Home Blog Page 3422

চাকরি দেওয়ার নামে যৌন হয়রানি

0

‘মেয়ে মানুষ হলে কি কোনো কাজ করতে পারে না? একটা মেয়ের কি এমন পরিণতি হওয়া উচিত? আমি শুধু আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার চাই, আর কিছু চাই না। যাতে আর কারো সঙ্গে এমনটা না ঘটে।’ অনেক কষ্টে নিজের কষ্ট-ক্ষোভকে সামলে কান্নাভেজা কণ্ঠে কথাগুলো বলছিলেন ইট-পাথরের কঠিন শহরে চাকরির সন্ধানে এসে যৌন হয়রানির শিকার হওয়া এক নারী।

গত বুধবার যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ এনে এক যুগ্ম সচিবসহ পাঁচজনের বিরুদ্ধে ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ আদালতে পিটিশন মামলা করেছেন ওই নারী। মামলার আসামিরা হলেন যুগ্ম সচিব আব্দুল খালেক (৫৩), অন্তর (৩৫), আবু বক্কর প্রধান (৪৫), রবিউল ইসলাম রবি (৩৮) ও মিল্টন (৪০)। থানা-পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, মামলায় মূল অভিযুক্ত আব্দুল খালেক স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের (ইউপিইএইচডিপি) প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) বলে নিশ্চিত হওয়া গেছে।

নির্যাতিতা ওই নারী কালের কণ্ঠকে বলেন, ‘ঢাকায় গেছিলাম আমার পরিবারটারে টানতে (চালাতে)। স্বামী থেকেও নাই। সাড়ে চার বছরের মেয়েটারে নিয়ে খুব কষ্টে আছি। তাই মুন্সীগঞ্জের সিরাজদিখানের গ্রামের বাড়ি থেকে কাজের জন্য গত মাসের (সেপ্টেম্বর) ১৪ তারিখ গুলিস্তানের এক কম্পানিতে দরখাস্ত করে চলে আসি। পরে ২১ তারিখ আবার গেলে অন্তর আর আবু বক্করের সঙ্গে পরিচয় হয়। তারা আমায় ভালো কাজ দিবে বলে সিদ্দিকবাজারের এলাহী ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়। বলে ভালো কাজ দিবে। এরপর খালেক নামে একজনের সঙ্গে দেখা করায়। কিছুক্ষণ পর আরো দুজন লোক আসে। আমি আমার পরিবারের সমস্যার কথা বলে একটা কাজের কথা বলি। এরপর খালেক ছাড়া বাকিরা রুম থেকে বের হয়ে দরজা বন্ধ করে দেয়। কেন দরজা বন্ধ করল জানতে চাইলে আমার জামা-কাপড় ছিঁড়ে খারাপ আচরণ করে। ভিতরে চিৎকার শুনে বাইরে থেকে অন্তরসহ অন্যরা আবার ভিতরে আসে, এরপর আমায় এক লাখ টাকা না দিলে মেরে ফেলার ভয় দেখায়। অন্যরা আবার বের হয়ে গেলে খালেক আমায় ইচ্ছামতো কিল, ঘুষি, লাত্থি মারে। পরে কোনোমতে ওই জায়গা থেকে বের হয়ে যাই।’

সেদিনের ঘটনার ভয়াবহতা উল্লেখ করে ওই নারী আরো বলেন, ‘আমি এখন পর্যন্ত ভয়ে বাসা থেকে বের হতে পারি না। ঘটনার পরে কয়েকজনের পরামর্শে সিদ্দিকবাজারের সোহরাব নামে এক ভাইয়ের মাধ্যমে সবার নাম-ঠিকানা জোগাড় করে বংশাল থানায় যাই। থানা থেকে নারী ও শিশু আদালতে মামলা করতে বলে।’

পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটি দায়েরের পর তদন্ত করার জন্য বংশাল থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মামলাটি তদন্ত করছেন বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলাম। মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আজই (শুক্রবার) হাতে মামলার নথি পেয়েছি। মামলার মূল অভিযুক্ত আব্দুল খালেকসহ অন্য আসামিদের কার কী পরিচয়, অভিযোগের ব্যাপারে কার কী ভূমিকা এবং ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’

এ ব্যাপারে মামলায় মূল অভিযুক্ত স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের (ইউপিইএইচডিপি) প্রকল্প পরিচালক আব্দুল খালেক বলেন, ‘আমার বিরুদ্ধে আদালতে নালিশ হয়েছে। যে নালিশ করল জীবনেও তাকে দেখিনি। আমি কিছুই জানি না। আইনি নালিশ আমি আইনগতভাবেই মোকাবেলা করব।’

‘যুবলীগের দায়িত্ব পেলে বিশ্ববিদ্যালয়ের ভিসির পদ ছেড়ে দেব’

0

যুবলীগের দায়িত্ব পেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের পদ ছেড়ে দিতে রাজি আছেন বলে জানিয়েছেন অধ্যাপক ড. মীজানুর রহমান। বৃহস্পতিবার রাত ১১টায় একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি একথা জানান। শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে ওই টক শোর ভিডিওটি শেয়ার দেন তিনি।

টক শোতে যুবলীগের দায়িত্ব নিতে নিজের আগ্রহের কথাও জানান তিনি। যুবলীগের বর্তমান কমিটির প্রথম প্রেসিডিয়াম সদস্য তিনি। তবে ভিসি হওয়ার পর তিনি যুবলীগের কোনো বৈঠকে যাননি বলেও জানান।

টক শোতে যুবলীগ প্রসঙ্গটি আসলে ভিসি ড. মীজানুর রহমান বলেন, আমাকে যদি বলা হয়, আপনি যুবলীগের দায়িত্ব নিতে পারবেন কিনা? তবে আমি সঙ্গে সঙ্গে উপাচার্য বা চাকরি ছেড়ে দেব এবং যুবলীগের দায়িত্ব নেব।

তিনি আরও বলেন, ‘আমি উপাচার্য হওয়ার পর আর কোনো (যুবলীগের) মিটিংয়ে যাই না। তবে যদি আমাকে এখনো বলা হয় যুবলীগের দায়িত্ব নিতে হবে, আমি ভাইস চ্যান্সেলরের পদ ছেড়েই দায়িত্ব নেব। আমাকে যদি বলা হয়, আপনি যুবলীগের দায়িত্ব নিতে পারবেন কিনা? তবে আমি সঙ্গে সঙ্গে উপাচার্য বা চাকরি ছেড়ে দিয়ে (যুবলীগের) দায়িত্ব নেব। কারণ, এটা এত ভালোবাসার একটি সংগঠন, আমি উপাচার্যশিপ ছেড়ে দিতে রাজি আছি।’

ড. মীজানুর রহমান ২০১৩ সালের ২০ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যোগ দেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে ছিলেন।

সম্প্রতি যুবলীগের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ ক্যাসিনো ব্যবসা ও টেন্ডারবাজির অভিযোগ ওঠে। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানও চালায়; যাতে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটসহ একাধিক নেতা গ্রেফতার হন। এ ছাড়া যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরীকে বিদেশ যেতে বাধা ও তার ব্যাংক হিসাব তলব করা হয়।

গত ৯ অক্টোবর যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যুবলীগের সর্বশেষ জাতীয় সম্মেলন হয়েছিল সাত বছর আগে। ২০১২ সালের ১৪ জুলাই অনুষ্ঠিত হয় তিন বছর মেয়াদি সর্বশেষ সম্মেলন। গঠনতন্ত্র অনুযায়ী এরপর ২০১৫ সালে পরবর্তী সম্মেলন হওয়ার কথা থাকলেও তা হয়নি।

জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের সাবেক প্রধান কমান্ডার গ্রেপ্তার

0

জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ) এর সাবেক প্রধান কমান্ডার জাভেদ আহমেদ মিরকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সিবিআই তাকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, শ্রীনগরে ভারতীয় বিমানবাহিনীর চার অফিসার খুনের মামলায় জাভেদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় তিন দশক আগে শ্রীনগরের রাওয়ালপোরায় হত্যা করা হয় ভারতীয় বিমানবাহিনীর চার অফিসারকে।

জেকেএলএফ এর প্রাক্তন প্রধান কমান্ডার মিরের বয়স এখন ৫৪ বছর। সূত্রের খবর, সিবিআইএ-র একটি দল শ্রীনগরের জামালতলা অঞ্চলের বাড়ি থেকে বুধবার তাঁকে গ্রেপ্তার করে। সেখান থেকে পরে তাঁকে জম্মুতে নিয়ে যাওয়া হয়েছে। জম্মুর সিবিআই কোর্টে তাঁকে পেশ করা হলে, বিচারক মিরকে জামিনে মুক্তি দেন।

১৯৯০ সালের ২৫ জানুয়ারি রাওয়ালপোরায় আইএএফের চার অফিসার গুলিতে নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন স্কোয়াড্রন লিডারও। পুলিশের ধারণা, সন্ত্রাসবাদীরাই গুলি করে হত্যা করে অফিসারদের। শ্রীনগরের এয়ারড্রোমে পৌঁছতে ওই চার অফিসার বাসের জন্য অপেক্ষা করছিলেন। সেইসময় অতর্কিতে এই হামলা হয়েছিল। ওই হামলায় নারীসহহ আরও ৪০ জন গুরুতর জখম হয়েছিলেন।

১৯৯০ সালের আগস্ট ও সেপ্টেম্বর সিবিআই এই মামলায় বর্তমান জেকেএলএফ প্রধান মুহাম্মদ ইয়াসিন মালিক এবং মিরসহ কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। মালিক বর্তমানে নয়াদিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন।

নারী প্রকৌশলীকে যুবলীগ নেতার মারধর

0

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন অধিদফতরে (বিআইডব্লিউটিএ) এক প্রকৌশলীর কক্ষে বৃহস্পতিবার আরেক প্রকৌশলীকে মারধর করে রক্তাক্ত করেছে এক যুবলীগ নেতা। জরিনা খানম নামের আহত ওই নারী যান্ত্রিক ও নৌপ্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী।

মারধরে জড়িত থাকার দায়ে যান্ত্রিক ও নৌপ্রকৌশল বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (মেরিন) মো. নেছার উদ্দীন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিকালের এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার পরই বিআইডব্লিউটিএ’র অফিসার্স অ্যাসোসিয়েশন জরুরি বৈঠক করে।

ওই বৈঠকে এ ঘটনার দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। রাত ৮টায় এ প্রতিবেদন লেখার সময় মতিঝিল থানায় মামলার প্রক্রিয়া চলছিল।

এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএ’র সচিব মো. ওয়াকিল নেওয়াজ যুগান্তরকে বলেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলীর রুমে ঠিকাদাররা তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে মারধর করে। এ নিয়ে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঘটনা প্রসঙ্গে বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা জানান, বিকালে নেছার উদ্দীন খানের রুমে তার সঙ্গে যান্ত্রিক ও নৌপ্রকৌশল বিভাগের টেন্ডার কার্যক্রম নিয়ে আলোচনা করছিলেন জরিনা খানম। একপর্যায়ে দু’জনের মধ্যে মতদ্বৈততা দেখা দেয়। হঠাৎ উত্তেজিত হয়ে উঠেন নেছার উদ্দীন খান। তিনি জরিনা খানমকে রুম থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন। এরপরও জরিনা খানম তার যুক্তি উপস্থাপন করতে গেলে সেখানে থাকা ঠিকাদার ও যুবলীগ নেতা রাকিব জরিনাকে কিল-ঘুষি মারতে মারতে নিচে ফেলে দেন। সে অবস্থায় আবারও কিলঘুষি মেরে কক্ষ থেকে বেরিয়ে যান রাকিব। এ সময় ঢাকা দক্ষিণের ১০ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মারুফ রেজা সাগর কক্ষে ছিলেন।

জানতে চাইলে জরিনা খানম যুগান্তরকে বলেন, স্যারের সঙ্গে কথা বলছিলাম। এ সময় বারবার ইন্টারপ্রিয়েট (কথার মাঝে ঢুকে যাওয়া) করছিল যুবলীগ নেতারা। আমি তাদের বলি, আমি তো স্যারের সঙ্গে কথা বলছি, আপনাদের সঙ্গে তো না। আপনারা কথার মধ্যে ঢুকছেন কেন। একপর্যায়ে স্যারের সঙ্গে তর্কাতর্কি শুরু হলে স্যার আমাকে কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। তখন ওরা (যুবলীগ নেতা) আমাকে কিল-ঘুষি মারে। কক্ষ থেকে বের করে দেয়ার চেষ্টা করে।

কর্মকর্তারা জানান, রাকিব আরআর এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার। রাকিব, সাগর, রায়হান, মনিরসহ স্থানীয় যুবলীগের কয়েকজন নেতা বিআইডব্লিউটিএ ভবনে দীর্ঘদিন ধরে টেন্ডারবাজি করে আসছেন। তাদের সঙ্গে নৌপ্রকৌশল, সিভিল ও ড্রেজিং বিভাগের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সখ্য রয়েছে। কেউ টেন্ডারবাজিতে বাধা হয়ে দাঁড়ালেই তাদের হুমকিধমকি ও হেনস্তা করে আসছে এ সিন্ডিকেটের সদস্যরা। এমনকি এসব যুবলীগ নেতাকর্মীর মোটরসাইকেলেও বিভিন্ন সময়ে কয়েক প্রকৌশলীকে চড়তে দেখা গেছে। চক্রটি সম্প্রতি ক্যাসিনো-কাণ্ডে আলোচিত কাউন্সিলর মুমিনুল হক সাঈদের অনুসারী হিসেবে পরিচিত।

বিআইডব্লিউটিএ কর্মকর্তারা বলছেন, এ যুবলীগ নেতারা ভবনের টেন্ডার নিয়ন্ত্রণ করে থাকেন। কাজ না করেই বিল তোলার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

বিআইডব্লিউটিএ’র এক কর্মকর্তা জানান, ওই ঘটনায় সিসি ক্যামেরার দুটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। একটিতে রুমের বাইরের ফুটেজ রয়েছে। আরেকটিতে ভেতরের। ফুটেজ দুটি পরীক্ষা করা হচ্ছে।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল ইসলাম স্বাক্ষরিত দফতর আদেশে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জরিনা খানমকে ঠিকাদারের মাধ্যমে লাঞ্ছিত করে কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় চাকরি প্রবিধান অনুসারে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (মেরিন) নেছার উদ্দীন খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হল।

এসব বিষয়ে নেছার উদ্দীন খান ও রাকিবের বক্তব্য নেয়ার চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। ফোন ধরেননি তারা।

আর এক ইঞ্চি বনভূমিও রোহিঙ্গাদের দেওয়া হবে নাঃ সাবের চৌধুরী

0

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, রোহিঙ্গাদের জন্য আর এক ইঞ্চি বনভূমিও দেওয়া হবে না। রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের অনেক ক্ষতি হয়েছে। বেশি ক্ষতি হয়েছে পরিবেশ ও জীববৈচিত্র্যের, যা পূরণ করা সম্ভব নয়।

কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আজ শুক্রবার দুপুরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

রোহিঙ্গাদের কারণে সৃষ্ট পরিবেশ–সংকটের কারণে বন্য হাতি ঝুঁকিতে আছে মন্তব্য করে সাবের হোসেন চৌধুরী বলেন, উখিয়া ও টেকনাফের ৩৪টি শিবিরে ১১ লাখের বেশি রোহিঙ্গা বাস করছে। রোহিঙ্গাদের বসতি নির্মাণের জন্য ইতিমধ্যে ৮ হাজার একরের বেশি বনভূমি দেওয়া হয়েছে। বনাঞ্চল উজাড় হওয়ায় ৬৩টি বন্য হাতি সংকটে পড়েছে। ক্যাম্পের ভেতরে হাতিগুলো আটকা পড়েছে। গত দুই বছরেও হাতি চলাচলের রাস্তা তৈরি সম্ভব হয়নি।

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিনিয়ত গভীর নলকূপ দিয়ে পানি তোলার কারণে পানির সংকট দেখা দিচ্ছে বলেও মন্তব্য করেছেন সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, এখন নতুন সমস্যা পানির সংকট। শিবিরগুলোতে প্রায় ১০ হাজার গভীর নলকূপ দিয়ে পানি তোলা হচ্ছে। পানির স্তর ক্রমান্বয়ে নিচে নামছে আর বিভিন্ন স্থানে পানির সংকট দেখা দিচ্ছে। ভবিষ্যতে এই সংকট ভয়াবহ রূপ ধারণ করবে।

সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, স্থায়ী কমিটির সদস্য সাংসদ জাফর আলম, কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনসহ আরও অনেকে। এ ছাড়া বন ও পরিবেশ অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মন্ত্রী মো. শাহাব উদ্দিন সাংবাদিকদের বলেন, সরকার পরিবেশ সুরক্ষায় খুবই আন্তরিক। পাহাড় কাটা, বনাঞ্চল উজাড়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজার সমুদ্রসৈকতের পরিবেশ সুরক্ষায় সবাইকে আরও আন্তরিক হতে হবে।

রোহিঙ্গারা আড়াই হাজার কোটি টাকার বনভূমি নষ্ট করেছে

0

রোহিঙ্গা জনগোষ্ঠী প্রায় আড়াই হাজার কোটি টাকার বনভূমি নষ্ট করেছে। এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে বনের ক্ষয়ক্ষতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

আজ শুক্রবার কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন কমিটি সভাপতি সাবের হোসেন চৌধুরী। বৈঠকে কমিটি সদস্য পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, মো. জাফর আলম, মো. রেজাউল করিম বাবলু ও খোদেজা নাসরিন আক্তার হোসেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে রোহিঙ্গাদের কারণে পরিবেশের ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা হয়। আলোচনাকালে সংসদীয় কমিটির কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরা হয়। এ সময় জানানো হয়, রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত বনের পরিমাণ প্রায় আট হাজার একর। যার আর্থিক মূল্য দুই হাজার চারশ ২০ কোটি টাকা। যা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি ক্ষয়ক্ষতি বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা শেষে রোহিঙ্গাদের কারণে পরিবেশ ও জীব-বৈচিত্র্যের কী পরিমাণ ক্ষতি হয়েছে, কতটুকু ক্ষতি পুনরুদ্ধার করা যায় এবং ক্ষতি প্রতিরোধে করণীয় নির্ধারণে বিশেষজ্ঞ কমিটি গঠনের সুপারিশ করা হয়। এছাড়া রোহিঙ্গাদের জন্য সাস্থ্যসম্মত পানি সরবরাহে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

‘দুই রাষ্ট্র ছাড়া বাংলাদেশের সামনে নেই কেউ

0

যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে নিম্নগতি দেখা দিয়েছে। এতে চীনের প্রবৃদ্ধি ১৪ থেকে নেমে হয়েছে ৭ শতাংশ। যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধিও নিম্নমুখী। কিন্তু বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। আমাদের প্রবৃদ্ধি বাড়ছে, আগামী বছরে যা ৮% ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

এটাকে কোনো কল্প কাহিনীর মতো মনে হলেও এটাই বাস্তবতা। এতে সবচেয়ে বড় অবদান বাংলাদেশের মানুষের। আইএমএফ বাংলাদেশের অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেছে। চলমান বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভার সব খানেই বাংলাদেশের অগ্রগতিকে বিস্ময় বলা হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভার অংশ হিসেবে আইএমফের ভাইস প্রেসিডেন্ট ও বিশ্বব্যাংকের বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ভুটানের নির্বাহী পরিচালক অপর্ণা সুভ্রামনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন। বিশ্বব্যাংক-আইএমএফের প্রধান কার্যালয়ে বেশ কয়েকটি সংস্থার উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন মন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, দুটি রাষ্ট্র সাউথ সুদান ও ইথিওপিয়া ছাড়া বাংলাদেশের সামনে কেউ নেই। বিশ্বে নানা মন্দার মধ্যেও প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। আইএমএফ বলছে পঞ্জিকা বছর শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৮ শতাংশ। যদিও বাংলাদেশের লক্ষ্যমাত্রা ৮ দশমিক ৩ শতাংশ। এরপরও ৭ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি দক্ষিণ সুদান ও ইথিওপিয়া ছাড়া আর কোনো রাষ্ট্রের নেই। ফলে অনেকে বিশ্বব্যাংকের ঋণ খরচও করতে পারেনি। এক্ষেত্রে সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশ।

সব বৈঠকেই বাংলাদেশের ভূয়সী প্রসংশা করা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ২০০৮ সালে বিশ্ব মন্দার সময়েও বাংলাদেশের অর্থনীতিতে কোনো রকম প্রভাব পড়েনি। কেননা, আমাদের উৎপাদন আর চাহিদা আমরা নিজেরাই তৈরি করি। ফলে আমাদের আর্থিক খাতে এ মুহূর্তে কোনো রকম ঝুঁকি নেই।

‘বিশ্বব্যাংক ও আইএমএফ বাংলাদেশের অর্থনীতির ভূয়সী প্রশংসা করেছে। আমাদের অগ্রগতি দেখে তারা অভিভূত। অন্য দেশগুলোর কাছে আমাদেরকে তারা ইতিবাচকভাবে উপস্থাপন করছে। আইএমএফ তাদের আউটলুকে বলেছে, এ বছরের শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৮ শতাংশ। এটা এখন পর্যন্ত সর্বোচ্চ।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘২০৩০ সাল নাগাদ ৩ কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ২০৩০ সালে কর্মসংস্থানের কোনো অভাব থাকবে না। এসময় সবাইকে ডাবল চাকরি করতে হবে। এখন গ্রামে মেশিন দিয়েও ধান কাটার মানুষ পাওয়া যায় না। বর্তমানে বাংলাদেশের সার্বিক অবস্থা খুবই ভালো অবস্থানে রয়েছে। বিশ্বব্যাংক-আইএমএফ বাংলাদেশের আর্থিক অবস্থানের প্রসংশা করেছে। প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ বিশ্ব সেরা। দু’টি দ্বীপ রাষ্ট্র ছাড়া বাংলাদেশের সামনে কেউ নেই।’

দেশের সার্বিক অর্থনীতির অবস্থা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘বছর শেষে বিশ্বব্যাংক বলছে বাংলাদেশের প্রবৃদ্ধি ৭ দশমিক ৮ শতাংশ হবে। বিশ্বব্যাংক কখনও বেশি বলে না। তবে আমি বলতে পারি প্রবৃদ্ধি ৮ দশমিক ৩ শতাংশের কম হবে না। দেশের সার্বিক অগ্রগতির রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দেশের প্রবৃদ্ধি অর্জনে সব পর্যায়ের মানুষ অবদান রাখছেন। কৃষি খাতে ২০, শিল্পে ৩০ ও সেবাখাতের অবদান ৫০ শতাংশ।’

‘বিশ্বে ১৯৯৭ ও ২০০৮ সালে নানা কারণে অর্থনীতির নেতিবাচক ধারা ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ইতিবাচক ধারা অব্যাহত থেকেছে। বৈশ্বিক মন্দা বুঝতে পারেনি বাংলাদেশ। এমনকি যুক্তরাষ্ট্র্রেও অর্থনীতির নেতিবাচক প্রভাব পড়ে। বর্তমানে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যিক যুদ্ধ চলছে। তারপরও বাংলাদেশ সঠিক অবস্থান ধরে রেখেছে। আমরা দ্রুত সামনে এগিয়ে যাচ্ছি, প্রত্যেকে আমাদের সুনাম করছে। ২০৪১ সালে বাংলাদেশ বৃহত্তর ২০টি অর্থনীতির দেশের মধ্যে থাকবে। ২০৩৩ সালে ২৪তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ। এ সময় অর্থনীতির আকার হবে ১ ট্রিলিয়ন ডলার, আমরা সে অপেক্ষায় আছি।’

খুনিদের পুরস্কৃত করেছিল বলেই এখন শিশুর ওপর এই অমানবিকতা: প্রধানমন্ত্রী

0

এখন শিশু হত্যা, নির্যাতনের পেছনে শেখ রাসেলসহ বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের বিচার বন্ধে তৎকালীন সরকারের তৎপরতার ভূমিকা রয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পঁচাত্তরের ১৫ অগাস্ট বাবা-মাসহ পরিবারের অধিকাংশ সদস্যের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলকেও হত্যা করেছিল ঘাতকরা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আমলে এই হত্যাকাণ্ডের বিচারের পথ বন্ধ করতে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছিল।

অকালে হারিয়ে যাওয়া শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার এক আলোচনা সভায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, সেই সময় ওই শিশু হত্যাকারী, নারী হত্যাকারীদের বিচার হলে আজকে ‘এই ধরনের মানসিকতা গড়ে উঠত না’। ‌

এ প্রসঙ্গে সুনামগঞ্জের দিরাইয়ে ‘প্রতিপক্ষকে ফাঁসাতে’ এক ব্যক্তির নিজের শিশু সন্তানকে ‘হত্যার’ কথা উল্লেখ করে তিনি বলেন, “কী আশ্চর্য ব্যাপার, অদ্ভুত ব্যাপার, বাবা হয়ে সন্তানকে হত্যা করে অন্যকে ফাঁসানোর জন্য! কী বিকৃত মানসিকতা এদেশের মানুষের মধ্যে?”
ভবিষ্যতে আর কোনো শিশু যেন হত্যার শিকার না হয় সে লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। শিশু হত্যাকারীদের কঠোর থেকে কঠোরতর সাজা নিশ্চিতের কথাও বলেন তিনি।

বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত এই আলোচনা সভায় সব ছোট ভাইকে নিয়ে আফসোস ঝরে প্রধানমন্ত্রীর কণ্ঠে।

তিনি বলেন, “আজকে মাঝে মাঝে মনে হয় ৫৪ বছর পূর্ণ করেছে রাসেল। ৫৪ বছর বয়সে রাসেল কেমন হত দেখতে? আমি তার বড় বোন। আমি কোলে পিঠে করে তাকে আসলে মানুষ করেছি সব সময়। অতি আধুনিক ছিল সে, কিন্তু ঘাতকের নির্মম বুলেট তাকে বাঁচতে দেয়নি।”
১৯৬৪ সালের ১৮ই অক্টোবর ধানমণ্ডির স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্ম নেন শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার সময় রক্ষা পাননি শিশু রাসেল। তখন তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

সে সময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। কয়েক বছর প্রবাস জীবন কাটিয়ে ১৯৮১ সালে আওয়ামী লীগের সভাপতি হয়ে দেশে ফেরেন শেখ হাসিনা। সে সময় বাবা-মা, ভাই-ভাবীসহ স্বজনদের বিচার চাওয়ারও সুযোগ ছিল না তার।
বেদনার সেই স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, “১৯৮১ সালে আমি ফিরে এসেছিলাম বাংলাদেশে। আমি চেষ্টা করেছিলাম মামলা করার। আমাকে বলা হল, এই হত্যার মামলা করা যাবে না। আমি আমার মায়ের হত্যার বিচার পাব না, ভাই হত্যার বিচার পাব না, আমার বাবার হত্যার বিচার পাব না। আমার প্রশ্ন ছিল, আমি কি এদেশের নাগরিক নই? সবাই যদি বিচার চাইতে পারে আমি বিচার চাইতে পারব না কেন?”

সে সময় খুনিদের বিভিন্ন দেশে বাংলাদেশি দূতাবাসে নিয়োগ দিয়ে ‘পুরস্কৃত’ করার কথা তুলে ধরে তিনি বলেন, “এর প্রভাবটা সমাজে পড়ে। আজকে একটা জিনিস নিশ্চয়ই লক্ষ করেছেন যে, শিশুদের ওপর অমানবিক অত্যাচার। এই যে সমাজে এই ধরনের একটা ঘটনা ঘটছে। সেই সময় যদি ওই শিশু হত্যাকারী, নারী হত্যাকারীদের বিচার হত তাহলে অন্তত মানুষের ভেতরে একটা ভয় থাকত। এই ধরনের মানসিকতা গড়ে উঠত না।” ‌
এই মানসিকতা থেকে বেরিয়ে আসার ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা চাই আর কোনো শিশু যেন এভাবে কখনো হত্যার সম্মুখীন না হয়। প্রত্যেকটা শিশু যেন সুন্দরভাবে বাঁচতে পারে আর প্রতিটি শিশুর জীবন যেন অর্থবহ হয় সেটাই আমাদের একমাত্র লক্ষ্য।”

তিনি বলেন, “অন্যায়-অবিচার কখনোই বরদাস্ত করা হবে না। আজকে যারা এভাবে শিশু নির্যাতন বা শিশু হত্যা করবে তাদের কঠোর থেকে কঠোরতর সাজা পেতে হবে। অবশ্যই পেতে হবে।”

শিশুদের কল্যাণে নেওয়া সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন শেখ হাসিনা।

তিনি বলেন, “শিশুরা যাতে ঝুঁকিপূর্ণ কোনো কাজ না করে সেই ধরনের ব্যবস্থাও নিয়েছি এবং তাদেরকে শিক্ষা-দীক্ষা দিয়ে তারা লেখাপড়ার যেন সুযোগ পায়। ঝরে পড়া শিশুদের ব্যবস্থাও আমরা করেছি। যারা একেবারে এতিম তাদের জন্য আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি।

“যারা প্রতিবন্ধী তাদের তো কোনো দোষ নেই। কাজেই আমি আজকে এখানে শিশু যারা আছে তাদের একটা কথাই বলব, তোমরা যারা ছোট এখনও তোমাদের আশপাশে যখন দেখবা কেউ প্রতিবন্ধী অথবা দরিদ্র তাদেরকে কখনও অবহেলা করো না। তাদেরকে আপন করে নিও। তাদের পাশে থেক। তাদের সহযোগিতা করো। কারণ তারাও তো তোমাদের মতনই একজন।”

মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে দূরে থাকার পাশাপাশি সততার সঙ্গে জীবনযাপনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “কার একটা বড় গাড়ি আছে দেখে আমারও লাগবে, কার দামি কাপড় আছে আমারও লাগবে- এই চিন্তাটা যেন কখনো মনে না আসে।”
শিশুদের পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, “কেউ কখনো নিজেকে ছোট মনে করবে না। এটা আমার একটা অনুরোধ থাকবে। আমি মনে করি, সব শিশুর ভেতরেই একটা সুপ্ত চেতনা রয়েছে, মনন রয়েছে, শক্তি রয়েছে এবং সেটা বিকশিত করতে হবে। তুমি নিজেকে কতটুকু পারদর্শী করে গড়ে তুলতে পারো লেখাপড়া খেলাধুলা বা সংস্কৃতি চর্চা সবকিছুতে কতটা নিজেকে গড়ে তুলতে পারো সেটা হচ্ছে সব থেকে বড় অলংকার, সেটাই হচ্ছে সব থেকে বড় শক্তি।

“সততার সঙ্গে জীবনযাপন করলে সব সময় নিজের ভেতরে এমনিতেই শক্তি সঞ্চার হয়। কারও কাছে তখন মাথা নত করে চলতে হয় না।”

শিশুদের পাশে থাকার লক্ষ্যেই ১৯৮৯ সালে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ গড়ে তুলেছিলেন বলে জানান শেখ হাসিনা।
তিনি বলেন, “আমি চাই এই সংগঠনের প্রতিটা ছেলে-মেয়ে নিজেদের এই কথাটা মনে রেখে তৈরি করবে। শুধু আমি নিজে পাব, নিজে করব সেটা না। কতটুকু আমার আশপাশে শিশুদেরকে দিতে পারি, কতটুকু তাদের পাশে দাঁড়াতে পারি। দরকার হলে নিজের খাবার ভাগ করে খাবে এটা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব করতেন “

প্রধানমন্ত্রী বলেন, “আজকে রাসেল আমাদের মাঝে নেই। আমি রাসেলকে হারিয়েছি। কিন্তু এই শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মাধ্যমে আমি হাজার হাজার লাখো রাসেলকে পেয়েছি। আমার দোয়া আমার আশির্বাদ সব সময় তোমাদের সাথে থাকবে।”

অনুষ্ঠানে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান মো. রকিবুল রহমান, মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী, সাংগঠনিক সচিব কে এম শহীদুল্লাহ উপস্থিত ছিলেন।

রিমান্ডে র‌্যাব কার্যালয়ে এক কক্ষে সম্রাট ও আরমান

0

ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও সহ সভাপতি এনামুল হক আরমানকে এক কক্ষে রেখে জিজ্ঞাসবাদ করছে র‌্যাব।

মাদক মামলায় পাঁচ দিনের রিমান্ডে থাকা সম্রাট ও আরমানকে গত বৃহস্পতিবার বিকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে র‌্যাব-১ কার্যালয়ে নেওয়া হয়।

অস্ত্র আইনের মামলাতেও সম্রাটকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

রমনা থানার এই দুটি মামলার তদন্তের দায়িত্ব প্রথম ছিল গোয়েন্দা পুলিশের হাতে। গোয়েন্দা পুলিশের আবেদনেই গত ১৫ অক্টোবর ঢাকার মহানগর হাকিম আদালত দুই যুবলীগ নেতার রিমান্ড মঞ্জুর করে।

সে অনুযায়ী ওই দিনই তাদের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে ডিবি।

এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ মামলার তদন্তের দায়িত্ব র‌্যাবকে দেয়। গত বৃহস্পতিবার তদন্তের দায়িত্ব পাওয়ার পর সেদিন বিকালে দুই আসামির দায়িত্ব বুঝে নেয় র‌্যাব।

গোয়েন্দা পুলিশ হেফাজতে রিমান্ডের দুই দিনে তারা কোনো তথ্য দিয়েছে কিনা জানতে চাইলে পুলিশ কর্মকর্তাদের কেউ মুখ খুলতে চাননি।

তবে র‌্যাবের হেফাজতে এক দিনের জিজ্ঞাসাবাদে দুজনের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন র‌্যাব -১ অধিনায়ক সারোয়ার বিন কাশেম।
শুক্রবার দুপুরে তিনি বলেন, “এসব তথ্যের মধ্যে কতটুকু সত্যতা আছে সে ব্যাপারে যাচাই না করে বলা যাবে না।”

এক প্রশ্নের জবাবে এই র‌্যাব কর্মকর্তা বলেন, “তাদের র‌্যাব কার্যালয়ে এক সাথে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের প্রয়োজনে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

গত ১৮ সেপ্টেম্বর ঢাকার মতিঝিলের অবৈধ ক্যাসিনো অভিযান শুরু হলে যুবলীগ নেতা সম্রাটের নাম আসে। গত ৭ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেপ্তার করে র‌্যাব।

আরমানকে ‘মাতাল অবস্থায়’ পাওয়ায় কুমিল্লাতেই ভ্রাম্যমাণ আদালতে তাকে ছয় মাসের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়।

তার কাছে ১৪০টি ইয়াবা পাওয়া গেছে জানিয়ে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে একটি মামলাও করে র‌্যাব।

আর সম্রাটকে সঙ্গে নিয়ে ওইদিনই ঢাকার কাকরাইলের ভূইয়া ট্রেড সেন্টারে তার কার্যালয়ে অভিযান চালানো হয়।

সেখান থেকে গুলিসহ একটি বিদেশি পিস্তল, ১১৬০টি ইয়াবা, ১৯ বোতল বিদেশি মদ, দুটি ক্যাঙ্গারুর চামড়া এবং ‘নির্যাতন করার’ বৈদ্যুতিক সরঞ্জাম পাওয়ার কথা জানানো হয় র‌্যাবের পক্ষ থেকে।

ক্যাঙ্গারুর চামড়া পাওয়ার কারণে সম্রাটকে তাৎক্ষণিকভাবে বন্যপ্রাণী (সংরক্ষণ) আইনে ছয় মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

পাশপাশি ঢাকার রমনা থানায় মাদক নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়। এর মধ্যে মাদক আইনের মামলায় সম্রাট ও আরমান দুজনকেই এবং অস্ত্র মামলায় শুধু সম্রাটকে আসামি করা হয়।

র‌্যাবরে অভিযানের সময় মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের ভেতরে সম্রাটের বিশাল ছবি দেখা যায়।

ওই ক্লাবের ক্যাসিনো তিনিই চালাতেন এবং মতিঝিল ক্লাবপাড়ায় অন্য ক্যাসিনোগুলো থেকেও প্রতিদিন নির্দিষ্ট হারে চাঁদা তার কাছে যেত বলে খবর এসেছে গণমাধ্যমে।

সম্রাটের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত যুবলীগ নেতা আরমানও দীর্ঘদিন ধরে ক্যাসিনোর কারবারে জড়িত বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি তিনি ঢাকাই সিনেমাতেও টাকা খাটাচ্ছিলেন।

আরমানের প্রোডাকশন হাউস ‘দেশ বাংলা মাল্টিমিডিয়া’র ব্যানারে প্রথম সিনেমাটি মুক্তি পায় গত কোরবানির ঈদে। ‘মনের মতো মানুষ পাইলাম না’ নামের ওই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান ও বুবলী।

আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ৬২

0

আফগানিস্তানে একটি মসজিদে ‍বোমা হামলায় অন্তত ৬২ জন নিহত এবং আরো বহু মানুষ আহত হয়েছেন।
পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশে শুক্রবার জুমার নামাজের সময় এ হামলা হয়। হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।

প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণের তোড়ে ভবনের ছাদ উড়ে যেতে দেখেছেন।