Home Blog Page 3450

বাহিনী প্রধান জলদস্যু জাকির গ্রেপ্তার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

0

ভোলায় দুটি দেশি অস্ত্রসহ জলদস্যু জাকির বাহিনীর প্রধান জাকিরকে (৪০) আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলা। আজ শুক্রবার (৪ অক্টোবর) সকালে ভোলা সদর উপজেলার পরানগঞ্জ গুপ্তমুন্সি এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় জাকিরের কাছে বিপুল পরিমাণ গোলাবারুদও উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর সকালে সংবাদ সন্মেলনে এসব তথ্য জানিয়েছেন কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলার অপারেশন অফিসার লে. ওয়াসিম আকল জাকি (এক্স বিএন)। পরে অস্ত্র ও জলদস্যুতার মামলায় জলদস্যু জাকিরকে ভোলা সদর থানায় পুলিশের হাতে সোপর্দ করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা।

হিলি বন্দর দিয়ে আজ ঢুকতে পারে পুরনো এলসির পেয়াজ

0

অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজ সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাতে বাংলাদেশ এবং অন্য দেশে পেঁয়াজ রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ভারত সরকার। এ কারণে গত চার দিন ধরে কোনো পেঁয়াজ রপ্তানি করেনি ভারত।

তবে পুরনো এলসির বিপরীতে পেঁয়াজ রপ্তানির বিষয় নিয়ে দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে আজ শুক্রবার যে কোনো সময় অনুমতি মিলতে পারে। সে ক্ষেত্রে সকাল ১১টা থেকে ১২টার মধ্যে দেশে পেঁয়াজের ট্রাক ঢুকতে পারে বলে মনে করছেন আমদানিকারকরা।

এদিকে, দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানোর ফলে ও হিলি স্থলবন্দরে আমদানিকারকদের ঘরে থাকা পেঁয়াজ বিক্রি করায় দাম কমতে শুরু করেছে পেঁয়াজের। আগে ৮০-৮৫ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা কমে ৫০ টাকা থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন মান খারাপ হওয়ার কারণে পেঁয়াজের দাম কমেছে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও দাম বৃদ্ধির ফলে গত রবিবার বিকেলে হঠাৎ করে ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এ কারণে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। ফলে প্রায় দেড় হাজার টন পেঁয়াজ ভারতে আটকা পড়েছে। এর পর থেকেই পুরনো এলসির বিপরীতে পেঁয়াজ রপ্তানির বিষয়ে রপ্তানিকারকদের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, তারা আমাদের আশ্বস্ত করেছেন। মঙ্গলবার দিল্লিতে দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হলেও এ বিষয়ে কোনো সুরাহা হয়নি। এ কারণে সেদিন পেঁয়াজ রপ্তানি হয়নি।

হারুন উর রশীদ আরো বলেন, বুধবার দিল্লিতে আবারো বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো ফল হয়নি। তবে বৃহস্পতিবার ফল এসেছে। তাতে রপ্তানির অনুমতি মিলেছে বলে ভারতীয় ব্যবসায়ীরা আমাদের আশ্বস্ত করেছেন। তবে আজ শুক্রবার পুরনো এলসির পিয়াজ প্রবেশ করবে দেশে। তা না হলে পূজার কারণে আগামী ১১ অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকার কারণে ওই সময়ের মধ্যে আর পেঁয়াজের ট্রাক আসার সম্ভাবনা নেই।

উত্তরা থেকে ক্যাসিনোর সরঞ্জাম আটক, নেপথ্যে চীনা নাগরিক

0

রাজধানীর উত্তরায় একটি চীনা মালিকানাধীন আবাসিক হোটেল থেকে ক্যাসিনো খেলার দুটি ‘মাহাজং’ জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ক্যাসিনোর ইলেকট্রিক গ্যাম্বলিং খ্যাত যন্ত্র দুটি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জব্দ করে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, উত্তরার হবনব কফি হাউস ও চাইনিজ রেস্টুরেন্ট এবং এর আবাসিক হোস্টেলে এ অভিযান চালানো হয়। রেস্টুরেন্ট দুটি উত্তরার ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ এলাকায়। আর আবাসিক হোটেলটি উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের ৫৬ নম্বর ভবনে।

প্রতিষ্ঠান দুটির মালিক চীনা নাগরিক কেন্ট। এই প্রতিষ্ঠানটি মিথ্যা তথ্যে আমদানি করা এসব যন্ত্রে দুই লাখ ৮৫ হাজার টাকা শুল্ক ফাঁকি দিয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার রাজধানীর বনানী এলাকার নিউ ড্রাগন চাইনিজ রেস্টুরেন্ট থেকে ক্যাসিনো খেলার একটি মাহাজং মেশিন জব্দ করা হয়।
কাস্টমস সূত্র জানায়, আমদানিকারক নিনাদ ট্রেড ইন্টারন্যাশনাল চীন থেকে ২০১৮ সালের জুলাই মাসে ২০টি কার্টনে সাত সেট ক্যাসিনো খেলার মাহাজং মেশিন আমদানি করে। ক্যাসিনোর পণ্যগুলো বিভিন্ন চীনা ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হতো।

ক্যাসিনো সেলিমের অপকর্মে সঙ্গী শতাধিক তরুণী

0

অনলাইন ক্যাসিনো কারবারি সেলিম প্রধানকে গত ৩০ সেপ্টেম্বর ব্যাংকক যাওয়ার পথে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদে দীর্ঘ ৩০ বছরে তাঁর অপরাধজগতের অনেক ফিরিস্তি র‌্যাবের কাছে স্বীকার করেছেন। সে সঙ্গে অপরাধজগতে পা দেওয়ার পর সাড়ে তিন শ কোটি টাকা পাচারের তথ্যও দিয়েছেন তিনি। উঠে এসেছে তার চাঞ্চল্যকর নারী কেলেঙ্কারির নানা তথ্য। জানা গেছে, সারা রাত সেলিম অফিসের গোপন কক্ষে মেয়েদের সঙ্গে সময় কাটাতেন।

অনলাইন ক্যাসিনো জুয়ার আন্তর্জাতিক গডফাদার ও প্রধান গ্রুপের প্রধান সেলিম প্রধান এবং তাঁর দুই সহযোগী আক্তারুজ্জামান ও রোমানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় চার দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁদের এই রিমান্ড মঞ্জুর করেন।

সেলিমের অপকর্মের সাক্ষী সুলাইমান নামের তাঁর এক গাড়িচালক কালের কণ্ঠকে বলেন, ‘কোটি কোটি টাকার অবৈধ কারবার করলেও আমার পাওনা ৬০ হাজার টাকা বকেয়া। ছয় মাস সেলিমের সঙ্গে কাজ করে নিজ চোখে দেখেছি, প্রতিরাতেই সেলিমের সঙ্গে দেখা করতে আসতেন অনেক বড় বড় লোক। তাঁদের মধ্যে বর্তমান ও সাবেক মন্ত্রী, গোয়েন্দা সংস্থার লোকজনসহ অনেক ব্যবসায়ী রয়েছেন। এর মধ্যে গোয়েন্দা সংস্থার লোকজনকে সেলিম নিজ হাতে টাকা দিতেন।’

সেলিমের গুলশানের বাসার চারতলার অফিসে একটি গোপন কক্ষের কথা জানিয়ে সুলাইমান জানান, সেখানে গত ছয় মাসে অন্তত এক শ তরুণীকে গাড়িতে করে নিয়ে গেছেন তিনি। সুলাইমান আরো জানান, সেলিম মাসের বেশির ভাগ সময় দেশের বাইরে থাকতেন। দেশে যখন আসতেন, তখন দিন-রাত ২৪ ঘণ্টা তাঁর সঙ্গে ব্যস্ত থাকতে হতো। সারা রাত সেলিম অফিসের গোপন কক্ষে মেয়েদের সঙ্গে সময় কাটাতেন। অথচ নিচতলায় তাঁর বড় স্ত্রী থাকতেন। সেলিমের তিন স্ত্রীর মধ্যে বড় স্ত্রীই দেশে থাকেন। এর বাইরে একজন রাশিয়ায়, অন্যজন জাপানে। সেলিমের রাশিয়ান স্ত্রীর ঘরে এক ছেলে রয়েছে। এ ছাড়া তাঁর আর কোনো সন্তান নেই।

সুলাইমানের কথার সূত্র ধরে সরেজমিনে সেলিমের গুলশানের বাসায় গিয়ে খোঁজ নিয়ে এর সত্যতা পাওয়া গেছে।

জানতে চাইলে এক র‌্যাব কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলেন, ‘সেলিম গুলশানের অফিসে তরুণীদের নিয়ে অনৈতিক কাজ করত। তার অফিস থেকে এর বেশ কিছু প্রমাণও পেয়েছি আমরা। এতে ধারণা করা হচ্ছে, তার অফিসকে সে সব ধরনের অনৈতিক কাজের জন্য ব্যবহার করত।’

র‌্যাব সূত্র জানায়, সংসদের স্টিকারযুক্ত গাড়িতে চলাফেরা করতেন সেলিম। মোট ১২টি গাড়ি ব্যবহার করতেন তিনি।

আজ ষষ্ঠী, মণ্ডপে মণ্ডপে উৎসবের বাদ্য

0

আজ শুক্রবার ষষ্ঠীপূজা। ষষ্ঠীপূজার মধ্য দিয়ে মর্তে আগমন ঘটবে মা দুর্গার। ঢাক-ঢোলের বাজনা, কাঁসা, শঙ্খের আওয়াজ এবং ভক্তদের উলুধ্বনিতে এখন মুখরিত প্রতিটি মন্দির ও পূজামণ্ডপ। দেবীর আগমন-গমন (বিদায়) দুটিই ঘোটকে (ঘোড়ায়) চড়ে এবার। মা দুর্গাকে বরণ করতে মন্দিরে মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

এর আগে গতকাল বৃহস্পতিবার শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। গোধূলি লগ্নে মন্দিরে মন্দিরে দেবীর বোধনের মধ্য দিয়ে সূচনা ঘটে উৎসবের। আগামীকাল শনিবার হবে মহাসপ্তমী পূজা। রবিবার মহাষ্টমী ও কুমারী পূজা। সোমবার মহানবমী আর মঙ্গলবার বিজয়া দশমী। দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব।

দুর্গোৎসব উপলক্ষে পূজার্চনা, পুষ্পাঞ্জলি, আরতি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ নানা আয়োজন থাকছে মণ্ডপগুলোতে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ষষ্ঠীপূজার দিন আজ বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করবেন বলে জানিয়েছেন পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মণ্ডল। তিনি বলেন, পূজা সামনে রেখে এবার কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ১১টি জেলায় প্রতিমা ভাঙচুরের ১৩টি ঘটনা ঘটেছে। আগামী দিনে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

এদিকে, দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা সামনে রেখে মন্দিরের পাশাপাশি সারা দেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন, পূজার সময়ে কোনো ধরনের হামলা বা সহিংসতার আশঙ্কা নেই। তার পরও যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশের কন্ট্রোল রুমসহ সব জায়গায় আলাদা ফোর্স থাকবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সারা দেশে মণ্ডপগুলোতে ৫ অক্টোবর থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে তিন লাখ সদস্য নিয়োজিত থাকবেন। নারী স্বেচ্ছাসেবক দল, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশও উপস্থিত থাকবে। এ ছাড়া মণ্ডপে সিসিটিভি, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে। পূজামণ্ডপে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে সজাগ থাকবেন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

পূজার দিনগুলোতে জরুরি সেবা নিশ্চিত করতে সব প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। গতকাল ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, পূজার সময় রাজধানীর কোথাও জলাবদ্ধতা হলেই ঢাকা দক্ষিণ সিটির ইমার্জেন্সি রেসপনস টিম দ্রুত মাঠে নামবে।

রাজধানীর মন্দিরগুলোতে পূজার প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে মহানগর সর্বজনীন পূজা উদ্যাপন কমিটি। গতকাল ঢাকেশ্বরী মন্দিরে এক সংবাদ সম্মেলনে কমিটির পক্ষ থেকে জানানো হয়, পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মহানগর এলাকার মন্দিরগুলোর প্রতি কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

পূজামণ্ডপে নারী ও পুরুষের জন্য আলাদা পথ, প্রতিটি মণ্ডপে অন্তত ১০ জন নিজস্ব স্বেচ্ছাসেবকের ২৪ ঘণ্টা তদারকি ও পাহারার ব্যবস্থা, আতশবাজি ও পটকা না ফোটানো, ৮ অক্টোবর রাত ১০টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন, পূজার মন্দির ও সমগ্র এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখাসহ সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

শাহজালাল বিমানবন্দরে ৭৩ আইফোন জব্দ

0

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনার সময় ৭৩টি আইফোন (১১ প্রো) উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। জব্দ ফোনের মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

বৃহস্পতিবার রাতে কাস্টমস হাউসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিবাগত রাত ১টায় এ ফোনগুলো জব্দ করা হয়েছে।

কাস্টম হাউসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য গোপন করে গ্রিন চ্যানেল দিয়ে ফোনগুলো এক ব্যক্তি নিয়ে আসছিল। এ সময় তল্লাশি চালিয়ে আইফোনগুলো জব্দ করা হয়।

কাস্টম হাউজ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেলে নজরদারি বাড়ায় কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে বুধবার মধ্যরাতে হংকং থেকে ঢাকাগামী ফ্লাইট নম্বর কেএ-১১০ এর যাত্রী মোস্তফা মিয়াকে চ্যালেঞ্জ ও তল্লাশি করে তার বহন করা লাগেজে ৭৩টি সবশেষ মডেলের আইফোন পাওয়া যায়। জব্দ পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

জব্দ পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

প্যারিসে পুলিশ সদর দপ্তরে ছুরিকাঘাতে নিহত চার

0

ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রাণকেন্দ্রে পুলিশের সদর দপ্তরে ছুরিকাঘাতে চারজন কর্মকর্তার মৃত্যু হয়েছে। এরপর হামলাকারীকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুরের খাবারের বিরতির সময় হামলার ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, পুলিশের সদর দপ্তরের ভবনের উঠোনে গুলি করে ওই হামলাকারীকে হত্যা করা হয়েছে। লোকটি খুব দ্রুত ওই হামলা চালিয়েছে। হামলার সময় মাইকে ঘোষণা আসে হামলার ব্যাপারে। তার পরই সেখানে নজরদারি বেড়ে যায়।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী আজ বিকেলে তুরস্ক যাওয়ার কথা ছিল। তবে এ হামলার জেরে তার সফর বাতিল করা হয়েছে। এরই মধ্যে নিহত একজনের পরিচয় জানিয়েছে পুলিশ। তবে অন্য তিনজনের ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এ ঘটনায় পুলিশ সদর দপ্তর পরিদর্শন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ওই সময় ম্যাক্রোঁর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী অ্যাডুয়ার্ড ফিলিপ, স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্তানার এবং উপ-স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ।

সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী দীর্ঘদিন ধরে পুলিশের প্রশাসনিক পদে কর্মরত ছিলেন। তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তবে হামলার কারণ জানা যায়নি।

হামলার পর পুলিশ সদর দপ্তরের পাশের এলাকায় মানুষ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার কথা বলে নিকটবর্তী মেট্রো স্টেশন বন্ধ রাখার কথা জানিয়েছে পরিবহন কর্তৃপক্ষ।

সূত্র : প্রেস টিভি, বিবিসি, সিএনএন, এএফপি

ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ হলে ১০ কোটির বেশি মানুষ মারা যাবে

0

আরো পাঁচ থেকে ছয় বছর পর ভারত-পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হলে ১০ কোটির বেশি মানুষ মারা যাবে। পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে তৈরি হওয়া ঘন মেঘ ফুঁড়ে সূর্যের আলো পৌঁছাতে পারবে না। সে কারণে শস্যও ফলবে না বলে বিশ্বজুড়ে গণঅনাহারে মৃত্যু হবে কোটি কোটি মানুষের।

আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘সায়েন্স অ্যাডভান্সেস’-এ প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ওই গবেষণার অন্যতম গবেষক, নিউ ব্রান্সউইকের অ্যালান রোবক এ ব্যাপারে বলেন, ২০২৫ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ শুরু হলে ক্ষয়ক্ষতি শুধুই যে এলাকায় বোমা পড়ল, সেখানেই সীমাবদ্ধ থাকবে না। ওই পরমাণু যুদ্ধের খেসারত দিতে হবে সারাবিশ্বকে।

গবেষণায় আরো উঠে এসেছে, দশকের পর দশক ধরে কাশ্মীর ইস্যুতে যতই যুদ্ধ করুক ভারত ও পাকিস্তান, দুই পক্ষের যতই গোলাবারুদ বিনিময় হোক না কেন, বছর ছয়েক পর দুই দেশের হাতে চারশ থেকে পাঁচ শতাধিক পরমাণু বোমা থাকবে না।

সে কারণে গবেষকরা বলছেন, দুই পক্ষের মধ্যে পরমাণু যুদ্ধ হলে, বোমা বিস্ফোরণের ফলে ঝুল আর কালিতে ঢেকে যাবে আকাশ। পরমাণু বোমা বিস্ফোরণের ফলে এক কোটি ৬০ লাখ থেকে তিন কোটি ৬০ লাখ টন ওজনের ঝুল, কালিতে ঢেকে যাবে আকাশ।

যা বায়ুমণ্ডলের উপরের স্তরে পৌঁছাতে সময় নেবে বড়জোর কয়েক সপ্তাহ। ফলে, সারাবিশ্বের বিশাল একটি অংশে সূর্যের আলো পৌঁছাবে না। কারণ, ওই ঝুল, কালির পুরু স্তর সূর্যের আলোর পুরোটাই শুষে নেবে। ফলে, জমাট কালো মেঘের পরিমাণ বাড়বে দ্রুত।

গবেষণায় উঠে এসেছে, এসবের ফলে সূর্যালোকের ২০ থেকে ৩৫ শতাংশ আলো কম পৌঁছাবে পৃথিবীতে। যার জেরে ভূপৃষ্ঠের তাপমাত্রা কমে যাবে দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণও কমে যাবে অন্তত ১৫ থেকে ৩০ শতাংশ।

আর এসবের প্রভাব পড়বে ফসল উৎপাদনের ওপর। মহাসাগরে যে গাছপালা জন্মায়, তাদের উপরেও। ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হলে জমির উপর যে ফসল ফলে, তার পরিমাণ কমে যাবে ১৫ থেকে ৩০ শতাংশ। আর মহাসাগরগুলোতে জন্মানো উদ্ভিদের উৎপাদন কমবে পাঁচ থেকে ১৫ শতাংশ।

সেই যুদ্ধে পরমাণু বোমা বিস্ফোরণের ফলে বায়ুমণ্ডলে যে ঝুল ও কালির মেঘ জমবে, তা কেটে যেতে সময় লাগবে অন্তত ১০ বছর। সময়টা আরা বেশি লাগতে পারে, সেই মেঘ বায়ুমণ্ডলের আরো উপরের স্তরে উঠে যেতে।

কতটা শক্তির পরমাণু বোমা সেই যুদ্ধে ব্যবহৃত হতে পারে, তারও একটা হিসাব দিয়েছেন গবেষকরা। তারা বলছেন, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমায় আমেরিকার ফেলা পরমাণু বোমার শক্তি যতটা ছিল, সেই ১৫ কিলোটন ওজনের বোমা ফেলতে পারে দুই পক্ষই। আবার সেই পরমাণু বোমার ওজন হতে পারে কয়েকশ কিলোটনও।

সহস্রাধিক ইসলামী অর্থ বিশেষজ্ঞের মহা-সম্মেলন বাহরাইনে

0

এক হাজারের বেশি ইসলামিক ব্যাংকের কর্মকর্তা, বৈশ্বিক শিল্প নেতা, নীতি নির্ধারক, উদ্ভাবক এবং স্টেকহোল্ডাররা বাহরাইনে তিন দিনের সম্মেলনে একত্রিত হবেন। জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাহরাইনের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল খালিফার পৃষ্ঠপোষকতায় এবং বাহরাইনের ক্রেন্দ্রীয় ব্যাংকের অংশীদারিত্বে ওই সম্মেলন হতে যাচ্ছে। জানা গেছে, ২৬তম বার্ষিক ইসলামিক ব্যাংকিং কনফারেন্স (ডব্লিউআইবিসি) চলতি বছরের ২ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে গালফ হোটেলে।

ইসলামিক ব্যাংকগুলোর সবচেয়ে বড় এবং সম্মানজনক আয়োজনের উদ্দেশ্য হলো, বিশ্বব্যাপী ইসলামিক অর্থ ও ব্যাংকিং শিল্পের উন্নতির জন্য কাজ করার ব্যাপারে ঐক্য সৃষ্টি করা।

মিডল ইস্ট গ্লোবাল অ্যাডভাইজর এহসান আব্বাস এ ব্যাপারে বলেন, গত ২৫ বছর ধরে ডব্লিউআইবিসি সি-লেভেলের কর্মকর্তাদের কাছে বৈশ্বিক অর্থনীতির অগণিত জটিলতা এবং সূক্ষ্ম বিষয়ে ধারণা দেওয়ার জন্য বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করার একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরো বলেন, অনিশ্চিত অর্থনৈতিক যে পরিবেশকে আমরা খুঁজে পাই, সেগুলো নিয়ে আলোচনা করে অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম করা হয়। এতে করে ক্তিগত এবং নিয়ন্ত্রণের দিকগুলো আরো সুন্দর হয়ে ওঠে।

বাহরাইন ক্রেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক খালিদ হামাদ আবদুল-রাহমান হামাদ বলেন, বাহরাইনের কেন্দ্রীয় ব্যাংক বিশ্ব ইসলামিক ব্যাংকিং সম্মেলনের ২৬তম সম্মেলনে অংশীদার হয়ে অত্যন্ত সন্তুষ্ট। প্রতি বছর এ সম্মেলনে সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়, যেসব ব্যাপারে ইসলামিক ব্যাংকিং খাতগুলো চাপের মুখে রয়েছে। এ বছর সম্মেলনে গুরুত্ব পাবে ইসলামিক ব্যাংকিংগুলোর স্টান্ডার্ডের মানের দিকগুলো। এছাড়া ডিজিটাল লেনদেন, স্থিতিশীল অর্থনীতি ছাড়াও আরো কিছু বিষয় নিয়ে আলোচনা হবে।

সূত্র : ট্রেড অ্যারাবিয়া

মিয়ানমার থেকে ৬১৭৬ মেট্রিক টন পেঁয়াজ আমদানি

0

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় সংকটে পড়েছে বাংলাদেশ। তবে এ সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে আমদানি করা হচ্ছে শতশত মেট্রিক টন পেঁয়াজ। গত ৩৩ দিনে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে ৬ হাজার ১৭৬ দশমিক ৯৩৯ মেট্রিক টন পেয়াজ আমদানি করা হয়েছে।

স্থলবন্দর শুল্ক বিভাগ সূত্রে গেছে, গত সেপ্টেম্বরে এ বন্দর দিয়ে ৩ হাজার ৫৭৩ দশমিক ১৪১ মেট্রিক টন পেঁয়াজ মিয়ানমার থেকে আমদানি করেছেন ব্যবসায়ীরা। চলতি অক্টোবর মাসের প্রথম দুই দিনে মিয়ানমার থেকে ১ হাজার ৮০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। বন্দরে আরও প্রায় ৮০৩ দশমিক ৭৯৮ মেট্রিকটন পেঁয়াজ বোঝাই ট্রলার নোঙর করা রয়েছে। এ ছাড়া ১৪টি পেঁয়াজ বোঝাই ট্রলার বন্দরের পথে রওনা দিয়েছে বলেও জানান ব্যবসায়ীরা।

এদিকে মিয়ানমার থেকে রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি সত্ত্বেও অতি মুনাফালোভী ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

তবে স্থানীয় বাজারে গত কয়েকদিন আগেও পেঁয়াজের চড়া দাম থাকলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭০ টাকা দাম নির্ধারণ করে দেওয়া হয়। একই সঙ্গে বাজার মনিটরিংয়ের মাধ্যমে পেঁয়াজের অতিরিক্ত মূল্য আদায়কারী ব্যবসায়ীদের জরিমানা করা হচ্ছে। এ অবস্থায় কক্সবাজারের গতকাল বুধবার থেকেই পেঁয়াজের বাজার অনেকটা স্থিতিশীল রয়েছে বলেই জানান সাধারণ ভোক্তারা।

এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান, পেঁয়াজের মূল্য বৃদ্ধির কোনো সুযোগ নেই। আমরা কক্সবাজারের বাজারে পেঁয়াজের মূল্য ৭০ টাকা নির্ধারণ করেছি। পাশাপাশি বাজার মনিটরিংয়ের মাধ্যমে কোনো ব্যবসায়ী অতিরিক্ত মূল্য আদায় করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা আদায় করা হচ্ছে।

পেঁয়াজ আমদানিকারকরা জানান, পাশের দেশ মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে। তবে অনেক ব্যবসায়ী আমদানি করা পেঁয়াজ দ্রুত খালাস না করতে পারায় বন্দর শ্রমিক অব্যবস্থাপনাকে দায়ী করেছেন।

তাদের অভিযোগ, মিয়ানমার থেকে পেঁয়াজ বোঝাই ট্রলারগুলো বন্দরে পৌঁছার সঙ্গে সঙ্গে শ্রমিক সংকটের কারণে দ্রুত সময়ে খালাস করার কোনো ব্যবস্থা নেই।