Home Blog Page 3411

‘এসপি সাহেব বললেন, স্যার আমাদের বাঁচান’

0

বাংলাদেশের ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষে চারজন নিহত হবার পর এখনো ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ বলছে, ফেসবুকে নবী মোহাম্মদকে (সা.) কটুক্তি করে এক হিন্দু ব্যক্তির মন্তব্যের জের ধরে গত তিনদিন ধরে বোরহানউদ্দিন উপজেলায় বিক্ষোভ চলছিল।

কিন্তু এ বিক্ষোভ কীভাবে পুলিশের ওপর সহিংস আক্রমণে পরিণত হলো – তার এক নাটকীয় বর্ণনা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল।

আজম বিবিসি বাংলাকে বলেছেন, কয়েকদিন আগে থেকে ঢাকায় থাকলেও – ওই ফেসবুক পোস্ট নিয়ে বোরহানউদ্দিনে পরিস্থিতি যে উত্তপ্ত হচ্ছে তিনি তার সব খবরই ফোনে পাচ্ছিলেন, এবং প্রশাসনকে আলেম-ওলামাদের সাথে বৈঠক করারও নির্দেশ দেন।

কিন্তু তার পরদিন রোববার ঈদগাহ ময়দানে “তৌহিদী জনতা’ নামের একটি ব্যানারে কয়েক হাজার মানুষ ওই মন্তব্যকারীর বিচারের দাবিতে সমাবেশ করে এবং এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। জনতার ক্ষোভের মুখে পুলিশ অবরুদ্ধ হয়ে পড়ার খবর জেনেই দ্রুত হেলিকপ্টারে ভোলায় ফিরে আসেন এমপি আলী আজম মুকুল।

কিন্তু তার মধ্যেই পুলিশের গুলিবর্ষণের ঘটনা ঘটে যায়, যাতে চারজন নিহত হয়, আহত হন পুলিশসহ অর্ধশত মানুষ।

ঘটনার সূত্রপাত যেভাবে

বিপ্লব চন্দ্র শুভ নামে স্থানীয় এক ব্যক্তির নামে করা একটি ফেসবুক পোস্ট থেকে ঘটনার সূত্রপাত – যাতে ইসলামের নবী মোহাম্মদের নামে কটুক্তি করা হয়।

বিবিসি বাংলাকে সাংসদ আলী আজম বলেন, বিপ্লব চন্দ্র শুভ তাৎক্ষণিকভাবে থানায় এসে জানান যে তার ফেসবুক আইডি হ্যাকিং করা হয়েছে, এবং তিনি একটি জিডি এন্ট্রি করেন।

“জিডি করার পর তার মোবাইলে একটা ফোন আসে।”

“ওপাশ থেকে একজন বলে যে ‘আমি গাজীপুর থানার ওসি বলছি, তোমার মোবাইল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা জিনিস ছড়িয়ে পড়েছে, এটা আমি মুছে দিতে পারি – তুমি আমাকে ২ হাজার টাকা দাও।”

“ব্যাপারটা আমার নজরে আনা হলে আমি ভোলার পুলিশ সুপারকে এবং আমার নির্বাচনী এলাকা বোরহানউদ্দিনের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেই দ্রুত এ ঘটনার নিরসন করার জন্য।”

সাংসদ আলী আজম জানান, কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেন এবং বিপ্লব চন্দ্র শুভকেও থানায় রাখা হয়।

“পাশাপাশি যে মোবাইল থেকে ওই কলটি এসেছিল – আমরা মোবাইল ট্র্যাকিং করে জানতে পারি সে পটুয়াখালীর কলাপাড়ার একটি ছেলে। তাকেও সেখান থেকে আনা হয়।

“পটুয়াখালীর এ ব্যক্তি আবার মোবাইল সিমটি নিয়েছিলেন বোরহানউদ্দিনের একজনের কাছ থেকে। তাকেও আমরা থানা হেফাজতে এনেছি।”

“রোববারের গুলিবর্ষণের আগের দিন – অর্থাৎ শনিবার রাতে – এখানে স্থানীয় আলেম-ওলামারা ‘তৌহিদি জনতা’-র ব্যানারে একটি সমাবেশ ডাকেন। এতে যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদের সাথে জেলা প্রশাসক, পুলিশ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য লোকদের নিয়ে একটি মিটিং করা হয়।”

“এতে সবাইকে অবহিত করা হয় যে বিপ্লব চন্দ্র শুভ এবং পটুয়াখালী থেকে এ্যারেস্ট করে আনা ব্যক্তি – যে আইডি হ্যাকিং করেছে বলে আমরা সন্দেহ করছি – তারা কর্তৃপক্ষের হেফাজতে আছে।”

“এতে তারা সন্তুষ্ট হয়ে ডিসি সাহেবের কাছে একটি স্মারকলিপি দেন। তারা থানায় প্রতিশ্রুতি দিয়ে যান যে রোববারের সমাবেশটি আর হবে না।”

“আমি তখন ঢাকায় ছিলাম, তবে আমার নির্দেশেই মিটিং হয়। মিটিং শেষে সবার সাথে আমি নিজে ফোনে কথা বলি।”

বোরহানউদ্দিনের এসপি বললেন এমপিকে – “স্যার আমাদের বাঁচান।”

সংসদ সদস্য আলী আজম মুকুল জানান, তিনি তখন ঢাকায় থাকলেও বোরহানউদ্দিনে সব পক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন।

তিনি বলছিলেন, রোববার পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলে তিনি বুঝতে পারেন যে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে।

“জেলার পুলিশ সুপার – উনি ফোন রেখে দেবার আগে আমাকে শেষ কথাটা বলেন, ‘স্যার আমাদেরকে বাঁচান। আমরা মসজিদের দোতলায় ইমামের রুমে অবরুদ্ধ আছি, আমাদেরকে বাঁচান,’ তার উক্তি ছিল এটাই।”

“তখনই আমার মনে হলো যে এ মুহূর্তেই আমার ভোলা যাওয়া দরকার। সাথে সাথেই আমি হেলিকপ্টারযোগে ভোলা চলে আসি। দ্রুত আসার জন্য এ ছাড়া আমার উপায় ছিল না।”

তাহলে পরদিন পরিস্থিতি এত সহিংস হয়ে উঠলো কীভাবে?

সংসদ সদস্য আলী আজম বলছিলেন, “আলেম-ওলামারা থানায় প্রতিশ্রুতি দিয়ে যান যে রোববারের সমাবেশটি আর হবে না। কিন্তু সকাল দশটার সময় ঈদগাহ মাঠে লোকজন জড়ো হতে থাকে।”

“এতে ‘তৌহিদি জনতা’র ব্যানারে যে ইমাম সাহেবরা ছিলেন তারা এবং এসপি, এডিশনাল ডিআইজি সাহেবরা বক্তব্য দেন, মোনাজাতও করেন।”

“এর পর যখন তারা চলে যাবেন তখন ঈদগাহের উত্তর দিকে মাইনকার হাট এবং দক্ষিণ দিকে দেউলা শার্শা থেকে দুটি মিছিল আসে। তারা বিপ্লব চন্দ্র শুভর ফাঁসি দাবি করে এবং সাথে সাথেই প্রশাসনের ওপর চড়াও হয়” – বলছিলেন সাংসদ আলী আজম।

“এক পর্যায়ে প্রশাসনের লোকেরা আত্মরক্ষার জন্য দৌড়িয়ে ইমাম সাহেবের রুমে ঢোকে। তার পরের ঘটনার একটি ভিডিও ফুটেজে আমি দেখেছি যে আলেম সমাজের নেতৃবৃন্দ মানুষকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন।”

“কিন্তু এখানে মুসলিম উম্মাহ ধর্মীয় অনুভুতিতে আঘাতের প্রপাগান্ডা ছড়ানো হয়েছে তাই আলেম সমাজের পাশাপাশি আমজনতাও জড়িয়ে গেছেন। তবে আলেমরা তাদের থামানোর চেষ্টা করেছেন।”

কিন্তু পুলিশের ওপর আক্রমণ হলো কেন?

এ প্রশ্নের জবাবে সাংসদ আলী আজম বলেন, “এটা আমি এ মুহূর্তে ব্যাখ্যা দিতে পারবো না।”

“ভিডিও ফুটেজ আছে, তার বিচার বিশ্লেষণ করে পরে আমরা এ ব্যাখ্যা দিতে পারবো যে কে বা কারা এ ঘটনার সাথে জড়িত।”

“পিছন থেকে কেউ উস্কানি দিয়ে থাকলে সেটাও বেরিয়ে আসবে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে” – বলেন সংসদ সদস্য আলী আজম।

বসল পদ্মা সেতুর ১৫তম স্প্যান

0

পদ্মা সেতুর ১৫তম স্প্যান ‘৪-ই’ আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা পোনে ১২টার দিকে বসানো হয়েছে। জাজিরা প্রান্তের ২৩ ও ২৪ নম্বর পিলারের ওপর এটি সফলভাবে স্থাপন করা হয়। এর মাধ্যমে সেতুর ২২৫০ মিটার এখন দৃশ্যমান। নাব্যতা সংকট মোকাবেলা করে অবশেষে কয়েকদিনের চেষ্টায় এটি স্থাপনে আসলো সফলতা।

১৪তম স্প্যান বসানোর তিন মাস ২৩ দিনের মাথায় স্থায়ীভাবে বসলো এই পঞ্চদশ স্প্যানটি। একের পর এক স্প্যান বসিয়ে দৈর্ঘ্য বেড়ে চলেছে পদ্মা সেতুর। গাড়ি ও ট্রেনে চড়ে পদ্মা পাড়ি এখন ধীরে ধীরে বাস্তবে রূপ নেওয়ার পথে। রাজধানী ঢাকা ও এর আশপাশের অঞ্চল থেকে পদ্মা নদী পাড়ি দিয়ে দক্ষিণাঞ্চলে যাওয়ার স্বপ্ন বাস্তবে রূপ নেবে আর ২৬টি স্প্যান বসলেই।

মঙ্গলবার সকাল থেকেই স্প্যান বসানোর কার্যক্রম শুরু হয়। ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যে আর তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি বহন করে তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার ‘তিয়ান ই’ ভাসমান ক্রেন। পদ্মা সেতুর দায়িত্বরত প্রকৌশলীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৩ ও ২৪ নম্বর পিলারের মধ্যবর্তী সুবিধাজনক স্থানে এনে ভাসমান ক্রেনটিকে নোঙর করা হয়। এরপর পজিশনিং করে ইঞ্চি ইঞ্চি মেপে স্প্যানটিকে তোলা হয় পিলারের উচ্চতায়। রাখা হয় দুই পিলারের বেয়ারিংয়ের ওপর। স্প্যান বসানোর জন্য উপযোগী সময় এবং সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রকৌশলীরা স্প্যানটি বসাতে সক্ষম হন।

সূত্র আরো জানায়, বর্ষা মৌসুম ও নাব্যতা সংকটের কারণে তিন মাসের বেশি সময় ধরে পদ্মা সেতুতে কোনো স্প্যান বসানো সম্ভব হয়নি। ড্রেজিং করেও অনুকূল পরিবেশ তৈরি করা যাচ্ছিল না। কয়েকদিন আগে স্প্যান বসানোর কার্যক্রম শুরু হলেও বাধা হয়ে দাঁড়ায় নাব্যতা সংকট। ড্রেজিং করে পলি অপসারণ করেও অনুকূল পরিবেশ তৈরি করা সম্ভব হচ্ছিল না। পলি অপসারণ করার ১-২ ঘণ্টা পরই আবার আগের অবস্থায় ফিরে আসছিল নদীর তলদেশ। অবশেষে নানা বাধা বিপত্তি পেরিয়ে স্প্যানটি বসানো সম্ভব হয়।

এর আগে গতকাল সোমবার সকালে জাজিরা প্রান্তের চর এলাকা থেকে ‘৪-ই’ স্প্যানটিকে ভাসমান ক্রেনের মাধ্যমে ২৮ ও ২৯ নম্বর পিলারের সামনে নোঙর করে রাখা হয়।

পদ্মা সেতুর প্রকৌশল সূত্রে জানা যায়, এরইমধ্যে পদ্মাসেতুর আরও পাঁচটি স্প্যান প্রস্তুত। কিন্তু নাব্যতা সংকটের কারণে স্প্যানগুলো বসাতে দেরি হচ্ছে। সেতুর ১৯, ২০, ২১, ২২, ২৩ নম্বর পিলারের ওপর চারটি স্প্যান বসানোর পরিকল্পনা আছে চলতি বছরের মধ্যে। সর্বশেষ ২৯ জুন মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ১৫ ও ১৬ নম্বর পিলারের ওপর বসে চতুর্দশ স্প্যান ‘৩ সি’।

জানা যায়, মূল সেতুর বাস্তবায়নের অগ্রগতি ৮৪ ভাগ এবং আর্থিক অগ্রগতি ৭৫.৮৪ ভাগ শেষ হয়েছে। মূল সেতুর সব কটি পাইল ড্রাইভের কাজ সম্পন্ন হয়েছে। সেতুর ৪২টি পিয়ারের মধ্যে ৩২টির কাজ শেষ হয়েছে। আর বাকি ১০টির কাজ চলমান। মোট ৪১টি ট্রাস (স্প্যান) এর মধ্যে চীন থেকে এসেছে ৩১টি। এর মধ্যে ১৪টি স্থাপন করা হয়েছে। আর আজ মঙ্গলবার বসানো হলো ১৫তম স্প্যান।

রেলওয়ে স্লাব-এর জন্য মোট ২৯৫৬টি প্রি-কাস্ট প্রয়োজন হবে। এর মধ্যে ২৮৯১টি স্ল্যাব তৈরির কাজ শেষ হয়েছে। বাকিগুলো শেষ হবে আগামী নভেম্বরে। এ পর্যন্ত ৩৬১টি স্লাব স্থাপন করা হয়েছে। অন্যদিকে, ২৯১৭ টি প্রি-কাস্ট রোডওয়ে ডেকস্ল্যাবের মধ্যে ১৫৫৩টির কাজ শেষ হয়েছে। আর স্থাপন করা হয়েছে ৫৪টি।

মূল সেতুর জন্য চুক্তিমূল্য ১২ হাজার ১৩৩ দশমিক ৩৯ কোটি টাকা। ব্যয় হয়েছে ৯ হাজার ২০১ দশমিক ৯৩ কোটি টাকা। অন্যদিকে, নদী শাসনের বাস্তব কাজের ৬৩ শতাংশ শেষ হয়েছে। নদী শাসন কাজের আর্থিক অগ্রগতি ৫০ দশমিক ৪০ শতাংশ। মোট ১৪ কিলোমিটারের মধ্যে ৬ দশমিক ৬০ কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে।

নদী শাসন কাজের চুক্তিমূল্য আট হাজার ৭০৭ দশমিক ৮১ কোটি টাকা, যার মধ্যে চার হাজার ৩৮৮ দশমিক ৪৬ কোটি টাকা ব্যয় হয়েছে। সংযোগ সড়কের শতভাগ কাজ শেষ হয়েছে বলে জানান তিনি। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।

মেনন ছাড়াই বৈঠক ১৪ দলের

0

একাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে মন্তব্য করে ক্ষমতাসীনদের তোপের মুখে ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠায় আপাতত কয়েক দিন আওয়ামী লীগ কার্যালয়ে কোনো অনুষ্ঠানে না যেতে আওয়ামী লীগসহ ১৪ দলের নেতারা মেননকে পরামর্শ দেন বলেও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ফলে মঙ্গলবারের ১৪ দলের বৈঠকে মেনন যোগ দেবেন কি-না, তা নিয়ে মানুষের কৌতুহল ছিল।

শেষপর্যন্ত মানুষের এই কৌতুহলের অবসান হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ছাড়াই চলছে ১৪ দলের জরুরি বৈঠক। বৈঠকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমসহ প্রায় সব শীর্ষ নেতা উপস্থিত রয়েছেন।

আজ মঙ্গলবার (২২অক্টোবর) দুপুর ১২টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

সম্প্রতি ১৪ দলের শরিকদের মধ্যে নানা ইস্যুতে বিরোধ চাঙ্গা হয়ে ওঠার বিষয়টি দৃশ্যমান হয়। শরিকদের নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে এ বিরোধ প্রকাশ্যেও আসে। গতকাল মোহাম্মদ নাসিমের বাসায় চা চক্রে ১৪ দলের সব শরিককে দাওয়াত দেওয়া হলেও বাংলাদেশ জাসদ ও ন্যাপের নেতারা সেখানে যাননি।

চা চক্রে উপস্থিত ছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি-জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান প্রমুখ। অনুপস্থিত ছিলেন রাশেদ খান মেনন।

চা চক্রে দেশের সাম্প্রতিক নানা ইস্যু আলোচনায় আসে। এ সময় নজিবুল বশর মাইজভাণ্ডারী সম্প্রতি বরিশালে রাশেদ খান মেননের একাদশ জাতীয় নির্বাচনে কোনো ভোট হয়নি বলে দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি মেননকে ডেকে তাঁর কাছ থেকে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়ার দাবি জানান।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘উনি (মেনন) সমস্যা তৈরি করেছেন, এটা উনিই সমাধান করবেন। এটা নিয়ে উনার উপস্থিতিতে আলোচনা হলে ভালো হয়।’

১৪ দলের শরিক একটি দলের শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলেন, চা চক্রে আজ (মঙ্গলবার) সকালে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কার্যালয়ের মিলনায়তনে ১৪ দলের আয়োজনে প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া গোলটেবিল বৈঠকের বিষয়েও আলোচনা হয়।

একপর্যায়ে মোহাম্মদ নাসিম বলেন, আপাতত কয়েক দিন মেনন ভাইয়ের ওই দিকে যাওয়ার দরকার নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে উনি যাবেন। চা চক্রে উপস্থিত অন্য নেতারাও এ বক্তব্যকে সমর্থন করেন। ফলে ১৪ দলের গোলটেবিল আলোচনায় রাশেদ খান মেনন উপস্থিত থাকছেন না।

চা চক্রে আলোচনায় চলতি সপ্তাহেই ১৪ দলের একটি আনুষ্ঠানিক বৈঠক ডেকে সেখানে রাশেদ খান মেননের একাদশ জাতীয় নির্বাচন নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হবে বলে সিদ্ধান্ত হয়।

১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ

0

১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

পরীক্ষার ফলাফল http://www.ntrca.gov.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। আজ রাত আটটার পর ফলাফল প্রকাশ করা হবে। এসএমএস করে ফলাফল জানানো হবে।

১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১ লাখ ২১ হাজার ৬৬০ জন। এর মধ্যে ১৩ হাজার ৩৪৫ জন প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। স্কুল পর্যায়ে ১০ হাজার ৯৬৮ জন, স্কুল-২ পর্যায়ে ৭৭০ জন এবং কলেজ পর্যায়ে ১ হাজার ৬০৭ জন উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সূচি পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

জাপান সম্রাটের অভিষেকে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি

0

রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ জাপান সম্রাটের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এখানে রাজপ্রাসাদে ১৭৪ দেশ ও অঞ্চলের প্রায় ২ হাজার নেতা ও প্রতিনিধির সামনে সম্রাট নারুহিতো জাপানের ১২৬তম সম্রাট হিসেবে তার সিংহাসন আরোহনের ঘোষণা দেন।

দুপুর ১টায় সিডেন স্টেট হলের মাতসু কুন জো ম্যা স্টেট রুমে আয়োজিত এ অনুষ্ঠানে ‘তাকামিকুরা’ হিসেবে পরিচিত সাড়ে ৬ মিটার উঁচু চাঁদোয়া টানা এই সিংহাসন থেকে সম্রাট তাঁর অধিষ্ঠানের ঘোষণা দেন।

রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রবাব ফাতিমা অনুষ্ঠানের মূল কর্মসূচিতে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন।

সাদা পাজামা ও পাঞ্জাবির ওপর কালো কোট পরিহিত রাষ্ট্রপতি দুপুর ১২টা ৩৩ মিনিটে (স্থানীয় সময়) অনুষ্ঠান হলে যোগ দেন।
চলতি বছরের মে মাস থেকে অভিষেকের অনুষ্ঠানমালা শুরু হয়। এসব অনুষ্ঠানের মধ্যে আজকের এই অভিষেকের ঘোষণাকে অধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ৫৯ বছর বয়সী জাপানের সম্রাট তাঁর ৮৫ বছর বয়সী পিতা এমেবিতাস আকিতো সিংহাসন ত্যাগের পর ১ মে নারুহিতো ক্রিসেনথেমাম (চন্দ্রমল্লিকা) সিংহাসনে অধিষ্ঠিত হন। জাপানের যুদ্ধপরবর্তী সংবিধানে দেশ ও জনগণের ঐক্যের প্রতীক হচ্ছেন সম্রাট।

তিনি বলেন, সম্রাটের এই অভিষেক অনুষ্ঠান (সোকোরি-সেইডেন-নো-গি) জাপানের ১ হাজার বছরের ঐতিহ্যের অংশ। তবে, রাজকীয় পরিবারের নতুন প্রজন্মের নেতৃত্বে এই নতুন অধ্যায়ের সূচনা অনুষ্ঠান বিশ্বব্যাপী মানুষ দেখছে।

অনুষ্ঠানে সম্রাট বিশেষ উপলক্ষে সম্রাটদের পরিধেয় ৯ শতকের পূর্বের গাঢ় কমলা রঙের ‘কোরোঝোননো গোহ’ নামের পোশাক পরেন।

সম্রাজ্ঞীর পরনে রয়েছে ফলকদার ঐতিহ্যবাহী লোয়ারড কোর্ট কিমোনো।

জাপানের নতুন সম্রাট অনুষ্ঠানে তার ঘোষণায় দেশের সংবিধানের আওতায় এবং জাপানের জনগণ ও রাষ্ট্রের প্রতীক হিসেবে তাঁর দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।

সম্রাট মানুষের সুখ-স্বাচ্ছন্দ্য ও বিশ্বশান্তি কামনা করে তাদের পাশে থাকার অঙ্গীকার করেন।

তিনি আশা প্রকাশ করেন যে, ‘আমাদের দেশ, আমাদের জনগণের প্রজ্ঞা এবং অবিশ্রান্ত প্রয়াস, অধিকতর উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বন্ধুত্ব ও শান্তি ও মানুষের কল্যাণ ও সমৃদ্ধি অর্জনে অবদান রাখবে।’

প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে পাইন চেম্বার (মাতসু-নো-ম্যা) স্টেট রুমের ফেলার থেকে অভিনন্দন বার্তা প্রদান করেন এবং সম্রাটের দীর্ঘাঘু কামনায় নেতৃত্ব দেন।

এর আগে সম্রাট মূল অনুষ্ঠান শুরুর আগে রাজপ্রাসাদের স্মৃতি মন্দিরের রাজকীয় পূর্বপুরুষদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

সম্রাটের সিংহাসনের দু’দিকে দামি কাপড়ে মোড়ানো ছিল সাম্রাজ্যের প্রতীক ও অলংকার হিসেবে বিবেচিত দর্পণ এবং তলোয়ার। সিংহাসনের পর্দা খুলে দেওয়ার পর সম্রাট ও সম্রাজ্ঞী উঠে দাঁড়ান এবং প্রধানমন্ত্রী শিনজো আবে সম্রাটের সামনে উপস্থিত হয়ে নত মস্তকে শ্রদ্ধা জানান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রীর দেয়া ভোজসভায় যোগ দেবেন।

রাষ্ট্রপতি জাপান সফর শেষে আগামী ২৫ থেকে ২৭ অক্টোবর সিঙ্গাপুর সফর করবেন। রাষ্ট্রপতি ২৭ অক্টোবর সকালে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

পবিত্র আখেরি চাহার শোম্বা কাল

0

আগামীকাল যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে পবিত্র আখেরি চাহার শোম্বা উদযাপিত হবে।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বুধবার বাদ যোহর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। মাহফিলে ওয়াজ পেশ করবেন ঢাকা পূর্ব রাজাবাজার জামে মসজিদের খতীব মুফতি মাওলানা মাহবুবুর রহমান।

এতে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম।

হিজরি সনের সফর মাসের শেষ বুধবার মুসলিম উম্মাহ আখেরি চাহার শোম্বা পালন করে আসছে। এ দিনে ইসলামের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.) জীবনে শেষবারের মতো রোগমুক্তি লাভ করেন। আরোগ্য লাভের সংবাদে মদিনাবাসী আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। তারা সাধ্যমতো দান-সাদকা ও শুকরিয়া নামাজ আদায় করেন।

৩৭তম বিসিএসের নন-ক্যাডার পদের ফল প্রকাশ

0

৩৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য হতে নন-ক্যাডার ২য় শ্রেণির (১০ম গ্রেড) পদে সুপারিশের ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার-২০১০ (সংশোধিত বিধিমালা-২০১৪) বিধান অনুযায়ী ৩৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য হতে সংশ্লিষ্ট নিয়োগ বিধিতে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ৩৭তম বিসিএস-এ অর্জিত মেধাক্রম ও সংশ্লিষ্ট পদের/পদসমূহের নিয়োগবিধির ভিত্তিতে আজ অনুষ্ঠিত কমিশনের বিশেষ সভায় ৭৮৭ জন প্রার্থীকে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের নন-ক্যাডার ২য় শ্রেণির (১০ম গ্রেড) পদে নিয়োগের জন্য সাময়িকভাবে কমিশন সুপারিশ করেছে। ফলাফল কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিসংখ্যান কর্মকর্তা পদে ১৮জন, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর পরিদর্শক পদে ২৭ জন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) পদে ১৮ জন, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে ৩৮৭ জনসহ সর্বমোট ৩৩ ক্যাটাগরির ৭৮৭টি পদের জন্য সুপারিশ করে ফলাফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।

উল্লেখ্য, ৩৭তম বিসিএস থেকে ১ম/২য় শ্রেণির নন-ক্যাডার পদের জন্য আবেদনকারী ২২৬২ জন প্রার্থীদের মধ্য থেকে এ যাবত ১ম শ্রেণির [৯ম গ্রেড] নন-ক্যাডার পদে ৬৯২ জন এবং ২য় শ্রেণির [১০ম গ্রেড] নন-ক্যাডার পদে ৮৮৫জন প্রার্থীকে কমিশন কর্তৃক সুপারিশ করা হয়েছে।

ভোলার পুলিশ সুপারের ফেসবুক আইডি হ্যাকড!

0

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট (Sorker Kayser) নামক আইডিটি হ্যাকড হয়েছে বলে ভোলা জেলা পুলিশ পেইজে নিশ্চিত করছেন পুলিশ সুপার। মঙ্গলবার সকালে পুলিশ সুপার ফেসবুক আইডি হ্যাক হওয়ার বিষয়টি দেখতে পান। এ বিষয়ে ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। এ ছাড়া তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে বিষয়টি অবহিত করেন। তবে এখন প্রর্যন্ত হ্যাকড আইডি থেকে কোনো ধরনের পোস্ট দেওয়া হয়নি।

ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাতে আইডিটি হ্যাক হয়ে থাকতে পারে। মঙ্গলবার সকালে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ফেসবুক ওপেন করতে গিয়ে ব্যর্থ হন। এরপর তিনি সকাল সাড়ে ৮টার দিকে সদর থানায় একটি জিডি করেন। পুলিশ হেডকোয়ার্টার্স ও আমরা এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। তবে কেউ সেই আইডি থেকে অপ্রীতিকর কোনো পোস্ট করা হলে তা বিশ্বাস না করার অনুরোধ জানান।

আমরা আবারও শাপলা চত্বরে যাব, হুমকি হেফাজত নেতার

0

ভোলার বোরহানউদ্দিনের ঘটনায়ও ২০১৩ সালের মতো ফের মতিঝিলের শাপলা চত্বরে বিক্ষোভ সম্মেলন করার হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম। মঙ্গলবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এক বিক্ষোভ সমাবেশে সরকারের উদ্দেশ্যে হেফাজত নেতা মাওলানা মামুনুল হক বলেন, ‘আমাদের কাছে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর সম্মান অনেক বেশি। যদি তার সম্মান রক্ষা করতে না পারেন তাহলে আপনাদের গদিতে আগুন দেয়া হবে। দোষীদের শাস্তি না হলে আমরা আবারও শাপলা চত্বরে যাব।’

ভোলার বোরহানউদ্দিনের ঘটনায় পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম। সেখান থেকেই সরকারের উদ্দেশ্যে হেফাজত নেতা মাওলানা মামুনুল হক এ হুমকি দেন।

সমাবেশে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর আমির আল্লামা নূর হোসেন কাসেমী বলেন, আল্লাহর নবীর সাথে যারা বেয়াদবি করেছে, তাদের জনতা কখনও মেনে নেবে না। আর যারা আল্লাহর নবীর মান ইজ্জত রক্ষা করতে পারে না তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।

তিনি বলেন, একটি আইন করতে হবে যে আইনে আল্লাহ তায়ালা ও নবী-রাসূলগণের কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। এই আইন না হওয়া পর্যন্ত হেফাজতের আন্দোলন চলবে। বাংলাদেশ শান্তির দেশ। হেফাজতে ইসলাম শান্তিতে বিশ্বাসী, সম্প্রীতিতে বিশ্বাসী। আমরা দেশের শান্তি রক্ষা করতে চাই। তাই শান্তিপূর্ণ আন্দোলন করবো কিন্তু কোনোভাবেই আল্লাহর হাবিবের সাথে করা বেয়াদবি মেনে নেয়া হবে না। সরকার আল্লাহর হাবিবের সম্মান রক্ষায় ব্যর্থ হয়েছে। তাই তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।

আল্লামা নূর হোসেন কাসেমী বলেন, যদি দোষীদের শাস্তি না হয় তাহলে আমরা বসে থাকব না, আঙুল চুষব না।

এ সময় সরকারের কাছে কয়েকটি দাবি তুলে ধরেন কাসেমী। সেগুলো হলো- ভোলায় পুলিশের মামলা প্রত্যাহার, গ্রেপ্তারদের অবিলম্বে মুক্তি, সংশ্লিষ্ট থানার ওসি ও ভোলার এসপিকে প্রত্যাহার এবং বাংলাদেশ থেকে ইস্কনের কার্যক্রম নিষিদ্ধ করা।

ঈসা শাহেদী নামে হেফাজতে ইসলামের ঢাকার এক নেতা বলেন, প্রধানমন্ত্রী বলেছেন যে, হিন্দুধর্মের যে ছেলেটির পোস্ট দিয়েছে তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। আমরা বলতে চাই প্রধানমন্ত্রী আপনি অবিলম্বে আপনার বক্তব্য প্রত্যাহার করুন তা না হলে আমরা আমাদের ঈমানী দায়িত্ব পালনের জন্য সর্বদা প্রস্তুত আছি।

হেফাজতের নেতা জাফরুল্লাহ খান বলেন, প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা রেখে বলতে চাই, যতই ভালো কাজ করেন আল্লাহর নবী-রাসূলের সম্মান রক্ষা না করতে পারলে আপনার পতন অনিবার্য হয়ে যাবে। এছাড়া আইডি হ্যাকের বিষয়ে আপনি যে বক্তব্য দিয়েছেন এ জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান।

হেফাজতের ঢাকা মহানগরের নেতা আব্দুল কুদ্দুস বলেন, নবীপ্রেমিকদের ওপর অত্যাচার এটাই প্রথম নয়। যারা আমার এই ভাইদের মেরেছে তাদের বিচার যদি না হয় তাহলে আরেকটি শাপলা চত্বরের মতো ঘটনা ঘটবে।

প্রসঙ্গত, ফেসবুকে মহানবীকে (সা.) কটূক্তির অভিযোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঈদগাহ মসজিদ চত্বরে তৌহিদি জনতার ব্যানারে গত রবিবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডাকা হয়। তবে পুলিশের হস্তক্ষেপে সকাল ১০টার মধ্যেই সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হলে পরে আসা লোকজন মোনাজাত পরিচালনাকারী দুই ইমামের ওপর চড়াও হয়। এতে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামবাসী। এ সময় পুলিশ গুলি ছুড়লে চারজন নিহত হন।

এ ঘটনায় ভোলার অজ্ঞাতনামা পাঁচ হাজার জনকে আসামি করে মামলা করা হয়েছে। গত রবিবার দিবাগত রাতে বোরহানউদ্দিন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন এ মামলা করেন।

বোরহানউদ্দিনের ঘটনায় গত ২০ অক্টোবর গণভবনে আওয়ামী যুবলীগ নেতাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন তোলেন, ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মানুষকে সমবেত করার পেছনে উদ্দেশ্য কী?

তিনি বলেন, বোরহানউদ্দিনে একটি হিন্দু ছেলের ফেসবুকের আইডি হ্যাক করে তার নামে কতগুলো মিথ্যাচার করা হয়েছে, যার ফেসবুক হ্যাক করা হয়েছে তার কাছে আবার ফোন করে ২০ হাজার টাকাও চাওয়া হয়।

উল্লেখ্য, শাহবাগে গণজাগরণ মঞ্চ সৃষ্টির পর কথিত নাস্তিকদের শাস্তিসহ ১৩ দফা দাবিতে হঠাৎ জেগে ওঠে কওমি মাদরাসাভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম। ২০১৩ সালের ৬ এপ্রিল ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচির মধ্য দিয়ে দেশ-বিদেশে আলোচনায় আসে সংগঠনটি।

ওই বছরের ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচিতে পুরো ঢাকা অচল করে দেয় হেফাজতে ইসলাম। রাজধানীর মতিঝিল ও এর আশাপাশ এলাকায় চলে ধ্বংসলীলা। তবে ক্ষমতাসীন মহাজোট সরকারের কৌশলী ভূমিকা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাহসী অভিযানে ঢাকা ছাড়তে বাধ্য হয় হেফাজতের নেতাকর্মীরা।

মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার রায় ২৪ অক্টোবর

0

ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় আগামী ২৪ অক্টোবর ঘোষণা করা হবে। গত ৩০ সেপ্টেম্বর রাষ্ট্র ও বাদীপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ দিন ধার্য করেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারিক মো. মামুনুর রশিদ।

এ মামলা গত ১০ এপ্রিল পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)-এ হস্তান্তর করা হয়। তদন্ত শেষে চলতি বছরের ২৯ জুন পিবিআই ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত ২৭ জুন হতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে মোট ৬১ কার্যদিবসে ৮৭জনের সাক্ষ্য গ্রহণ শেষে ২৪ অক্টোবর রায়ের দিন ধার্য করে।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষা কেন্দ্রে নুসরাতকে ছাদে ডেকে নিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। ৮ এপ্রিল তার ভাই মাহমুদুল হাসান নোমান সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

২৭ মার্চ ফেনীর সোনাগাজী ইসলামীয়া ফাজেল (ডিগ্রি) মাদ্রাসা ছাত্রী নুসরাতকে যৌন নিপীড়নের অভিযোগ এনে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে তার মা। ২৮ মার্চ সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট এএসএম এমরানের আদালতে নুসরাত তার উপর যৌন নিপীড়নের জবানবন্দি প্রদান করে। একই দিন সোনাগাজী থানা পুলিশ অধ্যক্ষকে গ্রেফতার করে।

মামলার বাদীপক্ষের আইনজীবী এডভোকেট শাহজাহান সাজু জানান, মামলা তুলে না নেয়ায় তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, যা মৃত্যুশয্যায় নুসরাত বলে গেছে। ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুসরাতের মৃত্যু হয়।

ফেনীর অন্য কোন মামলা এত দ্রুততর সময়ে রায় হয়নি বলে মন্তব্য করেন পাবলিক প্রসিকিউটর এডভোকেট হাফেজ আহম্মদ। বাসস