Home Blog Page 3416

কোটালীপাড়ায় এলজিইডি কার্যালয়ে আগুন

0

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কোটালীপাড়া উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় এ কার্যালয়ের অবস্থান। কার্যালয়ের নৈশপ্রহরী সলেমান মীর প্রকৌশলী দেবাশীষ বাগচীর কক্ষে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

কোটালীপাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাকচী বলেন, কোটালীপাড়া উপজেলার বিভিন্ন স্কুলের সাইন্স ল্যাবের জন্য জাইকার ২০ লাখ টাকার বৈজ্ঞানিক যন্ত্রপাতি, ফটোকপি মেশিন, সোফাসেট, অফিস ডেকরেশন, আসবাবপত্র পুড়ে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নজরুল ইসলাম বলেন, ‘বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লাগতে পারে। এতে অফিসের উপজেলা প্রকৌশলীর কক্ষের সমস্ত মালামাল ভস্মীভূত হয়েছে। আমরা ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।’

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. জাকারিয়া বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সহায়তা করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

ভারতের আর্টিলারি হামলা,৩০ পাকিস্তানি নিহত

0

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে আর্টিলারি হামলা চালিয়েছে ভারত। গতকাল এই হামলায় সেনা-জঙ্গি মিলিয়ে অন্তত ৩০ জন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছে। এমনটাই দাবি করছে ভারতীয় সেনা সূত্র।

ভারতীয় কয়েকটি জাতীয় সংবাদমাধ্যমের দাবি, ভারতীয় সেনাবাহিনীর আর্টিলারি হামলায় অন্তত ২২ জন জইশ ও হিজবুল জঙ্গির মৃত্যু হয়েছে। ৬ জন পাকিস্তানি সেনা ও প্রাণ হারায়। আরও বেশ কয়েকজন আহত হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। যদিও পাকিস্তানের দাবি, মোট ৬ জন সাধারণ নাগরিক ও একজন সেনা কর্মকর্তা প্রাণ হারিয়েছে।

এদিকে, ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত জঙ্গিদের অন্তত লঞ্চপ্যাড ধ্বংস করার খবরের সত্যতা স্বীকার করেছেন।

সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, কাশ্মীরে শান্তিপ্রক্রিয়ায় বারবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে ব্যাঘাত ঘটাচ্ছে পাকিস্তান। পাক সেনা ও জঙ্গিদের যৌথ হামলায় বারবার ক্ষয়ক্ষতি হচ্ছে সীমান্তের গ্রামগুলিতে। পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের জবাব দিয়েছে ভারতীয় সেনারা। যা খবর মিলছে তাতে আর্টিলারি হামলায় অন্তত ১০-১২ জন পাকিস্তানি সেনা ও সমসংখ্যক জঙ্গি মারা গেছে । এই সংখ্যাটা বাড়াতেও পারে। সে তথ্য পেলেই আমরা প্রকাশ করবো। তবে আবার পাকিস্তানি সেনা সীমান্তে শান্তি বিঘ্নিত করলে ভারতীয় সেনা প্রত্যাঘাতের জন্য সদা প্রস্তুত।

রবিবার ভোর থেকেই বিনা প্ররোচনায় কুপওয়ারা সীমান্তে গুলি চালানো শুরু করে পাকিস্তানি সেনা। নিহত হন দুই ভারতীয় সেনা। আরও দুই সাধারণ নাগরিকের মৃত্যু হয়। এরপরই প্রত্যাঘাত শুরু করে ভারতীয় সেনাবাহিনী। শুরু হয় আর্টিলারি হামলা। অনেকটা টার্গেট করা হয় জুরা, লেপা, নীলম সেক্টরকে। ভারতীয় সেনাদের প্রত্যাঘাতে নিমেষে গুঁড়িয়ে যায় অন্তত তিনটি জঙ্গি ঘাঁটি। ধ্বংস হয়ে যায় জঙ্গিদের লঞ্চপ্যাডও। এই হামলায় হিজবুল ও জইশ মিলিয়ে অন্তত ২২ জঙ্গির মৃত্যু হয়েছে বলে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি। অন্যদিকে অপর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এই হামলায় প্রাণ গেছে অন্তত ৩৫ জন জেহাদির। এছাড়াও বেশ কয়েকজন পাকিস্তানি সেনা জঙ্গিদের আড়াল করার চেষ্টা করছিল। তাঁরাও ভারতীয় সেনার গুলিতে প্রাণ হারিয়েছেন। অন্তত ৬ থেকে ১১ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও সরকারিভাবে সীমান্তের ওপারে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি।

পাকিস্তানের দাবি, একজন জওয়ান ও ৬ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। ভারতের এই হামলার পর পাল্টা গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তানি সেনারাও। এর জেরে সীমান্তের এপারেও বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। জোর তৎপরতা শুরু হয়েছে নয়াদিল্লিতেও। সেনাপ্রধান বিপিন রাওয়াতের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

সূত্র : সংবাদ প্রতিদিন

ম্যানইউ কিনবেন সৌদি প্রিন্স!

0

প্রিমিয়ার লিগের দুই জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। যার একটির মালিক সংযুক্ত আরব আমিরাতের রাজ পরিবারের মনসুর বিন জায়েদ আল নাহিইয়ান। যিনি আমিরাতের উপপ্রধানমন্ত্রীও। অপর দলটির মালিক হতে চাইছে সৌদি আরবের প্রিন্স।
সৌদি আরবের যুবরাজ ও উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে এর আগে দুইবার আগ্রহ প্রকাশ করেছিলেন। তার জন্য তিনি ৩৮০ কোটি পাউন্ড খরচ করতেও রাজি ছিলেন। এবার আরও বড় অঙ্কের নতুন প্রস্তাব দিয়েছেন সৌদি প্রিন্স।
তবে ঠিক কী পরিমাণ অর্থের কথা বলা হয়েছে সেটা জানাতে পারেনি ব্রিটিশ দৈনিক দ্য মিরর। আগের বিশাল অঙ্কের প্রস্তাব নিয়েই সরগরম ব্রিটেনের ফুটবল মহল। ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান মালিক যুক্তরাষ্ট্রের গ্লেজার পরিবার। আর যদি সৌদি রাজপুত্র আগের দামেও কেনে ইউনাইটেডকে, তাহলে গ্লেজার পরিবারের লাভ হবে ২২০ কোটি পাউন্ড।
এ দিকে ম্যানচেস্টার ইউনাইটেড কেনা নিয়ে সৌদি রাজ পরিবারের এই আগ্রহকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছেন বিশেষজ্ঞরা। সব ঠিকঠাক চললে আগামী মৌসুমেই ইউনাইটেডের নতুন মালিক হিসেবে দেখা যেতে পারে বিন সালমানকে।
সৌদি পরিবারের সম্পত্তির পরিমাণ ৮৫ হাজার কোটি পাউন্ড। সেখানে ৩৮০ কোটি পাউন্ড বড় কোনো ব্যাপার নয় তাদের কাছে। তাছাড়া ফুটবল ক্লাব কেনা মানে তার থেকে আয়ের সুযোগও থাকবে। এখন প্রশ্ন গ্লেজার পরিবার আদৌ বিক্রি করতে রাজি কি না?

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়ানোয় মোদির তুরস্ক সফর বাতিল

0

জাতিসঙ্ঘের সাধারণ সভায় কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের মতকে সমর্থন জানিয়ে ভারতের কেন্দ্রীয় মোদি সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি ভারতের সিদ্ধান্তকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বলে অভিহিত করে বলেন, ‘কাশ্মীর ইস্যুকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এবং সমৃদ্ধির থেকে কোনওভাবেই আলাদা করা যায় না। সেজন্য আলাপ-আলোচনা, সুষ্ঠু বিচারের মাধ্যমেই এই সমস্যাকে মিটিয়ে নেয়া প্রয়োজন। সংঘর্ষের মাধ্যমে নয়।’
ভারত বরাবরই বিভিন্ন ফোরামে কাশ্মীরকে ‘অভ্যন্তরীণ সমস্যা’ বলে জানিয়েছে। কিন্তু জাতিসঙ্ঘের মঞ্চে এরদোগানের ওই মন্তব্য নয়াদিল্লিকে ক্ষুব্ধ করেছে। তুরস্কের প্রেসিডেন্টের মন্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘ভারত তুরস্কের প্রেসিডেন্টের এই মন্তব্যকে গুরুত্ব দিচ্ছে না। কাশ্মীর সম্পূর্ণরূপে ভারতের অভ্যন্তরীণ বিষয়। আমরা তুরস্কের সরকারকে আহ্বান জানিয়েছি, এ বিষয়ে আর কোনও মন্তব্য করার আগে, আমাদের কাছে এসে ভালোভাবে ইস্যুটি যেন তাঁরা জেনে নেয়।’
এরপরই নয়াদিল্লির তরফে ঘোষণা করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত আঙ্কারা সফর আপাতত হচ্ছে না। এই সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবশ্য ওই সফর সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে সফর সম্পর্কে কোনও সিদ্ধান্ত হয়নি। সেজন্য বাতিল করার মতো কোনও প্রশ্নই নেই। ভারত ও তুরস্কের সম্পর্ক কখনই বিশেষ উত্তপ্ত হয়নি। কিন্তু প্রধানমন্ত্রীর প্রস্তাবিত সফর বাতিল হওয়ায় স্পষ্ট যে দু’দেশের সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়েছে।

কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব ১৪ দিনের রিমান্ডে

0

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে ১৪ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
রবিবার মধ্যরাতে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় সাতদিন করে মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ভাটারা থানার মাদক মামলায় ১০ দিন ও অস্ত্র আইনে করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে শুনানি শেষে এই রায় দেওয়া হয়।
শনিবার রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে গ্রেফতার করে র‌্যাব। বসুন্ধরা আবাসিক এলাকার ৮ নম্বর সড়কের ৪০৪ নম্বর বাড়ি থেকে রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।তারেকুজ্জামান রাজিব ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ নেতা।

ভোলায় নিহত দুজনের ‘মাথা থেঁতলানো’, পুলিশকেও গুলি

0

ভোলার বোরহানউদ্দিনে এক হিন্দু তরুণের ফেইসবুক আইডি ‘হ্যাক করে’ মেসেঞ্জারে অবমাননাকর বক্তব্য ছড়িয়ে উসকানি এবং ‘তাওহিদি জনতার’ ব্যানারে সামবেশ থেকে পুলিশের ওপর হামলার ঘটনার পেছনে ‘স্বার্থান্বেষী মহলের’ হাত দেখছে পুলিশ।

পুলিশ সদরদপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, বোরহানউদ্দিন উপজেলা সদরে বুধবার দুই ঘণ্টা ধরে চলা হামলা-সংঘর্ষের মধ্যে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়, তাতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হন।

সংঘর্ষে যে চারজন নিহত হয়েছেন, তাদের মধ্যে দুজনের মাথা ভোঁতা অস্ত্র দিয়ে থেঁতলানো ছিল বলে চিকিৎসকের বরাতে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, “সবচেয়ে দুর্ভাগ্য হলো, যে আইডিটা হ্যাকিং করল, আর তারপরে এ ধরনের ঘটনা ঘটালো, আর সেটাকে কেন্দ্র করে কারা কী উদ্দেশ্য নিয়ে তারা সমবেত হলো এবং পুলিশের ওপর আক্রমণ করলো তাদের উদ্দেশ্যেটা কী ছিল সেটাই বড় কথা।

“এরপর থেকে দেখা যাচ্ছে ফেসবুকে নানা ধরনের অপপ্রচার সব জায়গায় ছড়ানো হচ্ছে অশান্ত পরিবেশ সৃষ্টি করার জন্য। তাহলে এরা কারা? এদের উদ্দেশ্যেটা কী?”

এ ঘটনায় বরিশাল রেঞ্জের ডিআইজিকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে পুলিশ। সদরপ্তর, এসবি, পিবিআই ও জেলা পুলিশের প্রতিনিধি নিয়ে গঠিত ওই কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

জনমনে বিভ্রান্তি এড়াতে পুলিশ সদরদপ্তর বোরহানউদ্দিনের ঘটনার একটি বিবরণ তুলে ধরেছে তাদের বিবৃতিতে।

সেখানে বলা হয়, ১৮ অক্টোবর রাতে বিপ্লব চন্দ্র বৈদ্য নামের ২৫ বছর বয়সী এক যুবক বোরহান উদ্দিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন্। তিনি জানান, তার ফেইসবুক আইডি ‘বিপ্লব চন্দ্র শুভ’ হ্যাক করা হয়েছে।

জিডি করার সময় থানায় থাকাকালেই তার মোবাইলে একটি ফোন আসে এবং তার কাছে চাঁদা দাবি করা হয়। বিষয়টি তিনি ওসিকে জানান এবং ওসি জানান ভোলার পুলিশ সুপারকে।
“প্রযুক্তির সাহায্য নিয়ে সেদিন রাতের মধ্যেই বিপ্লব চন্দ্র বৈদ্যর ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাককারী ও তার মোবাইলে কলকারী শরীফ এবং ইমন নামে দুই যুবককে যথাক্রমে পটুয়াখালী এবং বোরহানউদ্দিন থেকে আটক করে পুলিশ। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে বোরহান উদ্দিন থানায় নেওয়া হয়।”

বিবৃতিতে বলা হয়, শুভর ফেইসবুক মেসেঞ্জার থেকে কথিত মন্তব্যের জেরে এলাকার মুসলমানদের মধ্যে উত্তেজনা তৈরি হতে থাকে। মন্তব্যকারীর ফাঁসি দাবি করেন স্থানীয় আলেম সমাজ। রোববর বেলা ১১টায় বোরহানউদ্দিন ঈদগাহ ময়দানে তারা প্রতিবাদ সভা করার ঘোষণা দেন।

“কিন্তু জেলা প্রশাসক, ইউএনও, থানার ওসি ও স্থানীয় জনপ্রতিনিধিসহ আলেম সমাজের প্রতিনিধিগণের উপস্থিতিতে ঘটনার বিস্তারিত তুলে ধরে শনিবার সন্ধ্যায় বোরহান উদ্দিন থানায় দীর্ঘ সময় আলোচনা হয়। আলেম সমাজের অভিযোগের ভিত্তিতে বিপ্লব চন্দ্র বৈদ্যকে আটক দেখানো হয়। এ বিষয়ে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণের নিশ্চয়তা পেয়ে প্রতিনিধিত্বকারী আলেম সমাজ তাদের পূর্বঘোষিত প্রতিবাদ কর্মসূচি বাতিল ঘোষণা করেন।”

সদরদপ্তর বলছে, সমাবেশ বাতিলের ঘোষণার পরও রোববার সকাল থেকে কিছু লোক ঈদগাহ ময়দানে সমবেত হতে থাকে। ময়দানের বিভিন্ন পয়েন্টে বসানোর জন্য ১৭টি মাইক আনা হয়।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। তারা সমবেতদের সরিয়ে নিতে স্থানীয় আলেমরা প্রতিশ্রুতি দেন, কোনো রকম বিশৃঙ্খলা সেখানে হবে না।

“ইতোমধ্যে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্থানীয় পুলিশকে সহায়তা দিতে সকালেই বরিশাল থেকে রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি ভোলায় আসেন। অতিরিক্ত ডিআইজি ও ইউএনওকে নিয়ে পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত জনগণের উদ্দেশে বক্তব্য রাখেন।

“ঘটনার বিস্তারিত বর্ণনা করে প্রয়োজনীয় সকল আইনি ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে তাদেরকে বার বার আশ্বস্ত করেন। তাদের কথায় আশ্বস্ত হয়ে সমবেত লোকজন ঈদগাহ্ ময়দান ত্যাগ করেন।”

সদর দপ্তর বলছে, বক্তব্য শেষে পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজিসহ পুলিশ কর্মকর্তারা ঈদগাহ সংলগ্ন মসজিদ-মাদ্রাসার একটি কক্ষে অবস্থান নেন। এরই মধ্যে ‘অন্য একটি গ্রুপ’ ঈদগাহ ময়দানে ঢুকে সাধারণ মানুষকে ‘উত্তেজিত করতে থাকে’।

“তারপর একদল লোক বিনা উসকানিতে মাদ্রাসার অফিস কক্ষে অবস্থানরত কর্মকর্তাদের ওপর আক্রমণ করে। আক্রমণকারীদের একদল আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে পুলিশ ও অন্যান্য কর্মকর্তাদের ওপর আক্রমণ চালায়। আক্রমণকারীদের গুলিতে পুলিশের একজন মারাত্মক জখম হয়। মারাত্মক আহত হন পুলিশের আরেক সদস্য। বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজিও আহত হন।”

এই পরিস্থিতিতে ইউএনও ও নিবার্হী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ উত্তেজিত লোকজনকে নিবৃত্ত করতে প্রথমে টিয়ার শেল এবং পরে শটগানের গুলি ছোড়ে।
“পরিস্থিতির ভয়াবহতায় ম্যাজিস্ট্রেটের নির্দেশে এক পর্যায়ে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়।”

পুলিশ সদরদপ্তর বলছে, ওই ঘটনায় নিহত চার জনের মধ্যে অন্তত দুই জনের মাথা ভোঁতা অস্ত্র দিয়ে থেঁতলানো বলে নিশ্চিত করেছেন চিকিৎসক।

“সার্বিক ঘটনা পর্যালোচনায় এটি স্পষ্ট যে, পুলিশ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে শুরু থেকে তৎপর থাকা সত্ত্বেও এবং আলেম সমাজ পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থার প্রতি আস্থা রেখে কর্মসূচি স্থগিত করলেও, কোনো একটি স্বার্থান্বেষী মহল ধর্মকে পুঁজি করে একটি সামাজিক অস্থিরতা তৈরির অপপ্রয়াস চালিয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলসহ সারাদেশে পুলিশ সতর্ক রয়েছে।”

গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করতে এবং কোনো অবস্থাতেই ধর্মীয় উপাসনালয়ে আক্রমণ না করতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে পুলিষের বিবৃতিতে।

আর রাতে গণভবনে যুবলীগ নেতাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে আগ্রহীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

তিনি বলেন, “সকলেই জানেন, দেশটা একটু ভালোভাবে চলছে, অগ্রগতি হচ্ছে। তখনই একটা শ্রেণি আছে, নানাভাবে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করতে চায়। কাজেই এটা যেন তারা না করতে পারে, আমি এজন্য সাধারণ মানুষের কাছে সহযোগিতা চাই।”

মেনন ও তার স্ত্রীর পদত্যাগ চাইলেন আলাল

0

একাদশ সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, বরিশালে এক অনুষ্ঠানে দেওয়া এমন বক্তব্য প্রসঙ্গে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও তার স্ত্রীকে পদত্যাগ করতে বললেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
রবিবার (২০ অক্টোবর) রাশেদ খান মেননের দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে একথা বলেন যুবদলের সাবেক এই সভাপতি।
তিনি বলেন, রাশেদ খান মেনন ৫ জানুয়ারি ২০১৪ সালের নির্বাচনের পরেও বর্তমান সরকারের মন্ত্রী ছিলেন। এমনকি বর্তমান সরকারের তিনি একজন সংসদ সদস্য। তার স্ত্রীও সংরক্ষিত আসনের সংসদ সদস্য। এতকিছু সুযোগ-সুবিধা পাওয়া সত্ত্বেও তিনি এই সত্য কথাগুলো বলেছেন। অতএব আমাদের সেই প্রিয় মেনন ভাইকে যদি পেতে চাই তাহলে তাকে তার সেই পদ থেকে অবশ্যই পদত্যাগ করতে হবে। একইসঙ্গে তার স্ত্রীকেও পদত্যাগ করতে হবে।
এছাড়া তিনি সরকারের কাছ থেকে যেসব সুযোগ-সুবিধা নিয়েছেন সেগুলোও ফেরত দিতে হবে।
আলাল বলেন, রাশেদ খান মেনন গতকাল দীর্ণতার সাথে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো শুনলে ৬৫-৬৬ সালের রাশেদ খান মেননের কথা মনে পড়ে। এমনকি স্বাধীনতার পরের সেই রাশেদ খান মেননের কথা মনে পড়ে। কিন্তু দুর্ভাগ্যের সঙ্গে বলতে হয় ক্যাসিনো-কাণ্ডে যারা গ্রেফতার হয়েছেন তারা বলেছেন রাশেদ খান মেনন প্রতিমাসে ৫ লাখ করে টাকা নিতেন এবং টাকা দেয়ায় দেরি হলে তিনি তাকে ধমক দিতেন। এই কথাগুলো উনাকে মিথ্যা প্রমাণিত করতে হবে এবং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার বক্তব্য ঠিক থাকতে হবে।
প্রসঙ্গত,এর আগে শনিবার (১৯ অক্টোবর) দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে ওয়াকার্স পার্টির বরিশাল জেলা শাখার সম্মেলনে মেনন অভিযোগ করেন, বিগত ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। আমি সাক্ষী, এই নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি। আমি সাক্ষী দিয়ে বলছি, আমি জনগণ, সেই জনগণ, তারা ভোট দিতে পারে নাই। তবে অনেকেই প্রশ্ন তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্যের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটিও কি ভুল ছিল।

চয়ন যুবলীগের কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক, সদস্য সচিব হারুন

0

যুবলীগের সপ্তম কংগ্রেসের প্রস্তুতি কমিটিতে যুবলীগ প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদকে সদস্য সচিব করা হয়েছে।

আজ রবিবার গণভবনে যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের বৈঠকে এ কমিটি করা হয়। বৈঠকে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের বলেন, সংগঠনটি প্রেসিডিয়াম মেম্বার চয়ন ইসলামকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে সদস্য সচিব এবং কার্যনিবাহী সদস্যকে নিয়ে সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়েছে। এ কমিটি আগামী সম্মেলন পর্যন্ত সম্মেলনে প্রস্তুতি নেবে। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের সবাইকে অব্যাহতি দিতে নেত্রীর নির্দেশ রয়েছে।

যুবলীগের বয়সসীমা ৫৫

0

সপ্তম জাতীয় কংগ্রেসে যুবলীগের নতুন কমিটি গঠনে বয়সসীমা ৫৫ নির্ধারণ করা হয়েছে।

আজ রবিবার রাতে যুবলীগের সপ্তম কংগ্রেস উপলক্ষ্যে গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সংগঠনটির শীর্ষ নেতাদের বৈঠকে বয়সের এই সীমারেখা রাখার সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানিয়েছেন।

‘চুনোপুঁটি বাদ দিয়ে সম্রাট যাদের নাম বলেছে তাদের ধরুন’

0

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলেছেন, যুবলীগ নেতা সম্রাট যাদের নাম প্রকাশ করেছে তাদেরকে ধরে জনগণের সামনে হাজির করেন। তাদেরকে বিচারের আওতায় আনেন। তাহলে আপনাদের প্রতি জনগণের আস্থা বাড়বে। চুনোপুঁটিদের ধরে লাভ নেই।

আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জেএসডি আয়োজিত এক সমাবেশ ও মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

রব বলেন, যারা অপারেশন করছেন তাদের উদ্দেশ্যে বলি এই চুনোপুঁটিদের ধরে লাভ নাই। ওয়ার্ড কমিশনারকে ধরে লাভ নেই। বড় বড় রাঘব বোয়ালদের ধরুন।

তিনি বলেন, এই মুহূর্তে সঙ্কট নিরসনের জন্য অবিলম্বে সরকারকে বিদায় করতে হবে। জাতীয় সরকার গঠন করতে হবে। তিনি ঐক্যবদ্ধভাবে জাতীয় সরকার গঠনে জনগণের প্রতি আহ্বান জানান।

এ সময় জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।