Home Blog Page 3437

যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্যে; নিহত ১৫, আহত ৪০

0

সিরিয়ার ওপর বিমান হামলার পাশাপাশি গোলাবর্ষণ চালিয়েছে তুরস্ক। বুধবার মধ্যরাতের এই হামলায় এখন পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরো ৪০ জন।

সিরিয়ার উত্তরপূর্বে কুর্দিস নিয়ন্ত্রিত এলাকায় এই হামলা চালানো হয়েছে।

সিরিয়ার মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস- এর বরাতে এ তথ্য জানা গেছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সংবাদ সংস্থা এএফপি-কে জানিয়েছে, সিরিয়ার কামিসলি শহরে কামানের গোলায় কমপক্ষে ২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

জানা গেছে, বিমান হামলার সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও, বেশিরভাগ আক্রমণ চালানো হয়েছে কামানের গোলার মাধ্যমে। সিরিয়া ও তুরস্কের সীমানায় থাকা কুর্দিস নিয়ন্ত্রিত এলাকায় হামলাগুলো চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কামিসলি শহরের প্রচুর মানুষ নিরাপত্তার খোঁজে বাড়িঘর ছেড়ে পালিয়েছেন।

এদিকে, তুরস্কের এই হামলার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, এই হামলা কিছুতেই সমর্থনযোগ্য নয়।

অন্যদিকে, তুরস্কের প্রেসিডেন্ট এই হামলাকে সমর্থন করে বলেছেন, তুর্কির দক্ষিণে থাকা সীমান্তে জঙ্গিদের করিডোরকে ধ্বংস করাই এই হামলার উদ্দেশ্য।

সূত্র : ইন্ডিয়া টুডে, ওয়ান ইন্ডিয়া

মুক্তি পাচ্ছেন ৩ কাশ্মীরি নেতা

0

গত ৫ আগস্ট ভারতের জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করা হয়। এরপর জম্মু-কাশ্মীরের প্রায় সব রাজনৈতিক নেতাকে গৃহবন্দি করা হয় ।

প্রায় আড়াই মাস পর কাশ্মীরের ৩ নেতা শর্তসাপেক্ষে মুক্তি পেতে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার তারা মুক্তি পাবেন বলে জম্মু ও কাশ্মীর প্রশাসন জানিয়েছে।

জানা গেছে, যেসব নেতাকে আজ মুক্তি দেওয়া হচ্ছে তারা হলেন-ইয়ার মির, নূর মোহাম্মদ, সোয়াইব লোন। মুক্তি পেয়ে তাঁরা শান্তি ও শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কোনও কাজ করবেন না বলে একটি মুচলেকা দিতে হবে।

ইয়ার মির হলেন পিডিপি বিধায়ক। রফিবাদ বিধানসভা থেকে তিনি নির্বাচিত হয়েছেন। ন্যাশনাল কন্ফারেন্সের কর্মী হলেন নূর মোহাম্মদ। তাঁর দায়িত্বে রয়েছে শ্রীনগরে বাটমালু এলাকা। কংগ্রেসের টিকিটে উত্তর কাশ্মীর থেকে ভোট লড়াই করেছিলেন সোয়াইব লোন। পরে তিনি দল ছেড়ে দেন। সাজ্জাদ লোন ঘনিষ্ঠ বলে পরিচিত রয়েছে লোনের। এর আগে গত ২১ সেপ্টেম্বর পিপিলস কন্ফারেন্সের নেতা ইমরান আনসারি ও সৈয়দ আখুনকে স্বাস্থ্যের কারণে মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য নেতা ও সাধারণ মানুষ মিলিয়ে এখনও পর্যন্ত ১০০০ জনেকে আটক করেছে প্রশাসন। এদের মধ্যে রয়েছেন রাজনৈতিক নেতা, বিচ্ছিন্নতাবাদী নেতা, সমাজকর্মী, আইনজীবী। রয়েছেন ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতি প্রমুখ।

এদিকে, বৃহস্পতিবার থেকেই রাজ্যে পর্যটকদের উপত্যকায় যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। স্কুল-কলেজও খুলছে।

সূত্র : জি-নিউজ

আবরারের মরদেহ হলগেটে রেখে অভিযুক্তদের সঙ্গে রাত কাটান দুই শিক্ষক

0

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের মরদেহ পাশে রেখে নির্লিপ্ত ছিলেন দুই শিক্ষক। হত্যাকাণ্ডর পর শের-ই-বাংলা হলের প্রভোস্ট জাফর ইকবাল খান এবং ছাত্রকল্যাণের পরিচালক মিজানুর রহমানের সঙ্গে হলগেটে আলাপ করছিলেন অভিযুক্তরা। সেই মুহূর্তের ভিডিওতে সবাইকে নির্লিপ্ত দেখা গেছে।

জানা গেছে, আবরারের মরদেহ ফেলে রেখেই ছাত্রলীগের অভিযুক্ত নেতাদের সঙ্গে রাত পার করেন প্রভোস্ট ও ছাত্রকল্যাণ পরিচালক। ওই ভিডিওতে দেখা যায়, আবরারের রক্তাক্ত মরদেহের পাশেই অভিযুক্ত হত্যাকারীরা আলাপচারিতায় মেতে ওঠেন প্রভোস্ট এবং ছাত্রকল্যাণের পরিচালকের সঙ্গে।

ওই সময় আবরারকে হাসপাতালে নেয়ার কোনো উদ্যোগ তাদের মধ্যে দেখা যায়নি। এদিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে অভিযুক্তদের। তার প্রথম দিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১০ আসামিকে পৃথক ও মুখোমুখি জিজ্ঞাসাবাদ করেছে।

গতকাল বুধবার আরো তিনজনকে রিমান্ডে নিয়েছে ডিবি। সবমিলিয়ে ছাত্রলীগের ১৩ নেতাকে এ ঘটনায় রিমান্ডে নেয়া হয়েছে।

জানা গেছে, রিমান্ডে ছাত্রলীগ নেতারা জানিয়েছেন, আবরারকে থেমে থেমে পাঁচ ঘণ্টা অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। বুয়েট ছাত্রলীগের আইনবিষয়ক উপ-সম্পাদক অমিত সাহার শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে রাত ৮টার পর থেকেই শুরু হয় নির্যাতন। তিন দফায় মারধরের একপর্যায়ে মারা যান আবরার। রিমান্ডে থাকা অভিযুক্তরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, আবরারকে মারধরে অংশ নিয়েছিল ২৪-২৫ জন।

জানা গেছে, ঘটনার রাতে অমিত সাহার কক্ষে প্রথম দফায় মারধরে নেতৃত্ব দেন ছাত্রলীগ বুয়েট শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল। তার সঙ্গে যোগ দেন বুয়েট ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন ও উপসমাজ সেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল। পরে অনিক, জিওন, মনির এবং মোজাহিদুলসহ অন্যরা যোগ দেন।

আরো জানা যায়, প্রথম দফায় মারপিট চলে রাত ১১টা পর্যন্ত। রাতের খাবার খাওয়ানোর পর আবরারকে ব্যথানাশক ট্যাবলেটও দেয়া হয়। সেবি সঙ্গে দেয়া হয় মলম। দ্বিতীয় দফা মারধর শুরুর সময় অনিক ছিলেন সবচেয়ে মারমুখী। তখন আবরার বারবার বমি করছিলেন। একপর্যায়ে তাকে টেনে নিয়ে যাওয়া হয় মুন্নার কক্ষে। সেখানে আবরারের শরীরের ওপর অনিক ক্রিকেট স্ট্যাম্প ভাঙেন। পরে আরেকটি স্ট্যাম্প দিয়ে বেধড়ক পেটানো হয়। তৃতীয় দফার মারধর শুরু হয় মধ্যরাতে, সেটা মুন্নার কক্ষে।

নির্মম মারধরে আবরার মারা যান। তার নিথর দেহ টেনে-হিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করেন অভিযুক্তরা। সিঁড়িতেই মরদেহ রেখে স্থান ত্যাগ করেন তারা। এরপর এ নিয়ে তারা যোগাযোগ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে। সংশ্লিষ্টরা ঘাতকদের আশ্বাস দিয়ে বলেছেন, তোমাদের কিছুই হবে না। তোমরা হলেই অবস্থান কর।

ভিডিওতে দেখা যায়, নির্বিঘ্নে আবরারকে যারা পিটিয়ে হত্যা করেছেন, তারাই রাতে দীর্ঘ সময় কাটিয়েছেন হল প্রভোস্ট জাফর ইকবাল খান ও বুয়েট ছাত্রকল্যাণ পরিচালক মিজানুর রহমানের সঙ্গে। ঘটনার পর তারা হলের গেটেই অবস্থান করেন।

সকালে হল সরগরম হয়ে উঠলে শুরু হয় অভিযুক্তদের ছোটাছুটি। সবচেয়ে বেশি মারধর করা অনিক ওরফে মাতাল অনিক দৌড়ে চলে যান তার কক্ষের দিকে। পরে ডাকা হয় চিকিৎসককে। ভিডিওতে দেখা গেছে, সাদা পাঞ্জাবি-পায়জামা পরা ওই চিকিৎসক আবরারকে মৃত ঘোষণা করেন।

ফলো-আপ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

0

বাইপাস সার্জারি পরবর্তী ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। একদিন পর অর্থাৎ, আগামীকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় ওবায়দুল কাদেরের দেশে ফেরার কথা রয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তথ্য কর্মকর্তা আবু নাছের বাসসকে এ কথা জানিয়ে বলেন, ফলো-আপ চিকিৎসার জন্য বৃহষ্পতিবার দুপুর ১টা ৩৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানযোগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন ওবায়দুল কাদের। বাইপাস সার্জারি পরবর্তী সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধায়নে তার স্বাস্থ্য পরীক্ষা হবে বলেও জানান তিনি।

গত ২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়।

এর আগে গত ২ মার্চ ভোররাতে শ্বাসকষ্ট শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে দ্রুত এনজিওগ্রাম করার পর তার হৃদপিন্ডের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে। ভারতের বিখ্যাত চিকিৎসক দেবী শেঠি ঢাকায় এসে ওবায়দুল কাদেরকে দেখার পর সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেন।

৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। ২০ মার্চ ওই হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়। দুই মাস ১১ দিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ১৫ মে সন্ধ্যায় দেশে ফিরে আসেন ওবায়দুল কাদের।

যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে

0

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে।

তিনি আজ বৃহস্পতিবার সকালে বগুড়া সেনানিবাসে আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুলে ৬ষ্ঠ সাঁজোয়া কোর পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের আস্থার প্রতীক হিসেবে সেনাবাহিনী প্রতিষ্ঠিত। শান্তি মিশনে আমাদের সদস্যরা সফলতার সাথে দায়িত্ব পালন করে সারাবিশ্বে সুনাম অর্জন করেছে।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার রূপকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে সেনাবাহিনী প্রধান বলেন, সেনাবাহিনী সাঁজোয়া কোরের সদস্যরা ‘প্রাণ দেব, মান নয়’ মূলমন্ত্রে উজ্জীবিত। এই কোরের সদস্যরা দেশের অভ্যন্তরীণ যেকোন দুর্যোগময় মূহুর্তে ও জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে দক্ষতার সাথে অংশগ্রহন করেছে।

জেনারেল আজিজ বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে রয়েছে এই কোরের সদস্যদের এক গৌরবোজ্জ্বল ইতিহাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা, বিচক্ষণতা ও দূরদর্শিতায় অদূর ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনী আরও যুগোপযুগী ও আধুনিক হয়ে গড়ে উঠবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে তিনি ৬ষ্ঠ সাঁজোয়া কোর পূর্নমিলনী কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহন করেন। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দসহ আর্মার্ড কোর এর অবসরপ্রাপ্ত ও চাকরিরত কর্মকর্তা এবং অন্যান্য পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে প্রেসব্রিফিংকালে তিনি বলেন, বাংলাদেশে বিপুল সংখক রোহিঙ্গা এসেছে মিয়ানমার থেকে। তাদের সীমিত জায়গার মাঝে রাখা হয়েছে। তারা অবৈধভাবে বিদেশেসহ বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছে। এই ৭টি ক্যাম্প সুরক্ষা, তাদের অবাধ গতিবিধি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের জন্য সেনাবিাহিনী কাজ করছে। রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া দেয়া হবে। নিরাপত্তা দেয়াসহ তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে।

রিশা হত্যায় আসামি ওবায়দুলের মৃত্যুদণ্ড

0

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার একমাত্র আসামি ওবায়দুলের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদলত।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি ওবায়দুল উপস্থিত ছিলেন। রায় ঘোষণার আগে তাকে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

গত রবিবার রায় ঘোষণার তারিখ ধার্য ছিল। কিন্তু মামলার একমাত্র আসামি ওবায়দুল খানকে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির না করায় রায়ের তারিখ পিছিয়ে আজকের দিন ধার্য করেন।

এর আগে গত ১১ সেপ্টেম্বর আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের তারিখ ধার্য করেন আদালত। এ মামলায় ২০১৭ সালের ১৭ এপ্রিল ওবায়দুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে ২১ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৪ আগস্ট রিশা ও তার বন্ধু মুনতারিফ রহমান রাফি রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে পরীক্ষা শেষে কাকরাইল ফুট ওভারব্রিজ পার হওয়ার সময় ওবায়দুল রিশাকে প্রেমের প্রস্তাব দেন। রিশা ওই প্রস্তাব প্রত্যাখান করলে ওবায়দুল তাকে ছুরিকাঘাত করেন। রক্তাক্ত অবস্থায় রিশাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় চারদিন পর ২৮ আগস্ট রিশা মারা যায়।

ছুরিকাঘাতের ঘটনায় ২৪ আগস্টই রিশার মা তানিয়া হোসেন বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন। রিশার মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

২০১৬ সালের ১৪ নভেম্বর ওবায়দুলকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসেন।

এমপি হিসেবে শপথ নিলেন সাদ এরশাদ

0

হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে পুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ শপথ নিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে সাদ এরশাদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এ সময় শপথ অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উপনির্বাচনের ফলাফলে দেখা যায়, মহাজোট মনোনীত সাদ এরশাদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ৮৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান (ধানের শীষ) পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট ও জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার (মোটরগাড়ি) পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট।

প্রসঙ্গত জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে শনিবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও দলের অন্যতম প্রতিষ্ঠাতা বেগম রওশন এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে নির্বাচন করে বিজয়ী হন।

আবরার হত্যার বিচার কার্যক্রম দ্রুত শেষ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের পিটিয়ে হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে তিনি একথা বলেন। এ সময় তিনি জানান, আবরার হত্যার চার্জশিট দ্রুততম সময়ে দেয়া হবে।

আবরায় হত্যার ঘটনায় আটক বুয়েট ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক অমিত সাহার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডে অমিত জড়িত কিনা তদন্তের পর বলা যাবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর কতৃর্পক্ষের সঙ্গে আলাপ করে হলগুলোতে তল্লাশি অভিযান চালানো হবে। একই সঙ্গে শুধু শুদ্ধি অভিযান নয়, দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার।

শিবির সন্দেহে গত রবিবার রাতে আবরারকে হলের কক্ষ থেকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগের বুয়েট শাখার কয়েকজন সদস্য। তাঁকে নির্যাতনের পর রাত আড়াইটার দিকে হলের সিঁড়ির পাশে আবরারকে ফেলে রাখে তারা। পরে ডাক্তারকে খবর দিলে তিনি এসে তাকে মৃত ঘোষণা করেন। আবরার হত্যার ঘটনায় ১৫ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

মা ও ছেলের লাশ বিছানায়, বাবা ঝুলছিল ফ্যানে

0

রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে বাবা, মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। মা ও ছেলের লাশ বিছানার ওপর আর বাবার লাশ পাওয়া যায় ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায়।

আজ বৃহস্পতিবার দুপুরে মিরপুর ১৩ নম্বর সেকশনের বি ব্লকের ৫ নম্বর সড়কের ১০ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে এই লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, ওই ফ্ল্যাটে বায়েজিদ নামের এক ব্যক্তি তার স্ত্রী ও কলেজে পড়ুয়া ছেলে নিয়ে থাকতেন।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, খবর পেয়ে ওই বাসায় যাই আমরা। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত ব্যক্তির নাম বায়েজিদ ও নারীর নাম অঞ্জনা। ছেলেটির নাম এখনো জানা যায়নি। কলেজে পড়ত।

ওসি আরও বলেন, ওই নারী ও ছেলের লাশ বিছানার ওপরে পাওয়া গেছে। বায়েজিদের লাশ ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুর কারণ এখনো পরিষ্কার নয়। সিআইডি ক্রাইমকে খবর দেওয়া হয়েছে।

আবরার হত্যা মামলার আইনজীবী হতে চান সুমন

0

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় তার পরিবার চাইলে আইনজীবী হিসেবে সহযোগিতা করার কথা বলেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আজ বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দেন।

ব্যারিস্টার সুমন বলেন, এ মামলায় আমি বাদি হওয়ার সুযোগ নেই। মামলায় তার পরিবার যদি আমার কাছে আসেন আমি সহযোগিতা করার চেষ্টা করবো।

সুমন আরও বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার হওয়া লাগবে। তাতে ছাত্রদের যে আশা, দ্রুত আসাসিমেদর ফাঁসি হওয়া, এতে আমার মনে হয় ছাত্ররা অতি অল্প সময়ের মধ্যে বিচার দেখে যেতে পারবেন।