Home Blog Page 3415

৮ হাজার বছরের পুরনো মুক্তা মিলল আবুধাবিতে!

0

আট হাজার বছর আগে ঝিনুকের বুকে জন্ম নেয়া গোলাপি আভায় ঝলমলে বিশ্বের প্রাচীনতম মুক্তার দেখা মিলেছে মধ্যপ্রাচ্যের দেশ আবুধাবিতে।

প্রত্নতাত্ত্বিকদের দাবি, নিওলিথিক যুগের এই অমূল্য রত্ন সময়কে হারিয়ে সৌন্দর্যে আজও পূর্ণ যৌবনা।

সম্প্রতি মারওয়াহ দ্বীপে খননের সময় একটি ঘরের মেঝের নিচে লুকিয়ে রাখা ছিল এ ঐশ্বর্য। প্রাচীনতম স্থাপত্যের সঙ্গে সঙ্গে খোঁজ মেলে এই দুর্লভ প্রাকৃতিক মুক্তার।

আবুধাবির সংস্কৃতি ও পর্যটন দফতর জানিয়েছে, যে স্তর থেকে মুক্তাটির দেখা মিলেছে, সেটি প্রায় খ্রিস্টপূর্ব ৫৮০০-৫৬০০ আমলের।

এর আগে মারওয়াহ দ্বীপে খননের সময় অসংখ্য ভেঙে পড়া নিওলিথিক আমলের পাথরের স্তম্ভ এবং পাথরের তৈরি জপমালা, নকশাকাটা তীর চিহ্নও পাওয়া গেছে। এই মুক্তা প্যারিসের জাদুঘরে প্রথমবার দর্শকদের সামনে নিয়ে আসা হবে আগামী ৩০ অক্টোবর।

বিশেষজ্ঞদের বিশ্বাস, নিওলিথিক যুগে মুক্তার বিনিময়ে মেসোপটেমিয়া-ইরাক-সিরামিক দেশের লোকেরা জিনিস কেনাবেচা করত।

আর মুক্তার গহনার কথা কে না জানে! পাশাপাশি মুক্তাশিল্প একসময় আরব আমিরাতের অর্থনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল।

১৯৩০ সাল থেকে জাপানেও এই শিল্প জনপ্রিয় হলে ধস নামে আরব আমিরাতের অর্থনীতিতে। উপসাগরীয় দেশ তখন আশ্রয় নেয় তেল আমদানি-রফতানিতে।

এক রাতেই ৪৫ কোটি টাকা হেরে যান সম্রাট

0

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট জুয়ার বোর্ডে একদিনে ৪৫ কোটি টাকা পর্যন্ত খুইয়েছেন। র‌্যাবের জিজ্ঞাসাবাদে সম্রাট জানান, তিনি জুয়া খেলতে যেতেন সিঙ্গাপুরের মেরিনা বে ক্যাসিনোতে। সঙ্গে নিতেন লাগেজভর্তি ডলার। ভিআইপি লাউঞ্জ দিয়ে বিমানে উঠতেন সম্রাট। তার লাগেজ চেক করা দূরের কথা কখনই তাকে দেহতল্লাশির মুখোমুখিও হতে হয়নি। ক্যাসিনোতে তিনি দু’হাতে টাকা উড়ান। কখনও হারেন, কখনও জেতেন।

এদিকে র‌্যাবের জিজ্ঞাসাবাদে নিজের জুয়ার নেশা থেকে শুরু করে ঢাকার ক্যাসিনো সাম্রাজ্যের আদ্যোপান্ত সবিস্তারে খুলে বলছেন সম্রাট।

তার গডফাদার কে, কিভাবে তিনি ক্যাসিনো জগতে এলেন এবং জুয়ার টাকা কার কার পকেটে গেছে সবার নামই তিনি বলছেন। জিজ্ঞাসাবাদে পাওয়া নামগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে নামের তালিকা পাঠানো হচ্ছে সরকারের উচ্চপর্যায়ে।

সূত্র বলছে, ক্যাসিনো কিং সম্রাটের অর্থ-সম্পদের একটি লম্বা ফিরিস্তি পাওয়া গেছে। দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডে টাকা জমা রেখেছেন সম্রাট। তার ভাই বাদলের নামে রাজধানীর আশপাশে কয়েকটি প্লট ও ফ্ল্যাট কিনে রেখেছেন তিনি। এছাড়া ইডেন কলেজ ছাত্রলীগের জনৈক নেত্রী মৌসুমির সঙ্গে সম্রাটের প্রেমের সম্পর্ক ছিল। মৌসুমির নামে পুলিশ প্লাজায় একাধিক দোকান কিনেছেন।

সম্রাট ও আরমানকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বিষয়ে জানতে চাইলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম বলেন, আমরা সম্রাটের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সম্রাটই ঢাকার ক্যাসিনো জগতের প্রধান নিয়ন্ত্রণকারী ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। তার মাধ্যমেই প্রভাবশালী মহলে বিপুল অংকের অবৈধ অর্থের লেনদেন হয়েছে। আপনারা জানেন, যেখানেই অঢেল অর্থ সেখানেই অবধারিতভাবে অস্ত্র, মাদক ও নারী সম্পৃক্ততা চলে আসে। সম্রাটের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়।’

তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়া সব তথ্য গণমাধ্যমে প্রকাশ করা সমীচীন হবে না। কারণ সম্রাটের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি এখনও বিচারাধীন। রিমান্ডে জিজ্ঞাসাবাদের তথ্য গণমাধ্যমে এলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে।

কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক মঙ্গলবার

0

আওয়ামী লীগের কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে এক গোলটেবিল বৈঠক আগামীকাল মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ অনুষ্ঠিত হবে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি সংশ্লি¬ষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

বিকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন ঐক্যফ্রন্টের নেতারা

0

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের নেতৃত্বে আজ সোমবার (২১ অক্টোবর) বিকেল ৩টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাৎ করবেন একটি প্রতিনিধিদল।

রবিবার (২০ অক্টোবর) ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানান।

তিনি জানান, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের সাক্ষাতের অনুমতির বিষয়ে কথা বলতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন ঐক্যফ্রন্ট নেতারা। একইসঙ্গে যারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন তাদের একটি তালিকাও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হবে।

এর আগে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে দুপুর ১২টা থেকে প্রায় ২টা পর্যন্ত জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক হয়।

বৈঠকে জেএসডি সভাপতি আসম আব্দুর রব, নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের ডা. জাহেদ উর রহমান, মমিনুল হক, বিকল্প ধারার নুরুল আমিন বেপারী এবং গণস্বাস্থ্যের ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

কালিদাস কর্মকারের মরদেহ শহীদ মিনারে

0

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বরেণ্য চিত্রশিল্পী কালিদাস কর্মকারের মরদেহ নিয়ে আসা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে।

আজ সোমবার সকাল ১০টার কিছু পর রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘর থেকে কালিদাস কর্মকারের মরদেহ নিয়ে আসা হয় চারুকলা প্রাঙ্গণে। পরে শিল্পী, চারুশিক্ষক ও চারুশিক্ষার্থীরা ফুলেল শ্রদ্ধা জানান বরেণ্য এ চিত্রশিল্পীকে।

শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় তার নাগরিক শ্রদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে শিল্পী সমাজের শ্রদ্ধা নিবেদন করেছেন।

কালিদাস কর্মকারের মরদেহে চারুকলা অনুষদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ, ছাপচিত্র বিভাগ, ভাস্কর্য বিভাগ, কারুশিল্প বিভাগ, গ্রাফিক ডিজাইন বিভাগ, প্রাচ্যকলা বিভাগ, মৃৎশিল্প বিভাগ এবং শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। সবুজবাগ বরেদেশ্বরী কালী মন্দিরের শ্মশানে কালিদাস কর্মকারের শেষকৃত হবে৷

এর আগে শুক্রবার দুপুরে কালিদাস কর্মকারকে ঢাকার বাসা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা কালিদাসকে মৃত ঘোষণা করেন।

টোকিও পৌঁছেছেন রাষ্ট্রপতি

0

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাপানের নতুন সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে টোকিও পৌঁছেছেন।
আজ সোমবার জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় রাষ্ট্রপতিকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটটি টোকিওর হানেদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায়।
রাষ্ট্রপতিকে বিমানবন্দরে স্বাগত জানান জাপানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী কেনজিরো মনজি এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতেমা।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে টোকিওর হোটেল নিউ ওতানি হোটেলে পৌঁছেছেন রাষ্ট্রপতি। জাপান সফরকালে এবার এখানেই থাকবেন তিনি।
সফরে রাষ্ট্রপতির সঙ্গে তার স্ত্রী রাশিদা খানম, ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক, এমপি এবং গণভবন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।
গতকাল রবিবার দুপুর ১টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ালাইন্সের ফ্লাইট এসকিউ ৪৪৯ করে ঢাকার হযরত শাহজালাল রাহ. আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীরা। সফর শেষে আগামী ২৭ অক্টোবর ১১টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে।

জি কে শামীম ও খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের ২ মামলা

0

কথিত যুবলীগ নেতা গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম) ও বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুই মামলা করা হয়েছে।
মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ দপ্তর।
দুদক সূত্র জানিয়েছে, জি কে শামীমের বিরুদ্ধে মামলা হয়েছে ২৯৭ কোটি টাকা অবৈধ সম্পদের খোঁজ পাওয়ায়। আর যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে মামলা হয়েছে পাঁচ কোটি ৫৮ লাখ টাকার অবৈধ সম্পদের খোঁজ পাওয়ায়।
।

অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বন্ধ!

0

১১ দফা দাবিতে আন্দোলনে নামলেন বাংলাদেশের ক্রিকেটাররা। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত সমস্ত ক্রিকেটীয় কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।
নানান ইস্যুতে চাপা ক্ষোভ ছিল দীর্ঘদিন ধরে। সেটারই বিস্ফোরণ ঘটলো এবার। ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানো, ক্রিকেটারদের প্রতি বোর্ডের দৃষ্টিভঙ্গি বদলানো সহ মোট ১১ দফা দাবিতে ধর্মঘট ডেকেছেন দেশের শীর্ষ ক্রিকেটাররা।
আজ সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই ঘোষণা দেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ আরও অনেক ক্রিকেটার। তবে সামনে যেহেতু অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ আছে, তাই তাদেরকে এই ধর্মঘটের আওতায় রাখা হচ্ছে না বলে জানিয়েছেন তারা। ক্রিকেটারদের এই ঘোষণার পর আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড এবং ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্প কার্যত অনিশ্চয়তার মুখে পড়ল।
ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে জাতীয় টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, ‘দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত কোন ধরণের ক্রিকেট কার্যক্রমে অংশ নেবেন না ক্রিকেটাররা। জাতীয় দল, প্রথম শ্রেণির ক্রিকেটারসহ সবাই এই ধর্মঘটের অন্তর্ভূক্ত এবং সেটা আজ থেকে। জাতীয় লিগ থেকে শুরু করে প্রথম শ্রেণির ক্রিকেট বলেন, জাতীয় দলের প্রস্তুতি বলেন, আন্তর্জাতিক ক্রিকেট বলেন সবগুলোই এর অন্তর্ভূক্ত।
আলোচনা সাপেক্ষে অবশ্যই সবকিছুর সমাধান হবে। দাবিগুলো যখন মানা হবে তখন আমরা আমরা স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাব। ‘

সমাজের খারাপ লোকদের আর উঁচু গলায় কথা বলতে দেয়া হবে নাঃ এস.পি. মাসুদ

0

কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বলেছেন, এখন থেকে সমাজে খারাপ লোকদের মাথা উঁচু করে কথা বলতে দেওয়া হবে না। এখন থেকে সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিরাই সমাজে নেতৃত্ব দেবে। সেজন্য পুরো জেলায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে। জেলা কমিটি ছাড়াও কক্সবাজারের ৮ উপজেলা এবং চারটি পৌরসভায় এমন ব্যক্তিদের নিয়ে কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়েছে, যেখানে স্থান পেয়েছেন সমাজের সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য ব্যক্তিরাই।

সর্বশেষ ব্যক্তিত্ব ও ইমেজ সম্পন্ন মানুষ দিয়েই কমিউনিটি পুলিশিংয়ের কক্সবাজার জেলা কমিটি গঠন করা হয়েছে। ইয়াবা কারবারি, হুন্ডি কারবারি, অপরাধী, জঙ্গিকে কমিটিতে স্থান দেওয়া হয়নি। অতএব এখন থেকে খারাপ মানুষ কোনো অপকর্ম করে পার পাওয়ার সুযোগ দেওয়া হবে না। কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরাই মাঠপর্যায়ে অপরাধীদের খুঁজে খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দেবে।

মাদকের কারবার, বাল্যবিয়ে রোধ, ইভটিজিং, জঙ্গিবাদ, সন্ত্রাস, গুজবের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পুরো জেলায় কমিউনিটি পুলিশিং কমিটিই সর্বদা সজাগ ভূমিকা পালন করবেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অবিচল থাকবে পুলিশ।

পুলিশ সুপার আজ সোমবার দুপুরে কক্সবাজার পুলিশ লাইনস্ মাঠে জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত নবগঠিত কমিউনিটি পুলিশিং কমিটির নেতাদের সঙ্গে পরিচয় ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত হুঁশিয়ারি দেন।

পুলিশ সুপার মাসুদ হোসেন আরো বলেন, ভোলা জেলার বোরহান উদ্দিনে গত রবিবার সংঘটিত ঘটনায় প্রথমে সবাই মনে করেছিল, পুলিশের বাড়াবাড়ি ছিল। কিন্তু ঘটনার ভিডিও ফুটেজ দেখার পর সবাই নিশ্চিত হয়েছেন, প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর সাম্প্রদায়িক উস্কানিতে কথিত প্রতিবাদীদের আক্রমণ থেকে নিজেদের আত্মরক্ষার্থেই পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে। তবে ভোলা জেলার মতো কোনো ঘটনা কক্সবাজারে আর ঘটতে দেওয়া হবে না।

ইউএনডিপি’র কমিউনিটি রিকভারি এন্ড রেজিলেন্স প্রজেক্টের সহযোগীতায় ‘কমিউনিটি পুলিশিং-এ অংশ নিন, অপরাধ দমনে সহায়তা করুন’ প্রতিপাদ্যে কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় একযোগে সকলকে শপথবাক্য পাঠ করান পুলিশ সুপার নিজেই।

প্রসঙ্গত, কক্সবাজারের বিশিষ্ট সাংবাদিক ও কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদকে সভাপতি এবং কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুরকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের জেলা কমিউনিটি পুলিশিং কমিটি ঘোষণা করে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, জেলা কমিটির উপদেষ্টা সাবেক এমপি অধ্যাপিকা এথিন রাখাইন, নবগঠিত জেলা কমিটির সভাপতি ও কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদ, পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রনজিত দাশ, মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, আবু তালেব, আবু হেনা মোস্তফা কামাল, জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, টেকনাফের মুফতি মাওলানা কেফায়েত উল্লাহ শফিক ও নূর হোসেন, উখিয়ার নূরুল হুদা, সদরের মিজানুর রহমান, পেকুয়ার কামাল হোছাইন, চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম লিটু ও পৌরসভার সভাপতি এ কে এম শাহাবউদ্দিন, রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।

উপস্থিত ছিলেন কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম, উখিয়া-টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, চকরিয়া সার্কেলের এএসপি কাজী মো. মতিউল ইসলাম, ওসি যথাক্রমে শাহজাহান কবির, আবুল খায়ের, মো. হাবিবুর রহমান, প্রভাষ চন্দ্র ধর, প্রদীপ দাশ, কামরুল আজম, আবুল মনসুর প্রমুখ।

ইরানের বৃহত্তম তেল শোধনাগারে আগুন

0

ইরানের সবচেয়ে পুরনো ও বৃহত্তম তেল শোধনাগারের আগুন লেগেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে তেল শোধনাগারটি অবস্থিত।
সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, তেল শোধনাগারটির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ইরানি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
ইরানি কর্তৃপক্ষ বলেছে, ওই শোধনাগারে আগুন লাগার ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তেল উৎপাদন প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি হয়নি।
এদিকে, রবিবার আবাদান তেল শোধনাগারের গণযোগাযোগ বিভাগ জানিয়েছে, তেল শোধন প্রক্রিয়া শেষে বর্জ্য নিষ্কাশন চ্যানেলে আগুন লাগে। ‘পাঁচ মিনিটের মধ্যে’ তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় গুরুতর আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।
আবাদান তেল শোধনাগারের গণমাধ্যম বিভাগ বিবৃতিতে জানিয়েছে, বর্জ্য নিষ্কাশনের ৫৫ নম্বর ইউনিটে ছিদ্র তৈরি হওয়ার কারণে আগুন লাগার ওই ঘটনা ঘটে।
আবাদান প্রদেশের গভর্নর জয়নুল আবেদিন মুসাভিও বার্তা সংস্থা তাসনিমকে বলেছেন, বর্জ্য সরবরাহের কোনো একটি পাইপলাইনে দুর্ঘটনার কারণে আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে।
বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আবাদান শোধনাগারে প্রতিদিন চার লাখ ব্যারেল তেল শোধন করা হয় এবং রবিবারের আগুন লাগার ঘটনায় এই প্রক্রিয়ায় কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি। শোধনাগারের অগ্নিনির্বাপন কর্মীরা তাৎক্ষণিকভাবে অন্য ইউনিটগুলোতে আগুন ছড়িয়ে পড়া রোধ করতে সক্ষম হন।
প্রসঙ্গত, ১৯৮০’ র দশক পর্যন্ত আবাদান ছিল বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগার। ইরানে তেল শিল্প প্রতিষ্ঠার পরপরই ১৯১২ সালে এই শোধনাগার প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে এই শোধনাগারে বেশ কয়েকটি নতুন ইউনিট স্থাপনের পাশাপাশি পুরনো ইউনিটের সংস্কার করা হয়।
সূত্র : পার্স টুডে