Home Blog Page 3431

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে আবরারের বাবা-মা

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে গেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা-মা।

আজ সোমবার বিকেল ৫টার দিকে আবরারের বাবা বরকত উল্লাহ ও মা রোকেয়া বেগম প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঢোকেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।

৪৩ ক্যাসিনো হোতার বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক

0

ক্যাসিনোকাণ্ডে ৪৩ গডফাদারের দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরইমধ্যে মালয়েশিয়ায় যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের ফ্ল্যাট ও ব্যাংক অ্যাকাউন্টের সুনির্দিষ্ট তথ্য মিলেছে। গত এক সাপ্তাহে গোয়েন্দা তথ্যের মাধ্যমে ক্যাসিনোকাণ্ডে জড়িতদের বিষয়ে বিভিন্ন তথ্য পায় দুদক।

ক্যাসিনো বন্ধে অভিযান শুরুর পর নাম আসতে থাকে যুবলীগসহ সরকারদলীয় অনেক নেতার। গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সভাপতি ইসমাঈল হোসেন চৌধুরী সম্রাটসহ বেশ কয়েকজনকে। অভিযানকালে ক্যাসিনোয় জড়িতদের বাসায় মিলে বিপুল পরিমাণ অর্থ।

এরইমধ্যে ক্যাসিনোয় জড়িতদের অবৈধ সম্পদের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। গেল সপ্তাহে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সাথে বৈঠক হয় র‌্যাব এবং কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট -বিএফআইইউ-এর মহাপরিচালকের সাথে। ক্যাসিনোয় জড়িতদের বিষয়ে দুদককে বেশকিছু তথ্য দেয় র‌্যাব এবং বাংলাদেশ ব্যাংক।

দুর্নীতি দমন কমিশন সচিব মুহাম্মদ দিলোয়ার বখত জানান, ‘ইতিমধ্যে ৪৩ জনের তথ্য পাওয়া গেছে। তাদের সম্পদের বিবরণী নেয়া হচ্ছে।’

অনুসন্ধানে সম্রাটের মালয়েশিয়ার আমপাং তেয়ারাকুণ্ডতে ফ্ল্যাটের তথ্য পেয়েছে দুদক। মালয়েশিয়া সরকারের সেকেন্ড হোম প্রকল্পের আওতায় ফ্ল্যাট কিনেন সম্রাট। এছাড়া মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকেও তার লেনদেনের তথ্য রয়েছে।

সম্রাট ছাড়াও ক্যাসিনো ব্যবসায় জড়িত ৪২ জনের তথ্য এখন দুদকের অনুসন্ধান টেবিলে। ক্যাসিনোর পাশাপাশি তারা চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন উপায়ে অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে দুদকের কাছে অভিযোগ রয়েছে। মুহাম্মদ দিলোয়ার বখত জানান, ‘সম্পদের আয়ের উৎস যদি সঠিকভাবে না পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা এবং মানি লন্ডারিংয়ের মামলা হতে পারে।’

ক্যাসিনোর মাধ্যমে যারা অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে তাদের শিগগিরই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন দুদক সচিব।

ব্যবসায়ীকে হত্যার দায়ে ৯ জনের ফাঁসি

0

কুমিল্লার দাউদকান্দির গৌরিপুরের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যা মামলায় ৯ আসামির মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো.আব্দুল হালিম এ রায় দেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. সাঈদ জানান, জাহাঙ্গীর হত্যা মামলায় ৯ জনের প্রাণদণ্ড ও ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় ৩ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

২০১৩ সালের ১ ডিসেম্বর কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর গ্রামে জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় জাহাঙ্গীরের বাবা ফজর আলী মামলা দায়ের করেন। দুই বছর পর মামলাটি বিচারের জন্য চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে।

ড. ইউনুসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত

0

গ্রামীণ কমিউনিকেশনসের চাকরিচ্যুত কর্মচারীদের ৩ মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন শ্রম আদালত তা স্থগিত করেছেন উচ্চ আদালত।

গত বুধবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রহিবুল ইসলাম ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিন মামলায় ড. ইউনূসের সমনের জবাব দেওয়ার জন্য দিন ধার্য ছিল গত বুধবার। কিন্তু দেশের বাইরে থাকায় তিনি আদালতে উপস্থিত হননি।

গত ৩ জুলাই শ্রম আদালতে ইউনূসসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেন তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশন্সের সদ্য চাকরিচ্যুত সাবেক তিন কর্মচারী। এরপর আদালত তাদের হাজির হওয়ার জন্য সমন জারি করেন। দুই আসামি হাজির হয়ে জামিন নিলেও আজ ডক্টর ইউনূস উপস্থিত হননি।

সেনাবাহিনী প্রধান কাতার যাচ্ছেন কাল

0

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ, তিন দিনের সরকারি সফরে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

জেনারেল আজিজ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে কাতারের দোহায় অনুষ্ঠিতব্য এসোসিয়েশন অব ন্যাশনাল অলিম্পিক কমিটির (এএনওসি) ২৪তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করবেন।

আজ আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এত বলা হয়,২০৬ টি দেশের জাতীয় অলিম্পিক কমিটি (এনওসি) আন্তর্জাতিক অলিম্পিক পরিষদের (আইওসি) স্বীকৃতি সাপেক্ষে এর সদস্য রূপে অন্তর্ভুক্ত রয়েছে এবং ৮টি দেশের জাতীয় অলিম্পিক কমিটি সহযোগি সদস্য হিসেবেও কাজ করছে।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২০ অক্টোবর ভোরে দেশে ফিরে আসবেন বলে আশা করা যাচ্ছে।

উবারের পর এবার সিএনজি ধর্মঘট ৭২ ঘণ্টার

0

ভাড়া বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (১৫-১৭ অক্টোবর) টানা ৭২ ঘণ্টার ধর্মঘট ডেকেছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ।

গতকাল রবিবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পিন্টু।

পিন্টু অভিযোগ করেন, রাইড শেয়ারিংয়ের নামে ওভাই, পাঠাও, উবারের অবৈধ গাড়ি সড়কে চলছে, অথচ গ্যাসের মূল্য চার দফা বৃদ্ধি পেলেও তাঁদের মিটারের ভাড়ার মূল্য বাড়েনি। তাই আন্দোলনের পথ বেছে নিয়েছেন তাঁরা।

এ সময় সংগঠনটির পক্ষ থেকে কয়েকটি দাবি জানানো হয়। সেগুলোর মধ্যে রয়েছে-রাইড শেয়ারিং সার্ভিসের অনুমোদনপ্রাপ্ত গাড়িগুলোর তালিকা ট্রাফিক পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা, প্রথম দুই কিলোমিটারে ভাড়া ৮০ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটারে ৩০ টাকা করা, ওয়েটিং চার্জ প্রতি মিনিট চার টাকা করা এবং মালিকের দৈনিক জমা আনুপাতিক হারে বৃদ্ধি করা।

বুয়েট ছাত্রের পোস্ট আবরার হত্যা মামলার আসামির পক্ষে, কমেন্টে নিন্দার ঝড়

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর এতে অভিযুক্ত এক আসামির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছে বুয়েটের ১৫ ব্যাচের অপর এক শিক্ষার্থী তানভীর আহমেদ লিংকন। এ পোস্টের পর তাঁর সতীর্থদের মন্তব্য ও পাল্টা মন্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। এখানে তুলে ধরা হলো তার পোস্টটির কিছু অংশ-

তিনি লিখেছেন, ‘পোস্টটির প্রত্যেকটি কথা আমার নিজস্ব। কারও পছন্দ হলে গ্রহণ করবেন। নাইলে নাই। আদালত বাকিটা দেখবে।’

অভিযুক্ত আকাশের অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার সম্ভবনা আছে জানিয়ে তিনি লিখেছেন, ‘দয়া করে ওকে নিয়ে পাবলিক শেমিং এখনই করবেন না। আদালত বাকিটা দেখবে।’

‘বুয়েটের আবরার খুন ও আসামী আকাশের কথা’ শিরোনামের সেই পোস্টে তানভীর আহমেদ লিংকন লিখেছেন-

‘আমি বুয়েটের ১৫ ব্যাচের, চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আমি আবরার হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্দোলনের সাথেও যুক্ত ( ফ্রন্ট লাইনে না, সাধারণদের সাথে)। অবশ্যই একজন খুনির পক্ষ নিচ্ছি না, আপাতত লিখছি একজন অসহায় ছেলের পক্ষ হয়ে অভিযুক্ত হওয়ার আগ পর্যন্ত।’
তিনি লিখেছেন, ‘আমার কাছে মনে হয়েছে আমার কিছুই হোক না কেন আকাশ কে নিয়ে একটা পোস্ট দেয়া উচিত। আকাশ, ১৬ ব্যাচের সিভিলের শিক্ষার্থী। আবরার হত্যাকাণ্ডের এজাহারের ১৩তম আসামী। তার বাবা রিকশাচালক এবং এক সময় মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন থেকে বৃত্তি পেত এখন পায় না, এখন ভলান্টিয়ার হিসেবে আমার সাথে কাজ করে।
আকাশকে আমি খুব ভালো করেই চিনি। সে এমন করার কথা না। তাই এজাহারে নাম আসার পর থেকেই তার ব্যাপারে খোঁজ-খবর করতে থাকি এবং বুয়েটের আড়িপেতে শোনা গ্রুপে একটা পোস্ট দিই তার ব্যাপারে খোঁজ-খবর করার জন্য। ১৬, ১৭, ১৮ ব্যাচের অনেকের সাথে কথা বলে কেউ আকাশের ব্যাপারে র‍্যাগ দেয়া তো দূরে থাকল জুনিয়র দের সাথে ঝাড়ি মেরেও কখনো কথা বলে নি। কিন্তু এরপরও ফার্দার খোজ খবর নেয়ার পরও কেউ আকাশের ব্যাপারে আমাকে নেগেটিভ কিছু জানাতে পারেনি।’

‘ঘটনার দিন তিতুমীরের ক্যান্টিনে আমার সাথে আকাশের দেখা হয়। সেই সময় তার সাথে কথা বলে জানতে পারি আকাশ আবরার এর ঘটনাটা খুব কাছ থেকেই দেখেছে।
আকাশ খুব আফসোস করে বলতেছিল -“ভাই মেরেই ফেলল শেষ পর্যন্ত। আমি চাইছিলাম হাসপাতালে নিতে৷ কিন্তু যখন নিতে চাই ওকে সিড়ির কাছে রেখে যায়। ভাইদের বলতেছিলাম তখন আপনাদের রবিন, আর জিয়ন ভাই দেখে হাসে। বলে ও ভং ধরতেছে। তখন ছেলেটা কালেমা পড়তেছিল। এর একটু পরই ছেলেটা মারা যায়।”- লিখেছেন তানভীর।

‘এদিকে আকাশের বুয়েট লাইফের শুরু থেকেই EEE 09, BUET এর এক ভাইয়া ওকে খুব সাহায্য করেছে। নিজে গাবতলীতে গিয়ে আকাশ কে প্রথম নিয়ে এসেছিল হলে উঠায়ে দিয়েছিল। নিজ হাতে ওকে ঢাকা শহর চিনিয়েছে। টার ডিপার্টমেন্ট এর সিনিয়র দের সাথে পরিচয় করে দিয়েছে৷ আপন বড় ভাই এর মতই পাশে থেকেছে।

আকাশ শুরু থেকেই খুব টেনশনে ছিল। টিউশনি করিয়ে ও গাজিপুরে যায়। তারপর সেই ভাইয়ার সাথে কথা হয়। ভাইয়া আকাশ কে আত্মসমর্পণ করতে বলেন। আকাশ তখন পুলিশ কে ফোন দিয়ে নিজের অবস্থান জানায় এবং পুলিশ বলে আপনাকে আসতে হবে না আমরা আসতেছি। কিন্তু পুলিশ তাকে গ্রেফতার হিসেবে দেখিয়েছে।’

‘আকাশ ও তার রুমমেট Farjain Ismail এর ভাষ্যমতে-

১. রাত ১১ টা পর্যন্ত দুই রুমমেট রুমেই ছিল, পড়ছিল। এরপর ইসমাইল বাইরে খাইতে যায়।

২. আকাশের ভাষ্যমতে, রাত ১২:৩০-এ ফোনে জাস্ট ডাক দেয় (কোনো কারন, ঘটনা কিছুই বলেনি) কোন এক বড়ভাই, যেভাবে আবরারকে ডাক দেয়া হইছিল। সিসি ফুটেজে ১২:৪৪-এ ওরে ২০১১-এর দিকে যাইতে দেখা গেছে।

৩. ২০১১-তে গিয়ে আবরারকে মাটিতে শোয়া দেখে আকাশ আর রুমে ঢুকে নাই। এই অবস্থায় রুমমেট ইসমাইল উপরে এসে রুমের চাবি নেয়। (সিসি ফুটেজ ১২:৫৪)

৪. আকাশও রুমে ফিরে আসে। (সিসি ফুটেজ ১২:৫৬) তারপর আবার উপরে যায়, গিয়ে ২০০৫ এ দেখতে পায় গুরুতর অবস্থায়। সে সময় অনেকেই দেখতে আসে আবরারকে। অ্যাম্বুলেন্স,পুলিশও আসে।

৫. সে বাকিদেরকে বলে, আবরারকে হাসপাতালে নেওয়ার জন্য। বাকিরা হাসাহাসি করে (এইটা পরে অন্যের থেকে শুনেছি)

৬. আবরারকে হাসপাতালে নেওয়ার জন্য সিঁড়ির কাছে আনলে আবরারের অবস্থা খারাপ হয়ে যায়, সে কলেমা পড়ে। এই অবস্থায় ওরে অইখানেই নামায় রাখে।

ওর ভাষ্যমতে ও কোনো অন্যায় করেনাই। উলটা আবরারকে হাসপাতালে নেওয়ার কথা বলে হাসির পাত্র হয়।

আর কয়েকটা বিষয় হলো-

আকাশ ছাত্রলীগের কোন পোস্টেড ও ছিল না। তবে ও কিছুদিন আগে ছাত্রলীগে জয়েন করেছিল। কিছু করার ছিল না। নাম দিয়েছিল। হলে থাকতে হলে অনেক কিছুই মেনে চলতে হয়৷ কিন্তু কেউ কোনোদিন আকাশের বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারে নি। অভিযোগ দিবে কিভাবে। আকাশ নিজেইতো ঠিকমত কিছু বলতে পারে না।

আকাশ কি করেছে বা করেনি সেটা অবশ্যই আদালত দেখবে। বিচার আদালত করবে৷ কিন্তু এমন এমন যাতে না হয় ওর পক্ষে কোনো উকিল না থাকার জন্য নিজে ফেসে না যায়।

কেননা ওর বাবা রিকশা চালায়। পরিবারের কেউ পড়ালেখা জানে না। ছোট ভাই বোন ক্লাস ৭ ও ৪-এ পড়ে। টাকা এক আনাও নাই। কোনো উকিল ওর পাশে দাঁড়াবে না। কাগজপত্রের কাজ করারও কেউ নাই। এই সুযোগে প্রকৃত খুনীরা ওরে বলির পাঠা বানিয়ে বের না হয়ে যায়।

ওর ফ্যামিলির সাথে কথা বললাম এখন পর্যন্ত তারা ঢাকা আসতে পারে নি। কোন খোজ নিতে পারে নি। কোন লইয়ার ধরতে পারেনি।

বিচারে কিছুই হোক সে একটা অন্তত নিজস্ব লইয়ার পেতে পারে। আর বিচারের আগ পর্যন্ত তাকে পাবলিক শেমিং থেকে বিরত রাখাই উচিত৷ আমার মনে হয় সে কয়েকদিন পর ব্যতিক্রম কিছু না হয় এমনিতেই ছাড়া পেয়ে যাবে।

‘আরো কয়েকটি বিষয়’ শিরোনামে তানভীর লিখেছেন-

১. এখন পর্যন্ত কারো জবানবন্দিতে আকাশের নাম আসে নাই।

২. আব্রার খুনের মেসেঞ্জার গ্রুপে আকাশ ছিল না; ওরে রাখে নি। ছাত্রলীগ নাম লিখায় নিয়ে গিয়েছিল দুই রুম মেটের। এইটা ডিনাই করার সামর্থ্য যেখানে কারো নাই, আকাশের তো না ই! সামান্য সদস্য বিধায় ওর সাথে কেউ কিছু শেয়ার না করায় কিছুই জানতো না।

৩. আকাশ বলছিল, ৫-৭ মিনিট দাঁড়ায় ছিল ২০১১ এর সামনে (বাস্তবে সিসি ফুটেজ অনুসারে ১২:৪৪ এ দুই তলায় উঠে এবং ১২:৫৬তে নেমে যায়)। কারন বলছিল ওরে বড় ভাই ডাকছে, দেখা করতে গিয়েছিল, রুমে আব্রার কে আহত অবস্থায় দেখে ঘাবড়ে যায়। নেমে আসার পরে আবার দুই তলায় যায় বিবেকের তাড়নায়, গিয়ে ডাক্তারের কথা বলে হাসির পাত্র হয়।’

এ বিষয়ে সুবিচারের প্রত্যাশা করেছেন পোস্টদাতা তানভীর। তিনি লিখেছেন-
‘আমার শুধু চাওয়া:
১. আকাশের যথেষ্ট সম্ভাবনা আছে নির্দোষ প্রমানিত হবার। সে নির্দোষ হয়ে বেরিয়ে এসে যেন শেইমিং-এর শিকার না হয়।
ওর মানসিক শক্তি যে রকম, আমার ধারণা সে ক্ষেত্রে ও সুইসাইড কিংবা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যেতে পারে। যা একজন নির্দোষের ক্ষেত্রে মানা যাবে না।
আশংকা:
ওর পক্ষে কথা বলার জন্য কোনোদিনই উকিল পাওয়া যাবে না। আর নির্দোষ বলেই মেইন খুনিরা ওরে ফাঁসিয়ে দেবার চান্স আমি দেখছি। সেক্ষেত্রে আসলে আমাদের কিছুই করার নাই।
আমি আকাশ কে নিয়ে যতটুকু জানি তা লিখলাম। বুয়েটের অনেকেই পাশে আছে তার। আর আকাশ কে নিয়ে এতোদিন পাবলিক শেমিং হল তা আপাতত অফ রাখলেই মনে হয় ভাল হয়।
পোস্টের মূল উদ্দেশ্য হল আকাশ কে নিয়ে পাবলিক শেমিং বন্ধ করা। এবং এই মুহুর্তে তার এলাকার কেউ থাকলে সামাজিক ভাবে তার পরিবার কে সাপোর্ট দেয়া।’

তবে এ পোস্টটি দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবরামের হত্যা পরবর্তী নানা ঘটনার বিষয় বিশ্লেষণ শুরু হয়েছে। অনেকেই কড়া সমালোচনা করেছেন পোস্টদাতার। এর মধ্যে কয়েকটি তুলে ধরা হলো নিচে-

রুদ্র আসাদুজ্জামান লিখেছেন, ‘একটা গণপিটুনিতেও তিন-চারজনের বেশি কেউ মারতে পারে না। এখানেও তিন-চারজনের বেশি কারো মারার কথা না। কিন্তু প্রত্যক্ষ দায় সবার।….”

রিজওয়ান হুসেই বাপ্পি লিখেছেন, ‘অপরাধ জেনেও সে চুপ করে থাকার প্রেক্ষিতে সে ফেঁসে যেতে পারে। তার উচিত ছিল পুলিশকে বা প্রভোস্টকে ঘটনা অবহিত করা। কিন্তু সে করেনি। এই কারণে সেও ফাঁসবে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই আইনের চোখে অপরাধী।’

আসিফ হোসেইন লিখেছেন, ‘অমিত নাকি হলেই ছিল না- এমন পোস্ট দেখার পর এই পোস্ট দেখে বিরক্তি ধরে যাচ্ছে। আদালত সম্ভবত অনেককেই বেকসুর খালাস দিবে। বিশ্বজিতের কথা মনে আছে বা আবুবকরের? সবাই নিরপরাধ। তাই হুদাই আর এই সাফাই পোস্ট দিয়েন না।’

রাফিউল আনুপ লিখেছেন, ‘ওইদিন রাত ৯টার পর সে মুগদায় টিউশনি করে হলে ফিরে গেছে। ৯:৩০-১০টার আগে তার হলে পৌঁছার কথা না। ঘটনার শুরু মনে হয় আরো আগেই হয়েছে।’

আসিফ মো. ইমরান খান লিখেছেন, ‘অপরাধীদের জন্য ট্রাম্প কার্ড বেরিয়ে পরল। এখন পরবর্তী স্বীাকারোক্তি গুলোতে দেখা যাবে অপরাধীদের লয়্যার রা শিখায়া দিতেছে যে আকাশের নাম বেশি নিবা। বলব প্রাণঘাতি আঘাত টা ওি করছে। এই পোস্ট গুলো আমরা যেমন দেখছি, অপরাধীদের পরিবার, উকিল রাও দেখছে। উকিলরা টাকার জন্য কাজ করে, টাকার জন্য ওরা দিনকে রাত করতে পারে। এই একজনের ঘাড়ে পা রেখে বাকিগুলো পার হবে এখন।’

মিনহাজ এলাহি ইসলাম লিখেছেন, ‘আমরা বিচারের আগেই বিচার করে ফেলি ! অমিতের ম্যাসেজ ফাঁস না হলে হয়তো তাকে নিয়েও অনেকে পোস্ট করত , সে নির্দোষ ! অথচ এক ম্যাসেজই সব কিছু উলট পালট করে দিলো । এই জাতীয় পোস্ট ই আমার কাছে অপরাধ বলে গণ্য , কারন কে জড়িত আর কে জড়িত না সেইটা এইভাবে বলার এখতিয়ার এখন আর আমাদের নেই । তদন্তে দোষী প্রমানিত হলে এই পোস্টদাতাকেও গ্রেপ্তার করার দাবী জানাই।’

ইমতিয়াজ হাসান লিখেছেন, ‘আকাশের বাবা রিক্সা চালায়, গরীব… হ্যান ত্যান লজিক দিয়ে যাতে কোন খুনি পার না পেয়ে যায়। তবে, কোন নির্দোষ ব্যক্তির সাজা হোক এটাও চাই না। আকাশ যদি খুনের সাথে জড়িত না থাকে, আল্লাহ ওকে রক্ষা করুক।’

রাজধানীতে উবার চালকদের কর্মবিরতি চলছে

0

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া ও চালকদের কাছ থেকে অতিরিক্ত কমিশন নেওয়ার প্রতিবাদে রাইড শেয়ারিং সার্ভিস উবার ২৪ ঘণ্টার জন্য ঢাকায় বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এর চালকরা। তাঁদের ঘোষণা অনুযায়ী, রবিবার মধ্যরাত থেকে কর্মবিরতি চলছে। চলবে পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ সোমবার মধ্যরাত পর্যন্ত। এই সময় উবারের কোনো গাড়ি চলবে না।

গতকাল রবিবার (১৩ অক্টোবর) রাইড শেয়ারিং প্রাইভেট কার চালকদের সংগঠন ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়ন এবং বাংলাদেশ রাইড শেয়ারিং ড্রাইভার্স অ্যাসোসিয়েশন এ কর্মবিরতির ঘোষণা দেয়।

উবারের অ্যাপ ব্যবহার করে চলাচলকারী মোটরকার ও মোটরসাইকেল এ কর্মসূচির আওতায় থাকবে বলে কর্মসূচি দেওয়া দুটি সংগঠনের নেতারা গণমাধ্যমকে জানান।

ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ গণমাধ্যমকে বলেন, পাঁচ মাস ধরে তাঁরা উবার থেকে আশানুরূপ সেবা পাচ্ছেন না। তাঁদের কাছ থেকে অতিরিক্ত কমিশন নেওয়া হচ্ছে। গাড়ির চাহিদা বেড়ে গেলেও ভাড়া বাড়িয়ে দিয়ে যাত্রীদের পকেট কাটছে উবার। তিনি বলেন, উবারের ঢাকা কার্যালয়ে পর পর দুইবার গিয়েছি। জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধনও করেছি। কিন্তু কোনো ফল হয়নি।

জানা গেছে, কমিশন কমানোসহ বিভিন্ন দাবিতে উবার চালকরা এ কর্মসূচি দিয়েছেন। ছয় মাস ধরে চালকরা ঢাকায় উবারের কার্যালয়ে দাবি জানিয়ে আসছেন। চালকদের দাবিগুলোর মধ্যে রয়েছে ট্রিপ শুরুর পর থেকে শেষ করা পর্যন্ত কিলোমিটার ও মিনিট হিসাব করে ভাড়া দিতে হবে, উবারের কমিশন ২৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করতে হবে, গ্যাসের দাম বাড়ায় ভাড়ার হার বাড়াতে হবে, ডেস্টিনেশন অপশনে ডেস্টিনেশনের আশপাশে ট্রিপ দিতে হবে, চালকদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, যাত্রীদের মাধ্যমে গাড়ির কোনো ক্ষতি হলে এর ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।

এ ছাড়া যাত্রীদের অভিযোগ যাচাই করে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যাত্রীর অ্যাকাউন্টে যাত্রীর ছবি থাকা বাধ্যতামূলক করতে হবে, চালকের সঙ্গে যাত্রীর সংযোগ দূরত্ব সর্বোচ্চ দুই কিলোমিটার করতে হবে।

জানা গেছে, উবারের ঢাকা কার্যালয়ে গেলে চালকদের বলা হয়েছে, উবারের সব সিদ্ধান্ত ভারত থেকে নেওয়া হয়। ওপরের কর্মকর্তারা এসব বিষয়ে সিদ্ধান্ত নেন। ঢাকায় যাঁরা আছেন, তাঁদের পক্ষে কিছুই করা সম্ভব হবে না।

বাংলাদেশে উবারের জনসংযোগ প্রতিষ্ঠান বেঞ্চমার্ক পিআর পরিচালক এ এস এম আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, উবার কর্তৃপক্ষকে বিষয়গুলো জানানো হয়েছে। এখনো তাদের কাছে জবাব আসেনি।

থমথমে বুয়েটে ভর্তি পরীক্ষা শুরু, কড়া নিরাপত্তা

0

আবরার ফাহাত হত্যার পর নানা নাটকীয় ঘটনার পর সব অনিশ্চয়তা কাটিয়ে শুরু হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। এজন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে।

আজ সোমবার সকাল ৯টায় এই পরীক্ষা শুরু হয়। আবরার ফাহাদকে হত্যা করার ঘটনায় এক সপ্তাহ ধরে উত্তাল ছিল বুয়েট। তবে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আন্দোলন শীথিল করলে আজ থমথমে পরিবেশে বুয়েটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

এবার এক হাজার ৬০টি আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন ১২ হাজার ১৬১ জন। অর্থাৎ আসনপ্রতি লড়ছেন ১১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষায় ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত তিন ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ অংশে আবেদন করেছে ১০ হাজার ৭৬৩ জন। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী ৫ নভেম্বর।

অন্যদিকে আর্কিটেকচার অংশে পাঁচ ঘণ্টার পরীক্ষা নেওয়া হবে। সকাল ৯টা থেকে ১২টা ও দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সাংবাদিক দিল মনোয়ারা মনু আর নেই

0

বিশিষ্ট নারী সাংবাদিক দিল মনোয়ারা মনু আর নেই। রবিবার দিবাগত রাতে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ছাড়েন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

আজ সোমবার বাদ জোহর লালমাটিয়ার বিবি মসজিদে দিল মনোয়ারা মনুর জানাজা হবে। এরপর তাকে তার সংগঠন কচি-কাঁচার মেলার কাছে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে প্রেসক্লাবে সহকর্মীদের কাছে নেওয়া হবে। এরপর জুরাইনে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাঁকে।

১৯৭৪ সাল থেকে সাংবাদিকতায় যুক্ত পাক্ষিক ‘অনন্যা’র সাবেক নির্বাহী পরিচালক ও নারী সাংবাদিক নেতা দিল মনোয়ারা মনুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিচিত সাংবাদিক মহলে।

মনুর পারিবারিক সূত্র তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এম এ (বাংলা বিভাগ) পাস করার পর ১৯৭৪ সাল থেকে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত হন মনোয়ারা মনু।

মোহাম্মদ নাসিরউদ্দিন প্রতিষ্ঠিত এবং কবি সুফিয়া কামাল ও নূরজাহান বেগম সম্পাদিত “সাপ্তাহিক বেগম” পত্রিকার সহ-সম্পাদক হিসেবে দিল মনোয়ারা মনুর সাংবাদিক জীবন শুরু হয়। ২৫ বছর ‘পাক্ষিক অনন্যা’র নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকতার পাশাপাশি বাংলাদেশ মহিলা পরিষদ, নারী সাংবাদিক কেন্দ্র, কেন্দ্রিয় কচি-কাঁচার মেলাসহ অনেক স্বেচ্ছাসেবী ও সমাজ উন্নয়নমূলক সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। পাশাপাশি কবিতাও লিখেছেন তিনি।