Home Blog Page 3410

১১৫ কোটি টাকা ঋণ নিয়ে ভারতে পালালেন দম্পতি!

0

ব্যাংক থেকে ১১৫ কোটি টাকা ঋণ নিয়ে ভারতে পালিয়েছেন বলে গুঞ্জন উঠেছে নওগাঁ জেলার সদর থানায় এক দম্পতির বিরুদ্ধে।

গত ৯ অক্টোবর সাউথইস্ট ব্যাংকের নওগাঁ শাখার প্রধান কামারুজ্জামান সদর থানায় ওই দম্পত্তির বিরুদ্ধে এমনই একটি অভিযোগ করেছেন।

অভিযুক্তরা হলেন – নওগাঁ শহরের লিটন ব্রিজ মোড়ের বাসিন্দা গোপাল আগরওয়ালা (৫৬) এবং তার স্ত্রী দীপা আগরওয়ালা (৪৮)।

গোপাল আগরওয়ালা বগুড়ার জেএন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও তার স্ত্রী দীপা মেসার্স শুভ ফিড প্রসেসিংয়ের স্বত্বাধিকারী বলে জানা গেছে।

সাউথইস্ট ব্যাংকের নওগাঁ শাখার প্রধানের করা অভিযোগ সূত্রে জানা গেছে, গোপাল আগরওয়ালা ও তার স্ত্রী দীপা আগরওয়ালা সাউথইস্ট ব্যাংকের নওগাঁ শাখা থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ঋণ সুবিধার জন্য আবেদন করেন।

তাদের অর্জিত সম্পত্তির ভিত্তিতে ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকের নামে বিভিন্ন ধরনের ঋণ সুবিধা মঞ্জুর করে।

গোপাল আগরওয়ালাকে ৮৪ কোটি ১৩ লাখ ৮৮ হাজার টাকা এবং তার স্ত্রী দীপাকে ৩০ কোটি ৮০ লাখ ১৪ হাজারসহ মোট ১১৪ কোটি ৯৪ লাখ ২ হাজার টাকা প্রদান করে সাউথইস্ট ব্যাংকের নওগাঁ শাখা।

কিন্তু পরবর্তীতে তারা নির্ধারিত সময়ে ব্যাংককে ঋণ পরিশোধ না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে।

এ দম্পতির ব্যবসায়িক দিক বিবেচনা করে তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকাসহ গৃহীত ঋণের টাকা পরিশোধের সময় বাড়িয়ে দেয় ব্যাংক কর্তৃপক্ষ।

কিন্তু কয়েকদিন পরই তারা ব্যাংকের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে আত্মগোপনে চলে যায়।

ব্যাংক কর্তৃপক্ষ তাদের খোঁজে লোক পাঠালে তারা জানতে পারেন, ওই আগারওয়ালা দম্পতি ব্যাংকের ঋণ পরিশোধ না করে ভারতে অবস্থান করছেন।

এ তথ্য পাওয়ার পর গত ১৫ অক্টোবর বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা জগন্নাথনগর এলাকায় অবস্থিত গোপাল আগারওয়ালার জেএন ইন্ডাস্ট্রিজ লিমিটেডে সাউথইস্ট ব্যাংক নওগাঁ শাখার পক্ষ থেকে সম্পত্তির তফসিল উল্লেখ করে নোটিশ ঝোলানো হয়।

সেখানে উল্লেখ করা হয়েছে, মোট ৪৩৪ শতক জমিতে অবস্থি (১৩ দশমিক ১৫১ বিঘা) ইন্ডাস্ট্রির সব কার্যক্রম বন্ধ, ভেতরের সরঞ্জামগুলোতে মরিচা ধরা শুরু করেছে। গুদাম ঘরগুলো ফাঁকা রয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিনজন কর্মচারীকে দেখভালের জন্য রাখা হয়েছে। প্রতিষ্ঠানে যে ৪৫ জন কর্মচারী ছিল তাদের গত দুই মাস থেকে বেতন দেয়া হয়নি।

জেএন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভেতরে পূর্ব দিকে প্রায় ১ বিঘা জায়গার ওপর রয়েছে দীপা আগরওয়ালার মেসার্স শুভ ফিড প্রসেসিং। মূলত এটি একটি গুদামঘর। এটিও সম্পূর্ণ ফাঁকা রয়েছে। বাস্তবে এ নামের কম্পানির কোনো কার্যক্রম নেই। এখানে প্রয়োজনে কখনও কখনও জেএন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ধান রাখা হতো।

এমন প্রতিষ্ঠান দুটিকে কেন ১১৫ কোটি টাকা ঋণ দিল ব্যাংক তা বোধগম্য নয় স্থানীয় ও জেএন ইন্ডাস্ট্রিজের কর্মচারীদের।

বিমান নামে এক কর্মচারী বলেন, গত ১২ বছর থেকে এ প্রতিষ্ঠানে কাজ করে জীবিকা নির্বাহ করছি। কিন্তু তিন মাস আগে থেকে হঠাৎ করে প্রতিষ্ঠানের কার্যক্রম ধীরে ধীরে বন্ধ করে দেয়া হতে থাকে। মালিক এখানে আসা বন্ধ করে দেন। পরে আমরা জানতে পারি মালিক বাংলাদেশে ছেড়ে চলে গেছেন।

স্থানীয়রা জানান, এমন নাম সর্বস্ব প্রতিষ্ঠানকে ঋণ দেয়া মানেই এতে ঘাপলা রয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ যোগসাজশে মোটা অঙ্কের টাকা ঘুষ খেয়ে ওই প্রতিষ্ঠানের নামে প্রায় দেড়গুণ বেশি ঋণ দিয়েছে। আর সরকার ও জনসাধারণের টাকা আত্মসাত করে এ দম্পতি এখন ভারতে পালিয়েছেন।

এ বিষয়ে থানায় অভিযোগকারী সাউথইস্ট ব্যাংক লিমিটেড নওগাঁ শাখা প্রধান কামারুজ্জামান কোনো মন্তব্য করতে রাজি হননি।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ১১৫ কোটি টাকা ঋণ পরিশোধ না করে এক দম্পতির পলায়নের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে ওই দম্পতির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পেয়েছেন প্রতিবেদক।

ভোলায় সংঘর্ষঃ শহর জুড়ে কঠোর নিরাপত্তা, সভা-সমাবেশ নিষিদ্ধ

0

ভোলার বোরহানউদ্দিনে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় শহর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে সভা সমাবেশ।

এ দিকে ছয় দফা দাবি আদায়ে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ঘোষিত ৩ দিনের কর্মসূচিতে মঙ্গলবার (২২ অক্টোবর) প্রথম দিন কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিলের কথা থাকলেও পুলিশি বাধায় তা হয়নি। তবে ঐক্য পরিষদ বলছে পুলিশি বাধার মুখে তাদের সভা স্থগিত করা হয়েছে। সকালে সারাদেশের কর্মসূচি অনুযায়ী হেফাজত ইসলামের বিক্ষোভ মিছিল করার কথা থাকলেও পুলিশি বাধার কারণে তারাও বিক্ষোভ করতে পারেনি। কিন্তু ভোলা শহরে বিক্ষোভ মিছিল করতে না পারলেও জেলার দৌলতখান উপজেলায় বুকে কালো ব্যাচ ধারণ করে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা।

এলাকা ঘুরে দেখা যায়, হাটখোলা মসজিদ চত্বরে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে। শহর জুড়ে প্রশাসনের কঠোর নিরাপত্তা বলয়ও জোরদার করা হয়। শহরে প্রবেশ পথে যাত্রীদের চেক এবং জিজ্ঞাসাবাদ করা হয়। বোরহানউদ্দিনে এখনো পরিবেশ থমথমে। তবে সোমবারের তুলনায় দোকানপাট খোলা ছিল। বিদ্যালয়গুলোতে উপস্থিতি কম হলেও স্কুলে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা।

অপরদিকে সংঘর্ষের ঘটনার পর থেকে উপজেলা শহরগুলোর সঙ্গে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। তবে মঙ্গলবার সকাল থেকে বাসে যাত্রী পরিবহন শুরু হয়। দুপুরে শহরের কালিনাথ রায়ের বাজার এলাকা থেকে দুজনকে আটক করা হয়। তবে তাদের কী কারণে আটক করা হয়েছে তা নিশ্চিত করে বলেনি পুলিশ।

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে পুলিশ মোতায়েন রয়েছে। এর আগে সোমবার থেকেই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে জেলা প্রশাসন।

ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক জানান, সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। পুরো জেলার সার্বিক পরিস্থতি শান্ত রয়েছে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবীকে (সা.) কটূক্তির অভিযোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঈদগাহ মসজিদ চত্বরে তৌহিদী জনতার ব্যানারে গত রবিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডাকা হয়। এতে পুলিশের হস্তক্ষেপে সকালে কর্মসূচি শেষ হয়। এরপরই হঠাৎ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন স্থানীয়রা। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত শতাধিক মানুষ। ঘটনার পরদিন (সোমবার) অজ্ঞাতনামা পাঁচ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ।

চীন ও পাকিস্তানকে চাপে রাখতে সামরিক মহড়া শুরু করল ভারত

0

প্রতিবেশী চীন ও পাকিস্তানকে চাপে রাখতে সামরিক মহড়া শুরু করেছে ভারত। রাজস্থানের মরুভূমিতে ‘নেক্সট জেন’ মহড়া শুরু করেছে দেশটি।
জানা গেছে, মহড়ায় ৪০ হাজার সেনা অংশ নিচ্ছে । একাধিক শক্তিশালী যুদ্ধবিমান, বিভিন্ন কমব্যাট ফোর্স, চপার, কামান, ট্যাঙ্ক, লেজার প্রযুক্তি ব্যবহার করে বোমা নিক্ষেপ, রকেট ছোড়া সবই দেখা গেল মহড়ায়।
এই সামরিক মহড়ার নাম ‘সিন্ধু সুদর্শন’। ভারতীয় সেনাবাহিনীর ‘সুদর্শন চক্র কর্পস’ মূলত এই মহড়ায় অংশ নিয়েছিল। পাঁচ ডিসেম্বর পর্যন্ত এই মহড়া চলবে। পুরো প্রক্রিয়াটি পর্যালোচনা করবেন ভারতীয় সেনাবাহিনীর সাদার্ন কমান্ডের বর্তমান জিওসি-ইন-সি, লেফটেন্যান্ট জেনারেল এস কে সাইনি। অনেকে তাঁকে সম্ভাব্য পরবর্তী সেনাপ্রধান হিসাবে মনে করছেন।
বিএম-২১ গ্রাদ। সোভিয়েত রাশিয়ায় তৈরি ট্রাকবাহিত ১২২ এমএম মাল্টিপল রকেট লঞ্চার ব্যবহার করে মাত্র ২০ সেকেন্ডে পরপর ৪০টি রকেট ছোঁড়ে ভারতীয় সেনা।
একসঙ্গে বা আলাদাভাবেও রকেটগুলি নিক্ষেপ করা যায়। ভবিষ্যতে যুদ্ধ হলে বিভিন্ন বাহিনী কীভাবে সংহত হয়ে লড়াই করবে, তারই অভ্যাস শুরু হয়েছে পোখরানে।
ভারতীয় সেনা সূত্রে খবর, যুদ্ধে শত্রু সীমান্তের গভীরে কীভাবে স্থল ও আকাশপথে যুগপৎ হামলা চালানো হবে, বাহিনীর সেই শক্তি এবার পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে মূল লক্ষ্য পশ্চিম সীমান্ত। ‘নেক্সট জেন’ সামরিক অস্ত্রভাণ্ডার গড়ে তোলা নিয়ে চীনের সঙ্গেও ভারতের ঠান্ডা যুদ্ধ লেগেই আছে। তাই নয়াদিল্লি উভয় দেশকেই বার্তা দেওয়ার চেষ্টা করল বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
রাশিয়ার সঙ্গে যৌথভাবে তৈরি সুপারসনিক প্রযুক্তির ব্রহ্মস ক্ষেপণাস্ত্র রয়েছে ভারতের প্রতিরক্ষা ভাণ্ডারে। আরও উন্নত ও দ্রুতগতির হাইপারসনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরির প্রক্রিয়াও শুরু করেছে ভারত।
প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে ইন্টার কন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল (আইসিএমবি) -এর চেয়েও দ্রুতগামী হাইপারসনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চলছে। অপারেশন ‘সুদর্শন শক্তি’ এই ক্ষেপণাস্ত্র পরীক্ষারই অন্যতম অঙ্গ।
এই মহড়ায় স্থলসেনার ২১ স্ট্রাইক কোরের (সুদর্শন শক্তি) প্রয়োগ করা হয়েছে। পোখরানের ফিল্ড ফায়ারিং রেঞ্জের ১২২ মিটারের মধ্যে এই মহড়ায় অংশ নিয়েছে বোফর্স কামান, চপার, মাল্টি ব্যারেল রকেট-লঞ্চার। বায়ুসেনার জাগুয়ার ও মিগ-২১ ফাইটার জেট, আইএল ৭৮, হারকিউলিস, এএন-৩২ বিমানও অংশগ্রহণ করে অপারেশন ‘সিন্ধু সুদর্শন’-এ।
রাজস্থানের মরুভূমির মাঝে পোখরানে ১৯৯৮-এর মে মাসে ভারত পরমাণু বোমা ফাটিয়েছিল। ‘অপারেশন শক্তি’ কাঁপিয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। তারও কয়েক বছর আগে থেকে পোখরানে সামরিক মহড়া শুরু হয়ে যায়।
সম্প্রতি পুলওয়ামার জঙ্গি হামলার পর বদলা নেওয়ার প্রবল দাবির মধ্যেই পোখরানের আকাশে ওড়ে দেশের একাধিক শক্তিশালী যুদ্ধবিমান। লেজার প্রযুক্তির সাহায্যে বোমা নিক্ষেপ, রকেট লঞ্চারের ব্যবহার করা হয় সেই মহড়ায়। মিগ-২১, মিগ-২৭, মিগ-২৯, মিরাজ ২০০০-সহ ১৪০টি ফাইটার জেট, বেশ কিছু হেলিকপ্টার শক্তি প্রদর্শন করে। জাগুয়ার, মিগ ২১ বাইসন, আইএল ৭৮, হারকিউলিস, এএন-৩২ বিমানও অংশ নিয়েছে সামরিক অনুশীলনে।
সূত্র : সংবাদ প্রতিদিন

কাশ্মীরিদের পাশেই থাকবেন মাহাথির

0

সম্প্রতি জাতিসংঘ অধিবেশনে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের তীব্র সমালোচনা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এই প্রেক্ষিতে মালয়েশিয়া থেকে পাম তেল আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারতের ভোজ্য তেল ব্যবসায়ীদের শীর্ষ একটি সংগঠন।
এদিকে, মঙ্গলবার মাহাথির মোহাম্মদ জানান, ভারত মালয়েশিয়া থেকে পাম ওয়েল কেনা বন্ধ করে দিলেও কাশ্মীর ইস্যুতে নিজের বক্তব্য থেকে সরে আসবেন না তিনি।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি।
মাহাথির মোহাম্মদ বলেছেন, তেল আমদানি বন্ধ রাখলেও কাশ্মিরের পাশেই থাকবে মালয়েশিয়া।
ভারতের ভোজ্য তেল ব্যবসায়ীদের সংগঠন এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এসইএআই) মালয়েশিয়া থেকে পাম ওয়েল কেনা বন্ধ করতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছে।
সংগঠনটি জানিয়েছে, কাশ্মীর ইস্যুতে মালয়েশিয়া দিল্লির সমালোচনা করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মাহাথির বলেছিলেন, জাতিসংঘ সনদকে উপেক্ষা করে জম্মু-কাশ্মীরকে অধিগ্রহণ করা হয়েছে।
এদিকে, মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেন, জাতিসংঘের প্রস্তাবের সুফল কাশ্মীরের মানুষ পেয়েছে বলে আমরা মনে করি ।
মাহাথির মোহাম্মদ জানান, তিনি মানুষের পক্ষে কথা বলা থামাবেন না।
তিনি বলেন, কোনও কোনও সময় আমরা যা বলি তা কেউ কেউ পছন্দ করে, আর অন্যরা পছন্দ করে না।
সূত্র : ইন্ডিয়া টুডে

রাঙামাটিতে সাবেক ইউপি চেয়ারম্যানকে অপহরণের পর গুলি করে হত্যা

0

মঙ্গলবার বিকেলে অপহৃত হওয়ার পর বুধবার সকালেই গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া গেছে রাঙামাটির রাজস্থলী উপজেলার সাবেক এক ইউপি চেয়ারম্যানের।
উপজেলা বিএনপির সহসভাপতির দায়িত্ব পালনকারী দীপুময় তালুকদার (৪৫) নামের এই সাবেক ইউপি চেয়ারম্যানকে গতকাল একদল অজ্ঞাতপরিচয় লোক অপকরণ করে নিয়ে যাওয়ার পর আজ সকালে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের জিরোমাইল এলাকায় গুলিবিদ্ধ মৃত অববস্থায় পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মফজল আহমেদ।
তিনি আরো জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে নিহতের পারিবারের পক্ষ থেকে মৌখিকভাবে অপহরণের অভিযোগ করা হয় আমাদের। আমরাও বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিচ্ছিলাম। তারই মধ্যে আজ তার লাশ পাওয়া গেল।
‘দীপুময় তালুকদারকে কারা হত্যা করেছে তা এখনো বিষয়টি নিশ্চিত নয়’ বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
দুই মেয়াদে ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালনকারি দীপুময় রাজস্থলী উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি ও জেলা বিএনপির সদস্য।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ আলম জারিয়েছেন, নিহত দীপুময় তালুকদার নিজের ঠিকাদারি কাজ শেষে ফেরার পথে চারজন অস্ত্রধারী তাকে অপহরণ করে নিয়ে গেছে বলে গতকালই জেনেছিলাম আমরা। আজ তার লাশ মিলল। কিন্তু কারা হত্যা করেছে এখনো জানতে পারিনি। ’
এই ঘটনার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে তিনি বলেছেন, এই বিষয়ে জরুরী বৈঠক ডেকে বিএনপির কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেয়া হবে।

র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে যুবক নিহত

0

চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নাজির আহমেদ সুমন (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। আজ বুধবার ভোরে সাড়ে ৪টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
র্যাবের দাবি, নিহত সুমন ছিনতাইকারী দলের প্রধান এবং তিনি চিকিৎসক শাহ আলম হত্যায় জড়িত। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ দুইটি আগ্নেয়াস্ত্র এবং ২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে র্যাবের পক্ষ থেকে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুনের ভাষ্যমতে, সীতাকুণ্ড থানার উত্তর বাঁশবাড়িয়া এলাকায় র্যাব- ৭ এর টহলদলের সঙ্গে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়। এতে চাঞ্চল্যকর ডা. শাহ আলম হত্যাকাণ্ডে জড়িত ছিনতাইকারী দলের প্রধান নাজির আহমেদ নিহত হন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ দুটি অস্ত্র ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গত শুক্রবার (১৮ অক্টোবর) সকালে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটঘর এলাকায় মহাসড়কের পাশ থেকে চিকিৎসক শাহ আলমের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রথমে পরিচয় পাওয়া না গেলেও পরে মৃতদেহটি চিকিৎসক মো. শাহ আলমের (৫৫) বলে নিশ্চিত হয় পুলিশ।
র্যাব জানায়, চিকিৎসক শাহ আলম কুমিরায় ‘গরিবের ডাক্তার’ নামে পরিচিত ছিলেন। সৌদি আরবের মদিনা হাসপাতালের চাকরি ছেড়ে তিনি দেশে এসে কুমিরায় হাসপাতাল তৈরি করে রোগীদের সেবা দিতেন।
শাহ আলমের মৃতদেহ উদ্ধারের চার দিন পর ফারুক নামে এক লেগুনা চালককে গ্রেপ্তারের পর এ হত্যার রহস্য প্রকাশ পায়।
ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে এএসপি কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, চিকিৎসক শাহ আলম বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ চেম্বার থেকে বের হয়ে নগরীর চান্দগাঁওয়ে বাসার উদ্দেশে রওনা দেন। তিনি ছোট কুমিরা এলাকায় বিন মনসুর পরিবহন নামে একটি লেগুনায় ওঠেন। গাড়িটি কে-বাই এলাকায় গেলে আরও দুইজন ওঠেন লেগুনাটিতে।
রয়েল গেইট এলাকায় আসার পর লেগুনায় থাকা অপর চারজন চিকিৎসক শাহ আলমের কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে তারা শাহ আলমকে মারধর ও ছুরিকাঘাত করে গাড়ি থেকে রাস্তার পাশে ফেলে দেয়। শুক্রবার সকালে কুমিরার ঘাটঘর এলাকায় মহাসড়কের পাশ থেকে শাহ আলমের মৃতদেহ উদ্ধার করা হয়।

ন্যাম সম্মেলনে যোগ দিতে আগামীকাল আজারবাইজানে যাচ্ছেন প্রধানমন্ত্রী

0

১৮তম জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার চারদিনের সরকারি সফরে আজারবাইজানের রাজধানী বাকুর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ন্যাম হলো ১২০টি উন্নয়নশীল দেশের ফোরাম।
সংস্থাটির দুইদিনের সম্মেলন ২৫ ও ২৬ অক্টোবর আজারবাইজানের বাকুর কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত হবে।
অন্যান্য সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্র প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যাম সম্মেলনে যোগ দিবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
আগামীকাল বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান বাকুর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

মেননের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা, ব্যাংক হিসাব তলব

0

ক্যাসিনো বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট।

একই সাথে রাশেদ খান মেননের আয়কর হিসাব এবং তার সম্পত্তির বিবরণী রাজস্ব বিভাগ থেকে চাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, রাশেদ খান মেননের বিরুদ্ধে ক্যাসিনোর টাকা নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। ক্যাসিনো বাণিজ্যের অন্যতম হোতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট রিমান্ডে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তিনি রাশেদ খান মেননকে প্রতি মাসে টাকা দিতেন।

এ কারণেই রাশেদ খান মেননের সম্পদের হিসাব তলব করা হচ্ছে। একই সাথে তার বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য সুপারিশ করেছে আইনপ্রয়োগকারী সংস্থা।

কারণ তারা মনে করছে, যেকোনো সময় রাশেদ খান মেননকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। তিনি যেন দেশ থেকে পালিয়ে না যান সেজন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্তকারী কর্মকার্তারা অনুরোধ জানিয়েছেন।

মনে হয় পাপন রাজা সবাই প্রজা: সাবের হোসেন

0

পারিশ্রমিক বাড়ানোসহ ১১ দফা দাবিতে আন্দোলন করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। দাবি-দাওয়া না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন তারা। এতে শঙ্কায় পড়েছে জাতীয় দলের ভারত সফর। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটও স্থবির হয়ে গেছে।

সাকিব-তামিমদের এমন অবস্থানের পরিপ্রেক্ষিতে হার্ডলাইনে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের দাবিকে স্রেফ উড়িয়ে দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণও করে বসেছেন তিনি।

পাপনের এ আচরণকে ঔদ্ধত্য বলে মনে করছেন সাবেক বিসিবি প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, এটি পাপনের ইগো সমস্যা। এটি হচ্ছে আমি রাজা, সবাই প্রজা। সমস্যা সমাধানের জন্য আমার কাছে সবাইকে আসতে হবে।

আমি মনে করি, এটি অপরিপক্ব নিয়ম। মনে হচ্ছে, বোর্ডে একজন না এলে পুরো ক্রিকেটটাই বন্ধ হয়ে যাবে। এটি অবিশ্বাসযোগ্য। এ রকম ইগো নিয়ে থাকলে অচলাবস্থা কাটবে না।

উদ্ভূত সমস্যা সমাধানের পথও বাতলে দিয়েছেন সাবের হোসেন। তিনি বলেন, পাপন সাহেবকে আমি বলব- ক্রিকেটারদের চায়ের দাওয়াত দিন। তাদের সঙ্গে আলোচনায় বসুন। কথা বলুন। ইগো বাদ দিন।

সে আমার দিকে তাকায়নি কেন? তার সঙ্গে কথা বলব না- এমন চিন্তাভাবনা নিয়ে বোর্ডের দায়িত্ব পালন করা যায় না। বোর্ড দেশের ক্রিকেটের অভিভাবক।

তাদেরই এগিয়ে এসে সমস্যার সমাধান করতে হবে। সংসারে সন্তান দোষ করতেই পারে। সেটি দেখে বাবা যদি বলে তুমি ভুল করেছ, তোমার সঙ্গে আর কথা বলব না। এটি কি কোনো দায়িত্বপূর্ণ কথা হবে?

কবি জীবনানন্দ দাশের ৬৫তম মৃত্যুবার্ষিকী আজ

0

কবি জীবনানন্দ দাশের ৬৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় ট্রাম দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তিনি বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিকতম বাঙালি কবি। তাকে বাংলা ভাষার শুদ্ধতম কবি বলা হয়ে থাকে।
১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি জন্ম নেওয়া এই কবির বাবা সত্যানন্দ দাশ ছিলেন শিক্ষক। মা ছিলেন কবি কুসুম কুমারী দাশ। সংসারের কাজের ফাঁকে ফাঁকে তিনি কবিতা লিখতেন। মায়ের কাছ থেকেই সাহিত্যচর্চা ও কবিতা লেখার প্রেরণা পান জীবনানন্দ দাশ।
ধারণা করা হয়, তার কাব্যচর্চা শুরু অল্প বয়স থেকেই। বাংলাদেশের রাজনৈতিক-সাংস্কৃতিক প্রেক্ষাপটে জীবনানন্দের কবিতার ভূমিকা ঐতিহাসিক। ষাটের দশকে বাঙালির জাতিসত্তা বিকাশের আন্দোলনে এবং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে সংগ্রামী বাঙালি জনতাকে তার রূপসী বাংলা তীব্রভাবে অনুপ্রাণিত করে।
মূলত কবি হলেও তিনি অসংখ্য ছোট গল্প, কয়েকটি উপন্যাস ও প্রবন্ধগ্রন্থ রচনা করেন। তার প্রথম কবিতা ‘বর্ষা আবাহন’ প্রকাশিত হয় ব্রহ্মবাদী পত্রিকায়। প্রথম কাব্যগ্রন্থ ‘ঝরাপালক’ প্রকাশিত হয় ১৯২৭ সালে।
জীবনানন্দের কাব্যগ্রন্থগুলোর মধ্যে ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা ইত্যাদি উল্লেখযোগ্য।
জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ কাব্যগ্রন্থ নিখিলবঙ্গ রবীন্দ্রসাহিত্য সম্মেলনে পুরস্কৃত হয়। জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটিও ভারত সরকারের সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করে।