Home Blog Page 3434

আবরার হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করলেন অনিক

0

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় রিমান্ডে থাকা বুয়েট ছাত্র অনিক সরকার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আজ শনিবার অনিককে ঢাকার আদালতে নিয়ে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার আবেদন জানায় মামলা তদন্তের দায়িত্বে থাকা ডিবি।

আবরার খুন হওয়ার পরপরই যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের একজন অনিক। গ্রেপ্তারের পর তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।

বুয়েট ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পঞ্চদশ ব্যাচের শিক্ষার্থী।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ফজলুর রহমান জানিয়েছেন, অনিক সরকার ১৬৪ ধারায় জবাববন্দি দিয়েছেন। মহানগর হাকিম আতিকুল ইসলাম তার খাস কামরায় আসামির জবানবন্দি নেন।

জবানবন্দি নেওয়ার পর অনিককে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া, সম্পাদক সাথী

0

প্রায় এক দশক পর আওয়ামী লীগ সমর্থিত সংগঠন মহিলা শ্রমিক লীগের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন সুরাইয়া আক্তার ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী রহিমা আক্তার সাথী।

আজ শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে সংগঠনটির সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সারা দেশের কাউন্সিলর ও ডেলিকেটদের সর্ব-সম্মতিক্রমে এই কমিটি হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, মহিলা শ্রমিক লীগের সাবেক কার্যকরী সভাপতি সুরাইয়া আক্তারকে সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক সামসুন্নাহার ভূঁইয়াকে কার্যকরী সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী রহিমা আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে দুই বছরের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।

বিপ্লব বড়ুয়া বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে এই কমিটির নেতারা ৪৫ সদস্যের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

কাল সুপ্রিমকোর্ট খুলছে

0

৪২ দিন ছুটির পর সুপ্রিমকোর্টে কাল রোববার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।

১ সেপ্টেম্বর থেকে আজ ১২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি, আদালতের অবকাশকালীন ছুটির কারণে দীর্ঘ ৪২ দিন সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিস্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ বিচারিক কার্যক্রম পরিচালনা করেছে। এ সময়ের জন্য বিচারিক এখতিয়ার দিয়ে প্রধান বিচারপতি অবকাশকালীন বেঞ্চ গঠন করে।

সুপ্রিমকোর্টের অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ অ্যাটর্নি জেনারেল, সুপ্রিমকোর্ট বার-এর সভাপতি-সম্পাদক ও বিজ্ঞ আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

সুপ্রিমকোর্টের রেজিষ্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস ১৩ অক্টোবর রবিবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিমকোর্টের মূল ভবনের ভেতরে লনে এ সৌজন্য সাক্ষাত হবে।

আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু

0

দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর ৫ অক্টোবর শনিবার থেকে ১১ অক্টোবর শুক্রবার পর্যন্ত টানা সাত দিন বন্ধ থাকার পর আজ শনিবার থেকে আমদানি রপ্তানি শুরু হয়েছে।

হিলি কাস্টমস সিএনএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, ভারতীয় ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে ভারত ও বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীরা যৌথভাবে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে সকল প্রকার পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ রাখে।

দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দরের সাত দিনের ছুটি ঘোষনা শেষ হওয়ায় আজ শনিবার থেকে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম যথারীতি চলছে। শনিবার খুব সকাল থেকেই বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।

চিকিৎসকের পরামর্শ নিয়ে দেশে ফিরেছেন ওবায়দুল কাদের

0

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে শুক্রবার রাতে দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

সেতুমন্ত্রীর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।

রাতে দেশে ফিরে বিমানবন্দর থেকে ওবায়দুল কাদের সরাসরি বাসায় যান। ওবায়দুল কাদেরের সহধর্মিণী ইসরাতুন্নেছা কাদেরও সফরসঙ্গী হিসেবে ছিলেন।

মাশরাফির বাবা আইসিইউতে

0

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মর্তুজা স্বপনকে উন্নত চিকিৎসার জন্য গতকাল শুক্রবার রাত ১১টার দিকে যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। সেখানে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।

এর আগে ওইদিন সন্ধ্যায় গোলাম মর্তুজা স্বপন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নড়াইল সদর হাসপাতালের কয়েকজন চিকিৎসক তার নিজ বাড়িতে (মাশরাফির বাড়ি) গিয়ে চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়া হয় মাশরাফির বাবাকে।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মশিউর রহমান বাবু সিএমএইচে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হঠাৎ করে বুকে ব্যথা হলে গোলাম মর্তুজা স্বপনকে যশোর সিএমএইচে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা আগের থেকে কিছুটা ভালো।

নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক আলিমুজ্জামান সেতু গোলাম মর্তুজা স্বপনের সঙ্গে রয়েছেন। তিনি জানান, ওনাকে সিএমএইচ-এর আইসিইউতে রাখা হয়েছে। কিন্তু তার শারীরিক অবস্থা আগের চেয়ে এখন অনেকটা ভালো।

কুমিল্লায় পিকআপে বাসের ধাক্কা, নিহত ২

0

কুমিল্লার সদর দক্ষিণের সোয়াগাজী এলাকায় বাসের চাপায় পিকআপ ভ্যান চালক ও যাত্রীসহ দুজন নিহত হয়েছে। পিকআপ ভ্যানটি মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় চলন্ত বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে অপর একজন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কুমিল্লা বরুড়া উপজেলার বাসিন্দা, নগরীর মোগলটুলীর আল করিম লাইব্রেরীর মালিক হাফেজ মাওলানা ফয়জুল্লাহ এবং পিকআপ ভ্যান চালক কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার জাকির হোসেন। এ ঘটনায় আহত হয়েছেন হাফেজ মাওলানা ফয়জুল্লাহর ছেলে আবদুল হামিদ।

পাগলা মিজানকে নিয়ে লালমাটিয়ার কার্যালয়ে র‌্যাবের অভিযান

0

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানকে নিয়ে লালমাটিয়ার তার কার্যালয়ে অভিযান শুরু করেছে র‌্যাব।

আজ শুক্রবার (১১ অক্টেবর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আটক মিজানকে সঙ্গে নিয়ে এ অভিযান শুরু করেন র‌্যাব-২ সদস্যরা।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, চলমান অভিযানের অংশ হিসেবে আটক কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে সঙ্গে নিয়ে তার বাসায় অভিযান চালানো হচ্ছে। মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডের ওই ভবনে হাবিবুর রহমান বসবাস করতেন। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

শুক্রবার দুপুরে পাগলা মিজানকে নিয়ে তার লালমাটিয়ার কার্যালয়ে আসে র‌্যাব সদস্যরা। এ সময় সেখানে কৌতুহলী মানুষদের ভিড় লেগে যায়। কার্যালয়ের ভেতর-বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তল্লাশি চালানো হয় তার অফিসে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে তাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।

বুয়েটে রাজনীতি নিষিদ্ধ : উপাচার্য

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সব ধরনের সাংগঠনিক রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম। নিজ ক্ষমতাবলে ভিসি এই শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে এই ঘোষণা দেন।

আজ শুক্রবার বিকেলে বুয়েট অডিটোরিয়ামে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকের শুরুতেই উপাচার্য তাদের এ কথা জানান। সেই সঙ্গে আবরার ফাহাদ হত্যা মামলার এজাহারভুক্ত ১৯ শিক্ষার্থীকে বুয়েট থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আবরারের খুনিদের ফাঁসিসহ শিক্ষার্থীদের ১০ দফা দাবি নিয়ে শুধু বুয়েটের বর্তমান শিক্ষার্থীদের (১৫ তম, ১৬ তম, ১৭ তম ও ১৮ তম ব্যাচ) উপাচার্যের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন।

প্রথমে গণমাধ্যমের সামনে আলোচনা করতে রাজি না হলেও অনেক আলোচনা ও আন্দোলনের পর গণমাধ্যমের সামনে আলোচনা করতে রাজি হন উপাচার্য। তবে আলোচনাসভা সরাসরি সম্প্রচার না করার শর্ত জুড়ে দিয়েছেন উপাচার্য।

এতে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ইয়াজ হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাসুদসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত আছেন।

আবরার হত্যায় এবার জিয়নের স্বীকারোক্তি

0

নির্মম নির্যাতন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে মেফতাহুল ইসলাম জিয়ন। শুক্রবার তিনি এই জবানবন্দি দেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় ডিবি পুলিশ তাকে আদালতে নিয়ে আসেন। এদিন আসামি জিয়ন স্বেচ্ছায় আদালতে জবানবন্দি দিতে সম্মত হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তি রেকর্ড করার জন্য আদালতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে জিয়নের জবানবন্দি গ্রহণ করেন বিচারক। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

গত রবিবার দিবাগত মধ্যরাতে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবরার ফাহাদকে শেরে-ই-বাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল।

আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) বিভাগের লেভেল-২ এর টার্ম ১ এর ছাত্র ছিলেন। তিনি শের-ই-বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন। তার বাড়ি কুষ্টিয়া শহরে। কুষ্টিয়া জেলা স্কুলে তিনি স্কুলজীবন শেষ করে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন।