Home Blog Page 3444

কুমারী পূজায় ভক্ত-দশনার্থীদের ঢল

0

প্রতিবারের মতো এবছরও শারদীয় দুর্গোৎসবের অষ্টমীতে দেশের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা হয়েছে। ভোর থেকেই সনাতন ধর্মাবলম্বীরা জড়ো হতে থাকেন রাজধানীর রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন মণ্ডপে। সন্ধ্যায় আরতি ও সাস্কৃতিক অনুষ্ঠানে ছিল ভক্তদের ভীড়। শারদীয় দুর্গোৎসবের চতুর্থদিনে আজ সোমবার মহানবমী পূজা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে আরতি প্রতিযোগিতা।

অষ্টমী তিথিতে রামকৃষ্ণ মিশন মঠ ও মন্দিরে কুমারী রূপে পূজিত হয়েছে কুমারী মা প্রশংসা প্রিয়তা বন্দোপাধ্যায়। তার জন্ম ২০১৫ সালের পহেলা বৈশাখের দিন। বাবার কোলে চড়ে লাল টুকটুকে বেনারসি পরে মন্দিরে আসে প্রিয়তা। তার বাবা প্রিয় শংকর বন্দোপাধ্যায় কে এল জুবলী স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। মা গায়ত্রী বন্দোপাধ্যায় ফজলুল হক মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান। চাইল্ড হ্যাভেন আইডিয়াল হাই স্কুলের প্লে গ্রুপে পড়াশোনা করছে সে। লক্ষ্মীবাজারেই তাদের বাসা।

শাস্ত্রের বিধান মতে, সকালে কুমারী মা প্রিয়তাকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয়। মাথা ও গলায় ফুলের মালা, অলংকার ও প্রসাধনে নিপুণ সাজে সাজিয়ে তোলা হয় তাকে। এরপরই কুমারী মাকে মন্ত্র পাঠ করে গঙ্গাজল ছিঁটিয়ে শরীর মন শুদ্ধ করে মাতৃজ্ঞান রূপে পূজা করা হয়। ১৬টি উপকরণ দিয়ে কুমারী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস-এ পাঁচটি উপকরণ দিয়ে কুমারীকে পূজা করা হয়। তাকে দেখে মনে হচ্ছিল, মৃন্ময়ীরূপের মা দুর্গা যেন জাগ্রত তার মধ্যে। কিছুটা ভয়, দুষ্টুমি ভরা দৃষ্টি আর আনন্দের ঝিলিক ছিল ছোট্ট এ মেয়েটির অভিব্যক্তিতে।

প্রিয়তাকে দেখতে সকাল থেকেই রামকৃষ্ণ মিশনে ভিড় জমাতে শুরু করেন হিন্দু ধর্মাবলম্বীরা। ঢাক-ঢোল, বাদ্য আর ভক্তদের উলুধ্বনির মধ্য দিয়ে পূজিত হয় প্রিয়তা বন্দোপাধ্যায়। শাস্ত্র মতে, এ সময় তার নামকরণ করা হয় ‘সুভগা’। কুমারী পূজা সম্পন্ন হলে ভক্তরা মাকে প্রণাম ও দেবী দুর্গার পায়ে অঞ্জলী নিবেদন করেন। ভক্তদের সুবিধার্থে কয়েক দফায় অঞ্জলী দেওয়ার ব্যবস্থা করা হয়। অঞ্জলী শেষে হাজার হাজার ভক্ত দর্শনার্থীদের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ।

অষ্টমী পূজা ছাড়াও রাতে অনুষ্ঠিত হয় সন্ধিপূজা। অষ্টমীর শেষ নবমীর শুরুর সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয় সন্ধিপূজা। যেসব মণ্ডপে কুমারীপূজা হয় সেখানে একই দিনে অনুষ্ঠিত হয়েছে তিনটি পূজো। দিনের বেলা অষ্টমী বিহিতপূজা আর কুমারী পূজা পরে সন্ধিপূজা। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির কেন্দ্রীয় পূজামণ্ডপে দেবীর মহাষ্টমী বিহিত পূজা ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আরতী। একইসঙ্গে মন্দিরে মন্দিরে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই দুপুরের পর থেকে পূজা মণ্ডপগুলোতে ঢল নামে ভক্ত ও দর্শনার্থীদের।

তবে, অন্যান্য মণ্ডপগুলোর থেকে বসুন্ধরা আবাসিক এলাকার মণ্ডপে ছিল কিছুটা ব্যতিক্রম। সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। কোয়ান্টাম ফাউণ্ডেশনের সহযোগিতা গত দুই দিনে অন্ততঃ ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন বলে জানান বসুন্ধরা সার্বজনিন পূজা কমিটির সভাপতি শ্রীবাস রায়। তিনি জানান, রক্ত সংগ্রহের পাশাপাশি মানুষের জীবন বাঁচাতে রক্তদানে উদ্বুদ্ধ করতে সচেতনতা সৃষ্টির জন্য প্রচারণা চালানো হচ্ছে।

বসুন্ধরা আই ব্লকের ৮৪৭ নম্বর বাড়িতে মণ্ডপ তৈরি করা হয়েছে। বাড়িটির চারপাশে ব্যানার ফেস্টুনের পাশাপাশি চোখ ধাধানো আলোকসজ্জা করা হয়েছে। কঠোর নিরাপত্তা বেষ্টনী পার হয়ে মণ্ডপে প্রবেশ করলেই ডান পাশে পুলিশ কন্ট্রোল রুম ও বাম পাশে স্বেচ্ছা রক্তদান কর্মসূচির ক্যাম্প। আছে আরো কিছু স্টল। সামনে শোলার কারুকাজে সাজানো মন্দিরে প্রতিমা স্থাপন করে পূজা চলছে। ডান পাশে বিশাল মঞ্চে সন্ধ্যা থেকে চলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বসুন্ধরা সার্বজনিন পূজা কমিটির সাধারণ সম্পাদক পবিত্র সরকার কালের কণ্ঠকে জানান, সন্ধ্যা ৭টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত। মাঝে আরতির জন্য বিরতি দেওয়া হবে। তিনি বলেন, ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি মেয়রসহ অনেকেই পূজামণ্ডপ পরিদর্শনে এসেছিলেন। সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলেই পূজার আয়োজনে সহযোগিতা করছে।

এদিকে আজ সোমবার নবমীতে সকাল থেকে পূজা চলবে এবং সন্ধ্যায় আরতি প্রতিযোগিতা হবে। বিজয়া দশমীর দিন সকাল থেকেই পূজা হবে এবং বিকেলে বিজয় শোভাযাত্রা শেষে প্রতিমা বিসর্জন হবে। তাই পূজা যতই শেষের দিকে এগিয়ে যাচ্ছে মন্দিরে মন্দিরে ততোই ভক্তদের আনাগোনা বাড়ছে। যে কারণে গতকাল সন্ধ্যায় প্রতিটি মণ্ডপের সামনে দেখা যায় তীব্র যানজট।

উৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপের চারপাশ ঘিরে বসেছে মেলা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মন্ত্রী, সংসদ সদস্যরাও নগরীর বিভন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন। সারাদেশের মতো রাজধানীর মন্দিরগুলো ঘিরে ছিল পুলিশ, র‌্যাবসহ নিরাপত্তা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনী।

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

0

ভারতে দ্বিপাক্ষিক সফর এবং বিশ্ব অর্থনৈতিক ফোরামের ইন্ডিয়া ইকনোমিক সামিটে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার রাত ১০টা ৩৫ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে স্থানীয় সময় রাত ৮টার পর নয়াদিল্লি পালাম বিমান বাহিনী স্টেশন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে দিল্লি ছাড়েন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দ্বিপাক্ষিক সফর এবং বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘ইন্ডিয়া ইকোনোমিক সামিটে’ যোগ দিতে গত বৃহস্পতিবার (০৩ অক্টোবর) নয়াদিল্লি সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হায়দ্রাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে ৭টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়। সেখান থেকে দুই প্রধানমন্ত্রী কয়েকটি যৌথ প্রকল্প উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিং। সাক্ষাতে সোনিয়া গান্ধীর সঙ্গে তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও ছিলেন।

এছাড়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘ইন্ডিয়া ইকোনোমিক সামিটে’র বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী।

দেশের পথে প্রধানমন্ত্রী

0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের সফর শেষে নয়া দিল্লি থেকে ঢাকার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার রাত সাড়ে আটটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ভিভিআইপি ফ্লাইট নং বিজি ২০৩৩ যোগে ঢাকার উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করেন তিনি।

কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস স‌চিব হাসান জা‌হিদ তুষার।

তিনি জানান, ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। রাত ১১টায় হযরত শাহজালাল বিমানবন্দরে তিনি অবতরণ করবেন।

প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের (ডাব্লিউইএফ) ইন্ডিয়ান ইকোনোমিক সামিটে যোগ দিতে ৩ অক্টোবর ভারতে যান। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

সম্রাটের ছয় মাসের কারাদণ্ড

0

রাজধানীর কাকরাইলে যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের কার্যালয় থেকে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র-গুলি, মাদক ও ক্যাঙ্গারুসহ বিরল প্রজাতির প্রাণীর চামড়া উদ্ধার করা হয়েছে।

ফলে বণ্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্ত আইন ২০১২ এর ধারা ৩৪(খ) এর আওতায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাদক ও অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

আজ রবিবার (০৬ অক্টোবর) র‌্যাবের ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম ও র‌্যাবের পরিচালক (মিডিয়া) লে. কর্নেল সরোয়ার বিন কাশেম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সম্রাটকে আটকের পর রবিবার দুপুর থেকে তার কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব। এ সময় সেখান থেকে দুটি ক্যাঙ্গারুর চামড়া, অবৈধ অস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও টর্চার করার ইলেকট্রিক যন্ত্রপাতি উদ্ধার করা হয়। পরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে তাকে অবৈধভাবে বন্যপ্রাণীর চামড়া সংরক্ষণের অপরাধে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী ওরফে সম্রাটকে সংগঠনটি থেকে বহিষ্কার করা হয়েছে।

শেখ হাসিনার সঙ্গে সোনিয়া গান্ধীর সাক্ষাৎ

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। আজ রবিবার দুপুরে নয়া দিল্লির হোটেল তাজমহলে এই সাক্ষাৎ হয়। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং প্রিয়াংকা গান্ধীও এ সময় উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, সাক্ষাতে তারা অতীতের স্মৃতি রোমন্থন করেছেন। ১৯৭১ সালে বাংলাদেশের প্রতি ভারত সরকার ও তাদের জনগণের ভূমিকার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজনীতিতে পদার্পন করায় প্রিয়াংকা গান্ধীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

মঙ্গলবার বিকল্প রুটে যানবাহন চলাচলের আহবান

0

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) দুর্গাপূজার শেষ দিনে বিজয়া দশমীর শোভাযাত্রা উপলক্ষে আগামী মঙ্গলবার বিকাল তিনটা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত শোভাযাত্রার রুট পরিহার করে চলাচল করার জন্য গাড়ি চালক ও ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে।

ওইদিন উল্লেখিত সময়ের মধ্যে বিকল্প রুটে যানবাহন চলাচলের জন্য ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী মঙ্গলবার সার্বজনীন দুর্গোৎসবের বিজয়া শোভাযাত্রা রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে ওয়াইজ ঘাট গিয়ে শেষ হবে। এ শোভাযাত্রায় বিপুল সংখ্যক পূর্ণাথী অংশ গ্রহণ করবেন। ফলে শোভাযাত্রার রুট ও তার আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হবে।

এ শোভাযাত্রা চলাকালীন যানজট পরিহারের লক্ষ্যে উক্ত এলাকায় চলাচলরত গাড়ি চালক অথবা ব্যবহারকারীদের বিকাল ৩টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত নিম্নোক্ত রুট পরিহারের জন্য ডিএমপি’র পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

বিজয়া শোভাযাত্রা পলাশী বাজার-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্ত্বর-হাইকোর্ট-সরকারী কর্মচারী হাসপাতাল-গোলাপ শাহ্ মাজার-গুলিস্তান (সার্জেন্ট আহাদ বক্সের সামনে)-নবাবপুর রোড-বাহাদুর শাহ্ পার্ক-পাটুয়াটুলী হয়ে ওয়াইজ ঘাটে গিয়ে শেষ হবে।

শোভাযাত্রা চলাকালীন উল্লেখিত সড়কগুলো পরিহার করে বিকল্প সড়কে যানবাহন চালানোর আহবান জানিয়ে ডিএমপির পক্ষ থেকে এ বিষয়ে নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

শেখ হাসিনা আমার অনুপ্রেরণা : প্রিয়াঙ্কা গান্ধী

0

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে ভারতের জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, শেখ হাসিনার শক্তি সর্বদা আমার জন্য এক মহান অনুপ্রেরণা হয়ে থাকবে।

আজ রবিবার দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর টুইটার বার্তায় তিনি এ কথা বলেন।

প্রিয়াঙ্কা ছাড়াও নয়াদিল্লির হোটেল তাজমহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের জাতীয় কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি সোনিয়া গান্ধী এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিং।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলিঙ্গন করেন প্রিয়াঙ্কা। তিনি তার সেই আবেগঘন ছবি নিজের টুইটারে পোস্ট করেছেন।

টুইটারে প্রিয়াঙ্কা লিখেন, শেখ হাসিনা জি’র সঙ্গে দেখা ও আলিঙ্গনের জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম। তিনি তার ব্যক্তিগত গভীর কষ্ট কাটিয়ে উঠতে শক্তি, সাহস ও অধ্যাবসায়ের সঙ্গে যে লড়াই করেছেন, তার সেই শক্তি সর্বদা আমার জন্য এক মহান অনুপ্রেরণা হয়ে থাকবে।

স্থানীয় সময় বেলা ১২টার দিকে নয়াদিল্লির তাজমহল হোটেলে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন সোনিয়া গান্ধী, মনমোহন সিং এবং প্রিয়াঙ্কা গান্ধী।

যুবলীগ থেকে বহিষ্কার হলেন সম্রাট-আরমান

0

রাজধানীর বিভিন্ন এলাকার ক্লাবে ক্যাসিনো বা জুয়ার আসর বসানো, মাদক ব্যবসা পরিচালনা, মানি লন্ডারিংসহ নানা অপরাধে জড়িত অভিযোগে গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সভাপতি ইসমাইল হোসেন সম্রাট ও সহ-সভাপতি আরমানকে বহিষ্কার করা হয়েছে সংগঠন থেকে।

আওয়ামী লীগের সহযোগী সংগঠনটির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু আজ রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের চেয়ারম্যানের ঘোষণা অনুযায়ী এই অভিযানে যারাই আটক হবে, তাঁদেরকে বহিষ্কার করা হবে। সে হিসেবে বহিষ্কার করা হয়েছে সম্রাট ও আরমানকে।’

এর আগে, ক্যসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ রবিবার ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালানো হয়। এ সময় চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামের একটি বাড়ি থেকে সহযোগী আরমানসহ সম্রাটকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কুঞ্জশ্রীপুর গ্রামের মুনির চৌধুরী নামের এক ব্যক্তির বাড়িতে লুকিয়ে ছিলেন তাঁরা। গ্রেপ্তারের পর তাঁদেরকে ঢাকার টিকাটুলিতে অবস্থিত র‍্যাব-৩ এর কার্যালয়ে আনা হয়। এরপর সম্রাটকে নিয়ে রাজধানীর কাকরাইলে অবস্থিত তাঁর নিজের কার্যালয় ‘ভূঁইয়া ম্যানসনে’ অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল। ওই অভিযান এখনও চলছে।

ক্যাসিনো বা জুয়ার আসর বসানো, মাদক ব্যবসা পরিচালনা, মানি লন্ডারিংসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে সম্রাট-আরমানের বিরুদ্ধে। সম্রাটের দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করে পুলিশ সদর দপ্তর।

এই বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছেন সম্রাট

0

রবিবার ভোর ৫টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার ভোরে দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুঞ্জুশ্রীপুর গ্রামে অভিযান চালিয়ে সহযোগী আরমানুল হক আরমানসহ সম্রাটকে গ্রেফতার করে র‌্যাব-১।

জানা গেছে, সম্রাট কুঞ্জশ্রীপুর গ্রামের যে বাড়ি থেকে গ্রেফতার হন সেটির মালিক মনির চৌধুরী নামে এক ব্যক্তি। তিনি একজন পরিবহন ব্যবসায়ী। মনির চৌধুরীর এই বাড়িতেই ঘনিষ্ঠ সহযোগী আরমানহ আত্মগোপনে ছিলেন সম্রাট।

কুঞ্জশ্রীপুর গ্রামটি ভারত সীমান্তবর্তী। ধারণা করা হচ্ছে, সম্রাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

আদালতেই নিজের বুকে গুলি করলেন বিচারপতি!

0

খুনের ঘটনায় অভিযুক্তদের বেকসুর খালাস দেওয়ার পর ভরা আদালতে নিজের বুকে গুলি চালিয়েছেন এক বিচারপতি। থাইল্যান্ডের ওই বিচারপতির নাম কানাকর্ন পিয়ানাচানা ৷ সম্প্রতি থাইল্যান্ডের একটি প্রভিন্সিয়াল আদালতে এ ঘটনা ঘটে। থাইল্যান্ডের ইতিহাসে এমন ঘটনা অভূতপূর্ব।

ব্যাংকক পোষ্টের প্রতিবেদন থেকে জানা গেছে, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় ইয়ালা শহরে অবস্থিত আদালতে বিচারপতি কানাকর্ন পিয়ানাচানা একটি পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালান। নিজেকে গুলি করার আগে দেশের বিচার ব্যবস্থার কড়া সমালোচনাও করেন তিনি ৷ তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন ৷ চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন বিপদমুক্ত।

জানা গেছে, পুরো ঘটনাটাই ফেসবুকে লাইভ হয়েছে। শুক্রবার বিকেলে দক্ষিণ থাইল্যান্ডের ইয়ালা আদালতে খুনের মামলায় রায় দান চলছিল ৷ মামলায় পাঁচ অভিযুক্তের সাজা ঘোষণা হওয়ার কথা ছিল ৷ কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে পাঁচজনকেই বেকসুর খালাস করে দেন বিচারপতি কানাকর্ন পিয়ানাচানা। তারপর দেশের বিচার ব্যবস্থার তীব্র সমালোচনা করে পকেট থেকে পিস্তল বের করে নিজের বুকে গুলি করেন ৷

বিচারপতি বলেন, আমাদের দেশের বিচারব্যবস্থা ত্রুটিপূর্ণ। যাঁরা ধনী ও প্রভাবশালী, তাঁরা গুরুতর অপরাধ করলেও অর্থ ও ক্ষমতার জোরে পার পেয়ে যান । সাধারণ মানুষ সামান্য অপরাধ করলেও তাঁদের কঠোর শাস্তি হয়।

তিনি বলেন, আমি বলছি না যে, খুনের মামলায় যাদের বেকসুর খালাস করলাম তারা অপরাধ করেনি ৷ তারা খুন করতেই পারে ৷ কিন্তু আমাদের ত্রুটিপূর্ণ বিচারব্যবস্থার জন্য তাদের সাজা দেওয়া সম্ভব নয় । উপযুক্ত প্রমাণ ছাড়া কাউকে সাজা দেওয়া যায় না। কারণ তেমনটা করলে অনেক নির্দোষ মানুষ বলির পাঁঠা হবে। ভিড়ে ঠাসা আদালত কক্ষে বিচারপতির পুরো বক্তব্য ফেসবুক লাইভে সম্প্রচারিত হয় ৷

প্রত্যক্ষদর্শীরা বলছেন, নিজের বক্তব্য শেষ করার পরেই বিচারপতি সাবেক রাজার ছবির সামনে দাঁড়িয়ে আইনি শপথ নেন এবং নিজের বুকে গুলি চালান।

আদালতের মুখপাত্র সুরিয়ান হংভিলাই জানান, ওই বিচারপতি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দাবি, ব্যক্তিগত অবসাদের জেরেই তিনি নিজেকে গুলি করেছেন ৷ তবে সেই অবসাদের কারণ কী, তা এখনও স্পষ্ট নয় ৷ ঘটনার তদন্ত হবে।

সূত্র : দ্য গার্ডিয়ান, ইটিভি ভারত, ইরান ডেইলি