Home Blog Page 3426

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী নিহত

0

রাজধানীর হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। গতকাল বুধবার (১৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বলে জানিয়েছে পুলিশ। আহতদের নাম সোহেল হোসেন (২৮) ও খাদিজা আক্তার (২৫)।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, রাতে এক মোটরসাইকেলে তিন আরোহী যাচ্ছিলেন। তাঁদের মোটরসাইকেলটি হানিফ ফ্লাইওভারে র‍্যাব কার্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজন মারা যান। বাকি দুজনের অবস্থা গুরুতর, তারা চিকিৎসাধীন।

ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

এখন পর্যন্ত কঠিন জেরার মুখে পড়েননি সম্রাট

0

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও তাঁর সহযোগী এনামুল হক আরমানকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে অত্যন্ত সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সম্রাট অসুস্থ বলে দাবি করায় একজন চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁকে রাখা হয়েছে। গতকাল বুধবার রিমান্ডের প্রথম দিন কঠিন কোনো জেরার মুখে তাঁকে পড়তে হয়নি বলে জানিয়েছে সূত্র। মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সহসভাপতি এনামুল হক আরমানকেও রিমান্ডের প্রথম দিন মাদক কারবারের বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অবৈধ মাদক ও অস্ত্রের সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন।

সূত্র জানায়, রিমান্ডে নেওয়ার পর বুকে ব্যথাসহ শারীরিক অবস্থা অনেক খারাপ বলে দাবি করেন সম্রাট। তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য একজন চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে ডিবি। গতকালও তাঁর অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে। রাজনৈতিক দলের নেতা হওয়াসহ বিভিন্ন কারণে অনেক ডিবি অফিসার সম্রাটের ব্যক্তিগত পরিচিত। তাঁদের অনেকে সম্রাটের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। ফলে গতকাল পর্যন্ত কঠিন কোনো জেরার মুখে পড়েননি সম্রাট।

একটি সূত্র বলছে, অসুস্থ হওয়ার কারণে তাঁকে রোগীর যত্নে রাখা হয়েছে। আরেকটি সূত্র বলছে, ডিবির কর্মকর্তাদের কাছে তথ্য ছিল, মামলার তদন্ত র‌্যাবে চলে যাবে। তাই তারা সম্রাটের মামলার তদন্ত এবং জিজ্ঞাসাবাদে সময় নষ্ট করেনি। সম্রাটকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত নিয়ে কোনো বক্তব্যও দেননি ডিবির কেউ। এদিকে সম্রাটের সঙ্গে থাকার কারণে আরমানও অনেকটা হালকা জিজ্ঞাসাবাদে প্রথম দিন পার করেছেন। গতকাল মিন্টো রোডে ডিবির কার্যালয়ের সামনে সম্রাটের বেশ কিছু সহযোগীকে ভিড় করতে দেখা গেছে।

গত মঙ্গলবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত দুই মামলায় সম্রাটের পাঁচ দিন করে ১০ দিন এবং আরমানের এক মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই দিন বিকেলেই দুজনকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এদিকে সম্রাট ও আরমানের বিরুদ্ধে রমনা থানায় দায়ের করা মামলা দুটির তদন্তভার গতকাল ডিবির কাছ থেকে র‌্যাবে হস্তান্তরের আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন র‌্যাব আদালতের অনুমতি নিয়ে দুই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম কালের কণ্ঠকে বলেন, ‘সম্রাটের দুটি মামলার তদন্তভার আমরা পেয়েছি। বৃহস্পতিবার (আজ) আমরা আদালতে আবেদন করব আসামিদের রিমান্ডে নেওয়ার জন্য। আগের মামলাগুলোর মতোই এ মামলার তদন্ত চলবে।’

সৌদিতে বাসে আগুন ; ৩৫ ওমরাহযাত্রী নিহত

0

সৌদি আরবে একটি বাসে আগুন লেগে ৩৫ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের সকলেই ওমরাহযাত্রী বলে জানা গেছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, মদিনার ১৭০ কিলোমিটার দূরে আল-আখাল গ্রামের হিজরা রোডে এ দুর্ঘটনা ঘটে। ওমরাহযাত্রী বহনকারী বাসটির সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই বিদেশি। তবে কোনো বাংলাদেশি আছেন কিনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ বলছে, বাসটিতে ৩৯ জন যাত্রী ছিলেন। এরা সকলেই এশিয়ান ও আরব দেশের নাগরিক। বেসরকারি পরিবহনের বাসটি একটি ভারী যানের সঙ্গে ধাক্কা খায়। এর ফলে বাসটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই ৩৫ জন মারা গেছেন।

সূত্র : আরব নিউজ, এনডিটিভি

ইরানের সঙ্গে ফের চুক্তি স্বাক্ষর করতে চায় যুক্তরাষ্ট্র

0

মধ্যপ্রাচ্যে ইরানের তৎপরতা, দেশটির ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি এবং ইরানে আটক মার্কিন বন্দিদের ভাগ্যসহ এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সম্ভাব্য চুক্তির অন্তর্ভুক্ত করতে হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক এ কথা বলেছেন। ইরান যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বসতেই রাজি নয় তখন এই মার্কিন কর্মকর্তা তেহরানের সঙ্গে একটি ব্যাপকভিত্তিক চুক্তি স্বাক্ষরেরও আগ্রহ প্রকাশ করেছেন।

বুধবার মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির এক শুনানিতে তিনি একথা জানান।

ব্রায়ান হুক বলেছেন, তেহরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতিতে অটল থাকবে ওয়াশিংটন।

হুক ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপকে ‘কূটনৈতিক প্রচেষ্টা’ বলে দাবি করেন।

তিনি বলেন, ইরানের ব্যাপারে আমেরিকার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত দেশটির ওপর অর্থনৈতিক অবরোধ ও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অব্যাহত থাকবে।

সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিতে দেয়া বক্তব্যে এই মার্কিন কর্মকর্তা ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আরোপ করে বলেন, যুক্তরাষ্ট্র যখন ইরানের পরমাণু সমঝোতা মেনে চলছিল তখনও তেহরান লেবাননের হিজবুল্লাহকে ক্ষেপণাস্ত্র সহযোগিতা দিয়ে যাচ্ছিল এবং মধ্যপ্রাচ্যের সংকটগুলোতে হস্তক্ষেপ করে যাচ্ছিল।

মধ্যপ্রাচ্যের সব সংকটের মূল হোতা যুক্তরাষ্ট্র এমন সময় ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করল যখন এই ওয়াশিংটনই ২০১৮ সালের মে মাসে তেহরানের সঙ্গে করা আগের চুক্তি থেকে সম্পূর্ণ অন্যায়ভাবে বেরিয়ে গেছে। সেইসঙ্গে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। ইরানকে যুক্তরাষ্ট্রের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিচালনা করার লক্ষ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তেহরান ওয়াশিংটনের কাছে বিন্দুমাত্র নতি স্বীকার করেনি।

সূত্র : পার্সটুডে

আসামের কারাগারে সাধারণ মানুষকে বিদেশি বানিয়ে খুন! মৃত ২৬

0

মানবাধিকার কর্মীদের দাবি, ভারত আসাম রাজ্যে কারাগারে সাধারণ মানুষকে বিদেশি বানিয়ে খুন করা হচ্ছে। আসামের বিদেশি বন্দিশালায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। এর মধ্যে ২৪ জনই মারা গেছেন রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর। মৃতদের মধ্যে ১২ জন হিন্দু বাঙালি। সবক্ষেত্রেই বলা হয়েছে মৃত্যুর কারণ অসুস্থতা।

মানবাধিকার কর্মী সাধন পুরকায়স্থ বলছেন, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের বিরুদ্ধে খুনের মামলা করা উচিত। নিহতদের মধ্যে ৪৫ দিনের শিশু থেকে শুরু করে ৮৬ বছরের বৃদ্ধও রয়েছেন। তাদের বন্দি করা হয়েছিল এনআরসি তালিকা প্রকাশের আগে। আশঙ্কা করা হচ্ছে, মৃত্যুর মিছিল এবার দীর্ঘতর হবে।

জানা গেছে, বন্দিশালায় মৃতদের একজন নজরুল ইসলাম। বয়স মাত্র ৪৫ দিন। বাড়ি ধুবড়ি জেলার রৌয়ায়। মা সাহিদা বিবির সঙ্গে সেও হয়ে যায়
‘বিদেশি’। এরকমই বন্দিশালায় মৃতদের তালিকায় আছেন সুন্দরমণি রায় (৭৫), নগেন দাস, সুব্রত দে (৩৭), খোকন মণ্ডল (৬৮), শশীমোহন সরকার (৮৫), অমৃত দাস (৬৭), বাসুদেব বিশ্বাস (৫৫), পুনা মুন্ডা (৬৫), ভুলু সদাকর (৬৮), প্রভা রায় (৭০), সন্তোষ বিশ্বাস (৭৫)–‌রা। সর্বশেষ সংযোজন দুলালচন্দ্র পাল (৬৪)। ২৪ জনের মৃত্যু হয়েছে আসামে বিজেপি–‌র গত তিন বছরের শাসনকালে।

বেশ কয়েকটি ক্ষেত্রে ‘কারারক্ষীদের জুলুম’, ‘খুন’ ও ‘‌রহস্য’–‌এর অভিযোগ উঠেছে। ফরেনার্স ট্রাইব্যুনাল ‘‌বিদেশি’ তকমা দিয়ে দেওয়ার পর এঁদের রাজ্যের ৬টি জেলখানার ভিতর অবস্থিত বিদেশি বন্দিশালায় নিক্ষেপ করা হয়। কিন্তু মৃত্যুর পর প্রতিটি ক্ষেত্রেই মরদেহ তুলে দেওয়া হয় ‘ভারতীয়’ পরিবারের হাতে!‌ দুলালবাবুর পরিবারের মতো কেউ কেউ তাই মরদেহ নিতে অস্বীকারও করেন।

রাজ্যের ৬টি ডিটেনশন ক্যাম্পের মধ্যে বন্দিমৃত্যুর নিরিখে শীর্ষে তেজপুর ও গোয়ালপাড়া। দুটি বন্দিশালাতেই ১০ জন করে আবাসিকের মৃত্যু হয়েছে। শিলচর বন্দিশালায় মৃতের সংখ্যা ৩। ২ জন কোকরাঝাড়ে এবং ১ জন জোরহাট বন্দিশালায় মারা গিয়েছেন। ডিব্রুগড় বন্দিশালায় অবশ্য মৃত্যুর কোনও খবর নেই।

মানবাধিকার কর্মীদের মতে, জেলখানাগুলির অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি বিভিন্ন গুরুতর অপরাধে ধৃত অসমিয়া বন্দিদের ওপর নিপীড়ন অনেক ক্ষেত্রেই মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে প্রতিনিয়ত।

সাধন পুরকায়স্থর মতে, ফরেনার্স ট্রাইব্যুনালগুলি তৈরিই হয়েছে মানুষকে বিদেশি বানাবার জন্য। আর বিদেশি বলে মানুষকে জেলে পুরে খুন করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। হিন্দু বা মুসলিম বলে কোনও কথা নেই, ষড়যন্ত্র চলছে বাঙালিদের শেষ করার।‌‌‌

সূত্র : আজকাল

শান্তিনিকেতনে বাংলাদেশিদের হেনস্থা

0

মঙ্গলবার রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলার পরিচালক আশরাফুল আলম পাপ্লু, বাংলাদেশের একজন সাংস্কৃতিক কর্মী এমদাদুল হক সুফি ও বোলপুরে একটি প্রাইভেট আর্ট গ্যালারির মালিক পুলিশি হেনস্থার শিকার হয়েছেন।

আজ বুধবার সকালে এই তিনজন ব্যক্তি একটি সংবাদ সম্মেলন করে দাবি করেন, শান্তিনিকেতনের মতো সাংস্কৃতিক কেন্দ্রে পুলিশি হয়রানি এবং পুলিশদের আক্রমণাত্মক অভদ্র আচরণ তাদের অবাক করেছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি চারুকলার পরিচালক আশরাফুল আলম পাপ্লু, সাংস্কৃতিক কর্মী ইমদাদুল হক, যিনি সাংস্কৃতিক ম্যাগাজিন দেশ প্রসঙ্গর সম্পাদক, বোলপুর প্রাচী প্রতীচী আর্ট গ্যালারি দেখতে এসেছিলেন।

আর্ট গ্যালারিটি নেতাজি মার্কেটের চারতলা ভবনের তিনতলায় অবস্থিত বোলপুরে এটি একটি পরিচিত মার্কেট কমপ্লেক্স।

‘আমরা যখন গ্যালারিতে, নিচতলায় একদল লোককে চিৎকার করতে শুনি, তখন আমরা আমাদের দেশ শিল্প-সংস্কৃতি নিয়ে আলোচনা করছিলাম। আমরা লোকজনের চিৎকার শুনতে পেয়ে যখন কারণ জানতে চাইলাম তখন বলেন তারা পুলিশকর্মী। কিন্তু তারা সবাই সিভিল ড্রেসে ছিলেন, তাই আমরা তখন তাদের পুলিশ হিসেবে চিহ্নিত করতে পারেনি। আমরা যখন তাদের পরিচয় জানতে চাইলাম তখন উনারা পুলিশ হিসেবে পরিচয় দিয়ে আমাদের হুমকি দেওয়া শুরু করে,’ বললেন আর্ট গ্যালারির মালিক তাপস মল্লিক।

তাপস মল্লিক বাকবিতণ্ডা চলাকালে বলেছিলেন সিনিয়র পুলিশদেরকে এই ঘটনার কথা জানানো হোক, ঠিক সেই সময়ে একজন যিনি নিজেকে সাব-ইন্সপেক্টর অনুকূল মাল বলে পরিচয় দিয়েছিলেন, হঠাৎ তাকে গ্রেপ্তারের জন্য একজন নির্দেশ দিলেন এবং তাকে তৎক্ষণাৎ পুলিশের গাড়িতে তুলে নেওয়া হয়েছিল বলে জানান তাপস মল্লিক।

পুলিশ সূত্র জানায়, অনুকূল মাল বোলপুর থানার সহকারী উপ-পরিদর্শক এবং তার নাইট ডিউটি পরিচালনা করতে সেখানে গিয়েছিলেন।

তাপস মল্লিক আরো বিস্তারিত বলতে গিয়ে বলেন, ‘আমি তাদের অনুরোধ করি আমার সঙ্গে আমার মেয়ে ও অতিথিরা আছে, তাই আমাকে যাতে থানায় নিয়ে না যায়। আমি যখন তাদের বলি, আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাব, তারা আমাকে জোরপূর্বক গাড়িতে নিয়ে যায়।’

‘আমরা শান্তিনিকেতনকে সংস্কৃতি ও শিল্পকলার নিউক্লিয়াস হিসাবে বিবেচনা করি… আমরা অবাক হলাম পুলিশদের মুখ দেখে, তাদের ব্যবহার শুনে। পুলিশের কাছে আমাদের পরিচয় শোনার সময় ছিল না। গতকাল রাতে আমরা যে ঘটনার মুখোমুখি হয়েছি তা প্রকৃতপক্ষে অমানবিক এবং আমাদের অবাক করার জন্য যথেষ্ট ছিল,’ বলেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফুল আলম।

বাংলাদেশের সাংস্কৃতিক কর্মী ইমদাদুল হক সুফি বলেন, আমরা এই ঘটনার পরে খুব আঘাত পেয়েছি পুলিশ অবশ্যই আমাদের হয়রানি করেছে।

এই ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন এ তিন ব্যক্তির মধ্যে একজন ইচ্ছাকৃতভাবে তাদের কাজে হস্তক্ষেপ করেছেন।

বুধবার সন্ধ্যায় অনুকূল মাল বলেছেন, ‘আমি রাতে পেট্রোলিং গেছিলাম এবং আমি দেখলাম বাজারে মেন গেট খোলা ছিল। এখানে অনেকগুলো দোকান রয়েছে এবং চুরির সম্ভাবনা নিয়ে আমি সন্দেহ করি আমি শুধুমাত্র নাইট গার্ডের জন্য চিৎকার করছিলাম এরপর তিন ব্যক্তি নিচ তলায় নেমে এসে আমাকেও হুমকি দেয় আমি তাদের পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মুক্ত করে দিয়েছিলাম।’

এটি শুধুমাত্র একটি ভুল বুঝাবুঝি হয়েছিল।

তিনি আরো জানান, বীরভূমের জেলা পুলিশ প্রধান শ্যাম সিংহ বলেছিলেন, সেখানে কি ঘটেছিল তা জানতে আমরা বিষয়টি খতিয়ে দেখব।

মরদেহের চোখ খুবলে খাচ্ছে পিঁপড়া, পাঁচ চিকিৎসক বরখাস্ত

0

হাসপাতালে রাখা মরদেহের সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে শত শত পিঁপড়া। এমনকি চোখের ভেতরে ঢুকে পড়ছে পিঁপড়া। ঘণ্টার পর ঘণ্টা পড়ে থাকা মরদেহের দিকে কারো খেয়ালই নেই। ভারতের মধ্যপ্রদেশের এক সরকারি হাসপাতালের এমন দৃশ্য বিতর্কের ঝড় তুলেছে।

খবর পাওয়ামাত্র বুধবার মুখ্যমন্ত্রী কমল নাথ পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে এ ঘটনায় বরখাস্ত করা হয়েছে একজন সার্জনসহ পাঁচ চিকিৎসককে।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে পিঁপড়া ধরা সেই মরদেহের ছবি। আর তারপর থেকেই মধ্যপ্রদেশের শিবপুর জেলা হাসপাতালের এই ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো ভারত।

বার্তা সংস্থা এএনআই বলছে, মরদেহ ৫০ বছর বয়সী বালাচন্দ্র লোধির। মঙ্গলবার মারা যান তিনি। তারপর থেকেই মেডিক্যাল ওয়ার্ডে পড়ে আছে দেহ। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী কমল নাথ।

টুইটারে তিনি লেখেন, শিবপুরের জেলা হাসপাতালে মৃত রোগীর শরীরে ঘুরে বেড়াচ্ছে পিঁপড়া। এ ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। তদন্তের নির্দেশ দিয়েছি। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

জানা গেছে, মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বালাচন্দ্র। ভর্তি হওয়ার ঘণ্টা পাঁচেকের মধ্যে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অভিযোগ উঠেছে, ওই ওয়ার্ডের অন্যান্যরা মরদেহ নিয়ে যাওয়ার আবেদন জানালেও হাসপাতালের কর্মীরা তাতে কর্ণপাত করেননি।

ফলে সেখানেই পড়ে থাকে বালাচন্দ্রের দেহ। এমনকি আজ সকাল ১০টা নাগাদ এক চিকিৎসক ওই ওয়ার্ডে এসে বাকি রোগীদের দেখে যান। কিন্তু মৃতদেহ সরানো নিয়ে কোনো উদ্যোগ নেননি। সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যায়, মৃতের স্ত্রী রামশ্রী লোধি স্বামীর দেহ থেকে পিঁপড়া সরাচ্ছেন। এমন ছবি মানব সমাজের জন্য অত্যন্ত লজ্জার। প্রত্যেকেই এর তীব্র নিন্দা করেছেন। সেই সঙ্গে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

বিএনপির রেল বন্ধের সিদ্ধান্ত ছিল দেশের জন্য আত্মঘাতী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি আন্তর্জাতিক সংস্থার প্রেসক্রিপশনের প্রেক্ষিতে তৎকালিন বিএনপি সরকারের জনবান্ধব রেলকে বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত ছিল দেশের জন্য আত্মঘাতী।

তিনি বলেন, আমি মনে করি, রেল বন্ধ করে দেওয়া, আমাদের দেশের জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত ছিল। একটা দেশের যোগোযোগের জন্য রেলপথ, সড়ক পথ এবং নৌপথ এবং সেই সাথে বিমান- সবগুলো পথই চালু থাকা দরকার।

প্রধানমন্ত্রী বলেন, কোন এক আন্তর্জাতিক সংস্থার নির্দেশনা ছিল যে, যেটা লাভজনক নয় তা বন্ধ করে দেয়ার। সেই নির্দেশনায় বিএনপি ক্ষমতায় থাকতে রেল যোগাযোগটাকেই সম্পূর্ণ বন্ধ করে দেয়ার জন্য অনেকগুলো রেললাইন এবং রেল স্টেশন বন্ধ করে দেয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বেলা সাড়ে ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রাম-ঢাকা-কুড়িগ্রাম রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’র আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রদত্ত ভাষণে একথা বলেন।

তিনি একই সঙ্গে রংপুর এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস ট্রেনের র‌্যাকে নতুন কোচ প্রতিস্থাপনেরও উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো বাংলাদেশের রেল যোগাযোগ হলো এদেশের সাধারণ এবং মধ্যবিত্তের অন্যতম একটি চলাচলের মাধ্যম। যারা ক্ষমতায় ছিল (বিএনপি নেতৃত্বাধীন সরকার) তারা রেলকে ধ্বংসের এবং একে বন্ধ করে দেয়ার পরিকল্পনা করেছিল।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারে আসার পরই সিলেট এবং চট্টগ্রামে দু’টি আন্তর্জাতিক বিমানবন্দর চালুসহ রেলকে পুনর্বাসনের ব্যবস্থা প্রহণ করে।

তিনি বলেন, রেল যোগাযোগটা যাতে আরো উন্নত হয় তার ব্যবস্থা হিসেবে আমরা উত্তরবঙ্গসহ সমগ্র বাংলাদেশেরই রেল যোগাযোগ স্থাপনের একটি উদ্যোগ গ্রহণ করি।

এ সময় বঙ্গবন্ধু যমুনা সেতু নির্মাণের সময় সেটাতে রেল লাইন স্থাপনসহ সেতুটিতে বহুমুখীকরণে তাঁর সরকার উদ্যোগে গ্রহণ করে উল্লেখ করে তিনি বলেন, আমরা যমুনা সেতুর মূল নকশা প্রণয়ন হয়ে যাওয়ার পর সরকারে আসলেও আমরা সিদ্ধান্ত গ্রহণ করি এই সেতুর সাথে আমাদের রেলের লাইন, গ্যাস এবং বিদ্যুতের লাইন থাকতে হবে। এটি মাল্টিপারপাস হবে এবং সেই মোতাবেকই আমরা এর সঙ্গে রেল সংযোগ সম্পৃক্ত করি।

তিনি বলেন, এই রেল লাইন স্থাপনের ফলে উত্তরবঙ্গের সঙ্গে আমাদের রাজধানী ঢাকার ভাল যোগাযোগের সুব্যবস্থা হয়ে যায়।

তিনি বলেন, ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর যেসব রেলপথ বা লিংক বন্ধ হয়ে গিয়েছিল সেসবও তাঁর সরকার নতুনভাবে চালু করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি, যেসব স্থানে রেল যোগাযোগ ছিল না সেখানেও রেল যোগাযোগ চালু করা হচ্ছে। ফলে, সাধারণের যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে স্বল্প খরচে পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, উৎপাদিত পণ্য পরিবহন এবং বাজারজাত সহজ করে দিলে আমাদের দেশের কৃষকরাই সব থেকে লাভবান হবে।

তিনি এ সময় চিলমারী বন্দর পুনরায় চালুকরণসহ উত্তরাঞ্চলের ভাওয়াইয়া গানের প্রচার প্রসার এবং সংরক্ষণেও তাঁর সরকার এগিয়ে আসবে বলে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী এ সময় কুড়িগ্রামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এবং লালমনিরহাটে একটি অ্যারোস্পেস এন্ড এরোনটিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে তাঁর সরকার সেখানে প্লেন তৈরি করার স্বপ্ন দেখছে বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক উন্নতিটাও প্রয়োজন। আর যেন উত্তরবঙ্গবাসীকে মঙ্গা শব্দটা শুনতে না হয় সে ব্যবস্থা আমরা করেছি।

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন স্বাগত বক্তৃতা করেন এবং রেল বিভাগের বিভিন্ন উন্নয়নের বিভিন্ন তথ্য তুলে ধরেন এবং ভিডিও চিত্র পরিবেশন করেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুজ্জামান আহমেদ গণভবন প্রান্তের মঞ্চে উপস্থিত ছিলেন। রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন কুড়িগ্রাম স্টেশন থেকে যুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তৃতা করেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান ভিডিও কনফারেন্সটি সঞ্চালনা করেন।

কুড়িগ্রাম, লালমনিরহাট এবং রংপুর রেলস্টেশন প্রান্তের সংযুক্ত জনগণের সঙ্গে প্রধানমন্ত্রী পরে মতবিনিময় করেন।

বক্তব্য শেষ করে বাঁশি ফুঁকে ও সবুজ পতাকা উড়িয়ে নতুন ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে রংপুর ও লালমনি এক্সপ্রেস ট্রেনের র‌্যাকে নতুন কোচ প্রতিস্থাপন করেন শেখ হাসিনা।

রেল কর্তৃপক্ষ জানায়, ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ বুধবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন সকাল ৭টা ২০ মিনিটে কুড়িগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে বিকেল ৫টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছবে। ঢাকার কমলাপুর স্টেশন থেকে রাত ৮টা ৪৫ মিনিটে ছেড়ে সকাল ৬টা ২০ মিনিটে কুড়িগ্রাম স্টেশনে পৌঁছবে।

ট্রেনটি ১৪টি বগি নিয়ে যাতায়াতে রংপুর-বদরগঞ্জ-পার্বতীপুর-জয়পুরহাট-সান্তাহার-নাটোর-মাধনগর-টাঙ্গাইল-মৌচাক-বিমানবন্দরসহ মোট ১০টি স্টেশনে যাত্রী ওঠানামা করাবে। আগামী ১৭ অক্টোবর থেকে ট্রেনটির বাণিজ্যিক যাত্রা শুরু হবে।

আন্তঃনগর ট্রেনটি প্রতিদিন ঢাকা-কুড়িগ্রামের ২৮৬ দশমিক ৮ মাইল বা ৪৬১ কিলোমিটার পথ পাড়ি দেবে। কুড়িগ্রাম থেকে ঢাকা যাত্রায় মোট ৬৫৭টি আসন সুবিধা এবং ঢাকা থেকে কুড়িগ্রাম যাত্রায় ৬৩৮টি আসন সুবিধা থাকবে। শোভন চেয়ার ৫১০ টাকা, এসি চেয়ার ৯৭২ টাকা, এসি সিট ১১৬৮ টাকা এবং এসি বাথ ১৮০৪ টাকা আসন ভাড়া নির্ধারণ করা হয়েছে।

আবরার হত্যা মামলায় বিশেষ প্রসিকিউশন টিম হবে : আইনমন্ত্রী

0

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগপত্র নেওয়ার জন্য বিশেষ প্রসিকিউশন টিম গঠন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কারো কিছু বলা ঠিক হবে না।

আজ বুধবার সচিবালয়ে তার দপ্তরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আবরার ফাহাদ হত্যায় ফৌজদারি মামলার এজহার দিয়ে শুরু হয়েছে। এরপর তদন্ত শুরু হয়, যা চলমান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কিছুদিনের মধ্যেই অভিযোগপত্র দেওয়া হবে। অভিযোগপত্র পেলেই আমরা পরবর্তী পদক্ষেপ নেবো।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে বলেছেন আবরার হত্যা মামলায় যেই মুহূর্তে অভিযোগপত্র দেওয়া হবে, তখন থেকে মামলাটাকে দ্রুত নিষ্পত্তির জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেসব ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি এ ব্যাপারে ইতোমধ্যেই প্রসিকিউশন সার্ভিসকে এই মামলা হ্যান্ডেল করার জন্য তৈরি হওয়ার নির্দেশ দিয়েছি বলে উল্লেখ করেন তিনি।

বুয়েটে গণশপথ নিলেন ভিসিসহ শিক্ষক-শিক্ষার্থীরা, আন্দোলন স্থগিত

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার রেশ এখনো কাটেনি। এর মাঝে বিচারের দাবিতে তীব্র আন্দোলন গড়ে উঠেছে। সেই ধারাবাহিকতায় এবার ক্যাম্পাসে সন্ত্রাস-সাম্প্রদায়িকতা রুখতে গণশপথ নিলেন শিক্ষক-শিক্ষার্থীরা। গণশপথে উপস্থিত ছিলেন বুয়েট উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম।

আজ বুধবার দুপুর ১টা ২০মিনিটের দিকে বুয়েট অডিটোরিয়ামে গণশপথের কর্মসূচি পালিত হয়েছে। পাশাপাশি ১০ দফা দাবিতে চলমান আন্দোলনের মাঠ পর্যায়ের কর্মসূচি স্থগিত করা হয়েছে।

১৭ ব্যাচের ছাত্রী রাফিয়া রিজওয়ানা এ শপথবাক্য পাঠ করান। উপাচার্য, ভারপ্রাপ্ত ডিএসডব্লিউ, হলের প্রভোস্ট, শিক্ষার্থীরা গণশপথ পাঠ করেন।

শপথে উচ্চারণ করা হয়- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পরিবারের একজন সদস্য হিসেবে আমি এ বিশ্ববিদ্যালয়ের সবার কল্যাণ ও নিরাপত্তার নিমিত্তে আমার ওপর অর্পিত ব্যক্তিগত ও সামষ্টিক, নৈতিক ও মানবিক সব প্রকার দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। এ বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় আমার জ্ঞাতসারে হওয়া প্রত্যেক অন্যায় অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকবো। আমি আরও প্রতিজ্ঞা করছি যে, এ বিশ্বববিদ্যালয়ের সব প্রকার সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তির উত্থানকে আমরা সম্মিলিতভাবে রুখে দেবো। নৈতিকতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সব ধরনের বৈষম্যমূলক এবং ক্ষমতার অপব্যবহার আমরা সবাই উৎপাটিত করবো। এ আঙ্গিনায় যেন আর কোনো নিষ্পাপ প্রাণ ঝরে না যায়, আর কোনো নিরপরাধী যেন অত্যাচারের শিকার না হয়। আমরা সবাই মিলে তা নিশ্চিত করবো।