Home Blog Page 3412

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

0

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোবাইল চুরির অভিযোগে এজাহার মিয়া (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় এলাকবাসী পুলিশ কর্মকর্তাসহ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করেছে।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বালুর রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের অলিকাজির বাড়ির মোহাম্মদ মুফিজের ছেলে। লামিয়া নামে তার দেড় বছরের এক কন্যা সন্তান রয়েছে।

এদিকে এ ঘটনার পর অভিযুক্ত পুলিশ কর্মকর্তা রায়হান ও তার ভগ্নিপতি মিজানুর রহমানকে আটক করার সত্যতা নিশ্চিত করেছে চট্টগ্রাম জেলা এসপি নুর আলম মিনা। অন্যদিকে এজাহারের মৃত্যুতে তার স্ত্রী ও পরিবারের লোকজনের বুকফাটা আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

নিহত এজাহার মিয়ার শাশুড়ি মরিয়ম বেগম বলেন, মোবাইল চুরির মিথ্যা অভিযোগে সোমবার রাত সাড়ে নয়টায় চট্টগ্রাম পুলিশ লাইনে কর্মরত এসআই রায়হান মোবাইল ফোনে ডেকে এজাহারকে তার নিজ বসতবাড়ি ভাটিয়ারী কলেজপাড়ায় নিয়ে যায়। এ সময় পুলিশ কর্মকর্তা রায়হান, তার বোন, শ্যালক ও তার স্ত্রী মিলে এজাহারের হাত পা রশি দিয়ে বেঁধে বেধড়ক পিটুনি দেয়। এক পর্যায়ে আমি তার প্রতিবাদ করলে তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে গালমন্দ করেন। এ সময় তারা মোবাইল ফোন ফেরত না দিলে এজাহারকে ছাড়া হবে না বলে জানান।

এরই মধ্যে মঙ্গলবার ভোররাত ৫ টার সময় একটি সাদা মাইক্রো করে এজাহারকে মুমূর্ষুআবস্থায় ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড়ে নিয়ে ব্রিজ এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশায় করে বাড়িতে পাঠিয়ে দেন। এ সময় তার অবস্থার অবনতি দেখে স্ত্রী পপি ও শাশুড়ি তাকে স্থানীয় বিএসবি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

নিহত এজাহার মিয়ার স্ত্রী পপি আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, আমার স্বামীকে তারা মোবাইল চুরির মিথ্যা অপবাদে নির্মম প্রহার করে হত্যা করেছে। সে যদি সত্যিকারের অপরাধী হয় তাহলে তাকে পুলিশে দিতে পারতো।

তিনি আরো বলেন, মোবাইল চুরির মিথ্যা নাটক সাজিয়ে যারা আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে। আমার মাসুম কন্যাকে পিতৃহারা করেছে তাদের যেন কঠোর শাস্তি হয়।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ জানান, নিহত যুবকের মৃতদেহ ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে রেখে পরিবার ও এলাকাবাসীর বিক্ষোভ করার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রায়হান ও তার ভগ্নিপতি মিজানুর রহমানকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‘মুশফিকের বাবা, মিরাজের খালা কাকে মেরেছে; তা আমাকে দেখতে হয়’

0

ক্রিকেটারদের ধর্মঘটের বিষয়ে কথা বলতে গিয়ে তাদের ব্যক্তিগত আক্রমণই করে বসলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ দুপুরে দীর্ঘ সংবাদ সম্মেলনে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্রিকেটারদের ব্যক্তিগত সমস্যাও তাকে সমাধান করতে হয়েছে। এরপরেও তাদের নানারকম সুযোগ সুবিধা দিচ্ছেন বলেও দাবি করেন পাপন।

তিনি বলেন, ‘কার ভাইকে এসপি-ডিসি মেরেছে, রাতে সেই এসপিকে ফোন দিয়ে ব্যবস্থা নিতে হয়েছে। এক খেলোয়াড়কে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। বলছে মেরে ফেলবে! বিদেশ থেকে এসব থামাতে হয়। কার মামার জমি দখল করে নিয়ে গেছে উত্তরায়, সেটি উদ্ধার করতে হয়েছে। মুশফিকের বাবা, মিরাজের খালা কোন গ্রামে কাকে মেরেছে, সেটার সমাধান আমাকে করতে হয় বিদেশ থেকে। এসময় এগুলো (ধর্মঘট) আমার কাছে ধাক্কা।’

ইমরুল কায়েসের বাচ্চার অসুখের সময় তিনি কীভাবে সাহায্য করেছেন তা উল্লেখ করে পাপন বলেন, ‘ইমরুলের বাচ্চা খুব অসুস্থ। অ্যাপোলো কিছু করতে পারছে না। সিঙ্গাপুরে নিতেই হবে। আমাকে বলল, আমার ভিসা নেই। কালকের মধ্যে ভিসা করে দিতে হবে। বললাম, টিকিট করে ফেল। এক দিনের মধ্যে সবার ভিসা করলাম। রাতে একটা অনুষ্ঠানের মধ্যে আবার ফোন করল। বলল, বাচ্চার এত খারাপ অবস্থা, ভিআইপি ব্যবহার করতে পারলে ভালো হয়। আমি ভিআইপি ব্যবস্থা করলাম।’

ভালো খেললেই বিসিবি সভাপতি কোটি টাকা পুরস্কারের ঘোষণা দেন। সেই বিষয়টি উল্লেখ করে নাজমুল হাসান বলেন, ‘২৪ কোটি টাকা ওদের বোনাস দিয়েছি। এই ১৫ খেলোয়াড়কে। শুধুই পারফরম্যান্সের জন্য। এটা কেউ দেয় নাকি? কী পরিমাণ সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে, এই টাকার জন্য খেলা বন্ধ করে দেবে, বিশ্বাস হয় না। এদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ, কাউকে বলল না। সাকিবের সঙ্গে সবশেষ যখন দেখা, তখনো সে বলেছে, আমি বিশ্বকাপে ভালো খেললাম আমার টাকা দিয়ে দেন! বললাম, ঠিক আছে আপার সঙ্গে কথা বলে অনুষ্ঠান করে দিই। তুমি ভালো খেলেছ।’ক্রিকেটারদের ধর্মঘটের বিষয়ে কথা বলতে গিয়ে তাদের ব্যক্তিগত আক্রমণই করে বসলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ দুপুরে দীর্ঘ সংবাদ সম্মেলনে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্রিকেটারদের ব্যক্তিগত সমস্যাও তাকে সমাধান করতে হয়েছে। এরপরেও তাদের নানারকম সুযোগ সুবিধা দিচ্ছেন বলেও দাবি করেন পাপন।

তিনি বলেন, ‘কার ভাইকে এসপি-ডিসি মেরেছে, রাতে সেই এসপিকে ফোন দিয়ে ব্যবস্থা নিতে হয়েছে। এক খেলোয়াড়কে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। বলছে মেরে ফেলবে! বিদেশ থেকে এসব থামাতে হয়। কার মামার জমি দখল করে নিয়ে গেছে উত্তরায়, সেটি উদ্ধার করতে হয়েছে। মুশফিকের বাবা, মিরাজের খালা কোন গ্রামে কাকে মেরেছে, সেটার সমাধান আমাকে করতে হয় বিদেশ থেকে। এসময় এগুলো (ধর্মঘট) আমার কাছে ধাক্কা।’

ইমরুল কায়েসের বাচ্চার অসুখের সময় তিনি কীভাবে সাহায্য করেছেন তা উল্লেখ করে পাপন বলেন, ‘ইমরুলের বাচ্চা খুব অসুস্থ। অ্যাপোলো কিছু করতে পারছে না। সিঙ্গাপুরে নিতেই হবে। আমাকে বলল, আমার ভিসা নেই। কালকের মধ্যে ভিসা করে দিতে হবে। বললাম, টিকিট করে ফেল। এক দিনের মধ্যে সবার ভিসা করলাম। রাতে একটা অনুষ্ঠানের মধ্যে আবার ফোন করল। বলল, বাচ্চার এত খারাপ অবস্থা, ভিআইপি ব্যবহার করতে পারলে ভালো হয়। আমি ভিআইপি ব্যবস্থা করলাম।’

ভালো খেললেই বিসিবি সভাপতি কোটি টাকা পুরস্কারের ঘোষণা দেন। সেই বিষয়টি উল্লেখ করে নাজমুল হাসান বলেন, ‘২৪ কোটি টাকা ওদের বোনাস দিয়েছি। এই ১৫ খেলোয়াড়কে। শুধুই পারফরম্যান্সের জন্য। এটা কেউ দেয় নাকি? কী পরিমাণ সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে, এই টাকার জন্য খেলা বন্ধ করে দেবে, বিশ্বাস হয় না। এদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ, কাউকে বলল না। সাকিবের সঙ্গে সবশেষ যখন দেখা, তখনো সে বলেছে, আমি বিশ্বকাপে ভালো খেললাম আমার টাকা দিয়ে দেন! বললাম, ঠিক আছে আপার সঙ্গে কথা বলে অনুষ্ঠান করে দিই। তুমি ভালো খেলেছ।’

ম্যাচ পাতানোর গোমড় ফাঁস করবেন পাপন!

0

বিশ্বকাপের পর বাংলাদেশের ক্রিকেটে বড় একটা বিপর্যয় হলো আইসিসির নবীন পূর্ণাঙ্গ সদস্য দেশ আফগানিস্তানের কাছে দেশের মাটিতে টেস্টে পরাজয়। তাও ছোটখাট কোনো পরাজয় নয়; রীতিমতো ২২৪ রানের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এতদিন পর সেই ম্যাচ নিয়ে সন্দেহ পোষণ করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ সংবাদ সম্মেলনে তিনি রীতিমতো হুমকিই দিয়ে রাখলেন।

ক্রিকেটারদের ১১ দফা দাবিতে ধর্মঘটের বিষয়ে সংবাদ সম্মেলনে বেশ ক্রুদ্ধ হয়েই বিসিবি সভাপতি বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হার প্রত্যাশা ছিল না। ক্রিকেটে ফিক্সিং হয়েও থাকতে পারে। শিগগির ম্যাচ পাতানোর গোমড় ফাঁস করা হবে। আমি তো আগে জানতাম না যে আফগানিস্তানের কাছে হারবে। আমি তো জানতাম না…। আগে জানলে এই সিরিজ আয়োজন করতাম না।’

উল্লেখ্য, গতকাল সাংবাদিকদের সামনে ধর্মঘটের ঘোষণা দেওয়ার সময় বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান বলেছিলেন, ‘আমরা দেশের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ডিভিশন ক্রিকেটের শোচনীয় অবস্থার কথা জানি। অনেক খেলাতে খেলা শুরু হওয়ার আগে থেকেই আমরা জানি যে কোন দল জিতবে আর কোন দল হারবে।’

সাকিবের ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই আজ সাংবাদিক সম্মেলনে পাল্টা হুমকি দিয়ে রাখলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

নন এমপিও শিক্ষকদের শরবত খাইয়ে অনশন ভাঙালেন শিক্ষামন্ত্রী

0

এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশনে থাকা শিক্ষকদের অনশন ভাঙিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। যোগ্যতার ভিত্তিতে শিক্ষকদের এমপিওভুক্ত করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

আজ মঙ্গলবার রাত ৯টার দিকে নন এমপিও শিক্ষক ফেডারেশনের নেতারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময় মন্ত্রী তাদের শরবত খাইয়ে অনশন ভাঙান।

সাক্ষাৎকালে এক শিক্ষক নেতা শিক্ষামন্ত্রীকে কদমবুসি করতে গেলে মন্ত্রী বলেন, না না, আপনি শিক্ষক মানুষ, আপনি কেন আমাকে সালাম করবেন।

এ সময় শিক্ষক নেতারা তাদের দাবি মেনে নিতে মন্ত্রীর প্রতি আহ্বান জানান। জবাবে মন্ত্রী জানান, তিনি সাধ্যমতো এ ব্যাপারে চেষ্টা করবেন।

এর আগে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী জানান, আন্দোলন করে এমপিও পাওয়া যাবে না। যোগ্যতার বিচারে এমপিও দেয়া হবে। তিনি শিক্ষকদের প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানান। মন্ত্রীর আহ্বানের পরই আমরণ অনশনে থাকা শিক্ষকদের প্রতিনিধি ছুটে যান মন্ত্রীর বাসায়।

সোমবার সকাল থেকে আমরণ অনশন শুরু করেন ননএমপিও শিক্ষক-কর্মচারী নেতারা। সব প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তি চান তারা।

জি কে শামীম ও ক্যাসিনো খালেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন

0

যুবলীগের বহিষ্কৃত নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম ও খালেদ মাহমুদ ভূঁইয়া ওরফে ক্যাসিনো খালেদকে অবৈধ সম্পর্দ অর্জনের পৃথক দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে পৃথক পৃথক আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ভারপ্রাপ্ত বিচারক আল মামুন আগামী ২৭ অক্টোবর শুনানির দিন ধার্য করেন। একই সঙ্গে দুই মামলায় এই দুই আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দেন। দুই আসামিই বর্তমানে কারাগারে আছেন।

গত রবিবার এই দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক। মামলায় জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি আট লাখ ৯৯ হাজার টাকা এবং খালেদ মাহমুদের বিরুদ্ধে পাঁচ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. সালাউদ্দিন। একই দিন অনুসন্ধান কর্মকর্তা জাহাঙ্গীর আলম বাদী হয়ে খালেদ মাহমুদের বিরুদ্ধে মামলা করেন।

মামলার বিবরণে জানা যায়, শামীম ২০১৮-২০১৯ করবর্ষ পর্যন্ত ৫০ কোটি টাকার স্থাবর সম্পদের মালিক হয়েছেন। এর মধ্যে আয়কর নথিতে ৪০ কোটি ২১ লাখ ৪০ হাজার ৭৪৪ টাকার তথ্য উল্লেখ করলেও মোট টাকার বৈধ উৎস খুঁজে পায়নি দুদক।

এ ছাড়া ক্যাসিনোবিরোধী অভিযানের সময় শামীমের বাসা থেকে উদ্ধার হওয়া নগদ এক কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা ও সাত লাখ ৪৭ হাজার টাকার বিদেশি মুদ্রা, শামীম ও তার মা আয়েশা আক্তারের নামে ১৬৫ কোটি ২৭ লাখ ৬৫ হাজার টাকার এফডিআর, মায়ের নামে আরো ৪৩ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকার ব্যবসার অংশীদার এবং জিকেবি অ্যান্ড কম্পানির শেয়ার, গাড়ি ও এফডিআর বাবদ ৩৬ কোটি ৩৫ লাখ ১৮ হাজার ৭১৯ টাকার অস্থাবর সম্পদেও বৈধ উৎস পায়নি দুদক। দুদকের অনুসন্ধানে আয়েশা আক্তারের কোনো বৈধ আয়ের উৎসও খুঁজে পাওয়া যায়নি।

অন্যদিকে খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে দায়ের করা মামলায় চার কোটি ৫০ লাখ টাকার স্থাবর সম্পদ এবং ৯০ লাখ ১৬ হাজার ৭০৯ টাকার অস্থাবর সম্পদেও বৈধ উৎস পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া গত ১৮ সেপ্টেম্বর র‌্যাবের অভিযানে তার গুলশানের বাসা থেকে ১৭ লাখ ৯৯ হাজার ১৫০ টাকার বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়। দুদকের অনুসন্ধানে কিংবা জিজ্ঞাসাবাদে এর কোনো উৎস দেখাতে পারেননি খালেদ। এসব মিলিয়ে তার বিরুদ্ধে মোট পাঁচ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে।

আবরার হত্যায় গ্রেপ্তার ১৯ আসামি কাশিমপুর কারাগারে

0

বুয়েটের মেধাবি শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ১৯ আসামিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। গ্রেপ্তারের পর তিন দফায় তাদের এখানে পাঠানো হয়।

বিভিন্ন সময় গ্রেপ্তারের পর তাদের ঢাকার কেরাণীগঞ্জ কারাগারে রাখা হেয়ছিল। সেখান থেকে পর্যায়ক্রমে গাজীপুরের এ কারাগারে স্থানান্তর করা হয়।

গত ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলের একটি কক্ষে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে আবরার মারা যান। আবরার ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ছিলেন। তিনি থাকতেন বুয়েটের শেরেবাংলা হলের নিচতলায় ১০১১ নম্বর কক্ষে। এ ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় মামলা করেন।

ক্রিকেটারদের ধর্মঘটে ‘ষড়যন্ত্র’ দেখছেন পাপন

0

ক্রিকেটারদের ১১ দাবি নিয়ে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ষড়যন্ত্র দেখছেন। তার ধারণা, দেশের ক্রিকেট ধ্বংস করার জন্যই এসব করা হচ্ছে। এই ষড়যন্ত্রের রহস্য বের করা হবে বলেও জানিয়েছেন তিনি।

ক্রিকেটারদের ১১ দফা দাবির মুখে জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে বিসিবি প্রধান বলেন, ‘এসব দাবি তুলে খেলা বন্ধ করবে তা হতে পারে না। ওরা আমাদের না জানিয়ে, আলোচনা না করেই এসব দাবি তুলেছে। ওরা আমাদের কিছুই জানালো না, কিন্তু মিডিয়াকে জানিয়ে দিল। ওরা জানে ওদের দাবির কথা জানালে আমরা মেনে নেব। এজন্য আমাদের কাছে আসেনি। ওরা আমার ফোন ধরে না, কেটে দেয়। এগুলো সব প্ল্যান। আমরা যেসব কাজ শুরু করেছি সেগুলোই ওরা দাবি করছে। আমি মনে করি ওদের অনেকে জানেই না আসলে আড়ালে কি হচ্ছে।’

‘এখানে যেসব দাবি-দাওয়া আছে, এখানে এমন কিছু নেই যে আমাদের বললে আমরা মানব না। তাহলে বলল না কেন? আইসিসি, এসিসি, বিভিন্ন বোর্ড সবাই আমাকে ফোন করছে। ওরা ভাবছে বাংলাদেশের ক্রিকেটে গণ্ডগোল বেধে গেছে। ওরা (ক্রিকেটাররা) এটাই চেয়েছিল। ওরা সফল হয়েছে। প্রথমে প্রেস কনফারেন্স করল। ওরা দাবি তুলে ধরল। আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই এটা করল ওরা। এমন এক সময়ে, যখন কিনা জাতীয় দলের ভারত সফর সামনে। ক্রিকেটের উন্নয়নের জন্য বলছে কিন্তু ওরা আমাদের কাছে আসে নাই। ওরা আমাদের ফোনও ধরে না।’

‘কিন্তু খেলা বন্ধ কেন করবে? ওরা যদি না খেলতে চায় না খেলবে। এসব আসলে পূর্বপরিকল্পিত। আমাদের বিপদে ফেলার জন্য এসব করা হচ্ছে। এটা দেশের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র। দেশের ক্রিকেটকে নষ্ট করার একটা চেষ্টা চলছে। ভারত সফর বাদ দিলে আইসিসি’র কাছ থেকে চাপ আসবে। সবই পূর্বপরিকল্পিত। এসব করে দেশের ক্রিকেটের কী উন্নতি হলো এটা বুঝতে পারলাম না। ওদের জন্য আমরা সব করেছি। অনেক টাকা খরচ করেছি। কিন্তু দাবি জানানোর আগে একবার জানালো না।’

নিরাপদ সড়ক নিশ্চিতে সবাই যথাযথ দায়িত্ব পালন করুন

0

নিরাপদ সড়ক নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে দায়িত্বপালন করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদি ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নিরাপদ সড়ক ব্যবস্থা- এই দায়িত্ব শুধু সরকারের নয়। বা গাড়ি চালকের না। পথচারী থেকে শুরু করে জনগণের, সব নাগরিকের দায়িত্ব। সবাই যার যার দায়িত্ব হিসেবে পালন করবেন।

তিনি বলেন, যারা পথচারী তাদের নিজেদের দায়িত্ব আছে। যারা গাড়িতে চলেন, তাদের দায়িত্ব আছে। বা যারা গাড়ি চালান, তাদেরও দায়িত্ব আছে।

শেখ হাসিনা বলেন, সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। দেশটা আমাদের। একটা মানুষের ক্ষতি হলে, সে যে-ই হোক, সে তো কোনো না কোনো পরিবারের ভবিষ্যৎ। ওই পরিবারের কী হয় সেটাও পরে চিন্তা করতে হয়।

চালকদের একটানা পাঁচ ঘণ্টার বেশি সময় গাড়ি না চালানো, দূরপাল্লার যানবাহনে বিকল্প ড্রাইভারের ব্যবস্থা রাখা, ফিটনেসবিহীন গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা, চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া, গাড়ির অনিয়ন্ত্রিত গতিবেগ নিয়ন্ত্রণ করা, চলন্ত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার না করাসহ নিরাপদ সড়ক নিশ্চিতে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

চালক-পথচারী সবাইকে সচেতন ও নিয়ম মানার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিরাপদ সড়ক করতে গেলে এটা সবচেয়ে বেশি প্রয়োজন। এছাড়া আমাদের দেশে একটা প্রবণতা আছে, কোন একটা দুর্ঘটনা ঘটলে ড্রাইভারকে গালি দেওয়া হয়। হ্যাঁ আমাদের ড্রাইভারদেরও দোষ আছে, এতে কোনো সন্দেহ নেই।

তিনি বলেন, আমি শুধু ড্রাইভারদের দোষারোপ করব না। আমাদের যারা পথচারী একটি দুর্ঘটনা ঘটানোর জন্য তারাও কিন্তু অনেকটা দায়ী। … দেখা যায় কেউ কোন নিয়মকানুন মানেন না।

রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহার ও নিয়ম মানার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটা চলন্ত গাড়ির সামনে দিয়ে শুধু হাত দেখিয়ে চলে যাওয়ার চেষ্টা, এটাতো একটা যন্ত্র, এটা থামতেও সময় লাগে। এই বোধটাও তো আমাদের সবার থাকতে হবে। পথচারীদের তো এই বোধটা থাকতে হবে। এই জ্ঞানটা থাকতে হবে।

সড়কের কিছু আইন আছে, যেটা মেনে চলতে হয়। এছাড়া সড়ক আইন বিষয়ে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, সচেতনতাও সৃষ্টি করা হয় না। এটাও আরেকটা সমস্যা। এ জন্য বারবার বলেছি স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বা যেসব প্রতিষ্ঠানে অনেক লোক কাজ করে, তাদের মাঝেও এই সচেতনতা সৃষ্টি করা একান্তভাবে প্রয়োজন।

চালকদের যথাযথ বিশ্রাম, সময় মতো খাবার নিশ্চিত ও স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখা এবং হেলপারের হাতে গাড়ি চালাতে না দেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সড়কে ওভারটেকিং এর অসুস্থ প্রতিযোগিতা ত্যাগ করার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, ড্রাইভারদের দোষ আছে হাইওয়ে বা কোথাও যখন একটা গাড়ি ওভারটেক করলো, তখন তার মাথা খারাপ হয়ে গেলো; ওই গাড়ি ওভারটেক করতে হবে। এই যে একটা অসুস্থ প্রতিযোগিতা, এর জন্যও কিন্তু দুর্ঘটনা ঘটে।

গাড়ির মূল নকশা পরিবর্তনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি আমি সংশ্লিষ্টদের সব সময় বলে আসছি। আমি আবারও বলছি; যেহেতু এখানে মন্ত্রী, সচিব সবাই আছেন, তাদের বলবো- কেউ যদি এ ধরনের নিয়মের বাইরে গাড়ির সাইজ বা ট্রাকের সাইজ কোনো কিছু বাড়ান, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আমাদের ট্রাফিক পুলিশকেও এ ব্যাপারে সচেতন থাকতে হবে।

রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহার করার তাগিদ দেন তিনি।

যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধে কঠোর হওয়া ও জরিমানা আদায় এবং ফুটপাত দখলমুক্ত রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সরকার পেশাদার নতুন এক লাখ দক্ষ গাড়ি চালক তৈরি; আরও তিন লাখ গাড়ি চালক তৈরির জন্য নতুন একটি প্রকল্প হাতে নেওয়া; ১৭টি জেলায় ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার ও ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং পর্যায়ক্রমে প্রতিটি জেলা, উপজেলা পর্যায় পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান, নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ প্রমুখ।

এতে স্বাগত বক্তব্য রাখেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।

দেশজুড়ে তরুণদের প্রশিক্ষণ দেওয়া হবে: সজীব ওয়াজেদ

0

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ে তরুণদের প্রশিক্ষণ কর্মসূচি শুধু ঢাকা কেন্দ্রিক নয়, এ প্রশিক্ষণ কার্যক্রম সারাদেশে নিয়ে যাওয়া হবে। দেশজুড়ে তরুণদের প্রশিক্ষণ দেওয়া হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর একটি অভিজাত হোটেলে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরই) ও ইয়ং বাংলার যৌথ উদ্যোগে আয়োজিত ‘ইয়ুথ অন পলিটিক্স’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, প্রতিবছর সরকারের আয় বাড়ছে, তরুণদের প্রশিক্ষণ ও গবেষণার জন্য বরাদ্দ আরও বাড়ানো হবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইসিটির প্রশিক্ষণগুলো ঢাকার বাইরে নিয়ে যাওয়া হবে। ঢাকার বাইরেও এ ধরনের অনুষ্ঠান করা হবে। ফ্রিল্যান্সার কিভাবে হওয়া যায় সে প্রশিক্ষণও দেওয়া হবে।

‘যারা কোনোদিন স্কুলে যায়নি, ঝরে পড়েছে; তাদের জন্য বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হবে। সবার পক্ষে শিক্ষা নিয়ে কর্মসংস্থান করা সম্ভব নয়। তাই শিক্ষার বাইরে থাকাদের জন্য প্রকল্প নেওয়া হবে।’

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ বলেন, তরুণদের দক্ষতা উন্নয়ন করতে আইসিটি ডিভিশনের এলআইসিটি প্রজেক্ট থেকে রোবোটিকস, আইওটি, এআই বিষয়ে প্রশিক্ষণেও ওপর জোর দেওয়া হচ্ছে। এসব বিষয়ে প্রশিক্ষণ ও রিসার্চ ফ্যাসিলিটি দিলে এক্সপার্টাইজের দিক থেকে আমরা অন্য দেশগুলোর চেয়ে এগিয়ে যাব।

তিনি বলেন, সবগুলো বিষয়ই নতুন। আমাদের বেশি বিশেষজ্ঞ নেই। নিজেদের উদ্যোগে রিসার্চ করলে এসব সেক্টরে আমাদের সম্ভাবনা আছে।

‘আমরা যেসব সিস্টেম ব্যবহার করি, সেগুলো বিদেশি। লং-টার্ম সহযোগিতার মাধ্যমে বিদেশিদের ওপর যাতে নির্ভরশীল হয়ে থাকতে না হয়, সে উদ্যোগ নেওয়া হবে।’

সজীব ওয়াজেদ জয় বলেন, এস্টাবলিশিং ডিজিটাল কানেকটিভিটি প্রকল্পের আওতায় দেশের সব স্কুল-কলেজে ওয়াইফাই জোন করে সবার জন্য কানেক্টিভিটি উন্মুক্ত করতে চাই।

মিয়ানমারকে চাপ দিতে ফ্রান্সের প্রতি আহ্বান

0

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের প্রতি চাপ দেওয়ার জন্য ফ্রান্সসহ ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া বাংলাদেশে বিনিয়োগের জন্য দেশটির প্রতি আহ্বান জানান তিনি।

ফ্রান্সের ইউরোপ ও বৈদেশিক বিষয়ক প্রতিমন্ত্রী জ্যাঁ ব্যাপটিস্ট লেমনের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান ড. মোমেন। মঙ্গলবার (২২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মঙ্গলবার প্যারিসে ফ্রান্সের ইউরোপ ও বৈদেশিক বিষয়ক প্রতিমন্ত্রী জ্যাঁ ব্যাপটিস্ট লেমনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রোহিঙ্গা সংকট তুলে ধরেন পররাষ্ট্র মন্ত্রী। ড. মোমেন এসময় রোহিঙ্গাদের নিরাপদে ও স্বেচ্ছায় ফেরাতে মিয়ানমারকে চাপ দেওয়ার জন্য ফ্রান্সসহ ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান। এছাড়া বাংলাদেশে বিনিয়োগের প্রতিও আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন প্যারিসে বাংলাদেশ-ফ্রান্স বিনিয়োগ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন। এসময় পররাষ্ট্র মন্ত্রী অবকাঠামো, আইসিটি, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি প্রভৃতি খাতে বিনিয়োগের জন্য ফ্রান্সের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।