Home Blog Page 3438

অমিত-মিজানের পর এবার তোহা গ্রেপ্তার

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার এজাহারনামীয় আসামি হোসেন মোহাম্মদ তোহাকে (২০) গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তোহা আবরার হত্যা মামলার এজাহারভুক্ত ১১ নম্বর আসামি। তিনি বুয়েটের এমই বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেল তিনটার দিকে গাজীপুরের মাওনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, আবরার ফাহাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হোসেন মোহাম্মদ তোহাকে গ্রেপ্তার করা হয়েছে। তোহাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ১৬ জনে।

এর আগে এদিন বেলা ১১টার দিকে বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক ও বুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচের ছাত্র অমিত সাহাকে রাজধানীর সবুজবাগ কালিবাড়ী এলাকা থেকে আটক করে পুলিশ। দুপুর ১২টার দিকে আবরারের রুমমেট মো. মিজানুর রহমান ওরফে মিজানকে বুয়েটের শের-ই-বাংলা হলের-১০১১ নম্বর রুম থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।

‘ইউনিয়ন পর্যন্ত নিরাপদ পানি সরবরাহে কাজ করছে সরকার’

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার জেলা ও উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত নিরাপদ খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে জেলা ও উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ের মানুষের কাছে নিরাপদ খাবার পানি পৌঁছে দেয়া।

তিনি বলেন, আমরা বর্তমানে কেবল ঢাকা নয়, বিভাগীয় শহরগুলোতেও নিরাপদ খাবার পানি সরবরাহ করছি।

প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার মুন্সিগঞ্জের লৌহজংয়ের জশলদিয়ায় পদ্মা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট (ফেজ-১), ঢাকার সাভারের তেতুলঝরায় ওয়েল ফিল্ড কনস্ট্রাকশন প্রজেক্ট (ফেজ-১) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের গান্ধাপুর ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে পানি ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানান।

সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রথম ২টি প্রকল্পের যথাক্রমে ৪৫ কোটি ও ১৫ কোটি লিটার পানি সরবরাহ এবং শেষের প্রকল্পটির ৫০ কোটি লিটার পানি শোধনের সক্ষমতা রয়েছে।

এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম, স্থানীয় সরবরাহ বিভাগের সচিব হেলাল উদ্দীন আহমেদ, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি-জিমিং, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হু কাং-ইল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান অনুষ্ঠানে বক্তৃতা করেন। এতে রাজধানীর ক্রম বর্ধমান পানি চাহিদা মেটাতে এই ৩ প্রকল্প এবং বিগত ১০ বছরে ঢাকা ওয়াসার গৃহীত বিভিন্ন প্রকল্প ভিডিও উপস্থাপনার মাধ্যমে দেখানো হয়।

শেখ হাসিনা বলেন, ‘সবার জন্য নিরাপদ পানি’ সরকারের এই শ্লোগানকে ধারণ করে ঢাকা ওয়াসা রাজধানীর বস্তিগুলোতে আইনসম্মত ও নিরাপদ পানি সংযোগের প্রক্রিয়া ইতোমধ্যে নিশ্চিত করেছে। পর্যায়ক্রমে সব বস্তি পানি সরবরাহের আওতায় আনা হবে।

তিনি বলেন, ২০২১ সালের মধ্যে সব বিভাগীয় শহরে ভূ-উপরিস্থ পানির উৎসের মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে।

প্রধানমন্ত্রী ভূ-গর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেন, ভূ-গর্ভস্থ পানির ওপর নির্ভরতা না কমালে আমাদেরকে গুরুতর পরিণতির মোকাবেলা করতে হবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার জন্য শিল্পাঞ্চল ও আবাসিক এলাকায় জলাধার নির্মাণ এবং বর্জ্য ও দূষিত পানি নিষ্কাশনের পদক্ষেপ নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী সেচ কাজে বৃষ্টি ও ভূ-উপরিস্থ পানি ব্যবহারের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বৃষ্টির পানি সংরক্ষণে ৪ হাজার ৭শ’ জলাধার নির্মাণ করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ সব নদীর নাব্যতা বজায় রাখা ও তা জলাধার হিসেবে ব্যবহার করতে নদী খননের কাজ চলছে।

তিনি বলেন, মানুষের নগরমুখী প্রবণতা বন্ধ করতে গ্রামের জনগণের কাছে নাগরিক সকল সুযোগ-সুবিধা পৌঁছে দিতে তাঁর সরকার কাজ করছে।

সবার জন্য বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করতে সরকারের উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পানি সরবরাহ, স্যুয়ারেজ এবং ড্রেনেজ সিস্টেম নিয়ে আমাদের সরকার তিনটি মাস্টার প্লান তৈরি করেছে পাশাপাশি ঢাকা ওয়াটার সাপ্লাই এন্ড স্যুয়ারেজ এ্যাক্ট, ন্যাশনাল ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন এ্যাক্ট ২০১৪ পাস এবং ১৯৯৯ সালে জাতীয় পানি নীতি এবং ন্যাশনাল পলিসি ফর আর্সেনিক মিটিগেশন এন্ড ইমপ্লিমেন্টেশন প্লান গ্রহণ করা হয়।

এমডিজি’র সফল বাস্তবায়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘের ঘোষিত এসডিজি-২০৩০ এর ১৭টি লক্ষ্যের মধ্যে ৬ নম্বর হচ্ছে ‘সবার জন্য স্যানিটেশনের টেকসই ব্যবস্থাপনা ও পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করা। আমরা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এসডিজি সমন্বিত করেছি এবং এটি বাস্তবায়ন হচ্ছে।

নিরাপদ পানি নিশ্চিত করতে কিছুই না করার তীব্র সমালোচনা করে তিনি বলেন, ১৯৯৬ সালে আমি যখন দায়িত্ব গ্রহণ করি, আমরা ঢাকা মহানগরীকে ‘পানি সংকটের’ মধ্যে পাই এবং এই সংকট কাটাতে আমরা সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট নির্মাণ করি। পুনরায় ২০০৯ সালে ক্ষমতায় আসার পরে একই পরিস্থিতি পাই এবং আমরা তখন সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ২ ও ৩ নির্মাণ করি।

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ২০৪১ সাল নাগাদ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত করতে কাজ করে যাচ্ছি।

ভিসিকে পদত্যাগের আহ্বান বুয়েটের ৩০০ শিক্ষকের

0

আবরার ফাহাদ হত্যার ঘটনায় দায় নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি অধ্যাপক সাইফুল ইসলামকে পদত্যাগের আহ্বান জানানো হয়েছে। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৩০০ জন শিক্ষক এ আহ্বান জানান।

গত রোববার দিবাগত রাত ৩টার দিকে বুয়েটের শেরে বাংলা হলের নিচতলা থেকে আবরার ফাহাদের লাশ উদ্ধার করে পুলিশ। তড়িৎ ও ইলেক্ট্রনিকস প্রকৌশল বিভাগের এই শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতাকর্মীরা পিটিয়ে হত্যা করে বলে দাবি সহপাঠীদের।

এ ঘটনার ৪৮ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার পরে প্রকাশ্যে আসেন অধ্যাপক সাইফুল ইসলাম। তবে আবরারের লাশ দেখা, তার স্বজনের খোঁজ খবর নেওয়া বা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া- এমন কোনো পদক্ষেপই নেননি তিনি। এতে গতকাল বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি। সে সময় ভিসিকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

ছাত্র হত্যার পর ভিসির আচরণে শুরু থেকেই সন্তুষ্ট ছিলেন না শিক্ষকরাও। এর পরিপ্রেক্ষিতেই আজ তার পদত্যাগের আহ্বান জানালেন ৩০০ শিক্ষক।

এদিকে ছাত্রলীগের হাতে আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ১০ দফা দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন বুয়েটের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে আবরার হত্যার ঘটনায় বুয়েটের ভিসিকে আলটিমেটাম দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বুধবার সকালে বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি শুরু হয়। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা সাংবাদিকদের ১০ দফা দাবি পড়ে শোনান।

আন্দোলনকারীরা বলেন, দাবি না মানা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তারা। এ সময় শেরে বাংলা হলের প্রভোস্টকে প্রত্যাহারের দাবি জানান আন্দোলনকারীরা।

বক্তারা বলেন, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ১১ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সিসিটিভিতে শনাক্তদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করতে হবে।

আন্দোলনকারীরা আরও জানান, মামলার সব খরচ ও আবরারের পরিবারের ক্ষতিপূরণ বিশ্ববিদ্যালয়কে বহন করতে হবে। মামলাটি দ্রুততম ট্রাইব্যুনালে অধীনে দ্রুত নিষ্পত্তি করার ব্যবস্থা করতে হবে।

দাবিতে আরও বলা হয়, র্যাগের নামে শারীরিক ও মানসিক হয়রানি বন্ধ করতে হবে এবং যারা এর সঙ্গে জড়িত তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে।

ছাত্ররা আরও দাবি করেন, পূর্বে ঘটা এ ধরনের নির্যাতন ও পরে ঘটা নির্যাতন প্রকাশের জন্য একটি কমন প্ল্যাটফরম তৈরি করতে হবে। তা রিভিউ করে দ্রুততম বিচারের ব্যবস্থা করা।

এ সময় সন্ধ্যা ৭টায় মোমবাতি প্রজ্বালন কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। সব শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করার আহ্বান জানান তারা।

প্রসঙ্গত, ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতা করে শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ফাহাদ। এর জের ধরে রোববার রাতে শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তার লাশ সিঁড়িতে ফেলে রাখা হয়।

এ ঘটনায় আবরারের বাবা ১৯ জনকে আসামি করে একটি মামলা করেন। ঘটনায় জড়িত সন্দেহে বুয়েট শাখা ছাত্রলীগের ১১ জনকে সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি।

আবরারের পরিবার জামায়াত-শিবির : কুষ্টিয়ার এসপি

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের পরিবার জামায়াত-শিবির বলে দাবি করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাত।

এদিকে নিহত আবরারের ছোট ভাই ফায়াজকে পুলিশ মারধোর করেছে বলে অভিযোগ করা হয়েছে। সে বিষয়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দৈনিক আমাদের সময় অনলাইনের পক্ষ থেকে এসপির কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এসব মিথ্যা কথা। এখানে সবাই উপস্থিত আছেন। এসব মিথ্যা প্রগাগান্ডা ছড়ানো হচ্ছে। ভিসিকে মারতে পারে নাই এ জন্য।’

বিক্ষুব্ধ এলাকাবাসী কি ভিসির ওপর আক্রমণের কোনো চেষ্টা করেছিল? এমন প্রশ্নের জবাবে এসপি বলেন, ‘এলাকাবাসী না, ওদের ফ্যামিলি (পরিবার) জামায়াত-শিবিরের লোকজন। জামাতের লোকজন আক্রমণের চেষ্টা করেছিল।’

এতে কি আপনাদের কোনো পুলিশ সদস্য আহত হয়েছেন এমন প্রশ্নে এসপি বলেন, ‘না কোনো সংঘর্ষের ঘটনাই ঘটেনি। চড়-থাপ্পড়দের ঘটনাও ঘটে নাই।’

এর আগে, বুয়েট উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম আবরারদের বাড়ি যান তার কবর জিয়ারত করতে। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেন ও পুলিশের জেলা পর্যায়ের কর্মকর্তারা। ভিসি অধ্যাপক সাইফুল ইসলামসহ উপস্থিত সবাই নিহত আবরার ফাহাদের কবর জিয়ারত করেন।

ভিসির আসার খবর আগাম জানতে পেরে গ্রামবাসী আগে থেকেই নিহতের বাড়িতে ভিড় জমান। অতিরিক্ত ভিড় সামলাতে এবং ভিসির নিরাপত্তার জন্য কুমারখালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। কবর জিয়ারত শেষে ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম নিহতের বাবা বরকত আলী ও পরিবারের অন্যান্যদের সান্ত্বনা দেন এবং সহানুভূতি প্রকাশ করনে।

তবে বুয়েটের ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম নিহত আবরার ফাহাদের ঢাকার জানাজায় উপস্থিত না হওয়ায় জনমনে গভীর ক্ষোভের সঞ্চয় হয়। কবর জিয়ারতের পর পরই ক্ষুদ্ধ এলাকাবাসী ক্ষোভে ফেঁটে পড়ে। তারা ভিসির বিরুদ্ধে স্লোগান দিয়ে মারমুখো হয়ে উঠলে ভিসি পুলিশের সহযোগিতায় ঘটনাস্থল থেকে পালিয়ে আসতে বাধ্য হন।

প্রসঙ্গত, গত রোববার দিবাগত রাত তিনটার দিকে বুয়েটের শেরে বাংলা হলের একতলা থেকে দোতলায় ওঠার সিঁড়ির মাঝ থেকে আবরারের লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, ওই রাতেই হলটির ২০১১ নম্বর কক্ষে আবরারকে পেটান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, তার মরদেহে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

যুবলীগের সম্মেলন ২৩ নভেম্বর

0

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কেন্দ্রীয় সম্মেলন আগামী ২৩ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। গণভবনের একটি বিষয়টি নিশ্চিত করেছে।

বুধবার বিকেলে গণভবনে সম্প্রতি জাতিসংঘ অধিবেশনে যোগদান ও ভারতের দিল্লি সফরের অর্জন ও সফলতা তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনের শেষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সহযোগী সঙ্গঠনগুলোর অনানুষ্ঠানিক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে ফিরে গত ২ অক্টোবর গণভবনে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে দলের ২১তম জাতীয় কাউন্সিলের আগেই সম্মেলন করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

পরদিন আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে সহযোগী সংগঠনগুলোকে সম্মেলনের জন্য প্রস্তুতি নিতে চিঠি দেওয়া হয়।

গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ২০১২ সালের ১৪ জুলাই যুবলীগের সর্বোশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সভাপতি নির্বাচিত হন ওমর ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন হারুনুর রশীদ।

বাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণ, নিহত দুই

0

দুর্গাপূজা উপলক্ষে বাজি তৈরি করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে ভারতের ডায়মন্ড হারবারে। ঘটনাটি ঘটেছে নবমীর দিন রাতে ডায়মন্ড হারবারের আশুরালিতে।

বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছেন দু’‌জন। মৃত্যু হয়েছে প্রভাত মণ্ডল ও পলাশ মণ্ডল নামে দুই ব্যক্তির। জানা গেছে, তারা দুই ভাই। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরো দু’‌জন।

স্থানীয়রা বলছেন, দশমীর দিন ভাসানের সময় বাজি ফাটিয়ে নাচা-গানা হবে। তাই নবমীর রাত থেকেই বাজি তৈরির কাজ শুরু হয়ে গিয়েছিল। আশুরালির একটি পুরনো বাড়িতে বাজি তৈরির সমস্ত মাল-মশলা রাখা হয়েছিল। সেখানেই তৈরি হচ্ছিল বাজি।

আশুরালির মাঠেই ছিল দুর্গাপুজোর প্যান্ডেল। আর তার পাশেই ছিল ওই পুরনো বাড়ি; যেখানে বাজি তৈরি করছিলেন গ্রামের কয়েকজন। হঠাৎ করেই সেখানে ঘটে যায় বিস্ফোরণ।

বিস্ফোরণের কারণে আগুন ধরে যায় বাড়িটিতে। ওই বাড়িটিতে ছিলেন চারজন। সঙ্গে সঙ্গে তাদের নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবারের সুপার স্পেশালিটি হাসপাতালে।

সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয় এম আর বাঙুর হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় দু’‌জনের। বাকি দু’‌জনেরও অবস্থা এখনো আশঙ্কাজনক।

চিকিৎসার জন্য দুপুরে সিঙ্গাপুর যাচ্ছেন ওবায়দুল কাদের

0

ফলোআপ চিকিৎসার জন্য আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সিঙ্গাপুর যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধায়নে বাইপাস সার্জারি পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা করাবেন তিনি।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তথ্য কর্মকর্তা আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের উড়োজাহাজযোগে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবেন ওবায়দুল কাদের।

গত ২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়।

এর আগে গত ২ মার্চ ভোররাতে শ্বাসকষ্ট শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে এনজিওগ্রামে তাঁর হৃদপিণ্ডের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে। ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। ২০ মার্চ ওই হাসপাতালে তাঁর বাইপাস সার্জারি হয়। দুই মাস ১১ দিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ১৫ মে সন্ধ্যায় দেশে ফিরে আসেন ওবায়দুল কাদের।

আগামীকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

যুবলীগসহ আ. লীগের চার সংগঠনের সম্মেলন নভেম্বরে

0

যুবলীগসহ আওয়ামী লীগের চার সহযোগী সংগঠনের সম্মেলন চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২ নভেম্বর কৃষক লীগ, ৯ নভেম্বর শ্রমিক লীগ, ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগ ও ২৩ নভেম্বর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে গণভবনে সম্প্রতি জাতিসংঘ অধিবেশনে যোগদান ও ভারতের দিল্লি সফরের অর্জন ও সফলতা তুলে ধরতে আয়োজিত সাংবাদিক সম্মেলন শেষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সহযোগী সংগঠনগুলোর অনানুষ্ঠানিক বৈঠকে উল্লিখিত সহযোগী সংগঠনগুলোর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, সংগঠনের কমিটির মেয়াদ থাকে তিন বছর। ২০১২ সালে এসব সংগঠনের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সে হিসাবে আরো তিন বছর আগেই সংগঠনগুলোর মেয়াদ শেষ হয়েছে।

এতে সংগঠনগুলোর নেতৃত্বের ব্যাপক পরিবর্তন আসতে চলেছে বলে জানা যায়। এর আলোকে সহযোগী সংগঠনগুলোকে ১০ ডিসেম্বরের আগেই সম্মেলন শেষ করতে চিঠি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মাস্টার্স শেষ হওয়ার ১৫ দিনের মধ্যেই হল ছাড়তে হবে

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার ১৫ দিনের মধ্যেই শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে। কোনোক্রমেই হলে অবস্থান করতে পারবে না বলে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষদের নিয়ে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়। সভায় উপস্থিত একাধিক হল প্রাধ্যক্ষ ‘কালের কণ্ঠকে’ এই তথ্য নিশ্চিত করেছেন।

সভা সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে যাতে কোনো ধরনের নির্যাতনের ঘটনা না ঘটে সেই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেক হলের আবাসিক শিক্ষকদের নির্ধারিত ফ্লোরে নিয়মিত পরিদর্শনের বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া হয়। দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে আবাসিক শিক্ষকদের স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দেওয়ারও আহবান জানানো হয় সভায়।

এছাড়াও হল প্রশাসন ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে শূন্য আসনে সিট বরাদ্দ করবে এবং কোন শিক্ষার্থী হল প্রশাসনের অনুমতি ছাড়া হলে উঠতে ও অবস্থান করতে পারবে না বলে জানানো হয়েছে। কেউ এর ব্যত্যয় ঘটালে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। হলের যে সকল কক্ষে অধিকসংখ্যক শিক্ষার্থী অবস্থান করে, সেখানে বাংক বেড স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের বিশেষজ্ঞদের নিয়ে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। স্যার এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খানকে আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এ কে এম আফজালুল হককে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়াও অন্য সদস্যরা হলেন, শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার, ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাকিয়া পারভীন, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক ইশতিয়াক আহমেদ।

আরো জানা যায়, শিক্ষার্থীদের অধ্যয়নের সুবিধার্থে কেন্দ্রীয় লাইব্রেরির সময়সীমা ইতিমধ্যে রাত ৯টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। প্রয়োজনে কেন্দ্রীয় লাইব্রেরি আরো দুই ঘণ্টা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনাধীন রয়েছে। এছাড়াও বিভাগীয় সেমিনার লাইব্রেরির সময়সীমা বিকাল ৫টা থেকে ৮টা পর্যন্ত বাড়ানোর বিষয়ে প্রস্তাব গৃহীত হয়েছে।

সূত্র জানায়, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বা হলগুলোতে কোনো মাদকসেবী, মাদককারবারী, মাদকাসক্ত ও সন্ত্রাসী অবস্থানের সুর্নিদিষ্ট তথ্য জানা থাকলে অনতিবিলম্বে সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ ও প্রক্টরকে জানানোর জন্য অনুরোধ করা হয়।

উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় দরকার শক্তিশালী বৈশ্বিক অংশীদারিত্ব : জাতিসংঘে বাংলাদেশ

0

৭৪তম জাতিসংঘ সাধারণ পরিষদের ২য় কমিটির সাধারণ বিতর্কে অংশ নিয়ে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, “উন্নয়নের পথে বিশেষ করে এজেন্ডা ২০৩০ অর্জনের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে এমন চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় অবশ্যই শক্তিশালী বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তুলতে হবে।”

বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি জাতিসংঘে ওডিএ (উন্নয়ন সহযোগিতা) বাণিজ্য, সরাসরি বৈদেশিক বিনিয়োগ এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশসমূহকে পারস্পরিকভাবে আরও অধিক সহযোগিতার আহ্বান জানান। এছাড়া উত্তর-দক্ষিণ সহযোগিতার পরিপূরক হিসেবে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা কাঠামোর সকল সুবিধা ও সম্ভাবনা পূর্ণমাত্রায় কাজে লাগানোর প্রতিও গুরুত্বরোপ করেন তিনি বলে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশনের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দারিদ্র্য বিমোচন, টেকসই প্রবৃদ্ধি, জলবায়ু পরিবর্তনে সুরক্ষা, মানব-সম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে বাংলাদেশের উন্নয়ন পরিক্রমার নানাদিক তুলে ধরেন স্থায়ী প্রতিনিধি। তাঁর বক্তব্যে উঠে আসে মাথাপিছু জাতীয় আয়, রপ্তানি, বৈদেশিক বিনিয়োগ, শক্তিশালী বেসরকারি খাত সৃষ্টি, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে অসমতা দূর, লিঙ্গ সমতা, সার্বজনীন এবং উন্নত স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা, প্রাথমিক শিক্ষায় শতভাগ ভর্তি, বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, শিক্ষাবৃত্তি ও ভাতা ইত্যাদি ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের ব্যাপক সাফল্যগাঁথার নানা তথ্য-চিত্র।

ডিজিটাল বাংলাদেশের সফলতার বিষয়টি তুলে ধরে রাষ্ট্রদূত মাসুদ বলেন, প্রযুক্তিতে সকলের সমান প্রবেশাধিকার নিশ্চিতের মাধ্যমে সরকার মানব মূলধন তৈরি করছে। দেশব্যাপী স্থাপন করা হয়েছে ৫ হাজার ৮ শত ডিজিটাল সেন্টার যা জনগণের দোরগোড়ায় প্রায় ৬ শত ধরনের ই-সেবা পৌঁছে দিচ্ছে। ২০১৮ সালে বাংলাদেশ তার প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ মহাকাশে উৎক্ষেপন করেছে মর্মে উল্লেখ করে স্থায়ী প্রতিনিধি বলেন, এটি সম্প্রচার-ভিত্তিক সেবা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়াসহ যোগাযোগ উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রাখছে।

স্থায়ী প্রতিনিধি বলেন, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন মেগা প্রকল্পসমূহ অত্যন্ত সফলতার সাথে বাস্তবায়ন করে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের লক্ষ্য ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়া।

বাংলাদেশ যাতে উন্নয়নের এই অদম্য অগ্রযাত্রা ধরে রাখতে পারে সে জন্য রোহিঙ্গা সমস্যার মতো সমস্যার সমাধানে আরও উদার ও সক্রিয়ভাবে এগিয়ে আসতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।