Home Blog Page 3423

কাতারে নতুন শ্রমনীতি : উপকৃত হবে বাংলাদেশী শ্রমিকরাও

0

মধ্য প্রাচ্যের দেশ কাতারে নুতন শ্রমনীতি সংস্কারের কথা ঘোষণা দেয়া হয়েছে।

আজ ঢাকায় প্রাপ্ত আইএলও-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, গত ১৬ অক্টোবর কাতারের মন্ত্রিসভায় সর্বসম্মতভাবে নতুন শ্রম নীতির আইনটির নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

আগামী ২০২০ সালের জানুয়ারি থেকেই এ নতুন শ্রম আইন কার্যকর হবে। ফলে বাংলাদেশিসহ সব অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষার এক নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এ আইন সংস্কার কার্যক্রমের আওতায় সাত দশকের পুরনো কাফালা পদ্ধতির অবসান ঘটছে। এর ফলে অভিবাসী শ্রমিকরা নিজেদের পছন্দমতো চাকরি পরিবর্তনের স্বাধীনতা পাবেন। দেশে ফেরা বা বেড়াতে যেতে অনুমতির কড়াকড়ি কমবে। ন্যুনতম মজুরির বৈষম্যতাও বিপুল অংশে দূর হবে।

কাফালা বা স্পনসরশিপ ব্যবস্থাটি কাতারে শুরু হয়েছিল ১৯৫০ সালে। দেশটির অর্থনৈতিক বিকাশের ওই সময়ে প্রয়োজন অনুযায়ী দ্রুত শ্রমিক সরবরাহ এবং প্রয়োজন ফুরালে দ্রুত ফেরত পাঠানোর সুবিধা নিশ্চিত করা হয়েছিল এই ব্যবস্থায়। গালফ সহযোগিতা কাউন্সিল বা জিসিসি সদস্যভুক্ত দেশগুলোর পাশাপাশি জর্ডান ও লেবাননে এখনও এ ব্যাবস্থাটি কার্যকর রয়েছে।

কাফালা ব্যাবস্থায় অভিবাসী শ্রমিকদের চাকরি পরিবর্তনের জন্য নিয়োগকর্তার কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) বাধ্যতামূলক ছিল। সামরিক বাহিনী বাদে অন্য কর্মস্থলের শ্রমিকদের চাকরি পরিবর্তন ও বহির্গমনের জন্য অনাপত্তিপত্র বাধ্যতামূলক নয় মর্মে কাতারের মন্ত্রিসভায় একটি ডিক্রিও অনুমোদন করেছে।

এ ছাড়াও মন্ত্রিসভার বৈঠকে বৈষম্যহীন ন্যূনতম মজুরি কাঠামো প্রতিষ্ঠার জন্য নতুন নীতিমালাও অনুমোদন দেয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে কাতারেই প্রথম এ ধরনের আইন কার্যকর হতে যাচ্ছে।

শ্রমিকদের সুরক্ষা ও অধিকার নিয়ে বিশ্বজুড়ে কাজ করে আসা জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গাই রাইডার কাতার সরকারের শ্রমনীতি সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে বলেন, ‘এসব পদক্ষেপ অভিবাসী শ্রমিকদের অধিকার যেমন নিশ্চিত করবে, তেমনি তাদের মাধ্য্মে কাতারের সামগ্রিক উৎপাদনশীলতাও বাড়বে, অর্থনীতিও সুসংহত হবে।’

আইএলও বাংলাদেশের আবাসিক প্রতিনিধি টুওমো পোটিয়াইনেন বলেন, ‘কাতারে যে ৪ লাখ বাংলাদেশি অভিবাসী শ্রমিক আছেন, তাদের ৭৫ শতাংশই নির্মাণশিল্পে জড়িত। নতুন সংস্কারের কারণে তারা সরাসরি উপকৃত হবেন। এর ফলে বৈষম্যআহীন মজুরি ও শ্রম অধিকার প্রতিষ্ঠিত হবে।’

নিয়মবহির্ভূতভাবে বাংলাদেশে ঢুকেছিলো বিএসএফ

0

পতাকা বৈঠকের জন্য নয়, বাংলাদেশি সীমান্তের ভেতরে মাছ ধরতে এসে আটক হওয়া জেলেকে ছিনিয়ে নিতেই নিয়মবহির্ভূতভাবে প্রবেশ করেছিলেন বিএসএফ সদস্যরা। তাদের অতর্কিত গুলির জবাবে আত্মরক্ষার্থেই গুলি চালিয়েছিলেন বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার রাজশাহীর চারঘাট সীমান্তে বিএসএফের সঙ্গে গোলাগুলির ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ১ বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ।

এর আগে বাংলাদেশ-ভারত সীমান্তে গোলাগুলিতে এক বিএসএফ সদস্য নিহত হওয়ার খবর প্রকাশ করে ভারতীয় বেশ কিছু সংবাদমাধ্যম। বিএসএফ কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানায়, পশ্চিমবঙ্গ সীমান্তে ওই গোলাগুলির ঘটনায় অপর এক বিএসএফ সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম বিজয় বাহান সিং। তিনি উত্তর প্রদেশের ফিরোজাবাদের বাসিন্দা।

প্রতিবেদনে বলা হয়, মুর্শিদাবাদ সীমান্তে গোলাগুলিতে নিহত বিএসএফ সদস্য বাহিনীটির কনস্টেবল ছিলেন। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির গুলিতেই ওই বিএসএফ সদস্য নিহত ও অপরজন আহত হন বলে বিএসএফের কর্মকর্তারা দাবি করেছেন।

দেশটির বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, ভারতীয় বিএসএফ সদস্যরা বিজিবির সঙ্গে পতাকা বৈঠক করে ফেরার সময় তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে এমন তথ্য সম্পূর্ণ মিথ্যা বলে জানান বিজিবির ১ বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, পতাকা বৈঠকের কোনো প্রশ্নই আসে না। পতাকা বৈঠক করতে গেলে একটা আনুষ্ঠানিকতার বিষয় আছে। এ বিষয়টা তারাও (বিএসএফ) আমাকে বলেননি। আমি এখানেই প্রথম শুনলাম। ওখানে কোনো পতাকা বৈঠক হয়নি। পতাকা বৈঠক একটাই হয়েছে, বিকেলে আমার এবং তাদের কমান্ডেন্টের মধ্যে।

তিনি বলেন, পতাকা বৈঠক হলে এতকিছু হওয়ার সুযোগ ছিল না। কারণ, পতাকা বৈঠক স্বাধীনতার পর থেকে হয়ে আসছে। আর এই বিজিবি আড়াইশ বছরের পুরাতন বাহিনী। এই ধরনের ঘটনা ঘটার কোনো সুযোগ নাই যে, তারা পতাকা বৈঠকে আসবে আর তাদের ওপর অতর্কিত আক্রমণ করা হবে।

লেফটেনেন্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ, ‘বিএসএফ কমান্ডেন্ট পতাকা বৈঠকের কথা বলেননি কিন্তু আমাকে বলার চেষ্টা করেছিলেন যে, আমরা তাদের কল করেছিলাম বলে তারা এসেছিল। তখন আমি উনাদের বলেছি যে, আমাদের লোকজন কেউ ড্রাংক না। জাতিগতভাবে আমরা ড্রাংক হই না। বিজিবি মানসিকভাবেও সম্পূর্ণ সুস্থ বাহিনী। এমন নয় যে, তাদের ডেকে কাছে এনে গুলি করে মেরে ফেলবো। একটা বাহিনীর সাথে সম্পর্কের অবনতি ঘটানোর মতো কোনো ঘটনাও ঘটেনি। তারপরেও তাদের কথা আমরা নোট করেছি এবং সেটা তদন্ত করে দেখবো।

তিনি বলেন, যেহেতু তারা নিয়ম বহির্ভূতভাবে এখানে চলে আসে এবং তাদের বলা হয়েছিল যে, পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করবো। আপনারা একটু অপেক্ষা করেন। সেটা শুনেই হয়তো তারা আতঙ্কিত হয়ে তাদের জেলেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। প্রথমে তাকে (জেলেকে) মারধর করে আমাদের সদস্যদের সামনে। আমরা তখন বাধা দেয়ার চেষ্টা করি যে, আমরা কখনো ভারতীয় নাগরিকদের নির্যাতন করি না। ওরা যদি মারধর করে তখন অভিযোগ উঠবে যে, আমরা করেছি। তারা সেখানে অপ্রস্তুত অবস্থায় এসেছিল। তাদের ইউনিফর্মও পুরোপুরি ঠিক ছিল না। তাদের যখন বলা হয়, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে, তারা আসছেন। তখন তারা (বিএসএফ সদস্যরা) গুলিবর্ষণ শুরু করে। সেখানে আমাদের অসামরিক লোকজনও ছিল। তারা ভয় পেয়ে যান। তখন আমাদের সদস্যরা পজিশন নিয়ে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

বিজিবি জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চারঘাট থানার শাহরিয়ার খাল নামক স্থানে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির আওতায় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাছ ধরার সময় তিনজন জেলেকে আটকের চেষ্টা করা হয়। এদের মধ্যে দুজন জেলে পালিয়ে যায়। একজনকে জালসহ আটক করে নদীর বাংলাদেশের পাড়ে নিয়ে আসা হয়। পরে নিশ্চিত হওয়া যায় যে, তারা ভারতীয় নাগরিক।

রাজশাহীর চারঘাট উপজেলার বালুঘাট এলাকায় পদ্মা ও বড়াল নদীর মোহনায় অবৈধভাবে ঢুকে পড়া ভারতীয় জেলেকে ছিনিয়ে নিতে প্রথমে গুলি চালায় বিএসএফ। প্রত্যক্ষদর্শীরাও জানালেন, শুরু থেকেই আগ্রাসী আচরণ করেন ভারতীয় সীমান্তরক্ষীরা।

পতাকা বৈঠকের মাধ্যমে আটক জেলেকে হস্তান্তরের প্রস্তাব দেয়ার পরই বিচলিত হয়ে পড়ে বাংলাদেশে ঢুকে পড়া বিএসএফ সদস্যদের দলটি। এরপরই গুলি ছুঁড়তে ছুঁড়তে ফিরে যায় তারা। এসময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় বিজিবি।

অনাকাঙ্ক্ষিত এই বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে বলে জানান রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ।

ভারতীয় গণমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার

0

বৃহস্পতিবার বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় জেলেকে ছিনিয়ে নেয়াকে কেন্দ্র করে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তদন্তের আগেই ভারতীয় গণমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের সমালোচনা করলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

অথচ গত ১০ বছরে সীমান্তে প্রাণ হারিয়েছেন ৩১৯ বাংলাদেশি। বেশিরভাগ ক্ষেত্রেই বিজিবি উদ্যোগী হয়ে পতাকা বৈঠক ডেকেছে। চেষ্টা করেছে সমস্যা সমাধানের। কাজেই বৃহস্পতিবারের ঘটনা ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলবে না বলেই মত বিশেষজ্ঞদের।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে সুষ্ঠু সমাধানের চেষ্টা চলছে।

চলতি বছর ১ ফেব্রুয়ারি লালমনিরহাটে বিএসএফের গুলিতে আসাদুল নামে এক বাংলাদেশির মৃত্যু হয়। একই মাসের ২৬ তারিখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে মারা যায় আজিজুল ইসলাম।

মৌলভীবাজারের ডিমাই সীমান্তে নিহত হন আব্দুর রউফ। অধিকাংশ ক্ষেত্রে গরু ব্যবসায়ীরা ভারতীয় শূন্যরেখা অতিক্রম করে বলে অভিযোগ ওঠে।

জুনে সংসদে সীমান্তে হত্যার পরিসংখ্যান তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ২৯৪ জন নিহত হয়েছে বলে সংসদকে জানান মন্ত্রী। গত বছর সবচেয়ে কম ৩ জন্যের মৃত্যু হলেও চলতি বছর ১০ মাসেই ২৫ জন নিহত হয়েছেন।

অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশের পক্ষ থেকে পতাকা বৈঠক ডেকে সমস্যার সমাধান হয় বলে জানান বিশেষজ্ঞরা।

এদিকে দুদেশের সীমান্ত রক্ষা বাহিনীর প্রধানরা বৈঠকের মাধ্যমে দ্রুত শান্তিপূর্ণ সমাধানে আসবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বিজিবির মহাপরিচালক ও বিএসএফের প্রধান নির্বাহী কর্মকর্তার মধ্যে আলোচনা চলছে। আমরা মনে করি চলমান সমস্যা দুইজনের আলোচনার মাধ্যমে সমাধান হবে।

পৃথিবীর পঞ্চম দীর্ঘতম ভূমি সীমানা রয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে, যার আয়তন ৪ হাজার কিলোমিটারের বেশি। এর মধ্যে অধিকংশ সীমানাই উন্মুক্ত।

যুবলীগ নিয়ে প্রধানমন্ত্রী মিটিং ডেকেছেন : ওবায়দুল কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুবলীগ নিয়ে রবিবার গণভবনে মিটিং (বৈঠক) ডেকেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এ মিটিংয়ে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী থাকবেন না।

আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

যুবলীগ নিয়ে রবিবারের মিটিংয়ে সংগঠনটির নানা বিষয়ে আলোচনা করা হবে। এর মধ্যে রয়েছে কোন বয়স পর্যন্ত যুবলীগ করা যাবে ইত্যাদি বিষয়।

এ মিটিংয়ে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী থাকবেন না কেন? তিনি কি কার্যত অপসারিত হয়েছেন? -সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, গণভবনে এই মিটিং ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে কাকে ডাকবেন আর কাকে ডাকবেন না সেটা প্রধানমন্ত্রীর বিষয়। এটা পার্টি অফিসে ডাকা হলে আমি বলতে পারতাম। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যুবলীগকে গণভবনে ডেকেছেন। সেখান থেকে যাদের বলা হয়েছে, তারাই মিটিংয়ে যাবেন।

যুবলীগকে বয়স কাঠামোতে আনা হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, রবিবারের মিটিংয়ে এসব বিষয় নিয়ে আলোচনা হবে।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, নিরাপদ সড়ক, কোটা সংস্কার আন্দোলন- একটা পেলেই তারা ধরে বসে। ফাহাদ হত্যাকাণ্ডে তারা ইস্যু খোঁজার চেষ্টা করেছিল। তাদের ইস্যু খুঁজে পাওয়ার রাজনীতিতে জনগণ সাড়া দেবে না। বাংলাদেশের রাজনীতিতে অবজেক্টিভ কোনো ইস্যুতে নেই।

শিক্ষা প্রতিষ্ঠান-জনসমাগম স্থানের মোবাইল টাওয়ার সরানোর নির্দেশ

0

স্কুল-কলেজসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, আদালত, কারাগার, খেলার মাঠ, জনসমাগম স্থানে বসানো মোবাইল ফোন কম্পানির টাওয়ার চার মাসের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব স্থানে নতুন করে টাওয়ার বসানো কার্যক্রম স্থগিত রাখতে হবে।

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এক রায়ে এ নির্দেশ দিয়েছেন। আদালত মোট ১২ দফা নির্দেশনা দিয়েছেন। এসব নির্দেশনা চারমাসের মধ্যে কার্যকর করতে বলা হয়েছে।

পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে দেওয়া রায়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

হাইকোর্ট গত ২৫ এপ্রিল এ বিষয়ে রায় দেন। ওই রায়ের পূর্ণাঙ্গ কপি মঙ্গলবার প্রকাশিত হয়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার রিট আবেদনকারীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশের তথ্য নিশ্চিত করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ, রিপন বাড়ৈ ও সঞ্জয় মণ্ডল। বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার খোন্দকার রেজা-ই-রাকিব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী জিনাত হক।

রায়ে মোবাইল টাওয়ারের বিকিরণ মাত্র নির্ধারিত মাত্রার চেয়ে ১/১০ ভাগ করা; বিকিরণ মাত্রা যেন বেশি না হয় তার ব্যাপারে অতিরিক্ত নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ; টাওয়ার বসাতে জমি অধিগ্রহণে কোনো বাধা আছে কিনা বা বিকল্প পদ্ধতি গ্রহণ; টাওয়ারের বিকিরণ মাত্র বিটিআরসি এবং লাইসেন্সি দুইজনকেই স্বাধীনভাবে আইটিইউ এবং আইইসি এর মান অনুসারে পরিমাপ করা; কোনো টাওয়ারের বিকিরণ মাত্রা বেশি হলে তা অপসারণ করে নতুন টাওয়ার বসানো; টাওয়ার ভেরিফিকেশন মনিটর পরীক্ষার ক্ষেত্রে বিটিআরসি এর দায়-দায়িত্ব হবে বাধ্যতামূলক; বিটিআরসি স্বাস্থ্য ঝুঁকি নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন; বিটিআরসিকে অন্যদেরকে নিয়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি কমিটি গঠন, প্রতি ৬ মাসে লাইসেন্সি কর্তৃক অগ্রগতি প্রতিবেদন দাখিল করা; মোবাইল সেটে দৃশ্যমানভাবে এসএআর মান লিখতে হবে এবং সংশ্লিষ্ট লাইসেন্সি প্রতিটি রিপোর্ট/রেকর্ড ৫ বছর পর্যন্ত পর্যবেক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এইচআরপিবির এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১২ সালে হাইকোর্টের নির্দেশের পর স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। ওই বিশেষজ্ঞ কমিটি ২০১৩ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে তিনদফা সুপারিশ সম্বলিত প্রতিবেদন দেয়।

প্রতিবেদনে বলা হয়, এসব টাওয়ারের মধ্যে মাত্র একটি টাওয়ারে মাত্রাতিরিক্ত রেডিয়েশন পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে আদালতের দেওয়া নির্দেশনার আলোকে বিটিআরসি নীতিমালা করে। পরবর্তীতে আদালতের দেওয়া আদেশের আলোকে আরো কয়েকদফা এই নীতিমালা সংশোধন করে আদালতে দাখিল করে বিটিআরসি। এরপর শুনানি শেষে রায় দেন আদালত।

শহীদ শেখ রাসেলের ৫৫তম জন্মদিন শুক্রবার

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৫তম জন্মদিন শুক্রবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ আগামীকাল সকাল ৮টায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

পাশাপাশি আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি যথাযোগ্যভাবে পালন করার জন্য দলীয় নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন।

মমতা ব্যানার্জি আগে আমার দিদি, বললেন সৌরভ

0

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গাঙ্গুলির নাম চূড়ান্ত হওয়ার পর সামাজিক যোগাযোগের মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাল্টা সৌজন্য দেখালেন সৌরভও। তিনি বলেন, মমতা ব্যানার্জি আগে আমার দিদি পরে মুখ্যমন্ত্রী।

মমতা ব্যানার্জি গত সোমবার সকালে সৌরভকে টুইটে লেখেন, বোর্ড প্রেসিডেন্ট পদে সর্বসম্মতভাবে নির্বাচিত হওয়ার জন্য সৌরভকে অভিনন্দন। অজস্র শুভেচ্ছা রইল। তুমি ভারত ও বাংলাকে গর্বিত করেছ। সিএবি প্রেসিডেন্ট হিসেবেও তোমার কাজে গর্বিত। একটা দুর্দান্ত ইনিংসের অপেক্ষায় থাকলাম।

বুধবার নবান্নে মন্ত্রীসভার বৈঠকের পর নব নির্বাচিত বিসিসিআই সভাপতিকে সংবর্ধনা দেওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সৌরভ ঘরের ছেলে। ওর সঙ্গে কথা হয়েছে।

বৃহস্পতিবার সৌরভ বলেন, মুখ্যমন্ত্রী আমার খুব কাছের। আমার দিদিই তিনি। মুখ্যমন্ত্রী পরে, আগে আমার দিদি। তার শুভেচ্ছা পেয়েছি। তার সঙ্গে আমার অসম্ভব ভালো সম্পর্ক। আমি তাকে প্রচণ্ড শ্রদ্ধা করি।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সৌরভের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই সৌরভের সঙ্গে বিজেপির সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। কেউ কেউ বলছেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তাকে ব্যবহার করতে চাইছে বিজেপি। সে কারণে তাকে বোর্ড সভাপতি করা হয়েছে। যদিও সৌরভ এই জল্পনাকে উড়িয়ে দিয়েছেন। বলেছেন, এই সংক্রান্ত কোনো আলোচনা কেউ করেননি তার সঙ্গে।

অনেকদিন আগে থেকেই সৌরভের বিজেপিতে যোগদানের গুঞ্জন শোনা যাচ্ছিল। কিছুদিন আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহের সঙ্গে দেখা করেন সৌরভ। তবে সৌরভ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ভালো সম্পর্ক রাখলেও কোনো দলেই যোগ দেননি। এবারও মমতাকে ‘দিদি’ বলে সম্বোধন করে অনেক জল্পনাতেই পানি ঢাললেন তিনি।

নিজেদের তৈরি সর্বাধুনিক জেট বিমান উদ্বোধন ইরানের

0

নিজ দেশে তৈরি সর্বাধুনিক জেট প্রশিক্ষণ বিমান উদ্বোধন করেছে ইরান। সর্বাধুনিক এই জেট বিমানের নাম দেওয়া হয়েছে ‘ইয়াসিন’।

বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি এটি উদ্বোধন করেন।

ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশের নুজেহ বিমান ঘাঁটিতে উদ্বোধন শেষে প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা যে মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করতে সক্ষম হয়েছি তার প্রমাণ হলো এই ‘ইয়াসিন’।

ইরানের সামরিক সূত্র জানিয়েছে, ইরানের ইয়াসিন হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির বিমান। এর দৈর্ঘ্য ১২ মিটার, প্রস্থ পাঁচ মিটার এবং ওজন হচ্ছে সাড়ে পাঁচ টন। এটি ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার উচ্চতায় উড়তে পারে।

ইরানি বিজ্ঞানীরাই পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে এর নির্মাণ পর্যন্ত সব কাজ সম্পন্ন করেছে এবং বিদেশিদের সহযোগিতা নেয়নি বলে তিনি জানান।

সূত্র : পার্সটুডে

ভারতের স্পাইসজেটকে ‘তাড়িয়েছে’ পাকিস্তানের বিমানবাহিনী

0

নয়াদিল্লি থেকে কাবুলের উদ্দেশে ১২০ জন যাত্রী নিয়ে যাত্রা করেছিল স্পাইসজেটের একটি বিমান। যাত্রাপথে তাদের পথ আটকায় পাকিস্তানের বিমানবাহিনী। এরপর তাদের পাকিস্তানের আকাশসীমার বাইরে যাওয়া পর্যন্ত তাদের সঙ্গেই উড়তে থাকে পাকিস্তানের বিমান।

ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন অথবা ডিজিসিএ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। ঘটনাটি ঘটেছে চলতি বছরের ২৩ সেপ্টেম্বর। ডিজিসিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, বোয়িং ৭৩৭ বিমানটি সংশয়ে ছিল যখন এটি পাকিস্তা‌নের আকাশসীমার মধ্যে ঢুকেছিল। গণ্ডগোলটা হয়েছিল ‘কল সাইন’ নিয়ে। এরপরই তাদের বাধা দেয় পাকিস্তানের বিমানবাহিনী।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পাকিস্তানের বিমানবাহিনীর বিমানটি ছিল এফ-১৬। সেটি ভারতীয় বিমানটিকে নীচু হতে বলে। স্পাইসজেট বিমানের চালক এরপর পাকিস্তানের বিমানবাহিনীর বিমানটিকে বোঝাতে সক্ষম হয় যে, তাদের বিমানটি ‘বাণিজ্যিক বিমান’।

এরপর স্পাইসজেট বিমানটিকে অনুমতি দেওয়া হয় তাদের বিমান চালিয়ে যেতে এবং তাদের আফগানিস্তানের আকাশসীমায় পৌঁছানো পর্যন্ত সঙ্গও দেয় পাকিস্তানের বিমানটি। বিষয়টির স্পর্শকাতরতার কারণে এর বেশি তথ্য জানাতে রাজি হয়নি ডিজিসিএ। এদিকে স্পাইসজেট এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

যুক্তরাষ্ট্রের ৫০ পরমাণু বোমা তুরস্কে, যা বলছেন ট্রাম্প

0

তুরস্কে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের অর্ধশত পরমাণু বোমা নিরাপদে আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তুরস্কের জিম্মায় মার্কিন পারমাণবিক বোমা নিরাপদ আছে।

সম্প্রতি সিরিয়ার মানবিজে তুরস্কের কুর্দিবিরোধী অভিযানের ফলে আঙ্কারা ও ওয়াশিংটনের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। এমন সময়ে তুরস্কে থাকা মার্কিন পরমাণু বোমাগুলো নিয়ে আন্তর্জাতিক অঙ্গণে আলোচনা চলছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে সাংবাদিকদের জানিয়েছেন, বোমাগুলো নিয়ে তিনি উদ্বিগ্ন নন। বরং সেগুলো নিরাপদে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

তবে তুরস্কের ইনসিরলিক বিমান ঘাঁটিতে থাকা অর্ধশত মার্কিন পারমাণবিক বোমা আঙ্কারার হাতে কার্যত জিম্মি হয়ে আছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে বোমাগুলো সরিয়ে নেয়ার চিন্তা করলেও পারছে না। বোমাগুলো সরানোর জন্য যুদ্ধবিমান ব্যবহার করতে হবে। কিন্তু বিশেষ ওই বিমান ব্যবহারে যুক্তরাষ্ট্র-তুরস্কের মধ্যে কোনো সমঝোতা হয়নি।

এদিকে কুর্দিদের বিষয়েও কড়া মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, এরদোয়ানের অভিযান আমাকে বিস্মিত করেনি। কারণ তিনি বহুদিন থেকে এমন একটি অভিযান চালানোর কথা বলে আসছিলেন। দীর্ঘ সময় ধরে সীমান্তে সেনা বাড়িয়ে আসছিলেন তুর্কি প্রেসিডেন্ট।

‘কুর্দিরাও নিষ্পাপ না’ বলে তাদের অবমাননা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।