Home Blog Page 3414

সাকিবদের ধর্মঘট নিয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলি

0
সাকিবদের ধর্মঘট নিয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলি’ে

পারিশ্রমিক ইস্যুতে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ধর্মঘটে নেমেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বয়কটের হুমকিও দিয়েছেন তারা। তাতেই অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন সব কার্যক্রম।
যার মধ্যে সবার আগে রয়েছে ২৪ অক্টোবর শুরু হতে যাওয়াদেশের ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির সবচেয়ে বড় আসর জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড এবং ২৫ অক্টোবর থেকে হতে যাওয়া ভারত সফরের প্রস্তুতি ক্যাম্প।
সাকিবদের দাবি-দাওয়া দ্রুততার ভিত্তিতে না মানা হলে, এনসিএলের তৃতীয় রাউন্ড এবং ভারত সফরের প্রস্তুতি ক্যাম্প- কোনোটাই আলোর মুখ দেখবে না।
শুধু তাই নয়, নভেম্বরের শুরুতেই তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট খেলতে ভারত সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। ধর্মঘটের কারণে এই সিরিজও রয়েছে শঙ্কায়।
তবে সাকিবদের ধর্মঘট নিয়ে চিন্তিত নয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির মতে, এই আন্দোলনের প্রভাব ভারত-বাংলাদেশ সিরিজে পড়বে না।
তিনি বলেন, এটা তাদের অভ্যন্তরীণ ইস্যু। তারাই এর সমাধান করবে। তারা (বাংলাদেশ) খেলতে আসবে।
সৌরভ আরও বলেন, আমি বিসিবির সঙ্গে কথা বলেছি। এ নিয়ে আমার কিছু বলা ঠিক হবে না।

সৌরভের আমন্ত্রণে বাংলাদেশ-ভারত টেস্ট দেখতে কলকাতা যাচ্ছেন শেখ হাসিনা

0

বাংলাদেশ ক্রিকেট দল আগামী মাসে ভারত সফরে যাচ্ছে। এই সফরে ম্যান ইন ব্লুদের বিপক্ষে ৩টি টি-টুয়েন্টি ও ২টি টেস্ট ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল। টাইগারদের ভারত সফর শুরু হবে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে। আর ১৪ নভেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। সাদা পোশাকের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২২ নভেম্বর। কলকাতার ইডেন গার্ডেন্সে হতে যাওয়া ম্যাচটি মাঠে বসেই দেখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মূলত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে সাড়া দিয়েই বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক টেস্ট ম্যাচটি মাঠে বসে দেখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শেখ হাসিনার কলকাতা টেস্ট দেখতে যাওয়ার বিষয়টি সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সিএবিকে ই-মেইল করে জানানো হয়েছে।
কলকাতা টেস্ট আয়োজনের দায়িত্বে থাকা ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই আমন্ত্রণ জানানো হয়েছিল বেশ কয়েকদিন আগেই।
এর আগে প্রথমবার ভারত সফরে গিয়ে টাইগাররা শুধু একটি টেস্ট ম্যাচ খেলেছিল। যেটা হয়েছিল হায়দ্রাবাদে। কেন সেই ম্যাচ বাঙালিদের শহর কলকাতার আইকনিক ইডেন গার্ডেন্সে আয়োজন করা হলো না, তখন তা নিয়ে উঠেছিল নানা প্রশ্ন।
সেই আক্ষেপ ঘুচিয়ে দিয়ে এবারে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের শেষ ম্যাচটির ভেন্যু হিসেবে কলকাতার ইডেন গার্ডেন্সকে বেছে নেওয়া হয়েছে। আর টেস্ট ম্যাচটি আলাদা মাত্রা পেতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতির মধ্য দিয়ে।
তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দপ্তর এই সিদ্ধান্তের কথা সিএবি-কে জানালো এমন পরিস্থিতিতে, যখন সাকিব আল হাসানসহ বাংলাদেশের সব তারকা ক্রিকেটাররা বিভিন্ন দাবিতে ধর্মঘটে নামার হুমকি দিয়েছেন।
তাদের এই ধর্মঘট ডাকার ফলে বাংলাদেশের আসন্ন ভারত সফর ঘিরেও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে অনেকে মনে করছেন। কিন্তু শেখ হাসিনার কার্যালয় যে এই সফরকে ঘিরে কোনও আশঙ্কার ছায়া দেখছে না, তা প্রধানমন্ত্রীর কলকাতা যাওয়ার সিদ্ধান্ত থেকেই স্পষ্ট।
চলতি মাসের শুরুর দিকে চার দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে হিসেবে কলকাতা টেস্ট দেখতে গেলে মাত্র দেড় মাসের মধ্যেই দ্বিতীয়বারের মতো ভারত সফর করবেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেস্ট দেখতে গেলেও সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার দেখা হবে কিনা, তা অবশ্য নিশ্চিত নয়। তবে সৌরভ গাঙ্গুলীর ঘনিষ্ঠ সূত্রে আভাস মিলেছে, শেখ হাসিনার সম্মতি পাওয়ার পর প্রধানমন্ত্রী মোদীকেও কলকাতা টেস্ট দেখতে আসার জন্য বিশেষ আমন্ত্রণ জানানো হবে।
উল্লেখ্য, গত আশির দশকের মাঝামাঝি সময়ে জয়পুরে ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচ দেখতে আচমকা হাজির হয়েছিলেন পাকিস্তানের তৎকালীন সামরিক শাসক জেনারেল জিয়াউল হক। জয়পুরের মাঠে জিয়াউল হক ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর পাশাপাশি বসে ম্যাচ উপভোগ করার দৃশ্য উপমহাদেশের ক্রিকেট-কূটনীতিতে একটি অবিস্মরণীয় দৃশ্য হয়ে রয়েছে।

সৌদির ধরপাকড়ে বিপাকে প্রবাসীরা, ফিরেছেন আরও ৭০ বাংলাদেশি

0

সৌদির ধরপাকড়ে বিপাকে প‌ড়ে‌ছেন প্রবাসী বাংলা‌দে‌শিরা। গতকাল রবিবার রাত ১১.২০ মিনিটে সৌদি এয়ারলাইন্স (SV 804) বিমান যোগে দেশে ফির‌তে হ‌য়ে‌ছে আরও ৭০ বাংলাদেশীকে।

দেশে ফেরত কর্মীদের বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে খাবার-পানিসহ নিরাপদে বাড়ী পৌঁছানোর জন্য জরুরি সহায়তা প্রদান করা হয়।

‌ফেরত আসা কুমিল্লার আবুল হোসেন, আলমগীর হোসেন, নওগাঁর রাইসুল ইসলাম, হবিগঞ্জের তরিত মিয়া, নাটোরের রিদয় হোসেন, নারায়ণগঞ্জের মোঃ জসীম, বি বাড়িয়ার আজিজুর, জামালপুরের আব্দুল খালেকসহ অনেকে অভি‌যোগ ক‌রেন, আকামার মেয়াদ থাকা সত্ত্বেও মিথ্যা অভিযোগ দিয়ে তা‌দের দেশে পাঠানো হয়েছে।

দেশে ফেরা কর্মীদের অনেকের অভিযোগ, সৌদি আরবে বৈধ ভাবে ছিলেন এবং আকামার মেয়াদ থাকা সত্বেও সৌদি পুলিশ তাদের ধরে দেশে পাঠিয়ে দিয়েছেন। তারা বল‌ছেন, কর্মস্থলে যাওয়ার পথে, মসজিদে নামাজ পড়তে যাবার সময়, কর্মস্থলে কর্মরত থাকা অবস্থায়, বাজার করতে বের হলে পথ থেকে ধরে পাঠিয়ে দিচ্ছেন তারা। অভিযোগ করে বলেন আকামা দেখানোর পরেও কোন প্রতিকার পাচ্ছেনা কর্মীরা। নিয়োগকর্তা বা কফিল কোনো দায়-দায়িত্ব নিচ্ছেনা বলে অভিযোগ করেন দেশে ফেরা কর্মীরা।

প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী, চলতি বছরের নয় মাসে সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ট্রাভেল পাস নিয়ে ৩৬৭৫৩ বাংলাদেশী দেশে ফিরেছেন আর শুধুমাত্র সৌদি থেকে ফিরেছেন ১৬ হাজার বাংলাদেশী।

ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, চলতি বছ‌র এখন পর্যন্ত অন্তত ১৬ হাজার বাংলা‌দে‌শি‌কে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে। সাধারণ ফ্রি ভিসার নামে গিয়ে এক নিয়োগকর্তার বদলে আরেক জায়গায় কাজ করতে গি‌য়ে ধরা পড়ে ফেরত আস‌ছেন। অনেকে খর‌চের টাকাও তুল‌তে পার‌ছেন না। সমস্যা সমাধা‌নে ‌রিক্রু‌টিং এজেন্সিগুলোর উচিত কাজ নিশ্চিত করে তাদের পাঠানো। যারা আত্মীয় স্বজনের মাধ্যমে যাচ্ছেন তাদেরও সতর্ক ও সচেতন হওয়া উচিত।

ক্রিকেটারদের আন্দোলনের মুখে আজ জরুরি সভা বিসিবির

0

১১ দফা দাবিতে ক্রিকেটারদের আন্দোলনের মুখে আজ (মঙ্গলবার) জরুরি বোর্ড সভা ডেকেছে বিসিবি।

বোর্ডের দায়িত্বশীল এক পরিচালক বোর্ড সভা ডাকার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা কোনোভাবেই ক্রিকেটারদের বিপক্ষে নই। সামনে ভারত সিরিজ। তার আগে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। এই কারণে দ্রুত বিষয়টি নিষ্পত্তি করতে বোর্ড সভা ডাকতে হয়েছে।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও ক্রিকেটারদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, ক্রিকেটারদের দাবিগুলো অবশ্যই যুক্তিসঙ্গত। এগুলো এমন কিছু না যে, মানা সম্ভব নয়। এগুলোর বেশিরভাগই বাস্তবায়ন হচ্ছে বা হবে। যেমন বিপিএল আগামী বছর যেটা হবে, সেটা আগের মতোই হবে। ফ্র্যাঞ্চাইজি আদলে এটা তো আমরা আগেই বলে দিয়েছি। বাকি যেগুলো আছে সবই পূরণ করার মতো। সমস্যা হচ্ছে তারা এই দাবিগুলো নিয়ে আমাদের কাছে কখনও আসেনি। হঠাৎ করে ক্রিকেটাররা আল্টিমেটাম দেওয়ায় ক্রিকেট বোর্ড অনেকটা ধাক্কা খেয়েছে বলে মন্তব্য করেন তিনি।

জালাল ইউনুস আরো বলেন, আসলে, এটি আমাদের জন্য অস্বস্তিকর। আমাদের কেন মিডিয়ার কাছ থেকে শুনতে হবে। ক্রিকেটাররা আমাদের কাছে আসতে পারতেন। কিন্তু আসেননি। তারা দাবি জানালে আমরা বিষয়টি দেখতাম। আলোচনা ফলপ্রসূ না হলে হয়তো এই প্রক্রিয়ায় থাকতে পারতেন।’

এদিকে, ফেসবুকে এক পোস্টে ক্রিকেটারদের সঙ্গে থাকার কথা জানিয়েছেন আরেক পরিচালক তানজিল আহমেদ।

গতকাল সোমবার ১১ দফা দাবি বাস্তবায়নের দাবি তোলেন ক্রিকেটাররা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে দূরে থাকার আল্টিমেটাম দেন তাঁরা। হঠাৎ এই আন্দোলনে স্থবির হয়ে পড়ে ক্রিকেট কার্যক্রম।

কালো জাদু করতে গিয়ে কন্যা শিশুর রক্তপান!

0

ভারতের ওড়িশায় এবার ভয়াবহ অভিযোগ উঠল সুন্দরগড় অঞ্চলের ঝুমকা গ্রামের বাসিন্দা সানিয়া রানি নাথ নামের এক নারীর বিরুদ্ধে। বলা হচ্ছে, কালো জাদু করতে গিয়ে প্রতিবেশীর চার বছরের শিশু কন্যার রক্তপান করেছেন তিনি। সেই সঙ্গে ওই শিশুটিকে হত্যা করেছেন তিনি। পরে কালো জাদুর অভ্যাসে অভিযুক্তের বাড়ি থেকেই উদ্ধার হয় শিশুকন্যার দেহ। শিশুটিকে খুন করার পর একটি বাক্সের মধ্যে রেখে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শিশুটিকে দেহ উদ্ধারের পরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। শিশুটির গলায় ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। রক্তের দাগ মিলেছে।

স্থানীয় পুলিশ জানায়, শনিবার স্কুলে থেকে ফিরে বাড়ির পাশের একটি মাঠে খেলতে গিয়েছিল শিশুটি। সেখান থেকেই নিখোঁজ হয়ে যায়। গ্রামবাসীদের মধ্যে গুজবও ছড়ায়, ওই নারী শিশুটিকে মেরে তার রক্তপান করেছে।

স্থানীয় ফারুদি থানার অতিরিক্ত এসপি রবি নারায়ণ বাটিক জানান, ‘‌গ্রামের মানুষ রেগে গিয়ে সানিয়ে রানি নাথের পরিবারের দু’জনকে আটকে রেখেছিল। তাদের উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’

অভিযুক্ত সানিয়া জানান, এই ঘটনার পেছনে তার কোনো হাত নেই। নবীন সাহা নামের আরেক জন অভিযুক্তের দিকেই আঙুল তুলেছেন তিনি। এদিকে এই বিষয়ে পুলিশ জানায়, ‌তদন্ত জারি আছে। এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়।‌

ট্রাম্পকে মাটিতে ফেলে মুখে পা দিয়ে চেপে ধরলেন নারী!

0

ডোনাল্ড ট্রাম্পকে মাটিতে ফেলে দিয়ে রশি দিয়ে পেঁচিয়ে চেপে ধরে মুখে পা তুলে দিয়েছেন এক নারী। ট্রাম্পের গলা-হাতও বাঁধা দড়ি দিয়ে। মুখ বিকৃত করে চিৎকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পেছনে দেখা যাচ্ছে হোয়াইট হাউস ও আমেরিকার পতাকা। পতাকার সঙ্গে সামঞ্জস্য রেখে দড়িটি নীল-সাদা-লাল রঙের। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে লাগানো এমনই একটি বিলবোর্ড ঘিরে উঠেছে বিতর্ক। পোর্টল্যান্ডের একটি পোশাকের সংস্থার বিজ্ঞাপন এটি।

১৫ অক্টোবর ৩০ ফুট লম্বা এ বিলবোর্ডটি লাগানো হয়েছিল। পোশাক সংস্থাটি জানিয়েছে, ‘টাইটেল এক্স পরিবার পরিকল্পনা’ প্রকল্পে বদল আনতে ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিবাদে এ বিজ্ঞাপন। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, গর্ভপাত করালে স্বাস্থ্য পরিষেবায় সরকারি সহায়তা বন্ধ করা হবে।

পোশাক সংস্থাটি আরও জানিয়েছে, প্রথমে ট্রাম্পের ছবি ব্যবহার করার কথা ভেবেছিল তারা। পরে অবিকল ট্রাম্পের মতো দেখতে একজনকে বেছে নেওয়া হয়। বিজ্ঞাপনের নারী এক স্কুলশিক্ষিকা ও প্রাক্তন সেনাকর্মী। ওই বিজ্ঞাপনটি দেওয়ার পরে তাদের বিক্রি হু-হু করে বেড়েছে।

ঘাস ছেড়ে মাছ-মাংস খাচ্ছে গরু, দাবি বিজেপি নেতার

0

ভারতের গোয়ার মন্ত্রী তথা বিজেপি নেতা মাইকেল লোবোর দাবি, গোয়ার দু’টি গ্রামের ৭৬টি গরু ঘাসপাতা খাওয়া ছেড়ে মাছ-মাংস খাওয়া শুরু করেছে। শুকনো ঘাস, এমনকি পশুখাদ্যও তাদের পছন্দ হচ্ছে না। পরে চিকিত্‍সকদের দিয়ে তাদের চিকিত্‍সা করিয়ে ফের নিরামিষাশী করার উদ্যোগ নিয়েছে গোয়ার বিজেপি সরকার। গোটা রাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিত্‍সকদের নিয়োগ করা হয়েছে ওই ৭৬টি গরুর চিকিত্‍সার্থে।

গত শনিবার একটি অনুষ্ঠানে গোয়ার বর্জ্য ব্যবস্থাপনা মন্ত্রী মাইকেল লোবো বলেন, ‘কলঙ্গুট ও আশেপাশের গ্রামে কিছু রাস্তার বেওয়ারিশ গরুকে একটি গোশালায় নিয়ে যাওয়া হয়েছে। পশু চিকিত্‍সকদের দিয়ে তাদের চিকিত্‍সা করানো হচ্ছে। দেখাশোনা করা হচ্ছে। এই গবাদি পশুগুলো আমিষাশী হয়ে গেছে। আগে এগুলো নিরামিষাশী ছিল। আমরা শুরু থেকেই বলে আসছি, গবাদি পশু মানেই নিরামিশাষী। কিন্তু কলাঙ্গুটের এই গরুগুলো বদলে গিয়েছে। ওরা আর ঘাসও খায় না, দানাও খায় না। এমনকি, সুস্বাদু পশুখাদ্যও খায় না।

লোবোর দাবি, এই গরুগুলো কিছুদিন ধরে মাংস ও মাছের উচ্ছিষ্ট খাবার খাচ্ছে। গ্রামবাসীরাই তাদের এই ধরনের খাবার খাওয়াচ্ছে। এই ধরনের আমিষ খাবার খাওয়ার ফলে ওদের সিস্টেম মানুষের মতো হয়ে গিয়েছে। স্থানীয়রাই মাস-মাংস খাইয়ে ওদের এরকম করে দিয়েছে। আগে ওরা বিশুদ্ধ নিরামিষাশী ছিল। কিন্তু, এখন নিরামিষ খাবার দেখলে ঘুরেও তাকায় না। শুধু মাছ-মাংসই খাচ্ছে। আগামী টার থেকে পাঁচ দিন অভিজ্ঞ চিকিত্‍সকদের দিয়ে ওদের দেখভাল করলেই ওরা আবার নিরামিষ খাওয়া শুরু করবে।

আইনজীবীর সহকারী হত্যায় ১২ জনের মৃত্যুদণ্ড

0

ঢাকার জজ কোর্টের আইনজীবীর সহকারী মোবারক হোসেন ভূঁইয়াকে (৪৫) হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১২ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যককে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

আজ সোমবার (২১ অক্টোবর) ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন।

ফাঁসির আসামিরা হলেন- মো. মাহবুবুর রহমান ভুইয়া ওরফে মহুব, মোজাম্মেল হক ভুঁইয়া ওরফে বাদল ভুইয়া, আফজাল ভুঁইয়া, এমদাদুল হক ওরফে সিকরিত ভুঁইয়া, নয়ন ভুঁইয়া, ভুলন ভুঁইয়া ওরফে ভুলু, রুহুল আমিন, শিপন মিয়া, সুলতানা আক্তার, দেলোয়ার হোসেন, বিধান সন্নাসী ও নিলুফা আক্তার। তাদের মধ্যে শেষের চারজন আসামি পলাতক। রায় ঘোষণা শেষে বিচারক আসামিদের সাজা পরোয়ানা ইস্যু জারি করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অপর দুই আসামি তাসলিমা আক্তার (পলাতক) ও শামীম ওরফে ফয়সাল বিন রুহুলকে (পলাতক) এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। জয়নাল আবেদীন নামে একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া বিচারক খালাস প্রধান করেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মাহাবুবুর রহমান রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন। তার সহযোগী অ্যাডভোকেট মেহেদী হাছান এসব তথ্য জানান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মামলার বাদী অ্যাডভোকেট মোজাম্মেল হক মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশন ও প্রতিবন্ধী শিশু পাঠশালা নামের প্রতিষ্ঠানের সেক্রেটারি। হত্যার শিকার মোবারক হোসেন ভুঁইয়া ওই প্রতিষ্ঠানের নির্বাহী কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য। আসামিরা দীর্ঘদিন থেকে প্রতিবন্ধী ফাউন্ডেশনের বিরোধিতা করে আসছিলেন। ২০১৫ সালের ২২ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে ওই প্রতিষ্ঠানের সংস্কারমূলক কাজ করতে গেলে আসামিরা কাজ বন্ধ করে প্রতিষ্ঠানটি ভাঙচুর করতে যায়। এতে বাদী বাধা দিলে মোবারক হোসনকে হত্যা করা হয়।

ওই ঘটনায় ২০১৫ সালের ২২ অক্টোবর মোবারক হোসনের ছোট ভাই মোজাম্মেল হক ভুঁইয়া বাদী হয়ে বাজিতপুর থানায় মামলা করেন। ২০১৭ সালের ২ জানুয়ারি বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার তদন্ত শেষে ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছর ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

নজরদারিতে ওমর ফারুক

0

যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া ওমর ফারুক চৌধুরীকে যেকোনো সময় আটক করা হতে পারে। তার বাসা ও গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে। ক্যাসিনো বাণিজ্য, দুর্নীতি ও টাকার বিনিময়ে যুবলীগে পদ দেওয়ার অভিযোগ রয়েছে ওমর ফারুকের বিরুদ্ধে।

গতকাল রবিবার রাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর গত ১৮ সেপ্টেম্বর থেকে ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করে র‌্যাব ও পুলিশ। এরপর থেকেই যুবলীগের চেয়ারম্যানকে নজরদারিতে রাখা হয়। তবে সরকারের উচ্চ পর্যায় থেকে গ্রিন সিগন্যাল না থাকায় তাকে আটকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রবিবার গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে যুবলীগের বৈঠকে ওমর ফারুককে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের বলেন, ‘যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে। বৈঠকে চেয়ারম্যানকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া যুবলীগে থাকতে বয়সসীমা ৫৫ বছর করা হয়েছে।’

কাদের বলেন, ‘বৈঠকে সংগঠনটির প্রেসিডিয়াম মেম্বার চয়ন ইসলামকে আহবায়ক ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদকে সদস্য সচিব ও কার্যনিবাহী সদস্যকে নিয়ে সম্মেলন প্রস্তুতি নিতে বলা হয়েছে। এই কমিটি আগামী সম্মেলন পর্যন্ত সম্মেলনের প্রস্তুতি নেবে। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের সবাইকে অব্যাহতি দিতে নেত্রীর (শেখ হাসিনা) নির্দেশ রয়েছে।’

অব্যাহতির ঘোষণার পর ওমর ফারুককে রেকি করে নজরদারি বাড়ানো হয়। বাসার আশপাশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাদা পোশাকে অবস্থান নিয়েছেন। দেশ ছেড়ে যাতে পালাতে না পারে সেজন্য বিমানবন্দর ও দেশের বিভিন্ন সীমান্তে বার্তা পাঠানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে র‌্যাবের একটি সূত্র জানায়, ‘ওমর ফারুক চৌধুরীকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সুতরাং তিনি এখন সাবেক নেতা। তাই তার ওপর নজরদারি বাড়ানো হয়েছে। কারণ ক্যাসিনো বাণিজ্যে গ্রেপ্তার বেশ কয়েকজনের সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি জানিয়েছে।

২০১২ সালের ষষ্ঠ কংগ্রেসে যুবলীগের দায়িত্ব নেন ওমর ফারুক। বলা হচ্ছে, গত ৭ বছরে দলের একটি সিদ্ধান্তও ফারুকের কথার বাইরে হয়নি।

বিএনপির এমপি হারুন অর রশীদের ৫ বছরের কারাদণ্ড

0

বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশীদ এমপিকে পাঁচ বছরের দণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা নিয়ে পরে তা বিক্রি করে শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের করা মামলায় তাকে দণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি তাকে ৫০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক শেখ নাজমুল আলম সোমবার দুপুরে এ রায় দেন।

হারুন অর রশীদ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি। তিনি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব। একাদশ জাতীয় সংসদে বিএনপির সংসদীয় দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

হারুন অর রশীদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সংসদে জোরালো বক্তব্য রেখে আসছিলেন। গত ১ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখে এসে তার মুক্তির দাবি জানান। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গেও বৈঠক করেন এমপি হারুন। খালেদা জিয়ার জামিনে মুক্তির বিষয়ে সরকারকে নমনীয় হতে ওবায়দুল কাদেরকে অনুরোধ করেন তিনি। পরে এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও কথা বলেন ওবায়দুল কাদের। আজ তাকে দুদকের মামলায় কারাগারে পাঠানো হলো।

অভিযোগপত্রে বলা হয়েছে, সংসদ সদস্য থাকাবস্থায় শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রির ঘটনায় হারুন অর রশীদসহ তিনজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয় ২০০৭ সালের ১৭ মার্চ। মামলার বাদী হলেন পুলিশের উপপরিদর্শক ইউনুস আলী। মামলাটি তদন্ত করে হারুনসহ তিনজনের বিরুদ্ধে ওই বছরের ১৮ জুলাই আদালতে চার্জশিট দেন দুদকের সহকারী পরিচালক মোনায়েম হোসেন। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে হারুনসহ তিনজনের বিরুদ্ধে ২০০৭ সালের ২০ আগস্ট বিচার শুরু করেন আদালত।

অপর দুই আসামি হলেন- ব্যবসায়ী এনায়েতুর রহমান ও গাড়ি ব্যবসায়ী ইশতিয়াক সাদেক। তাদেরও দণ্ড দেয়া হয়েছে।

দুদকের আদালত পরিদর্শক আশিকুর রহমান এ বিষয়ে বলেন, দুর্নীতির এ মামলায় বিএনপি নেতা হারুন অর রশীদকে পাঁচ বছর কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর ব্যবসায়ী এনায়েতুর রহমানকে দুই বছর এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গাড়ি ব্যবসায়ী ইশতিয়াক সাদেককে তিন বছর কারাদণ্ড দেয়া হয়েছে এবং জরিমানা করা হয়েছে ৪০ লাখ টাকা। হারুন অর রশীদ ছাড়া বাকিরা পলাতক রয়েছেন।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মইনুল ইসলাম জানান, রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামি হারুন অর রশীদকে আদালতের হাজতখানায় রাখা হয়।

এমপি থাকাবস্থায় শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রি করে টাকা আত্মসাতের মামলায় হারুন অর রশীদসহ তিনজনের বিরুদ্ধে এই মামলা হয় ২০০৭ সালে। দণ্ডবিধির ৪০৯ এবং কাস্টমস অ্যাক্টের ১৫৬ ধারায় হারুন অর রশীদ, ব্যবসায়ী এনায়েতুর রহমান এবং গাড়ি ব্যবসায়ী সাদেককে কারাদণ্ড দিয়েছেন আদালত।