Home Blog Page 3433

কেন্দ্রের আগে ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন

0

আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের আগেই হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের সম্মেলন। এ জন্য দুই মহানগরের শীর্ষ নেতাদেরকে আজ শনিবার সন্ধ্যায় ফোনে সম্মেলনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিদের্শনা পাওয়ার সত্যতা স্বীকার করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাকে ও সভাপতিকে ফোন করে সম্মেলনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। একইভাবে মহানগর উত্তর আওয়ামী লীগের সাদেক খানকেও ফোন করেছিলেন বলে জানিয়েছেন তিনি।

দলীয় সূত্র মতে, আগামী ২০ ও ২১ ডিসেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে এই সম্মেলনের এক বা দুইদিন আগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন করা হবে।

২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। এর ৩ বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগকে দু’ভাগে বিভক্ত করা হয়। ২০১৬ সালের ১০ এপ্রিল মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণ, ৪৫টি থানা এবং ১০০টি ওয়ার্ড ও ইউনিয়নগুলোর সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের তখনকার সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এরপরেই ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ঢাকা মহানগর উত্তরে আওয়ামী লীগের সভাপতি করা হয় একেএম রহমতুল্লাহ ও সাধারণ সম্পাদক করা হয় সাদেক খানকে। দক্ষিণের সভাপতি হন হাজী আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক হন শাহে আলম মুরাদ।

এক মঞ্চে ঢাকা-কলকাতা গান ও কবিতার যুগলবন্দি

0

গান ও কবিতার সম্পর্ক অবিচ্ছেদ্য ও মধুময়। গান ও কবিতার এ সম্পর্কে একমঞ্চে ভিন্ন আঙ্গিকে উপস্থান করলেন বাংলাদেশের রবীন্দ্র সংগীত শিল্পী তানজীনাা তমা ও ভারতের আবৃত্তি শিল্পী শোভনসুন্দর বসু। শিল্পী তানজীনা তমা শোনালেন কবিগুরুর নানা আঙ্গিকের ১০টি গান। ফাঁকে ফাঁকে ১০ জন কবির দশ কবিতা আবৃত্তি শোনালেন শিল্পী শোভনসুন্দর বসু। একইমঞ্চে গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ঢাকা ও কলকাতার দুই শিল্পীর শৈল্পিক যুগলবন্দি।

গান ও কবিতার এ মনোজ্ঞ অনুষ্ঠানের শিরোনাম ‘গান কবিতার ছায়াতলে। অশুভ শক্তির বিরুদ্ধে সুরে সুরে ও কবিতার শাণিত উচ্চারণে দুই দেশের শিল্পীদ্বয় শোনালেন প্রেম ও মানবতার কথা।

রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে গান ও কবিতা নিয়ে জমজমাট এ অনুষ্ঠানের আয়োজক আমরা সূর্যমুখী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন ভারতীয় দূতাবাসের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক ড. নীপা চৌধুরী।

অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল সংক্ষিপ্ত আলোচনা।

আসাদুজ্জামান নূর বলেন, তানজীনা তমা ও শোভনসুন্দর বসু নিজ ক্ষেত্রে প্রথিতযশা শিল্পী। দুই দেশের মৈত্রীর বন্ধনে গান ও কবিতা এ আসর আমাদের শেখাবে দানবের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদের ভাষা। অশুভ শক্তির বিরুদ্ধে গান ও কবিতার বাণী নিয়ে আমরা মানবপ্রেমের কথা বলব, মানবতার কথা বলবো। সংস্কৃতিই পারে অশুভ শক্তিকে প্রতিহত করতে।

নীপা চৌধুরী, সংস্কৃতি জগতে বাংলাদেশ ও ভারতের দারুণ মেলবন্ধন রয়েছে। কেননা আমরা একই সংস্কৃতির উত্তরাধিকারী। দুই দেশের সংস্কৃতি গান ও কবিতা নিয়ে এ আয়োজন সত্যিই সম্প্রীতির বন্ধনে আমাদের জড়িয়ে রাখবে। অনুপ্রেরণা জোগাবে অসাম্প্রদায়িক সংস্কৃতি দুই গুণী শিল্পীর গান ও আবৃত্তি উপভোগ করে মিলনায়তন পূর্ণ দর্শকশ্রোতারা।

জমজমাট যুগলবন্দির শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের গান গেয়ে শোনান তানজীনা তমা। শুরুতেই তিনি গেয়ে শোনান ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’। গান শেষ হতেই বাদ্যযন্ত্রের মিশেলে বাংলাদেশকে নিয়ে লেখা কবীর সুমনের কবিতা আবৃত্তি করেন শোভনসুন্দর বসু। কবিতার শিরোনাম ছিল ‘বাংলার ধনুকের ছিলায় ছিলাম’।

গান ও কবিতার মেলবন্ধনে গোটা মিলনায়তনে বয়ে যায় সুর ও বাণীর অপূর্ব মূর্ছনা। তার পর একে একে তানজীনা তমা গেয়ে শোনান ‘কার মিলন চাও বিরহী’, ‘রাখ রাখরে জীবনে’, ‘ভালোবেসে সখি’, ‘ যে কেবল পালিয়ে বেড়ায়’ ‘অধরা মাধুরী ধরেছি’, ‘দূরে কোথায় দূরে দূরে’, ‘সজনি সজনি রাধিকা’, ‘প্রাণ চায় চক্ষু না চায়’ ‘দুই হাতে কালের মন্দিরা’। অনন্য কণ্ঠের জাদুতে শ্রোতাদের মুগ্ধ রাখেন শিল্পী তানজীনা তমা।

তানজীনা তমা শোনান একটি রবীন্দ্র সংগীত। তার সঙ্গে আবৃত্তি করেন শোভনসুন্দর বসু। গান ও কবিতার মাঝে গোটা আয়োজন ছিল মনোজ্ঞ ও প্রাণবন্ত। শৈল্পিক উচ্চারণে শিল্পী শোভনসুন্দন বসু শোনান বাংলাদেশ ও ভারতের ১০ জন খ্যতিমান শিল্পীর ১০টি কবিতার ভিন্নমাত্রিক আবৃত্তি। বাদ্যযন্ত্রের মিশেলে শাণিত উচ্চারণে তাঁর আবৃত্তি ছিল অন্যরকম। শোভনের ফিউশনমর্ধী আবৃত্তি ও তমার ক্লাসিকধারা গানের শিল্পীত আলোয় মুগ্ধ হয় দর্শকশ্রোতারা।

অনুষ্ঠানে শোভনসুন্দর আবৃত্তি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শোনান এক গাঁয়ে’ ও ‘হৃদয় আমার নাচেরে’, অচিন্ত কুমার সেনগুপ্তর ‘পুব-পশ্চিম’, রতনতনু ঘাঁটির ‘স্বপ্নের ফেরিওয়ালা’ সত্যেন্দ্রনাথ দত্তর ‘দুরের পাল্লা’, নির্মলেন্দু গুণের ‘অলৌকিক’, কবীর সুমনের ‘জাতিস্মর’ নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘একদিন ছুটি পেলে’।

বৃহৎ শক্তি হিসেবে ইরানের প্রতি সম্মান দেখান

0

ইরান একটি বৃহৎ শক্তি। আর তাই বিশ্বের সব দেশের উচিত ইরানের প্রতি সম্মান দেখানো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ মন্তব্য করেছেন।

শনিবার রাশিয়ার নিউজ চ্যানেল ‘রাশা টুডে’ কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, নিঃসন্দেহে ইরানের মতো শত শত বছরের পুরনো বৃহৎ শক্তির নিজস্ব কিছু স্বার্থ রয়েছে। তার প্রতি সকল দেশের সম্মান প্রদর্শন করা উচিত।

রুশ প্রেসিডেন্ট বলেন, ইরানের স্বার্থ রক্ষার বিষয়টিতে সব দেশের মনযোগী হওয়া উচিত।

ভ্লাদিমির পুতিন ওই সাক্ষাৎকারে পূর্ব দিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর বিস্তারের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ বিষয়টিকে রাশিয়া নিজের সার্বভৌমত্বের প্রতি হুমকি বলে মনে করে।

পুতিন এমন সময় ইরানের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানালেন যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা রক্ষার ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, হয় এ অঞ্চলের সমস্ত দেশ এই নিরাপত্তা থেকে লাভবান হবে, তা না হলে কেউ নিরাপত্তা পাবে না।

সম্প্রতি কুয়েতের আল-রাই পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে জাওয়াদ জারিফ বলেন, আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষা করা অপরিহার্য এবং বহু শতাব্দী ধরে এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা আঞ্চলিক দেশগুলোই রক্ষা করেছে।

সূত্র : পার্সটুডে

জাপানে ভয়াবহ টাইফুনের জেরে ব্যাপক ভূমিধস-বন্যা; নিহত ৯

0

জাপানে শক্তিশালী টাইফুন হাগিবিস আঘাত হেনেছে। কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুনের আঘাতে এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

টাইফুন হাগিবিসে প্রভাবে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে প্রচণ্ড ঝোড়ো বাতাস বয়ে গেছে।

জানা গেছে, গতকাল জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে রাজধানী টোকিওর দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইজু দ্বীপে ঘূর্ণিঝড়টি আঘাত হেনেছে।
এর প্রভাবে ভূমিধসের ঘটনা ঘটেছে। টাইফুনের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ঝড়ের প্রভাবে স্থবির হয়ে পড়েছে রাজধানী টোকিও।

জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে-এর প্রতিবেদনে জানানো হয়েছে, শক্তিশালী টাইফুনটির প্রভাবে দুই লাখ ৭০ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

জাপান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চিবা, গানমা, ফুকুসিমা, টোচিগি এবং কানাগাওয়া এলাকায় কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, ঝড়টি জাপানের মূল ভূখণ্ডের পূর্বাঞ্চলীয় উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

সূত্র : বিবিসি, দ্য ইন্ডিপেন্ডেন্ট

জম্মু-কাশ্মীরে গ্রেনেড হামলায় নিহত ৩

0

ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের শ্রীনগরে সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৭ জন।

শনিবার বিকেলে শ্রীনগরের হরি সিং হাই স্ট্রিট বাজারের ভিড় লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে হামলাকারীরা। ভারতের গণমাধ্যমগুলোর খবরে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, এসময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হামলায় আহত ৭ জনকে শ্রীনগরের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

হামলার পরপরই বাজারসহ আশেপাশের এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। সন্ত্রাসীদের ধরতে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দুই মাসেরও বেশি সময় পর শনিবার সকালেই মোবাইল সেবা চালু করার ঘোষণা দেয় জম্মু কাশ্মীর প্রশাসন। বেশিরভাগ এলাকা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে শহরগুলোতে।

এরমধ্যে সন্ত্রাসী হামলা নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সেখানের বাসিন্দারা।

এর আগে গত ৫ অক্টোবর সন্ত্রাসী হামলায় জম্মু কাশ্মীরের অনন্তনাগে ১৪ জন আহত হয়েছিলেন।

খুনিকে খুনি হিসেবেই দেখেছি : প্রধানমন্ত্রী

0

বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রেক্ষিতে আন্দোলনের মুখে বুয়েট কতৃর্পক্ষ আন্দোলনকারী শিক্ষার্থীদের সব দাবি মেনে নিলেও আন্দোলন চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, সাধারণ ছাত্রদের ১০ দফা দাবিইতো মেনে নিয়েছেন ভিসি। তারপরেও তারা কেন আন্দোলন করবে, আন্দোলনের কি যৌক্তিকতা থাকতে পারে।

শিক্ষাঙ্গনে অনুকূল পরিবেশ বজায় রাখার জন্য কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে অন্যায়কারী যে কারো বিরুদ্ধেই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেন তিনি।

সরকার প্রধান বলেন, আমাদের কথা স্পষ্ট, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ রাখতে হবে। কোন অন্যায় অবিচার আমরা সহ্য করি নাই, ভবিষ্যতেও করবো না। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মহিলা শ্রমিক লীগের কাউন্সিল-২০১৯’র উদ্বোধনী পর্বে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

উল্লেখ্য, বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে গত রোববার রাতে শেরে বাংলা আবাসিক হলে একদল ছাত্র পিটিয়ে হত্যার প্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম শিক্ষার্থীদের ১০ দফা দাবি মেনে নেন। এরমধ্যে বুয়েট ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধ করা এবং হত্যাকান্ডে অভিযুক্ত ১৯ ছাত্রকে বুয়েট থেকে সাময়িক বহিষ্কারের দাবি রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, খুনিকে খুনি হিসেবেই তাঁর সরকার দেখে।

তিনি বলেন, তিনি এক মিনিটও দেরি করেননি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। কারণ এই ধরনের অন্যায় কখনোই মেনে নেয়া যায় না।

প্রধানমন্ত্রী বলেন, আমরা কিন্তু পিছিয়ে থাকিনি, কোন দল করে সেটা দেখিনি। খুনিকে খুনি হিসেবে, অপরাধীকে অপরাধী হিসেবে, অন্যাকারীকে অন্যায়কারী হিসেবেই দেখেছি।

হত্যাকারীদের দ্রুত গ্রেফতারে তাঁর সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, খবরটা পাওয়ার সাথে সাথে আমি কারো আন্দোলন বা নির্দেশের অপেক্ষা করিনি। আমি পুলিশকে নির্দেশ দিয়েছি- ওদেরকে গ্রেফতার করো এবং ভিডিও ফুটেজ থেকে সমস্ত তথ্য সংগ্রহ করো।

এই তথ্য সংগ্রহ করতে গিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধার মুখে সাধারণ তদন্তে বিঘ্ন সৃষ্টির উল্লেখ করে সরকার প্রধান বলেন, পুলিশের ভিডিও ফুটেজ সংগ্রহের সময় তারা (আন্দোলনকারী শিক্ষার্থী) কেন বাধা দিয়েছিল আমি জানি না।

পুলিশের আইজিপি এসে তাঁকে (প্রধানমন্ত্রী) বিষয়টি জানানোর পর ছাত্রদের দাবি মতে, ভিডিও ফুটেজের কপি সরবরাহ করে সেটি সেখান থেকে তড়িঘড়ি নিয়ে গিয়ে আসামী চিহ্নিত করার কার্যক্রম শুরুর নির্দেশনাও তিনি প্রদান করেন বলে জানান।

তিনি বলেন, সেখানেও ফুটেজ আনতে পুলিশকে বাধা প্রদান না করলে আরো আগেই অপরাধী চিহ্নিত করা যেত, অনেকেই পালাতে পারতো না।

পুলিশের পদক্ষেপ নিয়ে এখানে সন্দিহান হওয়ার কিছু ছিল না উল্লেখ করে প্রধানমন্ত্রী যারা খুনের সঙ্গে যারা জড়িত তারাই এই বাঁধার সৃষ্টি করেছে কিনা- সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, অনেকক্ষণ তাঁদের (ফুটেজ সংগ্রহে আসা পুলিশ) আটকে রাখা হয়। আর এর মাধ্যমে আসামীদের পালিয়ে যাওয়ার একটি সুযোগই করে দেয়া হয় কি না- সেটা আন্দোলনকারীরা বলতে পারবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন।

মহিলা শ্রমিক লীগের সভাপতি রওশান জাহান সাথী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং দলের সাধারণ সম্পাদক বেগম শামসুন্নাহার ভূইয়া এমপি সংগঠনের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন।

দলের কার্যকরী সভাপতি এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুরাইয়া আক্তার স্বাগত বক্তৃতা করেন এবং দলের সহ-সভাপতি সুলতানা আনোয়ার শোক প্রস্তাব পাঠ করেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, জাতীয় শ্রমিক লীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে মহিলা শ্রমিক লীগের কাউন্সিলর এবং ডেলিগেটবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে মহিলা শ্রমিক লীগের কাউন্সিলের উদ্বোধন করেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। সভাপতি রওশান জাহান সাথী দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সঙ্গীত বাজানো হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের সকল শহীদ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ’৭৫-এর ১৫ আগস্টের সকল শহীদ এবং বিভিন্ন গণআন্দোলনে আত্মাহুতি দানকারী আওয়ামী লীগ, মহিলা শ্রমিক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উল্লেখ্য, ২০০৪ সালের ২৯ মার্চ বাংলাদেশ মহিলা শ্রমিক লীগ আত্মপ্রকাশ করে এবং এবার সংগঠনটির দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

জিয়া, খালেদা জিয়া এবং এরশাদ আমলে একের পর এক ছাত্র হত্যার ঘটনা ঘটলেও একটিরও বিচার হয়নি, কেবল আওয়ামী লীগই বিচার করেছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বুয়েটে ছাত্রদলের টগর ও মুকী গ্রুপের সংঘর্ষে সাবেকুন্নাহর সনি নিহত হলো তখন কে প্রতিবাদ করেছে। বুয়েটের অ্যালুমনাই এসোসিয়েশন তারাও নামে নাই, তাদেরও তো কথা বলতে বা কোন প্রতিবাদ করতে দেখিনি।

তিনি বলেন, হ্যাঁ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবার কথা বলার অধিকার আছে, বলতে পারে। অন্তত সেই সুযোগটা আছে। কিন্তু যখন জিয়াউর রহমান ক্ষমতায় ছিল-জাতির পিতা খুনীদের পুরস্কৃত করেছে, যুদ্ধাপরাধী এবং সাত খুনের আসামীকে ছেড়ে দিয়েছে- তার কে প্রতিবাদ করেছে। তখন মানবাধিকারের চিন্তা কোথায় ছিল। তখন ন্যায়-নীতিবোধ কোথায় ছিল? তাদের কাছে আমার জিজ্ঞাসা।

শিক্ষাঙ্গনে পরিবেশ বজায় রাখার জন্য এ সময় সকলের প্রতি আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেখানে লেখাপড়া শিক্ষা হবে, পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলার মত উপযুক্ত নাগরিক তৈরি হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই দেশকে জাতির পিতা স্বাধীন করে দিয়ে গেছেন। আমরা একে উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলতে চাই। মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে চলতে চাই।

শেখ হাসিনা বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে বিজয়ের পর সমগ্র বিশ্বে বাংলাদেশ যে মর্যাদা পেয়েছিল এটুকু বলতে পারি গত ১০ বছরের শাসনে সে সম্মান আমরা ফিরিয়ে আনতে পেরেছি।

তাঁর সরকারের সময়ে দেশে নারীর ক্ষমতায়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শুধু চাকরির ক্ষেত্রেই নয়, আমরা চাই ব্যবসা-বাণিজ্য, শিল্প কারখানা গড়ে তোলায় নারীরা চলমান বিশ্বের প্রতিযোগিতায় নিজেদেরকে যেন মেলে ধরতে পারে- বর্তমান সরকার তার সুযোগ করে দিচ্ছে।

বাংলাদেশের উন্নয়ন এবং বিকাশ আজ বিশ্ববাসীর নজর কাড়তে সক্ষম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, খেলাধূলায় ও আমাদের মেয়েরা কম যাচ্ছে না। ১৫ বছর বয়েসিদের আঞ্চলিক প্রতিযোগিতা, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধূলায় তারা ভাল করছে। ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে খেলাধূলা ও এবং লেখাপড়ায় আমাদের ছেলেদের ধেকে মেয়েরাই এগিয়ে রয়েছে।

শেখ হাসিনা বলেন, সমাজকে পাল্টে ফেলে নারী-পুরুষের সমান অধিকার আমরা নিশ্চিত করতে পেরেছি। আর সুযোগ পেলে আমাদের নারীরা যে তাদের দক্ষতার প্রমাণ রাখতে পারে সেটা আজকে প্রমাণিত সত্য।

সেনা, নৌ, বিমান বাহিনী, জাতিসংঘ শান্তি রক্ষা মিশন সহ পেশাগত বিভিন্ন ক্ষেত্রে নারীদের সাফল্যের উদাহরণ টেনে তিনি বলেন, আমাদের অবস্থানটা যে জায়গায় জাতির পিতা নিতে চেয়েছিলেন সেটা আমরা করতে পেরেছি।

প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী রাসুল মুহাম্মদ (সা:) স্ত্রী বিবি খাদিজার (রা:) প্রসঙ্গ টেনে সরকার প্রধান বলেন, বিবি খাদিজা ব্যবসা-বাণিজ্য করতেন এবং এজন্য উঠের পিঠে চড়ে বিভিন্ন দেশে যেতেন। কাজেই নারীদের ধর্মের নামে ঘরে আটকে রাখার কোন যৌক্তিকতা নেই।

প্রধানমন্ত্রী এ দিন প্রতিবেশি দেশ ভারতের একটি অঞ্চলের পানিয় জলের অভাব পূরণে সীমান্তবর্তী ফেনী নদী থেকে সামান্য পরিমাণ ১ দশমিক ৮২ কিউসেক পানি ভারতকে প্রদানের এবং আমদানি করা এলপিজি থেকে বাল্ক এলপিজি ত্রিপুরায় রপ্তানী করে রপ্তানী পণ্যের পরিমান বৃদ্ধি সংক্রান্ত বাংলাদেশ-ভারত চুক্তির প্রেক্ষাপট ও যৌক্তিকতা তুলে ধরে এর অহেতুক সমালোচকদের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, অতীতের জিয়া, খালেদা এবং এরশাদ সরকার মুখে সমালোচনা আর তলে তলে অতি ভারত তোষণ নীতি চালিয়ে গেছে।

তিনি বলেন, ভারতের থেকে যদি কেউ ন্যায্য হিস্যা আদায় আদায় করতে পারে তবে তা আওয়ামী লীগ সরকারই করেছে।

এ বিষয়ে তিনি গঙ্গার পানি চুক্তি, স্থল সীমানা চুক্তি করে উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে ছিটমহল বিনিময় এবং সমুদ্রসীমায় আমাদের অধিকার প্রতিষ্ঠায় তাঁর সরকারের সাফল্য তুলে ধরেন।

শেখ হাসিনা তাঁর সাম্প্রতিক ভারত সফরে দুই দেশের মধ্যকার চুক্তি সম্পর্কে বলেন, লাভ-ক্ষতির হিসেব করলে এখানে বাংলাদেশেরই লাভ বেশি। কাজেই মানুষের মাঝে একটা বিভ্রান্তি সৃষ্টির জন্য জেনে শুনেই জ্ঞান পাপীরা কথা বলে যাচ্ছেন।

যারা বিগত নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন তাঁদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি বলেন, ২০০৮ সালেও বিএনপি ৩২টি আসন পেয়েছিল। আর ’৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটার বিহীন নির্বাচন করেছিল বলে খালেদা জিয়া দেড় মাসও ক্ষমতায় থাকতে পারেনি। কাজেই বিগত নির্বাচনে তারা যে ভোট কারচুপির অভিযোগ করেন সেটা সত্য হলে তারাওতো আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হঠিয়ে দিত। যেটা তারা পারেননি।

তিনি বলেন, তারা পারবে কিভাবে, তারাতো নির্বাচনটাকে একটা বাণিজ্য হিসেবে নিয়ে প্রতিটি আসন তিনজনের কাছে বিক্রি করেছে। কেউ লন্ডন থেকে টাকা খেয়েছে, কেউ গুলশান অফিস আবার কেউ পল্টন অফিস থেকে টাকা খেয়েছে।

যারা অবৈধ সামরিক সরকারের মন্ত্রী ছিলেন এবং সকল সময় অনির্বাচিত সরকরের তাবেদার এবং তাদের দয়ায় সরকারে ছিলেন, দুর্নীতির দায়ে সাাজা ভোগ করেছেন, তারা আবার নির্বচিন নিয়ে কথা বলেন কিভাবে- প্রশ্ন তোলেন তিনি।

পরিশেষে- নারী অধিকার রক্ষা করা এবং সমাজে নারীদের আপনস্থান তৈরি করে নেয়া, সেটা নারীদেরই করতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, রবীন্দ্রনাথ যে বলে গিয়েছিলেন-নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দেবে অধিকার, হে বিধাতা। সে কথা আমরা আর বলতে চাই না।

আফ্রিকায় মসজিদে ভয়াবহ হামলা, নিহত ১৬

0

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি মসজিদে ভয়াবহ হামলায় ১৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই ১৩ জন মারা যান। পরে হাসপাতালে আরো তিন জন মারা যান। দেশটির স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এতে আরো দুইজন গুরুতর আহত হয়েছেন।

স্থনীয়রা জানান, ওদালান প্রদেশের সালমোসি গ্রামের গ্রান্ড মসজিদে সশস্ত্র হামলাকারীরা আক্রমণ করে। দেশটির নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, একদল অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা মসজিদের ভিতরে গুলি চালিয়ে ১৬ জনকে হত্যা করে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনার পরই আতঙ্কে বাড়ি ছাড়ছেন এলাকার বাসিন্দারা। মসজিদটির পাশের শহর গোরম-গোরমের বাসিন্দারাও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই এলাকায় জঙ্গি হামলার ঘটনা নতুন নয়। প্রায়শই এই ধরনের হামলা হচ্ছে। গত সেপ্টেম্বরেই এক হামলায় এই অঞ্চলে ৬০ জন প্রাণ হারিয়েছেন। ২০১৫ পর্যন্ত বুরকিনা ফাসোতে সেভাবে জঙ্গি হামলার ঘটনা ঘটেনি। তবে প্রতিবেশী মালি ও নিগারে জঙ্গি হামলা হত প্রায়শই। তবে সাম্প্রতি সেখানে ঢুকতে শুরু করেছে জঙ্গিরা। মূলত আল-কায়েদা ও আইএস জঙ্গিদেরই আধিপত্য সেখানে।

প্রথমে উত্তর ও পরে পূর্ব দিক থেকে জঙ্গিরা ঢুকতে শুরু করেছে এখানে। বুরকিনা ফাসোতে একাধিক জঙ্গি হামলায় প্রায় ৬০০ জনের মৃত্যু হয়েছে। যদিও স্থানীয় সূত্র বলে সংখ্যাটা হাজারেরও বেশি। অন্তত তিন লাখ মানুষ এলাকা ছেড়েছে। ৩০০০ স্কুল বন্ধ হয়ে গিয়েছে।

সিরিয়া-তুরস্ক সীমান্তে তীব্র যুদ্ধ

0

উত্তর পূর্ব সিরিয়ায় কুর্দি মিলিশিয়া এবং তুরস্কের সশস্ত্র বাহিনীর মধ্যে তীব্র যুদ্ধ চলছে বলে খবর পাওয়া যাচ্ছে।

ওই অঞ্চলটিতে মোতায়েন থাকা মার্কিন সৈন্যদের প্রেসিডেন্ট ট্রাম্প এক আদেশে প্রত্যাহার করে নেবার পরই বুধবার থেকে সেখানকার কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে অভিযান শুরু করে তুর্কি বাহিনী এবং সেই অভিযান অব্যাহত রয়েছে।

তুরস্ক দাবি করছে যে রাস আল-আইন শহরটি তারা দখল করে নিয়েছে, কিন্তু কুর্দিরা এ দাবি প্রত্যাখ্যান করছে।

ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামে একটি মানবাধিকার সংস্থা বলছে, সব মিলিয়ে এ পর্যন্ত ১২০ জনেরও বেশি যোদ্ধা নিহত হয়েছে। বেসামরিক লোক নিহত হয়েছে ২০ জন, এবং এক লক্ষ লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

উত্তর পূর্ব সিরিয়ার রাস আল-আইন শহরটির ওপর কামানের গোলা বর্ষণ করা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে আকাশে উঠছে ধোঁয়ার কুণ্ডলী। শোনা যাচ্ছে প্রচন্ড গোলাগুলির শব্দ । তুরস্কের যুদ্ধবিমানগুলো আকাশে চক্কর দিচ্ছে ।

এটা স্পষ্ট যে, উত্তর পূর্ব সিরিয়া থেকে মার্কিন সৈন্যদের প্রত্যাহার করে নেবার জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তই তুরস্কের এ অভিযানের সূচনা করে।

এমনকী কোবানি শহরের কাছে যে মার্কিন ঘাঁটি আছে – সেখানেও শুক্রবার সন্ধ্যায় তুরস্কের কামানের গোলা এসে পড়ে । তবে এতে কেউ আহত হয় নি।

তাল তামার শহরের কাছে তুরস্কের বিমান হামলায় – হেভরিন জেলেফ নামে একজন কুর্দি নারী রাজনীতিবিদ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। কুর্দি যোদ্ধারাও পাল্টা গোলাবর্ষণ করছে, তুরস্কের ভেতরে তাদের নিক্ষিপ্ত গোলা এসে পড়েছে।

কুর্দি মিলিশিয়ারা ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন বাহিনীকে সহায়তা করেছিল, তবে তুরস্ক এই মিলিশিয়াদের সন্ত্রাসী বলে মনে করে।

মার্কিন সেনা প্রত্যাহারের ফলে তাদের বিরুদ্ধে তুরস্কের অভিযান চালানোর পথ খুলে যায়। এর পর মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্ত তার প্রশাসনের ভেতরে এবং রিপাব্লিকান নেতাদের দিক থেকেও ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়।

ফলে এখন তুরস্কের এই অভিযান থামানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতর থেকেই চাপ বাড়ছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার এ অভিযানের ‘গুরুতর পরিণতির’ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন এবং অর্থমন্ত্রী স্টিভেন মেনুশিন নতুন নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনার কথা বলেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য ইতিমধ্যে বলেছেন যে তিনি তুরস্ক এবং কুর্দিদের মধ্যে একটি যুদ্ধবিরতি চান।

কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান বলেছেন, সামরিক অভিযান অব্যাহত থাকবে।

তিনি চাইছেন উত্তর সিরিয়ায় কুর্দি মিলিশিয়া-মুক্ত একটি নিরাপদ এলাকা তৈরি করতে যেখানে সিরিয়ান শরণার্থীদের বসতি গড়ে তোলা হবে।

কুর্দি নেতারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের ”পিঠে ছুরি মারার” অভিযোগ এনেছেন।

কুর্দি মিলিশিয়াদের নিয়ন্ত্রণে যে বন্দীশিবিরগুলো আছে তাতে হাজার হাজার ইসলামিক স্টেটের যোদ্ধাকে আটক রাখা হয়েছে।

তাই তুরস্কের এ আক্রমণের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের ভেতরেও উদ্বেগ দেখা দিয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

দিল্লির রাস্তায় মোদির ভাতিজির মোবাইল ও টাকা ছিনতাই

0

রাজধানী দিল্লির রাস্তায় চুরি গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাইঝির মোবাইল ও পার্স। চুরি গেছে নগদ ৫০ হাজারও রুপিও। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। একইসঙ্গে প্রশ্ন উঠে গেছে ভারতের রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। এই ঘটনায় শনিবার পুলিশে অভিযোগ দায়ের করেছেন দময়ন্তী বেন মোদী। তিনি প্রধানমন্ত্রী মোদীর ভাইয়ের মেয়ে।

দিল্লি সিভিল লাইনস এলাকায় গুজরাটি সমাজ ভবনের সামনে এই ঘটনা ঘটেছে বলে প্রথম রিপোর্ট ইন্ডিয়া টুডে’র। সংবাদসংস্থাকে দময়ন্তী জানিয়েছেন, ওই এলাকা দিয়ে অটোতে যাচ্ছিলেন তিনি, এমন সময়ে তাঁর ব্যাগ ছিনিয়ে বাইকে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। ব্যাগে দুটি মোবাইল ছাড়াই নগদ ৫০ হাজার রুপিও ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদীর ভাইঝি।

প্রসঙ্গত, যে এলাকায় এই ঘটনা ঘটেছে, তার কিছু দূরেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন। দময়ন্তী মোদীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

প্রসঙ্গত, সম্প্রতি ছিনতাইয়ের একাধিক অভিযোগ জমা পড়েছে। সম্প্রতি চিত্তরঞ্জন পার্ক এলাকায় এক মহিলা সাংবাদিকের ফোন ছিনতাই করে দুই বাইকআরোহী। বাধা দিতে গেলে অটো থেকে পড়ে গিয়ে আহত হন ওই মহিলা।

‘চীনের সাথে ভারতের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে’

0

চীন ও ভারতের মধ্যে দুই দিনব্যাপী অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলন শেষ হয়েছে। শনিবার তামিলনাড়ুর মামাল্লপুড়াম শহরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকার এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে মোদী বলেন, চীনের সাথে ভারতের সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। খবর এনডিটিভির।

কেন্দ্রীয় পররাষ্ট্র সচিব বিজয় গোখলে এক বিবৃতিতে বলেন, দুই নেতা উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে নানা কথা বলেছেন। এসময় তাদেরমধ্যে বাণিজ্য ঘাটতি সম্পর্কেও কথা হয়। বাণিজ্য, বিনিয়োগ এবং পরিষেবা নিয়ে আলোচনার জন্য ভারত ও চীন দুই দেশের মধ্যে একটি নতুন প্রক্রিয়া চালু করবে।

এদিকে চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, শি জিনপিং দুই দেশের জনগণের মধ্যে বৃহত্তর ও গভীর সাংস্কৃতিক যোগাযোগ বিনিময়ের সুযোগ হিসেবে আগামী বছর চীন-ভারত কূটনৈতিক সম্পর্কের ৭০তমবার্ষিকী পালনের জন্য ভারতকে আহ্বান জানিয়েছেন।

এর আগে শুক্রবার গভীর রাতে এক সংবাদ সম্মেলনে ভারতের কেন্দ্রীয় সরকার বলে, ভারত ও চীন কট্টরপন্থা এবং সন্ত্রাসবাদকে সাধারণ চ্যালেঞ্জ হিসাবে বিবেচনা করে এর বিরুদ্ধে একসঙ্গে লড়াই করবে।

তবে বৈঠকে কাশ্মির ইস্যু নিয়ে কোন কথা হয়নি। বিশ্লেষকদের মতে, কাশ্মীর নিয়ে যাতে কোন অস্বস্তিকর পরিবেশ তৈরি না হয় এ জন্য দুই নেতা বৈঠকে প্রসঙ্গটি এড়িয়ে গেছেন। আপাতত কাশ্মীর নিয়ে কোন ধরনের বিরোধিতা বেইজিংয়ের পক্ষ থেকে আসবে না বলেই আশা করছেন বিশ্লেষকরা।

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিতীয় অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবারই চেন্নাইয়ে আসেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এরপর প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মহাবলীপুরম মন্দির ঘুরে দেখেন জিনপিং। পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে একসঙ্গে নৈশভোজ সারেন দুই রাষ্ট্রপ্রধান। গত দুই দিনে এই দুই নেতা একে অপরের সঙ্গে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেছেন।