Home Blog Page 3451

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুকের ব্যাংক হিসাব তলব

0

ক্যাসেনো নিয়ে চলমান অভিযান নিয়ে প্রশ্ন তুলেছিলেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। এবার তার ও তার স্বার্থ সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর তথ্য জানতে চাওয়া হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে ওমর ফারুক চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর তথ্য জানাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

এ ছাড়া পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান ও তার স্ত্রী সাবেক সংসদ সদস্য ফাতেমাতুজ জোহরা এবং তাদের সন্তানদের ব্যাংক অ্যাকাউন্টও তলব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে ব্যাংকগুলোকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

বিএফআইইউয়ের চিঠিতে ওমর ফারুকের জাতীয় পরিচয়পত্র নম্বর (এনআইডি) উল্লেখ করে তথ্য চাওয়া হয়েছে। সব ব্যাংকের ই-মেইলের মাধ্যমে এই তথ্য চায় বিএফআইইউ।

এদিকে, বিএফআইইউয়ের পৃথক চিঠিতে পুলিশ কর্মকর্তা আনিসুর রহমান ও সাবেক নারী সংসদ সদস্য ফাতেমাতুজ জোহরার অ্যাকাউন্ট তলব করা হয়েছে। ওই চিঠিতে, আনিসুর রহমানের স্থীয় ঠিকানা দেওয়া হয়েছে। এতে দেখা যায়, আনিসুর রহমানের স্থায়ী ঠিকানা : গ্রাম শংকর পাশা, ডাকঘর-চরভাটপাড়া, থানা-কাশিয়ানি ও জেলা গোপালগঞ্জ। বর্তমান ঠিকানা-এইআইজি (পিআইও) পুলিশ হেডকোয়াটার্স ঢাকা, (প্রাক্তন পুলিশ সুপার যশোর)। চিঠিতে তার স্ত্রী ফাতেমাতুজ জোহরা, ছেলে নাফিস তাহিয়াত ও মেয়ে আনিসা ফাতেমার নাম উল্লেখ করা হয়েছে।

বর্তমানে আনিসুর রহমান তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হিসেবে কর্মরত রয়েছেন। তার স্ত্রী ফাতেমাতুজ জোহরা গত দশম সংসদে শেরপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন।

উল্লেখ্য, এরে আগে ক্যাসিনো ও দুর্নীতি বিরোধী চলমান অভিযান প্রসঙ্গে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘এতদিন অবৈধভাবে ক্যাসিনো চললো কিভাবে? পুলিশ বা র‌্যাব এতদিন কি করেছে?’

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজ বৃহষ্পতিবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী দেশের হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে এই শুভেচ্ছা জানান।

শেখ হাসিনা বলেন, ‘দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।’

তিনি বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’- এ মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসঙ্গে উৎসব পালন করব। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এই দেশ আমাদের সকলের। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি।’

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে তিনি বলেন, ‘আসুন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে আমরা ঐক্যবদ্ধভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্রমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলি।’

আফগান ফেরত জঙ্গি ঢাকায় গ্রেফতার

0

রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ-২ এলাকা থেকে হরকাতুল জিহাদের (হুজি) তিন সদস্যকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতারকৃতরা হলেন- মো. আতিকুল্লাহ ওরফে আসাদুল্লাহ ওরফে জুলফিকার (৪৯), মো. বোরহান উদ্দিন রাব্বানী (৪২) ও মোহাম্মদ নাজিম উদ্দিন ওরফে শামীম (৪৩)।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

এদিকে, গ্রেফতার হওয়া একজন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেন ও তালেবান নেতা মোল্লা ওমরের সঙ্গে নিয়মিত বৈঠকে অংশ নিতেন বলে দাবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

ডিএমপি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আতিকুল্লাহ ওরফে আসাদুল্লাহ ওরফে জুলফিকার হলেন মুফতি হান্নানের ১৯৯৬ সালে গঠিত হরকাতুল জিহাদ কমিটির সাংগঠনিক সম্পাদক। পরবর্তীতে বায়তুল মাল ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে দায়িত্বরত ছিলেন। গত তত্ত্বাবধায়ক সরকারের প্রথমদিকে তিনি দুবাই হয়ে সৌদি আরব পালিয়ে গিয়ে আত্মগোপন করেন। এছাড়াও সাংগঠনিক কাজে একাধিকবার পাকিস্তানে যান জুলফিকার।

গত মার্চ মাসে দেশে ফেরেন তিনি। দেশে ফিরেই সংগঠনের পুরনো সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। এবং সংগঠনকে গতিশীল করতে দেশের বিভিন্ন স্থানে সাংগঠনিক সফর করেন। সেই সঙ্গে দেশি-বিদেশি বিভিন্ন উৎস থেকে সংগঠনের জন্য অর্থ সংগ্রহ করছিলেন।

ডিএমপি আরও জানায়, পাকিস্তান, আরব আমিরাত ও সৌদি আরবসহ অন্য দেশের জঙ্গি সংগঠনের সঙ্গে আতিকুল্লাহর যোগাযোগ রয়েছে। তিনি আফগানিস্তানে যুদ্ধের সময়ে ওসামা বিন লাদেন, মোল্লা ওমর, আইমান আল জাওয়াহিরিসহ আল-কায়েদা-তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন।

এছাড়া গ্রেফতার হওয়া মোহাম্মদ নাজিম উদ্দিন ওরফে শামীম হুজির ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি এবং মো. বোরহান উদ্দিন রাব্বানী ফেনী জেলার দায়িত্বশীল ছিলেন বলে জানা যায়। তারা বর্তমানে কাশ্মীর সমস্যা এবং রোহিঙ্গা পরিস্থিতিকে পুঁজি করে পরস্পর যোগসাজশে নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন। তাদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

খালেদা জিয়ার মুক্তি পুরোপুরি আইনি বিষয় : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার মুক্তি পুরোপুরি আইনি বিষয়। কারণ তিনি দুর্নীতি মামলায় শাস্তিপ্রাপ্ত আসামি। তাকে রাজনৈতিক কারণে বন্দি করা হয়নি। রাজনৈতিক কারণে কাউকে বন্দি করা হলে বা রাখা হলে তাকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করার বিষয়টি থাকে। সুতরাং খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আইনীর মাধ্যমেই মুক্ত করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে মতবিনিমময়কালে এবিষয়ে প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক এসময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সাথে এবিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এ প্রশ্নের জবাবে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান বলেন, গতকাল সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ঢেকেছিলেন, আমিও সেখানে ছিলাম। সেখানে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। সেখানে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

মন্ত্রী বলেন, বিএনপির কাছে আমার প্রশ্ন, তারা কোন পথে খালেদা জিয়ার মুক্তি চান! খালেদা জিয়ার মুক্তি তো আইনের পথে ছাড়া অন্য কোনো পথে সম্ভবপর নয়। কিন্তু বিএনপি বারবার হুংকার দেন, তারা আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করবেন। বিএনপি’র আন্দোলনের নমুনা গত সাড়ে দশ বছর থেকে দেখে আসছি।

‘খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি নেতারা দৌড়-ঝাঁপ করছেন, এর ফল কি!’ -এমন মন্তব্যের জবাবে মন্ত্রী বলেন, খালেদা জিয়াকে মুক্ত করার জন্য বিএনপি নেতাদের এ রকম দৌড়-ঝাঁপ আগেও দেখেছি। গত কয়েক দিনে তাদের সংসদ সদস্যরা বেগম জিয়ার সাথে দেখা করে তাকে মুক্ত করে বিদেশে পাঠাবেন এ রকম কথা বলেছেন। কোথায় পাঠাবেন সেটা পরের বিষয়, প্রথমত: তার মুক্তির বিষয়টি সুরাহা করতে হবে। মুক্তির বিষয়টা একান্ত আইনী ব্যাপার, এখানে অন্য কিছু নেই। জামিন বা খালাস বা প্যারোল- সবক্ষেত্রেই আইনী প্রক্রিয়া আছে। আর উনি কোনো প্যারোলো আবেদন করেননি।

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সব টিভি চ্যানেল সম্প্রচার শুরু প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, গতকাল সব প্রাইভেট চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের সাথে সংযুক্ত হয়ে সম্প্রচারে গেছে। এটি বাংলাদেশের জন্য সুখবর। এতোদিন বাংলাদেশের টাকা বিদেশি স্যাটেলাইটে যারা পরিচালনা করেন তাদের দেয়া হতো। ফরেন কারেন্সি বাংলাদেশ থেকে চলে যেতো। সেই টাকা পরিশোধ করার জন্য কিছুটা ঝামেলা ছিল। প্রতিটি চ্যানেলকে বাংলাদেশ ব্যাংক থেকে অনুমতি নিতে হতো। এখন বঙ্গবন্ধু স্যাটেলাইটের জন্য ব্যয় বাংলাদেশি টাকাতেই দেয়া সম্ভব।

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মান সম্পর্কে মন্ত্রী বলেন, বিটিভি কয়েক মাস আগে থেকে শুধুমাত্র বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার করছে। কোনো ধরণের ক্রুটি আমরা পাইনি। বঙ্গবন্ধু স্যাটেলাইট পরিপূর্ণ সেবা দেয়ার জন্য যা যা প্রয়োজন সব আছে।

ক্যাবল টিভি নেটওয়ার্কে টিভিগুলোর ক্রম ঠিক রাখা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা নির্দেশনা দেয়ার পর যে ক্রমটি অ্যাটকোর পক্ষ থেকে করে দেয়া হয়েছে সেটিই আমরা ক্যাবল অপারেটরদেরকে জানিয়েছিলাম তারা সেটা অনুসরণ করছে। কোনো কোনো জায়গা না মানা হলে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং ভবিষ্যতেও নেয়া হবে। আজকে দেশ ডিজিটাল হয়েছে কিন্তু আমাদের সম্প্রচার মাধ্যম পুরোপুরি ডিজিটাল হয় নাই। সম্প্রচার মাধ্যমটাকে ডিজিটাল করতে হবে। ঢাকা ও চট্টগ্রামের ক্যাবল অপারেশন আগামী ডিসেম্বরের মধ্যে ডিজিটাল হবে। পরে সমগ্র দেশে ডিজিটাল সম্প্রচার হোক এটাই আমরা চাই।

চিলাহাটি-শিলিগুড়ি : যেমন হবে ট্রেন যোগাযোগ

0

কলকাতা থেকে ছেড়ে আসা ট্রেন তৎকালীন পূর্ব পাকিস্তানের ভেতর ঢুকে খানিকটা পথ অতিক্রম করার পরে আবার ভারতে প্রবেশ করতো। কিন্তু ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর সেটি বন্ধ হয়ে যায়। প্রায় ৫৫ বছর পরে সেই পথ আবার চালু করতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। সম্প্রতি দুই দেশের মধ্যেকার চিলাহাটি-হলদিবাড়ি ব্রডগেজ রেলপথের নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক খোন্দকার শহিদুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, গত ২১ শে সেপ্টেম্বর ওই রেলপথের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। চিলাহাটি থেকে সীমান্ত পর্যন্ত সাত কিলোমিটার রেলপথ আগামী জুন মাসের মধ্যে নির্মাণ শেষ করা হবে। তিনি জানান, দুই দেশের মধ্যে চুক্তি অনুযায়ী ভারত তাদের দেশের ভেতরের রেলপথ নির্মাণ কাজ শেষ করেছে। বাংলাদেশ অংশের কাজ শেষ হলেই রেল চলাচল শুরু করা যাবে।

ভারত থেকে বাংলাদেশে ঢুকে আবার ভারতে
বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ২০১১ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় এই রেলপথের বিষয়ে একটি চুক্তি হয়। সেই চুক্তির ভিত্তিতে ভারতীয় অংশে কাজ শুরু হলেও, একটু দেরিতে শুরু হয় বাংলাদেশ অংশের কাজ। ২১শে সেপ্টেম্বর উদ্বোধনের সময় ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস বলেছেন, একসময় দার্জিলিং মেইল শিয়ালদহ থেকে ছেড়ে আসা রেল, রানাঘাট, ভেড়ামারা, হার্ডিঞ্জ ব্রিজ, সান্তাহার, হিলি, পার্বতীপুর, নীলফামারী, চিলাহাটি, ভারতের হলদিবাড়ি, জলপাইগুড়ি ও শিলিগুড়িতে চলাচল করতো। সেটার আদলেই এই পথে আবারও দুই দেশের মধ্যে রেল চালু হবে।

এর ফলে কলকাতা থেকে ছেড়ে আসা একটি রেল বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে খানিকটা পথ পাড়ি দিয়ে আবার ভারতে প্রবেশ করে গন্তব্যে পৌঁছাবে। এভাবে যাতায়াতের ফলে ভারতের রেলে যাত্রাপথ অন্তত ২০০ কিলোমিটার কমে যাবে। বর্তমানে শিয়ালদহ থেকে শিলিগুড়ির দূরত্ব ৫৩৭ কিলোমিটার। চিলাহাটি থেকে সীমান্ত পর্যন্ত রেলপথ তৈরি করা হলে ভারত ও বাংলাদেশের মূল রেলপথের সঙ্গে সংযোগ তৈরি হবে। ২০২০ সালের জুলাই মাস নাগাদ এই পথে রেল যোগাযোগ চালু করতে চায় দুই দেশের সরকার।

বাংলাদেশের কী লাভ?
বাংলাদেশের রেলওয়ের কর্মকর্তা খোন্দকার শহিদুল ইসলাম বলেছেন, রেলপথটি বাংলাদেশ ও ভারত, উভয় দেশের রেলই ব্যবহার করবে। ভারতের রেল যেমন এই পথ ব্যবহার করে শিলিগুড়ি যাবে, তেমনি বাংলাদেশের রেলও পথটি ব্যবহার করে শিলিগুড়ি থেকে পণ্য আনা নেওয়া করতে পারবে। যেভাবে এখন খুলনা-কলকাতা বা কলকাতা-ঢাকা রেল যোগাযোগ রয়েছে, এটিও তেমন একটি রেল যোগাযোগ হবে।

কিন্তু এই রেলপথে বাংলাদেশের স্বার্থ একটু সুদূরপ্রসারী বলে মনে করেন তিনি। তার ভাষায়, নেপাল ও ভুটান বাংলাদেশের মংলা সমুদ্রবন্দর ব্যবহার করে মালামাল পরিবহন করতে চায়। এখন সেটা সড়ক পথে করতে হচ্ছে, যার খরচও বেশি। কিন্তু এই রেলপথটি চালু হয়ে শিলিগুড়ির সঙ্গে যুক্ত হলে, আমাদের রেল পথটি ব্যবহার করে শিলিগুড়ি যেতে পারবে। ফলে নেপাল ও ভুটানের সঙ্গেও এই পথে আমদানি রপ্তানি করা যাবে।

‘শিলিগুড়ির সেখানকার আশেপাশের এলাকার সঙ্গও সংযোগ তৈরি হবে, যেখান থেকে পাথরসহ অনেক দ্রব্য বাংলাদেশে আমদানি হয়, ব্যবসা-বাণিজ্য হয়। রেলপথের কারণে আমাদেরও অনেক সুযোগ তৈরি হবে। ফলে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চলাচলে তারা যেমন সুবিধা পাবে, তেমনি ভারতের ভেতর দিয়ে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগ তৈরি হওয়ায় বাংলাদেশের ব্যবসাবাণিজ্যের নতুন সুযোগ তৈরি হবে।’

হলদিবাড়ি থেকে চিলাহাটি আসার পর রেল যেমন আবার ভারতে চলে যেতে পারবে, তেমনি সেখান থেকে সরাসরি মংলা বন্দরে যোগাযোগ থাকবে। ফলে মোংলায় জাহাজের পণ্য শিলিগুড়ি, সিকিম বা ভারতের উত্তর এলাকায় যেমন যেতে পারবে, তেমনি নেপাল ও ভুটানও বন্দর ব্যবহার করে আমদানি করতে পারবে। এখানে থাকা সার্কের দেশগুলো এই রেলপথ ব্যবহার করে আমদানি-রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহার করতে পারবে, যার ফলে আর্থিক লাভ হবে বাংলাদেশের।

পণ্যবাহী নাকি যাত্রীবাহী?
কর্মকর্তারা বলেছেন, কোন প্রক্রিয়ায়, কী ধরণের রেল চলাচল করবে, সেটা চূড়ান্ত হবে আরো আলোচনার পরে। আপাতত পণ্যবাহী রেল যোগাযোগের বিষয়টি আলোচনায় রয়েছে। খোন্দকার শহিদুল ইসলাম বলেছেন, ‘ভারতীয় রেল ও বাংলাদেশের রেলের মধ্যে কি ধরণের ট্রাফিক হবে, সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করে ঠিক করা হবে।’

২০২০ সালের জুন মাসের মধ্যে এই নির্মাণ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। অর্থাৎ জুলাই মাস থেকে রেল চলাচল শুরু করা যাবে বলে আশা করছেন কর্মকর্তারা। পটুয়াখালী পায়রা বন্দরের সঙ্গেও রেল যোগাযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। পদ্মা ব্রিজ হয়ে গেলে দক্ষিণাঞ্চলের সঙ্গে রেলে সংযোগ তৈরি হবে। ভবিষ্যতে এই রেলের সঙ্গে পায়রা বন্দর সংযুক্ত করার আশাও তারা করছেন।

বন্ধ রেলপথ পুনরায় চালু
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক খোন্দকার শহিদুল ইসলাম বলেছেন, পর্যায়ক্রমে বন্ধ হয়ে থাকা অন্য রেলপথগুলোও চালু করার পরিকল্পনা রয়েছে দুই দেশের সরকারের। বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি রেল সীমান্ত রয়েছে। এর মধ্যে এখন তিনটি চালু রয়েছে। বুড়িমারি-বাংলাবান্ধা, সিলেটের শাহবাজপুরের কুলাউড়া-মহিসাসন, ফেনী থেকে বেলুনিয়া রেলপথ ভারতের ঋণ সহায়তায় আর আগরতলা-আখাউড়া রেলপথ ভারতের অর্থায়নে নির্মাণ কাজ চলছে। ভারত আশা করছে, আগরতলা থেকে আখাউড়ার মধ্যে পাঁচ কিলোমিটার রেলপথ সংযোগ তৈরি করা গেলে, আগরতলা থেকে কলকাতায় সরাসরি রেল যোগাযোগ চালু করা যাবে।

রেল পথ নির্মাণের খরচ
নীলফামারীর জেলা প্রশাসন জানিয়েছে, চিলাহাটি রেলস্টেশন থেকে সীমান্ত পর্যন্ত ৬.৭২৪ কিলোমিটার ব্রডগেজ রেলপথ নির্মাণে সরকারের ব্যয় হচ্ছে প্রায় ৮০ কোটি ১৬ লাখ ৯৪ হাজার টাকা। তবে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা বলেছেন, এই ব্যয়ের পরিমাণ ৫০ কোটি টাকা।

দশ হাজার দরিদ্র মানুষ নিরাপদ পানি পাবে

0

রাজধানীর মিরপুরের লালাসরাই জমিদারবাড়ি ও টেকপাড়া মধ্যপাড়া নিম্ন আয়ের (বস্তিবাসী) দশ হাজারের অধিক দরিদ্র মানুষ দীর্ঘ দিন ধরে পানির অভাবে অবর্ণনীয় কষ্ট করছে। ওই অঞ্চলের মানুষ দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি পানি পেত না। দরিদ্র মানুষের এই দুর্ভোগ লাঘবে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ডাব্লিউওপি প্রকল্প, ওয়াসা ও মোল্লা ট্রেড ইউনিয়ন কোম্পানির যৌথ উদ্যোগে পানির নতুন সংযোগ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে টেকপাড়ার মসজিদ সংলগ্ন স্থানে ওই পানি সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার সুপারেন্টড ইঞ্জিনিয়ার আবদুস সালাম ব্যাপারী, ঢাকা ওয়াসার নিবার্হী প্রকৌশলী মো. আব্দুল মজিদ, নেদারল্যান্ড অ্যাম্বাসির পানি ব্যবস্থাপনার থিমেটিক স্পার্ট পিটার ডি ভ্রিস, ডাব্লিউওপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক বাউডিইন স্টারক রশিদ, কনস্যালটেন্ট মারটিন ব্লকল্যান্ড, ইভালুয়েটার তানভির আহসান, ডিএসকের যুগ্ম পরিচালক এম এ হামিদ, লাবনী শবনম প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিম্ন আয়ের মানুষের বৈধ পানির প্রাপ্তি মৌলিক অধিকার। অবৈধ সংযোগ নয়, বৈধ সংযোগের মাধ্যমে নিম্ন আয়ের মানুষদের ওয়াসার মাধ্যমে পানি সরবরাহের সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই সংযোগের মাধ্যমে দরিদ্র মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। তবে এক্ষেত্রে স্বাস্থ্যাভ্যাসের উন্নয়ন, স্থাপনা রক্ষণাবেক্ষণ, মিটার রিডিং, বিল পরিশোধে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, ধামালকোট এলাকায় পানীয় জলের বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। এক হাজার ৭০০ মিটারের অধিক পাইপলাইন দিয়ে পুরানো প্লাষ্টিক পাইপে প্রতিস্থাপন করা হয়েছে। যা পানির গুণগত মান ও পানির প্রেসারের উন্নয়ন করেছে। অর্থাৎ বর্তমানে নেটওয়ার্কের সাথে নতুন অবকাঠামোর সংযোগের মাধ্যমে পানির পর্যাপ্ততা অনেক ভালো হবে। এতে দরিদ্র মানুষের নিরাপদ পানি প্রাপ্তি নিশ্চিত হবে।

শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে কাল

0

পাঁচদিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা আগামীকাল শুক্রবার মহা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে। ৮ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালির এই শারদোৎসবের।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবকে ঘিরে এখন সারাদেশে উৎসবের আমেজ বিরাজ করছে। দুর্গাপূজাকে আনন্দমুখর করে তুলতে দেশজুড়ে পূজা মণ্ডপ গুলো বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে।

আজ বৃহস্পতিবার সারাদেশের পূজামণ্ডপগুলোতে দুর্গা দেবীর বোধন অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে এই বোধনের মাধ্যমে দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙার জন্য বন্দনা পূজা করা হয়। মণ্ডপে-মন্দিরে পঞ্চমীতে সায়ংকালে তথা সন্ধ্যায় এই বন্দনা পূজা অনুষ্ঠিত হয়।

এবার সারাদেশে ৩১ হাজার ৩৯৮টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। যা গত বছরের চেয়ে ৪৮৩টি বেশি বলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে। ঢাকা মহানগরীতে এবার পূজামন্ডপের সংখ্যা ২৩৭টি। যা গত বছরের তুলনায় ৩টি বেশি।

এবছর ঢাকা বিভাগে ৭ হাজার ২৭১টি, চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ৪৫৬টি, সিলেট বিভাগে ২ হাজার ৫৪৫টি, খুলনা বিভাগে ৪ হাজার ৯৩৬টি, রাজশাহী বিভাগে ৩ হাজার ৫১২টি, রংপুর বিভাগে ৫ হাজার ৩০৫টি, বরিশাল বিভাগে ১ হাজার ৭৪১টি এবং ময়মনসিংহ বিভাগে ১ হাজার ৬৩২টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

পূরাণ মতে, রাজা সুরথ প্রথম দেবী দুর্গার আরাধনা শুরু করেন। বসন্তে তিনি পূজার আয়োজন করায় দেবীর এ পূজাকে বাসন্তী পূজা বলা হয়। কিন্তু রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করতে লংকা যাত্রার আগে শ্রী রামচন্দ্র দেবীর পূজার আয়োজন করেছিলেন শরৎকালের অমাবস্যা তিথিতে, যা শারদীয় দুর্গোৎসব নামে পরিচিত। দেবীর শরৎকালের পূজাকে এজন্যই হিন্দুমতে অকাল বোধনও বলা হয়।

দুর্গোৎসব উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

রাজধানী ঢাকাসহ সারাদেশের প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, র‌্যাব ও বিডিআর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুলিশ এবং র‌্যাবের পাশাপাশি প্রায় প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করবে। ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তার বদলি

0

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, র‌্যাবের সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান পিপিএমকে নোয়াখালী জেলার চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার; গাজীপুর জেলার সহকারী পুলিশ সুপার আলী আকবর শরীফকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার; চতুর্থ এপিবিএন বগুড়ার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই সরকারকে রংপুর পিটিসির সহকারী পুলিশ সুপার; আরএমপির সহকারী পুলিশ কমিশনার বিনয় কুমারকে নওগাঁ জেলার সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার; পিবিআই ঢাকার সহকারী পুলিশ সুপার সৈয়দ রবিউল ইসলামকে বরগুনা আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার; অষ্টম এপিবিএন ঢাকার সহকারী পুলিশ সুপার আজমীর হোসেনকে ১৩ এপিবিএন ঢাকার সহকারী পুলিশ সুপার; পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার; পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার; মোহাম্মদ খলিলুর রহমানকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার; পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার এইচ এম মাহাবুব রেজওয়ান সিদ্দিকীকে ১৩ এপিবিএন ঢাকার সহকারী পুলিশ সুপার; পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হান্নান রনিকে ১৩ এপিবিএন ঢাকার সহকারী পুলিশ সুপার; গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আবির হাসানকে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে অবিলম্বে আদেশটি কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

দুর্গাপূজায় কোনো ধরনের সহিংসতার আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

0

গোধুলি লগ্নে মন্দিরে মন্দিরে দেবীর বোধনের মধ্য দিয়ে বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। শুক্রবার ষষ্টী পূজা। ষষ্টী পূজার মধ্য দিয়ে মা দুর্গার মর্ত্যে আগমন ঘটবে। এবার দেবীর আগমন-গমন (বিদায়) দুটোই ঘোটকে (ঘোড়ায়) চড়ে। মা দুর্গাকে বরণ করতে মন্দিরে মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি।

এদিকে দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে মন্দিরের পাশাপাশি সারাদেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানান, পূজার সময়ে কোনো ধরনের হামলা বা সহিংসতার আশঙ্কা নেই। ঝুঁকিপূর্ণ মণ্ডপের কোনো তথ্যও পুলিশের কাছে নেই। তারপরও যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশের কন্ট্রোল রুমসহ সব জায়গায় আলাদা ফোর্স থাকবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সারাদেশে মণ্ডপগুলোতে ৫ অক্টোবর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সাড়ে তিন লাখ সদস্য নিয়োজিত থাকবেন। নারী স্বেচ্ছাসেবক দল, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশও উপস্থিত থাকবে। এছাড়া মণ্ডপে সিসিটিভি, আর্চওয়ে ও মেটাল ডিক্টেটর থাকবে। পূজামণ্ডপে সমস্যা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সজাগ থাকবে গোয়েন্দা সংস্থার সদস্যরা।

পূজার দিনগুলোতে জরুরি সেবা নিশ্চিত করতে সকল প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। বৃহস্পতিবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, পূজার সময় রাজধানীর কোথাও জলাবদ্ধতা হলে ঢাকা দক্ষিণ সিটির ইমারজেন্সি রেন্সপন্স টিম সাথে সাথে মাঠে নামবে। ভারী জলাবদ্ধতা হলেই তাদের মোতায়েন করা হবে।

রাজধানীর মন্দিরগুলোতে পূজার প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটি। গতকাল বৃহস্পতিবার ঢাকেশ্বরী মন্দিরে এক সংবাদ সম্মেলনে কমিটির পক্ষ থেকে জানানো হয়, পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মহানগর এলাকার মন্দিরগুলোর প্রতি কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। পূজামণ্ডপে নারী ও পুরুষের জন্য আলাদা পথ, প্রতিটি মণ্ডপে কমপক্ষে ১০ জন নিজস্ব স্বেচ্ছাসেবকের ২৪ ঘণ্টা তদারকি ও পাহারার ব্যবস্থা, আতশবাজি ও পটকা না ফোটানো, ৮ অক্টোবর রাত দশটার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন, পূজার মন্দির ও সমগ্র এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ভক্তিমূলক সংগীত ছাড়া অন্য সংগীত বাজানো থেকে বিরত থাকা এবং সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ষষ্ঠী পূজার দিন বিকাল ৫টা ১০ মিনিটে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করবেন জানিয়ে পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মন্ডল বলেন, পূজাকে সামনে রেখে এবার কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। ১১টি জেলায় প্রতিমা ভাঙচুরের ১৩টি ঘটনা ঘটেছে। আগামীতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্টরা জানান, বাঙালিদের কাছে শারদোৎসব নামে পরিচিত দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গত ২৮ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে। শুক্রবার ষষ্ঠীতে দশভুজা দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা। মন্দিরগুলোতে আগামী শনিবার মহাসপ্তমীতে সকাল থেকে পূজা চলবে, এছাড়া দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপনও করা হবে। এদিন দূস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। মহাষ্টমীতে কল্পারম্ভ ও বিহিত পূজা, দুপুরে সন্ধিপূজা এবং বিকেলে মহাপ্রসাদ বিতরণ হবে। নবমীতে সকাল থেকে পূজা চলবে এবং সন্ধ্যায় আরতি প্রতিযোগিতা হবে। বিজয়া দশমীর দিন সকাল থেকেই পূজা হবে এবং বিকেলে বিজয় শোভাযাত্রা শেষে বিসর্জন হবে। মা দূর্গা স্বর্গালোকে ফিরে যাবেন।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের দেওয়া তথ্য মতে, সারাদেশে ৩১ হাজার একশোটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাজধানীতে ২৩৭টি মণ্ডপ রয়েছে। যা আগের বছরগুলোর চেয়ে ১০টি বেশি। প্রতি বছরের ন্যায় এবারো ঢাকেশ্বরী মন্দিরে থাকছে বর্ণাঢ্য আয়োজন। এছাড়া রাজধানী রামকৃষ্ণ মিশন ও মঠ মন্দির, বনানী মাঠ, মিরপুর কেন্দ্রীয় মন্দির, কলাবাগাম মাঠ এবং সিদ্ধেশ্বরী পূজামণ্ডপসহ দেশের বিভিন্ন মন্দির ও মণ্ডপে চণ্ডীপাঠ, দেবীর আবাহনী সঙ্গীত, ধর্মীয় আলোচনা সভা এবং ভক্তিমূলক গানের অনুষ্ঠান আয়োজন থাকবে।

লোকমান ফের দুই দিনের রিমান্ডে

0

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ভারপ্রাপ্ত পরিচালক (ডিরেক্টর ইনচার্জ) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) লোকমান হোসেন ভূঁইয়াকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ফের দুইদিনের রিমান্ডে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম শাহিনুর রহমান শুনানি শেষে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

গত ২৭ সেপ্টেম্বর একই মামলায় দুইদিনের রিমান্ডে পাঠানো হয়েছিল। আগের দিন সন্ধ্যায় র‌্যাব বাদি হয়ে মামলাটি দায়ের করে।

২৫ সেপ্টেম্বর রাতে তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়।

পরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, লোকমান মোহামেডান ক্লাবে অবৈধ ক্যাসিনো ভাড়া দিয়ে কোটি কোটি টাকা উপার্জন করেছেন। অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ ও এএনজেড ব্যাংকে তার ৪১ কোটি টাকা রয়েছে।