ্ন : একটু একটু করে সল্ট পানির সাথে মেশালে হবে না?

উত্তর : না, হবে না। লবণের তুলনায় পানি কম-বেশি হয়ে উপরের কেইসের মতো ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। তাই পুরোটা একসাথেই বানাতে হবে।

প্রশ্ন : স্যালাইন বানিয়ে কতোক্ষণ রাখা যাবে?

উত্তর : ১২ ঘণ্টা পর্যন্ত খাওয়ানো যাবে।

প্রশ্ন : ১২ ঘণ্টা পর স্যালাইন রয়ে গেলে সেটা কী করব?

উত্তর : ফেলে দিতে হবে।

প্রশ্ন : টাকা দিয়ে কিনেছি নষ্ট কেন করব?

উত্তর : এটা নষ্ট করা না। এর মধ্যে গ্লুকোজ থাকে। যে পানিতে গ্লুকোজ থাকে তা জীবাণু বেড়ে ওঠার জন্যে বিপজ্জনকভাবে কাজ করে। আর ১২ ঘণ্টা পর সেখানে জীবাণুর সংক্রমণ হবার সম্ভাবনা খুব বেশি। এই স্যালাইন খাওয়ালে শরীরে জীবাণুর সংক্রমণ হতে পারে।

প্রশ্ন : গ্লুকোজ যখন খারাপই, তাহলে এখানে গ্লুকোজ দেবারই বা কী দরকার ছিল?

উত্তর : একটা মানুষের যখন বারবার লুজ স্টুল পাস হতে থাকে, সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। এই গ্লুকোজ তাকে এনার্জি দেয়। তাছাড়া ডায়রিয়ার সময় প্রচুর লবণ বেরিয়ে যায় শরীর থেকে, এখন স্যালাইনের মধ্যে যে লবণ (সোডিয়াম) থাকে তা কোষের ভেতরে ঢোকাতে গ্লুকোজের সহায়তা লাগে।

প্রশ্ন : এতো যখন ঝামেলা তো স্যালাইন বারবার খাওয়াবার দরকার কী? শুনেছি বাজারে ইমোটিল নামে একটা ওষুধ পাওয়া যায় সেটা খেলে না কি ডায়রিয়া বন্ধ হয়ে যায়? সেটা খাইয়ে দিই?

উত্তর : না। ২০ বারের বেশি ডায়রিয়া হলে চিকিৎসকরা এটা দিয়ে থাকেন। তাছাড়া এই ওষুধটার কিছু সমস্যা আছে। ডায়রিয়ার সঙ্গে শরীরের বিষাক্ত পদার্থ/জীবাণুগুলো বেরিয়ে যায়, এখন আমরা যদি এই ওষুধ দিই তাহলে স্টুল পাস হওয়াই বন্ধ হয়ে যাবে৷ ফলে সেগুলো শরীর থেকে বের হবে না, যা ক্ষতিকর। এছাড়া ছোট বাচ্চাদের ক্ষুদ্রান্ত্রের মুভমেন্ট বন্ধ করে দিয়ে ‘প্যারালাইটিক আইলিয়াস’-এর মতো ভয়াবহ অবস্থা করতে পারে।

আপনার চিকিৎসকের পরামর্শ নিন সবসময়। মনে রাখবেন আপনার চিকিৎসক আপনার আপনজন। কোনো চিকিৎসকই কোনোভাবেই চান না তার রোগী খারাপের দিকে যাক। এটা তার জন্যে গ্লানিকর। না জানা দোষের কিছু না, জানতে চেষ্টা না করা দোষের কিছু হবার সম্ভাবনা বেশি।

লেখক: ডা. মারুফ রায়হান খান

ময়মনসিংহ মেডিকেল কলেজে উচ্চতর ডিগ্রিতে অধ্যয়নরত

নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেব : সাকিব

0

১১ দফা দাবিতে আন্দোলন করছে দেশের ক্রিকেটাররা। তাদের দাবি না মানলে কোনো ধরনের খেলায় অংশগ্রহণ করবে না বলেও জানিয়েছে তারা।

এমতাবস্থায় জরুরি বৈঠকে বসে বিসিবি সভাপতি। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি ও আন্দোলনের যৌক্তিকতা খুঁজে পাননি বলে জানান। এছাড়া এ আন্দোলনকে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত বলেও উল্লেখ করেন তিনি।

এ ব্যাপারে টি-টুয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানের কাছে তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

মঙ্গলবার (২২ অক্টোবর) গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি করেছেন সাকিব। সেই অনুষ্ঠানেই এ কথা বলেন সাকিব।

অবেশষে ভেঙেই গেল সিদ্দিক-মিমের সংসার

0

অবেশষে অভিনেতা সিদ্দিকুর রহমানকে ডিভোর্স দিলেন মডেল ও অভিনেত্রী মারিয়া মিম। দুজনের সিদ্ধান্তেই বিবাহ বিচ্ছেদ হয়েছে বলে গণমাধ্যমে জানিয়েছেন মিম।

গত শনিবার ডিভোর্স পেপারে স্বাক্ষর করেন মিম। ২৩ অক্টোবর ডিভোর্স পেপার সিদ্দিকের হাতে পৌঁছাবে বলে জানান তিনি।

গত তিন মাস ধরে আলাদা ছিলেন অভিনেতা সিদ্দিক ও মারিয়া মিম। শোনা যাচ্ছিল ভাঙনের সুর।

পরিবারের সম্মতি নিয়ে ভালোবেসেই ঘর বেঁধেছিলেন দুজন। আট বছরের সংসারে তাদের একটি পুত্রসন্তানও রয়েছে।

সম্প্রতি মডেলিং করতে না দেয়ার অভিযোগে সিদ্দিককে ডিভোর্স দেবেন বলে জানান মারিয়া মিম। তবে সিদ্দিকও চাননি সংসার ছেড়ে মডেলিং করুক মিম।

২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে বিয়ে করেন সিদ্দিক। ২০১৩ সালের ২৫ জুন তারা পুত্রসন্তানের বাবা-মা হন।

মিম জানান, দাম্পত্য কলহের জেরে অনেক কিছুই তারা মানিয়ে নিতে পারছিলেন না। তিনি চান শোবিজে কাজ করতে। কিন্তু সিদ্দিকের এতে আপত্তি।

মিমের অভিযোগ, কিছু দিন আগেই একটি বিজ্ঞাপনে কাজ করার কথা থাকলেও বিজ্ঞাপনটির নির্মাতা রানা মাসুদকে সিদ্দিকই প্রভাবিত করেছেন তাকে বাদ দিয়ে অন্য কাউকে নেয়ার জন্য।

মিম বলেন, সিদ্দিক নিজেও একজন শোবিজের মানুষ। অভিনয় করে, মডেলিং করে। এতে আমার কোনো আপত্তি নেই। স্বামী হিসেবে ওর কাছে কোনো সহযোগিতা পাই না। সে জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি বিচ্ছেদের।

বর্তমানে একমাত্র পুত্র আরশ হোসেন তার বাবা সিদ্দিকের সঙ্গেই থাকছে। ডিভোর্সের পর নিজেকে শোবিজে ব্যস্ত রাখতে চান মিম।

রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিএনপির মশাল মিছিল

0

দুর্নীতির দায়ে সাজা পেয়ে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে ঝটিকা মশাল মিছিল বের করেছে বিএনপি। মাগরিবের নামাজের পর এলিফেন্ট রোডে ধানমণ্ডি থানা বিএনপি ও অঙ্গসংগঠনের দেড় শতাধিক নেতাকর্মীর মিছিলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

মশাল মিছিলটি সাইয়েন্স ল্যাবরেটরির মোড় থেকে শুরু হয়ে এলিফেন্ট রোডে বাটা মোড়ের কাছে এসে শেষ হয়।

এই মিছিলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য থানা বিএনপির সভাপতি শেখ রবিউল আলম রবিসহ স্থানীয় ছাত্রদল, য্বুদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা অংশ নেন।

মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘মিডনাইট নির্বাচনের অবৈধ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণভাবে বন্দি করে রেখেছে। বন্দি করার মধ্য তারা শুধু একজন নেত্রীকেই বন্দি করেনি, তারা গণতন্ত্রকে বন্দি করে রেখেছে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকেও তারা বন্দি করে রেখেছে।’

‘আমরা মনে করি, দেশনেত্রীর মুক্তির মধ্য দিয়েই কেবল গণতন্ত্র ফিরবে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব মজবুত হবে।আমরা অবিলম্বে দেশনেত্রী মুক্তির দাবি জানাচ্ছি।’

রিজভী গত দুই সপ্তাহ আগে নয়াপল্টনে ঢাকার কেরানীগগঞ্জ বিএনপি ও মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে মশাল মিছিল করেছিল।

অফলোড করে চারজনকে আটকঃ মানবপাচারের অভিযোগে বিমানকর্মী বরখাস্ত

0

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার কাজী গিয়াস উদ্দীনকে মানবপাচারের অভিযোগে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিমানের পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

বরখাস্তের অফিস আদেশে বলা হয়েছে, গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার কাজী গিয়াস উদ্দীনের সোমবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাগেজ সার্ভিস ইউনিটে ডিউটি ছিল। তবে তিনি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ভোর ৫টা ৪৪ মিনিট থেকে যাত্রী চেক-ইনের দায়িত্ব পালন করেন। সে সময় বিজি-০৮২ ফ্লাইটের যাত্রীদেরও চেক-ইন হচ্ছিল। পরে গিয়াস উদ্দীনের চেক-ইন করা চার যাত্রীকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সদস্যরা অফলোড করে আটক করেন।

আদেশে আরো বলা হয়, এ ঘটনায় বিমানের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হয়েছে। গিয়াস উদ্দীনের আচরণ বিমানের চাকরিবিধির পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধের শামিল। তাকে অসদাচরণের কারণে বিমান কর্মচারী প্রবিধানমালার ৫৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বরখাস্ত থাকা সময়ে তাকে বর্তমান ঠিকানায় অবস্থান করতে হবে। বর্তমান ঠিকানা পরিবর্তন করলে বিমান কর্তৃপক্ষকে তা জানাতে হবে। সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় তাকে প্রশাসন সেল ডিএ শাখায় দৈনিক হাজিরার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে সূত্র জানায়, মানবপাচারে সহায়তার জন্য কাজী গিয়াস উদ্দীন চেক-ইন কাউন্টারে ছিলেন। পরে তার চেক-ইন করানো চার যাত্রীকে অফলোড করা হয়। তাদের পাচারের চেষ্টা করা হচ্ছিল।

নারায়ণগঞ্জের এমপি নজরুল ইসলাম বাবুর সম্পদের হিসাব তলব

0

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বাবুর ব্যাংক হিসাবসহ সব সম্পদের তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে তার স্ত্রী সায়েমা আফরোজ ও তার মালিকানাধীন চার প্রতিষ্ঠানের সম্পদের তথ্যও তলব করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে সম্পদ বিবরণী জমা দেয়ার অনুরোধ করে মঙ্গলবার এনবিআর থেকে দেশের সব ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে-সূচনা ড্রাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড, স্টার ট্রেডিং কোম্পানি, বাবু এন্টারপ্রাইজ এবং সূচনা ড্রাইং প্রিন্টিং ওয়েভিং ইন্ডাট্রিজ।

এনবিআরের চিঠিতে নজরুল ইসলাম বাবুর পিতা ও মাতার নামসহ জাতীয় পরিচয়পত্রের নম্বর (১৯৬৭৬৭১০২৩১৫৪৯৩২৮) উল্লেখ করা হয়েছে। তিনটি পৃথক ঠিকানা দেয়া হয়েছে। এগুলো হল- ৮/১২, গুলিস্তান শপিং কমপ্লেক্স, ৮৮ শান্তিনগরের ২/৬০৪ ইস্টান পিয়ার এবং নারায়ণগঞ্জ আড়াইহাজারের বাজবি গ্রাম।

চিঠিতে বলা হয়, নজরুল ইসলাম বাবু, তার স্ত্রী ও পরিবারের সদস্য এবং মালিকানাধীন কোম্পানিগুলোর একক বা যৌথ নামে কোনো মেয়াদি আমানত হিসাব, যে কোনো ধরনের সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র বা অন্য কোনো ধরনের সেভিংস ইন্সট্রুমেন্ট, ইনভেস্টমেন্ট স্কিম, ডিপোজিট স্কিম বা অন্য যে কোনো ধরনের বা নামের হিসাব পরিচালিত অথবা রক্ষিত থাকলে ওই হিসাবের ২০১২ সালের ১ জুলাই থেকে হালনাগাদ বিবরণী ও ঋণের বিপরীতে রক্ষিত জামানতের বিবরণী পত্রপ্রাপ্তির সাতদিনের মধ্যে এনবিআরে জমা দিতে বলা হয়েছে।

নির্দিষ্ট সময়ের মধ্যে চাহিদা অনুযায়ী তথ্য জমা দিতে ব্যর্থ ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথাও বলেছে এনবিআর। আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ১২৪ (২) ধারা অনুযায়ী এককালীন ২৫ হাজার এবং পরবর্তী প্রতিদিনের জন্য ৫০০ টাকা করে জরিমানা আরোপ করা হবে। একইভাবে ১৬৪ (সিসি) ধারা অনুযায়ী, অর্থদণ্ড ও কারাদণ্ড আরোপের লক্ষ্যে ফৌজদারী কার্যক্রম গ্রহণের কথা বলেছে এনবিআর।

প্রসঙ্গত, নজরুল ইসলাম বাবু নির্বাচনী হলফনামায় মোট সম্পদ দেখিয়েছেন ৬ কোটি ৭৪ লাখ ৬৯ হাজার। বার্ষিক আয় ১৯ লাখ ৪০ হাজার এবং ব্যয় ১৭ লাখ টাকা।