Home Blog Page 3430

মালয়েশিয়ায় সম্রাটের সেকেন্ড হোমের সন্ধান

0

যুবলীগ চেয়ারম্যানসহ ক্যাসিনোকাণ্ডে জড়িত ৪৩ জনের দেশে-বিদেশে বিপুল সম্পদের তথ্য-উপাত্ত পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই মধ্যে মালয়েশিয়ায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের ফ্ল্যাট ও ব্যাংক অ্যাকাউন্টের সুনির্দিষ্ট তথ্য মিলেছে। মালয়েশিয়া সরকারের সেকেন্ড হোম প্রকল্পের আওতায় ফ্ল্যাট কেনেন তিনি। গত এক সপ্তাহে গোয়েন্দা তথ্যের মাধ্যমে ক্যাসিনোকাণ্ডে জড়িতদের বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত হাতে পেয়েছে দুদক।

ক্যাসিনো বন্ধে সাঁড়াশি অভিযান শুরুর পর নাম আসতে থাকে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগসহ সরকারদলীয় অনেক নেতার। গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া, কেন্দ্রীয় যুবলীগ নেতা জি কে শামীমসহ বেশ কয়েকজনকে। ক্যাসিনোকাণ্ডে জড়িতদের বাসায় অভিযানকালে পাওয়া গেছে বিপুল পরিমাণ অর্থ।

এরই মধ্যে ক্যাসিনোকাণ্ডে জড়িতদের অবৈধ সম্পদ অনুসন্ধানে নামে দুদক। সম্প্রতি দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে বৈঠক হয় র‌্যাব এবং কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটের (বিএফআইইউ) মহাপরিচালকের সঙ্গে। ক্যাসিনোকাণ্ডে জড়িতদের বিষয়ে দুদককে বেশ কিছু তথ্য দেয় র‌্যাব ও বাংলাদেশ ব্যাংক।

দুর্নীতি দমন কমিশন সচিব মুহাম্মদ দিলোয়ার বখত জানান, এরই মধ্যে ৪৩ জনের তথ্য পাওয়া গেছে। তাঁদের সম্পদের বিবরণী নেওয়া হচ্ছে। অনুসন্ধানে সম্রাটের মালয়েশিয়ার আমপাং তেয়ারাকুন্ডতে ফ্ল্যাট থাকার তথ্য পেয়েছে দুদক। মালয়েশিয়া সরকারের সেকেন্ড হোম প্রকল্পের আওতায় ফ্ল্যাট কেনেন সম্রাট। এ ছাড়া মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকেও তাঁর লেনদেনের তথ্য মিলেছে।

সম্রাট ছাড়াও ক্যাসিনোকাণ্ডে জড়িত ৪২ জনের তথ্য এখন দুদকের অনুসন্ধান টেবিলে। ক্যাসিনোর পাশাপাশি এঁরা চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন উপায়ে অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে দুদকের কাছে অভিযোগ রয়েছে। মুহাম্মদ দিলোয়ার বখত বলেন, ‘সম্পদের আয়ের উৎস যদি সঠিকভাবে না পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা এবং মানি লন্ডারিংয়ের মামলা করা হবে।’ ক্যাসিনোর মাধ্যমে যাঁরা অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে, তাঁদের শিগগিরই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান দুদক সচিব।

যুবলীগ নেতা সম্রাট ও খালেদ ছাড়াও ক্যাসিনোকাণ্ডে যুক্ত হয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ, সহসভাপতি আরমানুল হক আরমান, সেলিম প্রধান, কাজল, তুহিন, খোরশেদ শফিকুল আলম সেন্টু, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা শফিকুল আলম ফিরোজ ওরফে কালা ফিরোজ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা মো. আবু কাউসার, নুরুল ইসলাম, বিসিবির পরিচালক লোকমান হোসেন, মিজানুর রহমান, আলী হোসেন, এনামুল হক এনু, রুপন ভূঁইয়াসহ এরই মধ্যে ৪৩ জনের বিরুদ্ধে ক্যাসিনোকাণ্ডে জড়িয়ে অঢেল অবৈধ সম্পদের মালিক হওয়ার তথ্য-উপাত্ত দুদক পেয়েছে বলে জানা গেছে।

ক্যাসিনোর সঙ্গে জড়িতদের কেউ কেউ গ্রেপ্তার হলেও বেশির ভাগই আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের পর আত্মগোপনে চলে গেছে। কেউ কেউ দেশের বাইরে চলে গেছে।

অভিযোগ রয়েছে এসব নেতার বিরুদ্ধে অবৈধ ক্যাসিনো ছাড়াও গণপূর্ত, ডিসিসি, শিক্ষা, ওয়াসা, সওজ, তিতাসসহ বিভিন্ন সংস্থায় একচেটিয়া টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ সব কিছুর নিয়ন্ত্রণের। আর এসব নিয়ন্ত্রণ করতেন যুবলীগের সম্রাট, খালেদ ভূঁইয়া, জি কে শামীমসহ আরো অনেকে। ক্যাসিনোর টাকার ভাগ পেতেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীসহ ক্ষমতাসীন দলের কয়েকজন প্রভাবশালী নেতা।

১৯ মাসে ১৩ বার বিদেশ সফরে সচিব, সঙ্গে স্ত্রী-পুত্র

0

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো—বিবিএস যে বিভাগের আওতাধীন, সেই পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী এখানে যোগদানের পর থেকে গত ১৯ মাসে ১৩ বার বিদেশ সফর করেছেন। গত বছরের ৩০ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে (সিড) যোগদানের পর এশিয়া, ইউরোপ, আমেরিকা এবং পূর্ব আফ্রিকার মরিশাসেও ভ্রমণ করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ৮৫ ব্যাচের এই কর্মকর্তা। সচিবদের বিদেশ ভ্রমণের ফাইল অনুমোদন প্রধানমন্ত্রীর হাতে এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২০১৩ সালের এক নির্দেশনায় বলা আছে, একজন সচিব বছরে চারবারের বেশি বিদেশ সফরে যেতে পারবেন না।

সিড সচিবের ১৩ বার বিদেশ সফরের সব কটির নথি কালের কণ্ঠ’র সংগ্রহে আছে। সেগুলো পর্যালোচনা করে দেখা গেছে, সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী যতবারই বিদেশ ভ্রমণ করেছেন, বেশির ভাগ সময়ই কখনো স্ত্রী, কখনো দুই সন্তানকে সঙ্গে করে নিয়ে গেছেন। সরকারি আদেশে উল্লেখ ছিল, বিদেশ ভ্রমণে পরিবারের সদস্যদের সব খরচ সচিব নিজে বহন করবেন।

সচিবের ঘন ঘন বিদেশ সফর ভালোভাবে নিচ্ছেন না পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এই বিভাগ ও পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তারাও সচিবের বিদেশ ভ্রমণপ্রীতিতে ক্ষুব্ধ। তাঁরা বলছেন, বিভাগের প্রধান যদি এভাবে ঘন ঘন বিদেশ সফরে যান, তখন সংস্থার কাজে ব্যাঘাত ঘটে। একাধিক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, সচিব যতবার বিদেশ ভ্রমণে গেছেন, তার বেশির ভাগই ছিল শিক্ষা সফর। এসব সফরে অধস্তন কর্মকর্তাদের পাঠালে তাঁরা বেশি উপকৃত হতেন।

জানা গেছে, বাংলাদেশে ষষ্ঠ জনশুমারি (আদমশুমারির নাম এবার থেকে হবে জনশুমারি) করার প্রস্তুতির অংশ হিসেবে গত ১ সেপ্টেম্বর চীন সফরে যান সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী। পাঁচ সদস্যের সরকারি প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন সচিবের ছেলে শৈব চক্রবর্ত্তী। সচিবের পাঁচ দিনের ওই সফরের সব খরচ বহন করা হয়েছে বিবিএসের চলমান কৃষিশুমারি প্রকল্প থেকে। সরকারি আদেশে বলা আছে, সচিবের ছেলের সব খরচ সচিব নিজে বহন করবেন। বিবিএসের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে পঞ্চম আদমশুমারি হয়েছিল ২০১১ সালে। ষষ্ঠ জনশুমারির প্রাথমিক কাজ শুরু করেছে বিবিএস, যদিও প্রকল্পটি এখনো অনুমোদন পায়নি। জনশুমারি প্রকল্প অনুমোদন না পেলেও সচিবের ওই সফরের খরচ কৃষিশুমারি প্রকল্প থেকে নেওয়া হয়েছে, যা অস্বাভাবিক।

মালদ্বীপে আদমশুমারির কাজ দেখতে গত ৩ ফেব্রুয়ারি মালদ্বীপ সফরে যান সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী। ৩ থেকে ৭ ফেব্রুয়ারি সেখানে অবস্থান করেন তিনি। এই সফরের পুরো খরচ বহন করা হয় বিবিএসকে শক্তিশালীকরণ প্রকল্প থেকে। এখানে তাঁর সফরসঙ্গী হন তাঁর স্ত্রী রক্তিমা চক্রবর্ত্তী, তবে স্ত্রীর খরচ সচিবকেই বহন করার কথা বলা আছে জিওতে।

পূর্ব আফ্রিকার দ্বীপ রাষ্ট্র মরিশাসের পরিসংখ্যানের সঙ্গে বাংলাদেশের পরিসংখ্যানের অভিজ্ঞতা ভাগাভাগি করতে গত ২ জুলাই সে দেশে যান সচিব সৌরেন্দ্রনাথ। ছয় দিনের ওই সফরে চার সদস্যের সরকারি প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। ছয় দিনের এই সফরের খরচ বহন করা হয়েছে বিবিএসের সিআরভিএস নামের একটি প্রকল্প থেকে।

এর আগে আগস্ট মাসে বিশ্ব বাণিজ্য সংস্থার সঙ্গে বৈঠকে অংশ নিতে সুইজারল্যান্ডের জেনেভায় যান সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী। সেখানেও সফরসঙ্গী ছিলেন তাঁর স্ত্রী। একই সফরে সস্ত্রীক নেদারল্যান্ডসেও যান তিনি।

দক্ষিণ কোরিয়ার জনশুমারির তথ্য প্রক্রিয়াকরণ এবং বিশ্লেষণের প্রক্রিয়া দেখতে গত ৬ মে সে দেশে সফরে যান সচিব সৌরেন্দ্রনাথ। পাঁচ সদস্যদের প্রতিনিধিদল ঢাকায় ফিরে আসে ১০ মে। সচিবের এই সফরের সব খরচ বহন করা হয় বিবিএসের তাঁতশুমারি থেকে। এই সফরেও সচিবের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। জাতিসংঘের ৫০তম পরিসংখ্যান কমিশনের সেশনে অংশ নিতে ২৭ ফেব্রুয়ারি থেকে আট মার্চ যুক্তরাষ্ট্র সফরে যান সচিব। তিন সদস্যের এই প্রতিনিধিদলের সব খরচ বহন করে জাতিসংঘের জনসংখ্যা তহবিল। জাতিসংঘের এই সফরে সৌরেন্দ্রনাথের আরেক ছেলে শোভন চক্রবর্ত্তী যান যুক্তরাষ্ট্রে। ছেলের খরচ সচিবই বহন করবেন বলে সরকারি আদেশে বলা হয়েছে।

গত বছর ৫ থেকে ১০ সেপ্টেম্বর ভুটান সফরে যান সচিব। ওই সফরে প্রতিনিধি সংখ্যা ছিল পাঁচ। সফরের পুরো টাকা বহন করা হয়েছে তাঁতশুমারি থেকে। এখানেও তাঁর সফরসঙ্গী ছিলেন স্ত্রী রক্তিমা চক্রবর্ত্তী ও ছেলে শৈব চক্রবর্ত্তী। স্ত্রী ও ছেলের খরচ নিজেই বহন করবেন বলে সরকারি আদেশে উল্লেখ ছিল। এটিও ছিল শিক্ষা সফর।

গত বছর ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ভারত সফরে যান সচিব। তিন সদস্যের ওই প্রতিনিধিদলের পুরো খরচ বহন করা হয়েছে বিবিএসের এনএসডিএস প্রকল্প থেকে। অন্যদিকে গত বছরের মাঝামাঝি তুরস্ক সফরে যান তিনি। মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকস অব বাংলাদেশ (এমএসভিএসবি) প্রকল্প থেকে সব খরচ বহন করা হয়।

তথ্য বলছে, গত বছর নভেম্বরে রাশিয়া সফরে যান সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী। ওই সফরে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী। সফরে রাশিয়ার পরিসংখ্যান বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সচিব। সচিবের ফেসবুক পেজে রাশিয়াসহ সবগুলো দেশ সফরের বেশ কিছু ছবি আপলোড করা হয়েছে।

সচিবের সঙ্গে স্ত্রী-পুত্রের সফরের খরচ কিভাবে জোগানো হয়েছে, অনেক চেষ্টা করেও জানা যায়নি। তবে এটা জানা গেছে যে, ওই ১৩ দেশে সচিবের সঙ্গে তাঁর স্ত্রী অথবা পুত্র—কেউ না কেউ ছিলেনই; কোনো কোনো দেশে আবার দুজনই ছিলেন। ট্রাভেলিং এজেন্সি ট্যুরিজম উইন্ডোর সিইও মনিরুজ্জামান মাসুমের কাছে জানতে চাইলে তিনি হিসাব দেন, ওই ১৩ দেশে একজনের গড়ে পাঁচ দিন করে ভ্রমণে গরিবানা হালে ধরলেও কমপক্ষে ২০ লাখ টাকা খরচ হবে।

বিষয়টি গত ১৮ সেপ্টেম্বর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সামনে তুললে মন্ত্রী বলেন, ‘পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিবের ওই ১৩ সফরের সব কটি প্রয়োজনীয় ছিল না। অনেকটাই অহেতুক ও অপ্রাসঙ্গিক। স্বল্প সময়ের শিক্ষা সফরে সচিবের বিদেশ যাওয়ার সঙ্গে আমি একমত নই। আমি হলে যেতাম না।’

স্বজন হারানোর বেদনা আমি বুঝি

0

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

আজ সোমবার বিকেল পাঁচটার দিকে আবরারের বাবা-মা ও পরিবারের সদস্যরা গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলে তাদের এ আশ্বাস দেন তিনি।

গণভবন সূত্র জানায়, বিকালে আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, মা রোকেয়া বেগম এবং ছোট ভাই আবরার ফাইয়াজ গণভবনে যান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। এসময় তাদের সান্তনা দেন শেখ হাসিনা।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি জানান, বুয়েট ছাত্রলীগের একদল নেতাকর্মীর হাতে নিহত আবরার ফাহাদ হত্যার বিচার দ্রুত শেষ করতে ইতিমধ্যে আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় নিহত আবরারের মা রোকেয়া খাতুন প্রধানমন্ত্রীকে বলেন, আপনি মায়ের আসনে থেকে ঘটনার পর হত্যাকারীদের বিরুদ্ধে যে কঠোর ভূমিকা নিয়েছেন সে জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই।

গণভবনে আবরার ফাহাদের মা রোকেয়া খাতুনের সাথে সাক্ষাতের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে জড়িয়ে ধরেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি ঘটনাটি শোনার সাথে সাথে সিসি টিভি ফুটেজ দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। আমি দেখতে চাইনি কে কার লোক। আপরাধী কে বা কোন দল করে সেটা বিবেচনা করিনি।

প্রধানমন্ত্রী বলেন, ওই সময় কিছু শিক্ষার্থী ভিডিও ফুটেজ আটকানোর চেষ্টা করেছে। সেটা তারা কেন করেছে তা এখনো আমার বোধগম্য নয়। তা না হলে হয়তো সব অপরাধী আরও আগেই গ্রেপ্তার হতো।

তিনি আবরারের মায়ের উদ্দেশে বলেন, আপনাকে সান্তনা জানানোর ভাষা আমার জানা নেই। শুধু বলবো আমাকে দেখেন। স্বজন হারানোর বেদনা আমি বুঝি। আমিও এক রাতে সব হারিয়েছিলাম। আমি তখন বিচারও পাইনি।

এসময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান।

ইয়াবার বিস্তার রোধ না করলে সব ধ্বংস হয়ে যাবে : রাষ্ট্রপতি

0

মদ, জুয়া, চাঁদাবাজিসহ সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আমি শুনেছি ইটনা মিঠামইন অষ্টগ্রামে ইয়াবা ঢুকে গেছে। সবাইকে লক্ষ্য রাখতে হবে যেন এর বিস্তার আর না ঘটে। তা না হলে সবকিছু ধ্বংস হয়ে যাবে।

আজ সোমবার (১৪ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের অষ্টগ্রামে নাগরিক কমিটি আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, হাওরের থানাগুলোতে এক সময় স্কুল-কলেজ ছিল না। আমাকে স্কুল ও কলেজে পড়তে ভৈরব ও কিশোরগঞ্জে থাকতে হয়েছে। তখন ওরা আমাদের ‘উত্তইরা ভূত’ ও ‘ভাইট্যা গাবর’ বলেছে। এখন হাওরের প্রতিটি থানায় এক বা একাধিক স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেছি। এখন হাজার হাজার ছাত্রছাত্রী এসব শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে। কিন্তু এখান থেকে বেরিয়ে গিয়ে কেউ বিসিএস-এ টিকতে পারছে না’। তিনি হাওরাঞ্চলের শিক্ষার মান নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে প্রশ্ন রাখেন, ‘এমন হবে কেন’?

হাওরের অষ্টগ্রাম থেকে মিঠামইন হয়ে ইটনা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ অল অয়েদার রোড (‘আবুরা’ বা উঁচু রাস্তা) করার সময় অধিগ্রহণ করা জমির মালিকরা এখনো ক্ষতিপূরণ না পাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রাষ্ট্রপতি সমাবেশে বলেন, অধিগ্রহণের সময় জমির বাজার মূল্য থেকে ক্ষতিপূরণ হিসাবে দেড়গুণ দাম দেওয়ার নিয়ম ছিল। এখন সেই ক্ষতিপূরণ বাবদ তিনগুণ মূল্য পরিশোধ করা হয়। সে কারণে হাওরের মানুষ যেন তাদের অধিগ্রহণ করা জমির মূল্য বেশি পায় তা ভেবে দেরিতে ক্ষতিপূরণ পরিশোধ করার ব্যবস্থা করেছি।

রাষ্ট্রপতি বলেন, অষ্টগ্রাম থেকে বাঙ্গালপাড়ার রাস্তা করা হয়েছে। নোয়াগাঁও থেকে চাতলপাড় ব্রিজ হলেই হাওরবাসী খুব সহজেই সড়কপথে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যেতে পারবে। তবে নদীর ওপর ব্রিজ করার জন্য আন্তর্জাতিক ট্রেন্ডার ইত্যাদির জন্য সময় লাগবে। আপাতত ফেরি দিলেই মানুষ চলাচল করতে পারবে।

রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের অর্থনীতি যেভাবে এগিয়ে চলেছে, এর ধারাবাহিকতা বজায় থাকলে হাওরে একদিন ফ্লাইওভার হবে। তিনি সকলকে অল অয়েদার রোড ও বিভিন্ন বাঁধের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, হাওরের পরিবেশ নষ্ট করা যাবে না। অল অয়েদার রোড ঘেঁষে ঘরবাড়ি ও স্থাপনা করা যাবে না। হাওরে অপরিকল্পিতভাবে গ্রাম সৃজন করা যাবে না। বাইরের কোনো বড় কোম্পানি যেন হাওরে জায়গাজমি কিনতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার আহ্বান জানিয়ে জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, মানুষের সঙ্গে ভাব ধরলে চলবে না। বেটাগিরি দেখানো যাবে না। আমি এমপি থেকে ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় উপনেতা, স্পিকার থেকে রাষ্ট্রপতি হয়েছি। জনগণই আমাকে এ জায়গায় নিয়ে গেছে। আমি তো কারো সাথে কখনো বেটাগিরি দেখাইনি! তিনি স্পষ্ট ভাষায় বলেন, জনপ্রতিনিধিরা ঠিকাদারি করতে পারবে না। নেতাদের উদ্দেশ্যে বলেন, থানার দালালি বন্ধ করতে হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার সমাবেশে কিশোরগঞ্জের হাওরের সকল উপজেলায় স্টেডিয়াম, শিল্পকলা একাডেমি ও মডেল মসজিদ নির্মাণের আশ্বাস দেন। এ ছাড়া অষ্টগ্রামের আব্দুল্লাহপুর ও আদমপুর ইউনিয়নবাসীকে তাঁর ভাষায় ‘মারামারি, কাটাকাটি, খোনাখুনি’ বন্ধের আহ্বান জানিয়ে বলেন, ওইসব এলাকার অন্তত ৫০০ লোক বিদেশে থাকে। এসব করে মামলা-মোকদ্দমার পেছনে টাকা খরচ না করলে ওই এলাকা শহরে রূপান্তরিত হতো।

অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত সুধী সমাবেশে কিশোরগঞ্জ-৫ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ আসনের এমপি ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ-৫ আসনের এমপি মো. আফজাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা পরিষদ সদস্য ও মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দারি, অষ্টগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম, অষ্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মুজতাবা আরিফ খান প্রমুখ।

এ সময় মঞ্চে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মোর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক, জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহজাহান উপস্থিত ছিলেন।

সোমবার রাতে রাষ্ট্রপতি অষ্টগ্রাম সরকারি ডাকবাংলায় রাত্রিযাপন করবেন। কাল মঙ্গলবার তিনি অল অয়েদার রোড, অষ্টগ্রাম-বাঙ্গালপাড়া রাস্তাসহ চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন। দুপুরের পর হেলিকপ্টারযোগে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

যুক্তরাষ্ট্রের হাড়গোড় গুঁড়িয়ে দেয়ার হুমিক চীনা প্রেসিডেন্টের

0

চীনকে ভাঙ্গার চেষ্টা হলে হাড়গোড় গুঁড়িয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে শি বলেন, হংকং নিয়ে বেশি বাড়াবাড়ি করলে পরিণতি হবে ভয়াবহ। নেপাল সফরে বিপুল অংকের অর্থ সহায়তা ঘোষণার সময় হংকং-এর চলমান ইস্যু নিয়ে তিনি এ কথা বলেন।

শি-এর এমন হুমকির মধ্যেই হংকংয়ে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। জ্বালাও-পোড়াওয়ের দায়ে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।

হংকং-এ চলমান আন্দোলনের অংশ হিসেবে রোববারও গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক তাণ্ডব চালায় হংকং-এর গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীরা। অনেক জায়গায় থেকে লুটপাটেরও খবর পাওয়া যায়।

কিছু কালো মুখোশধারী রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাদের বাধা দেয় নিরাপত্তা বাহিনী। এক পর্যায়ে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা পুলিশের দিকে ঢিল ছুড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় পরিণত হয় রণক্ষেত্রে। এঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়।

দীর্ঘদিন ধরে চলা চীনবিরোধী আন্দোলনে বিপাকে পড়েছেন পর্যটকরা। তারা বলছেন, জ্বালাও পোড়াও কর্মসূচির কারণে শহরের যান চলাচল, দোকান পাট ও ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রায় সময়ই দুর্ভোগে পড়তে হচ্ছে।

তারা বলছেন, কিছুক্ষণ আগে এখনকার পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু পাঁচ মিনিটের মধ্যে এখানে গণ্ডগোল শুরু হয়ে গেছে। পুলিশি প্রতিহত করার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। এখন হংকং ভ্রমণে অনিরাপদ মনে হচ্ছে।

আমি জার্মানি থেকে এখানে ঘুরতে এসেছি। তবে সহিংসতার কারণে এখানে পরিবহন সংকটে পড়েছি।

এর মধ্যে দুই দিনের নেপাল সফরে দেশটির প্রেসিডেন্ট কেপি শর্মা অলির সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকে উঠে আসে হংকং ইস্যু। চলমান আন্দোলন প্রসঙ্গে শি জিনপিং বলেন, চীন থেকে হংকংকে আলাদা করার কথা কেউ চিন্তা করলে তার পরিণতি ভয়াবহ হবে। এমনকি কোন দেশ এমন দুঃসাহসিক চিন্তা করলে তাদের অবস্থা ‘খণ্ড-বিখণ্ড’ শরীরের মতো করে দেয়া হবে। এছাড়া বৈঠকে কাঠমণ্ডুকে প্রায় পাঁচ হাজার ৬’শ কোটি রুপির অর্থ সহায়তার আশ্বসও দেন চীনা প্রেসিডেন্ট।

চার মাসের বেশি সময় ধরে চলা বিক্ষোভের মুখে বিতর্কিত অপরাধী প্রত্যর্পণ বিল বাতিল করা হলেও, এখনো আরো বেশকিছু দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে হংকং-এর গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীরা।

জনপ্রিয় কোরিয়ান তারকা সুলি কি আত্মহত্যা করলেন?

0

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ তারকা সুলির মরদেহ উদ্ধার করা হয়েছে তার ঘর থেকে। তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করলেও সুলি ‘নো ব্রা’ আন্দোলনের জন্য বিতর্কিত হওয়ায় তার এমন মৃত্যু নিয়ে নানা প্রশ্ন ও গুঞ্জন তৈরি হয়েছে।

বিবিসির প্রতিবেদনে পুলিশের বরাতে জানানো হয়েছে, সুলি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে নিজের বাড়িতে বসবাস করতেন। সোমবার তার ম্যানেজার বাড়িতে গিয়ে সুলির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ বলছে, তারা সুলির অস্বাভাবিক এই মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করেছে। তবে প্রাথমিক তদন্তে অনুমান করেছে যে সুলি আত্মহত্যা করেছেন। প্রসঙ্গত, ২০১৫ সাল পর্যন্ত সুলি দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড এফের (এক্স) সদস্য ছিলেন।

২০১৫ সালে যখন ব্যান্ড ছেড়ে দেন তখন তিনি কারণ হিসেবে অভিনয়ের দিকে বেশি মনযোগ দেয়ার কথা জানান। অনেকে মনে করেন, সুলিকে নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পর তাকে ব্যান্ড থেকে বহিষ্কার করা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৫০ লাখের বেশি।

পপ তারকা সুলি তার স্পষ্টবাদী বক্তব্য ও ‘বিতর্কিত’ কর্মকাণ্ডের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সমালোচিত ছিলেন। তার ‘নো ব্রা’ আন্দোলনে সমর্থন ছিল না অনেকের। তাই বিষয়টি নিয়ে তাকে অনলাইনসহ নানা মাধ্যমে অনেকবার হয়রানির শিকার হতে হয়েছে।

সুলির প্রকৃত নাম চোই জিন রি। ২০১৭ সালে সুলির ঘনিষ্ঠ বন্ধু আরেক কোরিয়ান পপ তারকা জং হিউন ২৭ বছর বয়সে আত্মহত্যা করেন। সুলি সম্পর্কে বিবিসির বিনোদন সাংবাদিক টেইলর গ্লাসবি বলেন, ‘মুক্তমনা সুলি নিজের মতো জীবন যাপন করতে চাইতেন। কিন্তু রক্ষণশীল কোরীয় সমাজ তা মেনে নিত না।’

পাকিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প

0

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার পাঁচ দশমিক আট মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ওই অঞ্চল। কয়েকদিন আগেই পাকিস্তানের দখলে থাকা কাশ্মীরে ভূমিকম্পে ৪০ জনের মৃত্যু হয়েছিল।

পাকিস্তানের আবহাওয়া দপ্তরের প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায় এর উৎসস্থল। ভূপৃষ্ঠের একশ ৫৭ কিলোমিটার গভীরে এই কম্পনের সূত্রপাত।

পাকিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) মুখপাত্র তাইমুর আলি জানিয়েছেন, পেশোয়ার, মালাকান্দ, মর্দান, চারসাড্ডা ও হাজারা এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত মাসের ২৬ তারিখে ভূমিকম্প ভয়ঙ্কর চেহারা নেয় পাকিস্তানে। সেবারও কম্পনের মাত্রা ছিলো পাঁচ দশমিক আট। মারা যান ৪০ জন। ভয়ঙ্কর এই ভূমিকম্পের পর পাকিস্তানের বেশ কিছুটা অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ঘটনার পর পাকিস্তানের বিভিন্ন জায়গার মানুষ সোশ্যাল মিডিয়ায় সেইসব ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায় রাস্তায় রাস্তায় বড় বড় ফাটল। কোথাও কোথাও সেই ফাটলের ভিতর ঢুকে গিয়েছে ছোট-বড় গাড়ি।

সূত্র: খালিজ টাইমস।

জেরুজালেমের গভর্নরকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি পুলিশ

0

ফিলিস্তিনের জেরুজালেমের গভর্নর আদনান গাইথকে সিলওয়ান এলাকার নিজ বাড়ি থেকে সোমবার সকালে আটক করেছে ইসরায়েলি পুলিশ। এসময় গভর্নরের বাড়ির আশপাশের সড়কগুলোও নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইসরায়েলি পুলিশ। একইদিনে ফিলিস্তিনের স্বাধিকার আন্দোলনকারী সংগঠন ফাতাহ-এর জেরুজালেমের সেক্রেটারি জেনারেল শাদি মুতিউরের বাসায়ও অভিযান চালিয়েছে ইসরায়েলি পুলিশ।

আজ প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটির এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে। তবে কী কারণে জেরুজালেমের গভর্নরকে আটক করা হয়েছে তা জানা যায় নি। এ ব্যাপারে ইসরায়েলি পুলিশের পক্ষ থেকেও আনুষ্ঠানিক ভাবে কোনো বিবৃতি দেওয়া হয় নি।

এদিকে, মুসলমানদের কাছে পবিত্র মসজিদ হিসেবে পরিচিত জেরুজালেমের ‘আল-আকসা’তে শীঘ্রই ইহুদিদের প্রার্থনার অনুমতি দিতে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী গিলাদ এরদান’র বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিডল ইস্ট মনিটর।

এ বিষয়ে জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী গিলাদ এরদান বলেছেন, আল-আকসা মসজিদে শিগগিরই ইহুদিদের প্রার্থনার অনুমতি দেওয়া হবে। মন্ত্রী আরও জানান, জেরুজালেমের পরিস্থিতি স্থানটির নিয়ন্ত্রণ ও সার্বভৌম ক্ষমতা অর্জনের দিকে যাচ্ছে। আমরা যখন আমাদের লক্ষ্যে (ইহুদিদের জন্য আল-আকসার দরজা খোলা) পৌঁছাব, তখন টেম্পল মাউন্টে প্রবেশ করে তারা তাদের প্রার্থনা করতে পারবে। আমি আশা করছি, এটি শিগগিরই ঘটবে।’

এরদান আরও বলেন, যখন আমরা এই পর্যায়ে পৌঁছাব তখন ইসরায়েলের আন্তর্জাতিক স্বার্থের আলোকে জেরুজালেমের ঐতিহাসিক অবস্থানের স্থিতাবস্থা পরিবর্তনের জন্য কাজ করব আমরা।

ইসরায়েলের ওই মন্ত্রী বলেন, ‘আমি আগাম বলতে পারি না যে, ঠিক কখন এটি ঘটবে। কারণ এটা আমাদের শক্তির সঙ্গে সম্পর্কিত নয়। আমি আশা করি এটা আগামী কয়েক বছরের মধ্যে ঘটবে। তবে তা এক দশকের বেশি নয়।’

১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি। মুসলিমদের প্রথম কিবলা ছিল আল-আকসা।

ব্যক্তিগত অস্ত্র অন্যের নিরাপত্তায় ব্যবহার নিষিদ্ধ

0

ব্যক্তিগত বৈধ অস্ত্র অন্যের নিরাপত্তায় ব্যবহার করলে কিংবা প্রকাশ্যে তা প্রদর্শন করলে আইনানুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ কথা জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা, ২০১৬’ এর অনুচ্ছেদ ২৫ (গ) অনুযায়ী আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী কোনো ব্যক্তি নিজের জন্য ছাড়া অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের ব্যক্তিগত নিরাপত্তা বা সম্পত্তি রক্ষার জন্য অস্ত্রধারী প্রহরী হিসেবে নিয়োজিত হতে পারবেন না। সেক্ষেত্রে তার অস্ত্রের লাইসেন্স তাৎক্ষণিকভাবে বাতিলযোগ্য হবে।

প্রজ্ঞাপনে আরও হয়েছে, নীতিমালার অনুচ্ছেদ ২৫ (ক) অনুযায়ী ‘কোনো ব্যক্তি স্বীয় লাইসেন্সে এন্ট্রিকৃত অস্ত্র আত্মরক্ষার নিমিত্তে নিজে বহন/ব্যবহার করতে পারবে। তবে অন্যের ভীতি/বিরক্তি উদ্রেক করতে পারে এরুপভাবে অস্ত্র প্রদর্শন করা যাবে না। নীতিমালা লঙ্ঘন করে কোনো কোনো ব্যক্তি প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টির প্রয়াস চালাচ্ছেন।

এই অবস্থায় ‘অস্ত্র আইন, ১৮৭৮’ কঠোরভাবে অনুসরণ এবং বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী ব্যক্তিগত নিরাপত্তার জন্য লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তিদেরকে বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষী হিসেবে বা অন্য ব্যক্তির দেহরক্ষী হিসেবে নিয়োজিত হওয়া থেকে বিরত থাকা এবং প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন না করার জন্য নির্দেশ দেয়া হয় প্রজ্ঞাপনে।

অন্যথায় আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

দায়িত্ব পালনে ব্যর্থ হলে দুদক চেয়ারম্যানের সরে যাওয়া উচিত : তাপস

0

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়া বা গ্রেপ্তার না করায় দুদক চেয়ারম্যানের তীব্র সমালোচনা করেছেন সরকার দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি।

তিনি বলেছেন, দুদক চেয়ারম্যান যদি বলে থাকেন বা বলতে চান বা মনে করেন যে, তিনি কোনো প্রভাবের কারণে ব্যবস্থা নেননি। তাহলে তিনি শপথ ভঙ্গ করেছেন। সে কারণে তার অবশ্যই পদ থেকে সরে যাওয়া উচিত, তিনি যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন। আর যদি উনি মনে করেন যে, তিনি কোনো প্রভাব দ্বারা বা কারো কথায় প্রভাবিত হবেন না, তাহলে অবশ্যই জাতি মনে করে, আমরা মনে করি শেখ আবদুল হাই বাচ্চুর বিরুদ্ধে মামলা করতে হবে। তাকে গ্রেপ্তার করতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে।

সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন সরকার সমর্থক আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার ফজলে নুর তাপস। গত ৫ অক্টোবর আইনজীবী পরিষদের এক সভায় প্রথম বাচ্চুর বিরুদ্ধে কথা বলেন ব্যারিস্টার তাপস। এরপর থেকে তিনি বিভিন্ন সভায় বেসিক ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে বলেই যাচ্ছেন। এ অবস্থায় আজ সোমবার দুপুরে সাংবাদিকরা এ বিষয় নিয়ে ব্যারিস্টার তাপসের অভিমত জানতে চান। তার জবাবে ব্যারিস্টার তাপস বলেন, সরকার দুর্নীতি বিরোধী যে অভিযান পরিচালনা করছে তা সফল করতেই আমি বারবার এ কথা বলছি।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটির সভাতেও দেখেছি, তদন্তপূর্বক দেখেছি বেসিক ব্যাংকের মাধ্যমে ফিনান্সিয়াল সেক্টরে, ব্যাংকিং সেক্টরে যে দুর্নীতি হয়েছে, সেটার মুল ব্যক্তি হলেন তৎকালীন বেসিক ব্যাংকের চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু। যার কারণে সরকার তাকে সেই পদ থেকে অপসারণ করেছে। কিন্তু আজ অবধি বেসিক ব্যাংক সংক্রান্ত যতগুলো দুর্নীতির মামলা হয়েছে, তাতে শুধুমাত্র কর্মকর্তা এবং ব্যবসায়ীদের সম্পৃক্ত করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি কয়েকদফা তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু তৎকালীন চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুর বিরুদ্ধে আজ অবধি কোনো দুর্নীতির মামলা করা হয়নি। তাকে গ্রেপ্তার করা হয়নি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান আরম্ভ করেছেন, সে প্রেক্ষিতে দুদকের এ বিষয়ে জবাবদিহীতা থাকাটা আবশ্যকীয়। কেন এখন পর্যন্ত আবদুল হাই বাচ্চুর ব্যাপারে কোনো মামলা করা হয়নি? তার বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তা জাতি জানতে চায়।

এদিকে ব্যারিস্টার ফজলে নূর তাপসের বক্তব্যের প্রতিক্রিয়ায় দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেছেন, দুদক চেয়ারম্যান পদত্যাগ করবেন কীনা সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সাহেবের বক্তব্যটা আমরা এপ্রিশিয়েট করছি। উনি চাচ্ছেন বেসিক ব্যাংকের চার্জশিট (অভিযোগপত্র) হোক। একজন সাংসদ হিসেবে বা একজন নাগরিক হিসেবে একজন সচেতন আইনজীবী হিসেবে উনি এটা চাইতেই পারেন।

দুদক আইনজীবী বলেন, কিছুদিন আগে চেয়ারম্যান সাহেব বলেছিলেন এখানে ৪ হাজার কোটি টাকার বিষয়। প্রায় ২ হাজার কোটি টাকা উদ্ধার হয়েছে। বাকী অনেক টাকা উদ্ধার হওয়ার পথে।

তিনি বলেন, এবিষয়ে ৫৬টি মামলা হয়েছে। আরও কিছু হচ্ছে। চার্জশিটে আবদুল হাই বাচ্চুর নাম থাকবে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, উনার সংযুক্তি থাকলে অব্যশই হওয়া উচিত। যদি বিশ্বাসযোগ্য এভিডেন্স থাকে তাহলে অবশ্যই আসবে।