Home Blog Page 3421

ঢাবির ‘ক’ এবং ‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল রবিবার

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল রোববার (২০ অক্টোবর) প্রকাশ করা হবে। শনিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে ‘ক’ ও ‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। অন্যদিকে ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই ধাপে হয় ১৪ ও ২৮ সেপ্টেম্বর। এর মধ্যে ১৪ সেপ্টেম্বর সাধারণ জ্ঞান ও ২৮ সেপ্টেম্বর অংকন অনুষ্ঠিত হয়।

চলমান অভিযান অব্যাহত থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

0

নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্যাসিনো, টেন্ডারবাজিসহ সব ধরনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আয়োজিত ‘সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার এগিয়ে চলছে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই অভিযান কন্টিনিউ (অব্যাহত) করতেই হবে। আমি শুদ্ধি অভিযান বলব না, আমি বলব দুর্নীতির বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে অভিযান। দুর্নীতিবাজ, দখলবাজরা দুর্নীতি, দখলের চিন্তা যতদিন করবে; ততদিন এই অভিযান চলবে।’
ক্যাসিনো ও টেন্ডারবাজির পর কোন খাতে অভিযান পরিচালনা রয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো সেক্টরকে আমরা লক্ষ্য করছি না। আমরা যেখানে দেখছি অনিয়ম হচ্ছে, আইন অমান্য হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সেই জায়গায়ই আমরা দেখছি। আমরা কোনো এলাকাকে টার্গেট করছি না।’
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান বলেন, ‘আপনারা দেখছেন, আমাদের প্রধানমন্ত্রী কাউকে ছাড় দিচ্ছেন না। আমরা অবশ্যই টেন্ডারবাজ, দুর্নীতিবাজদের অবশ্যই কন্ট্রোলে নিয়ে আসব। প্রধানমন্ত্রী গত মেয়াদে বলেছিলেন জঙ্গিবাদ, সন্ত্রাস দূর করবে। জঙ্গিবাদ, সন্ত্রাসকে তিনি দূর করে দিয়েছেন’।
মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের নীতি ঘোষণা করেছেন। সেই নীতিতে সরকার রয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযানও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নতুন প্রজন্মের কাছে আহ্বান রেখে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তারা যেন এই ভুল কাজটি না করে। তাহলে কিন্তু তারা হারিয়ে যাবে। আমরা চাই না, আমাদের নতুন প্রজন্ম হারিয়ে যাক।’
জনগণ থেকে আরম্ভ করে যে যেখানে আছে, তাদের সবার প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবার সহযোগিতা পেলে আমরা সুশাসন খুব শিগগির প্রতিষ্ঠিত করতে পারব। আমাদের মন্ত্রণালয়ের যে দায়িত্ব রয়েছে, তা রুটিন মাফিক করে যাচ্ছি। এখনই বলতে পারব না, কালকে থেকে সবকিছু করে ফেলব। ধীরে ধীরে আমরা আমাদের লক্ষ্যে যাচ্ছি।’
এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

বিএসএফ সদস্যরা বাংলাদেশে এসে ‘বাহাদুরি’ করেছে : পররাষ্ট্রমন্ত্রী

0

গত বৃহস্পতিবার বিএসএফ সদস্যরা বাংলাদেশের রাজশাহী সীমান্তে প্রবেশ করে ‘বাহাদুরি’ দেখিয়েছে। এতে বিজিবি বাধ্য হয়েই গুলি করেছে বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার রাজশাহীর চারঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে গোলাগুলি এবং এক বিএসএফ সদস্যের নিহত হওয়ার ঘটনা নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো যেসব তথ্য দিচ্ছে তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এই ঘটনার জন্য তিনি বিএসএফকেই দায় দিয়েছেন।

শনিবার স্থানীয় সময় সকাল ১১টায় জার্মানির রাজধানী বার্লিনে ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, ‘‘তারাই (বিএসএফ) আমাদের এখানে এসেছে এবং এসে তারা বাহাদুরিও করেছে। আমাদের ছেলেদের (বিজিবি) তাদের লাস্ট জব হিসেবে বাধ্য হয়ে গুলি করতে হয়েছে।”

এই বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান নিয়ে তিনি বলেন, ‘‘এটা ওয়ান ইনসিডেন্ট (একটা ঘটনা)। একটা ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটেছে।”

গত দশ বছরে ৩০০ এর বেশি বাংলাদেশী মারা গেছে বিএসএফের গুলিতে এমন তথ্যের প্রেক্ষাপটে মন্ত্রী বলেন, আগে বিএসএফ বছরে অনেকজনকে মেরে ফেলত আমরা তখন কেবল দু:খ করেছি। কিন্তু গতবছর মাত্র তিনজনকে মেরে ফেলেছে। একজনের মৃত্যুও অনাকাঙ্খিত উল্লেখ করে তিনি বলেন, আমরা আগে কখনও মামলা করিনি। ভারত এখন নতুন করে করেছে। কোনো ‘পন্ডিতও’ আমাদেরকে আগে মামলা করার কথা বলেননি। আগামীতে বাংলাদেশও এই পথে হাটতে পারে বলে জানান তিনি।

ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীনকে দেয়া সাক্ষাৎকারে মন্ত্রী কথা বলেছেন প্রধানমন্ত্রীর সম্প্রতি ভারত সফর, ভারত-বাংলাদেশ চুক্তি, রোহিঙ্গা ইস্যু ও প্রবাসী প্রসঙ্গেও।

ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীনকে দেয়া সাক্ষাৎকারে মন্ত্রী কথা বলেছেন প্রধানমন্ত্রীর সম্প্রতি ভারত সফর, ভারত-বাংলাদেশ চুক্তি, রোহিঙ্গা ইস্যু ও প্রবাসী প্রসঙ্গেও।

ভারতকে বাংলাদেশ দায়বদ্ধতার মধ্যে ফেলেছে

প্রধানমন্ত্রীর সম্প্রতি ভারত সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধান উদ্দেশ্য ছিল দুই দেশের উষ্ণ সম্পর্ক আরো জোরদার করা। এবং তা অর্জন হয়েছে। মোমেন বলেন, ’’মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের মধ্যে উষ্ণ সম্পর্ক আমরা আবার দাড় করিয়েছি। উনিও নতুন ভাবে জয়লাভ করেছেন এবং আমাদের প্রধানমন্ত্রীও জয়লাভ করেছেন, (এরপর) এটা প্রথম রাষ্ট্রীয় সফর। বিভিন্ন ধরণের সমঝোতা হয়েছে। এগুলো হবে তা আমরা আশা করেছি কিন্তু আসল উদ্দেশ্যটা হচ্ছে টু ডেভেলাপ দিস ওয়ার্ম রিলেশনশিপ।‘‘

ভারত এবং বাংলাদেশ সম্পর্কের মধ্যে বাংলাদেশ শুধু দিয়েই যাচ্ছে কীনা এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা শুধু ডাহা মিথ্যাই না, অনেকে নানা কথা বানিয়ে যাচ্ছেন যারা বিষয়টি পছন্দ করছে না। ‘‘আমরা দিয়েছি কিছু এবং সেই সাথে পেয়েছিও কিছু,‘‘ বলেন তিনি। সম্পর্কের স্থিতিশীলতাই বড় পাওনা বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই বড় অর্জন।

মন্ত্রী বলেন, বাহবা দেখানোর জন্য একসময় গঙ্গার ইস্যু আমরা জাতিসংঘে নিয়ে গেলাম। সাতাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত ভারত এ নিয়ে এক পয়সার দামও দেয়নি বাংলাদেশকে।

ফেনী নদীর পানি প্রসঙ্গে তিনি জানান, ভারতের সাথে বাংলাদেশের ৫৪ টি অভিন্ন নদী আছে। এর মধ্যে বড় নদী সাতটি। তিস্তা নদীর বিষয় ভারত স্বীকার করেছে বন্টন হবে। কিছু সমস্যা থাকায় তারা ২০১১ সালের সেই ওয়াদা রাখতে পারেনি। ফেনীতে যে পানি দেয়া হচ্ছে তা খুবই সামান্য। ১২৬ কিউসেকের মধ্যে ১ দশমিক ৮২ কিউসেক ১ ভাগেরও কম। মানবিকতার জন্যই বাংলাদেশ এই পানি দিচ্ছে। ‘‘তারা ইতিমধ্যেই বিভিন্ন পাম্প নিয়ে পানি উঠিয়ে নিয়ে যাচ্ছিল। এমনকি অধিক পানি নিয়ে যাচ্ছিল। এখন একটা কাঠামো তৈরি হয়েছে। (যার কারণে) তারা দায়বদ্ধ হয়েছে। তারা কিন্তু এখন ১ দশমিক ৮২ কিউসেকের বেশি নিতে পারবে না।‘‘ এর মাধ্যমে ভারতকে বাংলাদেশ একটি দায়বদ্ধতার মধ্যে ফেলেছে বলে উল্লেখ করেন তিনি।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তিস্তার পানি চুক্তি না হওয়ার পর ট্রানজিট প্রস্তাবে সায় দেয়নি বাংলাদেশ, বন্ধ করে দেয়া হয়েছিল ইলিশ রপ্তানি। প্রধানমন্ত্রী সেই কূটনৈতিক অবস্থানে থেকে সরে এসেছেন কীনা এমন প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী কাউকে খুশি করার জন্য কিছু করেন না। ইলিশের পরিমান অনেক বেড়ে গেছে সেইজন্যই দুর্গাপূজার সময় ভারতে ইলিশ পাঠানো হয়েছে।

আসামের নাগরিকপঞ্জির প্রভাব বাংলাদেশে পড়বে না

ভারতের আসাম রাজ্যে নাগরিকপঞ্জি তৈরি নিয়ে সৃষ্ট উদ্বেগের প্রক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী সাথে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সফরে বিষয়টি তুলে ধরেছেন। ‘‘আমরা বলেছি, ১১ লাখ রোহিঙ্গাকে নিয়ে আমরা খুব কষ্টে আছি। আমরা আর নতুন উদ্বাস্তু চাই না। তারা বলেছে যেগুলো আলাচনা হয়েছে সেগুলো একান্ত আমাদের অভ্যন্তরীন রাজনৈতিক বিষয়। এটা নিয়ে আপনাদের কোনো ধরণের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। এটার প্রভাব আপনাদের উপর পড়বে না। আমরা এটা বিশ্বাস করতে চাই।‘‘

১৯৮৫ সালে ভারত সরকার সিদ্ধান্ত নেয় তারা নাগরিকত্ব যাচাই বাছাই করবে, তখন যারা সরকারে ছিল তারা এ নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি বলেও মন্তব্য করেন তিনি।

রাডার স্থাপন বিষয়ে কিছু নির্ধারিত হয়নি

প্রধানমন্ত্রীর ভারত সফরে উপকূলে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। যার অধীনে ভারত বাংলাদেশের উপকূলে যৌথভাবে রাডার স্থাপন করতে পারবে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। এর ফলে চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক খারাপ হবে কীনা এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘‘আমরা চীন থেকে সাবমেরিন কিনেছিলাম। তখন ভারত যদি সাবমেরিন দিত আমরা ভারত থেকেও কিনতাম। ভারত তখন সাবমেরিন দিতে পারেনি, আমরা তাই চীন থেকে কিনেছি।‘‘

রাডারের যে সমঝোতা হয়েছে তা দিয়ে কী করা হবে সে বিষয় এখনও নির্ধারণ হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ‘‘একটি প্রিন্সিপাল আমরা গ্রহণ করেছি যে, আমাদের অংশগুলো (সমুদ্রসীমা) আমরা দেখভাল করব। প্রতিবেশী ভারতের সাথেও জায়গাগুলোর সম্পৃক্ততা আছে সমুদ্রের। একসাথে যৌথভাবে আমরা জায়গাগুলো দেখভালের জন্যেই এই সমঝোতা। কীভাবে সেটা পরে বিশেষজ্ঞরা ঠিক করবেন,’‘ বলেন তিনি।

‘রোহিঙ্গাদের কোথায় নিব তা আমাদের এখতিয়ার’

রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে এর আগে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের ভূমিকায়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি পুনর্ব্যাক্ত করে তিনি বলেন, জাতিসংঘ বাংলাদেশে যা করছে সেটি ভাল। কিন্তু তারা যথেষ্ট দায়িত্ব পালন করছে না। যেখানে সমস্যা সেই রাখাইন প্রদেশে তাদের যাওয়া উচিৎ। সেখানে যাতে সহায়ক পরিবেশ তৈরি হয় তাতে জোর দেয়া উচিৎ।

মন্ত্রী বলেন, ‘‘আমাদের উপর (জাতিসংঘ) মাতব্বরি করার কোনো কারণ নাই। আমরা ওদের (রোহিঙ্গা) কোথায় নিয়া যাব কী না যাব সেটা আমাদের এখতিয়ার, তাদের না। বিএসএফ জওয়ানের মৃত্যুতে কি ভারতে সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে? আমি তাদের (জাতিসংঘ) দেশ ছাড়ার জন্য বলিনি। আমি বলেছি আপনারা জাতিসংঘের প্রতিষ্ঠানগুলো মিয়ানমারে গিয়ে বরং বেশি কাজ করেন। যাতে রোহিঙ্গারা স্বদেশে প্রত্যাবর্তন করতে পারে। …আমাদের অনেক উপদেশ দিয়েছেন। আমরা জানি আমরা কী করছি। আপনাদের উপদেশ আমরা চাই না।‘‘

কিছু এনজিও যারা রোহিঙ্গাদের রাজনৈতিক মনোভাব প্রচার, জঙ্গী তৎপরতা বৃদ্ধি ও অস্ত্র দিচ্ছে তাদের বের করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।
রোহিঙ্গাদের সমাবেশের বিষয়ে তিনি বলেন, এর ফলে তাদের মধ্যে নেতৃত্ব তৈরি হয়েছে। নেতৃত্ব তৈরি হওয়া খারাপ না।

বাংলাদেশে জার্মান বিনিয়োগ

মন্ত্রী বলেন, বাংলাদেশের সাথে জার্মানির বরারবরই ভালো সম্পর্ক রয়েছে। চলতি সফরে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের বেশ কয়েকজন প্রতিনিধির সাথে বৈঠক করেছেন। তারা বাংলাদেশ নিয়ে ভীষণ আগ্রহী। জার্মানি বাংলাদেশী পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক রাষ্ট্র উল্লেখ করেন তিনি।
এরইমধ্যে জার্মানির প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা করার আগ্রহ প্রকাশ করেছে। এই বিষয়ে সরকারের কাছ থেকেও তাদের আহবান জানানো হয়েছে বলে জানান মন্ত্রী। ‘‘আমরা সবক্ষেত্রেই তাদের উৎসাহ দিচ্ছি। তারা যাতে ফার্মাসিউটিক্যাল, গাড়ি শিল্পে বিনিয়োগ করে,‘‘ বলেন পররাষ্ট্রমন্ত্র ড. এ কে আব্দুল মোমেন।

অধিনায়কত্ব হারালেন সরফরাজ

0

বিশ্বকাপের পর থেকেই পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্বে পরিবর্তন নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে শ্রীলঙ্কা সিরিজে সরফরাজ আহমেদের ওপর আস্থা রাখা হলেও অধিনায়কত্ব আর টিকিয়ে রাখতে পারলেন না পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

পাকিস্তানের অধিনায়কত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সরফরাজ আহমেদকে। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি এই তিন ফরম্যাটের অধিনায়কত্বই হারিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তিন বছর পর পাকিস্তানের সব সংস্করণের অধিনায়কত্বে পরিবর্তনের মাধ্যমে ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন আনা হলো।

সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে ‘হোয়াইটওয়াশ’ হয় পাকিস্তান। বেশ কিছুদিন ধরেই পাকিস্তানের কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক অধিনায়কত্বের দায়িত্বটা সরফরাজ আহমেদের হাত থেকে নিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে দল বাজে করার ফলে সে সুযোগটা পেয়ে গেলেন। পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খানের কাছে গিয়েও সরফরাজের প্রতি নিজের অসন্তুষ্টির কথা জানিয়ে এসেছিলেন মিসবাহ।

সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়ার গুণটা নাকি সরফরাজের একদমই নেই। শেষমেশ মিসবাহর কথাই শুনল পাকিস্তান। শুধু অধিনায়কত্ব থেকেই নয়, সরফরাজকে একদম দল থেকেই বাদ দেওয়া হয়েছে। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তান দলে নেই সরফরাজ।

প্রতি ফরম্যাটে আলাদা আলাদা অধিনায়ক নিয়োগ দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ওপেনার আজহার আলী টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন আবারও। টেস্টের সহ-অধিনায়ক হতে পারেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। ওদিকে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান বাবব আজম পেয়েছেন টি-টোয়েন্টির দায়িত্ব। ওয়ানডের অধিনায়ক কে হবেন, এখনো জানানো হয়নি। অনুমান করা হচ্ছে, এ দায়িত্ব পেতে পারেন অভিজ্ঞ অলরাউন্ডার ৩৯ বছর বয়সী মোহাম্মদ হাফিজ।

নতুন সম্মেলন মানেই নতুন মুখ : কাদের

0

যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে সামনে রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নতুন সম্মেলন মানেই নতুন মুখ। আর আওয়ামী লীগের সম্মেলনের ব্যাপারে কোনো আপস নেই। যথাসময়ে সম্মেলন হয়, এবারও যথাসময়ে সম্মেলন অনুষ্ঠিত হবে।
আজ শনিবার (১৯ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের মেঘনা ঘাট এলাকায় পুরাতন মেঘনা সেতুর অ্যাপ্রোচ সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এবারও যথাসময়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রবীণ-তরুণ-অভিজ্ঞদের সমন্বয় ঘটিয়ে আমরা দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। এখানে পরিবর্তন হবে, নতুন মুখ আসবে।
তিনি বলেন, সহযোগী সংগঠনগুলোর সম্মেলনের বয়স অনেক বেশি হয়ে গেছে। ৭-৮-৯ বছর হয়ে গেছে, তাই সম্মেলন করা অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। সম্মেলনে দলকে ঢেলে সাজানো হবে।

বুয়েটে ছাত্রলীগের কিছু নেতাকর্মীর হাতে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আবরার হত্যাকারীরা ছাত্রলীগ পরিচয়ের হলেও প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেননি। হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে, ছাত্র-শিক্ষকদের যে দাবি, তা-ও মেনে নেওয়া হয়েছে। শুদ্ধি অভিযানের মতই কে কোন দল, সেটা বিবেচনায় ছাড় দেওয়া হবে না, হত্যাকাণ্ডের সঙ্গে কে জড়িত সেটা বিবেচনায় নিয়েই ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের কেউ থাকলেও ছাড় দেওয়া হবে না।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকার ও বিরোধী দলের মধ্যে আমরা বৈরী সম্পর্ক চাই না। আমরা চাই বিরোধীদল গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আমরাও তাদের ব্যাপারে অনেক সহনশীল। বিএনপি’র সাত জন সংসদ সদস্য থাকার পরও একজন সংরক্ষিত নারী সংসদ সদস্য দেওয়া হয়েছে। বিরোধী দলের সংসদ সদস্যরা পার্লামেন্টের ভেতরে-বাইরে যা খুশি বলছেন। বিভিন্ন কর্মসূচি পালন করছেন। কোনও বাধা দেওয়া হচ্ছে না। যে সহনশীল আচরণ করা হচ্ছে তা শেখ হাসিনা সরকার আছে বলেই করা হচ্ছে।’
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বুয়ের ছাত্র আবরার হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রীর নির্দেশে সব আসামিকে গ্রেফতার করা হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মী হওয়ার পরও তাদের কোনও ছাড় দেওয়া হয়নি।’ তিনি আরও বলেন, ‘শুদ্ধি অভিযানে যারা টার্গেট রয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘নভেম্বরের মধ্যে আওয়ামী লীগের সহযোগী যেসব সংগঠনের মেয়াদ সাত-আট বছর পেরিয়ে গেছে সেসব সংগঠনের সম্মেলন শেষ হবে। এসব সম্মেলনে নতুন নবীন-প্রবীণের সমন্বয়ে নেতৃত্ব গঠন করা হবে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা একজন চেঞ্জ মেকার। তিনি সব সময়ই সম্মেলনের মাধ্যমে আধুনিক ও প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নবীন-প্রবীণের সমন্বয়ে কমিটি গঠন করে থাকেন। আওয়ামী লীগের সম্মেলন নির্ধারিত সময় হবে। সেই সম্মেলনে নবীন-প্রবীণের সমন্বয় ঘটবে। সম্মেলনের মাধ্যমে অনেক নতুন মুখের জায়গা হবে।’

চট্টগ্রামে ঘরের মধ্যে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

0

চট্টগ্রামের বন্দর নিমতলীর একটি বাসা থেকে বাবা ও শিশুকন্যার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন মো. আরিফ (৩২) ও তার চার বছর বয়েসী মেয়ে বিবি ফাতেমা। আরিফ পেশায় দিনমজুর।
আজ শনিবার বেলা ১১টার দিকে নিমতলার বুচুইক্যা কলোনির তিনতলা বাসার নিচতলার বাসায় তাদের লাশ পাওয়া যায়।
বলে বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বুচুইক্যা কলোনির একটি ভবনের নিচতলার একটি বাসায় আরিফ পরিবার নিয়ে থাকতেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে।”
তিনি বলেন, দুজনের গলাতেই ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মেয়ে বাসার খাটে এবং তার বাবার লাশ ফ্লোরে পড়ে ছিল।
হত্যাকাণ্ডের কারণ জানতে পারেনি পুলিশ।
তিনি আরও বলেন, নিহত শিশুর মা হাসিনা বেগমসহ দুই নারীকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। দাম্পত্য বিরোধে এ হত্যাকাণ্ড ঘটাতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক হাসিনা বেগমকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নাটক শেখানোর নামে তরুণীকে ধর্ষণ, তোলপাড় সোশ্যাল মিডিয়ায়

0

নাট্যোৎসব, নতুন নাটক ও নাটকের নানা আয়োজনে ভরপুর হয়ে ওঠে নাটকপাড়া। তবে এবার আলোচনা একটু ভিন্ন। বাংলা নাট্য জগতে ধর্ষণের ঘটনায় তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। নাট্যব্যক্তিত্ব সুদীপ্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যৌন হেনস্থা ও ধর্ষণের অভিযোগ আনলেন এক তরুণী। স্পেকটেটরস নামের একটি দলের সঙ্গে যুক্ত সুদীপ্ত চট্টোপাধ্যায়। অভিযোগকারিনী ফেসবুকে পুরো ঘটনার বিবরণ দিয়েছেন লম্বা পোস্টের মাধ্যমে।

সুদীপ্ত চট্টোপাধ্যায় এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মিডিয়া সায়েন্স ডিপার্টমেন্টের অধ্যাপক। সেই প্রতিষ্ঠানেরই ছাত্রী হলেন অভিযোগকারিনী তরুণী।

অভিযোগকারিনী জানান, সুদীপ্তর বাড়িতে নাটকের মহড়া হতো। কিন্তু একদিন তাঁর বাড়ি গিয়ে দেখেন নাটকের দলের অন্য কেউই সেখানে নেই। বাড়তি সুদীপ্তর স্ত্রীও ছিলেন না। সেই সুযোগেই তাঁকে শ্লীলতাহানি ও ধর্ষণ করা হয় বলে অভিযোগ তরুণীর।

তিনি জানিয়েছেন, সুদীপ্ত চট্টোপাধ্যায় তাঁকে প্রথমে মানসিক ভাবে দুর্বল অবস্থায় পৌঁছে দিয়েছিলেন। আর তার পরেই তাঁকে ধর্ষণ করেন সুদীপ্ত চট্টোপাধ্যায়। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন নাট্যকার। তাঁর দাবি, ওই ছাত্রীই তাঁর ভুল সংশোধন করার অনুরোধ করেছিলেন এবং তাঁর অভিনয়ে অনেক ভুল ছিল। সেই ভুল শুধরে দিতেই ডায়াফ্রাম ব্রিদিং টেকনিক ব্যবহার করেছিলেন বলে দাবি সুদীপ্তর। আর সেই প্রক্রিয়াতে কিঞ্চিৎ নগ্নতা ও শরীরী ঘনিষ্ঠতা প্রয়োজন ছিল। আর তা তরুণীর সম্মতি নিয়েই হয়েছিল বলে জানান তিনি। কোনও যৌন অভিপ্রায় ছিল না বলে দাবি করেছেন সুদীপ্ত।

সুদীপ্ত জানিয়েছেন, কেউই এর আগে এমন অভিযোগ আনেননি। কিন্তু এই অভিযোগকারিনী তাঁর অভিজ্ঞতার সামনে আনতেই অনেক অভিনেত্রীই দাবি করেছেন, তাঁদের সঙ্গেও একই রকম আচরণ করেছিলেন সুদীপ্ত চট্টোপাধ্যায়। একাধিক মহিলাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

অভিযোগকারিনীর এই অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সুদীপ্তকে পদত্যাগ করার দাবি ওঠে। তবে অভিযোগকারিনী বা অন্যান্য নির্যাতিতারা সুদীপ্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবেন কি না বা কবে করবেন তা এখনও জানা যায়নি।

পুলের জলে বিকিনিতে মাধুরি

0

বলিউডের সেনসেশনাল অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তাকে ডান্সিং ডিভা বলা হয়। ধক ধক গার্ল যখন টেলিভিশনের পর্দায় আসেন, এখনও হৃদয় কেঁপে ওঠে আট থেকে আশির। ‘দিল’ থেকে ‘সাজন’ কিংবা ‘কোয়েলা’ কিংবা ‘হাম আপকে হ্যায় কউন’, মাধুরি দিক্ষিত মানেই দুরু দুরু বুকে টেলিভিশনের সামনে বসে পড়েন দর্শক।

বলিউডের সেই ডান্সিং ডিভা যখন ক্যারিয়ারের মাঝ পথে চিকিৎসক শ্রীরাম নেনের সঙ্গে ঘর বাঁধতে বিদেশে চলে যান, তখন অনেকেই অবাক হয়েছিলেন। ভক্তদের হৃদয়ে ঝড় বয়ে গেলেও মাধুরি কিন্তু স্থিরভাবে শ্রীরাম নেনের সঙ্গে পার করে ফেলেছেন ২০ বছর।

এবার বিয়ের পর ২০ বছররের এসেছে মাধুরী ও শ্রীরাম একে অপরকে শুভেচ্ছা জানিয়েছে ঘুরেছেন সমুদ্র পাড়ে। সেখানে গিয়ে তারা ছবিও তুলেছেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মাধুরী।

ছবিতে দেখা যাচ্ছে, শ্রীরাম নেনের সঙ্গে বেড়াতে গিয়েছেন মাধুরী। সেখানেই বিকিনি ছবি পরে স্বামীর গালে আলতো আদর করছেন বলিউডের ধক ধক গার্ল। পুলের পানিতে মাধুরী ও শ্রীরাম নেনের সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

বলিউড ছাড়ার পর ২০০৭ সালে ফের রুপালি পর্দায় কামব্যাক করেন মাধুরী দীক্ষিত। ২০০৭ সালে ‘আ জা নাচলে’ দিয়ে বলিউডে ফের নিজের পসার জমাতে শুরু করেন মাধুরী দীক্ষিত। এরপর ‘গুলাব গ্যাং’, ‘কলঙ্ক’, ‘টোটাল ধামাল’-সহ একাধিক সিনেমায় মাদকতা ছড়াতে দেখা যায় মাধুরী দীক্ষিতকে।

চট্টগ্রামে মার্কেটে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

0

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন জহুর হকার্স মার্কেট ও সংলগ্ন জালালাবাদ মার্কেটে ভোর রাতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ীদের কোটি কোটি টাকার মালামাল পুড়ে গেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো প্রাণহানীর তথ্য পাওয়া যায়নি।

আজ শনিবার ভোর পৌনে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি স্টেশনের ১৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন। নন্দনকানন, চন্দনপুরা, আগ্রাবাদ ও কালুরঘাট ফায়ার স্টেশনের ১৫টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর অনেক ব্যবসায়ী বলছেন, তাদের দোকানে লাখ লাখ টাকার একেবারে রেডি করা মালামাল ছিল ক্রেতাকে সরবরাহের জন্য। অনেকের আবার ক্যাশে রক্ষিত কয়েক লাখ টাকা পুড়ে গেছে, এমন তথ্যও মিলেছে।

অগ্নিকবলিত মার্কেটে প্রচুর কাপড়ের দোকান, টেইলার্স রয়েছে। আগুন লেগে ব্যবসায়ীদের এসব দোকানের বহু মূল্যবান মালামাল পুড়ে গেছে।

চক্রের দখলে রেলের ৪ হাজার একর জমি

0

বাংলাদেশ রেলওয়ের জমি রয়েছে ৬১ হাজার ৮৬০ একর। এর মধ্যে তিন হাজার ৮৪১ একর জমি দখলবাজরা দখল করে নিয়েছে। আর গায়েব করা হয়েছে এক হাজার ৮৪১ একর জমির নথি। দখল হওয়া এসব জমির মধ্যে পূর্ব ও পশ্চিম রেলওয়েতে ১০ বছরের চেষ্টায় ১১৮৫ একর উদ্ধার করা হলেও আবার দখল হয়ে যায়। অন্যদিকে ১৯৯১ সালের পর থেকে এ পর্যন্ত রেলের ১৩ হাজার একর জমি ইজারা নেন ক্ষমতাসীন দলগুলোর নেতাকর্মীরা। বাংলাদেশ রেলওয়ে সূত্রে এসব তথ্য জানা গেছে।

দখল হওয়া জমি উদ্ধারে বাংলাদেশ রেলওয়ে গত আগস্ট থেকে নতুন করে অভিযান শুরু করেছে। তবে প্রভাবশালীদের বাধার মুখে এই অভিযান বিভিন্ন স্থানে বন্ধ হয়ে পড়ার পথে।

এদিকে জমি ইজারা বিষয়ে নীতিমালা সংশোধন করছে বাংলাদেশ রেলওয়ে। এই নীতিমালার খসড়া এরই মধ্যে পাঠানো হয়েছে সংসদীয় স্থায়ী কমিটিতে।

রেলপথের দুই পাশে ১০ ফুট জায়গা খালি রাখার বিধান রয়েছে। রেল আইন অনুযায়ী, রেলপথের দুই পাশের দুই ফুট জায়গায় সব সময় ১৪৪ ধারা জারি থাকার কথা। অথচ ঢাকার কমলাপুর থেকে টঙ্গী ও নারায়ণগঞ্জ রেলপথের দুই পাশে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা, অস্থায়ী বাজার। রেলওয়ে সূত্র জানায়, সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের দখলে রয়েছে রেলের ৯২২ একর জমি। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের দখলে রয়েছে দুই হাজার ৮২৮ একর জমি। আর ধর্মীয় প্রতিষ্ঠানের নামে দখল করা হয়েছে রেলের ৯০ একর জমি। ইজারায় ব্যবহৃত হচ্ছে ১৪ হাজার ৪৭৩ একর জমি।

রেলওয়ের সব জমি আধুনিক ব্যবস্থাপনায় আনতে ২০০৭ সালে জরিপের কাজ দেওয়া হয় শেলটেক কনসালট্যান্ট লিমিটেডকে। ২০১৪ সালে তারা রেলওয়েকে জরিপের প্রতিবেদন জমা দেয়। বাংলাদেশ রেলওয়ের নথিপত্রে ৬১ হাজার ৮৬০ একর জমি থাকলেও শেলটেকের জরিপে পাওয়া গেছে ৫৯ হাজার ৭৫৫ একর জমি। এক হাজার ৮৪১ একর জমির দলিল বা আনুষঙ্গিক নথিপত্র পাওয়া যায়নি। এ অবস্থায় বাংলাদেশ রেলওয়ে এখন আবার নতুন করে জরিপের জন্য নতুন পরামর্শক খুঁজছে।

সূত্র জানায়, দখলবাজরা রেলের এক হাজার ৮৪১ একর জমির দলিল, পর্চা ও নথি গায়েব করে দিয়েছে। আর এই নথি গায়েব কাণ্ডে জড়িত বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ, রেল ভবন থেকে শুরু করে পূর্ব ও পশ্চিম রেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। আর এই সুযোগে কৌশলে দখলবাজরা নিজেদের নামে রেলওয়ের এসব জমি রেকর্ড করে নিয়েছেন।

আবার দেখা গেছে, কৃষিকাজের জন্য রেলওয়ের ইজারা দেওয়া জমি ব্যবহৃত হচ্ছে বাণিজ্যিক কাজে। এসব জমিতে গড়ে তোলা হয়েছে বহুতল ভবন। রেল ভবন সূত্রে জানা যায়, এসংক্রান্ত হাজারো মামলা রয়েছে। রাজধানীর ফুলবাড়িয়া রেলস্টেশনের তিন দশমিক ৯৭ একর জমি দখল হওয়ার চার দশকেও তা উদ্ধার করা যাচ্ছে না মামলার কারণে। তিনটি মামলার মধ্যে একটি মামলার রায় রেলের পক্ষে এসেছে। অন্য দুটি মামলা চলমান।

জানা গেছে, ওই জমিতে রেলের আইকনিক ভবন নির্মাণ করা হবে। অন্যদিকে রাজধানীর আনন্দবাজারে রেলের ২.৮৭ একর জমি দখলে নিয়ে সাত তলা ভবন নির্মাণ করে মার্কেট গড়ে তোলা হয়েছে। কিন্তু রাজনৈতিক কারণে ওই জায়গা উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

তথ্যানুসারে, রেলের পাকশী বিভাগে সর্বাধিক জমি দখল করেছেন দখলবাজরা। এ বিভাগে ২৭ হাজার একর জমির মধ্যে দখল করা হয়েছে দুই হাজার ৬০০ একর জমি। ঢাকা বিভাগে ১৭ হাজার ১৬৯ একর জমির মধ্যে তিন হাজার ৩৯৩ একর ইজারাদারদের দেওয়া হয়েছে। আর এ বিভাগে দখল হয়েছে ৬৮৪ একর জমি। লালমনিরহাট বিভাগে ১০ হাজার ৮৯৮ একর জমির মধ্যে দখল হয়েছে ৫১৮ একর জমি। চট্টগ্রাম বিভাগের সাত হাজার ২৭১ একর জমির মধ্যে দখল হয়েছে ১৬৯ একর জমি।

মন্ত্রণালয়সহ সরকারি সংস্থাও দখল করেছে রেলের জমি

রেলওয়ে সূত্র জানায়, নরসিংদী-মদনগঞ্জ সেকশনে ২২৫ দশমিক ৫৪ একর এবং হবিগঞ্জ জেলায় ১৬ দশমিক ছয় একর জমি অবৈধভাবে দখল নিয়েছে সওজ অধিদপ্তর। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দখল নিয়েছে রেলের ১৩৩ একর জমি।

চট্টগ্রাম সিটি করপোরেশন ছয় একর, বন বিভাগ পাঁচ দশমিক ১৬ একর, যুব উন্নয়ন অধিদপ্তর দুই দশমিক ছয় একর, খাদ্য বিভাগ দুই একর জমি দখল করেছে।

ঢাকা বিভাগে গণপূর্ত বিভাগ (ঢাকা জেলা) এক একর, নারায়ণগঞ্জের আইইটি সরকারি উচ্চ বিদ্যালয় দুই দশমিক ৩৮ একর, দ্বিতীয় পশুসম্পদ উন্নয়ন প্রকল্প কর্তৃপক্ষ ছয় দশমিক ২৭ একর, ফায়ার সার্ভিস এক দশমিক এক একর, পানি উন্নয়ন বোর্ড ছয় দশমিক সাত একর, পাট করপোরেশন (নারায়ণগঞ্জ জেলা) ১২ দশমিক ৫৪ একর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক দশমিক ৯৪ একর জমি অবৈধভাবে দখল করেছে। ঢাকা ওয়াসা দশমিক ২৯ একর, গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ ১০ দশমিক ৩৬ একর, গণপূর্ত বিভাগ ১৩ একর, সিলেটে খাদ্য মন্ত্রণালয় এক দশমিক সাত একর, মৌলভীবাজারে খাদ্য মন্ত্রণালয় এক দশমিক শূন্য তিন একর, আশুগঞ্জ ওয়াপদা ২৪ একর জমি দখল করেছে।

পশ্চিম রেলের নির্বাহী হাকিম ও পাকশী রেল বিভাগের ভূ-সম্পত্তি কর্মকর্তা মো: নুরুজ্জামান জানান, পাকশী বিভাগে রেলের সর্বাধিক জমি দখল হয়েছে সৈয়দপুর, সিরাজগঞ্জ, রাজবাড়ী ও পার্বতীপুরে। এসব এলাকায় দখলকারী ১১ হাজার। ১৭টি অভিযানে এক হাজার ৮০০ একর জমির ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জমি উদ্ধার করা হয়েছে ১৪৫ একর। অবস্থা এমন দাঁড়িয়েছে, মনে হচ্ছে সৈয়দপুর, পাবর্তীপুরে যেন রেলের জমি দখলদারদের লিখে দেওয়া হয়েছে। আমরা অচিরেই সৈয়দপুরে উচ্ছেদ অভিযান শুরু করব।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ ডাবল লাইন প্রকল্পের জন্য গত বুধবার নারায়ণগঞ্জ রেলপথে ৯০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের বিভাগীয় ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘নারায়ণগঞ্জে রেলের আরো জমি অবৈধ দখলে আছে।’ গত বৃহস্পতিবারও অভিযান হয়েছে।

নাটোরের মাধনগর রেলস্টেশন বাজার এলাকায় সেখানকার সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মো: মতিউর রহমান রেলের জলাশয় ভরাট করে মার্কেট নির্মাণ করছেন। পাঁচ তলা ফাউন্ডেশনের মার্কেট ভবনটির এক তলা নির্মাণ শেষ। এখন সেখানে ব্যানার টাঙিয়ে বিজ্ঞাপন দিয়ে পজেশন বিক্রি চলছে।

পশ্চিম রেলের নির্বাহী হাকিম মো: নুরুজ্জামান জানান, দ্রুতই সেখানে অভিযান চালিয়ে পুরো ভবন ভেঙে নিলামে ওঠানো হবে।

রেল কর্তৃপক্ষ বলছে, চট্টগ্রামে আইনি জটিলতায় ফয়’স লেকের প্রায় ৩৩৭ একর জমি দখলে নেওয়া যাচ্ছে না। রেলের ওই জমি ইজারা দেওয়ার পর শর্ত ভঙ্গ করায় কনকর্ড এন্টারটেইনমেন্ট কম্পানির সঙ্গে চুক্তি বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে কনকর্ড এন্টারটেইনমেন্টের ডেপুটি ম্যানেজার বিশ্বজিত ঘোষসহ একাধিক কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে আদালতের স্থগিতাদেশ রয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রূপপুর মোড়, ঈশ্বরদী জংশন, ঈশ্বরদীর নর্থ বেঙ্গল পেপার মিল, পাকশী রেল বিভাগের সদর দপ্তরসহ বিভিন্ন স্থানে রেলের ২০০ একর জমি প্রয়োজন। অথচ এ পর্যন্ত দখলমুক্ত করা গেছে ৬০ একর জমি। এর মধ্যে ঈশ্বরদী রেল জংশন এলাকায় উদ্ধার করা হয়েছে ১৭ একর জমি।

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘রেলের জমি উদ্ধারে যেকোনো মূল্যে অভিযান অব্যাহত রাখা হবে। কারণ, বড় বড় প্রকল্পের কাজ শুরু করা যাচ্ছে না রেলের জমি দখল হয়ে যাওয়ায়। এবার এসব জমি উদ্ধার করা হবেই। দখলমুক্ত করা হবেই।’