Home Blog Page 3428

ট্রাম্পের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ও পাল্টে যাওয়া সিরিয়া

0

মাত্র এক সপ্তাহেই পাল্টে গেছে সিরিয়ার যুদ্ধচিত্র। এই সাত দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর স্বঘোষিত ‘মহান এবং অতুলনীয় জ্ঞানের’ পরিচয় তুলে ধরেছেন। সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন তিনি।

ট্রাম্পের নির্ধারিত কয়েকটি ঘটনা যুক্তরাষ্ট্রের মিত্রশক্তি ও সিরিয়ার কুর্দিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। অন্যদিকে, সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বিরোধী শক্তি অর্থাৎ তুরস্ক, সিরিয়ার বাশার আল আসাদের শাসন ব্যবস্থা, এদের সমর্থক রাশিয়া ও ইরান এবং জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেটের জন্য।

সিরিয়ার আট বছরের যুদ্ধ মধ্যপ্রাচ্যের চিত্র পুনর্গঠন ও পরিবর্তন করেছে। আর গত এক সপ্তাহ ছিল নতুন আরেকটি বাঁক। সম্ভবত ট্রাম্পের বুদ্ধিমত্তা তাঁকে এ বিষয়ে আগেই আভাস দিয়েছিল। অথবা তাঁর নিজের সহজাত প্রবৃত্তির ওপর নির্ভর করার অভ্যাস, মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতির বিষয়ে তাঁকে মারাত্মক ভুল সিদ্ধান্ত নিতে তাড়িত করেছে।

বিদেশি অনুঘটক
বছরের পর বছর ধরে চলে আসছে, সিরিয়ার ভাগ্য দেশটির নিজস্ব জনগণ নয় বরং বিদেশিরা নির্ধারণ করবে। বারবার এ ধরনের হস্তক্ষেপ সিরিয়ার যুদ্ধকে উসকে দিয়েছে, রেখেছে টিকিয়েও।

সিরিয়ায় প্রভাব এবং শক্তির প্রতিযোগিতা সম্পর্কে লিখতে হলে এ যুদ্ধের শিকার মানুষদের ভোগান্তির বর্ণনার মধ্য দিয়ে তা শুরু করতে হবে। প্রতিটি সামরিক পদক্ষেপই বেসামরিক নাগরিকদের জন্য ধ্বংস ও মৃত্যু ডেকে এনেছে। এ ধরনের নির্দেশ যেসব নেতারা দিয়েছেন তাঁদের সবার জন্য ওই মানুষদের ভোগান্তির ভিডিও দেখা বাধ্যতামূলক করা উচিত। এসব চিত্র অনলাইন কিংবা টেলিভিশনে খুঁজে পাওয়া খুব কঠিন কিছু নয়।

ট্রাম্প বর্ণিত সীমাহীন যুদ্ধাবস্থা থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত তুরস্ককে সিরিয়ায় সেনা অভিযানের সবুজ সংকেত দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, এসডিএফ বা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের কুর্দি বাহিনীর বিরুদ্ধে অভিযান চালাতে চান তিনি, কারণ তাঁরা তাঁর নিজের দেশের কুর্দি বিদ্রোহীদের মিত্র বাহিনী। তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে সীমান্তের উভয় পাশে উত্তর-পূর্ব সিরিয়ায় নিয়ন্ত্রণ স্থাপন এবং ২০ মাইল জুড়ে একটি নিয়ন্ত্রিত অঞ্চল তৈরি। ওই এলাকায় তিনি ১০ লাখেরও বেশি সিরীয় শরণার্থীকে প্রত্যাবাসন করতে চান।

যুক্তরাষ্ট্র যখন সিরিয়ার কুর্দি এবং আরবদের প্রশিক্ষণ ও অস্ত্র দিতে চাইল আইএসের বিরুদ্ধে লড়তে, তখন তাদের ভাবী- কুর্দি মিত্রদেরকে জঙ্গি হিসেবে দেখছিল আরেক ন্যাটো মিত্র দেশ তুরস্ক। তবে ভবিষ্যতে এ নিয়ে সমস্যা হতে পারে জেনেও একে না দেখার ভান করেছিল ওয়াশিংটন। আর এখন সেই ভবিষ্যতটিই চলে এসেছে, আর সমস্যাটিও বেড়েছে। এক সপ্তাহ আগে, মুষ্টিমেয় কিছু মার্কিন সেনা সিরিয়ার কুর্দিদের জন্য নিরাপত্তার প্রতীক হয়েছিল। কট্টরপন্থী জিহাদি গ্রুপ আইএস’র বিরুদ্ধে লড়াইয়ে যারা গুরুত্বপূর্ণ মার্কিন মিত্র হয়ে উঠেছিল।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য দেশ বিমান শক্তি এবং বিশেষ বাহিনীর সেনাদের পাঠালেও যুদ্ধক্ষেত্রে লড়েছে এবং প্রাণ দিয়েছে কুর্দি সেনারা। যখন কথিত ওই খিলাফতের ও আইএসের পতন হল, কুর্দিরা জড়ো হয়ে হাজার হাজার জিহাদি যোদ্ধাকে বন্দি করল।

পরিবর্তিত পরিস্থিতি
তবে প্রেসিডেন্ট ট্রাম্পের কয়েকটি টুইট করতে যে সময় লাগে, তার চেয়েও কম সময়ে কুর্দিরা বুঝেছিল যে তাদেরকে বর্জন করা হয়েছে এবং এটি আমেরিকার সামরিক বাহিনীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার কুর্দিদের বর্জন করার অভিযোগ নাকচ করে দেন। কিন্তু যেভাবে তুর্কিরা অগ্রসর হচ্ছে এবং আমেরিকানরা চলে যাচ্ছে, তাতে কুর্দিরা সেই আশ্বাস পাচ্ছে না। নিজের অস্থির ইতিহাসে আবারো বিদেশি শক্তির নিগৃহীত মিত্র শক্তি হিসেবে নিজেদের পেল কুর্দিরা। তাঁরা আবারো নিজেদের পুরনো শত্রু দামেস্কের দিকেই ফিরে গেছে।

রবিবার কুর্দি ঘোষণা করেছে যে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে একটি চুক্তি সই করেছে তারা। চুক্তি অনুযায়ী, ২০১২ সালের পর থেকে তুরস্কের সঙ্গে সীমান্তের যেসব এলাকায় দামেস্ক নিয়ন্ত্রণ স্থাপন করতে পারেনি সেসব এলাকায়ও প্রবেশাধিকার পাচ্ছে আসাদ সেনারা। এটি বাশার আল আসাদের শাসন ব্যবস্থার জন্য একটি বড় জয়। উত্তর-পূর্ব অঞ্চলে যেসব ঘাঁটি রক্ষণাবেক্ষণ করতো সেনারা সেগুলো থেকে দ্রুত সরে গেছে। আসাদের অনুগতরা সিরিয়ার পতাকা উত্তোলন করেছে।

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক নীতির জন্য এই দিনটি ছিল একটি ভয়াবহ দিন। কুর্দিদের মিত্র বাহিনী, সিরিয়ার একাংশে তাদের নিজেদের পরিচালিত শাসনের নিরাপত্তা, সব মিলিয়ে যুদ্ধাবসানের খেলায় আমেরিকানদের একটা পক্ষ দিয়েছিল। এটা ছিল আসাদ সাম্রাজ্যের সমর্থক শক্তি: রাশিয়া ও ইরানকে দূরে রাখার একটি উপায়ও। আমেরিকানদের বিদায় এবং সিরিয় বাহিনীর অগ্রসর হওয়াটাও তাঁদের জন্য জয়।

এর মধ্য দিয়ে জিহাদি চরমপন্থি ইসলামি স্টেটের পুনরুত্থানেরও একটি সুযোগ তৈরি হল। টেলিগ্রাম নামে একটি বার্তা পাঠানোর অ্যাপে তারা সিরিয়ায় নতুন করে সহিংসতা ছড়ানোর ঘোষণা দিয়েছে। তারা তাদের দখলকৃত এলাকা বা খিলাফত হারিয়েছে, কিন্তু যারা কারাগারের বাইরে ছিল তারা নিজেদেরকে স্লিপার সেলের অন্তর্ভুক্ত করে নতুন করে গেরিলা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।

আসাদের জন্য জয়
এখন কুর্দিরা ধুঁকছে, এই সুযোগে তারা কুর্দিদের কারাগারে আটক হাজার হাজার যোদ্ধাকে মুক্ত করার স্বপ্ন দেখছে। তাদের অনেকেই কুখ্যাত খুনি যারা আবারো বন্দুক এবং গ্রেনেড বহনের সুযোগ পেলে একটি বড় হুমকি হয়ে দেখা দেবে। আর এটা শুধু সিরিয়ার জন্য হবে না বরং তার আরো দূরেও ছড়িয়ে পড়বে। বস্তুত বলতে গেলে, পশ্চিমা সরকার গুলো নতুন করে আইএসের হুমকি সামলানোর বিষয়ে বেশ ভয়ে রয়েছে।

মধ্যপ্রাচ্যের সংকট যখন ইউরোপের দরজার কড়া নাড়তে আসে ঠিক সেই মুহূর্তে অভিযান বন্ধ করতে তুরস্ককে আহ্বান জানায় পশ্চিমা সরকারগুলো। অনেক ন্যাটো সদস্যই সিরিয়া নতুন একটি দুঃস্বপ্নকে মাথাচাড়া দিয়ে উঠতে দেখছেন। যারা রাশিয়ার সমর্থন নিয়ে আরেক ন্যাটো সদস্য তুরস্কের বিরুদ্ধে মাঠে নামবে তারা। রাশিয়া বলছে যে তারা তুরস্কের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলছে। কিন্তু যুদ্ধের চলমান পরিস্থিতিতে, ভুল বোঝার এবং ভুল সিদ্ধান্তের কারণে সংকট বাড়ার আশঙ্কা সব সময়ই থাকে।

সম্ভবত গত সপ্তাহ যা ঘটেছে তা সিরিয়া যুদ্ধের সমাপ্তিকে অনেকটা সহজই করেছে। যুদ্ধের দুই প্রধান পক্ষ আমেরিকা এবং কুর্দিরা পুরো চিত্র থেকে মুছে গেছে। এবং প্রেসিডেন্ট আসাদ তার মিত্র দেশ রাশিয়া এবং ইরানকে নিয়ে সিরিয়ার ভয়াবহ যুদ্ধে নিজেদের জয়কে আরো পোক্ত করবে।

সূত্র : বিবিসি বাংলা

আবরার হত্যাকারীদের মৃত্যুদণ্ড হওয়া উচিত: কাদের

0

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের মৃত্যুদণ্ড হওয়া উচিত বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ফাহাদ হত্যার ঘটনায় যারা জড়িত, আমার মতে তাদের তো মৃত্যুদণ্ডই হওয়া উচিত। আদালত কী করবে জানি না। মৃত্যুদণ্ড হওয়া মানে কয়েকটা ব্রিলিয়ান্ট ছেলে, মেধাবী কয়েকটা সন্তান চলে গেলো হারিয়ে গেলো, দেশ তো ক্ষতিগ্রস্ত হলো। শুধু ফাহাদের জন্য নয়, যারা এ অপকর্মটি করেছে তাদের জন্য, তারাও তো মেধাবী ছাত্র।’

যারা এদের সন্ত্রাসী বানিয়েছে বা মদদ দিয়েছে তাদের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে- প্রশ্নে কাদের বলেন, ‘ছাত্রলীগ তো এ ঘটনার সঙ্গে সেভাবে জড়িত না। এ ধরনের হত্যাকাণ্ড কত ক্ষতিকর, সরকার নিশ্চয়ই বিব্রত হয়েছে। রুলিং পার্টির ছাত্র সংগঠনের ব্যানারে হয়েছে। এটার সঙ্গে কেন্দ্রীয় ছাত্রলীগকে এ ধরনের সিদ্ধান্তে (রাজনীতি বন্ধ) জড়িত করা ঠিক নয়। এ ধরনের ব্যাপার বিচ্ছিন্নভাবে যারা ঘটিয়েছে কেস টু কেস বিচারও হওয়া উচিত। গুটিকয়েকের জন্য গোটা পার্টিকে তো আমি দায়ী করতে পারি না। সরকার ক্ষমতায় আছে আমাদের দায় আছে, এ ধরনের ঘটনায় সরকার ও দলের ভাবমূর্তি নষ্ট হয়। আমরা বিবেকের রায় থেকে দ্রুত ব্যবস্থা নিয়েছি।’

মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ফাহাদ হত্যাকাণ্ড, নির্মম, নৃশংস হত্যাকাণ্ড। আমরা নিন্দা করেছি, শুধু নিন্দা করিনি এত দ্রুত সিদ্ধান্ত, অ্যাকশন; বাংলাদেশে ইতোপূর্বে আর হয়নি।

‘সেদিনই প্রধানমন্ত্রী আইজিকে ডেকে নিয়ে সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করতে বলেছেন। তারা বেশির ভাগই, মূল যারা ঘটনার সঙ্গে জড়িত তারা গ্রেপ্তার হয়েছে এবং গতকাল প্রধানমন্ত্রী আবরারের মা, বাবা, পরিবার, তার ভাইয়ের সঙ্গে দেখা করেছেন। তাদের বলেছেন আমি যত দ্রুত সম্ভব এই বিচারকাজ সম্পাদন করবো। আমি ব্যবস্থা নিতে পুলিশকে বলেছি, আইনমন্ত্রীকেও বলেছেন যত দ্রুত সম্ভব এই নৃশংস হত্যাকাণ্ডে অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’

ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে বিএনপির উদ্বেগ নেই
ওবায়দুল কাদের বলেন, বিএনপির উদ্দেশ্য ফাহাদ হত্যাকাণ্ড নয়, আববার হত্যাকাণ্ড নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই, এটি নিয়ে তারা আন্দোলন করতে চায়। আবরার হত্যাকাণ্ডের বিচার হোক এটা তাদের মূল উদ্দেশ্য নয়। তা না হলে তারা এখন কেন উসকানি দেবে? হত্যাকারীদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ছাত্ররাজনীতি বন্ধ করা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে হত্যা করা। তবে বুয়েট যদি মনে করে বন্ধ করবে তাহলে আপত্তি নেই। দাবি তো সব মেনে নেওয়া হয়েছে- তাহলে এখন কেন আন্দোলন? এটা তো একটা প্রশ্ন জাগতে পারে।

চক্রান্তের অংশ হিসেবে বুয়েটের আন্দোলন হচ্ছে কিনা- জানতে চাইলে কাদের বলেন, না সেভাবে আমি বলবো না, সাধারণ শিক্ষার্থীদের অনেক আবেগ আছে সেন্টিমেন্ট আছে। আমি তাদের অনুরোধ করবো তাদের পড়াশোনায় ফিরে যাওয়া উচিত।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যতটা না উদ্বিগ্ন তার চেয়ে তারা খালেদার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি বা আন্দোলনের কোনো ইস্যু খুঁজে পাওয়া যায় কিনা- সেটা নিয়ে উদ্বিগ্ন।

সিঙ্গাপুরে স্বাস্থ্যপরীক্ষার সময় মির্জা ফকরুলের সঙ্গে তার দেখা হয়নি দাবি করে বলেন, দেখা হলে ভালো হতো। দেখা হয়নি। আমি যেদিন পৌঁছেছি তার আগের দিন তিনি চলে আসেন।

ফিরে যাও, পড়াশোনায় মনোনিবেশ করো
ওবায়দুল কাদের বলেন, যারা আন্দোলকারী শিক্ষার্থীরা আছেন, বিভিন্ন সংগঠন আছে, সবার কাছে অনুরোধ করবো, যেহেতু সরকার অভিযুক্তদের ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নিয়েছে, তাদের দাবি মেনে নেওয়া হয়েছে এ কারণে অহেতুক আন্দোলন না করে পড়াশোনায় মননিবেশ করা দরকার। তাদের ক্যাম্পাসে নিজেদের লেখাপড়ায় মনোনিবেশ করা প্রয়োজন।

আবরারের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক

0

ভারতের সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী সকল অসম চুক্তি বাতিল, বুয়েটের ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, তুহিনসহ শিশুহত্যার বিচার এবং দুনীর্তি, ক্যাসিনো বাণিজ্য, সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধের দাবি জানিয়েছে প্রগতিশীল গণসংগঠনসমূহ।

দেশের ক্রিয়াশীল প্রগতিশীল সংগঠনসমূহের নেতৃবৃন্দ আজ মঙ্গলবার আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ভারতের সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী সকল অসম চুক্তি বাতিল, বুয়েটের ছাত্র আবরার ফাহাদের হত্যাকারিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত সুনামগঞ্জের দিরাইয়ে পাঁচ বছরের শিশু তুহিনের নির্মম হত্যাকাণ্ডের সাথে যুক্তদের বিচার এবং ক্যাসিনো বাণিজ্য, দুর্নীতি, সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী সাম্প্রতিক ভারত সফরে সে দেশের ক্ষমতাসীন সরকারের সাথে ৭টি চুক্তি, সমঝোতা স্মারক ও যৌথ ঘোষণায় স্বাক্ষর করে এসেছেন। এসব চুক্তি ও সমঝোতায় বাংলাদেশের অনুকুলে কোন কথা নেই। প্রধানমন্ত্রীর এবারের সফরে বাংলাদেশের মানুষ আশা করেছিল দীর্ঘ দিনের কাঙ্খিত তিস্তা নদীর পানি বন্টন এবং বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়, রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠাতে ভারত সরকারের কার্যকর ভূমিকা গ্রহণ, সীমান্তে বিএসএফের হত্যাযজ্ঞ বন্ধ ও সেখানে চলমান এনআরসি কর্মসূচি সম্পর্কে ভারতের বক্তব্য প্রভৃতি বিষয়ে সুস্পষ্ট ঘোষণা থাকবে। কিন্তু বাস্তবে ভারত সরকার সেদিকে না গিয়ে কৌশলে বাংলাদেশের মানুষের কাঙ্খিত বিষয়সমূহকে উপেক্ষা করে মৌখিক দায়সারা আশ্বাস দিয়েছে। তাও আবার যৌথ ঘোষণায় স্থান পায়নি। পক্ষান্তরে ফেনী নদীর পানি ভারতকে দেয়া, বাংলাদেশের আমদানি করা এলপিজি গ্যাস সিলিন্ডারে করে ভারতের কাছে রপ্তানি করা, দেশের উপকূলীয় এলাকায় অন্তত বিশটি স্ট্রাটিজিক পয়েন্টে ভারতের রাডার স্থাপনসহ ভারতকে এক পাক্ষিক সুবিধা দেয়া হয়েছে। বাংলাদেশের স্বার্থবিরোধী এসকল অসম চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। ভারতের মোদি সরকারের সাথে স্বাক্ষরিত এসকল চুক্তি দুই দেশের জনগণের ভাতৃত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, এসকল অসম চুক্তির বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখায় বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের নেতারা নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে। ইতোপূর্বেও বিশ্বজিৎকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার পর জনমতের চাপে ছাত্রলীগের সেই সব খুনিদের ধরা হয়েছিল। কিন্তু ‘অচিরেই হত্যাকারিরা খালাস পেয়ে যায়। এবারও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সারা দেশে মানুষ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করায় কয়েকজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের কি হবে বা গ্রেফতারকৃতরাও ছাড়া পেয়ে যাবে কিনা এ বিষয়ে জনগণ সন্দিহান। একারণে প্রগতিশীল গণসংগঠনসমূহ আবরার ফাহাদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে। একই সাথে নেতৃবৃন্দ ছাত্রলীগের বেপরোয়া সন্ত্রাসের দায়কে আড়াল করে বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের যে ঘোষণা দেয়া হয়েছে তারও তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ছাত্র রাজনীতির উপর থেকে সকল ধরণের নিষেধাজ্ঞা প্রত্যাহরের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে সংগঠন সমূহের নেতৃবৃন্দ আরো বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সারা দেশে যে বেপরোয়া সন্ত্রাস, দখলদারিত্ব, চাঁদাবাজি, লুটপাটের স্বর্গরাজ্য বানিয়ে রেখেছে তার খুব সামান্যই আমাদের সামনে আসছে। যুবলীগের নেতাদের ক্যাসিনো বাণিজ্য, টেন্ডারবাজির ঘটনা ইতোমধ্যে দেশবাসি অবগত হয়েছে। কত শত কোটি টাকা একেকজন নেতার রয়েছে তা দেখে জনগণ বিস্মিত, উদ্বিগ্ন। লুটপাটের এ সাম্রাজ্য কত বিস্তৃত ও ভয়ঙ্কর তা ভাবলেও গা শিউরে ওঠে। সরকারের বিভিন্ন পর্যায় থেকে প্রত্যক্ষ প্রশ্রয় পেয়েই এসব সাম্রাজ্য গড়ে উঠেছে। অনতিবিলম্বে সর্বগ্রাসী এ দুর্নীতি, সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধ করতে হবে। অন্যথায় জনমনে যে তীব্র ক্ষোভ দানা বেঁধেছে তা বিক্ষোভে পরিণত হয়ে সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নেবে।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, এসব দাবিতে যৌথ উদ্যোগে আগামী ১৭ অক্টোবর দেশব্যাপী তারা বিক্ষোভ সমাবেশ করবে এবং ১৯ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে শাহবাগে বিকেল ৪টায় সমাবেশ করবে।

যে সকল সংগঠনের নেতৃবৃন্দ বিবৃতিতে স্বাক্ষর করেন – বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, কেন্দ্রীয় খেলাঘর আসর, প্রগতি লেখক সংঘ, কেন্দ্রীয় খেলাঘর আসর, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন, কেন্দ্র বাংলাদেশ হকার্স ইউনিয়ন, গণতান্ত্রিক আইনজীবী সমিতি, ইঞ্জিনিয়ারস এন্ড আর্কিটেক্টস ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট, ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট, বাংলাদেশ প্রাইভেট কারস ড্রাইভারস ইউনিয়ন, রণেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদ।

জাতিসংঘে জলবায়ু পরিবর্তন ইস্যুতে বক্তব্য রাখলেন নুরুল ইসলাম নাহিদ

0

বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে চলতি ৭৪তম জাতিসংঘ সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটির প্লেনারি সভায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রথম কমিটির উন্মুক্ত বিতর্কে নিরস্ত্রীকরণ ইস্যুতে বক্তব্য রাখেন।

দ্বিতীয় কমিটিতে প্রদত্ত বক্তব্যে তিনি বলেন, সাম্প্রতিক ‘ক্লাইমেট অ্যাকশন সামিটে’ জলবায়ু পরিবর্তন রোধে সত্যিকারভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণের আবশ্যকতার বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দ যে আহ্বান তুলে ধরেছেন তা আমরা শুনেছি। তাই আসুন সবুজ অর্থনীতি, সবুজ প্রযুক্তি ও একটি সবুজ পৃথিবী গড়তে দ্রুত পদক্ষেপ গ্রহণে বৈশ্বিক রাজনৈতিক সদিচ্ছার সর্বোচ্চ প্রতিফলন ঘটাই।

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আইপিসিসির বিশেষ রিপোর্ট (এআর-৫) এর হিসেব অনুযায়ী জলবায়ু পরিবর্তনের সর্বাপেক্ষা বিরূপ প্রভাবের শিকার এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি উল্লেখ করে নুরুল ইসলাম নাহিদ এমপি বলেন, এমন হুমকির কারণেই বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ় প্রতিজ্ঞ। তাই আমরা আমাদের জাতীয় পরিকল্পনা এবং টেকসই উন্নয়ন কৌশলের অগ্রভাগে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলা বিষয়টি স্থাপন করেছি।

নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশ গৃহীত সৌরশক্তি উৎপাদন, সমুদ্র তীরবর্তী ভূমি পুনরুদ্ধার, ঘুর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ, কমিউনিটিভিত্তিক দুর্যোগ প্রস্তুতি, বন্যা সীমারেখার ঊর্ধ্বে সড়ক ও মহাসড়ক উন্নীতকরণ, লবণাক্ত ও খরা প্রতিরোধক শস্যের জাত উদ্ভাবন, সুন্দরবন সংরক্ষণ এবং ডেল্টা পরিকল্পনা ২১০০ গ্রহণ এর মতো বিভিন্ন পদক্ষেপের কথা তার বক্তব্যে তুলে ধরেন।

নিরস্ত্রীকরণ ইস্যুতে তিনি বলেন, পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও উন্নত পৃথিবী গড়ে তুলতে নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থাকে পুনরায় শক্তিশালী করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই দ্বিগুণ প্রচেষ্টা গ্রহণ করতে হবে।

জাতিসংঘে প্রদত্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম ভাষণ থেকে বিশ্বের সকল প্রান্তে নিশ্চিত হোক শান্তিপূর্ণ সহবস্থান, অস্ত্র সীমিতকরণ ও উত্তেজনা পরিহারের পরিবেশ অংশটি উদ্ধৃত করেন সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ। তিনি আরো বলেন, জাতির পিতার এই আদর্শ ধারণ করে বাংলাদেশ নিরস্ত্রীকরণ সংক্রান্ত প্রধান প্রধান বহুপাক্ষিক চুক্তির আওতায় সর্বোচ্চ দায়িত্ব নিতে কখনই পিছ পা হয়নি।

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়টি উল্লেখ করে নূরুল ইসলাম নাহিদ বলেন, এক্ষেত্রে আমরা সর্বোচ্চ আন্তর্জাতিক মান অনুসরণ করে চলেছি। পারমানবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে সকল সদস্য রাষ্ট্রের সমান অধিকার রয়েছে মর্মে উল্লেখ করেন তিনি।

মহাকাশে অস্ত্রের বিস্তার ঠেকাতে যে সকল আন্তর্জাতিক আইন রয়েছে তা মেনে চলতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান নুরুল ইসলাম নাহিদ। তিনি আরো বলেন, বাংলাদেশ মহাকাশে তার প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করেছে তাই মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা রোধে বাংলাদেশও এক অংশীজন।

সাবেক শিক্ষামন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদ ৭৪তম জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন কমিটির চলমান কর্মসূচিতে অংশ নিতে বর্তমানে নিউইয়র্ক অবস্থান করছেন।

সেরা কর্মীদের প্রতি মাসে পুরস্কার দিচ্ছে জনপ্রশাসন

0

প্রতি মাসে সেরা কর্মীদের পুরস্কার দিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ে গত জুলাই ও আগস্ট মাসের সেরা কর্মীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

জুলাই মাসে সেরা কর্মী নির্বাচিত হয়েছেন প্রশাসনিক কর্মকর্তা মনজুর রহমান সরকার, নাজির আব্বাস উদ্দিন ও অফিস সহায়ক আব্দুর রশিদ। আগস্ট মাসে প্রশাসনিক কর্মকর্তা ওমর ফারুক, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর সেলিম রেজা ও অফিস সহায়ক মফজল আহমদ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারীদের সেবার গুণগত মান ও কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে ‘মাসের সেরা কর্মী’ নির্বাচন করা হচ্ছে। গ্রেড ১০ থেকে গ্রেড ২০ এর কর্মচারীদের মধ্য থেকে প্রতি মাসে তিন ক্যাটাগরিতে তিন জনকে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শৃঙ্খলা ও আন্তরিকতার সাথে কাজ করতে সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকারের পলিসি বাস্তবায়নে দেশের কর্মচারীদের ভূমিকা অপরিসীম। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সরকারি কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত সচিব দুলাল কৃষ্ণ সাহা স্বাগত বক্তব্য রাখেন। এ ছাড়া মন্ত্রণালয়ের সব পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

র‌্যাগিং বন্ধে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ

0

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মম নির্যাতন করে হত্যার পর দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং বন্ধসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ইউজিসি জানায়, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, সম্প্রতি দেশের কোনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। এমনকী শিক্ষার্থীদের প্রাণহানির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে। এহেন কর্মকাণ্ড শিক্ষার্থীদের জীবনকে একদিকে যেমন অনিশ্চয়তার পথে ঠেলে দিচ্ছে, অন্যদিকে ক্যাম্পাস অশান্ত করে শিক্ষার সামগ্রিক পরিবেশের পাশাপাশি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।

‘এ অপ্রত্যাশিত অবস্থার দ্রুত অবসানকল্পে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনকে অধিকতর সচেতনতার সঙ্গে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য ইউজিসি আহ্বান জানাচ্ছে।’

শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদারকরণের লক্ষ্যে শ্রেণিকক্ষ থেকে শুরু করে প্রতিটি হল ও ক্যাম্পাসে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা নিতে ইউজিসি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আহ্বান জানিয়েছে।

এছাড়া কমিশন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সংশ্লিষ্ট প্রভোস্ট, সহকারী প্রভোস্ট/হাউস টিউটররা সার্বক্ষণিকভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে সজাগ থাকার বিষয়ে অনুরোধ জানায়।

বিশ্বদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি/ডিএসডব্লিউকে নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতেও নির্দেশ দিয়ে বলা হয়, প্রযোজ্য ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসন এ বিষয়ে সহায়তা দেবে।

এছাড়া প্রতিটি হলে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি র‌্যাগিং ও মাদকবিরোধী প্রচার-প্রচারণা অব্যাহত রাখতে বলা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রয়োজনে ইউজিসি ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে পারে। আগে পাঠানো নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করার জন্যও বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করা হয়।

ইতোপূর্বে শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা বিধান, ক্যাম্পাস ও ছাত্রাবাসে শিক্ষাবান্ধব পরিবেশ সুনিশ্চিত করার লক্ষ্যে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং ও মাদকবিরোধী কর্মসূচি গ্রহণ-বাস্তবায়নের পাশাপাশি জুনিয়র শিক্ষার্থীদের ওপর হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানিয়ে কতিপয় নির্দেশনা দিয়ে কমিশন থেকে চিঠি পাঠানো হয়।

বিএনপি আবরার হত্যার বিচার চায় না : সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডকে আন্দোলনের ইস্যু করতে চায়। তারা আসলে এ হত্যাকাণ্ডের বিচার চায় না।

আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ অফিসে সমসাময়িক বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বুয়েট ছাত্রদের আন্দোলন ছেড়ে লেখা-পড়ায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি আবরার হত্যাকাণ্ডকে আন্দোলনের ইস্যু করতে চায়। সরকার তাদের সব দাবি মেনে নিয়েছে। আবরার হত্যাকাণ্ডের সাথে সাথে পুলিশ ব্যবস্থা নিয়েছে। প্রধানমন্ত্রী আবরারের বাবা-মাকে এ ঘটনার বিচার দ্রুত হবে বলে আশ্বাস দিয়েছেন।

বিএনপি তাদের দলের নেত্রী খালেদা জিয়ার চিকিৎসার কথা যতটা ভাবছে তার চেয়ে বেশি দেশে নৈরাজ্য সৃষ্টির কথা ভাবছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি এ ঘটনাকে কেন্দ্র করে দেশে সহিংসতা করলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া সমাধান নয়। তবে বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ হলে সে ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই। কারণ এটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিষয়।

ওবায়দুল কাদের বলেন, যারা দেশে অপরাধ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ছাড় দেওয়া হবে না। যেসব কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠবে তারা আগামীতে মনোনয়ন পাবেন না উল্লেখ করে তিনি বলেন, গুটি কয়েক লোকের কারণে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অর্জন ম্লান হতে দেওয়া যায় না। অপরাধীদের মাথায় যারা ছাতা ধরবে তাদেরকেও ছাড় দেওয়া হবে না এবং যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আওয়ামী লীগের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত কমিটিতে বিতর্কিতদের স্থান দেওয়া হবে না জানিয়ে তিনি আরো বলেন, ‘এটি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। এ ব্যাপারে আমরা সতর্ক রয়েছি। অপর এক প্রশ্নের জবাবে চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণ করা হবে বলেও জানান সেতুমন্ত্রী।

নবম ওয়েজ বোর্ডের গেজেট কেন অবৈধ নয় : হাইকোর্ট

0

সংবাদপত্রে কর্মরত সাংবাদিক ও শ্রমিক-কর্মচারিদের জন্য ঘোষিত নবম ওয়েজবোর্ড হিসেবে পরিচিত নবম রোয়েদাদ (বেতন কাঠামো) নিয়ে গত ১২ সেপ্টেম্বর জারি করা গেজেট কেন অবৈধ ও বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রুল জারি করেন। তথ্য ও শ্রম সচিব, নবম ওয়েজবোর্ডের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) পক্ষ থেকে করা এক আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন আদালত। আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন মো. ইউসুফ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

এর আগে নোয়াবের করা এক রিট আবেদনে হাইকোর্ট গত ৬ আগস্ট এক আদেশে নবম ওয়েজবোর্ড নিয়ে গেজেট প্রকাশের ওপর স্থিতিবস্থা বজায় রাখতে নির্দেশ দেন। দুইমাসের জন্য এই আদেশ দেওয়া হয়। সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) সভাপতি (দৈনিক প্রথম আলো সম্পাদক) মতিউর রহমানের করা এক রিট আবেদনে হাইকোর্ট ওই আদেশ দেন। আদালত অন্তবর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করেন। রুলে শ্রম আইন অনুযায়ী অংশীজনদের আপত্তি উত্থাপনের সুযোগ না দিয়ে একতরফাভাবে নবম ওয়েজবোর্ড চূড়ান্ত করা এবং তা গেজেট আকারে প্রকাশের সুপারিশ করে সরকারের কাছে পাঠানো কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ কমিটির আহ্বায়ক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য সচিব, শ্রম সচিব ও নবম ওয়েজবোর্ডের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

গেজেট জারির ওপর স্থিতিবস্থা বজায় রাখার আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। গত ১৪ আগস্ট চেম্বার বিচারপতির আদালত আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। এরই ধারাবাহিকতায় প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগে শুনানি শেষে গত ২০ আগস্ট এক আদেশে হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন। এরপর আপিল বিভাগের আদেশ প্রত্যাহার চেয়ে নোয়াব একটি আবেদন করে। গত ৯ সেপ্টেম্বর আপিল বিভাগ এক আদেশে এই আবেদনের ওপর আগামী ২০ অক্টোবর শুনানির জন্য দিন ধার্য করেন।

এ অবস্থায় গত ১২ সেপ্টেম্বর সরকার নবম রোয়েদাদ কার্যকর করে গেজেট প্রকাশ করে। ওইদিন থেকেই এই রোয়েদাদ কার্যকর দেখানো হয়েছে। এখন এই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে নোয়াব হাইকোর্টে সম্পূরক আবেদন করে।

তুহিনকে বাবার কোলেই হত্যা করা হয়েছে

0

শিশু তুহিনকে ঘুমন্ত অবস্থায় তার বাবা আবদুল বাছির রাতের অন্ধকারে ঘর থেকে বের করে নিয়ে যান। এরপর তার বাবা, তার আরেক চাচা ও এক চাচাতো ভাই মিলে তাকে হত্যা করেন। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান নিজ কার্যালয়ের সাংবাদিকদের এ তথ্য জানান।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘পৃথিবীতে শিশুর জন্য সবচেয়ে নিরাপদ স্থান বাবার কোল। কিন্তু তুহিনকে বাবার কোলেই হত্যা করা হয়েছে। পরে তার শরীরের বিভিন্ন অঙ্গ কেটে ফেলা হয়। এরপর পেটে দুটি ছুরি ঢুকিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।’ আবদুল বাছিরের সঙ্গে তার ভাই নাসির মিয়া ও ভাতিজা শাহরিয়ার ছিলেন বলে জানান তিনি।

এর আগে বিকেলে পুলিশ তুহিনের বাবা আবদুল বাছির (৪০), চাচা আবদুল মছব্বির (৪৫) ও প্রতিবেশী জমসের আলীকে (৫০) তিনজনকে তিনদিনের রিমান্ডে নেয়। একই সময় আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন তুহিনের আরেক চাচা নাসির উদ্দিন (৩৪) ও চাচাতো ভাই শাহরিয়ার (১৭)। এই পাঁচজন সোমবার দুপুরে থেকে পুলিশ হেফাজতে রয়েছেন।

পুলিশ তুহিনের মা মনিরা বেগমের করা মামলায় আবদুল বাছির, আবদুল মছব্বির ও জামসের আলীকে বিকেলে সুনামগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের হাজির করে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড নেওয়ার আবেদন করা হয় । আদালতের বিচারক শ্যাম কান্ত সিনহা প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। একই সময় সুনামগঞ্জের বিচারিক হাকিম আদালতের বিচারক মো. খালেদ মিয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন তুহিনের চাচা নাসির মিয়া ও শাহরিয়ার।

নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু তুহিন মিয়ার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউরা গ্রামে। রোববার রাতে ওই হত্যাকাণ্ড হয়। সোমবার সকলে পুলিশ গিয়ে শিশু তুহিনের লাশ উদ্ধার করে। কদম গাছের ডালে ঝুলছিল তুহিনের রক্তাক্ত নিথর দেহ। গলায় রশি বাঁধা ছিল। পেটে ঢোকানো দুটি লম্বা ছুরি। বর্বরতার এখানেই শেষ নয়, তার দুটি কানও কেটে ফেলা হয়েছে।

এরপর সোমবার রাতে এ ঘটনায় তুহিনের মা মনিরা বেগম অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে দিরাই থানায় একটি হত্যা মামলা করেছেন। এ মামলায় এ পর্যন্ত পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

এ দিকে সোমবার দুপুরে তুহিনের বাবা আবদুল বাছির সাংবাদিকদের জানিয়েছিলেন, তার তিন ছেলে ও এক মেয়ে। এর মধ্যে তুহিন দ্বিতীয়। গত ১৫ দিন আগে তাঁদের এক কন্যা সন্তানের জন্ম হয়েছে। রোববার রাতে খেয়ে-দেয়ে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন তারা। রাত আড়াইটার দিকে তার এক ভাতিজি ঘুম থেকে ডেকে তুলে বলে তাদের ঘরের দরজা খোলা। এরপর সবাই জেগে ওঠে দেখেন তুহিন নেই। তখন প্রতিবেশীদেরও ডেকে তোলা হয়। শুরু হয় খোঁজাখুঁজি। এক পর্যায়ে বাড়ির পাশে রাস্তায় একটি কদম গাছের ডালে তুহিনের ঝুলন্ত লাশ দেখতে পান তারা।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেছেন, ‘আমাদের কাছে বিষয়টি পরিষ্কার। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এর সামনে পেছনে যারাই আছে সবাই ধরা পড়বে। কেউ ছাড় পাবে না। খুব দ্রুত এই মামলায় পুলিশ আদালতে প্রতিবেদন দেবে।’

তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

0

যুক্তরাষ্ট্র মঙ্গলবার তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে আঙ্কারার ব্যাপক হামলা বন্ধের দাবি জানানোর পর তারা এ নিষেধাজ্ঞা আরোপ করলো। ওয়াশিংটনের অভিযোগ তাদের ন্যাটো অংশীদার তুরস্ক কুর্দিদের ওপর হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের ঝুঁকির মুখে ঠেলছে এবং ইসলামিক স্টেট জঙ্গিদের মুক্তির সুযোগ করে দিচ্ছে। খবর এএফপি’র।

এদিকে যুক্তরাষ্ট্র ওই এলাকা থেকে সৈন্য প্রত্যাহার করে নেয়ার পর কুর্দি যোদ্ধারা আত্মরক্ষার জন্য বেপরোয়া হয়ে উঠেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি দেশের বিরুদ্ধে বিশেষ পদক্ষেপ নিলেন যে দেশ আনুষ্ঠানিকভাবে মার্কিন মিত্র দেশ। আর তিনি এমন এক সময় এ পদক্ষেপ গ্রহণ করলেন যখন দেশে তার বিরুদ্ধে সমালোচনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

অন্যদিকে, ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সিরিয়ার কুর্দিদের পরিত্যাগ করায় এমনকি ট্রাম্পের পক্ষের আইনপ্রনেতারা তাকে দোষারোপ করে।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘তুর্কি নেতারা এই ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক পথে চলা অব্যাহত রাখলে দেশটির অর্থনীতি দ্রুত পঙ্গু করে দিতে আমি সম্পূর্ণ প্রস্তুত রয়েছি।’

মার্কিন অর্থ বিভাগ জানায়, তারা তুরস্কের প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও জ্বালানি মন্ত্রণালয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রে থাকা তাদের সম্পদ জব্দ করা হয়েছে। ফলে এখন তাদের সাথে যুক্তরাষ্ট্রের লেনদেন একটি অপরাধ বলে বিবেচনা করা হবে।

এদিকে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, তিনি খুব শিগগিরই তুরস্ক সফর করবেন। ট্রাম্প মঙ্গলবার এরদোগানকে টেলিফোন করেছিলেন। তিনি টেলিফোনে তুরস্কের অভিযান বন্ধের ব্যাপারে জোর দেন।

হোয়াইট হাউসে পেন্স সাংবাদিকদের বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট আগ্রাসন বন্ধে তুরস্কের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান। তিনি দ্রুত অস্ত্রবিরতি কার্যকর করে সিরিয়ায় কুর্দি বাহিনীর সাথে আলোচনা শুরু করারও আহ্বান জানান।’

ট্রাম্প বলেন, আলোচনার শেষ পর্যায়ে এসে তিনি যুক্তরাষ্ট্র-তুরস্ক বাণিজ্য চুক্তির বিষয়েও কথা বলেন।