Home Blog Page 3448

সৌদি থেকে ফিরেছেন আরো ১২০ কর্মী, গত দু’‌দি‌নে ফিরলেন ২৫০ জন

0

সৌদি আরব থেকে বাংলা‌দে‌শি‌ কর্মীদের ফেরা অব্যাহত আছে। গতকাল শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটে সৌদি এয়ারলাইন্স এসভি ৮০৪ বিমানযোগে দেশে ফিরেছেন ১২০ বাংলা‌দেশি। আগের‌দিন অর্থাৎ বৃহস্পতিবার রা‌তেও ফে‌রেন ১৩০ জন। এ নি‌য়ে গত দু’‌দি‌নে ২৫০ জন বাংলা‌দে‌শিকে ফেরত পাঠা‌নো হ‌লো।

চলতি বছরে সৌদি আরব থেকে এ পর্যন্ত প্রায় ১২ হাজার প্রবাসী শ্রমিক দেশে ফিরেছেন। এদের মধ্যে বেশিরভাগই বৈধ কাগজপত্র থাকার পরও তাদের দেশে ফেরত পাঠিয়ে দেয় সৌদি সরকার।

প্রবাসী কল্যাণ ডে‌স্কের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম গতকাল ফেরা‌দের খাবারসহ জরুরি সহায়তা প্রদান ক‌রে।

গত রা‌তে ফেরা ঢাকা জেলার দোহার উপজেলার আনোয়ার হোসেন ব‌লেন, সৌদি আরবে তার দোকানে কাজ ছিলো। আকামার মেয়াদ ছিল আরো ১১ মাস। কিন্তু দোকান থেকে ধরে তা‌কে পাঠিয়ে দেওয়া হ‌য়ে‌ছে।

সৌ‌দি থে‌কে ফেরত আসা কর্মী‌দের অভি‌যোগ, সৌদি আরবে বেশ কিছুদিন ধ‌রে ধরপাকড়ের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। সেই অভিযানে বাদ যাচ্ছে না বৈধ আকামা থাকা কর্মীরাও।

ফেরত আসা অনেক কর্মীর অভিযোগ, তারা কর্মস্থল থেকে রুমে ফেরার পথে তাদের পুলিশ গ্রেপ্তার করেন। সে সময় নিয়োগকর্তাকে ফোন করা হলেও তারা দায়িত্ব নিচ্ছেন না। বরং আকামা থাকা সত্ত্বেও কর্মীদেরকে ডির্পোটেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। আবার দীর্ঘদিন অবৈধভাবে থাকার কারণেও অনে‌ককে আটক ক‌রে ফেরত পাঠা‌নো হচ্ছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

0

ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত সর্বোচ্চ গুরুত্ব দেয় বলে জানান তিনি। আজ কিছুক্ষণ পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সে সময় উভয় দেশের মাঝে ছয়টি চু‌ক্তি/সম‌ঝোতা স্মারক সই হত‌ে পার‌ে। এছাড়া বিকেল‌ে শেখ হাসিনাকে দেওয়া হ‌বে ‘‌টে‌গোর পিস অ্যাওয়ার্ড’

আজ শনিবার সকালেই শেখ হাসিনা-নরেন্দ্র মোদী দ্বিপক্ষীয় বৈঠকের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাতে আন্তরিকতাপূর্ণ আলোচনা হয়েছে জানিয়ে টুইট করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভীশ কুমার।

বৈঠক সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টুইটারে লিখেছেন, ভারত যে প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দেয়, তা তুলে ধরেছেন জয়শঙ্কর।

কিছুক্ষণ পর হায়দ্রাবাদ হাউজে দুই প্রধানমন্ত্রী বৈঠকে বসবেন।

রংপুরে ভোটযুদ্ধ শুরু, মূল লড়াইয়ে সাদ ও রিটা

0

জাতীয় সংসদের রংপুর-৩ আসনে উপনির্বাচনে আজ শনিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে। এবার ১৭৫টি কেন্দ্রে শুধু ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ করা হবে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জিএম সাহাতাব উদ্দিন রংপুর সদর ও মহানগরের সব ভোটকেন্দ্রে সকাল ৯টায় ভোট শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় পার্টির প্রার্থী এরশাদপুত্র রাহগির আল মাহি এরশাদ (সাদ) ও বিএনপির রিটা রহমানের মধ্যে মূল লড়াই হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জোটের অংশীদার হিসেবে জাতীয় পার্টি প্রার্থী দেওয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগ এ আসন থেকে তাদের প্রার্থী প্রত্যাহার করেছে।

ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতিমধ্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। শেষ হাসি কে হাসে এখন শুধুই অপেক্ষার পালা।

নির্বাচনে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, জাতীয় পার্টি মনোনীত রাহগির আলমাহি সাদ এরশাদ (লাঙ্গল), বিএনপির রিটা রহমান (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (মোটরগাড়ি), এনপিপির শফিউল আলম (আম), খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল (দেওয়াল ঘড়ি) এবং গণফ্রন্টের কাজী মো. শহীদুলস্নাহ বায়েজীদ (মাছ)। এদের মধ্যে ৪ প্রার্থী রংপুর-৩ আসনে ভোটার নন।

নির্বাচন অফিস সূত্র জানায়, রংপুর সদরের ৫টি ইউনিয়ন ও ১ থেকে ৮ নম্বর ব্যতীত ৯ থেকে ৩৩ নম্বর পর্যন্ত রংপুর সিটি করপোরেশন এলাকার ২৫টি ওয়ার্ড নিয়ে রংপুর-৩ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪২ হাজার ৭২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৩১০ জন ও নারী ২ লাখ ২০ হাজার ৭৬২ জন।

নির্বাচনের সব ধরনের প্রচার কাজ বৃহস্পতিবার সকাল ৯টার পর থেকে বন্ধ হয়েছে। এতে বলা হয়েছে, ভোট গ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা এবং ভোট গ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে অর্থাৎ ৩ অক্টোবর সকাল ৯টা থেকে ৭ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত নির্বাচনী এলাকায় যে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এছাড়া যান চলাচলের নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ভোট গ্রহণের আগের দিন অর্থাৎ ৪ অক্টোবর রাত ১২টা থেকে ভোট গ্রহণের দিন মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সি ক্যাব, বেবিট্যাক্সি/ব্যাটারিচালিত অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, পিকআপভ্যান, কার, বাস, ট্রাক, টেম্পো, লঞ্চ, ইজি বাইক, ইঞ্জিনবোট ও স্পিডবোটগুলোর চলাচলের ওপর এই নিষেধাজ্ঞা জারি করে গণবিজ্ঞপ্তি দিয়েছে জেলা প্রশাসন। তবে, রিটার্নিং কর্মকর্তার অনুমতিসাপেক্ষে সীমিত আকারে যান চলাচল করবে।

তবে জাতীয় মহাসড়ক এবং নির্বাচন সংশ্লিষ্ট যানবাহন বা নৌযান ও জরুরি সেবাদানকারী বা এমন যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিলযোগ্য হবে। সাংবাদিক, প্রার্থী ও প্রার্থীর এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষদের গাড়িও এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এদিকে, উপনির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। পাঠানো হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত টিম।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ৪২ হাজার ৯২৬ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপিপ্রার্থী রিটা রহমান পেয়েছিলেন ৫৩ হাজার ৮৯ ভোট। ভোট পড়েছিল ৫২ দশমিক ৩১ শতাংশ।

এ আসনের সাবেক সাংসদ হুসেইন মুহাম্মদ এরশাদ গত ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিপ্রেক্ষিতে সংসদ সচিবালয়ের সচিব (রুটিন দায়িত্ব) আ ই ম গোলাম কিবরিয়া স্বাক্ষরিত ১৬ জুলাই রংপুর-৩ আসনটি শূন্য হওয়ার গেজেট প্রকাশ করেন। ১ সেপ্টেম্বর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

জিসানকে দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

0

দুবাইয়ে গ্রেপ্তার বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনিস্টিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এর আগে সনাতন সমাজ কল্যাণ সংঘ আয়োজিত শারদীয় দুর্গোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। সনাতন সমাজ কল্যাণ সংঘ আয়োজিত এই মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৫ বছর আগেই ইন্টারপোলে আমরা জিসানের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলাম। দুবাই সরকার তাকে আটক করে আমাদেরকে জানিয়েছে। তাকে দ্রুত কীভাবে, কী পদ্ধতিতে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করছি। আমরা আশা করছি খুব দ্রুতই তাকে ফিরে আনতে পারবো।’

অপরাধীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের ব্যাপারে তিনি বলেন, ‘যার অভিযোগ যখন প্রমাণিত হয় তখনই তার বিরুদ্ধে নানা ধরনের ব্যবস্থা নেয়া হয়ে থাকে।’

দুর্গাপূজা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ হলো সনাতন ধর্মাবলম্বীদের একটা নিরাপদ জায়গা। হাজার বছরের কৃষ্টি এটা। বঙ্গবন্ধুর অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন দেখেছিলেন তার সেই স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।’

সাময়িক স্বার্থের জন্য দীর্ঘ মেয়াদি স্বার্থ বিসর্জন নয়

0

ভূ-রাজনৈতিক বাস্তবতাকে বন্ধুত্ব ও সমন্বয়ের মাধ্যমে মোকাবেলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গতকাল শুক্রবার বিকেলে নয়াদিল্লিতে তাজ প্যালেস হোটেলে ভারতীয় অর্থনৈতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বলেছেন, ‘জনগণের স্বার্থে অবশ্যই আমাদের আঞ্চলিক রাজনৈতিক বাস্তবতার মধ্যে সমন্বয় করতে হবে। আমরা স্বল্পমেয়াদি স্বার্থের জন্য দীর্ঘমেয়াদি স্বার্থকে বিসর্জন দিতে পারি না।’

দক্ষিণ এশিয়াকে অবশ্যই সংযুক্ত, বন্ধুত্বপূর্ণ ও প্রতিযোগিতামূলক অঞ্চল হিসেবে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি প্রতিবেশীসহ সবার সঙ্গে তাঁর সরকারের বন্ধুত্বপূর্ণ নীতির কথাও উল্লেখ করেন।

দক্ষিণ এশিয়ার সংযোগ ও সৌহার্দ্যের জন্য প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব

প্রথমত, আমাদের সমাজের প্রত্যেক ব্যক্তির জন্য শান্তি, স্থিতিশীলতা ও সৌহার্দ্য নিশ্চিত করার লক্ষ্যে প্রয়াস চালিয়ে যেতে হবে। সংখ্যাগুরু ও সংখ্যালঘুর মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যুগ যুগ ধরে বহুত্ববাদ হচ্ছে দক্ষিণ এশিয়ার শক্তি। এর মাধ্যমে আমরা ধর্ম, জাতি ও ভাষাগতভাবে দক্ষিণ এশিয়ার বৈচিত্র্যের উদ্যাপন করতে পারে। এটি হচ্ছে মৌলিক বিষয়।

দ্বিতীয় প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, দ্রুত প্রবৃদ্ধির সময় সমাজে যেন বৈষম্য আরো বেড়ে না যায় তা আমাদের নিশ্চিত করতে হবে। সম্পদ হতে হবে অন্তর্ভুক্তমূলক এবং তা তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছাতে হবে।

তৃতীয় প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, স্বল্পোন্নত সম্প্রদায় বা দেশ পিছনে পড়ে থাকবে না। আমাদের যুবকদের আকাঙ্ক্ষা ও চাহিদা অবশ্যই বিবেচনায় নিতে হবে।

দক্ষিণ এশিয়ায় আমাদের জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা ও বিনিয়োগের মাধ্যমে অন্যদের হাত ধরতে হবে।

সম্প্রদায় ও দেশসমূহের মধ্যে পারস্পরিক আস্থা ও পারস্পরিক শ্রদ্ধা হচ্ছে চাবিকাঠি। আমাদের ভ্রান্ত ধারণা থেকে ঊর্ধ্বে উঠতে হবে।

চতুর্থ প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা অবশ্যই বন্ধুত্ব ও সহযোগিতার মাধ্যমে আমাদের ভূ-রাজনৈতিক বাস্তবতা নিয়ন্ত্রণ করব। আমাদের জনগণের স্বার্থে ভারসাম্যপূর্ণ আঞ্চলিক বাস্তবতার প্রশংসা করব। আমরা স্বল্পমেয়াদি লাভের জন্য দীর্ঘমেয়াদি স্বার্থ বন্ধ করে দিতে পারি না।’

এর আগে দুপুরে প্রধানমন্ত্রী নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে ভারত-বাংলাদেশ ব্যবসা ফোরামের বক্তব্যে দুর্নীতি ও সন্ত্রাসের ব্যাপারে তাঁর সরকারের ‘জিরো টলারেন্স’ (ছাড় না দেওয়া) নীতি তুলে ধরেন। সে সময় তিনি ভারতীয় উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগেরও আহ্বান জানান।

বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ভারতীয় অর্থনৈতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের প্যানেল আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হেং সি কিয়াট, অ্যাপোলো হসপিটালস এন্টারপ্রাইজের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সোবানা কামিনেনি, বুকিং ডটকমের চেয়ারম্যান জিলিয়ান টান্স, সিঙ্গাপুরের সিক্যুয়া ক্যাপিটাল ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক শৈলেন্দ্র সিং এবং সঞ্চালক বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস সোয়াব।

আলোচনার শুরুতে অনুষ্ঠানের আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী বলেন, তিনিসহ আলোচকদের তিনজন নারী ও তিনজন পুরুষ। এ ভারসাম্য উৎসাহব্যঞ্জক। বিশ্বে এমনটি দেখা যায় না। এমনকি তিনি মন্ত্রিসভায়ও সমানসংখ্যক নারী ও পুরুষ রাখতে পারেননি।

অনুষ্ঠানের সঞ্চালকের প্রশ্ন ছিল, বাংলাদেশের এত সম্পদ নেই। এর পরও সাফল্যের নেপথ্যে কী?’

জবাবে প্রধানমন্ত্রী বলেন, সীমিত সম্পদ সত্ত্বেও বাংলাদেশের জমি উর্বর, জনগোষ্ঠীও বিশাল। এই দুইয়ের সমন্বয় করে বাংলাদেশ অনেক কিছু অর্জন করতে পারে ও পেরেছে।

প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিসংগ্রামে বঙ্গবন্ধুর ভূমিকা তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন যে উন্নয়নের জন্য বাংলাদেশকে প্রতিবেশীদের সঙ্গে সংযুক্ত হতে হবে ও একসঙ্গে উন্নতি করতে হবে। এটিই এখন বাংলাদেশকে প্রেরণা জোগাচ্ছে।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর কাছে জনগণই ছিল প্রথম। কারণ তিনি যখন দেশ স্বাধীন করেছিলেন, তখন ৮২ শতাংশ লোক দারিদ্র্যসীমার নিচে ছিল। তিনি তাদের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি ভালো জীবন দিতে চেয়েছিলেন। তিনি দেশ স্বাধীন করেছিলেন এবং সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চেয়েছিলেন। তাঁর পররাষ্ট্রনীতির মূল বিষয় ছিল সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। কারণ তাঁর লক্ষ্য ছিল অর্থনৈতিক বঞ্চনামুক্তি। আমরা তাঁর দ্বারা অনুপ্রাণিত হয়েছিলাম।

প্রধানমন্ত্রী বলেন, ছাত্রজীবন থেকে রাজনীতি করলেও তিনি কখনো ভাবেননি যে তাঁকে দল বা দেশ চালানোর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।

তিনি যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডের বর্ণনা দিচ্ছিলেন, তখন হলরুমে দর্শক-শ্রোতা সারিতে ছিল নীরবতা।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার পরিবারের ১৮ সদস্যকে হত্যা করা হয়। দুর্ভাগ্যজনকভাবে আমি ও আমার বোন ওই সময় বিদেশে ছিলাম। দুর্ভাগ্যজনক বলছি এ কারণে, যাঁরা স্বজন হারান তারাই এই কষ্ট বোঝেন।’

প্রধানমন্ত্রী জার্মানি থেকে ভারতে এসে আশ্রয় নিয়ে ছয় বছর পর দেশে ফেরার কথা জানান। তিনি বলেন, ‘সব ঝুঁকি নিয়ে আমি ভেবেছিলাম, আমি চেষ্টা করে দেখি। জানতাম, জনগণের সমর্থন আছে। দল হিসেবে আমরা আমাদের অর্থনৈতিক নীতি গ্রহণ করি।’

শেখ হাসিনা রোহিঙ্গা সংকটের দিকে ইঙ্গিত করে বলেন, বাংলাদেশ কারো সঙ্গে ঝগড়া-বিবাদ করে না। সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখে।

প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ আন্ত অঞ্চল সংযোগকারী কেন্দ্র হিসেবে কাজ করতে পারে। কানেক্টিভিটির ক্ষেত্রে বাংলাদেশ বড় ভূমিকা রাখতে পারে। আঞ্চলিক কেন্দ্র হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়েই সরকার কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করছে। প্রধানমন্ত্রী ভারত ও মিয়ানমারের সঙ্গে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের কথা বলেন।

প্রধানমন্ত্রীর এই আলোচনা অনুষ্ঠান ছিল দর্শকে পরিপূর্ণ। সেখানে বাংলাদেশ, ভারত ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধি, নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

শুভ জন্মদিন মাশরাফি!

0

আজ শনিবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ৩৬তম জন্মবার্ষিকী। ফলে ৩৭ বছর বয়সে পা দিলেন তিনি। ইতোমধ্যেই গত বিশ্বকাপকে নিজের শেষ বিশ্বকাপ বলে ঘোষণা দিয়েছেন এই নড়াইল এক্সপ্রেস। বিশ্বকাপ পরবর্তী শ্রীলঙ্কা সফরকেও বলেছিলেন এটাই তাঁর শেষ বিদেশ সফর। তবে শেষ মুহূর্তে চোটের কারণে সিরিজ থেকে ছিটকে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, আগামী বছর জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে আয়োজিত সিরিজই তাঁর শেষ সিরিজ হতে চলেছে।

১৯৮৩ সালের আজকের এই দিনে নড়াইলের চিত্রা নদীর পাড়ে মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন মাশরাফি। তবে তিনি নড়াইলে কৌশিক নামেই সমধিক পরিচিত। ছোটবেলা থেকেই দুরন্ত ছিলেন তিনি। চিত্রা নদীর পাড়ে তার শৈশব কেটেছে।

মাশরাফির বাবা স্বপন ছিলেন ফুটবলার ও অ্যাথলেট। যদিও তিনি চাইতেন না ছেলে ক্রিকেট খেলুক। তবে মাশরাফির মা স্কুলশিক্ষিকা হামিদা মর্তুজা চাইতেন মাশরাফির সব ইচ্ছা পূরণ করতে। তাই তিনিছেলে ক্রিকেট খেলার সামগ্রী কেনার টাকা দিতেন।

২০০১ সালের ৮ নভেম্বর টেস্টের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে আগমন ঘটে তাঁর। ২০০৯ সাল পর্যন্ত এই ফরম্যাটে মোট ৩৬টি ম্যাচ খেলেছেন তিনি। এরই মাঝে নিয়েছেন ৭৮টি উইকেট। একই সঙ্গে তিনটি হাফ সেঞ্চুরিসহ রান করেছেন ৭৯৭। টেস্ট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা না দিলেও এ ফরম্যাটে ফিরবেন না তিনি।

এরপরে একই বছরের ২৩ নভেম্বর ওয়ানডে ক্রিকেটে মাশরাফির অভিষেক হয়। সর্বশেষ ইংল্যান্ড বিশ্বকাপ পর্যন্ত ২১৭টি ম্যাচ খেলেছেন তিনি। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে তিনি ২৬৬টি উইকেটও তুলে নিয়েছেন ।

সম্প্রতি টি-টুয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি। ক্রিকেটের এ ফরম্যাটে ৫৪ ম্যাচ খেলে নিয়েছেন ৪২টি উইকেট। সেই সঙ্গে ব্যাট হাতে করেছেন ৩৭৭ রান।

এছাড়া গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন টাইগার অধিনায়ক। ক্রিকেটের পাশাপাশি সাংসদ সদস্য হিসেবে নিজের এলাকারও দেখভাল করে যাচ্ছেন তিনি।

১৯ দিনে ১৫ ট্রেন লাইনচ্যুত, নেপথ্যে অবহেলা

0

বাংলাদেশ রেলওয়ের তথ্যানুসারে, গত আগস্টে প্রথম ১৯ দিনেই ১৫টি ট্রেনের লাইনচ্যুতি ঘটে। ২০১৪ সাল থেকে গত জুন পর্যন্ত ট্রেনে বিভিন্ন ধরনের দুর্ঘটনার মধ্যে লাইনচ্যুতি ছিল ৭৩ শতাংশ। গত জুন পর্যন্ত সাড়ে ১০ বছরে চার হাজার ৭৯৮ বার ট্রেন দুর্ঘটনা ঘটে, প্রাণহানি ঘটে ৩৯২ জনের। এর পেছনে রেলওয়ের প্রকৌশলী ও কর্মীদের অবহেলাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা।

রেলপথ, ইঞ্জিন ও বগি রক্ষণাবেক্ষণে সাধারণ কর্মচারী থেকে প্রকৌশলীদের অবহেলায় ট্রেনের চাকা চলতে গিয়ে লাইন থেকে পড়ে যাচ্ছে। রেলপথে দুর্ঘটনার প্রায় ৭৩ শতাংশই ঘটছে ট্রেনের চাকা পড়ে যাওয়া বা লাইনচ্যুতিতে। গত ঈদ যাত্রায় অতিরিক্ত যাত্রী পরিবহনে লাইনচ্যুত হয়ে একদিনের ট্রেন পরের দিনও চলাচল করেছে। অতিরিক্ত যাত্রীর চাপ কমলেও স্বাভাবিক সময়েও ট্রেনের লাইনচ্যুতি ঘটছে অহরহ। গত ঈদ যাত্রায় রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগে ট্রেন চলেছে তিন থেকে ২৩ ঘণ্টা বিলম্বে। ঈদ যাত্রার সময়সূচি বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে পশ্চিম রেলে মহাব্যবস্থাপক বদলি করা হয়েছে। তার পরও অবস্থার উন্নতি হয়নি। কারণ মাঠপর্যায়ে রেলপথ, রেল সেতু নিয়মিত রক্ষণাবেক্ষণই হচ্ছে না, পরিদর্শন কর্মসূচিও মুখ থুবড়ে পড়েছে।

বৃহস্পতিবার বিকেলে রংপুরের কাউনিয়ায় ট্রেন দুর্ঘটনায় একজন নিহত এবং অর্ধশতাধিক লোক আহত হওয়ার রেশ কাটতে না কাটতেই গতকাল শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জালালাবাদ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়। এতে চার ঘণ্টা বন্ধ থাকে ওই পথে রেল যোগাযোগ।

গত ১৭ সেপ্টেম্বর ময়মনসিংহ শহরের কেওয়াটখালীতে তিস্তা এক্সপ্রেসের একটি বগি রেলপথ থেকে পড়ে যায়। দুই ঘণ্টা ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে। একই দিন দুপুরে ঢাকা-চট্টগ্রাম রুটের মহানগর গোধূলি ট্রেনের চাকা রেলপথ থেকে পড়ে যায় ফেনী-শার্শদী সেকশনের হরষপুরে।

গত ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের গফরগাঁওয়ে রেলপথ ভেঙে সাড়ে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। ওই দুর্ঘটনার পর খোঁজ নিয়ে জানা গেছে, রেলস্টেশনের দুই দিকের আউটার সিগন্যালের মধ্যবর্তী অংশে রেলপথে প্রয়োজনীয় পাথর নেই। চলতে গিয়ে ট্রেন স্বাভাবিকভাবে দুলে ওঠে। রেলস্টেশনের সামনে ও পাশে বাগুয়ায় আগেও দুইবার রেলপথ ভেঙে পড়েছিল।
শত শত স্লিপার থেকে প্যান্ডেল ক্লিপও চুরি হয়েছে রেলপথে। রেলপথে সঠিক পরিমাণে পাথর ও স্লিপার না থাকা ছাড়াও রেলপথ নিয়মিত পর্যবেক্ষণে নিযুক্ত কর্মী ও প্রকৌশলীদের অবহেলা, ইঞ্জিন ও বগি রক্ষণাবেক্ষণের অভাবে অবস্থা আরো সঙ্গিন হয়েছে। এ বিষয়ে রেল ভবনে অভিযোগও এসেছিল; কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি।

রেলওয়ের ট্রেন পরিচালনায় যুক্ত কর্মকর্তারা জানান, রেলপথ বা ট্রেনের ত্রুটি হলে বগি লাইনচ্যুত হয়। রেলপথে পাথর কম থাকা, স্লিপার ও নাটবল্টু আলাদা হলে ট্রেনের চাকা রেলপথ থেকে পড়ে যায়। জীর্ণ রেলপথে গতি বেশি হলেও লাইনচ্যুতি ঘটে। এ ছাড়া বগি ‘আন্ডার গিয়ারে’ ত্রুটিতেও ট্রেনের চাকা পড়ে যেতে পারে।

গত ২৩ জুন রাতে মৌলভীবাজারের কুলাউড়ায় উপবন ট্রেনের ছয়টি বগি লাইন থেকে পড়ে চার যাত্রীর প্রাণহানির পর তদন্ত কমিটি রেলপথে ত্রুটির বিষয়টি উল্লেখ করে এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের দায়ী করে। তারপর উপ-সহকারী প্রকৌশলী মো. জুলহাসকে বদলি করা হয়। তবে ফেঞ্চুগঞ্জ, কুলাউড়াসহ বিভিন্ন স্থানে রেল সেতু সংস্কার করা হয়নি।

প্রায় দুই কিলোমিটার পর পর রেলপথ দেখভাল করে ‘গ্যাং’ নামে রেলের কর্মী বাহিনী। কিম্যান, ওয়েম্যান, গ্যাংম্যানদের রেলপথ নিয়মিত পাহারা দেওয়ার কথা। কিম্যান রেলপথে এক পাশ দিয়ে একবার হেঁটে অন্য পাশ দিয়ে ফিরে আসে। তাতে নাটবল্টু, ক্লিপ, ফিশপ্লেট ঠিকঠাক আছে কি না ধরা পড়ে। নুড়িপাথর না থাকলে ঊর্ধ্বতনদের জানানোর দায়িত্ব ওয়েম্যানদের। কিম্যান ও ওয়েম্যানের কাজের সমন্বয়কারী গ্যাংম্যানদের মাঠে পাওয়া যায় না বলে রেলপথ মন্ত্রণালয়ে অভিযোগ আসছে। কয়েকটি গ্যাং নিয়ে গঠিত ম্যাট। ম্যাটগুলোর কাজ দেখভাল করেন পরিদর্শক ও প্রকৌশলীরা। ওয়ার্ক ফর বেটার বাংলাদেশের প্রকল্প পরিচালক আতিকুর রহমান বলেন, ‘পরিদর্শকরা মাঠে নিয়মিত যান না। কোনো এলাকায় বছর গেলেও পরিদর্শন করা হয় না বলে আমরা জানতে পেরেছি।’

আরো পড়ুন : প্রকৌশলী-কর্মীদের হেলায় বারবার পড়ছে ট্রেন

মহাসপ্তমী আজ, শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু

0

মহাষষ্ঠী তিথিতে কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে বাঙালির শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ শনিবার মহাসপ্তমীতে সকাল থেকে পূজা চলবে, এ ছাড়া দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপনও করা হবে। এ দিন দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে।

উৎসবমুখর পরিবেশে শুক্রবার সকালে শুরু হয় শারদীয় দুর্গাপূজা। মণ্ডপে মণ্ডপে শোনা পুরোহিতের কণ্ঠে উচ্চারিত হয়, ‘যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেন সংস্থিতা। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমঃ নমঃ।’ একই সঙ্গে বাতাসে ছিল ধূপের ঘ্রাণ ও ঢাকের শব্দ। পূর্বাহ্ন সকাল ৯টা ৫৮টা মিনিটের মধ্যেই দশভূজা দেবী দুর্গার ষষ্ঠাদি কল্পারম্ভ অনুষ্ঠিত হয়। এরপর বিহিত পূজার মধ্য দিয়ে দিনের প্রথমভাগের আনুষ্ঠানিকতা শেষ হয়। সন্ধ্যায় দুর্গাকে আমন্ত্রণ জানিয়ে অধিবাস করা হয়।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ সব মণ্ডপে পূজা ঘিরে সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ করা যায়, যা সন্ধ্যার পর আরো বাড়তে থাকে। সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাস ছাড়াও মণ্ডপগুলোতে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও ভোগ আরতির আয়োজনে অংশ নেয় তারা। আজ থেকে এই ভিড় আরো বাড়বে। আগামীকাল রবিবার মহাঅষ্টমীতে কল্পারম্ভ ও বিহিত পূজা, দুপুরে সন্ধিপূজা এবং বিকেলে মহাপ্রসাদ বিতরণ হবে। নবমীতে সকাল থেকে পূজা চলবে এবং সন্ধ্যায় আরতি প্রতিযোগিতা হবে। বিজয়া দশমীর দিন সকাল থেকেই পূজা হবে এবং বিকেলে বিজয় শোভাযাত্রা শেষে বিসর্জন হবে। মা দুর্গা স্বর্গালোকে ফিরে যাবেন।

সনাতন ধর্ম বিশ্বাস অনুযায়ী, দশভূজা দেবী দুর্গা অসুর বধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যালোকে আসেন। সন্তানদের নিয়ে পক্ষকাল পিতার গৃহে কাটিয়ে আবার ফিরে যান দেবালয়ে। আশ্বিন শুক্লপক্ষের এই ১৫টি দিন দেবীপক্ষ, মর্ত্যলোকে উৎসব। এবার দেবী ঘোড়ায় চড়ে এসেছেন এবং তাতে করেই বিদায় নেবেন। এতে প্রাকৃতিক বিপর্যয় ও সমাজিক অস্থিরতার আশঙ্কা থাকে। তবে কল্যাণময়ী মায়ের কাছে ভক্তদের প্রার্থনা, ‘এ ধরণী যেন ভালো থাকে, নিরাপদে থাকে।’

পূজার শুরুটা সুন্দর হয়েছে জানিয়ে ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডল বলেন, দুর্গোৎসব যেন সবাই নির্বিঘ্নে উদ্যাপন করতে পারেন, তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা সরকার নিয়েছে। দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এবারের পূজায় ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা ও সহিংসার বিনাশ চেয়ে ‘বিশেষ প্রার্থনা’ করা হবে বলে জানান তিনি।

এদিকে শুক্রবার বিকেলে রাজধানীর ‘বিশেষ শ্রেণিভুক্ত’ তিন মন্দির রামকৃষ্ণ মিশন ও মঠ, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, গুলশান-বনানী সর্বজনীন পূজামণ্ডপে যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামী সোমবার বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে পূজার শুভেচ্ছাবিনিময় করতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি সাংবাদিকদের বলেন, দুর্গাপূজা সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা নেই।

পূজার সময় বৃষ্টি থাকবে : দুর্গাপূজার চার দিন টানা বৃষ্টি না হলেও সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক জানান, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কমবেশি বৃষ্টি থাকতে পারে। থেমে থেমে বৃষ্টি হবে। তবে এই বৃষ্টি হালকা থেকে মাঝারির মধ্যেই থাকবে।

হিলি দিয়ে দেশে ঢুকেছে ৫৭ ট্রাক ভারতীয় পেঁয়াজ

0

ভারত সরকারিভাবে রপ্তানি বন্ধ করে দেওয়ার আগে খোলা ঋণপত্র (এলসি) অনুযায়ী গতকাল শুক্রবার সে দেশ থেকে ৫৭ ট্রাক পেঁয়াজ হিলি বন্দরে পৌঁছেছে। এসব ট্রাকে পেঁয়াজ রয়েছে প্রায় ৯৪৬ মেট্রিক টন।

এদিকে গতকাল হিলি বন্দরের আড়তগুলোতে ভারতের পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০-৫২ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার আগেই দুর্গাপূজার বন্ধের সময় দেশের বাজারে জোগান স্বাভাবিক রাখতে আমদানির জন্য এলসি খোলা হয়েছিল। ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে ২৯ সেপ্টেম্বর। এর পর সেই পেঁয়াজ ভারতে আটকে পড়ে। শেষ পর্যন্ত গতকাল দুপুর ১২টার দিকে হিলি বন্দর দিয়ে ৫৭ ট্রাক পেঁয়াজ এসেছে।

আমদানিকারক বাবলুর রহমান বলেন, আমদানীকৃত পেঁয়াজ নিয়ে বিপাকে পড়তে হচ্ছে তাঁদের। গরমে অনেক পেঁয়াজ পচে গেছে। ট্রাকগুলো থেকে পেঁয়াজ পচে পানি ঝরছে। তাঁর দাবি বন্দরে আসা বেশির ভাগ পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। এ ছাড়া একসঙ্গে বেশি পরিমাণে পেঁয়াজ আসায় দাম কমে যেতে পারে। এতে আমদানিকারককেই লোকসান গুনতে হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

ঢাকা-আগরতলা ফ্লাইট চান ত্রিপুরার মুখ্যমন্ত্রী

0

আগরতলা আর ঢাকার মধ্যে সরাসরি ফ্লাইট চেয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী। ঢাকা থেকে আগরতলার দূরত্ব আকাশপথে মাত্র একশ ৩০ কিলোমিটার।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এক টুইট বার্তায় বলেছেন, গতকাল (বৃহস্পতিবার) দিল্লিতে এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি এই আবেদন জানিয়েছেন।

বিপ্লব দেব তার টুইটে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রস্তাবে উৎসাহ দেখিয়েছেন।

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর অফিস থেকেও জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী দেব এবং শেখ হাসিনা আগরতলা-ঢাকা সরাসরি বিমান যোগাযোগের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। আগরতলা বিমানবন্দরটি বাংলাদেশ সীমান্তের একেবারে পাশে।

মাস দুয়েক আগে বাংলাদেশ এবং ভারতের বেশ কিছু গণমাধ্যমে খবর বের হয়, ত্রিপুরা বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের জন্য ভারত বাংলাদেশের কাছে জমি চেয়েছে।

তবে আগস্ট মাসের মাঝামাঝি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জমি চাওয়ার খবর নাকচ করে দেন। আলম বলেন, ভারত আমাদের কাছে কোনো জমি চায়নি। যে খবরটি আপনারা জেনেছেন সেটা সম্পূর্ণ অসত্য।

শাহরিয়ার আলম তখন জানান, ভারত মূলত যেটা চেয়েছে, সেটা হচ্ছে ত্রিপুরা বিমানবন্দরের রানওয়েতে লাইটের কমপ্লিট ফেইজ পূরণ করতে বাংলাদেশের অংশে কিছু লাইট বসাতে।

আগরতলা বিমানবন্দরের সম্প্রসারণ নিয়ে খবরাখবরের পর এখন ঢাকা-আগরতলা সরাসরি ফ্লাইট নিয়ে ত্রিপুরা সরকারের এই আগ্রহের কথা জানা গেল।

দিল্লিতে বাংলাদেশের হাই-কমিশন এবং ভারতীয় কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, শনিবার শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদির বৈঠকের পর যৌথ ঘোষণায় ঢাকা এবং চট্টগ্রামের সাথে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর রাজধানী শহরগুলোর সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের কথা থাকার সম্ভাবনা প্রবল।

এ সপ্তাহের গোড়ার দিকে দিল্লিতে বাংলাদেশের হাই-কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বলেন, দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে, এবং তারই অংশ হিসেবে উত্তর পূর্ব ভারতের প্রধান শহরগুলোর সাথে সরাসরি ফ্লাইটের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।