Home Blog Page 3417

পাগলা মিজান কারাগারে

0

ক্যাসিনো কারবারে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগের আলোচিত নেতা হাবিবুর রহমান মিজান ওরফে মিজানুর রহমান ওরফে পাগলা মিজানকে মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ রবিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজ বিকেলে সাত দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গিয়াস উদ্দিন। তিনি মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানান। অন্যদিকে আইনজীবীরা মিজানের জামিনের আবেদন করেন। মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন উভয় পক্ষের আবেদন শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ১২ অক্টোবর মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় পাগলা মিজানকে সাত দিনের রিমান্ড নেওয়া হয়। তার আগের দিন ভোরবেলা শ্রীমঙ্গলের সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় তাঁকে আটক করা হয়।

মিজানকে ঢাকায় আনার পর ওইদিনই বিকেলে তাঁর কার্যালয় ও বাসায় অভিযান চালায় র‌্যাব। তাঁর বাসা থেকে এক কোটি টাকার এফডিআর ও মোট ছয় কোটি ৭৭ লাখ টাকার অঙ্ক লেখা বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধার করা হয়। এ ছাড়া মিজান পালানোর আগে ব্যাংক থেকে ৬৮ লাখ টাকা উত্তোলনের চেকবইও উদ্ধার হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মানিলন্ডারিং আইনে মামলা হয়।

শ্রীমঙ্গল থেকে মিজানকে আটকের সময় তাঁর হেফাজত থেকে নগদ দুই লাখ টাকা ও একটি পিস্তল উদ্ধার করা হয়। শ্রীমঙ্গল থানায় অস্ত্র আইনে মামলা হয়।

চলমান জুয়া ও ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে হাবিবুর রহমান মিজানকে আটক করা হয়। পুলিশ প্রতিবেদনে বলা হয়, মিজান ক্যাসিনো বিরোধী অভিযানের পরই লাপাত্তা হন। অবৈধভাবে সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের প্রমান পাওয়া যাচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

ফেসবুকে পোস্ট করা হতো নারী পুলিশের আপত্তিকর ছবি

0

ভুয়া নামে ফেসবুকে পেজ খুলে সেখানে পোস্ট করা হতো নারী পুলিশ সদস্য ও কর্মকর্তাদের ছবি। এসব ছবির বেশির ভাগই আপত্তিকরভাবে এডিট করা হতো এবং ক্যাপশনে ব্যবহার করা হতো কুরুচিপূর্ণ মন্তব্য। নারী পুলিশের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের কুরুচিপূর্ণ ছবিও পোস্ট করা হতো এসব ভুয়া ফেসবুক পেজে। অবশেষে পুলিশের তদন্তে সন্ধান মিলেছে এমন কয়েকটি ফেসবুক পেজের সাথে জড়িত কুশীলবদের।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্যোশাল মিডিয়া মনিটরিং টিমের সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ জানান, আপত্তিকর ফেসবুক পেজের সাথে জড়িত বেশ কয়েকজনকে সনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, নারী পুলিশ সদস্য ও কর্মকর্তাদের আপত্তিকর ছবি ফেসবুক পেজে পোস্ট করার অভিযোগে ২০১৮ সালের ডিসেম্বরে রমনা মডেল থানায় ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টে একটি মামলা রুজু হয়। এই মামলায় গ্রেপ্তার করা হয় চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার উজ্জ্বল বড়ুয়া নামের এক যুবককে।

ধ্রুব জানান, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাবুল মিয়ার ছেলে রিয়াজ উদ্দিনকে সম্প্রতি শনাক্ত করেছে স্যোশাল মিডিয়া মনিটরিং টিম। রিয়াজ উদ্দিন বর্তমানে ওমানে অবস্থান করছেন। বিদেশে বসে তিনি ভুয়া ফেসবুক পেজের মাধ্যমে নারীদের আপত্তিকর ছবি ফেসবুকে শেয়ার করতেন এবং বিভিন্ন কুরুচিপূর্ণ ক্যাপশন লিখতেন। পুলিশ এসব ফেসবুক পেজ জব্দ করেছে এবং নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে যাতে তারা এ ধরণের অপরাধ সংঘঠিত করতে না পারে।

সহকারী পুলিশ কমিশনার ধ্রুব আরও বলেন, ওমান প্রবাসী রিয়াজ উদ্দিনকে রমনা মডেল থানায় রুজু হওয়া ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টের মামলায় অন্তর্ভূক্ত করা হয়েছে। রিয়াজ দেশে না ফিরলে পলাতক হিসেবে তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান থাকবে।

যোগাযোগ করা হলে কয়েকজন নারী পুলিশ সদস্য অভিযোগ করেন, আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করার কারণে তারা সামাজিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন।

পুলিশ সদরদপ্তরে কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন বলেন, যে বা যারা নারী পুলিশ ও অন্যান্য নারীদের ছবি বিনা অনুমতিতে ফেসবুকে শেয়ার করেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিৎ।

যোগাযোগ করা হলে শনিবার ডিএমপির সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার এ এফ এম আল কিবরিয়া বলেন, পুলিশ ও অন্যান্য সরকারী দপ্তরে কর্মরত ও সাধারণ নারীদের নাম ও ছবি যারা অসৎ উদ্দেশ্যে ফেসবুকে শেয়ার করেন তারা আমাদের নজরদারীতে রয়েছেন।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। – ডিএমপি নিউজ

মেননের ক্যাসিনো সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত চলছে : তথ্যমন্ত্রী

0

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের ক্যাসিনো সংশ্লিষ্টতার বিষয়টি নিয়ে তদন্ত চলছে জনিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘তদন্তাধীন বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

রবিবার রাজধানীর কাকরাইলে নবনির্মিত তথ্য ভবন মিলনায়তনে গণযোগাযোগ অধিদপ্তর আয়োজিত সরকারি প্রচার কার্যক্রমে উদ্ভাবন ও সেবা সহজীকরণ বিষয়ে জেলা তথ্য অফিসারদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য রাশেদ খান মেননের ক্যাসিনো সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, ‘কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনে বিষয়টি দেখেছি, তবে বিষয়টি তদন্তাধীন। তদন্তাধীন বিষয়ে মন্তব্য করতে চাই না।’

তিনি বলেন, ‘যারা ক্যাসিনো পরিচালনা করতো তাদেরকেই ধরা হয়েছে। সবাই দুর্নীতিবাজ। রাঘব বোয়ালকেই ধরা হয়েছে। আরও অনেকের নাম আসছে। যারা অভিযোগগুলো করছেন, বড় বড় কথা বলছেন, তাদের নামও আসছে। এটি চলমান রয়েছে। প্রধানমন্ত্রী দেশকে পরিশুদ্ধ করার জন্য, দেশ থেকে সব ধরনের অনিয়ম দূর করার জন্য পদক্ষেপ নিয়েছেন। ধীরে ধীরে দায়ী সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।’

ঐক্যফ্রন্টের আন্দোলনের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘তারা (ঐক্যফ্রন্ট) যে সমাবেশ করতে যাচ্ছেন, বিভিন্ন যায়গায় মানববন্ধন করতে যাচ্ছেন এ জন্য তাদের অভিনন্দন। কারণ, আমরা চাই রাজপথে এবং সংসদে শক্তিশালী বিরোধী দল থাকুক। কিন্তু বিষয়টা হচ্ছে তারা এসব সভা সমাবেশ করে জনগণের কোনো সাড়া পাচ্ছে না এবং কোনো ইস্যুও পাচ্ছে না। ছাত্র এবং অন্য ইস্যু নিয়ে খড়কুটো আঁকড়ে ধরে রাজনীতির মাঠে সরগরম থাকার চেষ্টা করছে। জনগণের কোনো সাড়া না পেলেও তারা যে মাঠে নামার চেষ্টা করছে এ জন্য তাদেরকে ধন্যবাদ।’

সরকারের দেশ পরিচালনার নৈতিক অধিকার নেই- বিএনপি নেতাদের এমন মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে হাছান মাহমুদ বলেন, ‘আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে পরপর তিন তিনবার নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা সুয়োগ পেয়েছি। বিএনপি তো ২০০৮ সালের পর থেকেই বলে আসছে দেশ পরিচালনায় সরকারের কোনো নৈতিক অধিকার নেই। বিএনপির এটি কোনো নতুন কথা নয়, এটি পুরনো বুলি। পুরনো ঢোলই তারা বাজাচ্ছে, এই ঢোল আমরা গত ১১ বছর থেকে শুনে আসছি।’

জেলা তথ্য অফিসারদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘তথ্য মন্ত্রণালয়ের কাজ হচ্ছে সরকারের সঙ্গে জনগণের সেতুবন্ধন তৈরি এবং দেশ ও জাতির প্রয়োজনে একটি ন্যায়ভিত্তিক, জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সমাজকে উদ্বুদ্ধ করা। সে লক্ষ্যেই গণযোগাযোগ অধিদফতর দীর্ঘদিন ধরে কাজ করছে। সময় এসেছে পুরনো ধাঁচের প্রচার কার্যক্রম বদলে আধুনিক যুগোপযোগী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে, সামাজিক যোগাযোগ মাধ্যমকে সঙ্গে নিয়ে সমন্বিত প্রচার কার্যক্রম পরিচালনা করার।’

তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সোনার বাংলা গড়ার লক্ষ্যে সকলকে একাগ্রভাবে কাজ করতে হবে। তথ্য মন্ত্রণালয় এক্ষেত্রে পূর্ণ সহযোগিতা দিতে সদা প্রস্তুত।’

তথ্যসচিব আবদুল মালেক বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিজের কাজকে শুধু চাকরি না ভেবে দেশ ও মানুষের কল্যাণে ব্রতী হয়ে কাজ করতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে।’

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জাকির হোসেনের সভাপতিত্বে অধিদপ্তরের কর্মকর্তা ও দেশের ৬৮ তথ্য অফিসের প্রতিনিধিরা কর্মশালায় উপস্থিত ছিলেন।

যুবলীগ চেয়ারম্যানকে অব্যাহতি

0

দুর্নীতিতে জড়িত থাকার কারণে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি দেয়া হয়েছে।

আজ রবিবার গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় যুবলীগ নেতাদের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কার হওয়া যুবলীগ চেয়ারম্যানের বর্তমান বয়স ৭১ বছর। প্রায় দুই সপ্তাহ ধরে তিনি জনগণের নজর থেকে দূরে রয়েছেন।

ওয়াসার পানি সরাসরি পানের নিশ্চয়তা দিতে হবে

0

নগরবাসী যাতে পাইপ লাইনে ওয়াসা সরবরাহকৃত পানি সরাসরি পান করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে এ জন্য পাইপ লাইনসহ অন্যান্য ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করেছে।

আজ রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আ স ম ফিরোজ। বৈঠকে কমিটির সদস্য ইসমাত আরা সাদেক, মো. মাহবুব উল আলম হানিফ, মোহাম্মদ নজরুল ইসলাম ও মুহিবুর রহমান মানিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে ঢাকা ওয়াসার অডিট রিপোর্ট, জলাবদ্ধতা নিরসনে গৃহীত পদক্ষেপ, সুপেয় পানি সরবরাহের বিষয়ে গৃহীত পদক্ষেপ, ওয়াসার কার্যক্রম সম্পর্কে বিভিন্ন সময়ে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করা হয়। আলোচনা শেষে ঢাকা ওয়াসার কোন কর্মকর্তা-কর্মচারী যেন দুর্নীতি অনিয়মের আশ্রয় গ্রহণ না করেন সে জন্য সতর্ক থাকার সুপারিশ করা হয়। এছাড়া ঢাকা ওয়াসার অনিষ্পন্ন অডিট আপত্তি গুলো দ্রুত সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়।

সূত্র জানায়, কমিটি বৈঠকে রাজধানীর জলাবদ্ধতা নিয়ে আলোচনাকালে সংসদীয় কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। কমিটির পক্ষ থেকে নগরীর যে সব জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, বর্ষার আগেই সেই সকল এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

ভোলার বোরহানউদ্দিনে গুজব ছড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

0

দেশ এগিয়ে যাচ্ছে দেখে নানা ধরনের চক্রান্তমুলক ঘটনা ঘটানো হচ্ছে এবং ভোলার বোরহানউদ্দিনের ঘটনাও তেমনই একটি চক্রান্ত, মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। রবিবার সন্ধ্যায় গণভবনে যুবলীগের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ভোলার বোরহানউদ্দিনের ঘটনায় এক ছেলের ফেসবুক আইডি হ্যাক করে গুজব ছড়ানো হয়েছে। এ ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষের কাছে তথ্য চাওয়া হয়েছে।

এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, অন্যায়ভাবে দুর্নীতি করে কেউ আঙুল ফুলে কলা গাছ হবে, এটা কঠোরভাবে দেখা হবে। ফেসবুকে নবীর নামে অপপ্রচারকারীদের পাশাপাশি পুলিশের উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দেশকে অশান্তির দিকে ঠেলে দিতেই এই অপপ্রচার। এই ঘটনায় যারা সংশ্লিষ্ট তাদের কেউ ছাড় পাবে না।

যুবলীগের ৭ম কংগ্রেস সম্পন্ন করার ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকা বৈঠকে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মধ্যে রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ।

প্রধানমন্ত্রীর নামে হবে বিমানবন্দর-বারিক বিল্ডিং সড়ক

0

চট্টগ্রাম মহানগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর-বারিক বিল্ডিং সড়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে রবিবার (২০ অক্টোবর) চসিকের ৫১তম সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।

মেয়র আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে সভায় চসিকের প্যানেল মেয়র, কাউন্সিলরসহ শীর্ষ কর্মকর্তা ও বিভাগীয় প্রধান, বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মেয়র সড়কটির নতুন নামকরণের প্রস্তাব উত্থাপন করলে উপস্থিত সবাই এ প্রস্তাব অনুমোদন করেন।

মেয়র বলেন, চট্টগ্রাম বিমানবন্দর সড়ককে নান্দনিক সাজে সাজানো হচ্ছে। বর্তমানে এ সড়কে ৪১ কোটি টাকা ব্যয়ে উন্নয়নকাজ চলমান রয়েছে। এর মধ্যে রাস্তার দৃষ্টিনন্দন ফুটপাত, রাস্তার পাশে সৌন্দর্যবর্ধন, চার লেইন সড়ক নির্মাণ চলমান রয়েছে। এছাড়াও বিউটিফিকেশন কার্যক্রমের মধ্যে রয়েছে নৌকার ওপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল স্থাপন।

তিনি বলেন, এ সড়কে তিনটি সেতু রয়েছে। সেতুগুলো ঘিরে ব্যাপক সৌন্দর্যবর্ধনের কাজ করছে চসিক। সেতুর ওপর এলইডি বাতি মুগ্ধ করছে দেশ-বিদেশের অতিথিদের। সড়ক বিভাজকে সবুজ, রকমারি ফুল দিয়ে সাজানো হয়েছে। ফুটপাতের পাশেও রয়েছে বাহারি ফুলের মেলা। রুবি সিমেন্টের পাশের সেতুটিতে এলইডি বাতির কাজ হয়েছে। এসব কাজে কর্ণফুলীর পাড়ঘেঁষে বিমানবন্দর সড়কের চেহারাই বদলে যাবে।

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ডিজিএফআই সদস্যের মৃত্যু

0

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ধনকুন্ডি ররোয়া এলাকায় অজ্ঞাত কোচের ধাক্কায় রবিউল ইসলাম (৩৭) নামের এক ডিজিএফআই সদস্যের মৃত্যু হয়েছে।

জানা যায়, উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ঢাকা বগুড়া মহাসড়কে ররোয়া এলাকায় গতকাল (১৯ অক্টোবর) রাত ৮ টায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (৩৭) নামের এক ডিজিএফআই সদস্যের মৃত্যু হয়েছে।
নিহত ডিজিএফআই সদস্য রাজবাড়ী সদর উপজেলার ডাউকি গ্রামের আব্দুল হামিদ খানের পুত্র। সে মটর সাইকেল যোগে রাজবাড়ী থেকে নিজ কর্মস্থল বগুড়ায় যাচ্ছিল। এসময় ররোয়া নামক স্থানে পৌছিলে অজ্ঞাতনামা গাড়ী চাপা দিয়ে চলে যায়। এতে সে ঘটনা স্থলেই মারা যায়। সংবাদ পেয়ে কুন্দার হাট হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যায়। পরে নিহতের স্বজনদের নিকট লাশটি হস্তান্তর করে।

এমপি বুবলীকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার

0

নরসিংদীর সংরক্ষিত মহিলা আসনের এমপি তামান্না নুসরাত বুবলীর সব পরীক্ষা ও রেজিস্ট্রেশন বাতিল এবং তাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)।
বাউবি অধীনে অনুষ্ঠিত বিএ পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নেয়ার অভিযোগে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বাউবি প্রশাসন।
একইসঙ্গে জালিয়াতির বিষয়টি আরও তদন্তে কলেজের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার সকালে বাউবি ভিসি অধ্যাপক ড. এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। গণমাধ্যম ও নরসিংদী জেলা প্রশাসনের এক চিঠির ভিত্তিতে আজ (রোববার) বুবলীর বিষয়ে বাউবির জরুরি সভা ডাকা হয়। সভায় বুবলীর সব পরীক্ষা ও রেজিস্ট্রেশন বাতিল, তাকে স্থায়ীভাবে বহিষ্কার এবং ঘটনা তদন্তে বাউবির পক্ষ থেকে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
সামাজিক বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- পরীক্ষা নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান উকিল, স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস ডিভিশনের পরিচালক ড. আনিস রহমান এবং ঢাকা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আহমেদ সেলিম।
সভায় ভিসি এম এ মান্নান বলেন, পরীক্ষা চলাকালীন বুবলী ঢাকায় অবস্থান করছিলেন। পর পর আটটি পরীক্ষায় তার জায়গায় অংশ নেন অন্যান্য শিক্ষার্থীরা। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে শেষ দিনের পরীক্ষায় হলে হাতেনাতে বুবলীর এ জালিয়াতি ধরা পড়ে। প্রাথমিক তদন্ত শেষে পরীক্ষা থেকে তাকে বহিষ্কার করে কেন্দ্র কর্তৃপক্ষ।
বুবলীর এ কাজ করে বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করেছে জানিয়ে সভায় আরও বলা হয়, বুবলীর এ ধরনের কর্ম একটি ঘৃণিত ও গর্হিত কাজ। বুবলী বাউবির কোনো প্রোগ্রামে আর ভর্তি হতে পারবেন না।
এছাড়া বুবলীর হয়ে যারা পরীক্ষা দিয়েছেন তাদের আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবেও বলে জানানো হয় সভায়।
এছাড়াও বুবলীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে জানানো হয়েছে সেই সভায়।
ভিসি এম. এ মান্নান ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানীয়ভাবে যদি রাজনীতি নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ভবিষ্যতে টিকবে না। সেখানে পরীক্ষা নিয়ন্ত্রণও করা সম্ভব হবে না।
এ সময় ভিসি নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষের সমালোচনা করেন।
ভিসি বলেন, তিনি ওই পরীক্ষার সমন্বয়ক। পরীক্ষা চলাকালে তিনি কখনও কেন্দ্রে যাননি। অথচ পরীক্ষা চলাকালে তার প্রতিদিনই কেন্দ্রে পরিদর্শনের কথা।
ভিসি প্রশ্ন করেন, কারো প্রবেশপত্র হারিয়ে গেলে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে জানালে তাকে ডুপ্লিকেট প্রবেশপত্র সরবরাহ করা হয়। কিন্তু জিডি কপি দিয়ে এভাবে পরীক্ষা কীভাবে নিল সেই কলেজ?
কলেজের পক্ষ থেকে পরীক্ষা গ্রহণের ব্যাপারে যথাযথ দায়িত্ব পালন করা হয়নি বলে মন্তব্য করেন বাউবি ভিসি।
এর আগে গণমাধ্যমের খবর, শনিবার তামান্না নুসরাত বুবলীকে গণভবনে তলব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে তিনি গণভবনে গিয়েছেন কিনা বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত, উচ্চশিক্ষার সার্টিফিকেট লাভের আশায় প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নেন নরসিংদীতে সংরক্ষিত মহিলা আসনের এমপি তামান্না নুসরাত বুবলী।
নিজে পরীক্ষা না দিয়ে পর পর ৮টি পরীক্ষায় অংশ নেয় তার পক্ষে প্রক্সি পরীক্ষার্থীরা। বিএ পরীক্ষার শেষ পরীক্ষা দিতে গিয়ে হলে হাতেনাতে ধরা পড়েন এশা নামে এক শিক্ষার্থী। তাই তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করে কলেজ কর্তৃপক্ষ।

চেয়ারম্যানসহ বড় চার নেতা ছাড়াই গণভবনে যুবলীগ

0

সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এবং সভাপতিমণ্ডলীর তিন সদস্যকে বাদ দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যাচ্ছে যুবলীগ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গণভবনে আজ পাঁচটায় এ বৈঠক শুরু হওয়ার কথা। এ বৈঠকে যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকরা অংশ নেবেন। গণভবনে প্রবেশের জন্য যুবলীগের পক্ষ থেকে যে তালিকা সরবরাহ করা হয়েছে তাতে চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, শেখ ফজলুর রহমান মারুফ এবং শেখ আতিয়ার রহমান দীপুর নামের পাশে ক্রস চিহ্ন রয়েছে।
যুবলীগের সাধারণ সম্পাদকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চেয়ারম্যান এবং নুরুন্নবী চৌধুরী শাওন গণভবনে যেতে পারছেন না। বাকি দু’জনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেটা গণভবনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে পারবে।
প্রসঙ্গত, ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকায় যুবলীগের কতিপয় নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশের পর যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, সহ-সভাপতি আরমান, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া, কথিত সমবায় সম্পাদক জি কে শামীম, উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুজ্জামান রাজীব প্রমুখ গ্রেফতার হন। এদেরকে যুবলীগ থেকে বহিষ্কারও করা হয়। ক্যাসিনো ব্যবসা এবং এর সঙ্গে জড়িতদের মদত দেওয়ার অভিযোগ ওঠে যুবলীগ চেয়ারম্যান, সভাপতিমণ্ডলীর সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে যুবলীগ চেয়ারম্যানকে ছাড়াই এর আগে বৈঠক করে সংগঠনটি। আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিতব্য সম্মেলনের প্রস্তুতি ও করণীয় নিয়ে যুবলীগ নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রার্থনা করলে আজ দেখা করার সময় দেন তিনি। সে প্রেক্ষাপটেই যুবলীগ নেতারা আজ গণভবনে যাচ্ছেন।