Home Blog Page 3429

জাপানে ঘূর্ণিঝড় হাগিবিসের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৬৭

0

গত শনিবার জাপানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুনের আঘাত হানে। এতে মৃতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১৫ জন। আহতের সংখ্যা দু’শ ছাড়িয়েছে। হাগিবিস নামের এই টাইফুনের আঘাতে বিধ্বস্ত হয়ে গেছে জাপানের অনেক এলাকা। ঝড়ের তিন দিন পর এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে হাজার হাজার ঘরবাড়ি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, হাগিবিসের আঘাতে ৬৭ জন মারা গেলেও আরো ১৫ জনকে এখনো খোঁজে পাওয়া যায়নি। এছাড়াও টাইফুনের আঘাতের আহতের সংখ্যা দু’শ ছাড়িয়েছে। এদিকে আটকা পড়া বাসিন্দাদের উদ্ধার করেতে প্রায় এক লাখ ১০ হাজার উদ্ধারকর্মী মোতায়েন করেছে দেশটির কর্তৃপক্ষ।

রাজধানী টোকিও ও পূর্বাঞ্চলের ওপর ঘণ্টায় দু’শ ২৫ কিলোমিটার গতিতে আছড়ে পড়ে সুপার টাইফুন হাগিবিস। প্রলয়ঙ্করী এই ঝড়ের তাণ্ডবে টোকিওর কিছু অংশ বিপর্যস্ত হয়ে পড়ে। জাপানের মধ্য এবং পূর্বাঞ্চলের নিচু এলাকার ওপর দিয়ে এই ঝড়ে বয়ে যায়। এতে এসব অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়।

টাইফুন হাগিবিসের প্রভাবে রেকর্ড বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে বহু বাড়ি-ঘর ধসে পড়ে। এছাড়া দেশটির পূর্বাঞ্চল ও রাজধানী টোকিওতে হাজার হাজার মানুষ বন্যায় আটকা পড়েন। ঝড়ের তাণ্ডবে টোকিও এবং এর আশপাশের এলাকার প্রায় পাঁচ লাখ বাড়িঘর বিদ্যুতবিচ্ছিন্ন হয়ে পড়ে।

সিরিয়ার কুর্দি এলাকা থেকে চার মেয়রকে আটক করেছে তুরস্ক

0

তুরস্কের কুর্দিপন্থী প্রধান বিরোধী দলের চার মেয়রকে মঙ্গলবার আটক করা হয়েছে। সন্ত্রাস দমন অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়। এরা সকলেই পিপলস ডেমোক্রেটিক পার্টি (এইচডিপি)-র সদস্য।

এইচডিপি জানিয়েছে, কুর্দি অধ্যুষিত তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় চারটি শহর হাকারি, ইউসেকোভা, ইরিকস ও নুসায়বিনের মেয়রদের আটক করা হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু জানায়, অবৈধ কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (পিকেকে)-র সঙ্গে জড়িত সন্দেহে সন্ত্রাস দমনের অংশ হিসেবে তাদের জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়।

পিকেকে ১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে রক্তক্ষয়ী বিদ্রোহ চালিয়ে আসছে।

আনাদুলু জানিয়েছে, আরো ছয় মিউনিসিপ্যাল কর্মকর্তাকেও আটক করা হয়েছে।

এদিকে সপ্তাহ খানেক আগে শুরু হওয়া সিরিয়ায় কুর্দি জঙ্গিদের বিরুদ্ধে তুরস্কের অভিযানের সমালোচনার দায়ে দেশজুড়ে অনেকের বিরুদ্ধেই ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে।

প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের সরকার সবসময়ই এইচডিপিকে পিকেকের রাজনৈতিক ফ্রন্ট হিসেবে উল্লেখ করে এর সমালোচনা এবং এর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

যুক্তরাষ্ট্রের জয়, মাথা নোয়াল চীন!

0

গত কয়েকমাস ধরে চরমে পৌঁছেছিল চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্য যুদ্ধ। এর কারণে বেইজিংয়ের বিরুদ্ধে একেবারে যুদ্ধংদেহী মনোভাব নিয়েছিল ওয়াশিংটন। দফায় দফায় দুই রাষ্ট্রনেতা এই নিয়ে আলোচনা বসেছে। কিন্তু সমাধান সূত্র কিছুই মেলেনি। চীনের শুক্ল বৃদ্ধির জবাবে আমেরিকাও একাধিক চীনা দ্রব্যের ওপর শুল্ক আরোপ করতে শুরু করেছিল। কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছে মাথা নোয়াল চীন। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৫০ বিলিয়ন মার্কিন ডলারের কৃষিজ পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে চীন। এই খবর ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিলেন বাণিজ্যে যুদ্ধ জয় তিনি করে ফেলেছেন।

এর আগে চীনের বাণিজ্য নীতির প্রতিবাদে কয়েকদিন আগেই প্রায় ২৮টি চীনা সংস্থাকে নিজের দেশে নিষিদ্ধ ঘোষণা করেছিল ট্রাম্প প্রশাসন। যদিও কারণ হিসেবে দেখানো হয়েছিল চীন নিজের দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অমানবিক অত্যাচার চালাচ্ছে। সেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রতিবাদেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও আসল কারণ ছিলো চীনের বাণিজ্য নীতি।

চীনকে বিপাকে ফেলতে একাধিক মার্কিন সংস্থা এমনকি আইফোন-অ্যামাজনের মতো সংস্থাকেও চীন থেকে ব্যবসা গুটিয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই মতো কাজও হয়েছিল। চীন থেকে সরে এসে ভারতে আইফোন তৈরির কারখানা খোলার সিদ্ধান্ত হয়। আমাজনেরও একটা বড় অংশ চীন থেকে সরে এসেছিল।

এদিকে দীর্ঘ সময় দুই রাষ্ট্রের অনড় মনোভাবে প্রভাব পড়েছে গোটা বিশ্বের অর্থনীতিতে। যুক্তরাষ্ট্রে এই আচরণ বেশি দিন নিতে পারেনি চীন। দেশের কৃষিজ পণ্যের ঘাটতি মেটাতে শেষ পর্যন্ত মাথা নোয়াতেই হয়েছে।

২০১২-১৩ সালে আমেরিকা কৃষিজ পণ্যের সবচেয়ে বেশি ব্যবসা করেছিল চীনে। প্রায় ২৬ বিলিয়ন মার্কিন ডলার কৃষিজ পণ্য এবং যন্ত্রাংশ চীনে রপ্তানি করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ২০১৭ সালে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি অনেকটাই কমিয়ে দেয় চীন। মাত্র ১৯ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি বাণিজ্য চীনে করতে পেরেছে যুক্তরাষ্ট্র। ২০১৮ সালে সেটা কমে হয়ে যায় মাত্র তিন বিলিয়ন মার্কিন ডলারে। এতে দুই দেশের কৃষকদেরই বিপুল ক্ষতির মুখে পড়তে হয়।

আন্দোলন করে জেল খেটেছিলেন নোবেলজয়ী অভিজিৎ

0

এবছর অর্থনীতিতে নোবেলজয়ী ভারতীয় বাঙালি বংশোদ্ভূত মার্কিন অধ্যাপক অভিজিৎ ব্যানার্জি যখন দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পড়তেন তখন ছাত্র আন্দোলন করতে গিয়ে জেল খেটেছিলেন। ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি নিজেই এমন কথা জানান।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ১৯৮৩ সালে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতিকে বরখাস্ত করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্যের বাড়ি ঘেরাও করেন। তার জেরে অভিজিতসহ অনেকেকে গ্রেফতার করা হয়।

২০১৬ সালে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় রাষ্ট্রদ্রোহ বিতর্ক নিয়ে যে আন্দোলন হয়েছিল ঠিক তেমনই একটি আন্দোলন হয়েছিল ১৯৮৩ সালে। অভিজিৎ ব্যানার্জি তখন বিশ্ববিদ্যালয়টির ছাত্র। উপাচার্যের বিরুদ্ধে সেই আন্দোলনে যোগ দিয়ে বন্ধুদের সঙ্গে ১০ দিন তিহার জেলে ছিলেন তিনি।

হিন্দুস্তান টাইমসে ২০১৬ সালে প্রকাশিত এক সাক্ষাৎকারে অভিজিৎ ব্যানার্জি তিহারের জেলে থাকার সেই অভিজ্ঞতার কথা জানিয়ে বলেছিলেন, তাকে ও তার বন্ধুদের জেলে নানাভাবে অত্যাচার করা হয়েছিল। পেটানো হয়েছিল লাঠি দিয়ে। হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছিল। অবশ্য পরে তা প্রত্যাহার করা হয়।

১৯৮৩ সালের ওই দিন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অনির্দিষ্টকালের জন্য ঘেরাও করেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ ছিল, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতিকে অনৈতিকভাবে অপসারণ করা হয়েছে।

অভিজিৎ সেই সাক্ষাৎকারে বলেন, ‘গ্রেপ্তার করার পর তিহার জেলে নিয়ে পুলিশ আমাদের মারধর শুরু করে। আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ না আনা হলেও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা দায়ের করা হয়। পরে অবশ্য সেই অভিযোগ থেকে মুক্তি পেয়েছিলাম। তবে জেলে ১০ দিন বন্দি ছিলাম আমরা।’

সেই ঘটনা প্রসঙ্গে ২০১৬ সালের জেএনইউ-এর আন্দোলন সম্পর্কে অভিজিৎ বলেছিলেন, ‘ফের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাক গলানোর চেষ্টা করছে সরকার।’ অভিজিতের কথায়, গ্রেপ্তার করার পর তখন পুলিশ তাদের বলেছিল, ‘আমরা বস। তোমরা চুপ থাকো, ভদ্রভাবে থাকো।’

২০১৬ সালে জেএনইউতে আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টির ছাত্রনেতা কানহাইয়া কুমার, উমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্যদের ক্যাম্পাসকে দেশদ্রোহীদের আখড়া বানানোর অভিযোগে জেলে পাঠানো হয়েছিল। তখন এক জাতীয় সংবাদপত্র অভিজিৎ ব্যানার্জি এই সাক্ষাৎকার দেন।

সক্ষাৎকারে অভিজিৎ ব্যানার্জি বলেছিলেন, ‘ভর্তি প্রক্রিয়া বদলানোর দাবিতে আন্দোলন হচ্ছিল। ফি এত বাড়িয়ে দেয়া হয় যে তা অনেক শিক্ষার্থীদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছিল। ছাত্র সংসদ এর প্রতিবাদ করায় তৎকালীন ছাত্র সংসদের সভাপতিকে বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।’

তারপরই ছাত্র আন্দোলন আরও তীব্র হয় জানিয়ে অভিজিৎ বলেন, ‘সেই আন্দোলন দমন করতেই পুলিশ ঢোকে ক্যাম্পাসে। আমাদের মারতে মারতে জেলে নিয়ে যাওয়া হয়। সন্দেহ নেই এতে রাষ্ট্রের প্রত্যক্ষ মদত ছিল। তারা আমাদের বলেছিল, ‘আমরা বস। আমাদের কথার ওপর কথা বলা যাবে না।’

অর্থনাীতিতে সস্ত্রীক নোবেল পুরস্কার পেলেন জিতেছেন অভিজিৎ বিনায়ক ব্যানার্জি। রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন ও ড. মুহম্মদ ইউনুসের পর চতুর্থ বাঙালি হিসেবে নোবেল পুরস্কার পেলেন তিনি। নোবেল পাওয়া অভিজিৎ ১৯৬১ সালে কলকাতায় এক বাঙালি অধ্যাপক পরিবারে জন্ম গ্রহণ করেন।

অভিজিৎ বিনায়ক ব্যানার্জির প্রাথমিক পড়াশোনা কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে। তারপর কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করে ওই বছরই স্নাতকোত্তর পড়তে চলে যান দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে।

জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শেষে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যান পিএইচডি করতে। হার্ভার্ডে তার গবেষণার বিষয় ছিল ইনফরমেশন ইকোনোমিক্স। সফলভাবে পিএইচডি শেষে তিনি সেখানেই অধ্যাপনা শুরু করেন।

কলকাতায় জন্ম নেয়া নেয়া অভিজিতের মা-বাবাও অধ্যাপনার সঙ্গে যুক্ত। তার মা নির্মলা ব্যানার্জি কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস এবং বাবা দীপক ব্যানার্জি কলকাতার প্রেসিডেন্সি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন।

অমর্ত্য সেনের পরে দ্বিতীয় বাঙালি হিসেবে অর্থনীতিতে নোবেল পেলেন অভিজিৎ ব্যানার্জি। একই সঙ্গে ফরাসি বংশোদ্ভূত তার স্ত্রী এসথার ডাফলোও গত ৫০ বছর পর দ্বিতীয় এবং সর্বকনিষ্ঠ নারী হিসেবে অর্থনীতিতে নোবেল পেয়েছেন।

কিমের ‘টর্চার রুম’-এর কথা জানলে শিউরে উঠবেন

0

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। যার অঙ্গুলি হেলনে কোন ছোট কাজ নয়, ভয়ঙ্কর সব মিসাইল আছড়ে পড়ে এ-প্রান্ত থেকে ও-প্রান্তে। যার একটা পদক্ষেপই যথেষ্ট বিভিন্ন দেশের কপালে ভাঁজ ফেলার জন্য। কিন্তু এতদিন যা প্রকাশ্যে এসেছে তা কিছুই নয়।

কিম জং উনের টর্চার রুমে’র কথা যারা জানে তারাই জানে এর ভয়াবহতা। এই ‘টর্চার রুমে’ জীবন্ত গেলেও, দেহ ফিরে আসে নিথর-প্রাণহীন হয়ে। এই রুম এতটাই ভয়ঙ্কর যে হিটলারকেও নাকি হার মানাবে, এমনই মত অনেকের। প্রকাশিত একটি খবর থেকে উঠে এসেছে এমনই তথ্য৷ চলুন চোখ রাখা

এক নির্যাতিতের বক্তব্য অনুযায়ী, এই কক্ষে আপনি একা বসে বসে শুধু মৃত্যুর অপেক্ষা করতে বাধ্য হবেন। প্রতিরাতে আলো নিভে যাওয়ার পরও শোনা যায় বিভিন্ন কক্ষ থেকে চিৎকারের শব্দ। কারণ কেউ না কেউ সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, অবধারিতভাবে ধরাও পড়ে যায়। আর তারপর তাকে নগ্ন করে চলে রাতভোর অত্যাচার৷ প্রতিদিনই সেখানে এই অত্যাচারের ফলে কেউ না কেউ মারা যায়।

এক নির্যাতিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেন, যেন ভগবান সেই মৃত্যুপুরী থেকে বাকিদের উদ্ধার করেন৷ এমনসব কক্ষে বন্দিদের রাখা হয়, যেখানে সে ঠিকভাবে বসতে বা শুয়ে থাকতেও পারবে না। উঠে দাঁড়ানো তো দূরের বিষয়। কিছুটা কুকুরদের থাকার জায়গার মতো। ওখানেই বন্দিদের থাকতে হয়, খেতে হয়। তার মধ্যেই শৌচকর্ম করতে হয়।

অত্যাচার থেকে মুক্তি পেতে বন্দিরা পালানোর চেষ্টা করলে তাদের গুলি করে হত্যা করা হয়, আর সেই দেহ অন্য বন্দিদের দেখিয়ে ভয় দেখানোর পালা চলে৷ দিনে একবার এক বাটি ভাত দেওয়া হয়৷ তাতে বেশিরভাগটাই থাকে জল৷ আর তার মান এমনই যে বেশিরভাগ সময়েই তার থেকে পচা গন্ধ বেরিয়ে আসতে থাকে৷ তা না খেলে, খালি পেটেই থাকতে হয়৷ দিনে ১৮ ঘন্টা করে কাজ করানো হয় তাদেরকে৷ আর তাতে না বললেই শুরু হয় অত্যাচার৷ কোনও নিয়মভঙ্গ করলেই এখানে একটাই শাস্তি। আর তা হলো মৃত্যু৷ এমন নিষ্ঠুরতার কথা হয়তো কেউ শোনেনি। শুনবেই বা কি করে? সংবাদমাধ্যমের ও যে হাত পা বাঁধা।

কিম জং উনের সেই মৃত্যুপুরীতে গার্ডের কাজ করে আসা লিম চোখে দেখা সেইসব অত্যাচারের বিবরণ দেয়৷ সে জানায়, দুই হাত পিছনে বেঁধে দিয়ে বন্দির মুখ দেওয়াল বা টেবিলে ঠুকে দেওয়া হতো। দিনরাত চলত অত্যাচারের খেলা চলে সেই নরকে। লিমের মতে পুরুষ নিরাপত্তা রক্ষীরা নারী বন্দিদের ধর্ষণ করত। লিম স্বচক্ষে এমন হাজার হাজার ধর্ষণ আর খুন হতে দেখেছে। এখানেই শেষ নয়, তাদের জীবন্ত জ্বালিয়েও দেওয়া হয়। গর্ভবতী হলে নারী বন্দিদের জোর করে গর্ভপাত করান হয়। তাদের পেটে আঘাত করা হয় বারবার। তারপরে বাচ্চা জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত অবস্থায় কবর দিয়ে দেওয়া হয়। খুব কম জনই এই নরক থেকে পালাতে সক্ষম হয়েছে।

সূত্র : কোলকাতা২৪

‘প্রেমিক এইডস আক্রান্ত, আমাকে জানায়নি, ওর শাস্তি চাই’

0

ভারতের আহমেদাবাদের বস্ত্রাপুরের বাসিন্দা ৩৭ বছরের পারুলের (নাম পরিবর্তিত) ফোন পেয়ে অবাক হয়ে গিয়েছিলেন নারী হেল্পলাইনের অফিসাররা। তাঁর প্রেমিক এইডস আক্রান্ত, সে কথা জানতে পেরে আইনি ব্যবস্থা নিতে চেয়ে নারী হেল্পলাইনে ফোন করেন তিনি। নিজের অসুখের কথা গোপন করে দীর্ঘদিন ধরে ওই ব্য়ক্তি তাঁর সঙ্গে সম্পর্ক রেখে গিয়েছেন বলে অভিযোগ তাঁর।

১২ বছর ধরে বিবাহিত পারুলের দুই সন্তানও রয়েছে। অফিসের প্রাক্তন সহকর্মীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে জানতে পারেন যে তিনি এইচআইভি পজিটিভ। ৪০ বছর বয়সী ওই প্রেমিককে চেপে ধরলে তখন তিনি স্বীকার করেন যে নিজের অসুখের কথা গোপন করে গিয়েছিলেন তিনি।

অনুতাপে জর্জরিত পারুল স্বামীকে ডিভোর্স দেন। দুই সন্তানও তাঁর স্বামীর কাছেই থেকে যায়। এরপরও ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক চালিয়ে যান পারুল। কিন্তু সম্প্রতি তিনি জানতে পারেন যে অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন ওই ব্যক্তি। আরও একজনের জীবন যাতে নষ্ট না হয়ে যায়, সেই জন্যই এবার পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। এইসময়

ক্রমেই ঝুঁকির মধ্যে পড়ছে বিশ্ব অর্থনীতি

0

অস্থিতিশীল ব্যাংকিং খাত, ক্রমবর্ধমান খেলাপি ঋণ আর লাগামহীন অর্থপাচারের কারণে ক্রমেই ঝুঁকির মধ্যে পড়ছে বিশ্ব অর্থনীতি। আর এই সংকট কাটাতে আর্থিক খাত নিয়ন্ত্রকদের ওপর নজর রাখতে চায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এমন ঘোষণাতেই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে শুরু হয়েছে বিশ্ব ব্যাংক-আইএমএফ বার্ষিক সম্মেলন।

বিশ্ব অর্থনীতির সর্বোচ্চ নীতিনির্ধারকদের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠেছে বিশ্ব ব্যাংক-আইএমএফের বার্ষিক সম্মেলনের। উদ্বোধনী সেশনেই বৈশ্বিক অর্থনীতির সম্ভাব্য ঝুঁকি নিয়ে দীর্ঘ আলোচনায় অংশ নেন আন্তর্জাতিক অর্থনীতি পর্যালোচকরা।

আগামীতে সদস্য দেশগুলোতে শক্তিশালী আর্থিক খাত দেখতে চায় আইএমএফ। উন্নয়নশীল দেশগুলোতে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ না করায় ক্রমেই খেলাপি ঋণ, অর্থপাচার বাড়ছে বলে মনে করে সংস্থাটি। যে কারণে ডলারের বিপরীতে বিভিন্ন দেশের মুদ্রা বিনিময় হারেও দেখা দিচ্ছে অস্বাভাবিকতা। এই অবস্থায় সংকট উত্তরণে সক্রিয় ভূমিকা রাখতে চায় বিশ্বব্যাংক ও আইএমইফ। আর বাংলাদেশ খুঁজছে আর্থিক খাতের অস্থিতিশীলতা কাটিয়ে ওঠার উপায়।

সাত দিনের সম্মেলনে বিশ্বজুড়ে বিনিয়োগকারী উদ্যোক্তাদের চোখ থাকবে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদন ও গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্টের দিকে।

যৌথভাবে বুকার প্রাইজ পেলেন অ্যাটউড-এভারিস্তো

0

বুকার প্রাইজ -২০১৯ এর পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর যৌথভাবে বুকার প্রাইজ দেওয়া হয়েছে। এ পুরস্কার পেয়েছেন দুজন নারী। এরা হলেন মার্গারেট অ্যাটউড এবং বার্নার্ডিনে এভারিস্তো।

জানা গেছে, অ্যাটউডকে তার লেখা ‘দ্য টেস্টামেন্টস’-এর জন্য এবং এভারিস্তোকে তার উপন্যাস ‘গার্ল, ওম্যান, আদার’-এর জন্য ৫০ হাজার পাউন্ডের পুরস্কার সমান ভাগ করে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

অ্যাটউডের বয়স ৭৯ বছর। তিনি এ যাবতকাল বুকার পুরস্কার পাওয়া লেখক বা লেখিকাদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী পুরস্কার বিজয়ী।

এদিকে, প্রথম একজন কৃষ্ণাঙ্গ নারী হিসেবে এ পুরস্কার জিতেছেন এভারিস্তো।

এবার এ পুরস্কারের জন্য অন্য নমিনি যারা ছিলেন তারা হলেন-লুসি এলম্যান, ছিগোজি ওবিওমা, সালমান রুশদি ও এলিফ শাফাক।

সূত্র : দ্য গার্ডিয়ান

শায়েস্তাগঞ্জে কথিত বন্দুকযুদ্ধ, নিহত ১

0

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কুদরত আলী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী পুরাসুন্ধা বাঁশ বাগান এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত কুদরত আলী হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের ওমর আলীর ছেলে। গোয়েন্দা পুলিশের দাবি, তিনি ডাকাতদলের সদস্য ছিলেন। এ ঘটনায় হবিগঞ্জ ডিবি পুলিশের দুই এসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে পাইপগানসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে ডিবির পক্ষ থেকে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের ভাষ্যমতে, কুদরত আলীসহ ১০-১২ জনের একদল ডাকাত ওই স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিকুল ইসলামসহ পুলিশ সদস্যরা অভিযান চালান। এ সময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই মারা যান ডাকাত কুদরত।

‘বন্দুকযুদ্ধে’ চলাকালে হবিগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম ও মোজাম্মেল হক এবং কনস্টেবল রনি ও জয়নুল হক আঘাতপ্রাপ্ত হন। তারা হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ওসি বলেন, ‘নিহত কুদরতের বিরুদ্ধে হবিগঞ্জের বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। এ ব্যাপারে দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন।’

রংমহলে প্রভাবশালীরা আসতেন, গোপন ক্যামেরায় ধারণ হতো ছবি

0

একে একে বেরিয়ে আসছে বাংলাদেশে অনলাইন ক্যাসিনোর মূল হোতা সেলিম প্রধান ওরফে ক্যাসিনো সেলিমের যত অপকর্মের তথ্য। তদন্তকারীরা বলছেন, এরই মধ্যে চারটি দেশে তাঁর হাজার কোটি টাকা সরানোর তথ্য পাওয়া গেছে। কোন পথে, কিভাবে এ অর্থ পাচার করা হয়েছে সেই তথ্য-প্রমাণ সংগ্রহের চেষ্টা করছেন তাঁরা। বিশ্বের বিভিন্ন দেশের গিয়ে বিয়ে করা এবং রংমহলের মাধ্যমে অনেকের সাথে সখ্য গড়ে তুলেছিলেন তিনি। র‍্যাবের তদন্তে এমনই সব তথ্য বেরিয়ে আসছে।

তদন্ত সূত্র জানায়, ২০১৭ সালে উত্তর কোরীয় নাগরিক দো-র সহায়তায় শুরু করা সেলিম প্রধানের অনলাইন জুয়ার মূল সার্ভার ফিলিপাইনের ম্যানিলায়। তিনি সেখান থেকে অনলাইন জুয়ার কপিরাইট কিনে ঢাকায় সার্ভার চালু করেন। নব্বইয়ের দশকে জাপানে গিয়ে বিয়ে করেন সেলিম। সেখানে গাড়ির ব্যবসা করতে গিয়ে প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে তিনটি মামলা হয়। একপর্যায়ে জাপান থেকে ফিরে যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানেও বিয়ে করেন সেলিম। পরে থাইল্যান্ডে বসতি গড়ে তোলেন। সেখানে হোটেল ও ক্যাসিনো ব্যবসা রয়েছে তাঁর। চারদলীয় জোট সরকারের আমলে গিয়াসউদ্দিন মামুনকে বিএমডাব্লিউ গাড়ি উপহার দিয়ে হাওয়া ভবনের ঘনিষ্ঠ হন সেলিম।

সূত্র মতে, থাই এয়ারওয়েজের উড়োজাহাজ থেকে সেলিমকে নামিয়ে আনার সময় তাঁর লাগেজ তল্লাশি করে পাওয়া যায় তিনটি মেমোরি কার্ড। সেখানে দেশি-বিদেশি তরুণীদের সঙ্গে অনেক ব্যক্তির অন্তরঙ্গ ছবি ছিল। এসব ছবি দেখিয়ে কোটি টাকা বা সুবিধা ভাগিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল সেলিমের। গুলশান-২ নম্বর সেকশনের ৯৯ নম্বর সড়কের ১১/১ মমতাজ ভিশন নামের বাড়ির দুটি ফ্লোর ভাড়া নিয়েছিলেন সেলিম। ওই বাড়ির তৃতীয় তলায় দ্বিতীয় স্ত্রীকে (বাঙালি) নিয়ে বসবাস করতেন তিনি। চতুর্থ তলায় ছিল তাঁর রংমহল। সেখানে তিনটি কক্ষ নাচ-গান ও বিশেষ ব্যক্তিদের মনোরঞ্জনে ব্যবহার করা হতো। একটি বিশেষ কক্ষে ভেন্টিলেটরের ওপর ছোট্ট গোপন ক্যামেরা বসানো ছিল। সেলিমের সহযোগী মাসুম ওই গোপন ক্যামেরায় ছবি ধারণ করতেন। জিজ্ঞাসাবাদে মাসুম র‌্যাবকে বলেছেন, “ছবি ধারণের পর সেলিম প্রধান প্রভাবশালী ব্যক্তিদের ‘প্রধান ক্লাবের’ সদস্য করে নিতেন। এরপর নিজের প্রয়োজনে ব্যবহার করতেন।” বনানীতে সেলিমের স্পা সেন্টারের পাশের কক্ষে প্রমোদকেন্দ্র খুলেছিলেন তিনি। এরই মধ্যে সেলিমের গাড়িচালক সুলাইমানকেও জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাব ও পুলিশ। তিনি বলেছেন, গুলশানের বাসার চারতলার অফিসে একটি গোপন কক্ষ রয়েছে। সেখানে গত ছয় মাসে অন্তত ১০০ তরুণীকে গাড়িতে করে নিয়ে গেছেন তিনি।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সেলিম প্রধান তাঁর অবৈধ আয়ের বিপুল পরিমাণ টাকা হুন্ডির মাধ্যমে থাইল্যান্ড, ফিলিপাইন, উত্তর কোরিয়া ও যুক্তরাজ্যে পাচার করেছেন। আরো কিভাবে অর্থ পাচার করেছেন, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

গত ৩০ সেপ্টেম্বর থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজ থেকে সেলিম প্রধানকে নামিয়ে আনে র‌্যাব। এরপর তাঁর গুলশান ও বনানীর বাসা এবং অফিসে অভিযান চালিয়ে ২৯ লাখ পাঁচ হাজার ৫০০ টাকা, ৭৭ লাখ ৬৩ হাজার টাকার সমপরিমাণ ২৩টি দেশের মুদ্রা, ১২টি পাসপোর্ট, ১৩টি ব্যাংকের ৩২টি চেক, ৪৮ বোতল বিদেশি মদ, একটি বড় সার্ভার, চারটি ল্যাপটপ ও দুটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। হরিণের চামড়া উদ্ধারের ঘটনায় বন্য প্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইনে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।