Home Blog Page 3424

আল-আকসা মসজিদে ঢুকে পড়েছে ইহুদিরা

0

পবিত্র ভূমি জেরুজালেমের সবচেয়ে পবিত্র ও স্পর্শকাতর স্থান আল-আকসা মসজিদে প্রবেশ করেছে দখলদার ইহুদিরা। জানা গেছে, আজ বৃহস্পতিবার ইহুদিরা তাদের ‘সুক্কত’ উৎসবকে কেন্দ্র করে আল-আকসা মসজিদে প্রবেশ করে।

তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম আনাদুলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, ইহুদিদের ধর্মীয় উৎসব সুক্কত উপলক্ষে শত শত কট্টরপন্থি ইহুদি আল-আকসা মসজিদে প্রবেশ করে। তাদের আল-আকসায় প্রবেশ করতে সহায়তা করছে ইসরায়েলি পুলিশ।

ওই প্রতিবেদনে আরো বলা হয়, বৃহস্পতিবার সকাল থেকে ইসরায়েলি পুলিশের সহায়তায় আল-আকসা মসজিদে প্রবেশ করে পাঁচশ ১৫ জন কট্টরপন্থি ইহুদি।

সম্প্রতি বেশ কয়েকবার জেরুজালেমের আল-আকসা মসজিদে হামলা চালায় দখলদার ইহুদিরা। প্রতিবারই তারা ইসরায়েলি বাহিনীর কড়া পাহারায় হামলা চালানোর অভিযোগ রয়েছে।

সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

0

রোহিঙ্গাদের স্থান দিতে গিয়ে কক্সবাজারের উখিয়া-টেকনাফে পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা প্রত্যক্ষভাবে পরিদর্শন করেছেন “একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি”।

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে কমিটির সদস্য জাফর আলম, রেজাউল করিম বাবুল, খাদিজা বেগম বন ও পরিবেশের ক্ষতির বিষয় পরিদর্শন করেন।

বৃহস্পতিবার দুপুরে বিশ্বের সর্ববৃহৎ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আল আমিন পারভেজ, উর্ধ্বতন বন কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, স্থায়ী কমিটির সভা জাতীয় সংসদে হলেও বিশেষ বিবেচনা এবং বিশেষ অনুমতি নিয়ে কক্সবাজারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

কারণ রোহিঙ্গাদের স্থান দেয়ার কারণে কক্সবাজারের বন, পরিবেশ, প্রতিবেশের উপর যে প্রভাব বা ক্ষতি হয়েছে, তা প্রত্যক্ষভাবে পরিদর্শন করে জানার জন্য। বাংলাদেশ সরকার প্রতি বছর এখানে ১০হাজার কোটি টাকা ব্যয় করছে। বর্তমানে প্রায় ৮ হাজার একর বন ধ্বংস হয়ে গেছে।

একই সাথে জীববৈচিত্র ধ্বংস হয়ে গেছে। ক্ষতির পরিমাণ এবং তার ব্যাপকতা সম্পর্কে স্বচ্চ ধারণা থাকা প্রয়োজন।
যে পরিমাণ ক্ষতি হয়েছে তা পুরণ করা আসলে সম্ভব নয় উল্লেখ করে সাবের হোসেন চৌধুরী বলেন, বন বিভাগের পাহাড় ধ্বংস করে যেভাবে বসতী স্থাপন করা হয়েছে এ অবস্থায় বনায়ন করাও সম্ভব নয়। তার পরেও কিছু বিশেষজ্ঞ দিয়ে ক্ষতির মাত্রা নির্ধারণ করে ভবিষ্যতের জন্য পরিকল্পিত ব্যবস্থা নেয়া হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ সভা শুক্রবার কক্সবাজারে অনুষ্ঠিত হবে।

উক্ত সভায় অংশ নিতে সভাপতি সাবের হোসেন চৌধুরী সহ অন্যান্য সদস্যরা কক্সবাজারে এসেছেন। কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি সভায় সভাপতিত্ব করবেন। সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী সহ সংসদীয় কমিটির অন্যান্য সদস্যরা বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় বিমানযোগে কক্সবাজার পৌঁছান। আগামীকাল সকাল সাড়ে ১০ টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৮ম বৈঠকে তারা মিলিত হবেন।

শেখ হাসিনা, জার্সি নম্বর ১০

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ১০ নম্বর খেলোয়াড়ের জার্সি তুলে দিয়েছেন ঢাকায় সফররত ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনো। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করে এই জার্সি তুলে দেন ইনফানতিনো। নীল রংয়ের জার্সিটি ফিফার পক্ষ থেকে দেওয়া হয়েছে।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা) প্রেসিডেন্টকে ইনফানতিনো নামাঙ্কিত একটি জার্সি তুলে দেন। সবুজ জমিনে বাংলাদেশি পতাকা বসানো জার্সিটিও ১০ নম্বর খেলোয়াড়ের। আর নীচে রয়েছে একটি নৌকার ছবি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন এসময় উপস্থিত ছিলেন।

একদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছেন ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনো। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে ঢাকায় পৌঁছান তিনি। প্রথমবারের মতো ঢাকায় এলেন ফিফার ৯ম এই সভাপতি। তবে, বাংলাদেশে কোনো ফিফা সভাপতির চতুর্থ সফর এটি।

বাবরি মসজিদ মামলায় রায় যা-ই হোক লাভ বিজেপির!

0

ভারতে বাবরি মসজিদ নিয়ে মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়েছে গতকাল। দ্রুতই এই মামলার রায় হতে পারে। এই ইস্যুতে একটি নিবন্ধ লিখেছেন আনন্দবাজার পত্রিকার সাংবাদিক প্রেমাংশু চৌধুরী। নীচে তার ভাষায় এটা তুলে ধরা হলো।

২০০৯ সালের কথা। তখন প্রথমবার অযোধ্যার মাটিতে পা দিয়ে হা-হুতাশ শুনেছিলাম। সেখানেই এক বৃদ্ধ হতাশ গলায় বলেছিলেন, এত বড় একটা জমি বছরের পর বছর লোহার বেড়ায় ঘেরা। মন্দির না হোক, অন্তত একটা কারখানা হলেও কিছু চাকরি হতো।

লিবেরহান কমিশনের রিপোর্ট প্রকাশ পেয়েছে। উনিশশো বিরানব্বইয়ের ৬ ডিসেম্বরের আগের দিন পর্যন্ত যেখানটায় বাবরি মসজিদ দাঁড়িয়েছিল, লোহার বেড়ায় ঘেরা সেই এলাকাটার বাইরে পুলিশ, ভেতরে সিআরপি-র পাহারা। পাঁচ বার খানাতল্লাশি পেরিয়ে, লোহার খাঁচার ভিতর দিয়ে হেঁটে রাম ও তাঁর তিন ভাইয়ের বালক-মূর্তির দর্শন মেলে। সেখানে দাঁড়িয়ে সেই বৃদ্ধ ওই কথা বলেছিল। দু’বছর আগে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পরে অযোধ্যা যেতে হয়েছিল। বৃদ্ধ মানুষটির সঙ্গে দেখা হয়নি। হতাশার বদলে দেখেছিলাম, অযোধ্যা আশায় বুক বাঁধছে। হনুমানগড়ির রাস্তায় রাম-সীতা-লব-কুশের ছবির পসরা সাজিয়ে বসা কিশোরী বলেছিল, এবার রামমন্দির হবেই হবে। মন্দির হলে দোকানে খদ্দের উপচে পড়বে।

ওই ঘেরা জমির আশপাশে একদল যুবক হাতে এক গুচ্ছ সিডি নিয়ে কেনার জন্য ঝুলোঝুলি করেন। সিডি-র মধ্যে বাবরি মসজিদ ভাঙার দৃশ্য। লালকৃষ্ণ আদভানী আর উমা ভারতীর বক্তৃতা। করসেবকদের ওপর পুলিশের গুলি চালানোর ছবি। উঠতি বয়সের ওই যুবকরা সকলেই রামমন্দির চান। মন্দির হলে দেশ-বিদেশের পর্যটক আসবেন। বিক্রি বাড়বে। গাইডের কাজ মিলবে। কনক মন্দিরের সামনে লাড্ডুর দোকানের মালিকরা বললেন, শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরার মতো রামের জন্মভূমি অযোধ্যাও পর্যটনকেন্দ্র হয়ে উঠতে পারে।

বাবরি মসজিদ যখন ভাঙা হচ্ছে, ২০ বছর বয়সী অজয় সিংহ বিস্ত তখন হেমবতী নন্দন বহুগুণা গঢ়বাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মসজিদ ভাঙার ২৫ বছর পূর্তিতে তিনিই যোগী আদিত্যনাথ রূপে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই অযোধ্যার মানুষের আশার পারদ চড়েছে। দিল্লিতে বিজেপি সরকার। উত্তরপ্রদেশেও। মুখ্যমন্ত্রী গেরুয়াধারী আদিত্যনাথ। যাঁর গুরু গোরক্ষপুর মঠের মহন্ত দিগ্বিজয় নাথ ১৯৪৯-এ বাবরি মসজিদের ভেতরে রামসীতার মূর্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এমন ঘটনার পরও অযোধ্যায় রামমন্দির হবে না? সরযূ নদীর তীরে মলিন অযোধ্যায় তীর্থযাত্রী-পর্যটকদের হাত ধরে উন্নয়নের জোয়ার আসবে না?

গতকাল বাবরি মসজিদ মামলার শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সম্ভবত নভেম্বরে অবসরের আগেই এ মামলার রায় ঘোষণা করে যাবেন। সাক্ষী মহারাজের মতো গেরুয়াধারী বিজেপি নেতারা ঘোষণা করে দিয়েছেন, ৬ ডিসেম্বর থেকেই রামমন্দির তৈরির কাজ শুরু হবে। কোর্টের ফয়সালা যা-ই হোক না কেন, রাজনীতির তাস বিজেপি-আরএসএসেরই হাতে থাকবে। তাঁর আমলে রামমন্দির তৈরি হলে নরেন্দ্র মোদি হিন্দুহৃদয়সম্রাট হিসেবে ইতিহাসে জায়গা পাকা করবেন। রায় বিপক্ষে গেলে ফের রামমন্দির আন্দোলনের নামে ধর্মের রাজনীতি শুরু হবে। বিজেপি-আরএসএস-এর এই দুদিকে ধারওয়ালা তরবারির সামনে কংগ্রেসের হাতে পেনসিল ছাড়া কিছু থাকবে না।

ইতিহাসও তা-ই বলছে। ১৯৮৯ সালে রাজীব গান্ধী লোকসভা নির্বাচনের প্রচার শুরু করেছিলেন ফৈজাবাদ থেকে। এই ফৈজাবাদ জেলার মধ্যেই অযোধ্যা। অবশ্য এখন জেলার নাম পাল্টে অযোধ্যা হয়েছে। ১৯৮৬-তে শাহ বানো মামলায় সুপ্রিম কোর্টের রায় খারিজ করে দেওয়ার সিদ্ধান্তকে হিন্দুরা মুসলিম তোষণের চূড়ান্ত নমুনা হিসেবে দেখেছিল। হিন্দুদের মন ফিরে পেতে রাজীব ফৈজাবাদ থেকে প্রচার শুরু করে ‘রাম রাজ্য’ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। তাঁর অনুমতিতেই ভোটের আগে বিতর্কিত জমির কাছে রামমন্দিরের শিলান্যাস হয়েছিল বলেও মনে করা হয়। কিন্তু লাভ হয়নি। বোফর্স কেলেঙ্কারির বোঝা ছিলই। নরম হিন্দুত্বে সঙ্ঘ পরিবারেরই লাভ হয়। বিজেপি-আরএসএস একে রামমন্দিরের দাবির জয় হিসেবে তুলে ধরে। উত্তরপ্রদেশে তো কংগ্রেস ধাক্কা খায়ই। গোটা ভারতে বিজেপির সাংসদ সংখ্যা দুই থেকে এক লাফে ৮৫-তে পৌঁছায়।

ইতিহাস জানে, এরপর হিমাচলের পালামপুরে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে লালকৃষ্ণ আদভানী বিজেপির সভাপতি হিসেবে রামমন্দির আন্দোলনকে সমর্থন করার প্রস্তাব আনবেন। সোমনাথ থেকে অযোধ্যা-তিনি রথযাত্রায় বের হবেন। ভারতে কোনও ধর্মীয় জিগিরের পক্ষে রাজনৈতিক আন্দোলন খুব সম্ভবত সেবারই প্রথম। মোদি-অমিত শাহ জমানায় বিজেপির ‘মার্গদর্শক’ হতে বাধ্য হওয়া আদভানী রথে না চাপলে ভারতের রাজনীতি অন্য খাতে বইত কি না, সেটা অন্য বিতর্ক। কিন্তু বাস্তব হলো, সেদিনও নরসিংহ রাওয়ের কংগ্রেসের কাছে এর কোনও জবাব ছিল না। সোনিয়া-রাহুল গান্ধীর কংগ্রেসের কাছেও নেই।

১৯৯২-এ বাবরি মসজিদ গুঁড়িয়ে যাওয়ার পরে ১৯৯৬-এ লোকসভা নির্বাচনে বিজেপি ইশতেহারে প্রথম রামমন্দিরের প্রতিশ্রুতি দেয়। তারপর থেকে সাম্প্রতিক লোকসভা নির্বাচন পর্যন্ত বিজেপির ইশতেহারে রামমন্দিরের কথা একবারও বাদ যায়নি। ২০১৪ সালের পর ২০১৯-এও বিজেপি তার সঙ্কল্প-পত্রে বলেছে, সংবিধানের কাঠামোর মধ্যে থেকে রামমন্দির তৈরির সব সম্ভাবনা খতিয়ে দেখা হবে।

সুপ্রিম কোর্টে মামলাতেও মোদি সরকার রামমন্দির তৈরির রাস্তা সহজ করার চেষ্টা করেছে। বাবরি মসজিদ ভাঙার পরে ১৯৯৩-এ উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসনের মধ্যেই কেন্দ্রের নরসিংহ রাও সরকার বিতর্কিত ২.৭৭ একর জমিকে ঘিরে মোট ৬৭.৭০৩ একর জমি অধিগ্রহণ করে। তার মধ্যে রাম জন্মভূমি ন্যাসের ৪২ একর জমি ছিল। মোদী সরকার সুপ্রিম কোর্টে বলে, মুসলিমরা তো বাবরি মসজিদের ০.৩১৩ একর চাইছে। বাকি জমি আসল মালিকদের কাছে ফেরত যাক। বিশেষত রাম জন্মভূমি ন্যাসকে ৪২ একর ফিরিয়ে দেওয়া হোক। বিতর্কিত জমিতে যাওয়া-আসার জন্য রাস্তা খোলা থাকুক।

উদ্দেশ্য স্পষ্ট। জমি ফিরে এলে রাম জন্মভূমি ন্যাস পূজাপাঠ, মন্দির তৈরির কাজ শুরু করতে পারবে। এর পরে বাবরি মসজিদের জমির অধিকার মুসলিমরা ফিরে পেলেও চার পাশে হিন্দু মন্দিরের মাঝখানে এক চিলতে জমিতে নতুন করে কি আর মসজিদ তৈরি হতে পারবে?

রামমন্দির রাজনীতির সামনে কংগ্রেস চিরকাল এমন দিশেহারা ছিল না। ১৯৫২-তে দেশের প্রথম লোকসভা ভোটেও রামমন্দিরের ধুয়ো তুলেছিল রামরাজ্য পরিষদ নামের দল। ১৯৪৯-এ ২২ ডিসেম্বর রাতের অন্ধকারে বাবরি মসজিদের মধ্যে রামের মূর্তি প্রতিষ্ঠা হয়। জওহরলাল নেহরু এবং সর্দার বল্লভভাই পটেল দিল্লি থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গোবিন্দবল্লভ পন্থকে নির্দেশ পাঠিয়েছিলেন, মসজিদ রক্ষা করতে হবে। কিন্তু জেলা প্রশাসন মূর্তি সরায়নি। ১৯৫২-র লোকসভা ভোটে অবশ্য কংগ্রেস ফৈজাবাদের দু’টি আসনেই জিতেছিল। নেহরুর রাষ্ট্রনির্মাণের ইতিবাচক জাতীয়তাবাদের সামনে সাম্প্রদায়িক রাজনীতি মুখ লুকোতে বাধ্য হয়েছিল।

অযোধ্যার মানুষ সবকিছুর সাক্ষী। করসেবকদের দাপট থেকে ফৈজাবাদের নাম পাল্টে অযোধ্যা হয়ে যাওয়া। আদিত্যনাথ সরযূ নদীর ঘাট সাজিয়ে দীপাবলির আগে দীপোৎসব চালু করেছেন। কিন্তু অযোধ্যা এখনও দেশের পর্যটন সার্কিটে নেই। শহরের সবচেয়ে পুরনো হোটেল শান-এ-অবধের মালিক শরদ কপূর দেখা হলেই বলেন, রাস্তা ভালো হওয়া প্রয়োজন। পরিকাঠামো দরকার। অযোধ্যার ছেলেমেয়েদের জন্য ভালো স্কুল-কলেজ, চাকরির সুযোগ দরকার।

অযোধ্যাবাসীর প্রত্যাশা-রামমন্দিরের হাত ধরে রুটিরুজি আসবে। রামমন্দির হলে অবশ্য গোটা দেশেই হিন্দু-আবেগ উসকে দেওয়া হবে। চাকরির অভাব, গাড়ি কারখানায় ছাঁটাই থেকে নজর সরে যাবে। আর যদি রামমন্দিরের বিরুদ্ধে রায় আসে, তা হলে গোটা সঙ্ঘ পরিবার ফের রামমন্দির আন্দোলনে মাঠে নামবে। সে ক্ষেত্রেও রুটিরুজির সমস্যা থেকে নজর সরে গিয়ে ফের দেশের প্রধান চর্চার বিষয় হয়ে উঠবে আড়াই হাজার বছরের পুরনো এক মহাকাব্য।

সিরিয়ায় তুর্কি সেনাদের মেনে নেবে না দামেস্ক

0

সিরিয়া সরকার দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে স্বাগত জানাচ্ছে কিন্তু তুর্কি সেনারা মার্কিন সেনাদের স্থলাভিষিক্ত হিসেবে উত্তর সিরিয়ায় অবস্থান করুক তা দামেস্ক মেনে নিতে পারবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাজনৈতিক ও গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা বাসিনা সাবান।

নিউজ চ্যানেল রুসিয়া আল-ইয়াওম’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। এসময় তিনি বলেন, সিরিয়ার উত্তরাঞ্চলে তৎপর কুর্দি গেরিলারা তুর্কি আগ্রাসন প্রতিহত করতে দামেস্কের সহযোগিতা চেয়েছেন।

তুরস্কের সেনাবাহিনী গত ৯ অক্টোবর থেকে ‘সন্ত্রাস বিরোধী যুদ্ধ’ ও ‘তুরস্ক-সিরিয়া সীমান্ত থেকে কুর্দিদের উচ্ছেদের’ নামে সামরিক অভিযান শুরু করে। কুর্দি গেরিলাদেরকে আঙ্কারা ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করেছে। তুর্কি সামরিক অভিযানে এ পর্যন্ত শত শত সামরিক ও বেসামরিক মানুষ হতাহত হয়েছে এবং লাখ লাখ বেসামরিক মানুষ প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেলে পালিয়ে গেছে।

তুর্কি সেনাদের আগ্রাসনের মুখে কুর্দি গেরিলারা তুরস্কের আগ্রাসন রুখে দিতে সিরিয়া সরকারের সঙ্গে চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী সিরিয়ার সরকারি সেনারা এরই মধ্যে উত্তর সিরিয়ার মানবিজ শহরে প্রবেশ করেছে।

সিরিয়া ইস্যু: ট্রাম্পের চিঠি ডাস্টবিনে ফেলেছেন এরদোয়ান

0

সিরিয়া ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লেখা একটি চিঠি ডাস্টবিনে ফেলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

কয়েকদিন আগেই সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে সেনা প্রত্যাহারও শুরু করে। আর এরপরই সেখানে কুর্দিদের বিরুদ্ধে অভিযানে নামার ঘোষণা দেয় তুরস্ক। এর পরিপ্রেক্ষিতে গত ৯ অক্টোবর এরদোয়ানের কাছে একটি চিঠি লিখেছিলেন ট্রাম্প। আর সেই চিঠিটি সারাসরি তিনি ডাস্টবিনে ফেলে দেন। দেশটির কর্মকর্তারা জানান, ট্রাম্পের সেই চিঠিতে লেখা কোনো কিছুই মেনে নেননি রিসেপ তায়েপ এরদোয়ান।

৯ অক্টোবর এরদোয়ানের কাছে একটি চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, কঠোর হবেন না। বোকার মতো কাজ করবেন না। তিনি আরো লেখেন, আসুন একটি ভালো চুক্তির জন্য কাজ করি। আপনি হাজার হাজার লোককে হত্যার জন্য দায়ী হতে চাইবেন না এবং আমি তুর্কি অর্থনীতি ধ্বংসের জন্য দায়ী হতে চাই না।

দুই শর্তে সিরিয়ায় হামলা থামাবেন এরদোয়ান

0

সিরিয়ার মানবিজে কুর্দিদের বিরুদ্ধে অভিযান থেকে দুই শর্তে সরে আসবেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তবে এ নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এদিকে কুর্দিবিরোধী অভিযানের কারণে পাকিস্তান সফর স্থগিত করেছেন তিনি।

চলতি সপ্তাহে সিরিয়ায় শুরু হওয়া তুর্কি অভিযান নিয়ে বিশ্বরাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে। তুর্কি নেতাদের ওপর ইইউ অবরোধ আরোপের পর যুক্তরাষ্ট্রও কড়া হুঁশিয়ারি দিয়েছেন। রুশ প্রেসিডেন্ট পুতিনও অভিযান বন্ধের আহ্বান জানান। তবে কোনো কিছুকে পাত্তাই দেননি এরদোয়ান।

তবে বৃহস্পতিবার প্রথম কুর্দিবিরোধী অভিযান থেকে সরে আসার বার্তা দিয়েছেন এরদোয়ান। তিনি বলেছেন, কুর্দিরা যদি অস্ত্র ত্যাগ করে এবং পরিকল্পিত নিরাপদ অঞ্চল থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়, তাহলে উত্তর সিরিয়ায় অভিযান বন্ধ করা হবে।

তবে বিষয়টি নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই এবং শর্ত মানলেই কেবল অভিযান বন্ধ হবে মন্তব্য করে এরদোয়ান বলেন, এছাড়া কোনো শক্তিই এ অভিযান বন্ধ করতে পারবে না।

মুসা বিন শমসেরের বিরুদ্ধে মামলা

0

জালিয়াতি করে গাড়ি নিবন্ধনের অভিযোগে ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর পরিচালক মীর মো. জয়নুল আবেদীন বাদি হয়ে দুদকের মামলাটি করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য সাংবাদিকদের বলেন, মামলায় মুসা বিন শমসেরের সাথে আরও চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন- বিআরটিএ ভোলা জেলা সার্কেলের সহকারী পরিচালক মো. আইয়ুব আনছারী (বর্তমানে ঝালকাঠিতে কর্মরত), গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান অটো ডিফাইন ও ফিয়াজ এন্টারপ্রাইজের মালিক মো. ওয়াহিদুর রহমান, মুসা বিন শমসেরের শ্যালক মো. ফারুক-উজ-জামান এবং কার্টেন সুবিধায় গাড়ি আনা ব্রিটিশ পাসপোর্টধারী ফরিদ নাবির।

ক্যাসিনোর টাকা রাঘব বোয়ালরাও পেয়েছেন, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না : সম্রাট

0

ক্যাসিনোর টাকার ভাগ তো অনেকেই পেয়েছেন। শুধু তাকে কেন দায়ী করা হচ্ছে? তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে? অন্যদের কেন নয়?

গোয়েন্দা পুলিশের (ডিবি) জিজ্ঞাসাবাদে এমনটাই প্রশ্ন তুলেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট এখন র‌্যাবের রিমান্ডে। বুধবার দিনভর তাকে অস্ত্র ও মাদক আইনের মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় বেশকিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে সম্রাটের মামলা দুটি র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, ক্যাসিনোকাণ্ডে সম্রাটের সঙ্গে নেপথ্যে জড়িত ছিলেন রাঘব বোয়ালরাও। দীর্ঘদিন ধরে তারা ক্যাসিনোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। ইতিমধ্যে সেই রাঘব বোয়ালদের চিহ্নিত করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে আওয়ামী লীগ ও যুবলীগের শীর্ষ নেতাদের নামও বেরিয়ে এসেছে। এদের মধ্যে বেশ কয়েকজন রয়েছেন, যারা জি কে শামীমের টেন্ডারবাজির সঙ্গেও জড়িত।

ক্যাসিনোর সঙ্গে জড়িত ৪৩ জনের নামের একটি তালিকা দুদকের হাতে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সচিব মুহাম্মদ দিলোয়ার বখত। অনুসন্ধানে প্রমাণ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলা হবে।

সিআইডিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ছাড়াও বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফিনানশিয়াল ইনটেলিজেন্স ইউনিটের কাছ থেকে এদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। প্রথম দিকে গণমাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে জি কে শামীম ও সম্রাটসহ অন্তত ২০ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করলেও এখন রাজনৈতিক নেতা, ঠিকাদার, সরকারি কর্মকর্তাদেরও সম্পৃক্ততা বেরিয়ে আসছে। র‌্যাব তাদের বিষয়গুলো যাচাই-বাছাই করছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

ক্যাসিনো অভিযানে যাদের কাছ থেকে বিপুল অর্থ-সম্পদ ও টাকা-পয়সা পাওয়া গেছে তাদের বিষয়টি অনুসন্ধান করছে দুদক ও সিআইডি। ক্যাসিনো-কা- ছাড়াও অর্থ পাচার করে মালয়েশিয়ায় সেকেন্ড হোম এবং বিশ্বের বিভিন্ন দেশে কারা বাড়ি করেছেন তাদের বিষয়টিও অনুসন্ধানে আনা হয়েছে।

এ বিষয়ে সিআইডির ডিআইজি (অর্গানাইজড ক্রাইম) ইমতিয়াজ আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা কয়েকটি সংস্থার কাছে জি কে শামীম ও খালেদ মাহমুদ ভূঁইয়ার সম্পদের তথ্য, এর আগের উৎস, স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য চেয়ে চিঠি দিয়েছি। একই সঙ্গে তার কাছ থেকে আরও কিছু মানুষের নাম পাওয়া গেছে, যারা তাদের আশ্রয়-প্রশ্রয় দিত। আমরা তাদের বিষয়েও তদন্ত করছি।’

১৮ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করে র‌্যাব। এরই পরিপ্রেক্ষিতে ২৯ সেপ্টেম্বর মাঠে নামে দুদক। সংস্থাটি ক্যাসিনো ব্যবসায় জড়িত ৪৩ জনের দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদের তথ্য পেয়েছে।

সূত্রে জানা গেছে, এরই মধ্যে মালয়েশিয়ার আমপাং তেয়ারাকুতে যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের ফ্ল্যাট থাকার তথ্য পাওয়া গেছে। মালয়েশিয়া সরকারের সেকেন্ড হোম প্রকল্পের আওতায় ফ্ল্যাট কেনেন সম্রাট। এছাড়া মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকেও তার লেনদেনের তথ্য রয়েছে। ক্যাসিনো বন্ধে অভিযান শুরুর পর এ ব্যবসায় জড়িত যুবলীগসহ সরকারদলীয় অনেক নেতার নাম আসতে থাকে।

গ্রেফতার করা হয় যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটসহ বেশ কয়েকজনকে। অভিযানকালে ক্যাসিনোয় জড়িতদের বাসায় পাওয়া যায় বিপুল পরিমাণ অর্থ। এসব কর্মকান্ডে জড়িত তালিকাভুক্ত ৪৩ জনকে আইনের আওতায় আনার বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকেও সবুজ সংকেত দেওয়া হয়েছে। তাদের অনেকের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

গত পাঁচ বছরে কী পরিমাণ লেনদেন হয়েছে সেই তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠিও দিয়েছে দুদক। এ ছাড়া এনবিআর, ভূমি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, রিহ্যাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরে সংশ্লিষ্টদের অর্থ-সম্পদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য চিঠি দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও দুদক।

চিঠিতে সাবেক ও বর্তমান কয়েকজন এমপি, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিষয়েও তথ্য চাওয়া হয়েছে। তাদের নামে মালয়েশিয়ায় সেকেন্ড হোমের তালিকাও আছে বলে জানা গেছে। শিগগিরই তাদের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু হবে।

বিশ্ববিদ্যালয় তদারকি, অনুমোদনে কঠোরভাবে আইন অনুসরণ করুন

0

বৃহস্পতিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশ দেন

বিশ্ববিদ্যালয় তদারকি ও অনুমোদনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে কঠোরভাবে আইন অনুসরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই যথাযথ আইন অনুযায়ী চলতে হবে।”

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশ দেন। একইসাথে, প্রধানমন্ত্রী বেসরকারি কলেজগুলোকেও ইউজিসি’র নজরদারিতে আনার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কমিশনের ক্ষমতা ও সামর্থ্য বাড়ানোরও আশ্বাস দেন তিনি।

সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রতিনিধিদলটি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের (ইউজিসি) সার্বিক কার্যক্রম প্রধানমন্ত্রীকে অবহিত করেন। সাক্ষাৎকালে ইউজিসিচেয়ারম্যান বলেন, “কমিশন একটি গবেষণা নীতিমালা তৈরি করেছে।” তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য পিএটিসি’র মতো একটি অ্যাকাডেমি চান বলে জানান অধ্যাপক কাজী শহীদুল্লাহ।

প্রেস সচিব জানান, সাক্ষাতে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক শহীদুল্লাহ বলেন, “ঠিকমতো আইন-কানুন অনুসরণ করছে কিনা সেটা নজরদারি করতে ইউজিসি ৩০টি বিশ্ববিদ্যালয়কে চিহ্নিত করেছে।” ইউজিসি কঠোরভাবে বিদ্যমান আইন-কানুন অনুসরণ করছে উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে কাউকেই প্রশ্রয় দেওয়া হচ্ছে না।

দেশে সরকারি-বেসরকারি মিলে এখন ১৫৫টির মতো বিশ্ববিদ্যালয় রয়েছে উল্লেখ করে অধ্যাপক শহীদুল্লাহ ইউজিসি’র জনবল বাড়ানোর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

প্রধানমন্ত্রী বলেন, “কমিশনকে আরও শক্তিশালী করতে এর জনবল, সামর্থ্য বাড়ানো হবে।”