Home Blog Page 3445

ভারতীয় উপকূলে পাকিস্তানি নৌকা!

0

ভারতের উপকূলের কাছে পাকিস্তানি নৌকার সন্ধান মিলেছে। দুটি পাকিস্তানি নৌকা জব্দ করেছে বিএসএফ। ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

ভারতীয় গোয়েন্দা সূত্র বলছে, পাকিস্তান নিজের জঙ্গি লঞ্চপ্যাড তৈরি রেখে জলপথে হামলার ছক কষছে। আর সেই আশঙ্কা খানিকটা উসকে দিয়ে গুজরাট সীমান্তের জলপথে ঘটে গেছে এই সন্দেহজনক ঘটনা।

জানা গেছে, বিএসএফ-এর নজরদারিতে গুজরাটের কচ্ছ সংলগ্ন হারামি নালায় দুটি নৌকা ধরা পড়েছে। পরিত্যক্ত অবস্থায় পাকিস্তানের ওই দুটি নৌকা সেখানে ছিল। এরপর চরম তত্‍পরতায় তল্লাশি শুরু করা হয়।

গুজরাট সংলগ্ন হারামি নালা এমন একটি জায়গা যেখানে, প্রায়ই দেখা যায় পাকিস্তানের নৌকা। বহু সময়ে পাকিস্তানি মত্‍সজীবীরা এসে সেখানে নৌকা হারিয়ে চলে যায়। তাই এভাবে নৌকা হারানোর ঘটনা নতুন নয়।

এদিকে, ভারতীয় গোয়েন্দা রিপোর্টে বার বার সতর্ক করা হয়েছে পাকিস্তানের বিভিন্ন নাশকতার ঘটনা নিয়ে। সেখানে জানানো হয়েছে, জলপথ ব্যবহার করে গুজরাট ও রাজস্থান সীমান্ত দিয়ে পাকিস্তানি গুপ্তচর তথা জঙ্গিরা মরিয়াভাবে অনুপ্রবেশের চেষ্টা করে যাচ্ছে। তাই ওই নৌকা থেকে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র : কোলকাতা২৪

‘সীমান্ত পেরিয়ে কাশ্মীরে যেও না’, ইমরানের টুইট ঘিরে তোলপাড়

0

কাশ্মীরিদের প্রতি সহানুভূতি দেখাতে গিয়ে ফের বিতর্ক উসকে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধানমন্ত্রী ইমরান খানের একটি টুইটকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। শনিবার টুইট করে ইমরান বলেন,কাশ্মীরি ভাইদের দুর্দশা দেখে পাকিস্তানিদের মনের ক্ষোভ আমি বুঝতে পারি। জানি কাশ্মীরিদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে তাঁরা কতটা উৎসুক। কিন্তু সীমান্ত পেরিও না। ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নিয়েছে। এখন নিয়ন্ত্রণরেখা পেরোলে ভারত তার অন্য ব্যাখ্যা করবে।

ভারতীয় কূটনৈতিকদের দাবি, পাকিস্তানিদের সীমান্ত পার হতে মানা করে পরোক্ষে সীমান্তে বেআইনি অনুপ্রবেশের কথাই মেনে নিয়েছেন পাক প্রধানমন্ত্রী।

গত সপ্তাহে জাতিসংঘে বক্তৃয়ায় কার্যত পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছিলেন ইমরান। কাশ্মীরের পরিস্থিতি নিয়ে সরব না হলে আরও একটা পুলওয়ামা কাণ্ড ঘটতে পারে বলে ভারতকে হুঁশিয়ারিও দেন তিনি। এরই মধ্যে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের বিরোধিতায় গতকাল পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদে তুমুল বিক্ষোভ দেখানো হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় গাড়ি-বাইকে। কয়েকটি সংবাদমাধ্যম দাবি করে, জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের ডাকেই এই বিক্ষোভ কর্মসূচি।

জম্মু-কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বিলোপের সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়ে ইমরান এখন নিজ ঘরেই বিরোধের মুখে। পাক প্রধানমন্ত্রীকে সরিয়ে রেখে পাকিস্তানের শিল্পপতিদের সঙ্গে রুদ্ধ-দ্বার বৈঠক করেছেন পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া।

পর্যবেক্ষকদের মতে, দেশের এমন পরিস্থিতিতে বেহাল অর্থনীতি নিয়ে সক্রিয় ভূমিকা নিচ্ছে শক্তিশালী সামরিক বাহিনী।

প্রসঙ্গত, ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত কয়েক দিন আগেই দাবি করেছিলেন, সীমান্তের ওপারে ফের সক্রিয় হয়ে উঠেছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি। আধুনিক আগ্নেয়াস্ত্র ও ইসরায়েলি বোমা নিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে অন্তত ৫০০ জইশ জঙ্গি। তাদের প্রত্যক্ষ ভাবে মদত দিচ্ছে পাক সেনাবাহিনী।

সূত্র : দ্য ওয়াল

যেকোন হুমকির কঠোর জবাব দিতে প্রস্তুত ইরান

0

ইরানের সশস্ত্র বাহিনী শত্রুদের যেকোন হুমকির কঠোর জবাব দেয়ার জন্য সদা প্রস্তুত রয়েছে। ইরানের সেনাবাহিনীর স্ট্রাটেজিক স্টাডিজ সেন্টারের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদরেজা পুরদাস্তান এ কথা বলেছেন। শনিবার তেহরানে এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আহমাদরেজা পুরদাস্তান বলেন, ইরানের চারপাশের সীমান্তবর্তী বিশাল অঞ্চল জুড়ে ‘সকল শত্রুর সব ধরনের গতিবিধি’ গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে।’ এজন্য বিভিন্ন ধরনের কারিগরি প্রযুক্তি ও কৌশল অবলনম্বন করার হচ্ছে।

জেনারেল পুরদাস্তান বলেন, ইরানের উচ্চ পর্যায়ের সামরিক সক্ষমতার কারণে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত বহুবার হুমকি দেয়া সত্ত্বেও তেহরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর সাহস করেনি।

তিনি বলেন, গত জুন মাসে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করার ঘটনা ছিল যুক্তরাষ্ট্রের জন্য ‘মারাত্মক শক্তিশালী সতর্কবার্তা।’ যুক্তরাষ্ট্র ওই সময়ে ইরানের বিরুদ্ধে ‘সীমিত পর্যায়ের’ সংঘাত শুরু করতে চাইলেও মার্কিন ড্রোন ভূপাতিত করার পর যুক্তরাষ্ট্র ইরানের সামরিক শক্তি সম্পর্কে ধারনা পেয়ে যায় বলে তিনি মন্তব্য করেন।

প্রসঙ্গত, গত ২০ জুন পারস্য উপসাগরের আন্তর্জাতিক পানিসীমা থেকে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি অত্যাধুনিক মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ওই ঘটনার জের ধরে ইরানে সীমিত পর্যায়ের হামলা চালানোর নির্দেশ দিয়েও শেষ মুহূর্তে তা প্রত্যাহার করে নেন।

সূত্র : পার্সটুডে

দুর্গাপূজার মন্ত্র পরিবর্তনের দাবি পশ্চিমবঙ্গে

0

দুর্গাপূজার সকালে অঞ্জলি দেওয়ার যে মন্ত্র পাঠ করা হয়, তারই একটি শব্দ পরিবর্তন করে সময়োপযোগী করার দাবি উঠেছে। প্রাচীনকাল থেকে চলে আসা ওই মন্ত্রের একটি জায়গায় ‘পুত্রান্ দেহি’ বলতে হয়।

কিন্তু গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম আর গণমাধ্যমে অনেকেই বলতে শুরু করেছেন যে ‘পুত্রান্ দেহি’ বলে আসলে ঈশ্বরের কাছে শুধু পুত্র চাওয়া হয়ে আসছে। শুধুমাত্র পুত্র সন্তানের কামনা করাটা লিঙ্গ বৈষম্য, এমনই মনে করছেন অনেকে।

শাস্ত্র বিশেষজ্ঞদের মতে, দুর্গাপূজার অষ্টমীর দিন তিন ভাগে যে অঞ্জলি দেওয়া হয়, তার দ্বিতীয় ভাগটি এরকম- ‘আয়ুর্দ্দেহি যশোদেহি ভাগ্যং ভগবতী দেহি মে। ধনং দেহি পুত্রান্ দেহি সর্ব কামাংশ্চ দেহি মে’।

অর্থাৎ, দেবীর কাছে আয়ু, যশ এসবের সঙ্গেই ‘পুত্র’ কামনা করা হচ্ছে। দাবি উঠছে, ‘পুত্রান্ দেহি’র বদলে ‘সন্তানান্ দেহি’ বলা হোক, যাতে পুত্র বা কন্যা নির্দিষ্ট করে না প্রার্থনা করে সন্তানের কথা বলা হোক ওই মন্ত্রে।

কিন্তু প্রাচীনকাল থেকে চলে আসা পূজার মন্ত্র বদল করা যায় কি না, তা নিয়ে বেদ-পুরাণ বিশেষজ্ঞদের মধ্যে মতান্তর তৈরি হয়েছে।

বেদ-পুরাণের গবেষক অধ্যাপক রোহিনী ধর্মপাল বলছেন, ‘বহু ক্ষেত্রেই হিন্দু শাস্ত্র-পুরাণে কিছুটা লিঙ্গ-বৈষম্য রয়েছেই। এখানে নারীদের কথা একটু কম, পুরুষদের কথা বেশি আছে। এই একটা শব্দ পরিবর্তন করে যদি লিঙ্গ বৈষম্য দূর করা যায়, তাহলে আপত্তির কিছু তো দেখি না আমি।’

তবে শাস্ত্র বিশেষজ্ঞ নৃসিংহ প্রসাদ ভাদুড়ী মনে করেন যে, ‘পুত্রান্ দেহি’ বলা হলেও সেটিতে আসলে সন্তান কামনাই করা হচ্ছে।

‘মন্ত্রটা কে কীভাবে ব্যাখ্যা করছেন, সেটা গুরুত্বপূর্ণ। কালিদাসের কুমারসম্ভব কাব্যের শুরুতে রয়েছে- ‘জগত: পিতরৌ বন্দে, অর্থাৎ নিখিল জগতের পিতরৌ – মানে পিতা এবং মাতা, অর্থাৎ পার্বতী- পরমেশ্বরকে বন্দনা করি। পিতরৌ হল পিতা শব্দের দ্বিবচন। একটা শব্দেই কিন্তু বাবা এবং মা দুজনকেই বোঝানো হচ্ছে’, বলছিলেন প্রসাদ ভাদুড়ী।

একই সঙ্গে তিনি মনে করেন, যে সমাজে, যে যুগে মন্ত্রগুলি লেখা হয়েছে, সেই সময়কার ছাপ নিঃসন্দেহে রয়েছে মন্ত্রের মধ্যে।

তিনি বলছিলেন, ‘সে যুগে নিঃসন্দেহে পুত্র সন্তানই চাইতেন বেশিরভাগ মানুষ। কারণ আর্যরা যখন যুদ্ধ করতে করতে অগ্রসর হচ্ছে, তখন লড়াই করার জন্য শক্তিশালী পুত্রের প্রয়োজন বলেই মনে করা হত।

‘আজ থেকে ৪০-৫০ বছর আগে পর্যন্তও তো আমাদের সমাজেই পুত্র সন্তানই চাইতেন মানুষ। তাই ওই সময়ের মানুষের চিন্তা-ভাবনায় লিঙ্গ বৈষম্য ছিল, এটা বলার কোনো অর্থ হয় না। তা নিয়ে আলোচনা হতে পারে, গবেষণা হতে পারে, কিন্তু পরিবর্তন কী ভাবে করবেন আপনি?’

অধ্যাপক রোহিনী ধর্মপালের মত অবশ্য বলছেন, ‘বেদে কিন্তু নারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান ছিল। ২৭ জন নারী ঋষি বেদের অতি গুরুত্বপূর্ণ কিছু সুক্ত লিখেছেন। কিন্তু পরবর্তী নানা যুগে নারীদের স্থান সঙ্কুচিত হতে শুরু করে, অনেক সীমাবদ্ধতা আরোপ করা হয় মেয়েদের ওপরে। ব্রাহ্মণ্যবাদ আর পুরুষতান্ত্রিকতার ফসল ওগুলো।’

‘এত বছর ধরে যদি সেই খারাপ দিকের পরিবর্তনগুলো মেনে নিয়ে আমরা মন্ত্রোচ্চারণ করে থাকতে পারি, এখন সন্তান কামনার ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করার জন্য বদল কেন করা যাবে না?’

দুর্গাপূজার অঞ্জলির মন্ত্র পরিবর্তন করা নিয়ে সামাজিক মাধ্যমেও অনেকেই পোস্ট শেয়ার করছেন, বা অন্যের পোস্ট লাইক বা কমেন্ট করছেন।

এরকমই একজন, কলকাতার বাসিন্দা কাবেরী বিশ্বাস বলছিলেন, ‘এই পোস্টটা দেখার পরে মনে হল যে, এভাবে তো কখনো ভাবিনি! যদিও অঞ্জলির মন্ত্রোচ্চারণের সময়ে পুত্রান্ দেহি কথাটা বলতাম, মনে মনে কিন্তু সন্তানই প্রার্থনা করতাম।

‘মায়ের কাছে পুত্রসন্তান আর কন্যাসন্তান – দুইয়েরই মূল্য সমান। কিন্তু ব্যাপারটা নিয়ে আলোচনা শুরু হওয়ায় এবার ঠিক করেছি ‘সন্তানান্ দেহি’ই বলব।’

নৃসিংহ প্রসাদ ভাদুড়ী কিন্তু মনে করেন, ‘এটা অবাস্তব’।

‘যুগ যুগ ধরে যে মন্ত্র উচ্চারিত হচ্ছে, সেটাকে কি পাল্টে দেওয়া যায় একটা ক্যাম্পেইন চালিয়ে? দেখবেন এবারও অঞ্জলি দেওয়ার সময়ে পুরোহিতও যেমন পুত্রান্ দেহি-ই বলবেন, তেমনই যারা অঞ্জলি দেবেন, তাঁরাও সেটাই উচ্চারণ করবেন।’

‘পুত্রান্ দেহি’র বদলে ‘সন্তানান্ দেহি’ বলার যে দাবি উঠেছে, তাকে সম্পূর্ণ সমর্থন করেন নারী অধিকার আন্দোলনের কর্মী শ্বাশতী ঘোষ।

তবে তিনি বলছেন, ‘মন্ত্র বদলের থেকেও দরকার নিজের মন পরিবর্তন, যেখানে পুত্র সন্তান আর কন্যা সন্তানের মধ্যে যে কোনো ভেদ নেই, এটা মন থেকে বিশ্বাস করতে হবে।’

সূত্র: অমিতাভ ভট্টশালীর প্রতিবেদন
বিবিসি বাংলা, কলকাতা

আট দিন মহাকাশে অবস্থান, ফিরেছেন নভোচারী হাজ্জা আল মনসুরী

0

মহাকাশে ৮ দিন অবস্থান করে ৩ অক্টোবর বিকাল ২টা ৫৯ মিনিটে (আমিরাত সময়) পৃথিবীতে ফিরে এসেছেন আমিরাতের প্রথম নভোচারী হাজ্জা আল মনসুরী (৩৪)। মহাগ্রন্থ আল কুরআন সাথে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রথম নভোচারী মেজর হাজ্জা আল মানসুরী কাজাখস্তানের বাইকোনুর শহর থেকে গত ২৬ সেপ্টেম্বর রওনা হবার ৬ ঘণ্টা পর আন্তর্জাতিক স্পেস স্টেশনে (আইএসএস) পৌঁছান। তাঁকে বহনকারী মহাকাশযানটি স্পেস স্টেশনে পৌঁছার পর হাজ্জা মানসুরী ‘আসসালামু আলাইকুম’ বলে বিশ্ববাসীকে অভিবাদন জানান।

মহাগ্রন্থ আল কুরআন ছাড়াও মানসুরী সংযুক্ত আরব আমিরাতের পতাকা, আল গাফ গাছের ৩০টি বীজ, আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের একটি ছবি এবং ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের জীবনীগ্রন্থের একটি কপি সাথে করে নিয়ে গেছেন।

হাজ্জা আল মানসুরীর সাথে ছিলেন রাশিয়ার নভোচারী কমান্ডার ওলেগ স্ক্রিপোচকা এবং আমেরিকার নভোচারী জেসিকা মির। মহাকাশে আট দিনের এ অবস্থানে হাজ্জা তাঁর নানা গবেষণা ও অভিজ্ঞতা শেয়ার করেছেন। মহাকাশ থেকে পাঠিয়েছেন কাবা শরিফসহ নানা দুর্লভ ছবি।

জেনেভা ক্যাম্পে সংঘর্ষ, ২ মামলায় ১০ গ্রেপ্তার

0

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের বিদ্যুৎ নিয়ে বিরোধের জেরে পুলিশের ওপর হামলা, ভাঙচুর, মারামারি ও অগ্নিসংযোগের ঘটনায় দুইটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় আটক ১২ জনের মধ্যে ১০ জনকে এই দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গতকাল শনিবার রাতে পুলিশ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দুটি করে। এতে নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ের অনেককে আসামি করা হয়েছে। মামলা দুটির একটি হচ্ছে পুলিশের ওপর হামলার অভিযোগে, আরেকটি নাশকতার।

তেজগাঁও ডিভিশনের ডিসি আনিসুর রহমান মামলা দায়েরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের ওপর হামলা, মারামারি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। মোহাম্মদপুর থানায় করা একটি মামলায় ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এ প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, এই বিহারি ক্যাম্পে মাসে ১ কোটি ২৪ লাখ টাকার মতো বিদ্যুৎ বিল আসে। বর্তমানে প্রায় ৩৪ কোটি টাকা বিল বকেয়া আছে। এ বিদ্যুৎ বিল আগে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় পরিশোধ করতো। তবে সম্প্রতি ক্যাম্পের উর্দুভাষী এই অবাঙালিরা ভোটাধিকার লাভ করায় এবং ফ্রি বিদ্যুতের রিট খারিজ হওয়া মন্ত্রণালয় আর বিল পরিশোধ করবে না বলে জানিয়েছে। এখন থেকে বিহারিদেরই বিল পরিশোধ করতে হবে।

গতকাল শনিবার দুপুরে মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে ৩১ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) লোকজন সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তাদের ওপর চড়াও হয় স্থানীয় বিহারিরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে তারা পুলিশের ওপরও হামলা চালায়। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়।

যেভাবে গ্রেপ্তার হলেন সম্রাট

0

ক্যাসিনোবিরোধী অভিযানের পর থেকেই গ্রেপ্তার আতঙ্কে ছিলেন যুবলীগের প্রভাবশালী নেতা সম্রাট। খালেদ গ্রেপ্তার হওয়ার পর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ও ফেনী সীমান্ত দিয়ে বিদেশে পালানোরও চেষ্টা করেন তিনি। তবে ব্যর্থ হন।

এরই মধ্যে শীর্ষ নেতাদের সঙ্গে যোগযোগ করেও কোনো সুবিধা করতে পারেননি সম্রাট। একপর্যায়ে যখন বুঝতে পারেন দেশ থেকে পালানোর আর কোনো সুযোগ নেই। এ নিয়ে ব্যাপক দুশ্চিন্তায় পড়ে যান তিনি।

এরপর বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে গত ১৯ সেপ্টেম্বর কাকরাইলে ঈশা খাঁ হোটেলের বিপরীতে ‘ভুঁইয়া ম্যানশনে’ নিজ কার্যালয়ে অবস্থান নেন। সেখানে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সারারাত থাকেন। এরপর অবস্থা নিজের অনুকূলে না থাকায় সেখান থেকে সটকে পড়েন সম্রাট। চলে যান অনেকটা আত্মগোপনে। সর্বশেষ গোয়েন্দারা জানতে পারেন, তিনি কুমিল্লার চৌদ্দগ্রামে অবস্থান করছেন।

সম্রাটকে গ্রেপ্তারে গতকাল রাতেই চৌদ্দগ্রাম পৌঁছায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল। ক্যসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার কুঞ্জুশ্রীপুর গ্রামে যায় দলটি। তাঁরা জানতে পারেন ওই গ্রামের এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রয়েছেন সম্রাট। বাড়িটি তাঁরা ঘিরে ফেলেন। একপর্যায়ে ভোর ৫টার দিকে ওই বাড়ি থেকে সহযোগী আরমানসহ গ্রেপ্তার করা হয় সম্রাটকে। পরে তাঁদেরকে আনা হয় ঢাকার টিকাটুলিতে অবস্থিত র‍্যাব-৩ এর কার্যালয়ে।

কুমিল্লার চৌদ্দগ্রামের যে এলাকা থেকে সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছে সেই কুঞ্জুশ্রীপুর গ্রামটি সীমান্তের কাছাকাছি। ধারণা করা হচ্ছে, সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে চেয়েছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুঞ্জুশ্রীপুর গ্রামের যে বাড়িতে আশ্রয় নিয়েছিলেন সেটি সম্রাটের আত্মীয়ের বাসা। বাড়িটি মনিরুল ইসলাম নামের এক ব্যক্তির। তবে তার কোনো রাজনৈতিক পরিচয় এখনো পাওয়া যায়নি।

কুঞ্জুশ্রীপুর গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, গভীর রাতে ওই এলাকায় একটি বাড়ি র‌্যাব ঘিরে রাখে। পরে সম্রাটকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল তোফায়েল মোস্তফা সারওয়ার। তিনি বলেন, ক্যসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ রবিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে অভিযান চালানো হয়। এ সময় চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর চৌধুরী বাড়ি থেকে সহযোগী আরমানসহ সম্রাটকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তারের পর সম্রাট ও তাঁর সহযোগী আরমানকে আনা হয়েছে ঢাকার টিকাটুলিতে অবস্থিত র‍্যাব-৩ এর কার্যালয়ে। তাঁদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান এই র‍্যাব কর্মকর্তা।

মোদি বললেন ‘জয় বাংলা’

0

নরেন্দ্র মোদি হিন্দিতে তাঁর বক্তৃতার শেষাংশে বলেন, ‘জয় হিন্দ। জয় বাংলা। জয় ভারত-বাংলা বন্ধুত্ব। ধন্যবাদ।’

ভারতের সঙ্গে বাংলাদেশের আরো জোরালো সম্পর্ক গড়ার আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশের সঙ্গে তাঁর দেশের সম্পর্ক বিশ্বের জন্য দৃষ্টান্ত। গতকাল শনিবার দুপুরে নয়াদিল্লিতে হায়দরাবাদ হাউসে দুই দেশের বৈঠক শেষে বক্তব্যে দুই নেতা এসব কথা বলেন।

গতকাল এর আগে তাঁদের উপস্থিতিতেই বাংলাদেশ ও ভারত সাতটি দলিল সই করেছে। সেগুলোর মধ্যে একটি চুক্তি, চারটি সমঝোতা স্মারক (এমওইউ), একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) ও একটি কর্মসূচি। স্বাক্ষরিত দলিলগুলো হলো চট্টগ্রাম ও মোংলা বন্দর ভারতের ব্যবহারের বিষয়ে এসওপি, ত্রিপুরার সাবরুম শহরের খাবার পানি সরবরাহ প্রকল্পের জন্য ফেনী নদী থেকে ভারতের ১ দশমিক ৮২ কিউসেক পানি তুলে নেওয়া বিষয়ে এমওইউ, বাংলাদেশকে দেওয়া ভারতীয় ঋণ বাস্তবায়নে চুক্তি, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমওইউ, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি (নবায়ন), যুব বিষয়ে সহযোগিতার জন্য এমওইউ এবং ‘কোস্টাল সার্ভেইল্যান্স সিস্টেম’ (উপকূলীয় নজরদারি ব্যবস্থা) সরবরাহের বিষয়ে এমওইউ।

এর আগে শুক্রবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের ব্যবসাখাতে দুটি এমওইউ সই হয়। এ নিয়ে প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরের তৃতীয় দিন শেষে দুই দেশের মধ্যে সই হওয়া চুক্তি, এমওইউ বা দলিলের সংখ্যা ৯-এ উন্নীত হলো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে গতকাল নয়াদিল্লির হায়দরাবাদ হাউস থেকে দুই দেশের তিনটি দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। প্রকল্পগুলো হলো বাংলাদেশ থেকে ভারতে ‘বাল্ক এলপিজি’ (বড় পরিসরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) রপ্তানি, ঢাকায় রামকৃষ্ণ মিশনে বিবেকানন্দ ভবন (ছাত্রাবাস) উদ্বোধন এবং খুলনায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশে (আইডিইবি) বাংলাদেশ-ভারত প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিআইপিএসডিআই) উদ্বোধন।

এদিকে যৌথ প্রকল্প উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে ওই প্রকল্পগুলোর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই প্রকল্পগুলো বাংলাদেশের জনগণের কাজে লাগবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিগত এক দশকে আমাদের উভয় দেশের মধ্যে বিভিন্ন প্রথাগত খাতে সহযোগিতা প্রভূত পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি বিভিন্ন নতুন ও অপ্রচলিত খাত যেমন ব্লুু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) এবং মেরিটাইম, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, মহাকাশ গবেষণা, ইন্টারনেট ব্যান্ডউইডথ রপ্তানি এবং সাইবার সিকিউরিটি ইত্যাদি খাতে উভয় দেশ সহযোগিতার হাত সম্প্রসারিত করেছে। তিনি বলেন, ‘এসব বহুমুখী ও বহুমাত্রিক সহযোগিতার ফলে আমাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বিশ্ববাসীর সামনে সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের দৃষ্টান্ত হিসেবে পরিগণিত হচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।’

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের জনগণ ও সরকারের অপরিসীম অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। এই অবদান দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে চিরদিন মাইলফলক হয়ে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বক্তৃতার শেষাংশে সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। বাংলাদেশ-ভারত মৈত্রী দীর্ঘজীবী হোক।’

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উদ্বোধন করা প্রকল্পগুলোর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক শুধু প্রতিবেশী দেশগুলোর জন্যই নয়, সারা বিশ্বের কাছে সুসম্পর্কের ক্ষেত্রে দৃষ্টান্ত। এবারের আলোচনায় দুই দেশের সম্পর্ক আরো এগিয়ে যাবে।

ভারতে রপ্তানি হবে বাংলাদেশের তরল গ্যাস

0

বাংলাদেশ এই প্রথমবারের মতো তাদের তরল প্রাকৃতিক গ্যাস ভারতের উত্তর-পূর্বাঞ্চলে রপ্তানি করবে বলে দুই দেশের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের তৃতীয় দিনে গতকাল শনিবার এ ঘোষণা দেওয়া হয়।

তবে যে ইস্যুগুলোতে বাংলাদেশে অনেকের নজর ছিল- যেমন তিস্তা নদীর পানি ভাগাভাগি কিংবা রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রশ্নে ভারতের অধিকতর সমর্থন আদায়, সেগুলোতে বিশেষ অগ্রগতির লক্ষণ চোখে পড়েনি।

জানা গেছে, গতকাল শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী হাসিনার মধ্যকার অনুষ্ঠিত বৈঠকে এসব ইস্যুতে কোনও নাটকীয় মোড় আসেনি। বরং বাংলাদেশ ভারতে তাদের প্রাকৃতিক গ্যাস রপ্তানি করতে সম্মত হয়েছে। এ সময় এলপিজি রপ্তানি জন্য একটি প্রকল্পেরও উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী।

এই প্রকল্পে বাংলাদেশ থেকে বুলেট ট্রাকে করে তরল প্রাকৃতিক গ্যাস ত্রিপুরার বিশালগড় বটলিং প্ল্যান্টে নিয়ে আসা হবে। তারপর তা উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে। এতে এলপিজি সিলিন্ডার অনেক কম পরিবহন-খরচে এবং কম সময়ে ওইসব দুর্গম এলাকায় পৌঁছে যাবে।

এই পদক্ষেপ দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতেও সাহায্য করবে বলেও খবরে বলা হচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও মোদির সঙ্গে বৈঠককালে এই বিষয়টিতেই জোর দিয়েছেন বলে জানা গেছে।

এদিন তিস্তা নদীর পানি বন্টনের মতো স্পর্শকাতর ইস্যুতেও বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যা হলো ত্রিপুরার সাব্রুম শহরের পানীয় জল জোগাতে ফেনী নদী থেকে ১.৮২ কিউসেক জল সরবরাহ করবে বাংলাদেশ।

বৈঠক চলাকালে ফেনীসহ সাতটি অভিন্ন নদীর পানি ভাগাভাগির জন্য একটি কাঠামো প্রস্তুত করতেও যৌথ নদী কমিশনকে নির্দেশ দিয়েছেন দুই প্রধানমন্ত্রী। যদিও এই সাতটির মধ্যে তিস্তা নেই। তবে দুই দেশের কর্মকর্তারা বলছেন, এই কাঠামোই আগামী দিনে সম্ভাব্য তিস্তা চুক্তির ভিত গড়ে দিতে পারে।

বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “শেখ হাসিনার সঙ্গে আজকের এই এলপিজি-আমদানিসহ এই নিয়ে গত এক বছরে আমি অন্তত ডজনখানেক প্রকল্পের উদ্বোধন করলাম।”

তিনি আরো বলেন, “যার সবগুলোরই লক্ষ্য এক – আমাদের নাগরিকদের জীবনের মানে উন্নতি ঘটানো। আর এটাই ভারত-বাংলাদেশ সম্পর্কের মূলমন্ত্র।”
সূত্র : বিবিসি বাংলা

রাজনীতিবিদ, আইন-শৃঙ্খলা সদস্য, সরকারি কর্তা- সবাই দীর্ঘদিনের অপকর্মের সঙ্গী

0

ক্যাসিনো কেলেঙ্কারীতে গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া, সেলিম প্রধান ও গণপূর্তের ঠিকাদার জি কে শামীমকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। বর্তমানে খালেদ ও শামীম র‌্যাবের হেফাজতে রয়েছেন। তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে র‌্যাব। এর আগে তাঁদের দুজনকে রিমান্ডে নিয়ে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তাঁদের দুজনের রিমান্ড শেষ হলে মানি লন্ডারিং আইনের মামলায় আদালতে পাঠিয়ে রিমান্ড চাইবে সিআইডি।

জিজ্ঞাসাবাদে তাঁরা এরই মধ্যে প্রভাবশালী রাজনীতিবিদ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ব্যবসায়ী, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ তাঁদের দীর্ঘদিনের অপকর্মের সঙ্গী আরো অনেকের নাম বলেছেন। সেই সঙ্গে কোন ক্যাসিনো থেকে কত টাকা পেতেন তা জানিয়ে তাঁরা আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

জিজ্ঞাসাবাদে খালেদ র‌্যাবকে জানিয়েছেন, চাঁদাবাজি ও টেন্ডারবাজির পাশাপাশি আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসানেরও ঘনিষ্ঠ সহযোগী হয়ে একসময় তাঁরা ক্যাসিনো কারবার করেছেন। ক্যাসিনো, চাঁদাবাজি, টেন্ডারবাজির মাধ্যমে কোটি কোটি টাকা আয় করতেন তাঁরা। এসব অর্থ যুবলীগের শীর্ষ নেতা থেকে শুরু করে ক্ষমতাসীন দলের অনেক সিনিয়র নেতা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভাগ দিয়ে তাঁরা অনেক সুবিধা পেতেন। সেই সময় থেকেই মতিঝিলের ইয়ংমেনস ক্লাব থেকে তাঁর মাসিক আয় ছিল ৪০ লাখ টাকা। মুক্তিযোদ্ধা চিত্তবিনোদন ক্লাব থেকে মাসিক আয় ছিল তিন লাখ টাকা। শাহজাহানপুর রেলওয়ে গেট-সংলগ্ন মাছের বাজার থেকে মাসিক আয় ছিল ৬০ হাজার টাকা। শাহজাহানপুর এলাকার লেগুনা থেকে মাসিক আয় ৩০ হাজার টাকা। বিভিন্ন ফুটপাত থেকে মাসিক আয় ছিল ২০ হাজার টাকা। তবে এসব অবৈধভাবে উপার্জিত অর্থ দেশ-বিদেশের বিভিন্ন ব্যাংকে জমা রেখেছেন তিনি। এর মধ্যে মালয়েশিয়ার আরএইবি ব্যাংকে ৬৮ লাখ টাকা, সিঙ্গাপুরের ইউওবি ব্যাংকে দেড় কোটি টাকা, থাইল্যান্ডের একটি ব্যাংকে এক লাখ বাথ, বাংলাদেশের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ছয় কোটি থেকে সাড়ে ছয় কোটি টাকা, ব্র্যাক ব্যাংকে আড়াই কোটি টাকা, এনসিসি ব্যাংকে নিজের নামে ১৯ কোটি টাকার এফডিআর, ব্র্যাক ব্যাংকে স্ত্রী সুরাইয়া আক্তারের নামে ৫০ লাখ টাকা, এনসিসি ও ব্র্যাক ব্যাংকে ১৫ লাখ টাকা করে ৩০ লাখ টাকা গচ্ছিত রয়েছে।

এ ছাড়া জি কে শামীমও রিমান্ডে ঠিকাদারি কাজ বাগিয়ে নিতে সাবেক ও বর্তমান সরকারের নেতাদের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ আরো কাকে কাকে টাকা দিয়েছেন জিজ্ঞাসাবাদে তা স্বীকার করেছেন বলে র‌্যাব সূত্র জানিয়েছে।

এদিকে গত ৩০ সেপ্টেম্বর ব্যাংকক যাওয়ার পথে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে গ্রেপ্তার হওয়া সেলিম প্রধানকেও গুলশান থানায় দায়ের করা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁকে জিজ্ঞাসাবাদকারী সূত্র জানিয়েছে, তিনি অনলাইনে ক্যাসিনো কারবার করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন। সেই সঙ্গে তাঁর গুলশানের অফিসের একটি গোপন কামরায় শতাধিক তরুণীর যাওয়া-আসার তথ্য দিয়েছেন। ওই অফিসে অনেক রাজনীতিক, গোয়েন্দা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি দেশের অনেক কোটিপতি ব্যবসায়ীদেরও যাতায়াত ছিল। সেলিম সেখানকার অনৈতিক কর্মকাণ্ড ভিডিও করে রেখে তাঁদের অনেককে জিম্মি করে নিজের অবৈধ কর্মকাণ্ড চালাতেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর থেকে রাজধানীতে ক্যাসিনোবিরোধী অভিযান চালিয়ে এই তিনজনসহ আরো অনেককে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা হলে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

খালেদের মামলার তদন্ত তদারক কর্মকর্তা র‌্যাব-৩ উপপরিচালক ফাইজুল ইসলাম বলেন, রিমান্ডে নিয়ে খালেদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর তথ্য যাচাই-বাছাই করে অন্যদের সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।