Home Blog Page 3425

ন্যান্সিকে ‘তৃতীয় শ্রেণির’ রাজনীতিবিদ বললেন ট্রাম্প

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আয়োজিত এক বৈঠকে মার্কিন কংগ্রেসের ডেমোক্রেটিক স্পিকার ন্যান্সি পেলোসিকে ‘তৃতীয় শ্রেণির’ রাজনীতিবিদ বলে অভিহিত করেছেন। গতকাল বুধবারের এই বৈঠকে ন্যান্সি সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। ট্রাম্প অবশ্য এই সমালোচনা প্রত্যাখ্যান করেছেন। খবর রয়টার্সের।

ট্রাম্প বলেছেন, তুরস্কের সঙ্গে বিরোধ নিরসনে রাশিয়া সিরিয়াকে সহায়তা করলে তিনি কিছু মনে করবেন না। ন্যান্সির সমালোচনা উড়িয়ে দিয়ে সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের পক্ষে মোতায়েন করা সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে তিনি ‘কৌশলগতভাবে চমৎকার’ বলে অভিহিত করেছেন। আর ন্যান্সি বলেছেন, ট্রাম্প ভুল পথে পা বাড়াচ্ছেন।

গত সপ্তাহে ন্যাটো মিত্র তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিনিয়ন্ত্রিত এলাকায় হামলা চালায়। কুর্দি যোদ্ধা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) সঙ্গে সমঝোতার পর সিরিয়ার মানবিজ থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর ওই এলাকায় অবস্থান নিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী। সূত্র বলেছে, ওই এলাকার প্রায় ১ হাজার বর্গকিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে বাশার বাহিনী। এ প্রসঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, সিরিয়ার সেনা দেশটির মানবিজে প্রবেশে করেছে। এটা তুরস্কের জন্য ‘খুব বেশি নেতিবাচক’ নয়। দিন শেষে কুর্দি যোদ্ধারা সেখান থেকে সরে যাবে।

২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধের ফলে এই অঞ্চলের বেশির ভাগ অংশ সিরিয়া সরকারের নিয়ন্ত্রণের বাইরে ছিল। ২০১৫ সাল থেকে এসডিএফ এ অঞ্চল নিয়ন্ত্রণ করছে। ২০১৪ সাল থেকে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সেনাবাহিনীর মূল সহযোগী ছিল এসডিএফ।

তুর্কি বাহিনী কুর্দি মিলিশিয়াদের সাফ করে একটি ‘নিরাপদ অঞ্চল’ তৈরির পরিকল্পনা করছে। এখানে সিরিয়ার শরণার্থীদেরও জায়গা দেওয়া হবে। কুর্দি নেতৃত্বাধীন বাহিনী এ হামলা প্রতিহত করার অঙ্গীকার করেছে।

সিরিয়া যুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, রুশ সেনাবাহিনীর সহায়তায় সিরিয়ান সেনাবাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী শহর কোবানিতে প্রবেশ করেছে।

ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লার সঙ্গে দেখা করার পর এক যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, কুর্দিরা ‘ফেরেশতা’ নয়। তুরস্ক ও রাশিয়া–সমর্থিত সিরিয়া প্রয়োজনে ‘লড়াই’ করতে পারে।

উত্তপ্ত কাশ্মীর, এক দিনে নিহত ৫

0

মুঠোফোনের সংযোগ চালু হলেও ভারতের কাশ্মীর উপত্যকায় রক্তক্ষয় থামছে না। এক দিনেই সেখানে পাঁচজনের প্রাণ ঝরে গেল। গতকাল বুধবার তিন বিচ্ছিন্নতাবাদীকে হত্যার কথা জানিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। অন্যদিকে সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন দুই বেসামরিক নাগরিক।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগস্টে বিশেষ মর্যাদা বাতিলের পর অন্যতম একটি রক্তাক্ত দিনের সাক্ষী হলো কাশ্মীর।

কাশ্মীরে আরোপ করা নিষেধাজ্ঞার কিছু তুলে নেওয়া হয়েছে ধীরে ধীরে। এরই অংশ হিসেবে ৭২ দিন পর গত সোমবার প্রিপেইড মুঠোফোনের সংযোগ চালু করা হয়। গত বৃহস্পতিবার কাশ্মীরে যাওয়ার ক্ষেত্রে পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে ইন্টারনেট সংযোগ এখনো বন্ধ।

৫ আগস্ট ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে বিভক্ত করার ঘোষণা দেওয়া হয়। ওই সময় বিক্ষোভের আশঙ্কায় কাশ্মীরে ফোন ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় সরকার। এ ছাড়া কেন্দ্রীয় সরকার বিপুল পরিমাণে বাড়তি সেনা মোতায়েন করে। রাজনৈতিক নেতাদের বন্দী করা হয় এবং পর্যটকদের কাশ্মীর ত্যাগের নির্দেশ দেওয়া হয়।।

পুলিশের দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সৈন্যরা দক্ষিণ কাশ্মীরের একটি গ্রামে অভিযান চালালে বন্দুকযুদ্ধে তিন জঙ্গি নিহত হয়।

কাশ্মীর পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘এই সংঘর্ষে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদসহ নানা সামগ্রী উদ্ধার করা হয়েছে।’

গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না পাওয়ায় নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় পুলিশ বা সেনা কেউ হতাহত হয়নি।

সূত্র জানায়, উপত্যকায় সহিংসতা রোধে নিরাপত্তা বাহিনী বন্দুকযুদ্ধের ঘটনাস্থলের কাছে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। জঙ্গিরা নিহত হওয়ার পর ভারতবিরোধী কাশ্মীরি অধিবাসীদের অনেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাথর ছুড়তে জড়ো হয়।

পুলিশ জানায়, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় একটি পৃথক ঘটনায় সন্দেহভাজন জঙ্গিরা মধ্যভারতের ছত্তিশগড় রাজ্যের এক শ্রমিককে গুলি করে হত্যা করেছে। দুই ব্যক্তি কাকাপোরা এলাকায় একটি রেলপথ ধরে চলতে থাকা ইটভাটার ওই শ্রমিকের পথ রোধ করে। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘তাঁর মাথায় গুলি করা হয়েছিল।’

অন্য একটি ঘটনায় কাশ্মীরের দক্ষিণ শোপিয়ান জেলায় বন্দুকধারীদের গুলিতে এক ফল ব্যবসায়ী মারা গেছেন। এ ঘটনায় আরেক ব্যক্তি গুরুতর আহত হন।

ঘোড়ায় চড়ে ছুটছেন কিম

0

উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনকে তুষার ছাওয়া মাউন্ট পিকতুর পার্বত্য এলাকায় একটা সাদা ঘোড়া দাবড়ে বেড়াতে দেখা গেছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে যে মানুষটি যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের সঙ্গে একা টক্কর দিচ্ছেন, তাঁর এমন ঘোড়া ছোটানোর বিষয়টি বেশ কৌতূহল সৃষ্টি করেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে এ খবর ও ছবি প্রকাশিত হয়।

পারমাণবিক নিরস্ত্রীকরণ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং-উনের বৈঠক ছিল গত বছরের অন্যতম আলোচিত ঘটনা। যদিও গত বছরের জুন মাসে সিঙ্গাপুরে দুই নেতার প্রথম ওই বৈঠক কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়। এর ধারাবাহিকতায় এ বছরের ফেব্রুয়ারিতে ভিয়েতনামে তাঁদের দ্বিতীয় বৈঠক থেকেও সফলতা আসেনি। তবে ওই বৈঠকে যোগ দিতে উড়োজাহাজ ছেড়ে ট্রেনে ভিয়েতনাম যাত্রাও কম আলোচনার খোরাক জোগায়নি।

মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে সৎভাই কিম জং-নাম খুন হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে, বিষাক্ত রাসায়নিক (ভিএক্স নার্ভ এজেন্ট) প্রয়োগে এ হত্যার ঘটনা তাঁর ইশারায় ঘটেছে। সবশেষ গত আগস্টের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় তাঁর মেজাজের ধারই পাওয়া গেছে। এই মেজাজি উনকে দেখা গেল একেবারেই ভিন্নভাবে।

আজ বুধবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়, কিমের ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানোর দৃশ্য দেখে সমালোচকেরা বলছেন, বিশ্বের নজর কাড়তেই তিনি এ কাণ্ড ঘটিয়েছেন। যদিও কিম আগেও ২ হাজার ৭৫০ মিটার উচ্চতার এই পাহাড়ে আরোহণ করেছেন এবং সেগুলোর ছবিও প্রকাশ হয়েছিল।

দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) উত্তর কোরিয়ার বরফ আচ্ছাদিত সর্বোচ্চ পাহাড় মাউন্ট পায়েকতু-এ কিমের ঘোড়া চালিয়ে ছুটে বেড়ানোর একের পর এক ছবি প্রকাশ করেছে।

পাহাড়টি দেশটির বিশেষ প্রতীক হিসেবে বিবেচিত হয়। পাহাড়ের ওই অঞ্চলটি কিম জং-উনের বাবার জন্মস্থান হিসেবে খ্যাতনামা।

আজ কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, পিকতু পর্বতে ঘোড়ায় চড়ে তাঁর (কিমের) ছুটে চলা কোরীয় বিপ্লব ইতিহাসের এক অন্য উচ্চতার গুরুত্ব বহন করে। মাউন্ট পিকতুর ওপর ঘোড়ায় বসে তিনি গভীরভাবে স্মরণ করেছেন, দেশকে আস্থার সঙ্গে সবচেয়ে শক্তিশালী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কঠোর সংগ্রামের পথ পাড়ি দেওয়ার কথা। পিকতুর মতো তিনি অবিচল থাকবেন।

কিম কমপক্ষে তিনবার মাউন্ট পিকতুতে আরোহণ করেছেন। গত বছর তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জো-ইনের সঙ্গে পাহাড়টি পরিদর্শন করেছিলেন।

মাউন্ট পিকতু একটি জীবন্ত আগ্নেয়গিরি। চার হাজারের চেয়েও বেশি বছর আগে প্রথম কোরীয় রাজ্যের প্রতিষ্ঠাতা ডানগুনের জন্মস্থান বলা হয় এটিকে। পর্বতটি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে ৩৮৫ কিলোমিটার দূরে। এটির অবস্থান উত্তর কোরিয়া এবং চীনের সীমান্তের ডান দিকে।

‘অধিগ্রহণ করা অতিরিক্ত জায়গায় মিলিটারি ফার্ম করা হবে’

0

পদ্মা সেতুর জন্য অধিগ্রহণ করা অতিরিক্ত জায়গায় দুধ ও মাংস উৎপাদনে গবাদি প্রাণীর প্রজনন ও জাত উন্নয়ন মিলিটারি ফার্ম প্রতিষ্ঠা করা হচ্ছে। সেনাবাহিনী তত্ত্বাবধানে এই ফার্ম পরিচালিত হবে। এ কাজের জন্য সেনাবাহিনীকে ২১৫৬ একর জমি ছেড়ে দেওয়া হবে। আগামী সপ্তাহে এ উপলক্ষে সেনাবাহিনীর সাথে সেতু বিভাগের একটি এমওই চুক্তি স্বাক্ষরিত হবে। বৃহস্পতিবার দুপুরে পদ্মা সেতুর সার্ভিস এরিয়া ১ এর ভিজিটর সেন্টারে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, এটি প্রতিষ্ঠা করা হবে জাজিরা প্রান্তে। এটি প্রতিষ্ঠিত হলে দেশের জিডিপি বৃদ্ধিতে সহায়ক হবে। অপ্রয়োজনীয় জমি পতিত না রেখে দেশের আর্থ-সামাজিক ও আর্থিক সম্ভাবনার জন্য এ জমিতে আধুনিক উন্নতমানের মিলিটারি ফার্ম গড়ে তোলা হবে।

পদ্মা সেতু সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, মূল সেতুর বাস্তব অগ্রগতি ৮৪ ভাগ এবং আর্থিক অগ্রগতি ৭৫.৮৪ ভাগ শেষ হয়েছে। মূল সেতুর সব ক’টি পাইল ড্রাইভের কাজ সম্পন্ন হয়েছে। সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩২টির কাজ শেষ হয়েছে। আর বাকি ১০টির কাজ চলমান রয়েছে। সর্বমোট ৪১টি ট্রাস এর মধ্যে চীন হতে মাওয়া সাইটে এসেছে ৩১টি এর মধ্যে ১৪টি স্থাপন করা হয়েছে। ১৫তম স্প্যান স্থাপনের জন্য ২৩ ও ২৪ নম্বর পিলার এলাকায় অবস্থান করছে। এ ছাড়াও আরো ৪টি ট্রাস কনস্ট্রাকশন ইয়ার্ড ও ১টি ট্রাস চর এলাকায় ২৮ নম্বর পিলারের কাছে স্থাপনের জন্য অপেক্ষমাণ রয়েছে। রেলওয়ে স্লাব এর জন্য মোট ২৯৫৬টি প্রি-কাস্ট এর প্রয়োজন হবে। এর মধ্যে ২৮৯১টি স্লাব তৈরি কাজ শেষ হয়েছে। বাকী স্লাব আগামী নভেম্বরে শেষ হবে। এ পর্যন্ত ৩৬১টি স্লাব স্থাপন করা হয়েছে।

মন্ত্রী আরো জানান, রেলওয়ে স্লাবের জন্য মোট ২৯১৭টি প্রি-কাস্ট রোডওয়ে ডেকস্লাব এর প্রয়োজন হবে। এর মধ্যে ১৫৫৩টি স্লাব তৈরির কাজ শেষ হয়েছে। বাকি স্লাব তৈরির কাজ চলমান রয়েছে। এ পর্যন্ত ৫৪টি স্থাপন করা হয়েছে। মন্ত্রী আরো বলেন, মূল সেতুর কাজের চুক্তিমূল ১২১৩৩.৩৯ কোটি টাকা। এ পর্যন্ত ব্যয় হয়েছে ৯২০১.৯৩ কোটি টাকা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০২১ সালে জুন-জুলাইয়ের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ হবে।

নব্য জেএমবির তিন সদস্য আটক

0

রাজধানীর গাবতলীতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির তিন সদস্যকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গতকাল বুধবার (১৬ অক্টোবর) রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমানের ভাষ্যমতে, গোপন তথ্যের ভিত্তিতে গতরাতে গাবতলী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে নব্য জেএমবির তিন সদস্যকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আটকদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিটিটিসি’র এই কর্মকর্তা।

ঝটিকা সফরে ঢাকায় ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো

0

ঝটিকা সফরে ঢাকায় এসে পৌঁছেছেন বিশ্ব ফুটবল সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। আজ বৃহস্পতিবার ভোর ৪টা ৫০ মিনিটে বাংলাদেশে পা রেখেছেন তিনি।
তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, ফিফা কাউন্সিল সদস্য মাহফুজা আক্তার কিরণ সহ অন্যরা।
ফিফা প্রধানের এই ‘শুভেচ্ছা সফর’ দুই দিনের হওয়ার কথা ছিল। কিন্তু সফরটি হতে যাচ্ছে এক দিনেরও কম। এই অল্প সময়ে ব্যস্ত সময় কাটাবেন ইনফান্তিনো।
শুরুতে শোনা গিয়েছিল বুধবার বিকেলেই ঢাকায় পা রাখবেন ইনফ্যান্তিনো। পরে জানা যায়, মঙ্গোলিয়া থেকে বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে এসে পৌঁছবেন। কিন্তু প্রবল বাতাসের কারণে তার যাত্রা বিলম্ব হয়।
আজ বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এরপর যাবেন বাফুফে ভবন পরিদর্শনে। সেখানে নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সভা করবেন। এরপর দুপুরে একটি পাঁচ তারকা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হবেন। বিকেল ৫টায় ঢাকা ছাড়বেন ইনফান্তিনো।
ইনফান্তিনোর এই সফর নিশ্চিত করে কয়েক দিন আগে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছিলেন, ‘তার এই সফর আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ফুটবলের উন্নয়নে আমাদের কার্যক্রম সচক্ষে তিনি দেখবেন। এটা শুভেচ্ছা সফর হওয়ায় তার কাছে কোনও দাবি দাওয়া বেমানান হবে। তবে আলোচনার কোনও পর্যায়ে যদি সুযোগ পাই, তাহলে আমরা চেষ্টা করবো সেসব নিয়ে কথা বলতে।’
মঙ্গোলিয়া থেকে এই শুভেচ্ছা সফরে এসেছেন ৪৯ বছর বয়সী ইনফান্তিনো। বাংলাদেশ থেকে লাওসের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। এই সফরে তার সঙ্গী ডেপুটি সেক্রেটারি জেনারেল মাথিয়াস গ্রাফস্ট্রোম, কমিউনিকেশনস প্রধান ওনোফ্রে কস্তা, এশিয়া ও ওশেনিয়ার সদস্য সংস্থার পরিচালক সঞ্জীবন বালাসিংহম এবং প্রেসিডেন্টের অফিস ম্যানেজার ফেডেরিকো রাভিংলিওন।
উল্লেখ্য, বাংলাদেশে এ নিয়ে কোনো ফিফা সভাপতির চতুর্থবার আগমন। ১৯৮০-৮১ সালের দিকে প্রথম হোয়াও হ্যাভেলেঞ্জ এসেছিলেন। এরপর সেপ ব্লাটার দুবার এসেছিলেন, ২০০৬ ও ২০১২ সালে।
সর্বশেষ সেফ ব্ল্যাটার এসেছিলেন ২০১২ সালের ৬ মার্চ। বাফুফে ভবন সংলগ্ন অ্যাস্ট্রো টার্ফ উদ্বোধন করার জন্য। এর আগে ২০০৬ সালে এসে বাফুফে ভবন উদ্বোধন করেছিলেন তিনি।

সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের পিপি জাহাঙ্গীরকে অব্যাহতি

0

ঢাকা জেলার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে অব্যাহতি দিয়েছে সরকার।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জাহাঙ্গীর আলম চৌধুরীকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আদেশ জারি করেছে। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্তব্যে অবহেলা ও দায়িত্বহীন আচরণের কারণে জাহাঙ্গীর আলম চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশকে সর্বোচ্চ প্রাধান্য দেয় ভারত

0

প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশকে সর্বোচ্চ প্রাধান্য দেয় ভারত। বাংলাদেশ হচ্ছে ভারতের দীর্ঘদিনের অকৃত্রিম বন্ধু’- আজ বৃহস্পতিবার রাজধানীর নিটোর (জাতীয় অর্থপেডিক্স হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র) মিলনায়তনে পা হারানো ৭৫০ জনের মধ্যে কৃত্রিম পা হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি এসব কথা বলেন।

এ অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামসহ অন্যরা। ভারতের জয়পুর ফুট ইন্ড্রাট্রিজের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে নিটোর ও বাংলাদেশ অর্থপেডিক্স সোসাইটি।

ডেঙ্গুতে ৯৮ জনের মৃত্যু নিশ্চিত করল আইইডিসিআর

0

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর পাঁচ দিন পর গতকাল বুধবার আরো পাঁচজনের ডেঙ্গুতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৯৮ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করল সরকারি প্রতিষ্ঠানটি।

জানা গেছে, আইইডিসিআরের কাছে নতুন আরো চারজনের মৃত্যুর তথ্য এসেছে এবং আরো সাতজনের তথ্য পর্যালোচনা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ২৪৬ জনের মৃত্যুর তথ্য থেকে ১৫৮ জনের তথ্য পর্যালোচনা সম্পন্ন করা হয়েছে। তাদের মধ্যে ৯৮ জনের মৃত্যু ডেঙ্গুজনিত কারণে হয়েছে বলে নিশ্চিত করা হয়। এর আগে সর্বশেষ আইইডিসিআর মৃত্যু তথ্য পর্যালোচনা কমিটি গত ১০ অক্টোবর পর্যন্ত ৯৩ জনের মৃত্যু ডেঙ্গু হয়েছে বলে নিশ্চিত করেছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের তথ্য অনুসারে, মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নতুন ২৮৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৯৫ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১৮৮ জন। পাশাপাশি ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত সর্বমোট ৯২ হাজার ৭৫০ জন হাসপাতালে ভর্তি হয়। ভর্তি রোগীদের মধ্যে এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯১ হাজার ৩৩১ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে এক হাজার ১৭৩ জন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ৪৪৭ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭২৬ জন।

অপরাধীচক্র ‘ফইন্নি’ গ্রুপ, ছয় সদস্য গ্রেপ্তার

0

র‌্যাবের বিশেষ অভিযানে গত মঙ্গলবার রাতে রাজধানীর শ্যামপুর এলাকা থেকে অপরাধীচক্র ‘ফইন্নি’ গ্রুপের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন তাহমিদুল ইসলাম ফাহিম (২০), রাব্বি হাসান (১৯), সাকিব আহম্মেদ (১৯), মিরাজ (২০), মুশফিকুর রহমান আকিব (১৯) ও এনামুল হাসান (১৯)। তাঁদের কাছ থেকে ছয়টি চাকু, ১০টি ব্লেড, পাঁচটি মোবাইল ফোন ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ গ্রুপের সদস্যরা চুরি, ছিনতাই, মাদক কেনা-বেচাসহ নানা ধরনের অপকর্মে জড়িত।